“দেশের বাজারে সয়াবিন তেলের দাম কমবে”

অর্থ ও বাণিজ্য ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম কমতে শুরু করেছে উল্লেখ করে দেশেও দাম কমার বিষয়ে সুখবর দিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

আজ রবিবার (২৬ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘মিনিস্ট্রিয়াল মিটিং’ শেষে ডাকা সংবাদ সম্মেলন তিনি এ কথা জানান।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, দেশেও সয়াবিন তেলের দাম কমবে বলে আশা করছি। শিগগিরই ভোজ্যতেল পরিশোধনকারী মিল মালিকদের ডেকে তাদের সঙ্গে দাম সমন্বয় করা হবে।

সচিব বলেন, তেলের দামের ক্ষেত্রে আগামী দুই একদিনের মধ্যে একটা সুখবর আসতে পারে। আশা করছি, তেলের দাম কমবে। এখন সেই হিসাব-নিকাশ করা হচ্ছে। ট্যারিফ কমিশন তেল রিফাইনারি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে আমাদের জানাবে। তারপর আমরা জানাতে পারবো, কত টাকা কমবে। তবে বলা যায় যে, তেলের দাম কমবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষের সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউ সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।

দক্ষিণ এশিয়ার জন্য পদ্মা সেতুকে গুরুত্বপূর্ণ উদ্ভাবন মনে করেন ভারতীয় হাইকমিশনার

আন্তর্জাতিক ডেস্কঃ পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। পদ্মা সেতুকে দক্ষিণ এশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন হিসেবে বর্ণনা করেছেন তিনি।

গতকাল শনিবার (২৫ জুন) মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিক্রম দোরাইস্বামী বলেন, এই সেতু বাংলাদেশের অভ্যন্তরে এবং উপ অঞ্চলের মধ্যে সংযোগ বাড়াতে সাহায্য করবে।

তিনি আরো বলেন, ঐতিহাসিক এই দিনে বাংলাদেশের ভাই-বোনদের শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভ কামনা জানাই। এই পদ্মা সেতুর ফলে স্পষ্টতই বাংলাদেশ এবং উপ-অঞ্চলের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে। আমরাও এটি দেখে খুব আনন্দিত। বাংলাদেশ সরকার নানা প্রতিকূলতার মধ্যেও এ প্রকল্পটি সফলভাবে সম্পন্ন করেছে। আমি এ অঞ্চলে আরও অনেক বেশি বাণিজ্য এবং ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে সহজে যোগাযোগ এবং ভ্রমণের সুযোগ দেখতে চাই।

উল্লেখ্য, দুই বন্ধুরাষ্ট্র বাংলাদেশ ও ভারত আগামীতেও পরস্পরের সঙ্গী হয়ে উন্নয়নের পথ চলবে বলে আশা প্রকাশ করেন দোরাইস্বামী।

 

১ কাপ তেজপাতার চা একাধিক রোগ থেকে মুক্তি দেবে

লাইফস্টাইল ডেস্কঃ রান্নায় স্বাদ বাড়াতে তেজপাতার জুড়ি নেই। শুধু রান্নায় স্বাদ বাড়াতেই নয়, তেজপাতার আরও গুণাগুণ আছে। তেজপাতায় আছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, সি, আয়রন, পটাসিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। আর এসব উপাদান স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। রোজ ১ কাপ তেজপাতার এই ভেষজ চা দূর করবে একাধিক শারীরিক জটিলতা।

গবেষণায় দেখা গেছে, তেজপাতার চা টাইপ ২ ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী। এটি রক্তে শর্করার মাত্রা ঠিক রাখে। তেমনই এই চায়ের গুণে মুক্তি পাবেন কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে। খাওয়া-দাওয়ার সামান্য পরিবর্তন হলে অনেকেরই হজমের সমস্যা দেখা দেয়। আর তাই হজম সংক্রান্ত জটিলতা থেকে মুক্তি পেতে খেতে পারেন তেজপাতার চা। এর থেকে সহজে মুক্তি পাওয়া যাবে এই চায়ের গুণে।

হার্টের জন্য তেজপাতার চা খুব ভালো। কারণ এতে পটাসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট ও আয়রন আছে। এছাড়া এসব পুষ্টিগুণ রক্তচাপ কমাতেও সাহায্য করে। তেজপাতা স্ট্রেস কমাতে সাহায্য করে। তেজপাতার চা ক্যানসারের চিকিৎসায়ও ব্যবহৃত হয়। এর অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য শরীরকে বিভিন্ন প্রদাহ থেকে রক্ষা করে।

চলুন এবার জেনে নেয়া যাক তেজপাতার চা তৈরির পদ্ধতিঃ

তেজপাতার চা তৈরিতে প্রয়োজন ৩ থেকে ৪টি তেজপাতা, ১ চিমটে দারুচিনি, ২ কাপ পানি, লেবুর রস ও মধু। প্রথমে পাতাগুলো ভালো করে ধুয়ে নিন। এবার জল গরম হলে তাতে তেজপাতা দিন। ফুটতে শুরু করলে দারুচিনির গুঁড়ো দিন। ফুটে গেলে গ্যাস বন্ধ করে ছেঁকে নিন। এবার তাতে মেশান পাতিলেবুর রস ও মধু। রোজ এই চা পানে উপকার পাবেন।

 

সেতু উদ্বোধন হয়ে গেছে

পদ্মা সেতু উদ্বোধন হয়ে গেছে। রবিবার থেকে গাড়ী চলাচল করবে পদ্মার উপর দিয়ে। একসময় এমন ভাবনা ছিল অবাস্তব। সেই অসম্ভবকেই সম্ভব করেছে বর্তমান সরকার। বিশ্বব্যংক যখন সেতু নির্মানের সমুদয় অর্থ ফেরৎ নিয়ে যায় তখন, পদ্মা সেতু নির্মান বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একক সিদ্ধান্তে ঘোষনা দিয়েছিলেন নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মান করবেন। তখনই শুরু হয় বিদ্রুপ আর সমালোচনা।

অনেকেই ভেবেছিল এই সেতু বর্তমান সরকার নির্মান করতে পারবেনা। ঋন দাতারাও ভেবেছিল তাদের অর্থ ছাড়া সেতু নির্মান সম্ভব হবেনা। সেই পদ্মা সেতু নির্মান করে সরকার সকলকে বুঝিয়ে দিয়েছে বাঙালী সব অসম্ভবকে সম্ভব করতে পারে। এর জন্য চাই সঠিক নেতৃত্ব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাবার মত সেই নেতৃত্ব দিয়ে বিশ্ব ব্যংক কে চ্যলেঞ্জ করে সেতু নির্মান করে দেখিয়েছেন। এই সেতু এখন ২০ কোটি বাঙালীর সাহসিকতার প্রতিক। এই সেতু সমগ্র বাঙালীর অহঙ্কার।

কিছু নির্বোধ ব্যক্তি রাজনীতির নামে এখনো গলা ফাটিয়ে এই সেতু নিয়ে গলাবাজি করছে। সেতুর ব্যয় আর গুরত্ব নিয়ে জনগনকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। মির্জা ফখরুল আর রিজভী মিথ্যাচার করছে প্রতিদিন। জনগন উদ্বেলিত হয়ে উৎসব করছে আর এই নেতারা বলছে সরকার লুটপাট করেছে। আমন্ত্রন উপেক্ষা করে উদ্বোধনী অনুষ্ঠানে যায়নি। দেশের এত বড় প্রকল্প বাস্তবায়নকে উপেক্ষা করে তারা স্বপ্ন দেখে ক্ষমতায় যাওয়ার। জনগন তাদেরকে নিয়ে কি ভাবে তা তারা জানেনা। অথবা জেনেও চোখ বুজে থাকে। নির্লজ্জের মত মনের মাধুরি মিশিয়ে মিথ্যাচার করে টেলিভিশনে বসে। মানুষ এখন প্রশ্ন করে দলটি কি চায়? সব নিয়মাতান্ত্রিক রাজনীতি ছেড়ে, নির্বাচন বর্জন করে কি প্রতিষ্ঠা করতে চায় দেশে? এদের পক্ষ হয়ে যারা গলাবাজি করে তারাও জনবিচ্ছিন্ন। ১০ লক্ষ লোকের সমাগম দেখে এরা এখন দিশেহারা। তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কি জনগনের জন্য রাজনীতি করবে নাকি মিথ্যার বেসাতি করে জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে দেশের বিরোধিতা করবে। পদ্মা সেতু নিয়ে যত বেশী মিথ্যাচার করবে তারা তত বেশী জনবিচ্ছিন্ন হবে। কথাটি তাদের বোধদ্বয় হউক সেই কামনাই করি।

আজিজুর রহমান প্রিন্স, কলামিস্ট ও আওয়ামীলীগ নেতা, টরন্টো, কানাডা।


 

রংপুরের স্বেচ্ছাসেবকলীগ নেতা ফেন্সিডিলসহ কালীগঞ্জে গ্রেফতার

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধিঃ জেলার কালিগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আব্দুল্লাহ আল মামুন ওরফে পাপ্পু (২৬) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেলও।

শনিবার (২৫ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত পাপ্পু রংপুর মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড সেনপাড়া এলাকার তমিজ উদ্দিনের ছেলে এবং রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক।

কালীগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা গেছে, ২৪ জুন সন্ধ্যায় উপজেলার মহিপুর সড়কে চেকপোস্টে পাপ্পুর মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালায় পুলিশ। এ সময় মোটরসাইকেলের সিটের ভেতর থেকে ১২৪ পিস ফেনসিডিল জব্দ করা হয়। পাপ্পুকে আটকের পর থানায় নিয়ে যাওয়া হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এটিএম গোলাম রসুল বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান জামান বাবুর মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

পদ্মাসেতু উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য অনুষ্ঠান মালার আয়োজন

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে দেশব্যাপী উৎসবমুখর অনুষ্ঠানের অংশ হিসেবে নওগাঁর আত্রাই উপজেলায় ছিল উৎসবের আমেজ। উপজেলা প্রশাসন আয়োজিত স্থানীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার  সকাল ৯ টায় বের করা হয়  এক বিশাল শোভাযাত্রা। উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, মুক্তি যোদ্ধা,উপজেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক,  রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধনী মঞ্চে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী কমকর্তা মোঃ ইকতেখারুল ইসলাম র‌্যালীতে নেতৃত্ব দেন।

পরে সেখানে বড়পর্দায় বিটিভির সৌজন্য পদ্মাসেতূর মাওয়া পয়েন্ট থেকে প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রদর্শন করা হয়। প্রদশন শেষে উপজেলা নিবাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি শেখ হাফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ডাঃ রোখসানা হ্যাপী, আত্রাই থানা অফিসার ইনচাজ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বী জুয়েল, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম উপজেলা ছাত্র লীগ সভাপতি মেহেদী মসনদ স্বরুপ, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির সোহাগ প্রমূখ।

একই সাথে উপজেলার অন্যান্য আটটি ইউনিয়নে অনুরুপভাবে পৃথক পৃথক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এ ছাড়াও এ উপলক্ষ্যে গত শুক্রবার সন্ধ্যা থেকে বিভিন্ন সরকারী, বেসরকারী গুরুত্বপূর্ণ ভবন সমূহে করা হয়েছে  আলোকসজ্জা।

নেত্রকোণায় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের উদ্যােগে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ

নেত্রকোণা প্রতিনিধিঃ কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্ভোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সুযোগ্য মেয়র ইকরামুল হক টিটু ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল- নাহিয়ান খান জয়ের পক্ষ থেকে নেত্রকোণায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ জুন) সকালে নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি  উপজেলার বিভিন্ন এলাকায় বাংলাদেশ ছাত্রলীগের ময়মনসিংহ মহানগর শাখার আহ্বায়ক নওশেল আহমেদ অনির উদ্যােগে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও, ঈসাপুর, খলাপাড়াসহ বিভিন্ন  এলাকায় বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার, প্রয়োজনীয় ঔষধ ও খাবার সেলাইন, মোমবাতি, দিয়াশলাইসহ ২ হাজার প্যাকেট বিতরণ করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালী

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: দীর্ঘ অপেক্ষার সমাপ্তি হলো পদ্মা সেতুর উদ্বোধনের মধ্যদিয়ে।এ সেতু উদ্বোধনের মাধ্যমে বাঙ্গালি প্রমাণ করেছে তারা নিজ পায়ে দাঁড়িয়েছে, বলে মন্তব্য সকলের। সেতুর উদ্বোধনের মুহূর্ত সরাসরি লাইভ স্কিনে দেখে সেই মুহূর্তকে উদযাপন করে উচ্ছ্বাস প্রকাশ করেছে ঠাকুরগাঁওবাসী।

আর এ আনন্দকে আরও স্মরণীয় করে রাখতে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুন) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে শহরের জেলা স্কুল বড় মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করে পৌরশহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।

র‍্যালিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,আনসার ভিডিবি,জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, মহিলা আাওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের হাজারো ব্যক্তি অংশ নেন।

র‍্যালির উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের সুযোগ্য জেলা প্রশাসক মাহবুবুর রহমান। এ সময় র‍্যালিতে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অরুনাংসু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার প্রমুখ। হাজারো মানুষের সমাগমে এদিন ঠাকুরগাঁও জেলা শহর আনন্দের শহরে পরিনত হয়।

মুরাদনগরে প্রথম শ্রেনীর ছাত্রী ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার বাংগরা বাজার থানাধীন বাইরা এলাকায় মাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। ওই অভিযুক্তের নাম মো.ফেরদৌস (৪০)। গত বৃহস্পতিবার দুপুরে বাইরা গ্রাম এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। 

মো.ফেরদৌস (৪০)

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটিকে ধর্ষণচেষ্টার ঘটনায় ফেরদৌসের শাস্তি দাবিতে বাইরা এলাকায় নারীরা বিক্ষাভ করেছে। পরে শনিবার দুপুরে পুলিশ গিয়ে ফেরদৌসকে আটক করে থানায় নিয়ে আসে। 

এ বিষয়ে জানতে চাইলে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, ‘অভিযুক্ত মো. ফেরদৌসকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। তবে ঘটনার তদন্ত চলছে। ঘটনার প্রমাণ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে নওগাঁয় বর্নাঢ্য অনুষ্ঠান মালার আয়োজন

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে দেশব্যাপী উৎসবমুখর অনুষ্ঠানের অংশ হিসেবে নওগাঁ জেলা সদরসহ বিভিন্ন উপজেলা সদরেও ছিল উৎসবের আমেজ। জেলা প্রশাসন আয়োজিত স্থানীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকাল ৯ টায় বের করা হয়  এক বিশাল শোভাযাত্রা। জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, জেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক,  রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রাটি নওযোয়ান মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিন শেষে মুক্তির মোড়ে উদ্বোধনী মঞ্চে এসে শেষ হয়। জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান র‌্যালী নেতৃত্ব দেন। পরে সেখানে বড়পর্দায় বিটিভির সৌজন্য পদ্মাসেতূর মাওয়া পয়েন্ট থেকে প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রদর্শন করা হয়।

একই সাথে জেলা অন্যান্য ১০টি উপজেলা সদরে অনুরুপভাবে পৃথক পৃথক কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

এদিকে পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষ্যে জেলা প্রশাসন দুদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। জেলা শিল্পকলা একাডেমীসহ জেলার সকল সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহণ করছে।  এছাড়াও এ উপলক্ষ্যে গত শুক্রবার সন্ধ্যা থেকে বিভিন্ন সরকারী, বেসরকারী গুরুত্বপূর্ণ ভবনসমূহে করা হয়েছে  আলোকসজ্জা।