ফুলবাড়ীতে প্রেমের ফাঁদে ফেলে প্রেমিকাকে ধর্ষন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে কলেজ ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণ করেছে এক প্রতারক প্রেমিক। ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে। ভুক্তভোগী কলেজ ছাত্রী বিয়ের প্রস্তাব দিলেও রাজি হয়নি প্রতারক প্রেমিক মামুন। অথচ বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ওই কলেজ ছাত্রীকে ধর্ষন করেছে প্রতারক প্রেমিক মামুন।

একপর্যায়ে ওই কলেজ-ছাত্রী উপায়ন্ত না পেয়ে ধর্ষক মামুনের বাড়ীতে অবস্থান নিলে জরুরী সেবা ৯৯৯ মাধ্যমে পুলিশ জানতে পেরে তাকে উদ্ধার করে। এ ঘটনায় ভুক্তভোগী কলেজ ছাত্রী বাদী হয়ে গেল রবিবার রাতে ফুলবাড়ী থানায় প্রতারক প্রেমিক মামুনের বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার বাদী ওই কলেজ ছাত্রী জানায়, মামুন তাকে প্রেমের ফাঁদে ফেলে একাধীকবার ধর্ষণ করেছে। আমি তার উপযুক্ত বিচার চাই।

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানায় অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, রবিবার রাতেই নারী-শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সুত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের সাইফুর রহমানের ছেলে মামুন সরকারের সঙ্গে কাশিপুর ডিগ্রী মহাবিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় পরিচয় ঘটে। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমিক মামুন সরকার প্রেমিকাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করে। বিষয়টি দুই পরিবারসহ এলাকায় জানাজানি হয়ে গেলে মামুন সরকার অন্যত্রে বিয়ে করে।

পরে বিষয়টি ভুক্তভোগি কলেজ ছাত্রী জানতে পেয়ে ধর্ষক মামুন সরকারের বাড়ীতে শনিবার সকালে এসে বিয়ের দাবিতে অবস্থান নেয়। সারা দিন রাত চেষ্টা করে স্থানীয়রা মিমাংসা করতে না পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ গেল রোববার ভোরে জরুরী সেবা ৯৯৯ মাধ্যমে তাকে উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে।

ডেল্টা প্ল্যান বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার (৯ মে) সরকারি বাসভবন গণভবনে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট (অপারেশন-১) শিজিন চেনের সাথে সাক্ষাতকালে বলেন, ‘ডেল্টা প্ল্যান বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ তাই আশা করছি ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংকে (এডিবি) বাংলাদেশের পাশে থাকবে।

এ ছাড়া আঞ্চলিক সহযোগিতা, কানেকটিভিটি, বাণিজ্য এবং জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতেও এডিবির সহায়তা চেয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান।

গেল ২০১৮ সালে দেশের পানি সম্পদের ভবিষ্যত ব্যবহার সুরক্ষিত করতে এবং জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের প্রভাব প্রশমিত করতে ডেল্টা প্ল্যান ২১০০ হাতে নেয় সরকার।

উন্নয়নের জন্য আঞ্চলিক কানেকটিভিটি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কানেকটিভিটির উন্নয়নে বাংলাদেশের দরজা উন্মুক্ত। আর দেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় প্রায় দুই বছর পর দেশের মানুষ মুক্তভাবে ঈদ উদযাপন করেছে। ওই সময় করোনা মহামারিতে সহায়তা দেয়ায় এডিবির প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

আলোচনায় দেশের শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা এবং ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বিনা মূল্যে জমিসহ ঘর দেয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের জীবনমান উন্নত হয়েছে।’

করোনা মহামারির মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন এডিবির ভাইস প্রেসিডেন্ট শিজিন চেন।

তিনি বলেন, ‘কোভিড-১৯ মহামারি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ উদাহরণ সৃষ্টি করেছে। আর অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি বাংলাদেশ ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করবে বলেও আশা প্রকাশ করছি। এডিবি সব সময় বাংলাদেশের পাশে থাকবে এবং গ্রাম ও নগর উন্নয়নে সহযোগিতা করবে।

কৃষি খাতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে এডিবির ভাইস প্রেসিডেন্ট বলেন, এ খাতে বাংলাদেশ ব্যাপক উন্নতি করেছে।

বাংলাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রসঙ্গে তিনি বলেন, এ অঞ্চলগুলো অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারের চাহিদা পূরণ করবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে খাদ্যের অভাবের আশঙ্কা প্রকাশ করেছেন এডিবির ভাইস প্রেসিডেন্ট। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার আরও বেশি খাদ্য উৎপাদনের কর্মসূচি হাতে নিয়েছে।

সাক্ষাতের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন, এডিবির ডেপুটি ডিরেক্টর জেনারেল (সাউথ এশিয়ান ডিপার্টমেন্ট) মনমোহন পরকাশ এবং বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং।

সব দেশেই তেলের দাম বেড়েছে, কিন্তু কেউ মুখ খুলছে না : বাণিজ্যমন্ত্রী

অর্থনীতিক ডেস্কঃ নেপাল, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ প্রায় সব দেশেই তেলের দাম বেড়েছে  বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ সোমবার (৯ মে) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের উৎপাদকদের সঙ্গে বৈঠকের শেষে আয়োজিত সংবাদ সম্মেলেনের শুরুতে এ কথা বলেন তিনি।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে উল্লেখ করে টিপু মুনশি বলেন, গত কয়েক দিন ধরে মিডিয়ায় তেলের দাম নিয়ে খবর ছাপা হচ্ছে।  কিন্তু কোথাও বলা হচ্ছে না, আন্তর্জাতিক বাজারেও তেলের দাম বেড়েছে। আমাদের পাশের দেশ নেপাল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ প্রায় সব দেশেই তেলের দাম বেড়েছে, কিন্তু কেউ মুখ খুলছে না বলে জানান তিনি। তেল নিয়ে কোথায় কোথায় সমস্যা হয়েছে সেটা চিহ্নিত করেছি। আমরা তা প্রকাশ করবো।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, আমরা চাহিদার মাত্র ১০ শতাংশ তেল উৎপাদন করি, কিন্তু ৯০ শতাংশই আমদানি করতে হয়। তবে, হ্যাঁ দেশে তেলের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। এতে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে এটাও সত্যি। এসময় তিনি বলেন, জুন থেকে আবারও ১ কোটি পরিবারকে ন্যায্য মূল্যে নিত্যপন্য দিবে টিসিবি।

উল্লেখ্য, দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা এবং বোতলজাত সয়াবিনের দাম ১৯৮ টাকা নির্ধারণ করেছে সরকার। যা গত শুক্রবার থেকে কার্যকর হয়েছে।

শক্তি সঞ্চয় করেছে ঘূর্ণিঝড় ‘অশনি’, মোড় নিতে পারে যেকোনো দিকে

সিএনবিডি ডেস্কঃ দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অশনি’ শক্তি সঞ্চয় করেছে এবং তা উপকূলের দিকে এগিয়ে আসছে। উত্তর-পশ্চিম দিকে ধাবমান ঘূর্ণিঝড় ‘অশনি’  যেকোনো দিকে মোড় নিতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান এক সংবাদ সম্মেলনে জানান, ‘অশনি’ বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা কম। তবুও এটি মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রেখেছে সরকার। ঘূর্ণিঝড়টি বর্তমান অবস্থান থেকে উত্তর দিকে ধাবিত হলে বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা ও বরিশালে অঞ্চলে কিছুটা প্রভাব পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রবল ঘূর্ণিঝড় (অশনি) কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ‘অশনি’ যেকোনো সময় গতি পরিবর্তন করে বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের উপকূলে আঘাত হানতে পারে। তবে এটি আজ গতিপথ পরিবর্তন নাও করতে পারে। বর্তমানে যে গতিপথে আছে তাতে মঙ্গলবার এটি ভারতের উপকূলের আছড়ে পড়তে পারে। এ কারণে সাগর বিক্ষুব্ধ থাকায় দেশের চার সমুদ্র বন্দরে আগের মতো ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।

এদিকে অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে সোমবার (৯ মে) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে।

অন্যদিকে মাদারীপুর, রাঙ্গামাটি, কুমিল্লা, মাইজদীকোর্ট, ফেনী, খুলনা ও যশোর জেলাসহ সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

ফুলবাড়ীতে ২৯৮ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৯৮ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
রবিবার (৮ মে) রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই আবুবক্কর ছিদ্দিক, এসআই পলাশ চন্দ্র রায়, এসআই রাহাত আলম, এএসআই আব্দুল কাদের ও এএসআই মনজুরুল ইসলাম সহ পুলিশ সদস্যরা ওই মাদক ব্যবসায়ীর বাড়ী তল্লাশী করে ফেনসিডিল সহ তাকে হাতেনাতে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম নুর আলম (৩০)। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর নামাটারী এলাকার সাহের আলীর ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে বোনকে বাঁচাতে গিয়ে ভাই-বোনের জলডুবিতে মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় রবিবার (৮ মে) পুকুরের পানিতে ডুবে রুমিন ইসলাম (৮) ও শোভা আকতার (৪) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা দু’জনেই আপন ভাইবোন।

এদিন সকালে উপজেলার ভাতুরিয়ার মধুডাঙ্গী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রুমিন ও শোভা উপজেলার ভাতুরিয়ার গড় ভবানীপুর মধুডাঙ্গী গ্রামের জহরুল ইসলামের ছেলে ও শফিকুল ইসলামের মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছেে, ঘটনার দিন সকাল সাড়ে  নয়টার দিকে নাস্তা খেয়ে চাচাতো ভাইবোন বাড়ির পাশের পুকুরের ধারে খেলা করছিল। খেলার সময় হঠাৎ পুকুরের পানিতে শোভা পড়ে যায়। বোনকে বাঁচাতে গিয়ে জলডুবি হয়ে ভাইবোন দু’জনেই মারা যান। সকাল ১০ টায় স্থানীয় লোকজন পুকুরের পানিতে তাদের লাশ ভাসতে দেখে রুমিন ও শোভাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মৃত দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে থানায় একটি ইউডি মামলা করা রুজু করা হয়েছে।

মৌলভীবাজারে নৈচকোচ চাপায় পুলিশ সদস্য একজন নিহত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে দায়িত্বরত অবস্থায় সিলেটগামী নৈশ কোচচাপায় পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। রোববার (৮ মে) ভোর ৪টার দিকে সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম রাকিব আলী (রানা)। তার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকায়। আহত অপর দুই পুলিশ সদস্য হলেন- কামরানুর রহমান ও আনিস আহমেদ। আহতরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব প্রতিবেদককে বলেন, ভোর আনুমানিক ৪টার দিকে জালালাবাদ পরিবহনের সিলেটগামী একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে শেরপুর গোলচত্বর পয়েন্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের চাপা দিয়ে গোলচত্বরের উপর ওঠে যায়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে সিলেট এম এ জি হাসপাতালে পাঠানো হয় হাইওয়ে পুলিশের একটি দলসহ। হাসপাতালে নেওয়ার পথে পুলিশের এক সদস্য নিহত হন। আহত অপর দুই পুলিশ সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

মা দিবস

মা দিবস উপলক্ষে অনেকের লেখা পড়লাম। ভালোই লাগলো পড়ে। মা’কে হারিয়েছি কয়েক বছর হয়ে গেল। দেশে গেলেই মা ফোন করে বলতেন বাড়িতে আসবা কখন! তাড়া থাকত বাড়ী গিয়ে মা’কে সালাম করার। আব্বা চলে গেছেন আরও দু’বছর আগে। মা প্রায়ই বলতেন “সৎ থাকা আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস করা কঠিন কাজ”। এখন আর অমন করে কেউ বলেনা। শেষ বার মা’কে যখন দেখেছি মা তখন ঠিকমত হাঁটা চলা করতে পারেননা। আমার দেশে যাওয়ার সংবাদ পেলেই অস্থির হয়ে উঠতেন। মা’র পছন্দের খাবার আর এক বিড়া পান নিয়ে গেলে খুশিতে আঠখানা হয়ে উঠতেন। শেষবার যখন গেছি দুপুরে খেতে বসেছি। হঠাৎ দেখি মা লাঠিতে ভর করে এসে টেবিলের সামনে দাড়িয়েছেন। আমি উঠে গিয়ে মা’কে ধরে একটা চেয়ারে বসালাম। জিজ্ঞেস করলাম ” মা কিছু বলবেন?” মা আমার প্লেটের দিকে চেয়ে বললেন ” না তুমি খাও আমি দেখি!”। ছোট ভাইয়ের বউকে বললেন “ওকে আরও গোস্ত দাও”। আমি খাচ্ছি আর মা আমার মূখের দিকে ফ্যল ফ্যল করে চেয়ে রইলেন। কি যেন সুখ অনুভব করছেন ছেলেকে সামনে বসে খেতে দেখে! খাওয়া শেষ করে আমি মা’ক জড়িয়ে ধরে আদর করলাম। মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন ” এখনত আমি আর রান্নাবান্না করতে পারিনা। তোমরা বিদেশে কি খাও না খাও দেখতেও পারিনা!” একমাত্র মা’ই জানেন তার সন্তান কি খেতে পছন্দ করে। মনে আছে সন্ধ্যায় যখন ঢাকায় রওনা হব মা তখন শুয়ে আছেন। আমি মা’র মাথায় হাত রেখে বললাম ” মা আমাকে মাফ করে দিবেন! মা করুন দৃষ্টি মেলে কিছুক্ষন চেয়ে রইলেন। তারপর আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন ” যাও চিন্তা করিওনা তুমি তো মসজিদ বানিয়েছো!”। এটাই ছিল আমার মায়ের শেষ আশির্বাদ।

ফেরার এক মাসের মাথায় একদিন ফোন এলো। আমি তখন দোকানে যাচ্ছিলাম একটা ফোন কার্ড কিনতে, মা’কে ফোন করবো বলে। ভাগ্নার কন্ঠ শুনেই বিচলিত হয়ে জিঙ্গেস করলাম মা কেমন আছেন। ভাগ্নে আমার প্রশ্নের উত্তর দিতে পারেনি। ভাগ্নের নিরবতাতেই বুঝে গেছি আমার মা আর নেই। রাস্তার উপর একটি বেঞ্চে বসে পরেছি। চোখ বুঝে মায়ের মুখখানি অনুমান করে বলে উঠেছি “মা আমাকে কিছু না বলে এভাবে…..। সিনেমার পর্দার মত সব স্মৃতি ভেসে এলো আর অস্ফুট কন্ঠে বেড়িয়ে এলো- আমি এতিম হয়ে গেলাম। এখন বাড়ী গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে মা’কে প্রানভরে ডাকি- উত্তর আসেনা। জানিনা আমার মা কেমন আছেন! দিবসটির উদ্ভাবক কে জানিনা তবে মা শুধু একটি দিবসের জন্য নয়। প্রতিটি মা সন্তনের জন্য আশির্বাদ- আমার প্রেরণা। মাগো তোমাকে খুব ভালোবাসি গো মা।

আজিজুর রহমান প্রিন্স, কলামিস্ট ও আওয়ামীলীগ নেতা, টরন্টো, কানাডা।


 

নওগাঁর পতিসরে রবীন্দ্র জন্মবার্ষিকী পালিত

নওগাঁ জেলা প্রতিনিধিঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মানবতার কবি। নওগাঁ জেলার আত্রাই উপজেলার এই কালিগ্রাম পরগনা ছিল কবির একান্ত নিজস্ব জমিদারী পরগনা। এই পরগনার জমিদারী কার্যক্রম পরিচালনার পাশাপাশি এই অঞ্চলের প্রাকৃতিক দৃশ্যাবলীকে উৎজীবিত করে অর্সংখ্য সাহিত্য রচনা করেছেন। এই সাহিত্য সম্ভারে নওগাঁ প্রকৃতি, জনজীবন, কৃষি  ও কৃষকদের জীবন জীবিকা স্থান পেয়েছে।

খাদ্য মন্ত্রী আরও বলেছেন, রবীন্দ্রনাথ প্রজা হিতৈষী জমিদার। তিনি পতিসরে প্রজাদের আর্থ সামাজিক উন্নয়নে সমবায় ব‍্যাবস্থা চালু করেন। তিনি তার নোবেল পুরস্কার প্রাপ্ত ১ লাখ ৮ হাজার টাকা দিয়ে পতিসরে কৃষি ব‍্যাংক প্রতিষ্ঠিত করেছিলেন। সমবায়ের চেতনা ছড়িয়ে দিয়েছিলেন। মানুষকে মানবতার সেবায় আত্মনিয়োগ করার জন্য অনুপ্রানীত করেছেন।

খাদ্য মন্ত্রী আরও বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মূজিবুর রহমান বিশ্বকবি রবীন্দ্রনাথকে পরম শ্রদ্ধা করতেন। সেই শ্রদ্ধা বোধের জায়গা থেকে কবির লেখা গান আমাদের জাতীয় সংগীত হিসেবে নির্দিষ্ট করেছিলেন। তিনি কবির অসাম্প্রদায়িকতা চেতনা প্রতিষ্ঠিত করে এ দেশের মানুষে মানুষে সকল বিভেদ দুর করার মাধ‍্যমে একটি সৌহার্দ্যপূর্ণ সময়ের বাংলাদেশ গড়ার আহবান জানান।

তিনি রবিবার দুপুর ১টায় জেলার আত্রাই উপজেলাধীন রবীন্দ্র স্মৃতি বিজড়িত পতিসর কাচারীবাড়ি চত্বরে দেবেন্দ্র মঞ্চে কবির ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মারক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

সংস্কৃতিক মন্ত্রনালয়ের সহযোগিতায় নওগাঁ জেলা প্রশাসন দিনব‍্যাপী এই কর্মসূচীর আয়োজন করে।

নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান- এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন আনোয়ার হোসেন হেলাল এমপি, ছলিমুদ্দিন তরফদার এমপি, সংস্কৃতি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলম এবং নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম।

এবারের প্রতিপাদ্য বিষয় “মানবতার সংকট ও রবীন্দ্রনাথ” শিরোনামে স্মারক আলোচনা  অনুষ্ঠানে আলোচক হিসেবে আলোচনা করেন রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত অধ‍্যক্ষ প্রফেসর ড. মো: আশরাফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. পি এম সফিকুল ইসলাম, রাজশাহী বরেন্দ্র জাদুঘরের পরিচালক ড. আলী রেজা আব্দুল মজিদ এবং নওগাঁ সরকারী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ‍্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম।

এ ছাড়াও আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক ও স্থানীয় রবীন্দ্র  সংগ্রাহক মতিয়ুর রহমান মামুন শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এর আগে প্রধান অতিথি জাতীয় পতাকা এবং বেলুনসহ ফেষ্টুন উড়িয়ে দিনব‍্যপী এই কর্মসূচীর উদ্বোধন করেন। এ ছাড়াও রং তুলিতে বিশ্বকবি  শীর্ষক আর্ট ক‍্যাম্পের উদ্বোধন করেন। আয়োজনের দ্বিতীয় পর্বে আত্রাই উপজেলা শিল্পকলা একাডেমী, রানীনগর উপজেলা শিল্পকলা একাডেমী এবং নওগাঁ জেলা শিল্পকলা একাডেমীর তত্বাবধানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এছাড়াও রবীন্দ্র জন্মোৎসব উপলক্ষে পতিসরে সাতদিনব্যাপী রবীন্দ্র মেলার আয়োজন করা হয়।

গাইবান্ধায় দর্শক মাতালেন নগরবাউল জেমস

বিনোদন ডেস্কঃ গাইবান্ধার শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে আয়োজিত স্টেজে  দেড় ঘণ্টাব্যাপী লাইভ কনসার্টে গাইবান্ধা মাতালেন নগরবাউল জেমস। গতকাল রবিবার রাত ১০ টার দিকে স্টেজে উঠেন জেমস। এরপর রাত সাড়ে ১২টা পর্যন্ত তিনি টানা গান পরিবেশন করেন।

এর আগে, সন্ধ্যা থেকে স্থানীয় ও অতিথি শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। জেমস শুরু করলেন ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’ গানটি দিয়ে। এর পরে গেয়ে চলেন ‘লেইস্ ফিতা লেইস্’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’ ‘সুলতানা বিবিয়ানা’, ‘আই লাভ ইউ’ প্রভৃতি। এই সময় ‘গুরুর’ সঙ্গে গেয়ে ও নিজের মতো নেচে তরুণ-তরুণীরা আনন্দ প্রকাশ করেছেন। জেমসের গানে মাতোয়ারা স্টেডিয়াম ভরা অন্তত কয়েক হাজার দর্শক। জেমস এরপর গাইলেন ‘দুই দিনের এক জেল’, ‘আমি তারায় তারায় রটিয়ে দেব’ ও ‘দুষ্ট ছেলের দল’ একের পর এক জনপ্রিয় সব গান শুনে দর্শকের আনন্দ-উচ্ছ্বাস বেড়েই চলে।

এর পরে জেমস গাইলেন ‘মা’। বিশ্ব মা দিবসে গানটি শুনে আবেগে আপ্লুত হতে দেখা যায় কয়েকজনকে। ঘড়ির কাঁটা রাত বারোটা ছুঁই ছুঁই জেমস ধরলেন ‘পাগলা হাওয়ার তরে, মাটির পিদিম’। দর্শক সারিতে তখন জেমস উন্মাদনা। জেমস দর্শকের অনুরোধকে গুরুত্ব দিয়ে একের পর এক গেয়ে চলেন। শেষে গাইলেন ‘না জানি কহি ক্যাসি হে এ জিন্দেগানি’ হিন্দিগান। সব মিলিয়ে ১২টি গান গেয়ে গাইবান্ধা মাতিয়ে গেলেন জেমস।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের অসহায়-দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখার জন্য শিক্ষার্থীদের কল্যাণ তহবিল গঠনের লক্ষ্য নিয়েই গতকাল রবিবার  রাতে ‘কনসার্ট স্টুডেন্টস ওয়েলফেয়ার ২০২২’ এর আয়োজন করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অব গাইবান্ধা (পুসাগ)’। পুসাগ সভাপতি হুসাইন মোহাম্মদ জীম জানান, পুসাগ পরিবারের শিক্ষার্থীদের কল্যাণ তহবিল গঠনের লক্ষ্যে ‘কনসার্ট স্টুডেন্টস ওয়েলফেয়ার ২০২২’ এর এই আয়োজন।

তিনি আরো জানান, গ্যালারির প্রতিটি টিকিট ২০০ টাকা, মাঠে স্ট্যান্ডিং টিকিট ৩০০ টাকা এবং মাঠে চেয়ার টিকিটের মূল্য ৫০০ টাকা করে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অসহায়-দরিদ্র শিক্ষার্থীদের কল্যাণে এসব অর্থ ব্যয় করা হবে বলেই তিনি জানান।