বড়লেখায় অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখায় আগুন লেগে সেমিপাকা ছয়টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২২ এপ্রিল) ভোর  ছয়টার দিকে উপজেলার বর্ণি ইউপির কাজিরবন্দ বাজারের ফজলুর রহমান মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ছয়টি দোকানের মালামাল, নগদটাকা ও গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে প্রায় অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২১ এপ্রিল) মধ্যরাতে উপজেলার বর্ণি ইউপির কাজিরবন্দ বাজারের ফজলুর রহমান মার্কেটের দোকানপাটবন্ধ রেখে ব্যবসায়ী বাড়িতে চলে যান। শুক্রবার (২১ এপ্রিল) সকাল ছয়টার দিকে মার্কেট থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয় লোকজন মার্কেটের ব্যবসায়ীদের খবর দেন। এসময় কয়েকটি দোকানে থাকা গ্যাস সিলিন্ডারও বিস্ফোরিত হয়। স্থানীয়রা এলাকার মসজিদের মাইকিং করে আগুন লাগার বিষয়টি জানানোর পাশাপাশি ফায়ার সার্ভিসেও খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে সেমিপাকা ছয়টি দোকানের মালামাল, নগদটাকা ও গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।

নবাবগঞ্জে অসাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে জরিমানা

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে বৃহস্পতিবার নবাবগঞ্জে আসন্ন ইদুল ফিতর উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে অসাস্থ্যকর পরিবেশে আইন অমান্য করে সেমাই তৈরী করার অপরাধে পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় সহ মালামাল ধ্বংস করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলার সহকারী পরিচালক মমতাজ বেগম এ অভিযান পরিচালনা করেছেন।

যাদের জরিমানা আদায় করা হয়েছে- উপজেলার পুটিমারা ইউনিয়নের চড়ারহাটের হোসেন আলীর ২০হাজার টাকা, গুনবিহারের রবিউল ইসলাম এর ১৫হাজার টাকা, মতিহারা গ্রামের শাহাদত হোসেন এর ৫ হাজার টাকা।

এছাড়াও ১নং জয়পুর ইউনিয়নের উত্তর শাহাবাজপুর গ্রামের জিয়াউর রহমানের তৈরী করা মালামাল ধ্বংস করা হয়েছে বলে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা সেনেটারী ইনেসপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোকছেদুল মমিন।

মহাত্মা গান্ধীর আশ্রমে ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ দুই দিনের ভারত সফরে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গতকাল বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে পৌঁছান তিনি।

প্রধানমন্ত্রী বরিস জনসন হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তিনি মহাত্মা গান্ধীর স্মৃতি-বিজড়িত সবরমতী আশ্রমে জুতা খুলে প্রবেশ করেন। সবরমতীতে গিয়ে আবেগাপ্লুত ব্রিটিশ প্রধানমন্ত্রী ভিজিটরস ডায়েরিতে তিনি লেখেন, ‘এই অসাধারণ মানুষটির আশ্রমে আসতে পারা এক বিরাট সৌভাগ্য।’

এদিকে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে ১০০ কোটি পাউন্ডের বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য সরকার।

এছাড়া আজ  শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন জনসন। তার এই ভারত সফরের মূল উদ্দেশ্যই হলো ভারত ও ব্রিটেনের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়া।

পদ্মা সেতুতে প্রস্তাবিত টোলহার জানুন

ডিবিএন ডেস্কঃ মানুষের কল্পনাতে থাকা একসময়ের পদ্মা সেতু এখন বাস্তব। উদ্বোধনের অপেক্ষায় বাংলার ১৭ কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু চালু হলে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাতায়াত সহজ হবে, সময়ও কমবে। তবে দেশের সবচেয়ে দীর্ঘতম এই সেতু পার হতে লাগবে বড় অঙ্কের টোল। পদ্মা সেতুতে প্রস্তাবিত টোলহার কার্যকর হলে বড় বাসে ২ হাজার ৪০০ টাকা এবং মাঝারি ট্রাকে লাগবে ২ হাজার ৮০০ টাকা। এমনি টোলহার প্রস্তাব করেছে সেতু বিভাগ।

সেতু বিভাগের নির্ধারণ করা টোলের হার অনুসারে, বর্তমানে পদ্মা নদী পার হতে ফেরিতে যানবাহনভেদে ভাড়া দিতে হয় ৭০ থেকে ৩ হাজার ৯৪০ টাকা। প্রস্তাব অনুসারে পদ্মা সেতুতে যানবাহনভেদে টোল দিতে হবে ১০০ থেকে ৬ হাজার টাকার বেশি। এর মধ্যে কার ও জিপের টোল ৭৫০ টাকা (ফেরিতে ৫০০ টাকা), বড় বাসে ২ হাজার ৪০০ টাকা (ফেরিতে ১ হাজার ৫৮০ টাকা), মাঝারি ট্রাকে ২ হাজার ৮০০ টাকা (ফেরিতে ১ হাজার ৮৫০ টাকা)।

পদ্মা সেতু প্রকল্পের কর্মপরিকল্পনা অনুসারে, আগামী ৩০ জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা ঠিকাদারের। এর মধ্যে সেতু চালু হবে ধরে নিয়ে টোল আদায়কারী ও সেতুর রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগ করেছে সেতু বিভাগ। এই কাজ পেয়েছে কোরিয়া এক্সপ্রেস করপোরেশন (কেইসি) ও চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি)। এর মধ্যে এমবিইসি বর্তমানে মূল সেতু নির্মাণকাজ এবং কেইসি পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। আগামী পাঁচ বছরের জন্য এই দুটি প্রতিষ্ঠান টোল আদায়, সেতু ও সেতুর দুই প্রান্তে যানবাহন চলাচল ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি চালু এবং সেতু ও নদীশাসনের কাজ রক্ষণাবেক্ষণ করবে। এর জন্য পাঁচ বছরে তাদের দিতে হবে ৬৯৩ কোটি টাকা।

সেতু বিভাগ সূত্র জানায়, প্রস্তাবিত টোলহার সেতু চালুর ১৫ বছরের জন্য প্রযোজ্য হবে। প্রতি ১৫ বছর পরপর টোলের হার ১০ শতাংশ করে বাড়ানোর কথা বলা হয়েছে।

ঈদ উপলক্ষে কোন রুটে বাস ভাড়া কত জানুন

সিএনবিডি ডেস্কঃ এবার চলতি বছরের ঈদ সামনে রেখে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে বাসমালিকদের বিরুদ্ধে। তবে এবার ঈদে নতুন করে ভাড়া নির্ধারণ করা হয়নি। এ জন্য সাধারণ ভাড়া ঈদেও কার্যকর থাকবে। এটি সরকার নির্ধারত ভাড়া। তবে এসি বাসের জন্য এই ভাড়া প্রযোজ্য নয়।

এদিকে, এসি বাসগুলোর ভাড়া চাওয়া হচ্ছে প্রায় দ্বিগুণ বলে অভিযোগ করেছে যাত্রীরা।

অন্যদিকে বাসমালিকরা বলছেন, সরকারনির্ধারিত বাস ভাড়াই নেওয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে। আর এসি বাসের ভাড়া চাহিদা অনুযায়ী নির্ধারণ করেন মালিকরা।

গতকাল বৃহস্পতিবার (২১ এপ্রিল) আন্তঃজেলা ও দূরপাল্লা রুটে আরামদায়ক সেবা দেওয়ার লক্ষ্যে ৫১ আসনের জায়গায় ৪০ আসন বিশিষ্ট বাসের সংশোধিত (নভেম্বর-২০২১) ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে।

চলুন জেনে নিন এবার কোন রুটের ভাড়া কত : <<<জানতে ক্লিক করুন>>> 

দেশে সার-বীজ ও বিদ্যুতের কোনো অভাব নেইঃ খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধিঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমানে দেশে সার, বীজ ও বিদ্যুতের কোনো অভাব নেই। বর্তমান সরকার কৃষকের দোরগোড়ায় সার, বীজ ও বিদ্যুৎ সেবা পৌঁছে দিচ্ছে। দেশে সার, বীজ ও বিদ্যুতের অভাব নেই। সেচের অভাবে জমি অনাবাদী থাকছে না। অথচ বিএনপির আমলে সার চাওয়ায় কৃষককে গুলি করে মারা হয়েছে। বিদ্যুতের অভাবে কৃষক জমিতে সেচ দিতে পারেনি।

গতকাল বৃহস্পতিবার (২১ এপ্রিল) নওগাঁর নিয়ামতপুর জেলা পরিষদ মিলনায়তনে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রকৃত কৃষকের হাতে প্রণোদনা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কৃষক নয় কিংবা চাষের জমি নেই এমন কেউ যেন প্রণোদনার তালিকায় অন্তর্ভূক্ত না হন তা নিশ্চিত করতে হবে। এ সময় তিনি প্রণোদনা নিয়ে তা উৎপাদন বৃদ্ধির কাজে লাগাতে কৃষকদের প্রতি আহ্বান জানান। আর কৃষক প্রণোদনা নিয়ে ধানের উৎপাদন বৃদ্ধি করলে খাদ্য ঘাটতি থাকবে না, বিদেশ থেকে চাল আমদানি করতে হবে না। আর চাল আমদানি না হলে কৃষকের ধানের নায্যমূল্য নিশ্চিত হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে এ নীতির ভিত্তিতেই সরকার সব সময় কৃষকের পাশে থাকবে বলে উল্লেখ করেন তিনি।

নেত্রকোণায় ফেইসবুকে পোষ্ট করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত-২

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার মঙ্গলবারিয়া গ্রামের কাপাসিয়ায় ফেইসবুকে ছবি পোষ্ট করাকে কেন্দ্র করে মাহবুব আলম (২৬) কে ছুরিকা ঘাতে গুরুতর আহত করেছে একই গ্রামের মেহেদি (২২) নামের এক যুবক।

এ ঘটনাটি বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে কাপাসিয়া রোডে আজাদ মিয়ার দোকানের সামনে ফেইসবুকে ছবি পোষ্ট করাকে কেন্দ্র করে মাহবুব আলম ও মেহেদী নামের দুই যুবক পাল্টাপাল্টি ছুড়ি দ্বাড়া মারামারিতে দুই জন যুবক মারাত্মকভাবে আহত হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ দুপুরে  মাহাবুব ও মেহেদী ফেইসবুকে ছবি পোষ্ট করাকে কেন্দ্র করে কথা কাটা কাটি হয়। এক পর্যায়ে হাতা হাতির ঘটনা ঘটে পরেদুই জনেই ধারালো ছুড়ি দিয়ে মারা মারি শুরু করে পরে মাহবুব আলম ও মেহেদী দুই জনেই আহত হয়।

তারপর এলাকাবাসীর সহযোগিতায় দুই জনকে পূর্বধলা স্ব্যাস্ব্য কম্পেক্সে পাঠানো হয়েছে। পরে তাদের দুই জনের অবস্থার অবনতি দেখে কর্ত্যব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পাঠান।

এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এখনো কোন লিখিত অভিযোগ পাইনি, পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ পরমাণু অস্ত্র বহনে সক্ষম এক নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন সংকটকে কেন্দ্র করে পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার উত্তেজনা যখন তুঙ্গে তখন এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হলো।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরখাঞ্জেলক্স অঞ্চলের প্লেসেতস্ক প্রদেশের একটি লাঞ্চার থেকে মস্কো-সময় বুধবার বিকাল সোয়া ৩টায় প্রথমবারের মতো ‘সারমাত’ নামের ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। ওই মন্ত্রণালয় বলেছে, ক্ষেপণাস্ত্রটি প্রায় ৬,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরীয় কামচাটকা উপত্যকায় নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

এদিকে প্রেসিডেন্ট পুতিন এক টেলিভিশন ভাষণে সারমাতের সফল উৎক্ষেপণে সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এটিকে রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের ‘বিশাল ও উল্লেখযোগ্য ঘটনা’ বলে উল্লেখ করেছেন।

এছাড়া কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে রাশিয়ার এই ক্ষেপণাস্ত্রকে ঠেকানো যাবে না উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট বলেন, এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ব্যবস্থা আবিষ্কারের জন্য শত্রুকে যুগ যুগ ধরে সাধনা করতে হবে। পার্সটুডে।

শ্রীমঙ্গলে পিকআপ ভ্যান গাছের সাথে ধাক্কায় চালকের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে গাছের সঙ্গে ধাক্কা লেগে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. সুজন (২০)। তিনি নেত্রকোনা সদরের বাসিন্দা। এ ঘটনায় গাড়িতে থাকা আরেকজন গুরুতর আহত হয়েছেন। তবে আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে জানা যায়, ওই পিকআপ ভ্যানে সুজন ও আরেক ব্যক্তি মাছ নিয়ে মৌলভীবাজারে যাচ্ছিলেন। পিকআপ ভ্যানটি ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় পিকআপ ভ্যানটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে স্থানীয় লোকজন পিকআপ ভ্যান থেকে একজনকে গুরুতর আহত অবস্থায় বের করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে পিকআপ ভ্যানের ভেতরে আটকে থাকা চালক সুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. আবু তাহের মিয়া বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়েছিলেন। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন একজনকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন। তবে পিকআপের চালক ভেতরে আটকে ছিলেন। বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে চেষ্টার পর তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

নিউমার্কেটে খুলতে শুরু করেছে দোকান, আসছেন ক্রেতা

সিএনবিডি ডেস্কঃ টানা দুই দিন বন্ধ থাকার পর ফের খুলেছে নিউ মার্কেট। স্বাভাবিক হয়েছে সড়কের যান চলাচল। ক্রেতাদের সমাগমও বাড়ছে ধীরে ধীরে। মার্কেট এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নিউমার্কেট এলাকায় গিয়ে দেখা যায়, কিছু কিছু দোকান খোলা শুরু হয়েছে। বেলা ১১টার পর অনেক দোকান খোলা শুরু করেন ব্যাবসায়ীরা। তবে সব মার্কেটের দোকান এখনো খোলেনি। বন্ধ দোকানগুলোর সামনে কর্মীদের অবস্থান লক্ষ করা গেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বুধবার (২০ এপ্রিল) গভীর রাতে এক বৈঠকে ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও দোকানকর্মীদের মধ্যে সমঝোতা হয়েছে। এতে সাড়ে তিন ঘণ্টা বৈঠকে বৃহস্পতিবার সকাল থেকে দোকান খোলার সিদ্ধান্ত হয়। এর ভিত্তিতে আজ নিউ মার্কেটের দোকানগুলো খুলতে শুরু করেছে।

উল্লেখ্য,  গত সোমবার (১৮ এপ্রিল) রাত ১২টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। টানা দুই দিন ওই এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে একজন ডেলিভারিম্যান ও এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক।

দীর্ঘ চার ঘণ্টা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ভবিষ্যতে যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে গঠন করা হবে মনিটরিং সেল এবং দোষীদের চিহ্নিত করে শাস্তি প্রদান, সংঘর্ষে হতাহতদের জন্য ক্ষতিপূরণসহ, ব্যবসায়ী ও কর্মচারীদের আচরণে শৃঙ্খলা আনতে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।