বিশ্বে করোনায় আরও ৫৮৭ জনের মৃত্যু

 স্বাস্থ্য ডেস্কঃ করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৫৮৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ৩৯৬ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৫ হাজার ৯১৯ জন। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১১৮ জনের এবং আক্রান্ত হয়েছে ১১ হাজার ৬৫৮ জন। একইসময়ে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১২ হাজার ১৬ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের।

এ ছাড়া ফ্রান্সে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৫১৯ জন এবং মৃত্যু হয়েছে ৩৫ জনের। জার্মানিতে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৮২ জন এবং মৃত্যু হয়েছে ৯২ জনের। ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৪৫২ জন এবং মৃত্যু হয়েছে ৪০ জন। জাপানে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৬৮৩ জন এবং মৃত্যু হয়েছে ২৯ জনের। রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ৩৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের। তাইওয়ানে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৬৮ জন এবং মৃত্যু হয়েছে ২০ জনের। মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ২৯৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ৪ হাজার ২০২ জন এবং মৃত্যু হয়েছে ৩২ জনের।

একইসময়ে চেকিয়ায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৩০০ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। পেরুতে আক্রান্ত হয়েছে ৬৭ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ১৭৮ জন এবং মারা গেছেন ১০ জন। সার্বিয়ায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। আয়ারল্যান্ডে আক্রান্ত হয়েছে ৮৮১ জন এবং মৃত্যু হয়েছে ৩১ জনের। কোস্টারিকায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪২৩ জন এবং মৃত্যু হয়েছে ২৫ জনের। তিউনিসিয়ায় আক্রান্ত হয়েছে ২৬০ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। মালদোবায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৭১ জন এবং মৃত্যু হয়েছে ২৩ জনের। এস্তোনিয়ায় আক্রান্ত হয়েছে ৩৬৪ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের। ত্রিনিদাদ ও টোবাগোতে আক্রান্ত হয়েছে ৪৫০ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ২৮ লাখ ৭ হাজার ৭০৮ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ২২ হাজার ৮০ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৫৬ লাখ ৪৭ হাজার ৭০২ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

 

কম্পিউটার-এর স্পিড বাড়াতে বারবার Refresh, ভুল না সঠিক?

বর্তমানে কম্পিউটারের সাথে আমাদের সবারই কম বেশী পরিচয় আছে। তবে কম্পিটার চালাতে গিয়ে বেশিরভাগ মানুষ মনে করেন, কম্পিউটার চালু করার পর হোম স্ক্রিন রিফ্রেশ (refresh) করলে বা F5 বোতাম টিপলে জাদুর মতো কম্পিউটার দ্রুত কাজ করতে শুরু করে। এছাড়া কিছু মানুষ মনে করেন, এটি সিস্টেমের কর্মক্ষমতা বৃদ্ধি করে।

তবে আপনি জেনে অবাক হবেন, হোম স্ক্রিনে রিফ্রেশ অপশনে ক্লিক করলে এরকম কিছুই হয় না। তাহলে এখন আপনার মনে প্রশ্ন জাগবে, আসলে কী উদ্দেশ্যে এই রিফ্রেশ করা হয়? আসলে ডেস্কটপ অর্থাৎ হোম স্ক্রিন নিজেই একটি ফোল্ডার। এক্ষেত্রে আপনি যখন সেটি রিফ্রেশ করেন তখন সেটি সর্বশেষ তথ্য সহ ফোল্ডার দেখায়।

উদাহরণ হিসেবে বলতে গেলে, আপনি হোম স্ক্রিন-এর একাধিক ফোল্ডারগুলি অ্যালফাবেটিক অর্ডার-এ রিনেম (rename) করুন। এর পর সেটি পর পর না দেখালে একবার রিফ্রেশ করলেই সেগুলো পর পর দেখাবে। একইভাবে আপনি যদি কোনও একটি ফোল্ডারে কিছু পরিবর্তন করে থাকেন বা একটি শর্টকাট তৈরি করে থাকেন, কিন্তু, সেটি না দেখায় তা হলে আপনি রিফ্রেশ করলেই হোম স্ক্রিনে সেটা দেখাবে।

এই হল হোম স্ক্রিন রিফ্রেশ (refresh) করার ফল। এছাড়া এটি কখনই কম্পিটারের গতি বৃদ্ধির কোন কাজ করে না। 

বাইডেন-ট্রুডোর পক্ষ থেকে রমজানের শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্কঃ রমজান মাস উপলক্ষে সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) এক বিবৃতিতে তারা এই শুভেচ্ছা জানান।

জো বাইডেন বলেন, ইসলামিক পবিত্র রমজান মাস শুরু উপলক্ষে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি আমি এবং জিল শুভকামনা জানাই। পবিত্র এই মাসটি নিজেকে নতুন করে গড়ার, দাতব্য কাজ, ইবাদত এবং সমৃদ্ধির সময়। আমরা আপনাদের সাফল্যমণ্ডিত এবং শান্তিপূর্ণ রমজান কামনা করি।

বিবৃতিতে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষ এবং পাকিস্তানের বন্যাদুর্গতদেরও স্মরণ করেছেন জো বাইডেন। তিনি বলেন, আমরা তুরস্ক এবং সিরিয়ার জনগণের প্রতি সহায়তার হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়ানো অব্যাহত রাখব। একই সঙ্গে পাকিস্তানের জনগণের পাশেও আমরা থাকব।

বিবৃতিতে জাস্টিন ট্রুডো বলেছেন, রমজান মুসলিম ক্যালেন্ডারের নবম মাস, আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার মাধ্যমে এই মাস শুরু এবং শেষ হয়। এ মাসটি মুসলমানদের জন্য আধ্যাত্মিক চিন্তা, উপবাস, প্রার্থনা এবং দাতব্য দান করার সময়। এ মাসে মুসলিমরা সারাদিন রোজা রেখে সন্ধ্যার পর পরিবার এবং বন্ধুদের নিয়ে একসঙ্গে ইফতার উপভোগ করেন। ইফতার শেষে তারা নামাজ আদায় করেন।

ট্রুডো বলেন, রমজান সমবেদনা, কৃতজ্ঞতা এবং উদারতার মূল্যবোধগুলো প্রতিফলিত করার সুযোগ দেয়। রমজানের শুরুতে আমাদের প্রাণবন্ত এবং বৈচিত্র্যময় জাতীয় সমাজে মুসলিম সম্প্রদায়ের চলমান অবদান উদযাপনে সকল কানাডিয়ানের সঙ্গে যোগ দিচ্ছি আমি। আমাদের পরিবারের পক্ষ থেকে, সোফি এবং আমি যারা একটি আশীর্বাদপূর্ণ এবং শান্তিপূর্ণ রমজান উদযাপন করছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাই।

 

সিনেমায় ভিলেন হয়ে আসছেন শ্রাবন্তী

এবার নায়িকার মুখোশ ছেড়ে সিনেমায় ভিলেন বা খলনায়িকা হয়ে আসতে চলছেন টলি কুইন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পরিচালক রাজর্ষি দে-র ‘সাদা রঙের পৃথিবী’ ছবিতে দ্বৈত চরিত্রে দর্শকের মন জয় করতে আসছেন তিনি। এই ছবিতেই শ্রাবন্তীকে ইতিবাচক চরিত্রের পাশাপাশি খলনায়িকা চরিত্রেও অভিনয় করতে দেখা যাবে।

শ্রাবন্তী ছাড়াও রাজর্ষির ছবিতে অভিনয় করছেন অরিন্দম শীল, সৌরসেনী মৈত্র, দেবলীনা কুমার, ঋতব্রত মুখোপাধ্যায়ের মতো টলিপাড়ার নামজাদা তারকারা।

মুক্তি মণ্ডপ নামে একটি বিধবা আশ্রমকে কেন্দ্র করেই তৈরি হয়েছে সাদা রঙের পৃথিবী ছবির প্রেক্ষাপট। সিনেমার একটি বড় অংশের শ্যুটিং হবে বারাণসীতে। ইতিমধ্যেই কাস্ট অ্যআন্ড ক্রু-কে নিয়ে সেখানে পৌঁছে গিয়েছেন পরিচালক। সেখানে বিশ্বনথের মন্দিরে পুজো দিয়ে শুরু হচ্ছে সিনেমার শ্যুটিং।

দ্বৈত চরিত্রের জন্য শ্রাবন্তীকে ভাবা সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন পরিচালক রাজর্ষি দে। রাজর্ষির মতে, শ্রাবন্তী একজন প্রতিভাবান শিল্পী। পর্দায় একজন মিষ্টি বা রোমান্টিক নায়িকা হিসাবেই দর্শকের কাছে বিশেষভাবে পরিচিত শ্রাবন্তী। এবার সেই ছকভাঙা চরিত্র থেকে বেরিয়ে শ্রাবন্তীর নতুন পরিচয় তৈরির চেষ্টাই করছেন পরিচালক রাজর্ষি দে। একদিকে দেবী চৌধুরানির মতো চরিত্র তো অন্যদিকে প্রথমবার নেগেটিভ ভূমিকায় পর্দায় আবির্ভাব ঘটবে শ্রাবন্তীর। এই সময়।।

আগামী ১৯ মে হবে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি

শিক্ষা ডেস্কঃ আগামী ১৯ মে ৪৫তম বিসিএসের দিন ধার্য করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি  নিশ্চিত করেছে।

পিএসসি বলছে, ৪৫তম বিসিএসের সর্বশেষ তথ্য অনুসারে, এতে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। গত বছরের ৩০ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১০ ডিসেম্বর আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর। ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে।

প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তর দিলে প্রতিটি ভুলের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর করে কাটা যাবে।

ব্যবসা বা ভ্রমণ ভিসায় গিয়ে যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ

অনলাইন ডেস্কঃ ভ্রমণ অথবা ব্যবসায়ের কাজে যারা যুক্তরাষ্ট্রে যাবেন তারা সেখানে গিয়ে চাকরি করতে পারবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিক ও অভিবাসী সেবা সংস্থা (ইউএসসিআইএস)। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক উদ্দেশ্যে যারা যেতে চান তাদের বি-১ ও যারা ভ্রমণে যেতে চান তাদের বি-২ ক্যাটাগরির ভিসা দেওয়া হয়। এ দুই ক্যাটগরির যেসব ভিসাধারী কাজ করতে আগ্রহী— তারা চাকরির আবেদন ও চাকরি পাওয়ার পর কর্মক্ষেত্রে যোগ দিতে পারবেন। তবে এর আগে তাদের ভিসার ধরণ পরিবর্তন করতে হবে।

বুধবার (২২ মার্চ) ইউএসসিআইএস একটি টুইট বার্তায় বলে, ‘অনেকে জিজ্ঞেস করেন বি-১ ও বি-২ ভিসাধারীরা নতুন কাজের খোঁজ করতে পারবেন কিনা। উত্তর হলো, হ্যাঁ। বি-১ এবং বি-২ ভিসাধারীদের চাকরি খোঁজা ও ইন্টারভিউ দেওয়ার অনুমতি আছে।’

তবে একই সঙ্গে সংস্থাটি মনে করিয়ে দিয়েছে, নতুন কাজ শুরুর আগে, বি-১ ও বি-২ ভিসা থেকে অন্য ভিসা পাওয়ার আবেদন ও এটির অনুমোদন অবশ্যই পেতে হবে।

এছাড়া নন-ইমিগ্রেন্ট ভিসাধারীদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা আছে বলেও জানিয়েছে সংস্থাটি। সেগুলো পরিষ্কার করার চেষ্টা করেছে তারা।

সংস্থাটি বলেছে, যখন একজন নন-ইমিগ্রেন্ট কর্মী চাকরি হারান, তারা আসলে জানেন না তাদের কী করার আছে। এমনকি কেউ কেউ ভাবেন, তাদের ৬০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। ৬০ দিনের এ সময়টি শুরু হয়, চাকরি হারানোর পর শেষ বেতন পাওয়ার পর থেকে।

এ ব্যাপারে সংস্থাটি বলেছে, যখন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে কেউ চাকরি হারান বা ছেড়ে দেন, তারা চাইলে যুক্তরাষ্ট্রে থাকার জন্য, যোগ্যতা থাকা সাপেক্ষে একাধিক ব্যবস্থা নিতে পারেন।

যার মধ্যে রয়েছে নন-ইমিগ্রেন্ট ভিসার ধরণ বদল করা; অবস্থান পরিবর্তনের আবেদন করা; চাকরির কাগজপত্রের অনুমোদনের ‘জরুরি পরিস্থিতির’ আবেদন করা; অথবা চাকরি পরিবর্তনের সুবিধার আবেদন।

সংস্থাটি আরও জানিয়েছে, যদি চাকরিচ্যুত হওয়ার ৬০ দিনের মধ্যে এগুলোর যে কোনো একটির আবেদন করা হয় তাহলে নন-ইমিগ্রেন্ট ভিসাধারীদের আরও ৬০ দিন যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়া হবে।

তবে ভ্রমণ ভিসায় গিয়ে চাকরি পাওয়ার পর যদি কাউকে কাজের অনুমোদন না দেওয়া হয় তাহলে তাকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে।

নওগাঁয় হরিজন কলোনীতে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় মাধক বিরোধী  সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টায় শহরের সুইপার কলোনী মহল্লায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই সেমিনারের আয়োজন করে।

নওগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাছ বাজার সংলগ্ন সুইপার কলোনী মহল্লায় আয়োজিত মাদক বিরোধী সেমিনারে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ লোকমান হোসেন। নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সেমিনারে অন্যান্যের মধ্যে আলোচনা করেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, স্থানীয়পৌর কাউন্সিলর শেখ আব্দুল মালেক খোয়াজ, হরিজন সম্প্রদায়ের নেতা সাবাব চন্দ্র হাড়ি ও চন্দন বাঁশফোড়।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদসহ ১ জন আটক

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ৪৫ বোতল বিদেশি মদসহ আকরাম হোসেন (২৭) নামে ১ জনকে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ।

আকরাম উপজেলার রনশিয়া চন্দ্রা এলাকার ইসমাইল হোসেনের ছেলে গত মঙ্গলবার (২১ মার্চ) উপজেলার জাবরহাট ইউনিয়নের রনশিয়া চন্দ্রা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পীরগঞ্জ থানার (এসআই) মকুল কুমার সেন জানান, মঙ্গলবার (২১ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার রনশিয়া চন্দ্রা এলাকা থেকে আকরাম হোসেনকে ৪৫ বোতল বিদেশি নিষিদ্ধ মদসহ আটক করে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, সংশোধনীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ২০১৮ সালে আইনের ধারায় মামলা করা হয়েছে। পরদিন বুধবার দুপুরে ২২ (মার্চ) ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন এ ধরনের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কার-২০২৩ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেয়া হয়।

পুরস্কার পাওয়া ব্যক্তিরা হলেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামসুল আলম, মরহুম লে. এ জি মোহাম্মদ খুরশীদ, শহিদ খাজা নিজামউদ্দিন ভূইয়া এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এছাড়া সাহিত্যে মরহুম ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ বা সেলিম আল দীন, সংস্কৃতিতে পবিত্র মোহন দে, ক্রীড়ায় এ এস এম রকিবুল হাসান, গবেষণা ও প্রশিক্ষণে বেগম নাদিরা জাহান বা সুরমা জাহিদ ও ড. ফেরদৌসী কাদরী। আর পুরস্কারের জন্য মনোনীত প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর।

উল্লেখ্য, সরকার ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এ পুরস্কার প্রদান করে আসছে। স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রামের স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেয়া হয়।

পসবিদ সংস্থার প্রধান নির্বাহী আজাদ এর বিরুদ্ধে অভিযোগ করে সংবাদ সম্মেলন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে পসবিদ উন্নয়ন সংস্থা‘র শ্রীমঙ্গল ব্রাঞ্চ ম্যানেজার মোঃ তোফাজ্জল হোসেন বুধবার (২২ মার্চ) সংবাদ সম্মেলন করেছেন।

লিখিত বক্তব্য ভুক্তভোগী জানান-চলতি বছরের গত ১৩ মার্চ সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে যাওয়ার পথে কয়েকজন লোক জোরপূর্বক তার গাড়ী রোধ করে চাবি ছিনিয়ে নেয় এবং প্রতারণা করে সঞ্চয়ের টাকা পসবিদে জমা না করে পালিয়ে বেড়াচ্ছি বলে চিৎকার করতে থাকে। এর কিছুক্ষণ পরে কয়েকজন লোক এসে তাকে মৌলভীবাজার মডেল থানায় নিয়ে যান। পরবর্তীতে পসবিদ উন্নয়ন সংস্থার প্রধান নিবার্হী মোঃ আজাদ আলী তাকে তার নিজ জিম্মায় থানা থেকে অফিসে নিয়ে যান। ভয় ভীতি দেখান এবং প্রায় ৫০ থেকে ৬০ জন সদস্যকে উপস্থিত করেন। সেখানে তাকে নির্যাতন করা হয়। রাত আনুমানিক ২ঘটিকায় অফিস রুমের কক্ষে তালাবদ্ধ অবস্থায় রেখে সবাই চলে যায়। তিনি নিরুপায় হয়ে ৯৯৯ কল করলে জরুরী ফোন পেয়ে শ্রীমঙ্গল থানার এস আই সুব্রত তাকে থালা ভেঙ্গে উদ্ধার করে শ্রীমঙ্গল থানায় নিয়ে যান।

পসবিদ উন্নয়ন সংস্থার প্রধান নিবার্হী ও উনার পরিচিত লোকজন জোরপূর্বক এবি ব্যাংক শ্রীমঙ্গল শাখার তিনটি চেক স্বাক্ষর করে নেন এবং ৩০০ টাকার ষ্টাম্পে স্বাক্ষর নেন। এবং চেক ডিজনার মামলা দায়ের করবেন বলে হুমকি দেন। তোফাজ্জল এবং তার স্ত্রী মাহমুদা আক্তার-কে জিম্মী করে উক্ত তিনটি চেক ও ষ্টাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে মর্মে অভিযোগে উল্লেখ করেন। তিনি পসবিদ উন্নয়ন সংস্থার কার্যনিবার্হী কমিটির সভাপতিসহ অন্য সকল সদস্যগণকে অবগত করেন। কিন্তু উনারা তাকে জানান, প্রধান নিবার্হীর অতিথিতেও অনেক ম্যানেজার ও কর্মীর সাথে এমন কর্মকান্ডই সংগঠিত হয়েছে।

ব্রাঞ্চ ম্যানেজার ভুক্তভোগী মোঃ তোফাজ্জল হোসেন আরো জানান-আমি সদস্যের টাকা সঞ্চয় হিসেবে জমা নিয়েছি। এবং পসবিদ এ জমা করেছি। আমার কাছে হিসাব রক্ষক ও প্রধান নিবার্হী স্বাক্ষরিত সীট ও প্রাপ্তী স্বীকার রয়েছে। পসবিদ উন্নয়ন সংস্থাকে “সবার জন্য বাসস্থান” ও “মুজিবশতবর্ষ” উক্ত দুইটি প্রকল্পে গৃহ নির্মাণের জন্য বাংলাদেশ ব্যাংক ২২০৩৬৯৮১ টাকা ঋণ প্রদান করে। কিন্তু কোনো সদস্যকেও প্রধান নিবার্হী কর্মকর্তা গৃহ নির্মাণ বাবদ ঋণ প্রদান করেন নাই। এই বিষয়টি বাংলাদেশ ব্যাংকের অডিট কর্তৃক প্রমাণিত হয়েছে। কালীঘাট ইউপি ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক রিপন, কালীঘাট ইউনিয়নের ইউপি মেম্বার শাওন পাশী, মোঃ ইদ্রিস আলী, দায়াল বোর্নাজি , সহ-সম্পাদক কাশিনাথ মৃধাসহ কয়েকজন নির্বাচিত প্রতিনিধির স্বাক্ষর ও সীল জাল করে প্রধান নিবার্হী সদস্যের তথ্য প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছেন। যাদের সীল ও স্বাক্ষর নকল করা হয়েছে।

গত ১৩ জানুয়ারী ক্রেডিট অফিসার টুইংকেল কর্মকারকে খারাপ ভাষায় গালি দেওয়ায় প্রধান নিবার্হী ও টুইংকেল কর্মকারের মধ্যে তর্কের সৃষ্টি হয়। গালি দেওয়া ঠিক হয়নি মর্মে প্রতিবাদ করলে তার উপর ক্ষিপ্ত হন। গত ১৮ জানুয়ারী প্রধান নিবার্হী‘র স্বাক্ষরীত প্রাইম ব্যাংক শ্রীমঙ্গল ব্রাঞ্চ ও এবি ব্যাংক শ্রীমঙ্গল ব্রাঞ্চের ৬টি চেকের পাতা চুরি হয় এবং দুইটি চেকের মাধ্যমে টাকা উত্তোলন করা হয়। এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় পসবিদ উন্নয়ন সংস্থার শ্রীমঙ্গল ব্রাঞ্চের কর্মকর্তা ক্রেডিট অফিসার রায়হান আহমদ-কে অভিযুক্ত করে অভিযোগ প্রদান করা হয়।

এ বিষয়ে মোঃ তোফাজ্জল হোসেন প্রতিবাদ করে বলেন, চেক বই নির্বাহী‘র আলমারিতে রক্ষিত। আলমারির তালা সুরক্ষিত আছে, এমনকি চুরিও হয় নি তাহলে কিভাবে চেকের পাতা চুরি হল! বিগত ২৭ ফেব্রুয়ারী প্রধান নিবার্হী ব্যক্তিগত প্রয়োজনে মোঃ তোফাজ্জল হোসেন এর কাছ থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ধার নেন। যাহার প্রাপ্তি স্বীকার তার কাছে রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারীতে পারিবারিক প্রয়োজনে ছুটি নিয়ে গত ১ মার্চ ঢাকায় চলে যান। সেখানে অবস্থানকালীন সময়ে প্রধান নিবার্হী বিভিন্ন সদস্যদের জানান- তিনি সঞ্চয়ের টাকা অফিসে জমা না করে পালিয়ে গেছেন মর্মে মিথ্যা অপ-প্রচার করেন। তিনি যোগদানের পর সবুজবাগ, কাকিয়াছড়া, নোয়াগাঁও, উত্তর ভাড়াউড়া ইত্যাদি জায়গাগুলোতে সমিতি গঠন করা হয়। এবং সদস্যদের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ করা হয়। কিন্তু বর্তমানে প্রধান নিবার্হীর নির্দেশে হিসাব রক্ষক জিয়াউর রহমান ও কানু রায় প্রনয় যোগসাজশে কালেকশন সিট ও আদায় যোগ্য রেজিষ্ট্রারে কারচুপি করে সঞ্চয় জমা কম দেখানো হয়েছে। পূর্বের কালেকশন সিটের কপি দেখলে তা পরিস্কার হয়ে যাবে। শ্রীমঙ্গল ব্রাঞ্চ ম্যানেজার ভুক্তভোগী মোঃ তোফাজ্জল হোসেন উক্ত বিষয়টি উল্লেখ করে মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মর্মে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-ভুক্তভোগী‘র স্ত্রী মাহমুদা আক্তার, পসবিদ উন্নয়ন সংস্থার শ্রীমঙ্গল ব্রাঞ্চের ক্রেডিট অফিসার মিনতি রাণী শীল, ক্রেডিট অফিসার অজিত ব্যুনার্জি, ক্রেডিট অফিসার টুইংকেল কর্মকার, তাহমিনা আক্তার প্রমুখ।

অভিযোগকারীরা সাংবাদিকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করে বলেন আমরা প্রান ভয়ে আছি যে কোন সময়, যে কোন স্থানে বিপদজনক ঘটনার মুখোমুখি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে বলেন আমাদের ন্যায্য ও ন্যায় বিচার প্রার্থী আমাদের রক্ষা করেন সকলে।