নীলফামারীর ডোমারে মিতালি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু‌

মোঃ রাকিবুল হাসান, নীলফামারী ডোমার প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ভারত থেকে ছেড়ে আসা ঢাকা ক্যান্টনমেন্ট গামী মিতালি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আমিজার রহমান (৬০) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৬ মার্চ) বিকাল ৩টার দিকে ডোমার উপজেলার চিকনমাটি দোলা পাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত আমিজার রহমান ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের কাউয়াতলী এলাকার মৃত মান্দের আলীর ছেলে।

জিআরপি পুলিশ সূত্রে জানা গেছে, ভারত হতে ছেড়ে আসা ঢাকা ক্যান্টনমেন্ট গামী মিতালী এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি ও ডোমার স্টেশন পার হয়ে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের অভিমুখে যাত্রা করে। বিকাল ৩টার দিকে চিকনমাটি দোলাপাড়া এলাকায় মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধ রেল লাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে।‌আমিজার রহনানের নাতি জামিয়ার রহমান (২৪) বলেন, দাদা আগে ইট ভাটায় শ্রমিকের কাজ করতো। তিনি প্রায় নিখোঁজ হয়ে যেত। বেশ কয়েকমাস হতে দাদা মানসিক সমস্যায় ভুগছিল।

সৈয়দপুর জিআরপি থানার উপপরিদর্শক মেহেদী হাসান জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সৌদিতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৮ মার্চ) সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আসির প্রদেশ এবং আভা শহরের সঙ্গে সংযোগকারী সড়কে বাসটির ব্রেক ফেল হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা ওমরাহ পালন করতে মক্কায় যাচ্ছিলেন।

রেড ক্রিসেন্ট দলসহ জরুরি পরিষেবা সংস্থাগুলো দ্রুত সেখানে পৌঁছে আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়েছেন। তাদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকও রয়েছে। তবে তারা কোন দেশের এবং পরিচয় কী তা তাৎক্ষণিক প্রকাশ করা হয়নি।

দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের ঘটনাটি পবিত্র শহর মক্কা-মদিনায় হজ ও ওমরাহ যাত্রীদের যাতায়াতে সমস্যা হচ্ছে।

এর আগে, ২০১৯ সালের অক্টোবরে মদিনার কাছে একটি বাস দুর্ঘটনায় ৩৫ জন বিদেশি নিহত এবং চারজন আহত হয়েছিল।

পুলিশের ২০ কর্মকর্তার পদায়ন

জাতীয় ডেস্কঃ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যদার ২০ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে। গতকাল সোমবার (২৭ মার্চ) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।

পদায়নকৃত অতিরিক্ত পুলিশ সুপাররা হলেন সাউথ সুদান মিশন থেকে প্রত্যাগত এ কে এম মনিরুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে, সাউথ সুদান মিশন থেকে প্রত্যাগত মো. শাহরিয়ার আলমকে সিলেটের এসএমপিতে, পুলিশ সদর দপ্তরের মির্জা তারেক আহমেদ বেগকে নৌ পুলিশে, এসপিবিনের মো. হাসান মোস্তফা স্বপনকে দিনাজপুর জেলায়, মুক্তাগাছা এপিবিএন-২ এর মোহাম্মদ বদিউজ্জামানকে ডিএমপিতে, সাউথ সুদান মিশন থেকে প্রত্যাগত সাহাদত হোসেনকে ডিএমপিতে, সাউথ সুদান মিশন থেকে প্রত্যাগত হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমীওকে বান্দরবান জেলায়, সাউথ সুদান মিশন থেকে প্রত্যাগত তানিয়া সুলতানাকে পুলিশ সদর সদপ্তরে ও ডিএমপির মো. আহসান খানকে মেহেরপুর জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়াও ডিএমপির মো. সাইফুর রহমান আজাদকে খাগড়াছড়ি জেলায়, মঠবাড়ীয়া সার্কেলের মোহাম্মদ ইব্রাহীমকে নোয়াখালী জেলায়, গৌরনদী সার্কেলের এস. এম আল-বেরুনীকে খুলনা জেলায়, মালি মিশন থেকে প্রত্যাগত মো. মুনাদির ইসলাম চৌধুরীকে গোপালপুর সার্কেলে, ডিএমপির মো. আব্দুল্লাহ আল মামুনকে গাইবান্ধার বি সার্কেলে ও কুমিল্লা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. তোফাজ্জেল হোসেনকে মাগুরা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

পদায়নকৃত সহকারী পুলিশ সুপাররা হলেন এসএএফের ফারহানা আফরোজ জেমিকে মধুপুর সার্কেলে, বরিশাল এপিবিএন-১০ এর সাবিহা মেহেবুবাকে নেছারাবাদ সার্কেলে, এপিবিএন-১১ এর জাকিয়া সুলতানাওকে দামুড়হুদা সার্কেলে, এসপিবিএনের হুসাইন মুহাম্মদ ফারাবীকে কেন্দুয়া সার্কেলে ও নেছারাবাদ সার্কেলের মো. রিয়াজ হোসেনকে বিএমপিতে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

নেত্রকোণায় স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনী ও কর্ম পাঠ শুরু বিদ্যালয়ের শিক্ষার্থীদের

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নেত্রকোণায় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রতিদিনের কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জীবন ও কর্ম পাঠ শুরু হয়েছে।

সারা বছরব্যাপী প্রাতিষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে ‘যে আগুন ছড়িয়ে গেলো সবখানে, সময়ের রেখায় বঙ্গবন্ধু’ বই থেকে প্রতিদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম পাঠ করবে শিক্ষার্থীরা।

সোমাবার সকালে বিদ্যালয় ম্যানিজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিদ্যালয় ম্যানিজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

লোকালয়ে পোল্ট্রি খামার; অতঃপর দুর্গন্ধে নাভিশ্বাস এলাকাবাসীর

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম ভবানীপুর গ্রামে লোকালয়ে অবৈধভাবে স্থাপিত পরিবেশ নষ্টকারী ‘নিরব লেয়ার মুরগির খামার ’এর  ভয়াবহ দুর্গন্ধ থেকে মুক্তি চায় গ্রামবাসী।

উপজেলার পশ্চিম ভবানীপুর গ্রামের সামছু মিয়ার ছেলে আবুল কাশেমের মালিকানাধীন লেয়ার মুরগির খামার। গ্রামবাসী কতৃক অভিযোগের বরাতে গিয়ে সরেজমিনে ঘুরে দেখা যায় লোকালয়ের মধ্যে গড়ে উঠা ফার্মের দুর্গন্ধ ছড়াচ্ছে লেয়ার মুরগির খামার থেকে। স্থানীয় বাসিন্দা পশ্চিম ভবানীপুর গ্রামের হারিছ এর সাথে কথা হয় তিনি অভিযোগ করে বলেন আমাদের বসতঘড়ে দুর্গন্ধের ফলে আমাদের  ছেলে, মেয়েরা ও সঠিকভাবে ধর্মীয় নিয়মরীতি নামাজ (রোজা) ও স্বাভাবিক জীবনযাত্রা পালনে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। আমাদের বসতবাড়ী থেকে ২০ ফুট দূরত্ব এই লেয়ার মুরগির খামার মালিক আবুল কাশেম (২৯) কে জানাই তোমার লেয়ার মুরগির খামার এর দুর্গন্ধে আমাদের জীবনযাত্রা নাভিশ্বাস হয়ে উঠেছে দুর্গন্ধের কারণে। কাশেম আমাদের বলে লেয়ার মুরগির খামারের বিষয়ে কোন কথা বললে যেকোন মামলার হুমকি ধামকি দিয়ে বলে মামলা করতে হবে না এমনি আসামি হয়ে যাবে।  আরও বলেন কিসের দুর্গন্ধ, দুর্গন্ধ তো নেই! এমতাবস্থায় আমরা উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে আহ্বান  জানাচ্ছি লেয়ার মুরগির খামার এর ভয়াবহ দুর্গন্ধ থেকে মুক্তি চাই।

প্রতিবেশী হাজী সিকান্দর আলী, ছালাম, নাঈম, রফিক, ফরমুজ, রোকসানা আক্তারসহ অনেকে বলেন রাস্তাদিয়ে  যাতায়াতে অসুবিধা হয়ে পড়েছে একমাত্র দুর্গন্ধের কারণে!  রাস্তার পাশে লেয়ার মুরগির খামারের দুর্গন্ধ ছড়িয়ে চারিদিকে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে আমাদের জীবনে। নিরব লেয়ার মুরগির খামারের দুর্গন্ধ থেকে গ্রামবাসী মুক্তি চায়। খামার থেকে ছড়ানো দুর্গন্ধে আমাদের প্রতিবেশি (১৫০) টি পরিবার দীর্ঘদিন যাবত স্বাস্থ্য ঝুঁকিতে ভোগছি। এছাড়াও দুর্গন্ধে আমাদের ছেলে,মেয়েরা ও ঠিকমতো লেখাপড়া করতে পারছে না, বয়জেষ্ঠদের শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। শিক্ষার্থীদের লেখাপড়ায় যেমন বিঘ্ন ঘটছে তেমনি সঠিকভাবে ধর্মীয় নিয়মরীতি ও স্বাভাবিক জীবন যাত্রায় ব্যহত হচ্ছে কোন কিছু নিয়ম-কানুন মেনে পালন করতে পারছি না।

তাছাড়াও কাশেমের অপরিকল্পিত লেয়ার মুরগির খামার এর দুর্গন্ধযুক্ত বিষ্টা গড়িয়ে পড়ছে কৃষি জমিতে । যার ফলে,গ্রামের বায়ু দূষিত হচ্ছে। ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে আশপাশের বসতবাড়ীতে থাকা লোকজন অস্বাস্থ্যকর পরিবেশে দিনাতি পাত পার করছেন গ্রামবাসী।

এবিষয়ে পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা সহকারী পরিচালক মাঈদুল ইসলাম এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, পশ্চিম ভবানীপুর গ্রামবাসীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

রমজানে ব্যতিক্রম উদ্যোগ মানবিক বাজার ডোনেট ঝুড়ি

পারভেজ সরকার, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ বাজারে আব্দুল মতিনের দোকানে সবজি ক্রয় করতে যেয়ে হঠাৎ চোখে পড়বে ‘মানবিক বাজার, আল্লাহ সবই দেখছেন’ এমন ব্যানার এবং একটি ক্যারেট ঝুড়ি। রায়গঞ্জ বাজার উপজেলা রোডে খুচরা তরকারি বাজারে আব্দুল মতিনের দোকানের সামনে দিয়ে হেটে যাওয়ার সময় চোখে পড়বে এমন একটি ব্যানার এবং ঝুড়ি।

উপজেলার স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের সদস্যরা অসহায় গরীব দুঃখী মানুষের পাশে দাড়াতে এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান দোকান মালিক আব্দুল মতিন।এই উদ্যোগ নিয়ে কথা হয় সংগঠনটির অন্যতম সদস্য ও উপজেলার বাশুড়িয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি কাজল দাসের সাথে তিনি জানান, রমজানের শুরু থেকে এমন একটি সেবামূলক কাজ করার প্রত্যয় নিয়ে এমন উদ্যোগ নিয়েছেন তারা। বর্তমান বাজারে নিত্যপণ্যের লাগামহীন মূল্যের কারণে অনেক নিম্নবিত্ত পরিবারের মানুষেরা সবজি সহ বাজার সামগ্রী কিনে খেতে পারছেন না। এছাড়া বর্তমানে অনেক পরিবার রয়েছে যারা বাজার করতে এসে দাম  বেশি হওয়ায় আর বাজার কিনতে পারছে না।

মূলত এমন মানুষদের পাশে থেকে সহযোগিতা করার উদ্যেশেই এমন ব্যবস্থা করছেন সংগঠনটি।স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের প্রতিষ্ঠাতা এস.এম বাহাদুর আলী জানান, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের সদস্যরা রমজান মাসের শুরু থেকে বাজারের বিভিন্ন স্থানে মানবিক বাজার, আল্লাহ সবই দেখছেন লেখা সংবলিত  ঝুড়ি রেখে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। যারা সবজি নিতে দোকানে আসেন তারা এখানের প্রয়োজনীয় সবজি কিনে গরীব মানুষদের সহযোগিতা করার জন্য ঝুড়িতে সামর্থ্য অনুযায়ী রেখে যান। আর যারা কিনে খেতে পারেন না তারা ঝুড়ি থেকে প্রয়োজন অনুযায়ী সবজি সংগ্রহ করে নিয়ে যান। আলু, বেগুন থেকে শুরু করে যাবতীয় সবজিসহ শাক ও শুকনা বাজার এই ঝুড়িতে যে কেউ গরীব মানুষের সাহায্যার্থে রেখে যেতে যান। বর্তমানে দ্রব্য মূল্যের উর্ধ গতিতে বাজারে এমন উদ্যোগকে সকলে সাধুবাদ জানিয়েছেন।

শাকিব খানের মামলার তদন্তে পিবিআই

বিনোদন ডেস্কঃ প্রযোজক রহমতউল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান। আজ সোমবার (২৭ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াতের আদালতে এ মামলা করেন তিনি।

আদালত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা আমলে নিয়ে শাকিব খানের জবানবন্দি গ্রহণ করেন এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।  

এর আগে, গেল ২৩ মার্চ মামলা করতে আদালতে যান শাকিব খান। ওইদিন তিনি প্রযোজক রহমতউল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যার হুমকির অভিযোগ এনে একটি মামলা করেন। 

এছাড়া গত শনিবার (১৮ মার্চ) রহমতউল্লাহর বিরুদ্ধে মামলা করতে রাজধানীর গুলশান থানায় হাজির হয়েছিলেন শাকিব খান। তবে থানা মামলা নেয়নি। থানা থেকে আদালতে গিয়ে মামলা করার পরামর্শ দেয়া হয়।

গতকাল রোববার (১৯ মার্চ) দুপুরে মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে যান তিনি। এ সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে প্রায় পাঁচ ঘণ্টা আলোচনা করেন শাকিব খান।

সৌদিতে এক সপ্তাহে ১৭ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার

প্রবাসী ডেস্কঃ সৌদি আরবে এক সপ্তাহের ব্যবধানে প্রায় ১৭ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির বসবাস, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৬ থেকে ২২ মার্চের মধ্যে তাদের সবাইকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে সৌদি আরবের আবাসিক ব্যবস্থা লঙ্ঘনের অভিযোগে ৯ হাজার ২৫৯ জন, সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘনের অভিযোগে ৪ হাজার ৮৯৯ জন এবং শ্রমবিধি লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৪৯১ জন গ্রেফতার হন।

মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরবে অপরাধ সংঘটিত করে পালানোর চেষ্টাকারী অপরাধীদের সহায়তা করার সময় ১৮ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। সবমিলিয়ে সৌদি থেকে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। 
প্রায় সাড়ে ৩ কোটির জনসংখ্যার দেশ সৌদি আরবে বিপুলসংখ্যক প্রবাসী রয়েছে। দেশটির গণমাধ্যম নিয়মিতভাবে দেশের আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান দমন ব্যবস্থায় কয়েক হাজার অবৈধ প্রবাসীকে গ্রেফতারের খবর দিয়েছে। গত সপ্তাহেও ১৬ হাজারেরও বেশি এই ধরনের অবৈধ প্রবাসীকে গ্রেফতারের কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

চার-ছক্কার বৃষ্টি নামালেন লিটন-রনি

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে হয়ত ভুলই করে ফেলেছেন আয়ারল্যান্ডের নতুন টি-টুয়েন্টি অধিনায়ক পল স্টার্লিং। লিটন দাস ও রনি তালুকদার ব্যাটে যেভাবে চার-ছয়ের বন্যা বইছে, তাতে টস জয়ের পর দলীয় সিদ্ধান্ত কেবল আক্ষেপই বাড়াবে সফরকারীদের। 

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে পাওয়ার প্লে’র ৬ ওভারে এসেছে ৮১ রান। যা বাংলাদেশের সর্বোচ্চ। আগের সেরা সংগ্রহ ছিল ৭৪ রান।

লিটন ৪০ ও রনি ৩৮ রানে অপরাজিত আছেন। দুজন মিলে চার মেরেছেন সাতটি, ছক্কা হাঁকিয়েছেন পাঁচটি।

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও বাড়ল

রাজনীতিক ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। আগের দুই শর্তে ষষ্ঠ দফায় তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। গতকাল রোববার (২৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, এবারো শর্ত দেওয়া হয়েছে যে, নিজ বাসায় থেকে খালেদা জিয়াকে চিকিৎসা নিতে হবে এবং এ সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালত। রায়ের দিনই খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয়। একই বছর ৩০ অক্টোবর মামলায় আপিলে তার আরও পাঁচ বছরের সাজা বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট। পরে সরকারের নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করা হয়।