যুক্তরাষ্ট্রের টেক্সাসে লরি থেকে ৪৬ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাসের সান আন্তোনিও শহরে লরির ভেতর থেকে অন্তত ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলি অভিভাসনপ্রত্যাশীদের হতে পারে বলে ধারনা করা হচ্ছে। আজ মঙ্গলবার (২৮ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

টেক্সাস রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, এটি মার্কিন-মেক্সিকো সীমান্তে মানব পাচারের সাম্প্রতিকতম ঘটনাগুলোর মধ্যে একটি। আর এর জন্য প্রেসিডেন্ট বাইডেনের নীতি দায়ী বলে মনে করেন তিনি।

সান আন্তোনিওর কেএসএটি টেলিভিশন জানিয়েছে, শহরের দক্ষিণ উপকণ্ঠে একটি প্রত্যন্ত এলাকায় রেলপথের পাশে ট্রাকটি পাওয়া যায়। পুলিশের কাছ থেকে তাৎক্ষণিকভাবে  কোন মন্তব্য জানা যায়নি। তবে লরি থেকে উদ্ধার হওয়া আরও অন্তত ১৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের জুলাই মাসে ওয়াল-মার্ট পার্কিং লটে সান আন্তোনিওতে ট্র্যাক্টর-ট্রেলারে পরিবহন করার পরে ১০ জন অভিবাসী মারা গিয়েছিল।

 

একনেকে অনুমোদন পেলো ২২১৬ কোটি টাকার ১০ প্রকল্প

অর্থ ও বাণিজ্য ডেস্কঃ আজ মঙ্গলবার (২৮ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২ হাজার ২১৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

আজকের সভায় সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন। সভা শেষে সংবাদ সম্মেলনে ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ব্রিফিং এ বলেন, এই ১০টি প্রকল্প বাস্তবায়নে সরকারি তহবিল থেকে ১ হাজার ৮৭৫ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ থেকে পাওয়া যাবে ৩৪১ কোটি টাকা।

প্রকল্পগুলো হলো- যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ, মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ, কুষ্টিয়া (ত্রিমোহনী)-মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ (আর-৭৪৫) আঞ্চলিক মহাসড়কের ৮১তম কিলোমিটার রেলবাজার রেলওয়ে ওভারপাস নির্মাণ; চরখালী-তুষখালী-মঠবাড়ীয়া-পাথরঘাটা মহাসড়কের (জেড-৮৭০১) পিরোজপুর অংশের জরাজীর্ণ, অপ্রশস্ত বেইলি সেতুর স্থলে পিসি গার্ডার সেতু ও আরসিসি বক্স কালভার্ট নির্মাণ; কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ (১.৬০ কিলোমিটার থেকে ৩২ কিলোমিটার পর্যন্ত) সড়ক প্রশস্তকরণ; জামালপুর শহরের গেটপাড় এলাকায় রেলওয়ে ওভারপাস নির্মাণ (প্রথম সংশোধিত); বাংলাদেশের ৬৪টি জেলা সদরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ (প্রথম পর্যায়) (তৃতীয় সংশোধিত); ঢাকা সেনানিবাসে এমইএস (মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস) এর ভৌত অবকাঠামো সুবিধা সম্প্রসারণ; কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায় পানি সরবরাহ ও স্যানিটেশন।

ফুলবাড়ীতে বিপুল পরিমাণ মাদক ও টাকা উদ্ধার করেছে কুড়িগ্রাম ডিএনসি

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সদস্যদের পৃথক অভিযানে ২শ বোতল ফেনসিডিল, ৬ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৩ লাখ ৬২ হাজার ৯শত টাকা উদ্ধার সহ ফুলবাড়ী দুটি মামলা দায়ের হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে ডিএনসি সদস্যদের একটি দল সোমবার উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে চিহ্নিত মাদক চোরাকারবারি  শাহানুর রহমান (৪৫) এর বাড়ীতে অভিযান চালায়। এসময় তার বাড়ী  তল্লাশি করে ২শ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ৩ লাখ ৬২ হাজার ৯শ টাকা জব্দ করে। ডিএনসি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি শাহানুর কৌশলে পালিয়ে যায়।

অন্যদিকে শিমুলবাড়ী ইউনিয়নের শালবাড়ী হ্যাচারীর মোড় এলাকায় লালমনিরহাট গামী একটি ইজিবাইক তল্লাশি করে ইজিবাইকসহ ৬ কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দ করে। পরে জব্দকৃত মাদক গুলো ফুলবাড়ী থানায় নিয়ে গিয়ে শাহানুর রহমান পিতা মৃত মহির উদ্দিন কে আসামী করে একটি এবং আলমগীর হোসেন (৩০) পিতা খলিল মিয়া, আরিফুল ইসলাম আরিফ (১৯) পিতা সাজু মিয়াকে আসামী করে অপর একটি মামলা দায়ের করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক জান্নাতুল ফেরদৌস জানান, দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।

ঠাকুরগাঁওয়ে ছাগলকে বাঁচতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ রেলস্টেশন লাইনে একটি ছাগলের বাচ্চাকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ছাগলের মালিক আসলাম হোসেন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
গতকাল সোমবার (২৭ জুন) আনুমানিক বিকাল সাড়ে ৪ টায় সদর উপজেলার শিবগঞ্জ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসলাম সদর উপজেলার  জামালপুর ইউনিয়নের পূর্ব পারপূগী গ্রামের মৃত হাফিজউদ্দিনের ছেলে।
ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশনের কর্মকর্তা আক্তারুল ইসলাম বিষয়টি  নিশ্চিত করেছেন।
আক্তারুল ইসলাম  প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, কাঞ্চন কমিউটার ট্রেনটি পঞ্চগড় থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে রওনা দিলে বিকালে শিবগঞ্জ রেল স্টেশনে প্রবেশ করার সময় লাইনের উপরে আসলাম হোসেনের একটি ছাগলের বাচ্চা রেল লাইনের উপরে চলে যায়। আর সেই বাচ্চাটিকে বাঁচাতে গিয়ে তাৎক্ষণিক ট্রেন চলে আসলে ট্রেনের নিচে কাটা পড়ে সেখানেই মৃত্যু হয়।

কমলগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে হামলা; ১জন আহত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক ইউপি সদস্য ও তার সহযোগীদের হামলায় আব্দুল খালিক (৬৮) গুরুতর আহত হয়েছেন। উপজেলার রামচন্দ্রপুর উজির মিয়ার চা দোকানের সামনে আজ সোমবার ২৭ জুন দুপুরে এ ঘটনাটি ঘটে। এ সংবাদ পরিবেশন পর্যন্ত তিনি মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

জানা যায় ,আব্দুল খালিক রামচন্দ্রপুর কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরার পথে উজির মিয়ার দোকানের সামনে আসলে রহিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য বুলবুল আহমদ ওয়াতির তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এ সময় তিনি বাঁধা দিলে পুর্ব পরিকল্পিত অনুসারে তাদের হাতে থাকা দা ও দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপুরি অতর্কিত ভাবে হামলা চালিয়ে মারাত্বক ভাবে রক্তাক্ত জখম করেন।

পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর রক্তাক্ত আব্দুল খালিককে উদ্বার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরন করেন। এ ব্যপারে জানতে চাইলে ৭নং ওয়ার্ড সদস্য বুলবুল আহমদ ওয়াতির এর বক্তব্য পাওয়া যায়নি।

পারিবারিক সূত্রে জানতে চাইলে তারা মামলার প্রস্তুতি চলছে বলে জানান।

নবাবগঞ্জে আশ্রয়ন-২ প্রকল্পের উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে আশ্রয়ণ-২ প্রকল্প সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব) মোঃ আব্দুল ওয়াহাব ভূঞা, বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মাদ জাকী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

পরে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বতী চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসুচীর বরাদ্দ হতে ২০জন ক্ষুদ্র-নৃগোষ্ঠি শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দেন। এছাড়াও তিনি উপজেলার বিনোদনগর পাহাড়পুর গ্রামে সম্প্রতি নির্মিত আশ্রয়ন-২ প্রকল্পের ঘর পরিদর্শন করেন।

রাণীশংকৈলে মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অসমাপ্ত ৩ টি   ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের প্রার্থী যাচাই বাছাই করছেন দলটি। এরই অংশ হিসাবে যাচাই-বাছাই শেষে গত ২৬ জুন ৩ টি ইউনিয়ন পরিষদের মনোনয়ন ঘোষণা করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের স্থানীয় জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড।

আর এতে  হোসেনগাঁও  ইউনিয়নে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পেয়েছেন মতিউর রহমান মতি। মতির এই মনোনয়ন পাওয়াকে কেন্দ্র করে ২৭ জুন সোমবার দুপুরে হোসেনগাঁও  ইউনিয়ন আ.লীগ কার্যালয় চত্বরে মতিউর রহমান মতির মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং মনোনয়ন বঞ্চিত প্রার্থী এজে গোলাম রব্বানী।

সংবাদ সম্মেলনে হোসেনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন মতিউর রহমান মতি হোসেনগাও ইউনিয়ন আওয়ামী লীগসহ  অন্যকোন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কোন কমিতে নেই। কিন্তু সে কিভাবে আ.লীগের দলীয় এই নমিনেশন পেল?
কিন্তু আমি গত ২০ বছর থেকে ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছি গত ইউপি নির্বাচনে নৌকার প্রতিক পেয়ে মাত্র ৪৪ ভোটে পরাজিত হই। তার পরও আমি নমিনেশন পেলাম না, এতোদিন দল করে এই কি তার প্রতিদান !
তাই আমি এই সংবাদ সম্মেলনে আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলছি তিনি যেন এই মনোনয়ন দ্রুত বাতিল করে নতুন করে তদন্তের মাধ্যমে আওয়ামী লীগের আসল কর্মীকে নৌকা মার্কার মনোনয়ন দিয়ে হোসেনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের মান রক্ষা করেন।

এ সময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হোসেনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বনাথ রায়, যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আজিজুর রহমান, সদস্য নওশাদ আলী প্রমুখ।

এছাড়াও হোসেনগাঁও ইউনিয়ন আ.লীগ নেতাকর্মী, ওয়ার্ডের সভাপতি- সম্পাদক ও স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে মতিউর রহমানের নমিনেশন বাতিলের দাবিতে স্থানীয় নেতা কর্মীগণ, সাধারণ ভোটাররাসহ রাউতনগর বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

ফুলবাড়ীতে পালসার মোটরসাইকেল কিনে না দেয়ায় কিশোরের আত্নহত্যা

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে পালসার মোটরসাইকেল কিনে না দেয়ায় অভিমানে হাসানুর রহমান (১৫) নামের এক কিশোর গলায় রশির ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে। নিহত কিশোর ওই গ্রামের আজিজুল হকের ছেলে।

কাশিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, কয়েকদিন থেকে হাসানুর একটি পালসার মোটরসাইকেল কিনে দেয়ার জন্য তার বাবার কাছে বায়না ধরে। কিন্তু তার দিনমজুর  বাবার সামর্থ না থাকায় তিনি কিনে দিতে পারেননি । এতে অভিমান করে সোমবার দুপুরে সকলের অজান্তে নিজ ঘরের আরার সাথে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে সে। একমাত্র ছেলের মৃত্যুতে পরিবারটিতে শোকের মাতম চলছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

বড়লেখা-কুলাউড়া সড়ক বন্যায় ডুবে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের বিভিন্নস্থান দিয়ে এখনও বন্যার পানি প্রবাহিত হচ্ছে। এতে সড়কের কিছুস্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ফলে সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চলছে। এতে পানি ঢুকে যানবাহন বিকল হচ্ছে। যার কারণে চালক-যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সুযোগে অসাধু যানবাহন চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে যাত্রীরা অভিযোগ করছেন।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, সম্প্রতি ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের বিভিন্নস্থান পানিতে তলিয়ে যায়। তবে বৃষ্টিপাত না হওয়ায় সড়কের কিছু স্থান থেকে পানি নেমে গেছে। তবে এখনও তালিমপুর, রতুলী, দক্ষিণভাগ, হাতলিঘাট, বাছিরপুর, জুড়ী বাজার এলাকায় পানি প্রবাহিত হচ্ছে। এতে সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চলছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, এসবস্থানে কোথাও হাঁটু পানি। কোথাও হাটুর নিচে পানি। পানি মাড়িয়ে মানুষজন চলাচল করছেন। ঝুঁকি নিয়ে যানবাহন চলছে। তবে ছোট যানবাহন খুবই কম চলাচল করছে। যেগুলো চলছে সেগুলোতে পানি ঢুকে বিকলও হচ্ছে। এতে চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। কিছু স্থানে পানি নেমে যাওয়ায় বড় বড় গর্ত বের হয়েছে।

অটোরিকশা চালক রফিক মিয়া বলেন, বন্যার পানি উঠার পর দূরে কোথাও যাত্রী নিয়ে যাই না। আজকে যাত্রী নিয়ে বেরিয়ে বিপদে পড়েছি। কারণ সড়কের বেশ কিছুস্থানে পানি আছে। পানির কারণে সড়কে গর্ত তৈরি হয়েছে। গর্তগুলো দেখা যায়না। চলতে গিয়ে এসব গর্তে গাড়ি আটকে পড়ছে। এতে পানি ঢুকে গাড়ি বিকল হচ্ছে। পানিতে আমার জুতাজোড়াও ভেসে গেছে। বড় ঝামেলা পোহাতে হচ্ছে।

অটোরিকশা যাত্রী জামিল হোসেন বাবলু বলেন, সড়কে বিভিন্নস্থানে এখনও পানি আছে। গাড়ি কম চলছে। গাড়ি চলতে গিয়ে যানবাহন চলছে। জরুরী প্রয়োজনে এক আত্মীয়ের বাড়িতে যেতে হচ্ছে। খুব ভোগান্তি পোহাতে হচ্ছে।

আরেক যাত্রী হাফিজুর রহমান বলেন, সড়কে অনেক পানি। জরুরী প্রয়োজেন কুলাউড়ায় যেতে হচ্ছে। এখন বেরিয়ে বিপদে পড়েছি। অনেক কষ্টে একটি গাড়ি পেয়েছি। এখন অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে।

অটোরিকশা চালক কামাল আহমদ বলেন, ‘সড়কে গাড়ি চলছে না পানির কারণে। মানুষের কষ্ট দেখে গাড়ি নিয়ে বেরিয়েছি। গাড়িতে পানি ঢুকে নষ্ট হচ্ছে। তা ঠিক করতে টাকা লাগবে। একারণে যাত্রীদের কাছ থেকে বলে কয়ে একটু বেশি ভাড়া নিচ্ছি। এটা দোষের কিছু নয়। সমঝোতার মাঝে বলে নিতেছি।

আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২১-২০২২ ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের বীজ, সার ও অন্যন্য উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার আত্রাই উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে একবিঘা জমির জন্য পিঁয়াজ বীজ এক কেজি, ২০ কেজি ডিএপিও ও ২০ কেজি এমওপি, দুই শত নব্বই জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ৫ কেজি, ডিএপিও ১০ কেজি এমওপি ১০ কেজি সার সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।

এছাড়াও জমি প্রস্তুত,সেচ, শ্রমিক,বালাই নাশক, পলিথিনসহ অন্যান্য উপকরণ বাবদ একজন কৃষককে নগদ দুই হাজার আট শত টাকা প্রণোদনা হিসেবে প্রতিটি কৃষকের বিকাশের মাধ্যমে প্রদান করা হবে বলে জানানো হয়।বিতরণ অনুষ্ঠানে উপজেলার আটটি ইউনিয়নের আমন উপকরণ ২৯০ জন ও পিঁয়াজ বীজ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিতরণ করা হয়।

এসব উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কেএম কাওছার হোসেন, উপজেলা সহকারী কৃষি সম্প্রসসারণ অফিসার মোঃ আব্দুল বারী, উপসহকারী কৃষি অফিসার মোঃ কেরামত আলী, উপসহকারী কৃষি অফিসার মোঃ আজাদ রহমান ও স্থানীয় জনপ্রতিনিধিরা।