এবার কল রেকর্ডিং ফিচার বন্ধ করল গুগল

প্রযুক্তি ডেস্কঃ অ্যানড্রয়েড ফোনে কল রেকর্ড ফিচার বন্ধ করছে গুগল। জনপ্রিয় কলার আইডেন্টিটিফায়ার অ্যাপ ট্রুকলার এমন সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ১১ মে থেকে প্লে-স্টোর থেকে গুগল কল রেকর্ডিং অ্যাপগুলো নিষিদ্ধ করবে। প্রতিষ্ঠানটি বলছে, গুগল ডেভেলপার প্রোগ্রামের নতুন নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুগল আপডেটের কারণে ট্রুকলারে কল রেকর্ডিংয়ের সুবিধা পাওয়া যাবে না।

দীর্ঘদিন থেকেই গুগল কল রেকর্ডিং অ্যাপ এবং এই পরিষেবার বিরোধিতা করছে। তারা মনে করছে, অ্যানড্রয়েড কল রেকর্ডিং ব্যবহারকারীদের গোপনীয়তা নীতিমালা লঙ্ঘন করে। এর অংশ হিসেবে গুগল একটি ওয়ার্নিংয়ের ব্যবস্থাও চালু করেছে। যা রেকর্ডিং শুরু হওয়ার আগে উভয় দিকেই নোটিফিকেশন শোনায়।

থার্ড পার্টি অ্যাপসগুলো নিজেদের সার্ভারে ওই কল রেকর্ডিংয়ের ডেটা সেভ করতে পারে। এর ফলে নিরাপত্তায় ঘাটতি হতে পারে। তাই এমন সিদ্ধান্ত নিয়েছে গুগল। পরিবর্তনটি শুধুমাত্র তৃতীয় পক্ষের অ্যাপগুলোর জন্য প্রযোজ্য। তবে ডিভাইসে ইনবিল্ট কল রেকর্ডিং ফিচার থাকলে তা কাজ করবে। কিন্তু প্লে স্টোর থেকে এই সংক্রান্ত থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করা যাবে না।

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে নওগাঁ জেলায় ৫৪০টি পরিবার পাচ্ছে জমিসহ তৈরী বাড়ি

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা ” প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে কর্মসূচীর তৃতীয পর্যায়ে নওগাঁ জেলায় ৬১০টি পরিবারের অনুকুলে গৃহ নির্মানের বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দকৃত গৃহ নির্মানের আওতায় ইতিমধ্যে ৫৪০টি গৃহ নির্মান সম্পন্ন হয়েছে। বাকি ৭০টি’র নির্মান কাজ চলছে।

রবিবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ’র জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান তাঁর সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রদান করেছেন।

তিনি বলেছেন, তৃতীয় পর্যায়ে আরও মজবুত ভিত্তি ও আরও গুনগত মানসম্পন্ন বাড়ি নির্মান করা হয়েছে। প্রতিটি বাড়ির নির্মান বাবদ ১ লাখ ৭১ হাজার টাকা থেকে বৃদ্ধি করে এই পর্যায়ে ২ লাখ ৫৯ হাজার করা হয়েছে।

তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৬ এপ্রিল সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও নির্মানকৃত গৃহসমূহের চাবি প্রদান কর্মসূচীর উদ্বোধন করবেন।

জেলা প্রশাসক জানিয়েছেন, ঐ দিন নওগাঁ জেলার মোট ৫৪০টি গৃহের জমির দলিল এবং চাবি হস্তান্তর করা হবে। এর মধ্যে ধামইরহাট উপজেলায় ৪২টি, নওগাঁ সদর উপজেলায় ৬০টি, আত্রাই উপজেলায় ৩২টি, বদলগাছি উপজেলায় ৪৬টি, রানীনগর উপজেলায় ৪১টি, পত্নীতলা উপজেলায় ৮১টি, মান্দা উপজেলায় ৫২টি, মহাদেবপুর উপজেলায় ৫২টি, নিয়ামতপুর উপজেলায় ৫৫টি, পোরশা উপজেলায় ৩৪টি এবং সাপাহার উপজেলায় ৪৫টি।

জেলা আরো প্রশাসক জানান, মুজিববর্ষে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এই পর্যায়ে এসব ভুমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমিসহ গৃহ নির্মান করে দেয়া হয়েছে।

উল্লেখ্য, এই কার্যক্রমের আওতায় নওগাঁ জেলায় প্রথম পর্যায়ে ১০৫৬টি এবং দ্বিতীয় পর্যায়ে ৫০২টিসহ মোট ১৫৫৮টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে জমে উঠছে জমজমাট ঈদ বাজার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে পবিত্র রমজানের প্রায় শেষের দিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জমে উঠছে জমজমাট ঈদের বাজার। প্রতিদিন শহরের মানুষদের পাশাপাশি বিভিন্ন গ্রামাঞ্চল থেকে ক্রেতারা আসছেন শহরের দোকানগুলোতে। প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে রাত ১২ টা পর্যন্ত ভীড় লক্ষ্য করা যাচ্ছে দোকানগুলোতে। বিশেষ করে গার্মেন্টস (কাপড়ের দোকান) গুলোতে ভীড় বেশি। পাশাপাশি জুতা, কসমেটিকস, পাঞ্জাবি, প্যান্টের দোকানসহ বিভিন্ন পন্যের দোকানেও রয়েছে আলাদা ভীড়।

শনিবার (২৩ এপ্রিল) সারাদিন ঘুরে শহরের নর্থ সার্কুলার রোডের ঘোমটা-২ তে গিয়ে দেখা যায়, সকাল সাড়ে ৯ টায় ক্রেতা সমাগম হতে শুরু হয়। বেশিরভাগ ক্রেতা, শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, উড়না, প্যান্ট পিস, সার্ট পিস ইত্যাদি বেশি কিনছেন। তবে বেশিরভাগ ক্রেতার অভিযোগ দাম একটু বেশি। মিজান এন্ড ব্রাদার্স নামে দোকানে গিয়ে দেখা যায়, বিভিন্ন পন্যের পসরা সাজিয়ে রাখা হয়েছে পন্য। ক্রেতারা সেখানেও ভীড় জমিয়েছেন তাদের প্রয়োজনীয় পন্য ক্রয় করার জন্য।

ঈদের জন্য জামা কিনতে আসা পৌর শহরের টিকাপাড়া মহল্লার গৃহিনী মৌসুমী জামান, ঈদের বেশ কিছুদিন বাকি থাকলেও তিনি আগে ভাগেই এসেছেন, দাম কম পাওয়ার আশায়। তিনি তার কন্যাশিশুর জন্য নতুন জামা ও ভাগনির জন্য থ্রি-পিস কিনতে এসেছেন। তবে তিনি বেশ কয়েকটি দোকানে ঘুরে অভিযোগ করেন, দাম অনেক বেশি নেওয়া হচ্ছে।

সদর উপজেলার নারগুন সেন্টারহাট এলাকার গৃহিনী রুমি আক্তার জানান, পাশ্ববর্তী দিনাজপুর জেলায় যে থ্রি-পিস ১ হাজার ৫শ থেকে ৬শ টকায় পাওয়া যায় এখানে ৩ হাজার ৫শ টাকার উপরে বিক্রি হচ্ছে। এছাড়াও ছোট বাচ্চাদের কাপড়ের দিনাজপুরের চেয়ে দামের ব্যাবধান অনেক। এ কারনে মানুষ কাপড় কিনছেন কম। তবে কি আর করার দিনাজপুরে বা অন্যত্র যাওয়া বাড়তি ঝামেলা।

নর্থ সাকুলার সড়কের ঘোমটা-২ এর পরিচালক জনি জানান, দিন যত বাড়ছে ক্রেতার সমাগম তত বাড়ছে। তবে অনেকেই পন্যের দাম কম পাওয়ার আশায় আগে ভাগেই মার্কেটে এসেছেন। ক্রেতাদের পক্ষ থেকে দাম বেশির ব্যাপারে তিনি জানান, ঈদ উপলক্ষে বিভিন্ন পোষাকে দাম সামান্য বেশি মনে হতে পারে। তবে ক্রেতা সমাগম ঘটছে প্রচুর। এ বছর টি-শার্ট, সুতি পাঞ্জাবী, জিন্সের প্যান্ট, শাড়ি ও মেয়েদের বিভিন্ন থ্রি-পিস বিক্রি হচ্ছে বেশি। এর মধ্যে মেয়েদের জারারা, গ্রাউন, লাহিঙ্গা, ডালিসহ বিভিন্ন নামের পোষাকের চাহিদা রয়েছে বেশি।

নেত্রকোণায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

নেত্রকোণা প্রতিনিধিঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণা জেলা কমান্ড কাউন্সিল শনিবার “মুজিব বর্ষের আলোচনা সভা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে মিলাদ, দোয়া ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেত্রকোণা জেলা শাখার সভাপতি অধ্যাপক ওমর ফারুকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রইছ মো.হাবিব খান মুক্তির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির চার বারের সফল সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার সন্তান মো.সোলায়মান মিয়া, প্রতিষ্ঠাতা মহাসচিব বীর মুক্তিযোদ্ধার সন্তান শফিকুল ইসলাম বাবু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নেত্রকোণা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন, সহ-সভাপতি অধ্যক্ষ গোলাম রসূল তালুকদার,যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.নজরুল ইসলাম খান,যুগ্ম-সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক নূর খান মিঠু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো.জিল্লুর রহমান খান নোমান, একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খসরু বীর প্রতিক, বীর মুক্তিযোদ্ধা বাবু সুকুমার সরকার, জেলা আওয়ামীলীগের সদস্য আবুল মনসুর আহমেদ, জেলা আওয়ামীলীগের সদস্য খায়রুল কবির খোকন, ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার আহব্বায়ক কেশব রঞ্জন সরকার, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহব্বায়ক মো.জামিউল ইসলাম খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান প্রমুখ।

প্রধান অতিথি হিসেবে আহমদ হোসেন বলেন-“প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন, সুশাসন-আইনের শাসন। ৭১, ৭৫, ২১শে আগষ্টের খুনিরা বিএনপি’র পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে একটি জাতীয় পতাকা অর্জন করেছি সেই পতাকা মুক্তিযুদ্ধের সন্তান ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিদের হাতে থাকবে। বিএনপি একটি ফাউল সংগঠন বিএনপি ফাউল করবে আর আওয়ামীলীগ গোল করবে। বিএনপি নির্বাচনে না আসলেও অন্যন্য সংগঠন নির্বাচনে অংশগ্রহণ করবে। নিউমার্কেটে ব্যবসায়ী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে হামলা করেছে বিএনপি।

এর মধ্যে সংঘর্ষের ভিডিও দেখে পুলিশ বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেফতার করেছে। তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আশা করি, মকবুলকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার নেপথ্যের কুশিলবদের খুঁজে বের করবে পুলিশ। দেশকে অস্থিতিশীল করতে বিএনপি পরিকল্পিতভাবে হামলা করেছে। শেখ হাসিনার রাজনীতির কাছে সকল ষড়যন্ত্র পরাস্ত হবে। বিএনপি দুর্নীতি করে দেশের মানুষের কাছে দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত হয়েছে। তারা আর ক্ষমতার সাদ পাবে না। বিএনপি শুধু দিবাস্বপ্ন দেখবে। জনগণ দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করেছে। তাদের আর ক্ষমতার দিবাস্বপ্ন দেখে লাভ নেই।”

ফুলবাড়ীতে ট্রাক্টর উল্টে চালক নিহত, হেলপার আহত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়িতে জমি চাষের ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছে। এসময় ট্রাক্টরে থাকা মালিকের ছেলে ও হেলপার গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশমত শিমুলবাড়ী গ্রামে।
নিহত চালকের নাম সুমন মিয়া (২০)। সে নাওডাঙ্গা ইউনিয়নের পূর্বফুলমতি গ্রামের বেলাল হোসেনের ছেলে। আহত শিহাব উদ্দিন (২১) ওই ট্রাক্টরের মালিক এবং একই ইউনিয়নের বালাতাড়ী গ্রামের শহিদ উদ্দিনের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান,শনিবার বিকালে জমি চাষ করার জন্য দু’জনে মিলে ট্রাক্টর নিয়ে কিশামত শিমুলবাড়ি গ্রামের বাসিন্দা নারায়ন চন্দ্র রায়ের বাড়ীর উদ্দেশ্যে  যান তারা। হালচাষের জমিতে যাওয়ার আগে ওই এলাকার জমির একটি উচু আইল পার হতে গিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। এসময় ট্রাক্টরে থাকা দু’জনই উল্টে যাওয়া ট্রাক্টরটির নিচে চাপা পড়ে। আশেপাশের লোকজন এসে ট্রাক্টর সরিয়ে দুইজনকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই মারা যায় চালক সুমন মিয়া। গুরতর আহত হয় শিহাব উদ্দিন। পরে শিহাবকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়।
নিহতের স্বজন মনিরউদ্দিন জানান, সুমনের পরিবার খুবই গরীব। সুমন দৈনিক ২০০ থেকে ২৫০ টাকায় ট্রাক্টর চালিয়ে সংসার চালাতেন। হঠাৎ মারা যাওয়ায় পরিবারটির বিরাট ক্ষতিহলো।
ফলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েছি, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

মৌলভীবাজার পুলিশের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যেগে শনিবার (২৩ এপ্রিল) পুলিশ লাইন্সে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার রমজানের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে বলেন, রমজান মাস আরবি মাসসমূহের মধ্যে সবচেয়ে বরকতময় ও মর্যাদাপূর্ণ মাস। মুসলিম উম্মার জন্য এ মাসের গুরুত্ব ও বৈশিষ্ট্য অপরিসীম। সঠিক নিয়মে রমজানের রোজা পালনের মাধ্যমে আমাদের জীবনে পরিশুদ্ধতা আনয়ন সম্ভব।

ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম, জেলা বিশেষ শাখার ডিআইও ১, মোঃ আব্দুল হাই চৌধুরী, মৌলভীবাজার জেলার ৭ টি থানা ও ইউনিটের অফিসার ইনচার্জগণ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার পুলিশ লাইন্সের সকল পুলিশ সদস্যগণ।

কেন্দুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সু-স্ব্যাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নেত্রকোণা প্রতিনিধিঃ আওয়ামীলীগের সভানেত্রী ও বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সু স্ব্যাস্থ্য কামনা ও দীর্ঘায়ু কামনা করে নেত্রকোনা জেলার কেন্দুয়ায় দোয়া-ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার বিকেলে কেন্দুয়া উপজেলার কমলপুর আয়েশালয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও সুপ্রীম কোর্টের আইনজীবি আব্দুল মতিন।

কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভঁইয়ার সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সহ-সম্পাদক, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুল মতিন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান খান রতন, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়,জেলা আওয়ামীলীগ নেতা আবুল মনসুর আহমদ, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুজিবুল আলম হীরা, স্ব্যাস্থ্য বিষয়ক সম্পাদক শাহজাহান কবীর সাজু, সাবেক যুবলীগ নেতা মানিক মিয়া, নেত্রকোনা জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য সচিব সাবেক ভিপি শাহীন উদ্দিন আহমেদ, আশুজ্জিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তাহের, আটপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সানোয়ার উদ্দিন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদ খান, আটপাড়া উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি শাহজাহান মিয়া সহ অন্যরা।

ইফতার ও দোয়া মাহফিলে সহ সকল ধর্মপ্রাণ মুসলমান,আওয়ামীলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু স্ব্যাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, আওয়ামীলীগ সরকারের উত্তরোত্তর সমৃদ্ধি,দেশ ও জাতীর মঙ্গল কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করা হয়।

আইপিএল শেষেই ভারত সফরে যাবে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝে বিশ্রামের উপায় নেই ক্রিকেটারদের। চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫ তম আসর আর আসর শেষেই ভারত সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। এই সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে প্রোটিয়ারা। এই সিরিজের সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সূচি অনুযায়ী আগামী ২৯ মে হবে আইপিএলের ফাইনাল এবং শেষ হওয়ার আটদিন পর ৯ জুন থেকে দিল্লিতে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ১২ জুন কর্নাটকে, তৃতীয় ম্যাচ ১৪ জুন বিশাখাপত্তনমে, রাজকোট ১৭ জুন চতুর্থ ম্যাচ ও ১৯ জুন বেঙ্গালুরুতে সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হবে।

আসন্ন অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই মূলত পাঁচটি শহরে ম্যাচ আয়োজন করার কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আইপিএলে খেলছেন দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন ক্রিকেটার। এদের মাঝে আছেন কুইন্টন ডি কক, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, ডুয়ান প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রাসি ফন ডার ডাসেন, লুঙ্গি এনগিদি ও আনরিখ নরকিয়া। আইপিএল শেষে দেশে ফিরবেন না তারা। স্কোয়াডে থাকা বাকি ক্রিকেটাররাই এদের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে ভারতের মাটিতে ২০২০ সালের মার্চে সবশেষ সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকা। সেবার ছিল ওয়ানডে সিরিজ। ধর্মশালায় প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর কোভিড হানা দেয়ায় বাতিল হয়ে যায় সিরিজটি।

 

ইফতারে অল্প সময়ে পোড়া আমের শরবত

লাইফস্টাইল ডেস্কঃ সারাদিন রোজা থাকার পর ইফতারে এক গ্লাস শরবত খেলে শরীর জুড়িয়ে যায়। অনেকেই গরমের এ সময় ইফতারিতে নানা ধরনের ঠান্ডা শরবতের ব্যবস্থা রাখেন। কিন্তু প্রতিদিন একই ধরনের শরবত খেতে একঘেয়ে লাগতে পারে। তাই শরবত তৈরিতে নতুনত্ব আনতে পারেন।

বাজারে কাঁচা আম উঠতে শুরু করেছে। দাম বেশি হলেও আমের স্বাদে যারা মুগ্ধ তারা ইতোমধ্যে কাঁচা আমের বাহারি পদ তৈরি করে খাচ্ছেন। এবার নতুনত্বের জন্য ইফতারে তৈরি করতে পারেন কাঁচা আমের পোড়া শরবত। একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। ঘরে তৈরি বলে এর মান নিয়েও নিশ্চিন্ত থাকা যাবে। ইফতারে একগ্লাস কাঁচা আমের শরবত মুহূর্তেই প্রশান্তি এনে দেবে। জেনে নিন রেসিপি-

উপকরণঃ 

কাঁচা আম ২টি, চিনি বা গুড় পরিমাণমতো, বিট লবণ, কাঁচা মরিচ ও বরফ কুচি।

পদ্ধতিঃ 

প্রথমে আমের খোসাসহ পুড়িয়ে নিতে হবে। এরপর ঠান্ডা হলে আমের খোসা ছাড়িয়ে নিয়ে দেখতে হবে আমের ভেতর নরম হয়েছে কিনা। এবার  একটি বাটিতে পরিমাণমতো চিনি, বিট লবণ ও কাঁচা মরিচ নিতে হবে। আমের সঙ্গে সব ভালো করে মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। এরপর বরফকুচি দিয়ে আবারও ব্লেন্ড করে নিতে হবে। পরিবেশনের সময় উপরে বরফকুচি ছড়িয়ে দিলেই ব্যাস তৈরি আম পোড়া আমের শরবত।

 

নাইজেরিয়ায় তেল শোধনাগারে বিস্ফোরণে শতাধিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। দেশটির রিভার্স প্রদেশে গতকাল শনিবার (২৩ এপ্রিল) এই দুর্ঘটনা ঘটে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্থানীয় সরকারি কর্মকর্তা।

দেশটির খনিজ সম্পদ রাজ্য কমিশনার গুডলাক ওপিয়াহ বলেন, একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণের তেল রাখার ডিপোতে আগুন ধরে যায়। এতে শতাধিক মানুষ নিহত হয়েছে। পুড়ে যাওয়ায় অনেকের পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না।

ইয়ুথ অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার জানিয়েছে, বিস্ফোরণের সময় তেল কেনার জন্য লাইনে থাকা অনেক গাড়িও পুড়ে গেছে। চরম বেকারত্ব এবং দারিদ্র্যের কারণে নাইজারিয়ায় অবৈধ তেল পরিশোধন আকর্ষণীয় ব্যবসায় পরিণত হয়েছে। তবে মাঝে মাঝেই এসব অবৈধ শোধনাগারে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা ঘটে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে রিভার্স রাজ্যে একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছিলো।