বিএনপি একটি অবৈধ দলঃ ওবায়দুল কাদের

 রাজনীতিক ডেস্কঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একটি অবৈধ দল। এই অবৈধ দলের অবৈধ মহাসচিব হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার (২২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির অবৈধ মহাসচিব বলছি কারণ, বিএনপির একটা গঠনতন্ত্র আছে, সেখানে কোথায় আছে ফখরুল ১২ বছর ধরে মহাসচিব থাকতে পারবে? তাহলে কি তার বৈধতা হারায় নাই। তিনি যে পদত্যাগ দাবি করেন তারই তো পদত্যাগ করা উচিত। তিনি তো বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী অবৈধ।

তিনি বলেন, এখন চোরাবালিতে আটকে গেছে বিএনপির আন্দোলন। তাদের আন্দোলন সামনে পেছনে ডানে বামে কোনোদিকেই যায় না।

ওবায়দুল কাদের আরও বলেন, মির্জা ফখরুল বলেন যে, আমরা গণতন্ত্র ধ্বংস করেছি। গণতন্ত্রকে আপনারা কবর দিয়েছন। প্রহসনমূলক নির্বাচন আর ভুয়া ভোটার তৈরি করে বিএনপি গণতন্ত্র হত্যা করেছে। বিএনপির হাতে আর এ দেশ যাবে না।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় কমিটির সদস্য তারানা হালিম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শাওন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রমুখ।

দয়া করে পদত্যাগ করুনঃ মার্ক জাকারবার্গ

আন্তর্জাতিক ডেস্কঃ গত মঙ্গলবার (২১ মার্চ) ইন্টারনেটে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের ২০১০ সালে ফেসবুকের এক কর্মীকে দেয়া একটি ইমেইল ফাঁস হয়েছে। যেখানে মার্ক সেই কর্মচারীকে বলেন ‘দয়া করে পদত্যাগ করুন’। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে জানা যায়,  ওই কর্মচারীর বিরুদ্ধে ফেসবুকের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে ভুল তথ্য ফাঁস করার অভিযোগ আনা হয়েছিল। কর্মচারীটি বলেছিল, ফেসবুক গোপনে ফোন তৈরি করছে। মার্ক জাকারবার্গ বলেছেন, ফাঁস হওয়া তথ্য একটি ‘বিশ্বাসঘাতকতার কাজ। একেবারেই ভুল বলেছে।

ইমেইলে বলা হয়েছে, যে এটি ফাঁস করেছে আমি তাকে অবিলম্বে পদত্যাগ করতে বলছি। আপনি যদি বিশ্বাস করেন অভ্যন্তরীণ তথ্য ফাঁস করা ঠিক তাহলে আপনার চলে যাওয়া উচিত। আপনি যদি পদত্যাগ না করেন তবে আমরা খুঁজে বের করব আপনি কে।

ইমেইলের শুরুতে লেখা ছিল, বার্তাটি গোপনীয় এবং শেয়ার করবেন না।

এই মেইল ফাঁস হবার ঘটনাটি এমন সময় সামনে এলো যখন এই মাসের শুরুর দিকে কর্মচারীদের কাছে করা একটি ইমেইলে জাকারবার্গ বলেছেন, মেটা আগামী কয়েক মাসে প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করবে।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ২০ গ্রামে রোজা শুরু

শরীয়তপুরের প্রায় ২০ গ্রামের মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র রোজা পালন করছেন। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোরে সেহরি খেয়ে পবিত্র রোজা পালন শুরু করেন তারা। এর আগে বুধবার (২২ মার্চ) রাতে তারাবির নামাজ আদায়ে করেন।

জানা গেছে, শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরীফের ভক্ত ও অনুসারীরা দীর্ঘ দিন ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এই রমজান ও দুটি ঈদ পালন করে আসছে।

সুরেশ্বর দরবার শরীফের গদিনশিন পীর সৈয়দ তৌহিদুল হোসাইন শাহিন নুরী জানান, জেলার সুরেশ্বর, কেদারপুর, হালৈসার, চাকধো, চন্ডিপুরসহ ২০ গ্রামের মানুষ বিগত ১০০ বছর ধরে সুরেশ্বরের ভক্ত আশেকানা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ ও রোজা পালন করে আসছে।

তিনি আরও জানান, চাঁদ কিন্তু একটাই, তাই পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে আমরা সেটাকেই অনুসরণ করে থাকি। আমাদের ভক্ত আশেকানসহ আমরা গতরাতে তারাবি নামাজ আদায় করেছি। বৃহস্পতিবার থেকে রোজা পালন শুরু করেছি।

রাণীশংকৈলে ভূমিহীন-গৃহহীন আরো ১৬০ পরিবার পেলো জমি ও ঘর

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একযোগে সারা দেশের ন্যায় ভূমিহীন-গৃহহীন আরো ১৬০ পরিবার জমি ও ঘর পেয়ে পালটে গেলো তাদের আবাসন ব্যবস্থার চিত্রপট। ” বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবেনা” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা ও নির্দেশনা বাস্তবায়নে উপজেলায় বুধবার (২২ মার্চ) চতুর্থ পর্যায়ে  ৩৭০টির মধ্যে ১৬০টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও ঘরের দলিল হস্তান্তর করা হয়।

এদিন সকাল ৯ টায় দেশব্যাপি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষে রাণীশংকৈল উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) সোলেমান আলী, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ওসি গুলফামুল ইসলাম মন্ডল, টিএইচএ ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান প্রমুখ।

এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপকারভোগী ১৬০ টি পরিবারের হাতে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেয়া হয়। উপকারভোগীরা স্বপ্নের এ ঘরের চাবি ও জমির দলিল পেয়ে ভীষণ খুশী হয়ে মহান আল্লাহর শুকরিয়া জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার  মানবিক এ উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

ইত্যাদি’র নানি এখন প্রতারণা মামলার আসামি

দেশের জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’’র প্রতি পর্বে দর্শকদের আকর্ষণের কেন্দ্রে থাকে নানি-নাতির মধুর বাক্যালাপ। আর ইত্যাদির জনপ্রিয় মুখ সেই নানি অভিনেত্রী শবনম পারভীন এখন প্রতারণা মামলার আসামি। তাকে নিয়মিত হাজিরা দিতে হচ্ছে ঢাকার আদালতে। বাড়ি ভাড়া চুক্তিপত্রের মাধ্যমে অগ্রিম টাকা নিয়ে তা ফেরত না দিয়ে উল্টো হুমকি দেওয়ার অভিযোগে ২০১৯ সালের ১৬ নভেম্বর শবনম পারভীনের বিরুদ্ধে কিংস কনফেকশনারি (বাংলাদেশ) পিটিই লিমিটেডের পক্ষে মামলা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শামীম মিয়া। মামলাটি আমলে নিয়ে বিবাদীকে আদালতে হাজির হতে সমন জারি করেন বিচারক। এরপর আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন শবনম।

গত ২০২০ সালের ১৬ মার্চ শবনম পারভীনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরুর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। বিচারকাজ চলাকালে মামলার বাদীসহ তিনজন আদালতে সাক্ষ্য দেন। গতকাল মঙ্গলবার (২১ মার্চ) ন্যায়বিচার বঞ্চিত হচ্ছেন মর্মে মামলার বদলি চেয়ে আবেদন করেছেন শবনম পারভীন। আগামী ৩০ মার্চ ঢাকা চিফ মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরির আদালতে এ বিষয়ে শুনানি হবে। তবে বিবাদীপক্ষ থেকে আপস মীমাংসার কথা থাকলেও তা করা হয়নি বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী।

মামলার বাদীপক্ষের আইনজীবী আশরাফ হোসেন বলেন, বাড়ি ভাড়া চুক্তিপত্রের মাধ্যমে অগ্রিম টাকা নিয়ে তা ফেরত না দিয়ে উল্টো হুমকি দেন আসামি শবনম পারভীন। আমরা এর প্রতিকার চেয়ে মামলা করেছি। আদালত মামলাটি আমলে নিয়েছেন। মামলার বিচারকাজও শুরু হয়েছে। তিন সাক্ষীর সাক্ষ্যগ্রহণও হয়েছে। শবনম পারভীন আপস করতে চেয়েছিলেন। তবে তিনি তা করেননি। আগামী ৩০ মার্চ মামলা বদলি চেয়ে বিবাদীর আবেদনের ওপর শুনানি হবে।

প্রসঙ্গত, রাজধানীর উত্তরা-পশ্চিম থানাধীন উত্তরা মডেল টাউন এলাকার ১২ নম্বর সেক্টরের ১৭ নম্বর সড়কের ৪১ নম্বর বাড়িটির মালিক শবনম পারভীন। এ বাড়িটি ভাড়া দেওয়ার ক্ষেত্রে চুক্তিপত্রের মাধ্যমে অগ্রিম টাকা নিয়ে তা ফেরত না দেওয়ায় বাঁধে জটিলতা। এক পর্যায়ে তা গড়ায় আদালত পর্যন্ত।

কোটা পূরণ না হওয়ায় হজের খরচ কমল

জাতীয় ডেস্কঃ চার দফা সময় বাড়িয়েও কোটা পূরণ না হওয়ায় হজের খরচ কিছুটা কমানো হয়েছে। চলতি বছর হজের খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়েছে। একই সঙ্গে হজযাত্রী নিবন্ধনের সময় ২৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

সেক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় বর্তমান হজ প্যাকেজ মূল্য ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার (২২ মার্চ) থেকেই এ নিবন্ধন চলবে বলে ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপ সচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন জানিয়েছেন।

জানা গেছে, সরকারি ব্যবস্থাপনায় যারা নিবন্ধন সম্পন্ন করেছেন তারা ৪৬ হাজার ৭২৫ টাকা ফেরত পাবেন। এই অর্থ ঢাকার হজ অফিস থেকে দেয়া হবে। বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনকারীদের ১১ হাজার ৭২৫ টাকা ফেরত দিতে নিবন্ধনকারী হজ এজেন্সিকে নির্দেশনা দেয়া হয়েছে।

কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। আর আগামী ২৭ মার্চ হজ কার্যক্রম পরিচালনাকারী সব ব্যাংককে অফিস সময়ের পরেও প্রস্তুতকৃত ভাউচার অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত ব্যাংকের শাখা খোলা রাখার অনুরোধ করা হয়েছে।

 

ঈদের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি ৭ এপ্রিল থেকে শুরু

অনলাইন ডেস্কঃ ঈদের অগ্রিম ট্রেনের টিকিট আগামী ৭ এপ্রিল থেকে বিক্রি শুরু হবে। ওই দিন দেওয়া হবে ১৭ এপ্রিলের টিকিট। আজ বুধবার (২২ মার্চ) রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এর বৈঠক থেকে এ তথ্য জানানো হয়।

এই অগ্রিম টিকিট বিক্রি চলবে পাঁচ দিন পর্যন্ত। একই সঙ্গে ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৫ এপ্রিল থেকে। ঈদে বাড়তি চাপ সামলাতে নয় জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে।

বাংলাদেশ রেলওয়ে এ বছর আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বলেও জানা গেছে।

বৈঠক থেকে জানা যায়, ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৭ এপ্রিল থেকে। এদিন দেওয়া হবে ১৭ এপ্রিলের টিকিট। ১৮ এপ্রিলের টিকিট দেওয়া হবে ৮ এপ্রিল, ১৯ এপ্রিলের টিকিট ৯ এপ্রিল, ২০ এপ্রিলের টিকিট ১০ এপ্রিল এবং ২১ এপ্রিলের টিকিট ১১ এপ্রিল বিক্রি হবে। এছাড়াও ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২২, ২৩ ও ২৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে বলে জানা যায়।

ঈদকে কেন্দ্র করে আন্তর্জাতিক ট্রেন মিতালি এক্সপ্রেস ১৮ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ২০ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

দুই নতুন মুখের দেখা মিলবে টি-২০ সিরিজে

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে দুই নতুন মুখের দেখা মিলবে বলে জানা গেছে। লেগস্পিনার রিশাদ হোসেন ও উইকেটরক্ষক কাম ব্যাটার জাকের আলী মূলত বিপিএলের পারফরম্যান্স বিচারে জাতীয় দলে ডাক পেয়েছেন।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে ছিলেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান, বাঁ-হাতি অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব, পেসার রেজাউর রহমান রাজা ও বাঁ-হাতি স্পিনার তানভির ইসলাম। তারা থাকছেন না এবারের আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে। দুই নতুন মুখ ছাড়াও পূনরায় দলে ফাস্টবোলার শরিফুল ইসলামকে ফেরানো হয়েছে।

বাংলাদেশ দলঃ সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী অনিক।

আরও ৪০ হাজার গৃহহীনকে জমিসহ ঘর দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ঘর পেয়েছে ৩৯ হাজার ৩৬৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবার। আজ বুধবার (২২ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন এলাকার উপকারভোগীদের হাতে ঘরের চাবি তুলে দেন স্থানীয় জনপ্রতিনিধি ও মাঠ প্রশাসনের কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমার সবচেয়ে ভালো লাগে একটা মানুষ ঘর পাওয়ার পর তাঁর মুখের হাসি। জাতির পিতা তো দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতেই চেয়েছিলেন।’

সবার জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের কার্যক্রমের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা স্বাধীন বাংলাদেশে ভূমিহীনদের ঘর করে দেওয়ার ব্যবস্থা করেন। সাড়ে তিন বছর একটা রাষ্ট্রের জন্য কম সময়। তখন তো একটা প্রদেশ ছিল, সেটি দেশে উন্নীত করা ও তার গঠন করা; এটি তিনি করে গেছেন। কিছু বেঈমান-মুনাফেকের জন্য তার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠন সম্ভব হয়নি। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই দেশে কেউ গৃহহীন থাকবে না। পিছিয়ে থাকবে না।

প্রধানমন্ত্রীর জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের মধ্য দিয়ে গৃহহীনমুক্ত হচ্ছে দেশের ২১১টি উপজেলা। এরমধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাসহ রাজশাহী বিভাগের ৩২টি উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হতে যাচ্ছে। এ ছাড়া ময়মনসিংহের গৌরীপুর, গাইবান্ধার সাদুল্যাপুর, মানিকগঞ্জের সিংগাইর, দৌলতপুরসহ বেশ কিছু উপজেলাও গৃহহীনমুক্ত হবে।

জানা গেছে, প্রথম পর্যায়ে ২০২১ সালের ২৩ জানুয়ারি ৬৩ হাজার ৯৯৯ গৃহহীন ও ভূমিহীন পরিবার তাদের মাথার উপর ছাদ পায়। দ্বিতীয় পর্যায়ে ২০২১ সালের ২০ জুন ৫৩ হাজার ৩৩০টি গৃহহীন পরিবার ঘর পায়। তৃতীয় পর্যায়ের দুই ধাপে ৫৯ হাজার ১৩৩টি ঘর গৃহহীনদের মাঝে বিতরণ করা হয়। ফলে এখন পর্যন্ত ভূমিহীন-গৃহহীনমুক্ত মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, রাজশাহী, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলার সকল উপজেলাসহ সারা দেশের মোট ১৫৯টি উপজেলা।

 

এআই চ্যাটবট ‘বার্ড’ উন্মুক্ত করেছে গুগল

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট ‘বার্ড’ উন্মুক্ত করেছে গুগল। চ্যাটজিপিটর মতোই ‘বার্ড’  লিখিত নির্দেশনা থেকে সরাসরি উত্তর তৈরি করে দিতে পারবে। ব্যবহারকারী চাইলে পাল্টা প্রশ্নও করতে পারবেন। এছাড়াও আরো সুযোগ থাকছে, প্রশ্নকারীর উত্তরগুলো পছন্দ না হলে আবার একই প্রশ্ন করতে পারবেন।

এর আগে, গত ৯ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে গুগল বার্ডের ঘোষণা দেওয়া হয়। ২১ মার্চ মঙ্গলবার থেকে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এই চ্যাটবটটি ব্যবহার করতে পারছেন। জানা গেছে,  কিছুটা পার্থক্য থাকলেও বার্ড অনেকটা চ্যাটজিপিটির মতোই। গুগল বলছে এই চ্যাটবটি ব্যবহারকারীদের ‘উৎপাদনশীলতা’ বৃদ্ধি করবে। তবে বার্ড উত্তরের বিভিন্ন সংস্করণ (ভার্সন) তৈরি করবে, যাতে ব্যবহারকারী তার পছন্দমতো উত্তর বাছাই করতে পারে। চ্যাটজিপিটিতে এই সুযোগ নেই।

চ্যাটবট বার্ডে ‘গুগল ইট’ নামের একটি বাটন থাকবে। এই বাটনে ক্লিক করলে চ্যাটবটটি আপনার জিজ্ঞাসাকে সার্চ ইঞ্জিন উপযোগী প্রশ্নে রূপান্তর করবে এবং সেটিকে গুগল সার্চে পাঠাবে। শুরুর দিকে বার্ড শুধু টেক্সট নির্দেশনা নিতে পারবে। কোনো ছবি বা অডিও সমর্থন করবে না। আপাতত কোডিংও করা যাবে না। তবে গুগল জানিয়েছে ধীরে ধীরে এসব ফিচারও যোগ করা হবে। গুগলের কর্মীরা কয়েক সপ্তাহ ধরে বার্ডকে প্রশিক্ষণ দিয়েছেন।

গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই কর্মীদের আহ্বান জানিয়েছেন, তারা যাতে নিজেদের সময় থেকে দুই-চার ঘণ্টা বার্ডকে প্রশিক্ষণের পেছনে ব্যয় করে।

মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, বর্তমানে বার্ডের যে সংস্করণটি উন্মুক্ত করা হচ্ছে সেটি ‘প্রথমিক’ সংস্করণ। গুগল কর্মীরা বার্ডের আরো উন্নত সংস্করণ ‘বিগ বার্ড’ ব্যবহার করছেন।

উল্লেখ্য, চ্যাটজিপিটি ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পরে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে ব্যাপক প্রচেস্টা চালায় গুগল। ফলে ফেব্রুয়ারিতে এক অনুষ্ঠানে গুগল বার্ড নামের নতুন চ্যাটবটের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

সূত্র: ব্লুমবার্গ এবং দ্য গার্ডিয়ান।