মুরাদনগরে মসজিদের নামাজের চেয়ার ও দানবাক্সের টাকাসহ নানাবিধ জিনিস চুরি!

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ১৪নং নবীপুর পূর্ব ইউপি মসজিদের দানবাক্সের টাকা, মুসুল্লিদের নামাজের চেয়ার, সিলিং ফ্যান, ইমামের মোবাইল ও টাকাসহ বিভিন্ন স্থানে চুরির ঘটনা ঘটেই চলেছে। যেন থামছেই না চুরি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে নগরপাড় এলাকায় আরাফাত এন্টারপ্রাইজ বসুন্ধরা এলপি গ্যাসের ডিলারের দোকান থেকে ১৬টি চুলা, ১২কেজি ওজনের গ্যাসসহ ৬০টি বোতল তিনটি তালা ভেঙে নিয়ে যায়। এতে ২/৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিক মহসিন মিয়ার কর্মচারী জানিয়েছেন।এ ব্যাপারে ভুক্তভোগী মুরাদনগর থানায় লিখিত অভিযোগ করেছেন। 

এদিকে মাত্র কয়েক দিন আগে গুনজর গ্রামের একমাত্র চলাচলের রাস্তার উপর নির্মিত সেতুর ভাঙ্গা স্থানে দেওয়া জাহাজ কাটা প্লেইটভারটিও নিয়ে যায়। ফলে সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ জেনেও ইট ও মাটির ট্রাক্টর, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে। যানবাহন চলাচলের সময় যেকোনো মুহূর্তে সেতুটি ভেঙে গিয়ে ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। এছাড়াও সম্প্রতি মুরাদনগরের বিভিন্ন স্থানে দোকান চুরির খবর পাওয়া গেছে।

১৪নং নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদ মসজিদের সভাপতি ও কোম্পানীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী জানু মিয়া বলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার,মুরাদনগর সার্কেল এবং মুরাদনগর থানার অফিসার ইনচার্জসহ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই এলাকায় নিরাপত্তা জোরদার কারার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

ওয়াশিংটনকে চীনের প্রতিরক্ষা সক্ষমতা পরীক্ষা না করার হুঁশিয়ারি দিল বেইজিং

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে তাইওয়ানকে তার দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করে বলেছেন, “নিজের স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে চীনের প্রতিরক্ষা সক্ষমতা কতটা শক্তিশালী তা যেন ওয়াশিংটন পরীক্ষা করতে না আসে”।

গতকাল বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে এক টেলিফোনালাপে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

টেলিফোনালাপে চীনা প্রতিরক্ষামন্ত্রী বলেন, তাইওয়ান চীনের অংশ এবং এই বাস্তবতায় পরিবর্তন আনার সাধ্য কারো নেই। চীনা সেনাবাহিনী যেকোনো মূল্যে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে এবং এ কাজে এই বাহিনীর দক্ষতাকে উপেক্ষা করা আমেরিকার উচিত হবে না।

তিনি আরো স্পষ্ট করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে বলেন, অগ্রহণযোগ্য উপায়ে তাইওয়ান সমস্যা সমাধানের চেষ্টা করা হলে তা ওয়াশিংটন-বেইজিং সম্পর্কের ওপর ধ্বংসাত্মক প্রভাব ফেলবে। তিনি চীনকে হুমকি দেয়ার উপকরণ হিসেবে ইউক্রেন সংকট ব্যবহার করার ব্যাপারেও আমেরিকাকে সতর্ক করে দেন।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন চীনের ব্যাপারে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি অনুসরণ করছে। চীন যখন তার সীমান্তসংলগ্ন দ্বীপ তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করছে তখন বাইডেন প্রশাসন তাইওয়ানকে কোটি কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করছে।

মেয়ের নাম জানালেন নিক-প্রিয়াংকা

বিনোদন ডেস্কঃ অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেদের মেয়ের কী নাম রেখেছেন তা এবার প্রকাশ করলেন নিক-প্রিয়াংকা দম্পতি। নিক-প্রিয়াংকার প্রথম সন্তানের নাম মালতি মারি চোপড়া জোনাস।

এর আগে, চলতি বছরের জানুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে বাবা-মা হয়েছিলেন নিক-প্রিয়াংকা দম্পতি।  ১৫ জানুয়ারি সান দিয়াগোর এক হাসপাতালে জন্ম হয়েছে নিক-প্রিয়াংকার মেয়ের।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর ২২ জানুয়ারি যৌথ ইনস্টাগ্রাম পোস্টে সারোগেসির মাধ্যমে সন্তানসুখ লাভের কথা প্রকাশ্যে এনেছিলেন ‘প্রিনিক’ জুটি। তবে সন্তানের লিঙ্গ পর্যন্ত ফাঁস করেননি তারা। যদিও পরবর্তী সময়ে প্রিয়াংকার বোন মিরা চোপড়া জানান, মেয়ের মা হয়েছেন অভিনেত্রী।

এবার হলিউডের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রিয়াংকা চোপড়া তার মেয়ের নাম রেখেছেন মালতি মারি চোপড়া জোনাস। রাতে বার্থ সার্টিফিকেট হাতে এসেছে ওই সংস্থার, এমনটিই দাবি করেছেন তারা।

জানা গেছে, রাত ৮টার পর জন্ম হয় মালতি মারির। সংস্কৃত এবং লাতিন দুই শব্দ মিশিয়ে মেয়ের নাম রেখেছেন নিক-প্রিয়াংকা। সংস্কৃতে ‘মালতি’ শব্দের অর্থ হলো-এক রকম সুগন্ধযুক্ত ছোট সাদা ফুল অথবা চাঁদের আলো। অন্যদিকে মারি শব্দের অর্থ সমুদ্রকে রক্ষা করে যে নারী, মূলত ভার্জিন মেরিকে অনেক সময় এই আখ্যা দেওয়া হয়। মারি নামের সঙ্গে বাইবেলের যোগও রয়েছে। যিশুর মাতা মেরিকে ফ্রেঞ্চে ‘মারি’ বলা হয়।

যদিও আনুষ্ঠানিকভাবে মেয়ের নাম বা ছবি কোনোটাই প্রকাশ্যে আনেননি তারকা জুটি।

লালমনিরহাটের কালীগঞ্জে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধিঃ জেলার কালীগঞ্জে আইয়ুব আলী (৪১) নামে এক বিকাশ এজেন্ট ব্যবসায়ীকে গলা কেটে টাকা পয়সাসহ সব কিছু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর- বত্রিশহাজারি মৌজার চাপারহাট থেকে সোনারহাট গামী বাইপাস সড়কের কুঠিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী উপজেলার চলবলা ইউনিয়নের হরিশ্বর গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি চাপারহাটের বিদেশি মার্কেটের একজন বিকাশ এজেন্ট ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী। 

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে,রাত দেড়টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আইয়ুব আলী। পথিমধ্যে তার পথরোধ করলে তিনি চিৎকার করেন। এ সময় দুর্বৃত্তরা তাকে জবাই করে টাকা-পয়সা ও মোবাইল নিয়ে চলে যায়। চিৎকারশুনে এলাকাবাসী লাইট নিয়ে এগিয়ে গেলে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বড় রামদা ও মরদেহ উদ্ধার করেন।

উক্ত ঘটনার বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল বলেন, স্থানীয়দের খবরে ফোর্স নিয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে দেশীয় অস্ত্র ও মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে আইয়ুব আলীকে হত্যা করা হয়েছে তা এখনো বলা যাচ্ছে না। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

তারবিহীন ঢাকা নগরী স্বপ্নের দ্বারপ্রান্তে!

সিএনবিডি ডেস্কঃ পাল্টে যাচ্ছে রাজধানীর বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা। ঝুলন্ত তারের সনাতন পদ্ধতি বদলে দিতে শুরু হয়েছে ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন নির্মাণ ও সম্প্রসারণের কাজ। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে ঢাকার দুটি ভিআইপি সড়কের সব বৈদ্যুতিক তার মাটির নিচে নেয়া সম্ভব হবে বলে জানাচ্ছে বিতরণ সংস্থা ডিপিডিসি।

আমূল পরিবর্তন আসছে রাজধানীর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায়। পুরো ঢাকায় খুঁটিতে ঝুলন্ত তারের বদলে এখন মাটির নিচ দিয়ে যাবে বিদ্যুৎ লাইন। ঢাকায় ‘আন্ডারগ্রাউন্ডে বিদ্যুৎ সরবরাহ’ চলতি বছরের ১ জানুয়ারি শুরুও হয়েছে। এর ফলে তেজগাঁওয়ের মণিপুরী পাড়ায় আন্ডারগ্রাউন্ড ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎসংযোগ দেওয়া হচ্ছে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি-ডিপিডিসি’র দুটি প্রকল্পের কাজে করোনার কারনে এতদিন ধীরগতি থাকলেও, তা জোরেশোরেই শুরু হয়েছে করোনার পর। বর্তমানে নির্ধারিত রুটগুলোর প্রধান সড়কের দু’পাশে হরাইজোন্টাল ড্রিলিং ড্রাইভের কাজ চলছে।

আন্ডারগ্রাউন্ড হাইভোল্টেজ ক্যাবলিং নেটওয়ার্ক গড়ে তুলে ভূগর্ভস্থ লাইনের সাহায্যে গ্রিড সাবস্টেশন থেকে গ্রাহক পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হবে। কয়েকটি ধাপের হবে কাজটি এবং প্রথম ধাপে ২৯ কিলোমিটার ভূগর্ভস্থ লাইন নির্মাণ করা হবে। রুটটি গাবতলী থেকে আজিমপুর এবং জাহাঙ্গীর গেট থেকে বঙ্গভবন পর্যন্ত বিস্তৃত থাকবে।

জাহাঙ্গীর গেট থেকে ফার্মগেট পর্যন্ত আধুনিক রিং মেইন ইউনিট, আরএমইউ, লো-টেনশন ডিস্ট্রিবিউশন বক্স এবং কিয়স্ক ট্রান্সফরমার বসানো হচ্ছে। এরই মধ্যে ২০টি আরএমইউর মধ্যে ১৩টি এবং ২৪টি এলটিডিবির মধ্যে ১০টির ভিত্তি স্থাপনের কাজ শেষও হয়েছে। এ বছরের জানুয়ারিতেই চালু হয়েছে ফার্মগেটের এ আরএমইউ স্থাপনাটি।

এ বিষয়ে বিতরণ সংস্থা ডিপিডিসির মাধ্যমে জানা যায়, আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কিংয়ের মাধ্যমে উন্নত ব্যবস্থাপনা স্থাপন করা হচ্ছে। এর ফলে রাস্তার পাশে বৈদ্যুতিক তারের ঝুঁকি কমবে। সেই সঙ্গে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। সবকিছু ঠিক থাকলে ২০২৩ সাল নাগাদ গাবতলী-আজিমপুর ও জাহাঙ্গীর গেট-বঙ্গভবন রুটের কাজ শেষ হবে।

এর আগে গত ১ জানুয়ারি রাজধানীতে প্রথমবারের মতো তেজগাঁওয়ের মণিপুরী পাড়ার আন্ডারগ্রাউন্ডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রাঙ্গণের একটি বিদ্যুৎ উপকেন্দ্র থেকে এই সংযোগ দেওয়া হয়েছে।

প্রথম পর্যায়ে ধানমন্ডিকে স্মার্ট গ্রিডের আওতায় আনা হয়েছে। এতে পাঁচটি সাবস্টেশন করা হয়েছে। এ ব্যবস্থায় যদি একটা লাইন বন্ধ হয়ে যায় তবে অন্য একটি লাইন থেকে অটোমেটিক বিদ্যুৎ চলে আসবে। এটা শেষ করার কথা এ বছরে থাকলেও বাস্তবে রূপ দিতে বিস্তারিত পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। আশা করা যায় ২০২৩-এর ডিসেম্বরের মধ্যে এটা শেষ করা সম্ভব।

উল্লেখ্য, পুরো ঢাকাকে ২০২৫ সাল এবং শিল্পনগরী নারায়ণগঞ্জে এই কাজ শেষ করতে ২০৩০ সাল পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিতরণ সংস্থার নীতিনির্ধারকরা। 

বিশুদ্ধ খাদ্য আদালত’ এর উদ্বোধন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সাধারণ মানুষের নিরাপদ খাদ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে মৌলভীবাজারে ‘‌‌‌‌‍বিশুদ্ধ খাদ্য আদালত’ এর উদ্বোধন করা হয়েছে।   বুধবার (২০ এপ্রিল) মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান এই আদালতের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জগলুল হক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম মুমিনুন্নিসা খানম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম হোসনে আরা বেগম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এ. এস. এম আজাদুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক বদরুল হোসেন ইকবাল, জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. সামছুল আরেফিন, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক দীপঙ্কর ব্রহ্মচারী, কোর্ট পুলিশ পরিদর্শক মো. ইউনুছ মিয়া।

উদ্বোধন শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান মহোদয়ের নির্দেশনায় ‘‌‌‌‌‍বিশুদ্ধ খাদ্য আদালত’ অভিযান পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জগলুল হক। এতে সহযোগিতা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান, জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. সামছুল আরেফিন, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক দীপঙ্কর ব্রহ্মচারী, জেলা পুলিশ প্রশাসন ও আদালতের কর্মচারীরা।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান বলেন, মানুষের মৌলিক অধিকার রক্ষায় ভেজাল খাদ্য নিয়ন্ত্রণে ‘‌‌‌‌‍বিশুদ্ধ খাদ্য আদালত’ নিয়মিত পরিচালনা করা হবে।

লোহাগাড়ায় ভেঙ্গে পড়া গাছ সরাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতাঃ চট্টগ্রামের লোহাগাড়ায় কাল বৈশাখীর ছোবলে পড়ে ভেঙ্গে যাওয়া গাছ কাটতে গিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মুহাম্মদ জিল্লুর রহমান (৪২)। সে উপজেলার চুনতি ইউনিয়নের নারিশ্চা দক্ষিণ পাড়া এলাকার  ওলা মিয়ার পুত্র। ২০ এপ্রিল (বুধবার) সকাল এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ইউপি সদস্য মুুহাম্মদ তৈয়ব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার চুনতি ইউনিয়নের বড়ুয়া পাড়া জাতি মুড়া এলাকায় কাঠ ব্যবসায়ী জিল্লুর রহমান তার ক্রয়কৃত গাছগুলো বুধবার বৈশাখী তান্ডব শেষে দেখতে যান। ওই সময় তার ক্রয়কৃত কয়েকটি গাছ ভেঙ্গে পড়ে যায়। তখন ভেঙ্গে যাওয়া গাছ তাকে জোরে শোরে চাপা দিলে সে মাটিতে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রাণীশংকৈলে পুকুরে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর ঝাড়বাড়ি গ্রামের একটি পুকুর থেকে বুধবার ২০ এপ্রিল দুপুরে  এক মানসিক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। মৃত শিশুটির নাম দুর্জয় কর্মকার (৯)। সে গোগর ঝাড়বাড়ি গ্রামের চুনু কর্মকারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্জয়  একজন মানসিক প্রতিবন্ধী। গত মঙ্গলবার ১৯ এপ্রিল  বিকেলে সে বাসা থেকে বেরিয়ে যায়। সন্ধায় বাড়িতে ফিরে না এলে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায় নি। এ নিয়ে ওই রাতেই দুর্জয়ের বাবা রাণীশংকৈল থানায় একটি সাধারণ ডাইরি করেন। পরদিন বুধবার ২০ এপ্রিল  দুপুরে স্থানীয়রা ওই গ্রামের কাতিয়া নামক পুকুরে  দুর্জয়ের লাশ দেখতে পায়। তারা ফোনে রাণীশংকৈল থানা পুলিশের অনুমতি নিয়ে লাশ উদ্ধার করে।

এদিকে মৃত দুর্জয়ের মা তাপসী রাণী  রাণীশংকৈল ও পীরগঞ্জ ফায়ার সার্ভিসের নামে অভিযোগ করে বলেন আমি গতকাল ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দিই কিন্তু তারা শিশুটি পুকুরে পড়ছে কিনা বিষয়টি নিশ্চিত না করলে তারা আসতে পারবে না বলে জানান।

এ ব্যাপারে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসিম ইকবাল বলেন , মৃত দুর্জয় কর্মকারের পরিবার গতকাল ফায়ার সার্ভিস স্টেশনে এসেছিল। তারা শিশুটি নিখোঁজ হবার কথা জানান এবং পুকুরে পড়ার বিষয়টি নিশ্চিত করতে পারেন নি।তাই আমরা ঘটনা ও ঘটনাস্থল নিশ্চিত না হওয়ায় সেখানে যেতে পারিনি।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ সৎকারের অনুমতি দেয়া হয়েছে।

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী রুমেল আহমদ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার সন্ধ্যার পর মূহুর্তে এম সাইফুর সড়কের পুরাতন থানার সামনে এ ঘটনাটি ঘটে।
নিহত রুমেল আহমদ মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বলিয়ারভাগ গ্রামের মাসুদ মিয়ার ছেলে।
স্থানীয়রা বলছে, সন্ধ্যায় শহরের এম সাইফুর রহমান সড়কের নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি যাওয়ার পথে একটি প্রাইভেট কারের সঙ্গে তাঁর মোটরসাইকেল ধাক্কায় দুর্ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের প্যাডে দাপ্তরিক দায়িত্বে থাকা আজিজুল হক সুহেল সাক্ষরিত শোক বার্তা পাঠান মৌলভীবাজার জেলা ছাত্রদলের নিকট।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর শুনেছি। তবে এখনো থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

আগ্রাবাদের কয়েল ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে

সিএনবিডি ডেস্কঃ চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ পানওয়ালা পাড়া এলাকার একটি মশার কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ২১ এপ্রিল সকাল ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ গণমাধ্যমকে বলেন, পানিওয়ালাপাড়ায় একটি মশার কয়েল তৈরির ফ্যাক্টরিতে আগুন লাগার সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরো বলেন, আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।