ইফতারে সুস্বাদু এরাবিয়ান ডেজার্ট ‘মহালাবিয়া’

লাইফস্টাইল ডেস্কঃ মধ্যপ্রাচ্যের অন্যতম ডেজার্ট মহালাবিয়া। এটি ক্রিমি দুধের পুডিং। যা বাদাম, গোলাপের পাপড়ি অথবা চিনির সিরাপ দিয়ে সাজানো হয়। এটি তৈরি করা খুবই সহজ। সাধারণত মহালাবিয়া বাটি বা গ্লাসে পরিবেশন করা যেতে পারে। মধ্যপ্রাচ্যে এই ডেজাটটি সারা রমজান জুড়ে পরিবেশেন করা হয়ে থাকে। এটি সাধারণত ইফতারে পরিবেশন করা হয়।

উপকরণঃ দুধ -৩ কাপ, চিনি -৩/৪  কাপ, পানি -১ কাপ, কর্নফ্লাওয়ার – ৬ টেবিল চামচ, হুইপিং ক্রিম – ১ কাপ, গোলাপ জল – ১ টেবিল চামচ, এলাচ কুঁচি – ২টি।

প্রস্তুত প্রণালীঃ একটি সসপ্যানে দুধ এবং চিনি নিন। এবার এই মিশ্রণটি গরম হতে দিন। অন্য একটি বাটিতে কর্নফ্লাওয়ার ও পানি মিশিয়ে নিন। এবার এটি গরম দুধে মেশান। তবে তা চিনি গলে যাবার পর। এবার মাঝারি আঁচে দুধের মিশ্রণটি ১৫ থেকে ২০ মিনিট নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।   ঘন হয়ে গেলে সসপ্যান থেকে নামিয়ে ক্রিম, গোলাপ জল এবং এলাচ মিশান।

এবার ঠাণ্ডা না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ঠাণ্ডা হয়ে গেলে ২ থেকে ৪ ঘন্টা ফ্রিজে রাখুন। তারপর গ্লাসে পরিবেশন করুন সুস্বাদু এরাবিয়ান ডেজার্ট মহালাবিয়া। আপনি চাইলে রুহআফজা এবং বাদাম দিয়েও এটি পরিবেশন করতে পারেন।

 

বর্তমানে দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার

বর্তমানে দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এর মধ্যে বেকার পুরুষের সংখ্যা ১৬ লাখ ৯০ হাজার, আর বেকার নারীর সংখ্যা ৯ লাখ ৪০ হাজার।

আজ বুধবার (২৯ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ‘শ্রমশক্তি জরিপ ২০২২’ থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানায়, দেশে এখন বেকার জনগোষ্ঠীর হার কমে ৩ দশমিক ৬ শতাংশ হয়েছে, যা আগে ছিল ৪ দশমিক ২ শতাংশ। আর এ বিশাল বেকার জনগোষ্ঠী সপ্তাহে এক ঘণ্টা কাজ করার সুযোগও পায় না। বেকারত্বের এ হিসাব আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) দেওয়া মানদণ্ড অনুযায়ী। আইএলও মনে করে, সপ্তাহে এক ঘণ্টা কাজ না করলে ওই ব্যক্তিকে বেকার হিসাবে ধরা হয়।

একদিনেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামাতে পারি : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধ মাত্র একদিনেই থামিয়ে দিতে পারার দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রিপাবলিকান পার্টির ওই নেতা এই দাবি করেন। তবে তিনি কীভাবে যুদ্ধ থামাবেন, সেটি ব্যাখ্যা করেননি।

সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ নাগাদ ইউক্রেন যুদ্ধ যদি শেষ না হয় এবং তিনি যদি ফের ক্ষমতায় যান, তবে মাত্র একদিনের মধ্যে শান্তিপ্রতিষ্ঠা করতে পারবেন।

তিনি বলেন, আমি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বসে ২৪ ঘণ্টার মধ্যে এর সমাধান করব। তাদের সঙ্গে খুব সহজ একটি আলোচনার জায়গা রয়েছে। তবে সেটি কী হবে তা এখনই বলতে চাই না। কারণ, তাহলে এটি আমি আর কাজে খাটাতে পারব না।

পুতিনের সঙ্গে সুসম্পর্কের কথা উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, ২০২০ সালে তিনি মার্কিন প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হলে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুই হতো না।

তবে গত ২৭ মার্চ দেওয়া ওই সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, তার সেই শান্তি আলোচনা আগামী দেড় বছরের মধ্যে শুরু হবে না। এই দীর্ঘ সময়ের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। শুধু তাই নয়, সম্ভাব্য পারমাণবিক বিশ্বযুদ্ধের বিষয়েও সতর্ক করেছেন তিনি।

ট্রাম্প বলেন, এই বোকারা যা করছে তাতে একটি পারমাণবিক বিশ্বযুদ্ধে গিয়ে পৌঁছাতে পারে।

নওগাঁয় সাড়ে চারশো পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় সাড়ে চারশো পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নওগাঁ কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার সকাল সাড়ে দশটায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জার্মান ভিত্তিক দাতা সংস্থা মুসলিম হেলফেন-এর অর্থায়নে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা রানীর সহযোগিতায় সোস্যাল এইড রমজান মাস উপলক্ষে এই সাড়ে চারশো দরিদ্র পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরন করে।

নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগিদের হাতে খাদ্যসামগ্রী বিতরন করেন।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন, সোস্যাল এইড-এর প্রজেক্ট কো-অডিনেটর মো: আবির হোসাইন, ডকুমেন্টেশন এন্ড কমিউনেশন অফিসার বায়েজিদ আহমেদ, রানীর প্রধান নির্বাহী ফজলুল হক খান এবং এটিএন বাংলা প্রতিনিধি এ এস এম রাযহান আলম উপস্থিত ছিলেন।

প্রতিটি পরিবারকে ৩০ কেজি চাল, ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল প্রদান করা হয়।

বগুড়ায় ৩৩৭ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার-৫

সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দিতে বুধবার সকাল ১০.০০ ঘটিকায় র‌্যাবের অভিযানে ৩৩৭ বোতল ফেন্সিডিল ও ২টি মোটরসাইকেল সহ ৫ জনকে গ্রেফতার করে র‍্যাব-১২।

র‌্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দিনাজপুর হইতে সিরাজগঞ্জ গামী ০২ টি মোটরসাইকেল যোগে ০৫ জন ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করিতেছে। এই সংবাদের ভিত্তিতে অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর সার্বিক দিক নির্দেশনায় বগুড়া র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ২৯ মার্চ ২০২৩ ইং তারিখ ঘ বগুড়া জেলার সারিয়াকান্দি থানাধীন ধলিরকান্দি গ্রামস্থ ধলিরকান্দি মধ্যপাড়া মোঃ তাহেরুল, পিতা- মৃত ভোলা প্রাং এর বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ দিলবর হোসেন (৩৫), পিতা- মৃত মোকলেছার হোসেন, সাং- বিজুল মাগুড়া পাড়া, থানা- বিরামপুর, জেলা-দিনাজপুর, ২। মোঃ আশরাফুল ইসলাম (৩৫), পিতা- মৃত আঃ জব্বার, সাং- রসুলপুর ৯নং ওয়ার্ড, থানা- ফুলবাড়ী, জেলা-দিনাজপুর, ৩। মোঃ জাকিরুল ইসলাম (২৮), পিতা- মোঃ নাসির উদ্দিন, সাং- ভাইগর, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর, ৪। মোঃ ছাবেদুল ইসলাম (২৯), পিতা- মোঃ আব্দুল কুদ্দুস, সাং-রসুলপুর ৯নং ওয়ার্ড, থানা-ফুলবাড়ী, জেলা- দিনাজপুর, ৫। মোঃ শিহাব উদ্দিন (সজীব) (৩৩), পিতা- মৃত সাইফুল ইসলাম, সাং-বরইপাড়া গোসাইবাড়ী, থানা- সারিয়াকান্দি, জেলা- বগুড়া’কে মোট ৩৩৭ বোতল ফেন্সিডিল, ০২টি মোটরসাইকেল, ০৯টি মোবাইল, ০৯টি সীম, নগদ ৫,০০০/- টাকাসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য যে, আসামীদের পিসিপিআর যাচাই করে জানা যায় যে তাদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে, ১নং আসামীর বিরুদ্ধে ০২টি চুরি ও ০২টি মাদক মামলা রয়েছে, ২নং আসামীর বিরুদ্ধে ০২টি মাদক মামলা রয়েছে, ৩নং আসামীর বিরুদ্ধে ০৩টি মাদক মামলা রয়েছ, ৪নং আসামীর বিরুদ্ধে ০২টি মাদক মামলা রয়েছে এবং ৫নং আসামীর বিরুদ্ধে ০২টি ডাকাতি, ০২টি চুরি মামলা রয়েছে।

মাহিকে ‘পোলার মা’ ডেকে পরীমণির শুভেচ্ছা

বিনোদন ডেস্কঃ পুত্রসন্তানের মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। এদিকে মাহিয়া মাহিকে ‘পোলার মা’ ডেকে শুভেচ্ছা জানিয়েছে অভিনেত্রী পরীমণি। গতকাল মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রাত ১১টা ২০ মিনিটে পুত্র সন্তানের জন্ম দেন মাহি।

আজ বুধবার (২৯ মার্চ) মাহিয়া মাহি মা হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে সকাল ৮টা ১৮ মিনিটে মাহিকে ট্যাগ করে সেই পোস্টে তিনি লেখেন, ‘শুভেচ্ছা, পোলার মা’।

এর আগে মাহিয়া মাহি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে বুধবার (২৯ মার্চ) ভোররাত ৪টা ৩ মিনিটে নবজাতকের একটি ছবি প্রকাশ করেন। এর ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ’।

ছবিতে দেখা যায়, ছেলেকে নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন মাহি। সন্তানের দিকে তাকিয়ে আছেন মাহির স্বামী রাকিব সরকার।

এর আগে রাত ৮টা ৩২ মিনিটে নিজের ফেসবুক পেজে সবার কাছে দোয়া চেয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন মাহি। লিখেছেন, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

গত বছর সেপ্টেম্বর মা হতে যাচ্ছেন বলে খবর জানিয়েছিলেন মাহি নিজেই। সে সময় পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে মাহিকে উদ্দেশ্য করে এক পোস্ট দিয়ে লেখেন, ‘অভিনন্দন মাহিয়া সরকার মাহি। দল ভারী হয়ে গেল আমাদের লালালা। বাজি ফাটাবো শুধু বাজিইই। অনেক দোয়া, অনেক ভালোবাসা।’

বুলেট হারিয়ে ফেলায় পুরো শহরে লক ডাউন ঘোষণা কিমের

আন্তর্জাতিক ডেস্কঃ সৈন্যরা অ্যাসল্ট রাইফেলের ৬৫৩টি বুলেট হারিয়ে ফেলায় পুরো একটি শহরে লক ডাউন ঘোষণা করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। জানা গেছে, হায়সান নামের ওই শহরটি থেকে সৈন্যরা বুলেট উদ্ধারে ব্যর্থ হলে লকডাউনের ঘোষণা দেন কিম। খবর দ্য হিন্দুস্তান টাইমসের।

জানা গেছে, মার্চের ৭ তারিখে হায়েসানে সেনা মোতায়েন করা হয়েছিল। পরে যখন সেখান থেকে সেনাবাহিনী সরানোর সময় দেখা যায় ৬৫৩টি বুলেট কম রয়েছে তাদের কাছে।

বুলেট খুঁজতে প্রথমে সেনাসদস্যরা নিজেরাই তল্লাশি শুরু করেন। ওই শহরটিতে বাস করেন ২ লাখেরও বেশি মানুষ। বলা হচ্ছে, সেনা সদস্যরা প্রতিটি বাড়িতে তল্লাশি চালিয়েছেন। কিন্তু, বুলেট খুঁজে পেতে ব্যর্থ হন তারা। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করার পরই লকডাউন জারি করা হয় শহরটিতে।

তবে সমালোচকদের দাবি, জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়াতেই প্রপাগান্ডা ছড়াচ্ছে কিম প্রশাসন।

ছেলে সন্তানের মা হলেন মাহিয়া মাহি

ছেলে সন্তানের মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। গতকাল মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রাত ১১টা ২০ মিনিটে তিনি ছেলে সন্তানের জন্ম দেন। মাহির ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

তাছাড়া মঙ্গলবার রাত ৮টা ৩২ মিনিটে নিজের ফেসবুক পেজে দোয়া চেয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন এ চিত্রনায়িকা। মাহি লিখেছেন– ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

তবে কি জন্য তিনি দোয়া চেয়েছেন তা অবশ্য স্পষ্ট করেননি এই নায়িকা। মাহিয়া মাহির অনেক শুভানুধ্যায়ী ওই স্ট্যাটাসের কমেন্ট বক্সে মন্তব্য করেছেন। নায়িকার জন্য তারা দোয়া ও ভালোবাসা জানিয়েছেন।

এদিকে গত বছরের আগস্টে মা হওয়ার খবর জানিয়েছিলেন মাহি নিজেই। তখন এই নায়িকা বলেছিলেন, ‘আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন-রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, গত বছর ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহি।

আগামী ৫ মে ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে

 শিক্ষা ডেস্কঃ ২০২২-২৩ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি) ভর্তি পরীক্ষা আগামী ৫ মে অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার (২৮ মার্চ) থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ৮ এপ্রিল পর্যন্ত।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিডিএস ভর্তি আবেদন শুরু হয়েছে। আগামী ৮ এপ্রিল  রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ৯ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এর আগে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনকৃত শিক্ষার্থীরা ৩০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ মে (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীকে ২০২২ সনে এইচএসসি/’এ’ লেভেল/সমমান ও ২০২০ সনে এসএসসি/’ও’ লেভেল/সমমান অথবা ২০২১ সনে এইচএসসি/’এ’ লেভেল/সমমান ও ২০১৯ সনে এসএসসি/’ও’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এইচএসসি/সমমান পরীক্ষায় পাসের পূর্ববর্তী ২ (দুই) বছরের মধ্যে এসএসসি/সমমান পরীক্ষায় পাস হতে হবে।
এসএসসি / ‘ও’ লেভেল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ এবং এইচএসসি/ ‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়নসহ উত্তীর্ণ ছাত্র/ছাত্রীরা আবেদনের যোগ্য বিবেচিত হবেন। এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে।

পূর্ববর্তী বছরের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সর্বমোট নম্বর থেকে ০৫ (পাঁচ) নম্বর বাদ দিয়ে এবং পূর্ববর্তী বছরের সরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ/ইউনিট এ ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের ক্ষেত্রে মোট প্রাপ্ত নম্বর থেকে ৮.০ (আট) নম্বর বাদ দিয়ে মেধা তালিকা তৈরি করা হবে।

উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না। সকলের জন্যে এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪.০ না থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের এক ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় বিষয় ভিত্তিক নম্বর বিন্যাস: জীববিজ্ঞান ৩০, রসায়নবিদ্যা ২৫, পদার্থবিদ্যা ২০, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান (বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ) ১০। লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম নম্বর প্রাপ্তরা অকৃতকার্য বলে গণ্য হবেন।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে আজ বুধাবার (২৯ মার্চ) দুপুর ২টায়।

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ১৯.২ ওভার ব্যাটিং করার পর বৃষ্টি এসেছিল। দ্বিতীয় ম্যাচে টসের পরপরই চট্টগ্রামে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। ম্যাচ শুরু হতে তাই বিলম্ব হবে।

আর দ্বিতীয় এই টি-২০ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে চন্ডিকা হাথুরুসিংহের দল। দুই স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদি মিরাজের সঙ্গে একাদশে আছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। একাদশে আছেন তিন পেসার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। এছাড়া ব্যাটিং অর্ডারে শামিম পাটোয়ারি খেলছেন এই ম্যাচেও।

তবে আয়ারল্যান্ড দলে একটি পরিবর্তন আনা হয়েছে। ফাস্ট বোলার ক্রেইগ ইয়াংয়ের জায়গায় এসেছেন বোলিং অলরাউন্ডার ফিওন হ্যান্ড।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল শান্ত, শামিম হোসেন, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মেহেদি মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ: পল র্স্টালিং, রস এডায়ার, লরকান টাকার, হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, কার্টুস ক্যাম্পার, মার্ক এডায়ার, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, বেঞ্জামিন হোয়াইন।