তিউনিসিয়া উপকূলে নৌকাডুবে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্কঃ তিউনিসিয়া উপকূলে নৌকাডুবে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও ৩৪ জন। একটি মানবাধিকার সংগঠনের বরাত দিয়ে গতকাল রোববার (২৬ মার্চ) আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনের তথ্যমতে, সাব-সাহারান আফ্রিকান অঞ্চলের এসব শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু নৌকাটি তিউনিসিয়ার মাহদিয়া উপকূলে ডুবে যায়।

সাম্প্রতিক সময়ে ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীদের কাছে তিউনিসিয়া অন্যতম একটি কেন্দ্রে পরিণত হয়েছে। গত চার দিনে তিউনিসিয়া উপকূলে অন্তত পাঁচটি নৌকা ডুবে যায়। এতে ৬৭ জন নিখোঁজ এবং ৯ জনের মৃত্যু হয়।

তিউনিসিয়ার কোস্টগার্ড জানিয়েছে, গত চার দিনে তারা ৮০টি নৌকা থামিয়ে তিন হাজারেরও বেশি মানুষকে আটক করেছে। আটকের অধিকাংশই আফ্রিকার সাব-সাহারা অঞ্চল থেকে এসেছে।

উল্লেখ্য, চলতি বছর ইতালিতে নামতে পারা অভিবাসন প্রত্যাশীদের মধ্যে অন্তত ১২ হাজার তিউনিসিয়া থেকেই রওনা হয়েছিল। গত বছর এই সংখ্যা ছিল মাত্র এক হাজার ৩০০।

নতুন সময়সূচিতে চলবে অফিস-ব্যাংক

জাতীয় ডেস্কঃ আজ সোমবার (২৭ মার্চ) থেকে নতুন সময়সূচিতে চলবে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস। নতুন সময়সূচি অনুযায়ী রমজান মাসে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা অফিসের সময় নির্ধারণ করে সরকার।

গত ১৩ মার্চ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।‌ প্রথম রোজা থেকেই এই সময়সূচি চালু হওয়ার সিদ্ধান্ত হয়।

এবার রমজানের প্রথম দিন শুক্রবার, দ্বিতীয় দিন শনিবার ছিল সরকারি ছুটি এবং রোববার ছিল মহান স্বাধীনতা দিবসের ছুটি। তাই রমজানের তিনদিন পার হওয়ার পর সোমবার (২৭ মার্চ) থেকেই নতুন সময়সূচিতে চলবে অফিস।

গত ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে জানানো হয়, রমজান মাসের জন্য ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সূচি অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস।

এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে অব্যাহত রাখা যাবে ব্যাংকের লেনদেন।

২৬ মার্চ, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস

ফিচার নিউজঃ দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ঘটে একটি ভূখন্ডের, যার নাম বাংলাদেশ। ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ রোববার (২৬ মার্চ)। ৫২ সালের মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই ১৯৭১ সালে এসে পূর্ণাঙ্গ রূপ পায়। পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর নির্যাতন, নির্বিচার হত্যাযঞ্জ ও রক্তসাগর পাড়ি দেয়ার পর মেলে পরম চাওয়া স্বাধীনতার। যথাযথ মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে দিনটি।

দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতি ১৯৭১ সালের এই দিনে কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করে। স্বাধীন বাংলাদেশ এবার ৫২ বছরে পা দিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন।

১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পর দীর্ঘ ১৯০ বছরে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন-শোষণ ও নির্যাতনের হাত থেকে ১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশের মানুষ মুক্তি পেলেও পূর্ব বাংলার মানুষের ওপর জেঁকে বসে নতুন জান্তা। ধর্মের ভিত্তিতে ভারতকে ভাগ করে পাকিস্তান নামের যে রাষ্ট্রের জন্ম হয়; ভৌগলিক বিছিন্নতা, ভাষা ও সংস্কৃতির কোনো মিল না থাকা সত্ত্বেও পূর্ব বাংলাকে তার সঙ্গে যুক্ত করা হয়। বাঙালির ওপর চাপিয়ে দেওয়া এই রাষ্ট্রটির যাত্রার শুরুতেই পূর্ব বাংলার মানুষ অত্যাচার, শোষণ, নির্যাতন, নিপীড়ন, অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকসহ বিভিন্ন দিক থেকে বৈষমের স্বীকার হয়। তবে এই পরিস্থিতি তখন থেকেই মেনে নেয়নি এ ভূখণ্ডের মানুষ। পাকিস্তানের শাসকগোষ্ঠীর বৈষম্যমূলক আচরণ, নির্যাতনের বিরুদ্ধে বাংলার ছাত্র, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদে নামে, আন্দোলন গড়ে তুলতে থাকে। দ্রুতই এই আন্দোলন সংগ্রামগুলো একত্রিত হয়ে জাতীয় সংগ্রামে রূপ নিতে থাকে, যা স্বাধীন ও মুক্তিসংগ্রামে পরিণত হয়ে রক্ষক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্যমে চুড়ান্ত বিজয় অর্জিত হয়। আর বাঙালির এই আন্দোলন-সংগ্রামকে সংগঠিত ও নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

পাকিস্তানের শৃঙ্খলে আবদ্ধ বাঙালি জাতি শুরু থেকেই অধিকার আদায়ের আন্দোলনে নামে। পাকিস্তানের শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসতে ধাপে ধাপে আন্দোলন গড়ে ওঠে। মহান ভাষা আন্দোলন, ’৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন, ’৬২ শিক্ষা আন্দোলন, ৬ দফা, ’৬৯-এর গণঅভ্যুন্থান, ’৭০-এর নির্বাচনসহ দীর্ঘ প্রায় ২৫ বছরের ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে জাতি ১৯৭১ সালে এসে উপনীত হয়। পাকিস্তানের সামরিক, স্বৈরশাসন, অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন এক পর্যায়ে স্বাধিকার ও স্বাধীনতার আন্দোলনে পরিণত হয়। আর বাঙালির এ আন্দোলনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের এক পর্যায়ে স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বে আসেন শেখ মুজিবুর রহমান।

১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের (তৎকালীন রেসকোর্স) বক্তব্যে বাঙালির মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে স্বাধীনতা অর্জনে পাকিস্তানিদের বিরুদ্ধে মরণপণ সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে শক্তি ও সাহস যুগিয়েছিলেন তিনি। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। ২৫ মার্চ কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নিরস্ত্র বাঙালির ওপর আক্রমণ ও গণহত্যা শুরু করে। অপারেশন সার্চ লাইটের নামে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। বঙ্গবন্ধুর এই ঘোষণার মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে একটি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের। তাৎক্ষণিকভাবে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়।

স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা বার্তা লিখে যান- ‘ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। ….চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও। ’

বঙ্গবন্ধু এই ঘোষণা প্রথমে ইপিআর-এর ওয়্যারলেসের মাধ্যমে প্রচারিত হয় এবং সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে এই বার্তা দেশব্যাপী ছড়িয়ে পড়ে।

বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে বাংলার সর্বস্তরের মানুষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাঙালির কাছে পরাজিত পাকিস্তানি বাহিনী ১৬ ডিসেম্বর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করে। মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লক্ষ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে বাঙালি জাতি চূড়ান্ত বিজয় অর্জিত হয়।

জাতির শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রীয় কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করে।

 

কন্যা সন্তানের বাবা হলেন মার্ক জাকারবার্গ

আন্তর্জাতিক ডেস্কঃ মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা ও ফেসবুবেক সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তৃতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন। মার্ক জাকারবার্গ ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করে তাদের তৃতীয় সন্তান অরেলিয়া চ্যান জাকারবার্গের ভূমিষ্ঠ হওয়ার খবর দিয়েছেন।

ইনস্টাগ্রাম পোস্টে জাকারবার্গ লিখেছেন, ‘অরেলিয়া চ্যান জাকারবার্গ, তোমাকে পৃথিবীতে স্বাগত! তুমি ছোট্ট এক আশীর্বাদ হয়ে এলে।’

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা গেছে, জাকারবার্গ নবজাতক সন্তানের দিকে তাকিয়ে হাসছেন। দ্বিতীয় ছবিতে দেখা গেছে, প্রিসিলা চ্যান নবজাতককে বুকে জড়িয়ে শুয়ে আছেন।

গত বছরের সেপ্টেম্বরে জাকারবার্গ তার স্ত্রীর আবারও অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করেছিলেন। তিনি লিখেছিলেন, ‘অনেক ভালোবাসা। আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে ম্যাক্স ও অগাস্ট আগামী বছর নতুন একটি বোন পেতে যাচ্ছে।

২০১২ সালে জাকারবার্গ ও প্রিসিলার বিয়ে হয়। তাদের সাত ও পাঁচ বছর বয়সী দুটি কন্যাসন্তান আছে। ২০১৫ সালের ডিসেম্বরে জাকারবার্গের প্রথম সন্তান মাক্সিমা চ্যান জাকারবার্গের জন্ম হয়। ২০১৭ সালের আগস্টে জন্ম হয় দ্বিতীয় সন্তানের। তার নাম রাখা হয় আগস্ট।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় চ্যানের সঙ্গে জাকারবার্গের পরিচয়। ২০০৩ সালে প্রেমে জড়ান তারা। ২০১২ সালে বিয়ে করেন।

জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান একজন শিশুরোগ বিশেষজ্ঞ এবং সমাজসেবী। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়ার পর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করেছেন।

জাতীয় গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চান প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (২৫ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিরস্ত্র বাঙালির ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। পাকিস্তানের সঙ্গে যুদ্ধে প্রায় ৩০ লাখ মানুষ শহীদ হয়েছিলেন। স্বাধীনতার ৪৬ বছর পর জাতীয় সংসদে সিদ্ধান্ত নিয়ে ২০১৮ সাল থেকে জাতীয়ভাবে দেশে ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত হচ্ছে।

স্বাধীনের পর থেকে গণহত্যার স্বীকৃতি আদায়ের বিষয়ে নানা আলোচনা হচ্ছে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, ওয়ার ক্রাইমস ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ জাদুঘর, গণহত্যা জাদুঘরসহ নানা সংগঠনের প্রচেষ্টায় গত কয়েক দশকে গণহত্যার স্বীকৃতির দাবি জোরালো হয়। বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষও গণহত্যায় শহিদদের স্মরণে দেশে নানা কর্মসূচি পালন করে থাকে।

ইতিহাসের অন্যতম বৃহত্তম গণহত্যা হলেও জাতিসংঘে বা আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক কোনো দলিলে এর স্বীকৃতি এখনো নেই। আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে কিছু উদ্যোগ নেওয়া হলেও পরে আর তার ধারাবাহিকতা অনুসরণ করা হয়নি।

শনিবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় স্বাগত বক্তব্যে সরকারপ্রধান গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চান।

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় ১১জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় ইরানপন্থী গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ১১ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৪ মার্চ) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে, ইরানপন্থী ওই গোষ্ঠী মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালায়। ওই হামলায় যুক্তরাষ্ট্রের এক ঠিকাদার নিহত এবং পাঁচ মার্কিন সেনা আহত হয়েছেন। জবাবে সিরিয়ার পূর্বাঞ্চলে একাধিক বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী।

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তারা এই হামলা চালিয়েছে। হামলায় ওই গোষ্ঠীর ১১ জন সদস্য নিহত হয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ওই গোষ্ঠীর স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। কোনো গোষ্ঠী আমাদের সেনাদের ওপর হামলা চালিয়ে শাস্তি থেকে রেহাই পাবে না।

জাতীয় গণহত্যা দিবস আজ

জাতীয় ডেস্কঃ ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস আজ। এদিন রচিত হয় মানব ইতিহাসের বর্বরতম অধ্যায়। ১৯৭১ সালের এইদিনে মধ্যরাতে ‘অপারেশন সার্চলাইট-এর নামে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী রাজধানীসহ সারাদেশে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে।

রাত তখন সাড়ে ১১টা। ঢাকাবাসী ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সে সময় সেনানিবাস থেকে একে একে বেরিয়ে আসে ট্যাঙ্ক কামানসহ সাঁজোয়া বহর। মুক্তিকামী বাঙালীকে চিরতরে স্তব্ধ করতে পাকিস্তানি শাসকরা নিরীহ মানুষ হত্যায় সৈন্যদের লেলিয়ে দেয়। অপারেশন সার্চ লাইটের নামে ঐ রাতে পাকিস্তানি বাহিনী বাঙালী হত্যায় মেতে ওঠে। ঢাকা পরিণত হয় লাশের শহরে।

এভাবে রাতের আঁধারে ঘুমন্ত মানুষের ওপর অত্যাধুনিক অস্ত্রসজ্জিত কোনও বাহিনীর আক্রমণের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এইদিন শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল।

প্রথম আক্রমণ হয় রাজারবাগ পুলিশ লাইনে। বাঙ্গালি পুলিশ সদস্যরা প্রথম প্রতিরোধ গড়ে তোলে। শহীদের রক্তে রঞ্জিত হয় রাজারবাগ। ইতিহাসের বর্বরতম গণহত্যায় পাকিস্তানি সেনাদের সঙ্গে যোগ দেয়, এদেশীয় রাজাকার, আলবদর আর আলশামস বাহিনী।

আক্রমণ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, ধানমন্ডি, পলাশীসহ রাজধানীর বিভিন্ন জায়গায়। সেদিন নিরীহ মানুষদের হত্যা করেই ক্ষান্ত হয়নি পাকিস্তানি সেনারা। জ্বালিয়ে দেয়া হয় ঘর বাড়ি আর গুরুত্বপূর্ণ স্থাপনা। সেনা অভিযানের শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর ধানমন্ডির বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়।

গণমাধ্যমের খবরে বলা হয়, একরাতেই প্রায় এক লক্ষ বাঙালী হত্যা করে পাকিস্তানিরা। অতীতে বাংলাদেশে গণহত্যার দিবসটি উপেক্ষিত হলেও বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে। ২০১৭ সাল থেকে জাতীয়ভাবে গণহত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে।

জাতীয়ভাবে গণহত্যা দিবস পালনে ইতিহাসের দায় হয়তো কিছুটা মিটেছে, তবে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের চ্যালেঞ্জ দিন দিন বাড়ছে।

গণহত্যার সাথে জড়িত পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যদের বাঙালি নিধনের দায়ে বিচারের মুখোমুখি করা এখন প্রজন্মের দাবি।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৫ মার্চ) রাত ১০টা ৩০মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাসমূহ এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী প্রদান করেছেন এবং সংবাদপত্রসমূহে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

এদিন সকাল সাড়ে ৯টায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে গণহত্যা দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সারাদেশে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া স্কুল, কলেজ এবং মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের কন্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকাসহ সকল সিটি কর্পোরেশনের মিনিপোলগুলোতে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রচার করা হবে।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে এদিন বাদ জোহর/সুবিধাজনক সময়ে দেশের সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়গুলোতে প্রার্থনা করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও দিবসের তাৎপর্য তুলে ধরে কর্মসূচি পালন করা হবে।

স্নাতক পাসে স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

চাকরির খবরঃ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘এক্সিকিউটিভ / সিনিয়র এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নামঃ এক্সিকিউটি / সিনিয়র এক্সিকিউটিভ ।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃপ্রার্থীকে যেকোনো বিষয়ে  স্নাতক পাস হতে হবে।

– পদ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

– প্যাটার্ন, ডেনিম, নন-ডেনিম ও কম্পিউটার বিষয়ে জ্ঞান হতে হবে।

– ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

– বয়সসীমা ৩৫ বছর।

কর্মস্থলঃ ডুবালিপাড়া ভালুকা, ময়মনসিংহ।

আবেদন প্রক্রিয়াঃ প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখঃ ১০ এপ্রিল, ২০২৩।

সূত্র: বিডিজবস।

মাংসের দাম না কমলে আমদানি করা হবে

দাম না কমলে ব্রয়লার মুরগি ও গরুর মাংস আমদানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুত, সরবরাহ, বাজার পরিস্থিতি ও বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমনটি বলেন।

মো. জসিম উদ্দিন বলেন, এখন গরু ও পোল্ট্রির দাম অস্বাভা‌বিকভাবে বেড়েছে। দে‌শীয় এ খাতকে বাঁচাতে এতদিন মাংস আমদা‌নি বন্ধ ছিল। আমদা‌নি করলে য‌দি বাজারে দাম কমে যায়, তাহলে আমদা‌নি করতে হ‌বে। মানুষ য‌দি ন্যায্যমূল্যে পণ্য কিনতে না পা‌রে, তাহলে ইন্ডা‌স্ট্রির কথা চিন্তা করে লাভ নেই।

এফ‌বি‌সি‌সিআই সভাপ‌তি জানান, এবার চাহিদার তুলনায় বেশি খেজুর আমদানি করা হয়েছে। শুধু খেজুর নয়, চি‌নি ও ভোজ্যতেলসহ অন্যান্য পণ্যও পর্যাপ্ত রয়েছে।

তিনি বলেন, দুবাইয়ে প্রতি কেজি গরুর মাংস ৫০০ টাকা। কিন্তু দুবাইয়ে গরু উৎপাদন হয় না। তারা আমদানি করে যদি ৫০০ টাকা দি‌তে পা‌রে তাহলে আমা‌রা উৎপাদন ক‌রে কেন এ‌ত দা‌মে কিন‌ব? ব্রয়লার মুরগি এখন ২৮০ টাকা কেজি। এখন যদি সরকার মনে ক‌রে আমদানি করলে দাম কম পড়বে, তাহলে আমদানি করবে।

রমজানে সরকার বাজার পর্যবেক্ষণে কঠোর রয়েছে উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বলেন, কোনো বাজারে বেশি দাম রাখা হলেই কিন্তু বাজার কমিটি বাতিল করবে সরকার। একইসঙ্গে দাম বেশি নেওয়া প্রতিষ্ঠানের লাইসেন্সও বাতিল করা হবে। আমরা চাই না রোজায় দাম বেশি নেওয়ার কারণে কোনো ব্যবসায়ীর লাইসেন্স বাতিল হোক বা কাউকে আটক করা হোক।

সভায় মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, কেউ যদি অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ায় তাহলে লাইসেন্স বাতিলের সুপারিশ করা হবে।

তাসকিন-হাসানের বোলিংয়ের অগ্নিঝড়ে আইরিশরা লণ্ড ভণ্ড

আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) বাংলাদেশের সুযোগ এসেছে আরেকটি সিরিজ জয়ের। সেই লক্ষ্যে প্রথমে বোলিংয়ে নেমে আইরিশদের ব্যাটিং লাইনআপে ঝড় তুলেছেন টাইগার দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। তাদের বোলিং অগ্নিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে আইরিশদের ব্যাটিং লাইনআপের টপ অর্ডার।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের শুরুতেই টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৬৮ রান তুলেছে আয়ারল্যান্ড দল। দুই অপরাজিত ব্যাটার কুর্টিস ক্যাম্ফার ১৬ ও লরকান টাকার ২৮ রানে ব্যাট হাতে দলের বিপর্যয় কাটানোর চেষ্টা করছেন। টাইগার পেসার হাসান ৩টি ও তাসকিন আহমেদ ১ উইকেট শিকার করেছেন।