পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে রাণীশংকৈল উপজেলা আ.লীগের আনন্দ শোভাযাত্রা ও অলোচনা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রায় তিন কোটি মানুষের বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুন) বিকালে এ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগ।

এ উপলক্ষে এদিন বিকালে উপজেলা আ.লীগ কার্যালয় থেকে আ.লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মিরা একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়।

পরে দলীয় আ.লীগ কার্যালয়ে উপজেলা আ.লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, পৌর মেয়র ও আ.লীগ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সহযোগি অধ্যাপক প্রশান্ত বসাক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ  মহাদেব বসাক,ভাইস চেয়ারম্যান ও আ.লীগ সদস্য সোহেল রানা প্রমুখ।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও তার সকল অঙ্গসংগঠনের নেতাকর্মি, সামাজিক-সাংস্কৃতিক ব্যাক্তিবর্গসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা উল্লেখ করে বলেন,  শুধুমাত্র বর্তমান প্রধানমন্ত্রীর দ্বারাই এরকম বড় ধরনের অর্জন সম্ভব, যেটি বাংলাদেশে স্বাধীনতার পর দ্বিতীয় অর্জন ও কালের সাক্ষী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আ.লীগ নেতা আবু জাহিদ হোসেন।

নেত্রকোণায় পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান

নেত্রকোণা প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় নেত্রকোণাতেও বর্ণাঢ্য আয়োজনে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানটি বড় মনিটরের মাধ্যমে নেত্রকোণার মোক্তারপাড়া মুক্তমঞ্চে সরাসরি প্রদর্শন করা হয়।

পরে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে “পদ্মা সেতু উদ্বোধন দেশবাসীর স্বপ্নপূরণ” শীর্ষক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় জেলার সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ।

ডমিঙ্গোর মতে শাস্তি পাচ্ছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের ব্যাটিং দৈন্যকে কাইল মেয়ার্সের সাবলীল সেঞ্চুরি আরও স্পষ্ট করে ফুটিয়ে তুলেছে। বোলাররাও ধারবাহিকভাবে থাকতে পারছেন না আঁটসাঁট করে। সবমিলিয়ে চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে টাইগাররা। আর তাই প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর মনে হচ্ছে প্রতিপক্ষ যেন শাস্তি দিচ্ছে তাদের।

অ্যান্টিগার ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় শেষে চালকের আসনে স্বাগতিকরা। কাইল মেয়ার্সের সেঞ্চুরিতে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ৩৪০ রান। এরই মধ্যে তারা নিয়েছে ১০৬ রানের লিড। মেয়ার্স ১৮০ বলে ১২৬ রানে ক্রিজে আছেন। তার সঙ্গী জশুয়া ডা সিলভা খেলছেন ১০৬ বলে ২৬ রানে।

ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে টস হেরে মাত্র ২৩৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। শেষদিকে দুই পেসার শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন ব্যাট হাতে ভূমিকা না রাখলে দুইশ পেরোনো হতো না তাদের। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেট তুলে নিয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও সেই আশা থাকে না।

এদিকে ব্যাটিং নিয়েই বেশি চিন্তিত ডমিঙ্গো বলেন, ব্যাটিং ও বোলিং নিয়ে এই মুহূর্তে কঠিন সব প্রশ্ন রয়েছে আমাদের। কারণ, এটা কোনোভাবেই ২৫০ রানের উইকেট নয়। শেষদিকে ৩০ রানের ওই জুটি না হলে আমরা ১৯০ রানে অলআউট হতাম। ওয়েস্ট ইন্ডিজ দেখিয়ে দিচ্ছে, কেন তারা এই সংস্করণে আমাদের চেয়ে ভালো। ওদের একজন সেঞ্চুরি করেছে। ওরা বড় স্কোর করছে। বোলিংয়ে ওরা জুটি গড়ে খেলেছে, ব্যাটিংয়েও জুটি গড়ে লম্বা সময় উইকেটে থেকেছে।

উল্লেখ্য, গত বছর টেস্ট অভিষেকে ডাবল সেঞ্চুরি করে বাংলাদেশকে হতাশায় পুড়িয়েছিলেন মেয়ার্স। আর তাই মেয়ার্সকে দেখে শিক্ষা নেওয়ার কথা তুলে তিনি বলেন, মেয়ার্সের মতো ১২০ রানের ইনিংস খেলতে হবে আমাদের কারও। গত বছর ওরা আমাদের বিপক্ষে ৪০০ রান তাড়া করেছে চট্টগ্রামে। মেয়ার্স তখন ডাবল সেঞ্চুরি করেছে। আমাদের কেউ তেমন বড় ইনিংস খেলতে পারছে না। মেয়ার্সকে দেখে শিক্ষা নিতে হবে। টেস্ট ম্যাচ অনেক কঠিন। এরকম ভালো ব্যাটিং ছাড়া ভালো দলগুলো আমাদের শাস্তি দেবে এবং সেই শাস্তি এখন পেতে হচ্ছে।

 

পদ্মা সেতুর উদ্বোধনে হাতিরঝিলে লেজার শো

বিনোদন ডেস্কঃ পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে উৎসবে বর্ণিল সাজে সেজেছে রাজধানীর হাতিরঝিল লেক। সেই সঙ্গে সন্ধ্যায় ঝিলের এম্ফি থিয়েটারে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, লেজার শো ও আতশবাজির মহড়া। ইতোমধ্যেই সেতু বিভাগের আয়োজনে রং-বেরঙের ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড শোভা পাচ্ছে হাতিরঝিলে।

গতকাল (২৫ জুন) দুপুর ১২টার দিকে সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চারদিকে তাই উৎসবের আমেজ। সেতুর উদ্বোধনকে ঘিরে মাওয়া ছাড়াও উৎসব ছড়িয়েছে রাজধানীসহ সারাদেশে। তারই রেশ ধরে বর্ণিল সাজে সেজেছে রাজধানীর হাতিরঝিল লেক। সেই সঙ্গে সন্ধ্যায় ঝিলের এম্ফি থিয়েটারে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, লেজার শো ও আতশবাজির মহড়া।

এরই সেতু বিভাগের আয়োজনে রং-বেরঙের ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড শোভা পাচ্ছে হাতিরঝিলে। সঙ্গে রয়েছে পদ্মা সেতুকে নিয়ে নানা ধরনের লেখা। পুরো হাতিরঝিল ছেয়ে গেছে এলইডির উজ্জ্বল আলোয়। বর্ণিল এমন সব আয়োজনে নতুন রূপ পেয়েছে রাজধানীর অন্যতম এই বিনোদনকেন্দ্রটি।

উল্লেখ্য, সন্ধ্যায় হাতিরঝিলের এম্ফি থিয়েটারে আয়োজন করা হয়েছে লেজার শো ও আতশবাজিসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে উপস্থিত থাকার কথা রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের।

 

আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩১ জন

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের আসাম রাজ্যে চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩১ জনে। গতকাল শনিবার (২৫ জুন) বেশকয়েকটি মরদেহ উদ্ধার করা হয় রাজ্য থেকে।

কর্তৃপক্ষ জানায়, বন্যার পানিতে এখনো তলিয়ে আছে ভারতের আসাম রাজ্যের বেশকয়েকটি জেলা। বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনো পানিবন্দি ২৫ লাখের বেশি মানুষ। বন্যার কারণে ঘরবাড়িহারা হয়ে রাস্তা ও আশ্রয় শিবিরে অবস্থান নিয়েছেন ৫০ লাখের বেশি মানুষ। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন সাধারণ মানুষ।

এদিকে পানি কমতে থাকলেও বিভিন্ন পানিবাহিত রোগ বেড়েছে। বিভিন্ন স্থানে ডায়রিয়ার প্রকোপ দেখা দিচ্ছে। খাবারের অভাবে অনেক মানুষ অপুষ্টিতে ভুগছে। অসুস্থ রোগীরা চিকিৎসা নিতে পারছে না। বন্যায় কয়েক হাজার গৃহপালিত প্রাণীর মৃত্যু হয়েছে। দেখা দিয়েছে নানা রোগ। বন্যাকবলিতদের সহায়তার পাশাপাশি উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে দেশটির সেনা ও বিমানবাহিনী।

উল্লেখ্য, দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্যমতে, চলমান বন্যায় ৫০ লাখের বেশি মানুষ বাস্তচ্যুত হয়েছেন। এরমধ্যে আশ্রয় শিবিরেই অবস্থান নিয়েছে প্রায় ৪০ লাখ মানুষ। বাকিদের জায়গা হয়েছে রাস্তায়। এমনকি বাংলাদেশের সিলেট বিভাগে বন্যা দেখা দেয়ায় আসামের পানি ধীর গতিতে নেমে যাচ্ছে বলেও উল্লেখ করা হয়।

 

আর মাত্র আড়াই মাসের জ্বালানি গ্যাস রয়েছে জার্মানির

আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হাবেক বলেছেন, আর মাত্র আড়াই মাসের জ্বালানি গ্যাস রয়েছে দেশের রিজার্ভে। যদি সারা দেশেই প্রাকৃতিক গ্যাসের ঘাটতি দেখা দেয় তবে শিল্প-কারখানা বন্ধ করে দিতে হতে পারে। আর এমন পরিস্থিতি সৃষ্টি হলে তা দেশের শিল্প খাতের জন্য বিপর্যয় হিসেবে গণ্য হবে।

জার্মান অর্থমন্ত্রী আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র আরোপ করা নিষেধাজ্ঞার জবাব দিতে গ্যাসকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে রাশিয়া। এ সময় তিনি গ্যাসের ব্যবহার কমানোর ওপর জোর দেন।

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ায় বড় সংকটের মুখে পড়েছে জার্মানি। আর মাত্র আড়াই মাস চলার মতো গ্যাসের মজুত রয়েছে তাদের হাতে। ফলে নতুন সরবরাহ না পেলে খুব দ্রুতই বড় বিপদে পড়তে যাচ্ছে জার্মানরা।দেশটিতে গ্যাসের দাম দুই-তিনগুণ বেড়ে যেতে পারে। এমনকি প্রয়োজনে গ্যাস রেশনিংয়ের পথে হাঁটতে হতে পারে জার্মান সরকারকে।

এখন থেকে স্যাটেলাইট ও গুগল আর্থেও দৃশ্যমান পদ্মা সেতু

সিএনবিডি ডেস্কঃ এখন থেকে স্যাটেলাইট ও গুগল আর্থেও দৃশ্যমান হচ্ছে পদ্মা সেতু। ম্যাপে সার্চ করলেই (খুঁজলেই) সেতুর অবস্থান দেখা যাচ্ছে। এছাড়া স্যাটেলাইট ভিউতেও দেখা যাচ্ছে বাঙালির গর্বের প্রতীক এই সেতু। গতকাল শনিবার (২৫ জুন) বেলা ১১টা ৫০ মিনিটে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এখন গুগল ম্যাপে ডেস্টিনেশনে সার্চ করলে দেখাচ্ছে, ঢাকা থেকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে গাড়িযোগে যেতে সোয়া এক ঘণ্টার মতো সময় লাগবে। আর গুগল আর্থে ৩৬০ ডিগ্রি ভিউতে দেখা যাচ্ছে পদ্মা সেতু। এর সঙ্গে যুক্ত করা হয়েছে সেতু সম্পর্কে উইকিপিডিয়ার তথ্য। এতে যে ছবি দেখানো হয়েছে, তা ২০২১ সালের ৪ মে তোলা। আগে যখন সেতুর অবকাঠামো ছিল না, তখন শুধু দুই প্রান্তের ঘাট পর্যন্ত সড়ক দেখা যেতো। এখন সেতু দুই পাড়ের সড়ককে সংযুক্ত করেছে। ম্যাপেও তা দেখাচ্ছে।

উল্লেখ্য, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। মূল সেতুর কাজ করেছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। মূল সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। এর অ্যাপ্রোচ সড়ক ১২ দশমিক ১১৭ কিলোমিটার। ভায়াডাক্ট ৩ দশমিক ১৪৮ কিলোমিটার (সড়ক) এবং ৫৩২ মিটার (রেল)।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মুন্নি আক্তার (১২) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।  শনিবার (২৫ জুন) সকালে বালিয়াডাঙ্গী-লাহিড়ী সড়কের গোয়ালকারী নাকম স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রী ওই এলাকার সাদেকুল ইসলামের মেয়ে ও বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। আহত দুজনের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

এ ব্যাপারে বালিয়াডাঙ্গী অফিসার ইনচার্জ খায়রুল আনাম জানান, সকালে একটি মোটরসাইকেল লাহিড়ী থেকে বালিয়াডাঙ্গী আসার পথে পেছন থেকে ছাত্রীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা মারা যায়। এবং দুর্ঘটনায় মোটরসাইকেলচালক ও আরোহী দুজন গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। তারা ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনে শ্রীমঙ্গলে আনন্দ শোভাযাত্রা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্টিত হয়েছে।। শনিবার (২৫  জুন) এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে, কেন্দ্রীয় কর্মসূচির সাথে মিল রেখে, শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন শেষে জেলা পরিষদ অডিটোরিয়াম থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। আনন্দ শোভাযাত্রাটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়।

উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আয়োজনে শোভাযাত্রায় অংশ নেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেলের এএসপি শহীদুল হক, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রসিদ তালুকদার,  শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, সহ-সভাপতি ডা. হরিপদ রায়, সম্পাদক (ভারপ্রাপ্ত) জগৎজ্যেতি ধর শুভ্র, যুগ্ম- সম্পাদক আকরাম খাঁন, আশিদ্রোন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার, উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটিসহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজ ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনসহ নেতৃবৃন্দ ছাড়াও স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পদ্মা সেতু উদ্বোধনে ভারতীয় সংবাদমাধ্যমে উচ্ছ্বাস

আন্তর্জাতিক ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৫ জুন) আনুষ্ঠানিকভাবে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করেন। আর এর মধ্য দিয়েই রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সেতুবন্ধন রচিত হলো। এদিকে বাংলাদেশে নতুন দিগন্তের সূচনা করা এই পদ্মা সেতু উদ্বোধনে উচ্ছ্বসিত হয়ে উঠেছে প্রতিবেশী দেশ ভারতের সংবাদমাধ্যমগুলো।

জানা যায়, ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে গুরুত্ব দিয়ে এই সেতু উদ্‌বোধনের খবর প্রকাশ করা হয়েছে। লাইভ আপডেটসহ নানা আঙ্গিকে খবর পরিবেশন করেছে হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকা, এবিপি আনন্দের মতো প্রধান সংবাদমাধ্যমগুলো।

হিন্দুস্তান টাইমস পদ্মা সেতু উদ্‌বোধনের খবর তাদের লাইভ কাভারেজে রেখেছে। সেতু উদ্‌বোধনের নানা তথ্য তাৎক্ষণিকভাবে প্রচারের পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে আনন্দবাজার পত্রিকা শিরোনাম করেছে, জ্বলে পুড়ে-মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়! পদ্মা সেতু উদ্বোধনে হাসিনার কণ্ঠে সুকান্ত। প্রতিবেদনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ছাড়াও গুরুত্ব সহকারে পদ্মা সেতু সংক্রান্ত নানা তথ্য তুলে ধরা হয়।

এপিবি আনন্দ সংবাদমাধ্যমটি পদ্মা সেতু উদ্বোধনের পর সড়ক পথে ঢাকা-কলকাতার দূরত্ব কমে আসবে বলে উচ্ছ্বাস প্রকাশ করেছে। এ ছাড়া ‘পদ্মা সেতুর ছবি দেখলে চোখ ফেরাতে পারবেন না’ শিরোনামে একটি ছবি গ্যালারি প্রকাশ করেছে তারা।