স্বাধীনতার সংগঠক নূরে আলম সিদ্দিকী মারা গেছেন

রাজনীতিক ডেস্কঃ স্বাধীনতার অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য নূরে আলম সিদ্দিকী মারা গেছেন। আজ বুধবার (২৯ মার্চ) ভোর ৪টা ৩৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

নূরে আলম সিদ্দিকী ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। সাবেক এই ছাত্রনেতার মরদেহ তার গ্রামের বাড়ি ঝিনাইদহে নেওয়া হবে। সেখানে জানাজার পর বাদ আছর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা হবে। ‘গার্ড অব অনার’ প্রদানের পরে সাভারে তাকে দাফন করা হবে বলা জানানো হয়েছে।

সত্তরের দশকের তুখোড় ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী ১৯৭০-১৯৭২ মেয়াদে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। মুক্তিযুদ্ধের চার খলিফার একজন হিসেবে তাকে উল্লেখ করা হয়। মুজিববাহিনীর অন্যতম কর্ণধার ছিলেন তিনি।

নূরে আলম সিদ্দিকী ছয় দফা আন্দোলন, ভাষা আন্দোলনে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন যশোর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এ ছাড়া ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে অংশ নিয়েছিলেন নূরে আলম সিদ্দিকী।

 

সড়ক নয় যেন মৃত্যু ফাঁদ!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার থেকে শরিষতলা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এ সড়কের প্রায় দুই-তৃতীয়াংশ সড়কটির পিচ উঠে মূল সড়কের চেয়ে অনেক নিচু হয়ে গেছে। ফলে সকাল-সন্ধ্যা সড়কে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত।

জানা যায়, দুই বছর ধরে জনগুরুত্বপূর্ণ শহীদনগর বাজার-শরিষতলা সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে। এই সড়ক দিয়ে প্রতিদিন কমলগঞ্জ ও কুলাউড়া দুই উপজেলার লাখ মানুষের যাতায়াত করেন। প্রতিদিন ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে ট্রাক, পিকআপ, সিএনজি অটোরিক্সা সহ ছোট-বড় শত শত যানবাহন চলাচল করে। বৃষ্টির দিনে সড়কের গর্তগুলো পানিতে ডাকা পড়ায় বেশিরভাগ গাড়ি দুর্ঘটনার শিকার হয়।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সড়কটির প্রায় দেড় কিলোমিটার অংশের পিচ ঢালাই উঠে ৪-৫ ফিট গভীর গর্ত সৃষ্টি হয়েছে। শুকনো মৌসুমে এসব গর্ত পেড়িয়ে গাড়ি চলাচল করলেও একটু বৃষ্টি হলেই সড়ক যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়। জনগুরুত্বপূর্ণ সড়ক দিয়ে কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকার মানুষেরা যাতায়াত করেন।

আলাপকালে এ সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী যাত্রী মাহমুদুর রহমান, মাইদুল ইসলাম, রাজিব দেবনাথ জানান, এ সড়ক দিয়ে যানবাহন চলাচলের কারণে পিচ-ঢালাই উঠে মাটি বেড়িয়ে কয়েক ফুট গর্ত হয়েছে। প্রায়ই দুর্ঘটনা ঘটে। অথচ সড়কটি মেরামতের জন্য গত দুই বছর ধরে কেউ কোন কার্যকর পদক্ষেপ নেননি। সড়কটি দ্রুত সংষ্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা জানান।

স্থানীয় বাসিন্দা মাওলানা মোস্তাফিজুর রহমান, ওলিউর রহমান বলেন, গত দুই বছর ধরে খুব কষ্ট করে আমরা আসা যাওয়া করি। এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েকশো ছাত্রছাত্রী স্কুল, কলেজ ও মাদ্রাসায় আসা যাওয়া করে। সড়কের অবস্থা এতটাই বেহাল মানুষ গাড়ি ব্যবহার না করে পায়ে হেঁটে এখন যাতায়াত করে।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খাঁন বলেন, সড়কটি মেরামতের জন্য উপজেলা এলজিডি প্রকৌশলীর সাথে কথা হয়েছে। আশা করছি আগামী কিছু দিনের মধ্যে কাজ শুরু করবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, উপজেলার শহীদনগর বাজার-শরিষতলা পর্যন্ত সড়কটি দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হবে বলেও তিনি জানান।

চলতি বছরে সৌদিতে সড়ক দুর্ঘটনায় ১৭ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছরের প্রথম তিন মাসে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ বাংলাদেশি নিহত হয়েছেন। জানুয়ারিতে একজন, ফেব্রুয়ারিতে তিনজন এবং চলতি মাসেই ১৩ জন।

মধ্যপ্রাচ্যের এ দেশটিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহতের ঘটনা নতুন নয়। প্রতিনিয়ত দেশটিতে দুর্ঘটনায় প্রাণ হারান বাংলাদেশিরা। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের প্রথম তিন মাস অর্থাৎ জানুয়ারি থেকে মার্চের মধ্যে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ বাংলাদেশি নিহত হয়েছেন।

চলতি বছরের জানুয়ারিতে রাজধানী রিয়াদে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুলাল মিয়া নামের এক প্রবাসী নিহত হন। এ ঘটনায় আহত হন একই গাড়িতে থাকা আরও অন্তত পাঁচ জন। নিহত দুলাল মিয়ার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। 
গেল ফেব্রুয়ারিতে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে দামাম শহরে গাড়ির ধাক্কায় রজব আলী নামে এক ব্যক্তি প্রাণ হারান। তার বাড়ি জামালপুরে। একই মাসে পবিত্র ওমরাহ করতে গিয়ে জেদ্দা-মদিনা সড়কে দুর্ঘটনায় একই পরিবারের দুই বাংলাদেশি নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ৬ জন।  
এদিকে, চলতি মাসের শুরুতে মক্কা নগরীতে সড়ক দুর্ঘটনায় আবদুল আজিজ নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হন। তার বাড়ি চট্টগ্রামে। আর ১৩ মার্চ মদিনা থেকে মক্কা যাওয়ার পথে অপর এক দুর্ঘটনায় নিহত হন দুজন। এছাড়াও গত শনিবার (২৫ মার্চ) পবিত্র ওমরাহ হজ পালন করে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

সবশেষ গত সোমবার (২৭ মার্চ) সৌদি আরবের আসির প্রদেশে বাস দুর্ঘটনায় ২৯ জন নিহত হন, যার মধ্যে ১০ জনই বাংলাদেশি।

দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ হয়রানি ছাড়াই মানুষ ভূমিসেবা পাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই বর্তমান সরকারের লক্ষ্য। আজ বুধবার (২৯ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী জাতীয় ভূমি সম্মেলনে বক্তব্য দেন তিনি।

দেশের মানুষের ভূমিসেবা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে; কোনো হয়রানি ছাড়াই মানুষ এখন ভূমিসেবা পাচ্ছে – এ কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই বর্তমান সরকারের লক্ষ্য। ক্ষমতায় আসার পর দেশসেবায় রূপকল্প ২০২১ গ্রহণ করা হয়, যা অত্যন্ত সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।

এদিন জাতীয় ভূমি সম্মেলন উদ্বোধনের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের সাতটি নতুন উদ্যোগও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এর আগে ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমি মন্ত্রণালয়ের নানা সেবামূলক কার্যক্রম ও ভূমিসেবা ডিজিটাইজেশনের ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো খুঁজে বের করে তা মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনটি চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। জাতীয় ভূমি সম্মেলনের অন্যান্য লক্ষ্যের মধ্যে রয়েছে ভূমি মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ সম্পর্কে নাগরিকদের জানানো, সরকারি সংস্থা, অংশীজনদের জানানো, তাদের মধ্যে ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং ভূমি সংক্রান্ত বিদ্যমান  আইন ও বিধিবিধান সম্পর্কে ধারণা দেয়া।

সাতটি উদ্যোগের মধ্যে অন্যতম হচ্ছে জাতির পিতার স্মৃতিবিজড়িত লক্ষ্মীপুরের রামগতিতে স্থাপন করা বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধু শেখ মুজিব গুচ্ছগ্রাম কমপ্লেক্স। বাকি ছয়টি উদ্যোগ হলো: রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ, স্মার্ট ভূমি নকশা, স্মার্ট ভূমি রেকর্ডস, স্মার্ট ভূমি পিডিয়া, স্মার্ট ভূমিসেবা কেন্দ্র ও ইউনিয়ন ভূমি অফিস।

উদ্বোধনী অনুষ্ঠানের দিন বিকেলে ও পরবর্তী দুদিন ‘স্মার্ট ভূমি ব্যবস্থাপনায় মাঠ প্রশাসন’, ‘সায়রাত ও খাসজমি ব্যবস্থাপনা’, ‘অধিগ্রহণ ব্যবস্থাপনা, সরকারি মামলা ও সরকারি ক্রয় ব্যবস্থাপনা’ এবং ‘বাংলাদেশ ডিজিটাল জরিপ’ শীর্ষক চারটি সেমিনার বা প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। সম্মেলনের দ্বিতীয় ও তৃতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হবে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে।

আন্তঃজেলা ডাকাত সর্দার “কালা বাবুল” গ্রেপ্তার

মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াছিন আলী ওরফে কালা বাবুল (৪৫) নামের এক ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। কদর্য সোমবার (২৭ মার্চ) রাতে কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইয়াছিন আলী ওই এলাকার মৃত মর্তুজ আলীর ছেলে।

কমলগঞ্জ পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাকসহ পুলিশের একটি দল উপজেলার সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ এলাকায় আন্তঃজেলা ডাকাত সর্দার কালা বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ডাকাত সর্দারের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় ২টি, সিলেটের মোগলাবাজার থানায় ২টি, শ্রীমঙ্গল থানায় ২টি, শায়েস্তাগঞ্জ থানায় ২টি, নবীগঞ্জ থানায় ১টি, কুলাউড়া থানায় ১টি ও রাজনগর থানায় ১টি মামলা রয়েছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্ত্তী জানান, আন্তঃজেলা ডাকাত সর্দার কালা বাবুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দীর্ঘদিন যাবত পলাতক আসামী ডাকাত দলের সর্দার ইয়াছিন আলীকে উপজেলার রহিমপুর ইউনিয়ন থেকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) সকালে মৌলভীবাজারে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরন করা হয়েছে।

স্কটল্যান্ড পাচ্ছে প্রথমবারের মতো মুসলিম প্রধানমন্ত্রী

স্কটল্যান্ডে প্রথমবারের মতো মুসলিম প্রধানমন্ত্রী বা ফার্স্ট মিনিস্টার হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা, পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ। তিনিই দেশটির প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হচ্ছেন।

আজ মঙ্গলবার (২৮ মার্চ) দেশটির পার্লামেন্টে অনুমোদন পেলেই পরদিন শপথ নেবেন ৩৭ বছর বয়সী ইউসুফ।

প্রসঙ্গত, স্কটিশ প্রধানমন্ত্রী নিকোলা স্টার্জেনের আকস্মিক পদত্যাগের ঘোষণার পর তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন হামজা। পাঁচ সপ্তাহের টানাপড়েনের পর হামজা ইউসুফকে নতুন নেতা নির্বাচিত করেছে এসএনপি। এসএনপির নেতা নির্বাচন ঘিরে স্বাধীনতাপন্থী দলটির মধ্যে গভীর বিভক্তি দেখা দেয়। অবশেষে পাকিস্তানি এই বংশোদ্ভূত জয়ী হন। নিকোলা স্টার্জেনের উত্তরসূরি হিসেবে এসএনপির নেতৃত্ব দেবেন হামজা।

এদিকে নিজের এশীয় বংশধারার কথা উল্লেখ করে এক আবেগপূর্ণ বিজয়ী ভাষণে হামজা ইউসুফ বলেন,  ‘পাঞ্জাব থেকে স্কটল্যান্ড পার্লামেন্ট, এটি আমাদের প্রজন্মের যাত্রা। আমাদের পূর্ববর্তী প্রজন্মের শ্রমের ফসল।’

৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ট্রেন চলবে পদ্মা সেতুতে

আগামী ৪ এপ্রিল পদ্মা সেতুসহ মাওয়া-ভাঙ্গা সংযোগ রেলপথে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর বিষয়টি জানান রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম।

মো. শরিফুল আলম বলেন, ৩০ মার্চ সেতুতে কাজ সম্পূর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু সেটি না হওয়ায় ৪ এপ্রিল পরীক্ষামূলক ট্রেন চালানো হবে।

এছাড়া পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক আফজাল হোসেন দুপুরে বলেন, পদ্মা সেতুর উপর মাত্র ৭ মিটার কাজ বাকি আছে। এখানে শুধু স্লিপার বসানোর কাজ বাকি। এটা হয়ে গেলেই আমার পরীক্ষামূলকভাবে ট্রেন চালু করতে পারব।

উল্লেখ্য, গত মাসের শেষ দিকে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে জানানো হয়, নির্ধারিত সময়ের আগেই শেষ হচ্ছে পদ্মা রেল সেতুর নির্মাণ কাজ। ২০২৪ সালের মধ্যে প্রকল্পটির কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে আগামী জুনেই এ প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করছে রেলপথ মন্ত্রণালয়।

সামাজিকতার দ্বন্দ্বে নববিবাহিত দম্পতি বাড়ি ছাড়া!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সামাজিকতার দ্বন্দ্বে নববিবাহিত দম্পতির বিয়ে না মেনে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়।সামাজিকভাবে না জানিয়ে বিয়ে করায় নব বিবাহিত স্বামী-স্ত্রী নিজ বাড়িতে যেতে পারছেন না। বিবাহে গ্রামের মুরব্বিদের দ্বিমত থাকায় পাত্র ও পাত্রীপক্ষের কেউই নব বিবাহিত দম্পতিকে ঘরে তুলতে পারছেন না। এ বিষয়ে মৌলভীবাজার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কনে পলি আক্তার।

মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়নের উত্তর কাগাবলা গ্রামের ইমন মিয়ার সঙ্গে গত ১৯ মার্চ সাতবাক গ্রামের পলি আক্তারের বিয়ে হয়। ধর্মীয় বিধান মেনে চার লাখ টাকা কাবিন নির্ধারণ করে নিকাহনামা রেজিস্টারের মাধ্যমে তাদের বিয়ে সম্পূর্ণ করে। বিয়ের কথা এলাকায় জানাজানি হওয়ার পর পথের কাঁটার মত বাঁধা হয়ে দাঁড়ান স্থানীয় মুরব্বিরা। গত বৃহস্পতিবার (২৫ মার্চ) পলি আক্তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে জানিয়ে বিস্তারিত তুলে ধরে পোস্ট দেওয়ার পর আলোচনায় আসে বিষয়টি সর্বমহলে।

পলি আক্তার বলেন, আমার মা শিল্পি বেগম একজন সহজ সরল গৃহিনী। তিনি আমার বিয়ের বিষয়ে আমার দুঃসম্পর্কের আত্মীয় ও এলাকার মুরব্বিদের জানালে তারা আমার বিবাহকে অস্বীকার করে। বরং আমার স্বামী আমাকে অপহরণ-ধর্ষণ করেছেন বলে মিথ্যা মামলা প্রদানের জন্য আমার মাকে কুমন্ত্রণার বেড়াজালে আবদ্ধ করতে বিভিন্ন রকমের হুমকি প্রদান করে যাচ্ছেন। আমার স্বামীর আত্মীয় স্বজনকেও বিভিন্নভাবে হুমকি প্রদান করে যাচ্ছে তারা। এমনকি তারা আমার স্বামীকে প্রাণে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলে আমার মাকে জানিয়েছে।

তিনি বলেন, বিয়ের পর থেকে আমরা খুব কষ্টের মধ্যে আছি। গ্রামের মুরব্বিদের হুমকি ধামকির কারণে আমি ও আমার স্বামী উভয়ে একসঙ্গে বর্তমানে আত্মগোপনে আছি। আমি আমার স্বামীর বাড়িতে যেতে চাই। আমাদের সুন্দর জীবন দেওয়ার জন্য প্রশাসন সহ সকলের সাহায্য চাচ্ছি। আমি পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।

সদর উপজেলার আপার কাগাবলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খলকু মিয়া (৫৫), আগিহুন গ্রামের রুজিনা আক্তার (৪০), সাতবাক গ্রামের বশির আহমদ সুনু মিয়াকে (৪০) অভিযুক্ত করে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন পলি আক্তার।

পলি আক্তারের স্বামী ইমন মিয়া বলেন, আমি গত ১৯ মার্চ পলি আক্তারকে সরিয়া ও আইন মোতাবেক বিয়ে করেছি। বিয়ে করার পর আমাদের পাশের গ্রাম ও বাজারের কিছু মুরব্বিদের বাঁধায় পড়েছি। তারা আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন রকম হুমকি ধামকি দিয়ে আসছে। যার কারণে আমি আমার স্ত্রীকে নিয়ে ঘরে উঠতে পারছি না।

অভিযুক্ত আপার কাগাবলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খলকু মিয়া বলেন, এখানে দুটি আলাদা সমাজ আছে। বিয়ে হলে তাদের মধ্যে ঝামেলা আসবে। কনেপক্ষ আমার কাছে এসেছিল আমি তাদের সান্ত্বনা দিয়েছি। আমি কাউকে হুমকি ধামকি এসব কিছু দেইনি। কেউ এর প্রমাণ ও দিতে পারবে না।

আপার কাগাবলা ইউনিয়নের চেয়ারম্যান মো. ইমন মোস্তফা বলেন, আমি বিষয়টি জেনেছি। এখানে সামাজিক বাঁধা আছে। বিষয়টি সমাধানের জন্য কেউ এগিয়ে আসেনি। কেউ এখনও এই ঘটনা নিয়ে কোনো সংঘাতে জড়ায়নি।

মৌলভীবাজার মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, থানায় এসে অভিযোগ দিলে এই বিষয়ে আমরা আইনিভাবে ব্যবস্থা গ্ৰহন করবো।

মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার মো. শরীফ উদ্দিন বলেন, ওই নবদম্পতি আমাকে বিষয়টি জানিয়েছেন। আমি তাদেরকে থানায় গিয়ে আইনের আশ্রয় নেওয়ার জন্য বলেছি। আমরা তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছি।

নির্বাচনে গণমাধ্যমকর্মীদের বাধা দিলে ২-৭ বছরের কারাদণ্ড

নির্বাচনে গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের বাধা দিলে ২ থেকে ৭ বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রেখে ‘জনপ্রতিনিধিত্ব (সংশোধন) আইন, ২০২৩’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ মঙ্গলবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হোসাইন খান এ তথ্য জানিয়েছেন।

মেসিকে ফুটবল বিশ্বের শাসক ঘোষণা

স্পোর্টস ডেস্কঃ ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। বিশ্বকাপজয়ী এই দলটির সংবর্ধনা ও সম্মাননা যেন শেষই হচ্ছে না। কদিন আগে ঘরের মাঠে পানামার বিপক্ষে ম্যাচের দিন স্টেডিয়ামে আর্জেন্টাইন তারকারা পেয়েছেন সংবর্ধনা। দলটির মহাতারকা লিওনেল মেসি সোমবারও পেলেন বিরাট সম্মাননা। বিশ্বকাপের ট্রফি হাতে তার একটি ভাস্কর্য তৈরি করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের অভিভাবক কনমেবল। শুধু তাই নয়, মেসিকে বিশ্ব ফুটবলের ‘শাসক’ ঘোষণা করা হয়েছে।

দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) সোমবার মেসির সামনেই তার মেসির ভাস্কর্য উন্মোচন করে। যেটা রাখা হবে কনমেবলের জাদুঘরে। তা-ও আবার পেলে ও ম্যারাডোনার মতো কিংবদন্তিদের পাশে।  সোমবার কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেজ মেসিকে বিশ্ব ফুটবলের ‘শাসক’ ঘোষণা করেছেন।  এই সময়ে মেসির হাতে ‘ফুটবলের ব্যাটন’ তুলে দিয়ে কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেজ বলেছেন, ‘দক্ষিণ আমেরিকা ও বিশ্ব ফুটবলের নামে আজ বিশ্ব ফুটবলের নেতৃত্ব ও শাসনভার তোমার হাতে তুলে দিলাম।’

এমন সম্মানে উচ্ছ্বসিত মেসি, ‘ঈশ্বরকে ধন্যবাদ, ফুটবল ক্যারিয়ারে সবই অর্জন করতে পেরেছি আমি। এত সুন্দর উপহার দেওয়ার জন্য আমার সব সতীর্থদের ধন্যবাদ জানাই। কনমেবলকেও ধন্যবাদ জানাচ্ছি। খুবই বিশেষ আর দারুণ মুহূর্ত কাটাচ্ছি আমরা, অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। লাতিন আমেরিকান কোনো দেশের বিশ্বকাপ জেতার সময়ই ছিল এটা।’

কনমেবল জাদুঘরে নিজের ভাস্কর্য হবে, এমনটা কখনো ভাবেননি মেসি, ‘এটা আসলেই বড় এক অর্জন। কখনো এমন কিছু পাওয়ার কথা ভাবিওনি।’