কুমিল্লায় ফিল্মি স্টাইলে পিস্তল ঠেকিয়ে তরুণী অপহরণ

এম শামীম আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে ফিল্মি স্টাইলে প্রকাশ্য দিবালোকে পিস্তল ঠেকিয়ে একাদশ শ্রেনীতে পড়ুয়া ইসরাত জাহান জান্নাত (১৭) নামের এক তরুণীকে নিজ বাড়ি থেকে জোরপূর্বক প্রাইভেটকারে উঠিয়ে অপহরণ করে একদল সন্ত্রাসী। সোমবার দুপুরে উপজেলা সদরের মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত কলেজছাত্রী ইসরাত জাহান (১৭) উপজেলা সদরের মাস্টার পাড়া এলাকার প্রবাসী দেলোয়ার হোসেনের মেয়ে এবং উপজেলার কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।

এ ঘটনায় উপজেলা সদরের ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তরুণীর মা আবিদা সুলতানা ৪ জনের নাম উল্লোখসহ অজ্ঞাতনা ৩ জনের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলো, উপজেলার করিমপুর গ্রামের মৃত্যু মতিউর রহমানের ছেলে আজিজুর রহমান রনি (৩৫), ভাই হাবিবুর রহমান সানি (২১), উপজেলা সদরের তকদির হোসেনের ছেলে রাব্বি (২৪) ও কামরুল (২৫)।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত মতিউর রহমানের ছেলে হাবিবুর রহমান সানি নুসরাত জাহান জান্নাতকে উত্যেক্ত সহ কলেজে আসা যাওয়ার সময় বিরক্ত করে করে আসছিল এবং তাছাড়া বিভিন্ন সময় নুসরাত জাহান জান্নাতকে অশ্লীল ভাষায় ডাকাডাকি করতো। সোমবার দুপুরে উপজেলা সদরের মাস্টার পাড়া এলাকার প্রবাসী দেলোয়ার হোসেনের বাড়িতে হাবিবুর রহমান সানির নেতৃত্বে দেশীয় অস্ত্র, রাম দা, পিস্তলসহ অভিযুক্তরা অপহরনে নেতৃত্ব দেয়। এসময় সন্ত্রাসীদের হাতে অস্ত্র দেখে আশপাশের লোকজন আতঙ্কে এদিক-সেদিক ছোটাছুটি শুরু করে। পরে কলেজছাত্রী নুসরাত জাহান জান্নাতকে তুলে নেওয়ার চেষ্টা করলে তার মা বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে অপহরণকারীরা মাকে মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর করেন এবং পিস্তল ঠেকিয়ে জোরপূর্বক জান্নাতকে সন্ত্রাসীরা একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যায়।

পরে খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

অপহৃত কলেজ ছাত্রীর মা সুলতানা বেগম বলেন, আমি বাড়ির ময়লা ফেলার জন্য গেট খুললে কোনকিছু বুঝার আগেই মহূূর্তের মধ্যেই হাবিবুর রহমান সানি সহ দুজন আমার বাসায় প্রবেশ করে আমার মাথায় পিস্তল ঠেকিয়ে আমাকে মারধর করে আমার মেয়েকে জোরপূর্বক নিয়ে যায়। এসময় আমি চিৎকার করে বাড়ি থেকে বের হলে হাবিবুর রহমান সানি বলে যায় আজিজুর রহমান রনির নির্দেশে আমার মেয়েকে অপহরণ করা হয়েছে। আমি ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি এবং দ্রুত আমার মেয়েকে উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি আবুল হাশিম বলেন, সোমবার রাতে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার রহস্য উদঘাটন করার চেষ্টা করছে পুলিশ। তাছাড়া ওই ছাত্রীকে উদ্ধারপূর্বক আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

বাতিল হওয়া ম্যাচটি পুনরায় খেলতে হবে আর্জেন্টিনা-ব্রাজিলের

স্পোর্টস ডেস্কঃ ২০২২ বিশ্বকাপ বাছাই পর্বের বাতিল হয়ে যাওয়া ম্যাচটি পুনরায় খেলতে হবে আর্জেন্টিনা-ব্রাজিলের। গতকাল সোমবার ফিফার আপিল কমিটি ম্যাচটি নিয়ে ব্রাজিল এবং আর্জেন্টিনার আপিলগুলো পর্যালোচনা করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এর আগে ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচটি পুনরায় না খেলতে আপিল করেছিল ফিফার কাছে। সেই আপিল খারিজ করে এ রায় দিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির আপিল কমিটি। গত বছরের সেপ্টেম্বরে সাও পাওলোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-ব্রাজিল। তবে ম্যাচ শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই মাঠে হানা দেয় ব্রাজিলের আইনশৃঙ্খলা বাহিনী। আর্জেন্টিনার ৪ জন খেলোয়াড় দেশটির করোনা সম্পর্কিত বিধি লঙ্ঘন করার অভিযোগে তখন তাদের আটক করতে উদ্যত হয় ব্রাজিলের আইন প্রয়োগকারীরা। অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার পর ম্যাচটি বাতিল হয়ে যায়।

ব্রাজিল ও আর্জেন্টিনা বেশ আগেই দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। ১৭ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। বাছাইপর্বে পণ্ড হওয়া এ ম্যাচই বাকি আছে দুই পরাশক্তির। এবার ফিফা দুই দলের সেই ম্যাচকে ঘিরে করা আপিলগুলো পর্যালোচনা করে ম্যাচটি পুনরায় আয়োজনের নির্দেশ বহাল রেখেছে। এছাড়া সেই ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুই দলকেই জরিমানা করেছে ফিফা। ম্যাচ বাতিল হওয়ার কারণে দুই দলকে প্রায় ৪৪ লাখ টাকা জরিমানা করেছে।

আগামী জুনে অস্ট্রেলিয়ায় একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার। ম্যাচটি খেলতে শেষ পর্যন্ত দুই দেশ খেলতে সম্মত হবে নাকি বিষয়টি নিয়ে আরও জলঘোলা হবে সেটা সময়ই বলে দেবে। এই ম্যাচ আয়োজিত হোক না হোক, বিশ্বকাপের আগে মেসি-নেইমারদের মুখোমুখি হওয়া কিন্তু নিশ্চিত।

 

সাংবাদিককে মারধর করলো হাইওয়ে পুলিশ

নূর মোহাম্মদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে মহাসড়কে দুর্ঘটনার ছবি তোলায় এক সাংবাদিককে মারধর করে মোবাইল কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করেছেন হাইওয়ে পুলিশের এক এসআই। রবিবার (৮ মে) বেলা ১১টার দিকে মহাসড়কের শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয় সাংবাদিক নজরুল ইসলাম জাকি জানান, বেলা সাড়ে ১০টার দিকে মহাসড়কে সিএনজি অটোরিক্সা এবং প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সাক্ষাতকার ও ছবি ভিডিও করছিলাম। এসময় হাইওয়ে পুলিশের গাড়ি থেকে নেমে পোশাক পরিহিত এসআই শাহাদত হোসেন আমাকে কিছু না বলেই মারধর করতে থাকেন। এসময় সাংবাদিক পরিচয় দিলে তিনি মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করে দেন।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শাহাদত হোসেন জানান, আমি তাকে মারধর করিনি তবে তার সঙ্গে যা হয়েছিল তার জন্য সরি বলেছি।।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম বানিউল আনামকে বার বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তিমুলক ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন শেরপুর মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

ঠাকুরগাঁওয়ে বিশ্বকবি রবীঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গত ৮ মে রাতে জেলা প্রশাসনের আয়োজনে জেলাস্কুল বড়মাঠ চত্বরে কবির স্মৃতিচারনে কবিতা আবৃতি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মামুন ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মোছাঃ সুলতানা রাজিয়া, পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যা, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর আওয়ামী লীগ সভাপতি এ্যাড.অরুণাশু দত্ত টিটো, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামসুজ্জামান প্রমুখ।

এ ছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রীমঙ্গলে বিশ্বের চতুর্থ বিষধর সাপ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বিরল প্রজাতির বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাচাউন গ্রামের মুক্তিযোদ্ধা আনিসুর রহমানের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।

পরে বন বিভাগের লোকজনকে খবর দিলে এসে সাপটি নিয়ে  লাউয়াছড়া ন্যাশনাল পার্কে অবমুক্ত করে ।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার মিত্র প্রতিবেদক’কে জানান, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে দেখতে পাই একটি শঙ্খনী সাপ। পৃথিবীর বিরল প্রজাতির বিষধর ১০ টি সাপের মধ্যে এটির অবস্থান চতুর্থ স্থানে। পরে সাপটি উদ্ধার করে লাউয়া ছড়া ন্যাশনাল পার্কে অবমুক্ত করি।

দেশের সম্প্রীতিতে আঘাত, সিঙ্গাপুরে নিষিদ্ধ হল ‘দ্য কাশ্মীর ফাইলস’

বিনোদন ডেস্কঃ একতরফা মুসলিম বিদ্বেষ দেখানোর অভিযোগে কাশ্মীরি পণ্ডিতদের নিপীড়ণ নিয়ে তৈরি সিনেমা দ্য কাশ্মীর ফাইলস নিষিদ্ধ হল সিঙ্গাপুরে। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই মিশ্র জাতির দেশে ভারতীয় এই ছবিকে সিনেমা হল প্রদর্শনীতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই দেশের সিনেমা সংক্রান্ত গাইডলাইন লঙ্ঘিত হয়েছে বলে জানিয়েছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ।

খবর চ্যানেল নিউজ এশিয়ার বরাতে জানা যায়, সিঙ্গাপুরের সিনেমা নিয়ন্ত্রণ সংস্থা দ্য ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি (আইএমডিএ) দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, হিন্দি ভাষার ‘দ্য কাশ্মীর ফাইলস’র বিষয়বস্তু তাদের নীতিমালার বাইরে। এই ছবিতে যা দেখানো হয়েছে তা এদেশের সম্প্রীতিকে আঘাত করতে পারে। যা কিনা দেশে অশান্তি সৃষ্টি করতে পারে। সেই কারণেই এই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

তারা আরো জানিয়েছে, এই ছবিটি অত্যন্ত উস্কানিমূলক এবং একতরফা মুসলিম বিদ্বেষ দেখিয়েছে হিন্দুদের নিপীড়ণের নামে। কাশ্মীরে হিন্দুদের উৎখাত নিয়ে মুসলিমদের ভিলেন করা হয়েছে ছবিতে। এই ধরনের প্রদর্শনের ফলে দুই সম্প্রদায়ের মধ্যে দ্বেষ বাড়তে পারে। সামাজিক সম্প্রীতি নষ্ট হবে এবং ধর্মীয় একাত্মবোধে আঘাত করবে। সিঙ্গাপুরের মতো বহুজাতীয় সমাজে কুপ্রভাব ফেলবে এই ছবি।

প্রসঙ্গত, বিবেক অগ্নিহোত্রী পরিচালিত-নির্মিত এই ছবি চলতি বছরের ১১ মার্চ মুক্তি পেয়েছে ভারতের প্রেক্ষাগৃহে। স্বল্প বাজেটের সিনেমাটি বক্স অফিস থেকে এখন পর্যন্ত ২৫০ কোটি রুপিরও বেশি ব্যবসা করেছে। নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের দেশত্যাগ এবং হত্যাকে ঘিরে এগিয়েছে সিনেমাটির গল্প। ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, পল্লবী জোশী, মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতারা।

ইতিমধ্যেই ছবির জন্য বিবেককে আগাম শুভেচ্ছাবার্তা দিয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। স্বাগত জানিয়েছেন শিখ দাঙ্গার শিকার হরবিন্দ্র সিংহ ফুলকাও।

 

শ্রীলংকায় বিক্ষোভকারীদের থেকে বাঁচতে নিজ গুলিতে এমপির আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর বাইরে সরকার বিরোধী বিক্ষোভ চলার সময় বিক্ষোভাকারীদের হাত থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য অমরাকীর্থি আথুকোরালা।

গতকাল সোমবার রাজধানী কলম্বোর উপকণ্ঠে বিক্ষোভকারীদের অবরোধের মুখে পড়েন তিনি। এ সময় দুই বিক্ষোভকারীকে গুলি করেন। এতে ২৭ বছরের এক যুবক মারা যান এবং সরকারবিরোধী বিক্ষোভকারীরা তাকে ঘিরে ধরেন। পরে নিজের পিস্তল দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন তিনি। খবর এএফপির।

এদিকে, শ্রীলংকায় প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সমর্থক ও সরকারবিরোধীদের সংঘর্ষের মধ্যে এক সংসদ সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৯০ জনের বেশি।পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই গত সোমবার পদত্যাগ করেছেন মাহিন্দা রাজাপাকসে।

উল্লেখ্য, অব্যাহত অর্থনৈতিক সংকটের কারণে দেশটির সাধারণ মানুষ এক মাসের বেশি সময় ধরে কলম্বোসহ দেশটির বড় শহরগুলোতে বিক্ষোভ করছেন। তারা রাজাপক্ষে পরিবারকে রাজনীতি থেকে সরে দাঁড়ানোরও দাবি জানিয়েছেন। দাবি আদায়ের লক্ষ্যে কলম্বোতে প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে গত ৯ এপ্রিল থেকে অবস্থান করছেন বিক্ষোভকারীরা।

এমন প্রেক্ষাপটে গতকাল সোমবার সকালে দেশের প্রত্যন্ত এলাকা থেকে কয়েকটি বাসে করে প্রধানমন্ত্রীর হাজারও সমর্থক তার সরকারি বাসভবনের কাছে জড়ো হন। তখন মাহিন্দা রাজাপাকসে প্রায় তিন হাজার সমর্থকের উদ্দেশ্যে বক্তব্য দেন এবং তিনি তাদের ‘জাতিকে স্বার্থ রক্ষার’ প্রতিশ্রুতি দেন।

অবশেষে সহিংসতা বন্ধে দেশজুড়ে কারফিউ জারি করেছে শ্রীলঙ্কা পুলিশ।

কুমিল্লার চান্দিনায় এলডিপির মহাসচিবের ছোঁড়া গুলিতে দুই নেতা গুলিবিদ্ধ

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এর ছোঁড়া গুলিতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকবলীগ দুই নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রেদোয়ান আহমেদকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (৯ মে) দুপুর আড়াইটায় চান্দিনা উপজেলা সদরের রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ মমতাজ আহমেদ ভবনের সামনে ওই ঘটনা ঘটে। ঘটনার পরপর রেদোয়ান আহমেদ থানায় আশ্রয় নিলে উত্তেজিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা-কর্মীরা চান্দিনা থানার প্রধান ফটক ঘেড়াও করে।

গুলিবিদ্ধরা হলেন- চান্দিনা পৌরসভার ৫নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা রূপনগর এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম সরকারের ছেলে পৌর ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান জনি সরকার (২২)। জনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অপরজন হলেন চান্দিয়ারা গ্রামের নূরুল ইসলাম এর ছেলে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ কর্মী নাজমূল হোসেন নাঈম (২৮)।

প্রত্যক্ষদর্শী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি জানান, চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ছাত্রলীগ ঈদের পূর্ব থেকে সোমবার (৯ মে) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করতে প্রস্তুতি নিয়েছে। এরই মধ্যে পৌর এলডিপিও একই দিন একই স্থানে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। দুপুর থেকে ছাত্রলীগের আয়োজনে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা যখন মমতাজ আহমেদ ক্যাম্পাসে আসতে শুরু করে ঠিক দুপুর আড়াইটায় দিকে রেদোয়ান আহমেদ গাড়ি নিয়ে ওই ক্যাম্পাসের সামনে এসে গাড়ি থেকে ২টি গুলি করে দ্রুত স্থান ত্যাগ করে থানায় গিয়ে আশ্রয় নেয়।
রেদোয়ান আহমেদ এর গুলিতে জনি ও নাজমুল গুলিবিদ্ধ হয়। তাদেরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তখন।
পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা কাজী আখলাকুর রহমান জয়েল জানান, রেদোয়ান আহমেদ রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে আমাদের নেতা-কর্মীদের উপর অমানবিক ভাবে গুলি চালায়।

সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ জানান, আমাদের পূর্ব নির্ধারিত প্রোগ্রাম ছিল। আমাকে প্রধান অতিথি করে চিঠির মাধ্যমে পৌর এলডিপি কার্যক্রম পরিচালনা করে। এরই মধ্যে আমাদের প্রধান ক্যাম্পাসে ছাত্রলীগকে প্রোগ্রাম করার জন্য অনুমতি দেওয়া হয়। আমরা ক্যাম্পাস-২ মমতাজ আহমেদ ভবনে পুর্ব নির্ধারিত প্রোগ্রাম করার কথা। দুপুরে আমি ক্যাম্পাস-২ এর সামনে গেলে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের লোকজন আমার গাড়িতে হামলা করে। আমি আত্মরক্ষার্থে আমার লাইসেন্স করার সর্টগানে গুলি চালাই। কার গায়ে গুলি লেগেছে আমি বলতে পারবো না। পরে আমি থানায় এসে আশ্রয় নেই।

সিনিয়র সহকারি পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবাল জানান, পাবলিক রোষানলে রেদোয়ান আহমেদ থানায় আশ্রয় নিতে আসলে আমরা তাকে আটক করি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

কুড়িগ্রামের চিলমারীতে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬মাসের কারাদণ্ড দিয়েছে জেলা জজ আদালত।

যাবজ্জীবন সাজা প্রাপ্তরা হলেন, চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাচকোল এলাকার ঘেতু শেখের ছেলে রাশেদ (৪০), মকবুল হোসেন (৫৪) ও তসলিম উদ্দিন (৫৬), দারাজ উদ্দিনের ছেলে আব্দুল কাদের (৪৩), মতিয়ার রহমানের ছেলে মিন্টু (৪১), মনির উদ্দিনের ছেলে মোসলেম উদ্দিন (৪৪), সেকেন্দার আলীর ছেলে মোনাল মিয়া ওরফে মোন্নাফ (৪৪) এবং ওসমান মিয়ার ছেলে নুরু মিয়া (৫০)।

দীর্ঘ ১৮ বছর পর গতকাল সোমবার (৯ মে) দুপুরে মামলার রায় প্রদান করেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান। দণ্ডাদেশ প্রাপ্ত ৮ আসামীকে রায় শেষে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০০৪ সালের ২২ জানুয়ারি কুড়িগ্রামের চিলমারী উপজেলার কাচকোল বাজারে শিক্ষক মোখলেসুর রহমানের পূত্র মুদি ব্যবসায়ী নুরনবী (২২) কে তার দোকানে ১নং আসামী রাশেদসহ বাকীরা গলায় মাফলার পেঁচিয়ে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে। এর আগে শ্যালো মেশিনে পানি দেয়াকে কেন্দ্র করে আসামীদের সাথে নিহত নুরনবীর বাক-বিতন্ডা হয়। পরে বিষয়টি স্থানীযভাবে মীমাংসা করে দিলেও আসামীরা তাতে সন্তষ্ট ছিল না। এরই জেরে আসামী রাশেদ নুরনবীর সাথে বন্ধুত্ব করে তারই দোকানে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার বিষয়টি মামলার রায়ে উদ্ধৃত করা হয়েছে।

ছেলে হত্যার পর পিতা মোখলেসুর রহমান ৯জনকে আসামী করে ২৩ জানুয়ারি ২০০৪ সালে চিলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী ৪৪ জনের সাক্ষ গ্রহন শেষে বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান ৮ আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

আসামী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আমজাদ হোসেন ও অ্যাডভোকেট সামসুদ্দোহা রুবেল। রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস. এম আব্রাহাম লিংকন।

সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় আটক ৯

সিলেট প্রতিনিধিঃ সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকার আলোচিত সেই তিতাস আবাসিক হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৬ নারী ও ৩ পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। গেল রবিবার বিকাল ৪টার দিকে অভিযান চালিয়ে ওই হোটেলের ২য় তলার বিভিন্ন কক্ষ থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ওই ৯ জনকে গ্রেফতার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার উস্তিংগেরগাও-এর মৃত সাইদুর রহমানের ছেলে মোজাম্মেল হক (২২), সিলেটের জৈন্তাপুর থানার সরখাল গ্রামের রমজান আলীর ছেলে মো. আব্দুল করিম (২৮), সুনামগঞ্জের দিরাই থানার উদ্দুলপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে সোহেল (২৮), কুমিল্লা জেলার কোতয়ালি থানার মঙ্গলটুলী গ্রামর কাজী আলমগীরের মেয়ে নিহার আক্তার (২১), সুনামগঞ্জ জেলার সদর থানার পশ্চিম ফেনারবাগ গ্রামের বাবুল মিয়ার মেয়ে রিমা (১৯), বাগেরহাট জেলার ফকিরহাট থানার মানষা গ্রামের কালীদাস মজুমদারের মেয়ে শ্রীমতি মনি (২৬), খুলনা জেলার দিঘলিয়া থানার জুংগসিয়া গ্রামের ওয়াহেদুজ্জামানের মেয়ে আখি (২৪), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার আলগীবাজার গ্রামের মতিয়ার রহমানের মেয়ে শান্তা (২৫), ও নোয়াখালী জেলার সুধারাম থানার গাজীরখেওয়া গ্রামের নুর নবীর মেয়ে নীলা (১৯)।

দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) সুমন কুমার চৌধুরী জানান, তাদেরকে সোমবার (৯ মে) আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৫ জানুয়ারি তিতাস আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৫ তরুণী ও ৯ যুবকসহ মোট ১৪ জনকে আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। একই বছরের ২৭ আগস্ট এই হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে ৫ পুরুষ ও ২ নারীকে গ্রেফতার করে পুলিশ। ওই দিন হোটেলটির ২য় তলার দুটি কক্ষ থেকে ওই ৭ জনকে গ্রেফতার করা হয়।