যুক্তরাষ্ট্রে টর্নেডোয় নিহতের সংখ্যা বেড়ে ২২

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম ও দক্ষিণে শক্তিশালী টর্নেডো ও ঝড়ে মৃত্যু বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও অর্ধশতাধিক। এ ছাড়া অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর এনবিসি নিউজ।

গত শুক্রবার ও শনিবারের এই শক্তিশালী টর্নেডোর তাণ্ডবে অনেকে বাড়িতে আটকা পড়েছেন। আরকানসাসহ অন্তত ৬টি অঙ্গরাজ্যে ৫০টিরও বেশি টর্নেডো বয়ে যায়।

নিহতদের মধ্যে সাতজনই দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য টেনেসির। রাজ্যটির জরুরি ব্যবস্থাপনা এজেন্সি নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের অধিকাংশই ম্যাকনাইরি কাউন্টির। টেনেসির বাইরে আরকানসাস অঙ্গরাজ্যেও টর্নেডোর আঘাতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। রাজ্যটির ক্রস এবং পোলাস্কি কাউন্টিতেই ওই পাঁচজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

এর বাইরে ইলিনয়ের বোনি এবং ক্রফোর্ড কাউন্টিতে নিহত হয়েছে চারজন, ইন্ডিয়ানার সুলিভান কাউন্টিতে নিহত হয়েছেন তিনজন, মিসিসিপির পন্টোট্যাক কাউন্টিতে নিহত হয়েছেন এক, আলাবামার ম্যাডিসন কাউন্টিতে এক এবং টেনেসির টিপটন কাউন্টিতে নিহত হয়েছে আরও একজন। আরকানসাসের উত্তর-পূর্বাঞ্চলীয় ক্রস কাউন্টির ওয়েন শহর চারজন লোক মারা গেছেন।

যাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে যাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৩১ মার্চ) দেশটির করাচিতে একটি বেসরকারি কোম্পানির কর্মীদের পরিবারের মধ্যে যাকাত বিতরণের সময় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৯ জন নারী ও তিন শিশু রয়েছে। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, এফকে ডাইং নামে ওই কোম্পানি যাকাত বিতরণের জন্য তাদের কর্মীদের পরিবারকে আমন্ত্রণ জানায়। সেখানে প্রায় ৪০০ নারী ও শিশু এসেছিলেন। এক পর্যায়ে লাইনে থাকারা একে অপরকে ধাক্কা দিতে শুরু করলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ধাক্কাধাক্কির এক পর্যায়ে অনেকেই পদদলিত হন। ঘটনার সময় কোম্পানির মালিক সেখানে ছিলেন না।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে প্রতিষ্ঠানটির বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ এ ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।

পরকীয়া সম্পর্কে খারাপ কিছু দেখি নাঃ আলিয়া ভাট

বিনোদন ডেস্কঃ বিবাহবহির্ভূত সম্পর্ককে অন্যায় কিছু মনে করেন না বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তার মতে, এটা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। সম্প্রতি পুরোনো একটি সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ্যে আসতেই কড়া সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী।

প্রথম স্ত্রীর সঙ্গে থাকাকালীনই আলিয়ার বাবা মহেশ ভাট প্রেমে পড়েছিলেন সোনি রাজদানের। এতে অন্যায় কিছু দেখেননি তিনি। তার কথায়, ‘প্রেমে সবই সম্ভব। এখানে প্রতারণা বলে কিছুই নেই।’

আলিয়ার এমন কথায় বেশ চটেছেন নেটিজেনদের একাংশ। তাদের প্রশ্ন, ‘বৈবাহিক সম্পর্কে তৈরি হওয়া বিশ্বাস কি তাহলে অমূলক? অভিনেত্রী নিজেও কি তার দাম্পত্যের মাঝখানে অন্য কারো সঙ্গে সম্পর্কে লিপ্ত হতে চান?’ চরম বিতর্ক দানা বেঁধেছে আলিয়ার মন্তব্যে।

কেউ কেউ এমন প্রশ্নও তুলছেন, ‘যদি রণবীর আপনার সঙ্গে এমনটা করেন? মানতে পারবেন তো?’ অবশ্য কেউ আবার আলিয়ার পরিণত মনের প্রশংসাও করলেন।

মহেশ যদি সোনির সঙ্গে প্রেম না করতেন, তাহলে আলিয়ার জন্ম হতো না। সেকথা স্মরণে রেখেই এক সাক্ষাৎকারে রণবীর ঘরনিকে বলতে শোনা যায়, ‘আমার বাবা আমার মায়ের প্রেমে পড়েছিলেন। তাদের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এতে আমি খারাপ কিছু দেখি না। কারণ যা হয়, সেটা তো ভালোর জন্যই হয়!’

অভিনেত্রীর ভাষায়, ‘জীবন সম্পর্কে আমার তেমন একমাত্রিক বা সাদাকালো ধারণা নেই। জীবনে কখনো কখনো হিসাবের বাইরেও অনেক কিছু ঘটে। কিন্তু সব কিছু কারণেই ঘটে।’

তবে আলিয়া এ-ও জানান যে, তিনি পরকীয়ায় ইন্ধন দিচ্ছেন না। শুধু বলতে চাইছেন যে, মানব চরিত্র এমনই। তার সংযোজন, ‘আমি মানুষের প্রকৃতি বুঝি। সব সময় ব্যাপারটা খুব সোজা হয় না। কিন্তু প্রেমের ক্ষেত্রে এমন ঘটনা তো বারবার হয়েই থাকে। বিরল কিছু নয়।’

প্রসঙ্গত, এই মুহূর্তে বলিউডের অন্যতম সুখী দম্পতি রণবীর-আলিয়া। কন্যা রাহাকে নিয়ে সুখের সংসার তাদের। মাতৃত্বের অবকাশ কাটিয়ে শিগগির শুটিংয়ে ফিরবেন আলিয়া। অপর দিকে রণবীরের সর্বশেষ ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’ বক্স অফিসে হিটের তকমা পেয়েছে। আগামীতে তাকে দেখা যাবে ‘অ্যানিমেল’ ছবিতে।

মন্দিরের কুয়োয় পড়ে ৩৫জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে রামনবমী উপলক্ষে পূজা দিতে গিয়ে মন্দিরের কুয়োয় পড়ে ৩৫ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৩০মার্চ) মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরের শ্রী বালেশ্বর মহাদেব মন্দিরে পুণ্যার্থীদের চাপে পুরনো ১টি কূপ ঢেকে রাখতে ব্যবহৃত স্ল্যাব ভেঙে পড়লে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

গতকাল বৃহস্পতিবার সকালে শ্রী বালেশ্বর মহাদেব মন্দিরে অসংখ্য পুণ্যার্থী হাজির হয়েছিলেন। পূজা চলার সময় পুণ্যার্থীদের অনেকেই মন্দিরের ভেতর একটি কূপ ঢেকে রাখতে ব্যবহৃত স্ল্যাবের ওপর উঠে পড়েন। বহু পুরনো এই কূপের মুখ কংক্রিটের স্ল্যাব দিয়ে ঢাকা ছিল।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার পরপরই এলাকায় পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এবং দমকল পাঠানো হয়েছে। প্রায় ১৮ ঘণ্টা ধরে উদ্ধারকাজ চালানোর পর ৩৫ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ১৪ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দুইজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে গেছেন।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, কী করে এই ঘটনা ঘটলো, মন্দির কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। মৃতদের পরিবার পিছু পাঁচ লাখ এবং আহতদের পরিবার পিছু দুই লাখ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে সরকার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সাংবাদিক শামসুজ্জামানকে কারাগারে পাঠানো হয়েছে

জাতীয় ডেস্কঃ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে আনা হয় শামসুজ্জামানকে। সেখানে দুই মামলায় জামিন আবেদন করেন তার আইনজীবী প্রশান্ত কর্মকার।

এর আগে, বুধবার (২৯ মার্চ) প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। রাজধানীর তেজগাঁও থানায় এই মামলা দায়ের করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান জানান, মো. গোলাম কিবরিয়া বাদী হয়ে শামসকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, শামসের প্রস্তুত করা ওই প্রতিবেদন প্রথম আলোতে স্বাধীনতা দিবসে প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনের কারণে বাংলাদেশেসহ বহির্বিশ্বে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিশ্বব্যাপী দেশের ভাবমূর্তি ও স্বাধীনতার অর্জন নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে একাত্তর টিভির একটি প্রতিবেদনে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা প্রমাণিত হয়েছে প্রথম আলোর প্রতিবেদন।

এজহারে আরও উল্লেখ করা হয়েছে, প্রথম আলোর ওই মিথ্যা তথ্য প্রকাশ এবং অনলাইন ও সামাজিক মাধ্যমে প্রচার করে বাংলাদেশের অর্জনকে প্রশ্নবিদ্ধ, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও আইনশৃঙ্খলার অবনতি হওয়ার উপক্রম হওয়ায় এই মামলা করা হয়েছে।

মন্দিরের মেঝে ধসে গভীর কূপে পড়লেন ২৫ পূণ্যার্থী

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ইন্দোরের একটি মন্দিরের মেঝে ধসে ‍গভীর কূপের মধ্যে পড়ে গেছেন ২৫ পূণ্যার্থী। দুর্ঘটনাটি ঘটেছে রাম নবমী উপলক্ষে মন্দিরে অতিরিক্ত ভিড়ের কারণে। এ ঘটনায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে ৫ জনকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য মতে, আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) রাম নবমীর পুজা উপলক্ষে বহু পূণ্যার্থী ইন্দোরের প্যাটেল নগরের মহাদেব ঝুলেলাল মন্দিরে এসেছিলেন।

সেই ভিড়ের কারণেই মেঝের কংক্রিটের স্ল্যাব ভেঙে কূপের মধ্যে পড়ে যান ২৫ পূণ্যার্থী। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।খবর পেয়েই ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে নামে পুলিশ ও উদ্ধারকারী দল।

খবরে আরও বলা হয়েছে, প্যাটেল নগরের মহাদেব ঝুলেলাল মন্দির চত্বরে বহু পুরানো ও গভীর একটা কূপ রয়েছে। যদিও বর্তমানে সেটা ব্যবহৃত হয় না। কংক্রিটের স্ল্যাব দিয়ে সবসময় কূপের মুখ বন্ধ থাকে।

এদিন রামনবমী উপলক্ষে মন্দিরে ভিড় করা অনেকেই ওই কূপের কথা জানতেন না। ফলে ওই কূপের স্ল্যাবের উপরও চড়ে বসেন অনেকেই। অধিক ভিড়ের জেরেই কংক্রিটের স্ল্যাবটি ভেঙে পড়ে। এতে কূপের মধ্যে পড়ে যান ওই ২৫ পূণ্যার্থী। 

পুলিশ ও স্থানীয় প্রশাসন কূপে দড়ি ফেলে পূণ্যার্থীদের উদ্ধারের চেষ্টা চলছে। এখন পর্যন্ত ৫ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা রাখা হয়েছে।

ঈদের ৬ দিন ফেরিতে ট্রাক-কাভার্ডভ্যান পারাপার বন্ধ থাকবে

অনলাইন ডেস্কঃ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ঈদের আগে ও পরে ৬ দিনে ফেরি দিয়ে সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান পারাপার বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিবছরের মতো ঈদের যাত্রীসেবা নিয়ে এবারও বৈঠক করেছি। আমাদের ঈদের সম্ভাব্য তারিখ ২২ এপ্রিল। ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন (ছয়দিন) পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া ফেরিতে সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান পারাপার বন্ধ থাকবে।

মন্ত্রী বলেন, পদ্মা সেতুতে যেহেতু কোনো মোটরসাইকেল চলবে না, সে কারণে আমরা চেষ্টা করছি, শিমুলিয়ায় বিকল্প ব্যবস্থা করতে পারি কি না। এখানে সেতু কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে।

ঈদের সময় লঞ্চে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ সঠিক নয় উল্লেখ করে খালিদ মাহমুদ বলেন, লঞ্চের ভাড়া নির্ধারণ করা আছে। ঈদের সময় লঞ্চে সেই নির্ধারিত ভাড়া নেওয়া হয়। বছরের অন্য সময় কম ভাড়া নেওয়া হয়।

চতুর্থ মেয়াদেও শেখ হাসিনা নির্বাচিত হবেন : ব্লুমবার্গ

বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের মধ্যেও ‘সময়োচিত সংস্কার পদক্ষেপ’ নিয়ে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছে বিশ্বখ্যাত সংবাদ সংস্থা ব্লুমবার্গ। একই সঙ্গে বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচনে তার নেতৃত্বাধীন সরকার টানা চতুর্থ মেয়াদেও নির্বাচিত হবে বলে ইঙ্গিত দিয়েছে সংস্থাটি।

আন্তর্জাতিক অর্থবিষয়ক সংবাদ সংস্থাটি এক নিবন্ধে লিখেছে, ‘তিনি (শেখ হাসিনা) টানা চতুর্থ মেয়াদে জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে।’ একই সঙ্গে শেখ হাসিনাকে পুরো তহবিল পেতে আরও সংস্কার করতে হবে বলেও পরামর্শ দেওয়া হয়েছে।


এতে বলা হয়, ‘শেখ হাসিনা ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে সম্ভাব্য জয়ী হওয়ার কারণ এটা নয়, যে তার অনেক প্রতিপক্ষ কারাগারে আছেন বা আইনি ফাঁদে পড়েছেন। বরং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে তার সাফল্যের কারণেই এটা ব্যাপকভাবে প্রত্যাশিত।’

আগামী জাতীয় নির্বাচনের আগে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে দক্ষিণ এশিয়ার দেশটির সময়োপযোগী সংস্কারের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণপ্রাপ্তির পটভূমিতে ব্লুমবার্গ দুটি উপশিরোনামসহ ‘বাংলাদেশ লিডার বেটস আইএমএফ-ম্যান্ডেটেড রিগর উইল পে অব ইন পোলস’ শিরোনামে এ নিবন্ধ প্রকাশ করে।

ব্যালট বাক্সে পরাজিত হওয়ার ভয়ে বিশ্বজুড়ে সরকারি দলের নেতারা প্রায়ই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে সম্মত সংস্কার বাস্তবায়নে পিছিয়ে পড়ছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মতো নন।

তার দ্রুত আইএমএফ ম্যান্ডেটের বাস্তবায়নে দক্ষিণ এশিয়ার এই দেশটি ঘুরে দাঁড়িয়েছে, যেখানে পাকিস্তান এখনো জ্বালানি ভর্তুকি নিয়ে দুরবস্থার মধ্যে রয়েছে। শ্রীলঙ্কা স্থানীয় পৌরসভা নির্বাচন বিলম্বিত করেছে। কারণ, তারা গত সপ্তাহে আইএমএফ তহবিল পেতে কর এবং সুদের হার বাড়িয়েছে।

গত জুলাই মাসে আইএমএফের সহায়তা চাওয়া দক্ষিণ এশিয়ার তিনটি দেশের মধ্যে সর্বশেষ ছিল বাংলাদেশ। দেশটি দ্রুত জ্বালানির মূল্যবৃদ্ধির পর প্রথম ঋণ অনুমোদন পেয়েছে। ৭৫ বছর বয়সী শেখ হাসিনা এ পদক্ষেপ নিতে কোনো কুণ্ঠাবোধ করেননি।

ফুলবাড়ীতে এক সন্তানের জননী এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বামীর বাড়ী থেকে এক সন্তানের জননী এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টার উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামে এ মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে।  ওই গৃহবধূর নাম মিম আক্তার (২০)। তিনি ওই গ্রামের রিপন মিয়ার স্ত্রী।

পরিবার ও স্থানীয়রা জানান, ছয় বছর পূর্বে সম্পর্ক করে মিম ও রিপনের বিয়ে হয়। তাদের ঘরে দুই বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বুধবার মিম কয়েকদিনের জন্য বাবার বাড়ী বেড়াতে যাওয়ার জন্য শ্বাশুড়িকে বলে। কিন্তু শ্বাশুড়ি কয়েকদিন পরে যেতে বলেন। এ নিয়ে বউ-শ্বাশুড়ির মধ্যে মনোমালিন্য হয়। বুধবার রাতে স্বামী-স্ত্রী খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে তিনটার দিকে কাফেলার লোকজনের ডাকে রিপন ঘুম থেকে জেগে দেখেন ঘরের আড়ার সাথে স্ত্রীর লাশ ঝুলছে।
তাদের ধারনা, বাবার বাড়ী  যেতে না দেয়ায় শ্বাশুড়ির সাথে অভিমান করে রাতের যেকোন সময় সকলের অগোচরে ঘরের আড়ার সাথে গলায় রশি পেচিয়ে ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন মিম।
ফুলবাড়ী থানার এসআই এনামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। গৃহবধুর মৃত্যুর সঠিক কারন জানা যায়নি। তাই মৃত্যুর সঠিক কারন উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

সিআইডি পরিচয়ে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে

সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে তাঁর বাসা থেকে আজ বুধবার ভোর চারটার দিকে সিআইডির পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। সিআইডির পরিচয় দেওয়া ব্যক্তিরা সাধারণ পোশাকে ছিলেন। সাংবাদিক শামসুজ্জামানের বাসা সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে আমবাগান এলাকায়। তবে সিআইডি এ অভিযোগ অস্বীকার করছে। শামসুজ্জামান প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক হিসেবে সাভারে কর্মরত।

স্থানীয় এক সাংবাদিকসহ দুজন প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে বলেন, বুধবার ভোর ৪টার দিকে ৩টি গাড়িতে প্রায় ১৪–১৫ জন শামসুজ্জামানের বাসার সামনে যান। তাঁদের সাত থেকে আটজন বাসায় ঢোকেন। একজন শামসুজ্জামানের থাকার কক্ষ তল্লাশি করে তাঁর ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি মুঠোফোন ও একটি পোর্টেবল হার্ডডিস্ক নিয়ে যান। ১০ থেকে ১৫ মিনিট পর ওই ব্যক্তিরা শামসুজ্জামানকে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় যান।

প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, বটতলার নুরজাহান হোটেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন, একজন নিরাপত্তাপ্রহরী, শামসুজ্জামানসহ তাঁকে আটককারীরা সাহ্‌রি খান।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ওই সাংবাদিক প্রথম আলোকে বলেন, ভোর পৌনে ৫টার দিকে শামসুজ্জামানকে সঙ্গে নিয়ে আবার তাঁর বাসায় যান সিআইডি পরিচয় দেওয়া ব্যক্তিরা। দ্বিতীয়বার বাসায় যাওয়ার সময় আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাজু মণ্ডলকে দেখা গেছে। দ্বিতীয়বার বাসায় এসে তাঁরা জব্দ করা মালামালের তালিকা করেন। শামসুজ্জামানকে জামাকাপড় নিতে বলেন। কক্ষের মধ্যে দাঁড় করিয়ে তাঁর ছবি তোলা হয়। পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আবার তাঁরা বের হয়ে যান। বাসা তল্লাশির সময় দুবারই বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন উপস্থিত ছিলেন।

তুলে নেওয়ার সময় ওই বাড়ির মালিককে ডাকেন সিআইডি পরিচয়ধারী ব্যক্তিরা। তাঁরা বাড়ির মালিককে বলেন, শামসুজ্জামানের করা একটি প্রতিবেদনের বিষয়ে রাষ্ট্রের আপত্তি আছে। তাই জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নেওয়া হচ্ছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন প্রথম আলোকে বলেন, ‘আমি আগে বিষয়টি জানতাম না। রাত দেড়টার সময় পুলিশের পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। শামসুজ্জামানের ভাবি আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, সেই পরিচয় দিয়ে তাঁরা আমাকে শামসুজ্জামানের বাসায় নিয়ে যান।’

তবে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান সকালে প্রথম আলোকে বলেন, তিনি এ বিষয়ে এখনো কিছু জানেন না। তাঁরা কাউকে গ্রেপ্তার করেননি।

এ বিষয়ে প্রথম আলোর সঙ্গে দুবার কথা হয় ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের। সর্বশেষ সকাল সাড়ে ৮টায় তিনি প্রথম আলোকে বলেন, শামসুজ্জামানকে আটক করা হয়েছে—এমন কোনো তথ্য তাঁর কাছে নেই।

আজ সকাল ১০টার দিকে সিআইডির ঢাকা বিভাগের উপমহাপরিদর্শক মো. ইমাম হোসেনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, সিআইডির ঢাকা বিভাগ তাঁর দায়িত্বে। তাঁর বিভাগের কেউ শামসুজ্জামানকে আটক করতে যায়নি।

খবরঃ প্রথম আলো।