হাইতিতে বিমান বিধ্বস্তে পাইলটসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্কঃ হাইতিতে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার দেশটির রাজধানী পোর্ট-অব-প্রিন্সের একটি ব্যস্ত রাস্তায় বিমানটি আঁছড়ে পড়লে প্রাণহানির এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ওই বিমানটির পাইলটও রয়েছেন।

রয়টার্স এক প্রতিবেদনে সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানা যায়, গতকাল স্থানীয় সময় বুধবার বিকেল পৌনে ৪টায় পোর্ট-আ-প্রিন্স থেকে বিমানটি জ্যাকমেল শহরের উদ্দেশে যাত্রা করে। পরে মাঝ আকাশে বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয় এবং ত্রুটি দেখা দিলে বিকাল ৪টা ৪ মিনিটে বিপদ সংকেত পাঠানোর একপর্যায়ে সেটি বিধ্বস্ত হয়।

টুইটারে দেয়া এক বার্তায় হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। এই বার্তায় তিনি অবশ্য বিমান বিধ্বস্তের ঘটনায় আহত বা নিহতের কোনো নির্দিষ্ট তথ্য উল্লেখ করেননি।

বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানকার মেয়র জুড এডোয়ার্ড পিয়েরে জানিয়েছেন, হাইতির ক্যারেফোর এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছেন। অন্যদিকে একটি সরকারি সূত্র জানিয়েছে, আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর বিমানটির পাইলট মারা যান।

 

নওগাঁর আত্রাইয়ে লোহার খাঁচায় বন্দি মহাত্মা গান্ধির ভাস্কর্য

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে ভারতীয় জাতির পিতা মহাত্মা গান্ধির ভাস্কর্য নির্মান করা হয়েছে। কিন্তু ভাস্কর্য নির্মানের পর সেখানে লোহার রড দিয়ে খাঁচা বানিয়ে ঘিরে দেয়া হয়েছে। এতে করে দর্শনার্থীরা যেমন ভাস্কর্যটি উপভোগ করতে সমস্যায় পড়ছেন, অন্যদিকে ভাস্কর্যটির সৌন্ধর্য বিনিষ্ট হচ্ছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

জানা যায়, ইংরেজ সামাজ্র্যবাদের নির্যাতনের যাঁতাকলে যখন পিষ্ট ভারতবর্ষবাসী। তাদের জুলুম ও নিপীড়নে অতিষ্ট বিস্তীর্ণ জনপদের মানুষ। সে সময় ইংরেজ বিরোধী আন্দোলনের ডাক দিয়ে জনমনে জায়গা করে নেন ভারতবর্ষের কিংবদন্তি নেতা মহাত্মা গান্ধি। হিন্দু-মুসলিম ভেদাভেদ ভুলে গিয়ে ধর্ম-বর্ণের উর্দ্ধে থেকে তিনি এ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। ইংরেজদের পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহারে জনমত সৃষ্টি করেন। মহাত্মা গান্ধি এ আন্দোলনের ধারাবাহিকতায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ১৯২৫ সালে নওগাঁর আত্রাইয়ে এসেছিলেন তিনি। সে সময় তিনি আত্রাই রেলওয়ে স্টেশন সংলগ্ন তেতুঁলিয়া নামক স্থানের বর্তমান গান্ধী আশ্রমে অবস্থান করে এলাকার অসহায় মানুষদের সহযোগিতা করেন। সেই সাথে এলাকার মানুষকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে তিনি এখানে খদ্দর কাপড় তৈরির তাঁত শিল্প স্থাপন ও খাঁটি সরিষার তেলের জন্য ঘানি স্থাপনসহ অনেক স্মৃতিচিহ্নই গড়ে তোলেন। তৎকালীন সময়ে বানভাসী মানুষদের সহযোগিতা করার লক্ষ্যে তিনি এখানে স্থাপন করেন বঙ্গীয় রিলিফ কমিটি (বিআরসি)। গান্ধি আশ্রম এর পাশেই তেতুঁলিয়া তিন মাথা মোড়ের দক্ষিণ পার্শ্বে ২০২০সালের শুরুর দিকে নওগাঁ – ৬ (আত্রাই- রাণীনগর) আসনের প্রয়াত সংসদ সদস্য ইসরাফিল আলম ও ভারতীয় হাই কমিশনার যৌথ অর্থায়নে মহাত্মা গান্ধির ভাস্কর্য নির্মানের উদ্যোগ নেয়।

ভাস্কর্য নির্মানের দায়িত্ব দেয়া হয় রাজশাহীর ভাস্কর শিল্পী মাহাফুজুর রহমান (ডন) কে। ভাস্কর্য নির্মানে মোট খরচ হয় ৩লক্ষ ৩০হাজার টাকা। এর পর ওই বছরের ২৭জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান এমপি ইসরাফিল আলম। তার পর ২০২১সালের ২অক্টোবর ভাস্কর্য উদ্বোধন করা হয়।

ভাস্কর্যটির উদ্ধোধক ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী। প্রধান অতিথি হিসেবে ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। কিন্তু ভাস্কর্যটি নির্মানের পর চারদিক দিয়ে লোহার রডে ঘিরে দেয়া হয়েছে। যার কারনে ভাস্কর্যটির সৌন্দর্য বিনিষ্ট হচ্ছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। এমন অবস্থায় দ্রুত ভাস্কর্যের চারদিক থেকে লোহার রডের খাঁচা সরিয়ে ফেলে ভাস্কর্যের নিচের অংশে বেদিটি আরো কয়েক ফুট বড় করার জন্য দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা অরুন চন্দ্র সাংবাদিক কে বলেন, প্রতিদিন এখানে অনেক মানুষ আসে মহাত্মা গান্ধির ভাস্কর্য দেখতে কিন্তু মহাত্মা গান্ধির ভাস্কর্যটির চারপাশে এমন ভাবে লোহার রড দিয়ে ঘিরে দেয়া হয়েছে, দেখে মনে হয় চিরিয়াখানার মত। কাজটি ঠিক হয়নি। স্থানীয় প্রশাসনের উচিত ছিল বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার।

নওগাঁর বীর মুক্তিযোদ্ধা, শ্রমিক লীগ নেতা আব্দুর রশিদ বলেন, ১৯২৫ আত্রাই রেলওয়ে স্টেশন সংলগ্ন তেতুঁলিয়া নামক স্থানের বর্তমান গান্ধী আশ্রমে অবস্থান করে এলাকার অসহায় মানুষদের সহযোগিতা করেন ভারতীয় জাতির পিতা মহাত্মা গান্ধি। একই সাথে এলাকাবাসীকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এখানে খদ্দর কাপড় তৈরির তাঁত শিল্প স্থাপন ও খাঁটি সরিষার তেলের জন্য ঘানি স্থাপনসহ অনেক স্মৃতিচিহ্নই গড়ে তোলেন। তৎকালীন সময়ে বানভাসী মানুষদের সহযোগিতা করার লক্ষ্যে তিনি এখানে স্থাপন করেন বঙ্গীয় রিলিফ কমিটি (বিআরসি)। এতো গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির ভাস্কর্য যেন লোহার খাঁচায় বন্ধি। বিষয়টি খুবই দুঃখজনক। প্রয়াত এমপি ইসরাফিল আলম মহাত্মা গান্ধি ও পিসি রায় মেমোরিয়াল হল গড়ে তুলেছিলেন। তারপরই উদ্যোগ নেয় মহাত্মা গান্ধির ভাস্কর্য নির্মানের কিন্তু তিনি কাজটি দেখে যেতে পারেননি। তার উদ্যোগগুলো মহৎ ছিল। বর্তমানে যারা জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন এর দায়িত্বে আছেন তাদের উচিত ভাস্কর্যটির চারপাশের লোহার রড দিয়ে ঘিরে দেয়া খাঁচা সরিয়ে ফেলে আরও কিভাবে ভাস্কর্যটির সৌন্দর্য বিকশিত করা যায় তার উদ্যোগ নেয়ার।

ভাস্কর শিল্পী মাহাফুজুর রহমান ডন এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, এটি সরকারি উদ্যোগে করা হয়নি। সে সময় প্রয়াত এমপি ইসরাফিল আলম সাহেব ও ভারতীয় হাই কমিশনার এর উদ্যোগে ভাস্কর্য নির্মানের কাজ করা হয়েছিল। আর ভাস্কর্যটি নির্মানের দায়িত্ব আমাকে দেয়া হয়েছিল। মোট খরচ হয়েছিল ৩লক্ষ ৩০হাজার টাকার মত। আর যতদূর জানি পরববর্তীতে চারপাশের বসার বেঞ্জ এর কাজ স্থানীয় উপজেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছিল। তখন আমাকে যেভাবে কাজ করতে বলা হয়েছিল, আমি ঠিক সেই ভাবেই কাজটি সম্পন্ন করেছিলাম।

দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভাস্কর্য ও চারপাশের ডিজাইন এর সাথে কি এই কাজের মিল আছে, আর ভাস্কর্যটির চারপাশে যে লোহার রড দিয়ে খাঁচা নির্মান করা হয়েছে এতে করে কি ভাস্কর্যটির সৌন্দর্য বিনিষ্ট হচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে এই ভাস্কর শিল্পী বলেন, হ্যা আমার কাছে মনে হচ্ছে কাজটি ঠিক নয়, তবে যেহেতু রাস্তার পাশে যার কারনে সিকিউরিটির কথা বিবেচনা করে ভাস্কর্যটির চারপাশে ঘিরে দেয়া হয়েছে। উদ্ধোধনের সময় কিন্তু ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটীসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সে সময় এ বিষয়ে তারা কোন মন্তব্য করেননি। তবে যদি স্থানীয় প্রশাসন চায় সেটিকে আরও পরিপাটি করে সৌন্দর্য বর্ধন এর উদ্যোগ নিতে পারেন।

বিষয়টি নিয়ে কথা হলে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মো: ইকতেখারুল ইসলাম বলেন, ভারতীয় জাতির পিতা মহাত্মা গান্ধির ভাস্কর্য নির্মান উপজেলা পরিষদের মাধ্যমে করা হয়নি। প্রয়াত এমপি ইসরাফিল আমল মহোদয় ও ভারতীয় হাই কমিশনার এর পরিকল্পনা ও অর্থায়নে করা হয়েছে। আমরা শুধু কাজটি তদারকি করেছিলাম মাত্র।

চারপাশে লোহার খাঁচা দিয়ে ঘিরে দেয়ার কারনে ভাস্কর্যটির সৌন্দর্য বিনিষ্ট হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখুন ভাস্কর্যটি উদ্বোধনের সময় স্থানীয় জনপ্রতিনিধি ও ভারতীয় সহকারী হাই কমিশনার উপস্থিত ছিলেন। তখন তারা এসব নিয়ে কোন কথা বলেনি। যেহেতু আমরা কাজটির পরিকল্পনার সাথে যুক্ত নয়, সেক্ষেত্রে এ ব্যাপারে মন্তব্য করা উচিত হবে বলে মনে করিনা। যদি আগামীতে ভাস্কর্যটির সৌন্দর্য বৃদ্ধিতে আরও কোন উদ্যোগ নেয়া হয় সেটি একটি পরিকল্পনার বিষয়। তবে, যতদূর জানি নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই হয়তো ভাস্কর্যটির চারপাশে ঘিরে দেয়া হয়েছে।

Uber এখন মৌলভীবাজারে

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলা যেমন চায়ের দেশ তেমনি প্রবাসী ও পর্যটন অধ্যুষিত এলাকায় যাতায়াতে পরিবহন সমস্যা সহজ করতে উবারের যাত্রা শুরু হয়েছে। গত মঙ্গলবার উদ্বোধন করেছে এর মোটরবাইক সার্ভিস। ওইদিন বিকেল থেকেই উবার (Uber) মৌলভীবাজার জেলা শহরে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।

শহরের শাহ মোস্তফা রোড এলাকায় অফিস উদ্বোধন শেষে ওই দিন তাদের মোটরবাইক চালকদের হেলম্যাট ও টি শার্ট উপহার হিসেবে তোলে দেওয়া হয় উবার কর্তৃপক্ষের পক্ষ থেকে। ইতিমধ্যে প্রায় ৫০ জন মোটরবাইক চালক তাদের কোম্পানির নিয়ম মেনে রেজিষ্ট্রেশন করেছেন। এখন তারা মাঠে কাজও করছেন।

উবার মৌলভীবাজার জেলায় সেবা শুরু করাতে অনেক বেকার যুবক ও তরুণদের কর্মসংস্থান হয়েছে ও হবে। উবার জেলা জুড়ে মোটরবাইক নিয়েই তাদের প্রথম যাত্রা শুরু করলো। পরবর্তীতে আসতে চলেছে তাদের প্রাইভেট কার গাড়ি প্রোগ্রাম। মোটরবাইকে প্রতি কিলোমিটার রাখা হচ্ছে ৭ টাকা। তবে তাদের অ্যাপসের প্রমো কোড ব্যবহার করলে থাকছে ২৯ শতাংশ কমিশন। উবার (Uber) ডোর টু ডোর সার্ভিস অ্যাপসের মাধ্যমে হওয়ায় সাশ্রয়ী মূল্যে এবং কম সময়ে মধ্যে যাতাযাত করা যায়। মৌলভীবাজার বাসীর জন্য তাই সুখবর বয়ে আনলো উবার। সাধারণ সেবা গ্ৰহিতা থেকে শুরু করে সকল জনসাধারণের সুবিধার কথা বিবেচনা করে এখন উবারের (Uber) বিকল্প নেই।

বিদ্যালয়ের জায়গা দখলমুক্ত করার দাবিতে নওগাঁয় মানববন্ধন

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় রাণীনগরে বড়খোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী উজ্জল হোসেনের অবৈধভাবে দখল করা বিদ্যালয়ের জায়গা দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বড়খোল গ্রামবাসীর আয়োজনে বুধবার স্কুলের সামনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় শতাধিক মানুষ এই মানববন্ধর ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে।

মানবন্ধনে বক্তারা বলেন, উজ্জল তৎকালীন সময়ে জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে বড়খোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদে চাকুরিতে যোগদান করে। যোগদানের পর থেকেই পেশী শক্তিজোড়ে উজ্জল হোসেন বিভিন্ন অপকর্ম করে আসছে। বর্তমানে আমরা গ্রামবাসী উজ্জলের বিভিন্ন অপকর্মে অতিষ্ঠ। উজ্জল রাতে বিদ্যালয়ে অবস্থান না করা, টয়লেটে শিক্ষার্থী রেখে দরজা বন্ধ রেখে চলে যাওয়া, বিদ্যালয় থেকে বিদ্যুতের লাইন নিজ বাড়িতে নেওয়া, বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ করে বাড়ি নির্মাণ করাসহ বিভিন্ন কর্মকান্ড করে আসছে। স্কুলের জায়গা দখল ও রাস্তার জায়গা নিয়ে পুরো গ্রামবাসীদের সঙ্গে উজ্জল হোসেনের দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছে। আর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বিদ্যালয়ে যাতায়াত করা শিক্ষক ও শতাধিক শিক্ষার্থীদেরকে। এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করতে গেলেই উজ্জল হোসেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যসহ গ্রামের মানুষদের বিরুদ্ধে হয়নারী মূলক মামলা দায়ের করে হয়রানী করে আসছে। বছরের পর বছর প্রশাসন এই সমস্যাগুলো সমাধান করতে পারছে না। যার কারণে প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করতে প্রতিদিনই শত শত শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অতিদ্রুত বিদ্যালয়ে যাতায়াতের জন্য রাস্তা উস্মুক্তকরাসহ উজ্জল হোসেনের বিভিন্ন অপকর্মের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করা হয়।

এসময় বক্তব্য রাখেন বড়খোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ফরিদ উদ্দিন, প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, বড়খোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির উদ্দিন, আব্দুল করিমসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি।

আরো ৩১ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপের আরো ৩১ জন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনে রুশ সামরিক অভিযান নিয়ে পশ্চিমা দেশগুলো রাশিয়ার কূটনীতিক বহিষ্কার করায় পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়া ইউরোপীয় কূটনীতিক বহিষ্কারের পাল্টা পদক্ষেপ নিল মস্কো।

এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেদারল্যান্ডসের ১৫ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে তাদের দুই সপ্তাহ সময় দেয়া হয়েছে।

গত মাসে রাশিয়ার ২১ কূটনীতিককে বহিষ্কারের জবাবে মস্কোতে বেলজিয়াম দূতাবাসের কর্মীদের বহিষ্কার করে তাদেরও দুই সপ্তাহের সময় দিয়েছে মস্কো। ওইসময় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার পরই বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার কূটনীতিক বহিষ্কারের কথা জানায়।

এছাড়া, একই দিনে ইউরোপের আরেক দেশ অস্ট্রিয়ার চার কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করেছে মস্কো। তাদেরকে আগামী রোববারের মধ্যে রাশিয়া ছাড়তে হবে।

সূত্র: পার্সটুডে। 

সন্দ্বীপ চ্যানেলে স্পিডবোট ডুবিতে শিশুর মৃত্যু, নিখোঁজ ৩ শিশু

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া ঘাটের কাছে বৈরী আবহাওয়ার কারণে ২২ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে গিয়েছে। এ ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে ও তিন শিশু নিখোঁজ রয়েছে। এছাড়া এই ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্পিডবোট ডুবির এ ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গুপ্তছড়া ঘাটের ইজারাদার মো. আনোয়ার হোসেন।

দুর্ঘটনায় নিহত শিশুর নাম নুসরাত জাহান আনিকা (১৪)। সে মগধরা ৬ নম্বর ওয়ার্ডের মমতাজ সুকানির বাড়ির আলাউদ্দিনের মেয়ে। এছাড়া নিখোঁজ ৩ শিশু হল-আদিফা, আলিভা ও সৈকত।

সুত্রে জানা গেছে, সকালে ভালো আবহাওয়ার মধ্যেই সীতাকুণ্ড থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসে স্পিডবোটটি। সোয়া নয়টার দিকে গুপ্তছাড়া ঘাটের কাছাকাছি আসার পর ঝড়ের কবলে পড়ে সেটি উল্টে যায়। এরপর তল্লাশ চালিয়ে এক শিশুর লাশ উদ্ধার করা হয়। এক ছেলে শিশুসহ তিনজন এখনও নিখোঁজ রয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, অবৈধ ফিটনেসবিহীন স্পীডবোট ও অদক্ষ চালক আর ঘাট কর্তৃপক্ষের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে। কালবৈশাখী দেখেও কেন স্পিডবোট ছাড়ল তারা এ প্রশ্ন সাধারণ যাত্রীদের।

এদিকে, আহতদের দেখতে ইউএনও ও থানার ওসি বর্তমানে স্বর্ণদ্বীপ হাসপাতালে অবস্থান করছেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।

পুতিন কন্যাদের ওপর এবার কানাডার নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই কন্যা মারিয়া ভরোন্তসোভা (৩৬) ও কাতেরিনা তিখোনোভার (৩৫) ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা। দুই মেয়ে ছাড়াও পুতিনের ১৪ ঘনিষ্ঠজনের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানা যায়। আজ বুধবার (২০ এপ্রিল) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

এক টুইটের মাধ্যমে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনে হামলা চালিয়ে সেখানে যুদ্ধাপরাধ করেছে রাশিয়া। এ জন্য রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। যার অংশ হিসেবে কানাডাও এই পদক্ষেপ নিয়েছে। আরও বলেছে, ইউক্রেনে অবৈধভাবে হামলা চালিয়েছে রাশিয়া। এতে দেশটিতে চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এসব অভিযোগে পুতিনের দুই মেয়েসহ ১৪ জনের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। তাঁদের মধ্যে বেশ কয়েকজন রাশিয়ার অভিজাত ধনী ব্যক্তিও আছেন।

উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্র ও জাপান তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ইউক্রেন রুশ বাহিনীর অভিযানের জেরেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে কানাডা। জানা যায়, মারিয়া পুতিন রাশিয়ার রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত প্রোগ্রামগুলোর নেতৃত্ব দেন। অন্যদিকে, আরেক কন্যা মস্কো স্টেট ইউনিভার্সিটিতে পাবলিক ফান্ডের প্রোজেক্টে কাজ করেন। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা রুশ প্রেসিডেন্ট সাধারণত পরিবার নিয়ে খোলামেলা আলোচনা করতে অভ্যস্ত নন। সাংবাদিকরা প্রশ্ন করলে পরিবারের বিষয়টি সব সময় এড়িয়ে যান পুতিন।

সম্প্রতি আবারও ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা বেড়ে যাওয়ায় কঠোর পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তাদের মিত্র রাষ্ট্রগুলো। রাশিয়ার হামলা অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছেন তারা।

 

কুলাউড়া রেললাইন থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় রেললাইনের ওপর পড়ে থাকা অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৪২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (২০ এপ্রিল) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

এর আগে, মঙ্গলবার রাতে উপজেলার কাদিপুরের গুপ্তগ্রাম এলাকার রেললাইন থেকে রেলওয়ে থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে থানার ওসি শ.ম কামাল হোসেন বলেন, গুপ্তগ্রাম এলাকার রেললাইনে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল হতে রেলওয়ে থানা-পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে ওই অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, ঘটনাটি কখন ঘটেছে তা কেউ বলতে পারেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। তার পর আসল ঘটনার সত্যতা জানা যাবে।

ইউক্রেনের ক্রেমিনা শহরের নিয়ন্ত্রণ নিল রুশ বাহিনী

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রিমিন্না শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে রুশ বাহিনী। শহরটি ছেড়ে ইউক্রেনের সেনারা চলে গেলে রুশ সৈন্যরা গতকাল মঙ্গলবার ক্রেমিনা দখল করে। দু’দিন আগে ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনবাসে নতুন করে সামরিক অভিযান শুরু করেছিল রাশিয়ার সেনাবাহিনী।

ইউক্রেনের লুগানস্ক অঞ্চলের গভর্নর সেরহি গাইদাই বলেছেন, ১৮ হাজার জনসংখ্যা অধ্যুষিত শহর ক্রিমিন্নায় রুশ সেনারা চতুর্মুখী হামলা চালালে শহরটি ছেড়ে যেতে বাধ্য হয় ইউক্রেন বাহিনী। রাজধানী কিয়েভ থেকে ৫৭৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ক্রেমিনা বর্তমানে রুশ সেনাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ইউক্রেনের সেনারা কৌশলগত কারণে পিছু হটে গেলেও তারা নিজেদের অবস্থান শক্তিশালী করে পাল্টা হামলা চালাবে বলে ওই গভর্নর ঘোষণা করেন।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু নয়া অভিযানের কথা নিশ্চিত করে বলেছেন, পূর্ব ইউক্রেন ‘মুক্ত’ করতে চায় মস্কো। পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করার কারণে চলমান সামরিক অভিযান দীর্ঘায়িত হচ্ছে। তাই তিনি রাশিয়ার ইউক্রেন অভিযানে ব্যাপক রক্তপাতের জন্য ওয়াশিংটন ও তার ইউরোপীয় মিত্রদের দায়ী করেন।

উল্লেখ্য, ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার নয়া অভিযান শুরু হওয়ার পর এই প্রথম সেখানকার কোনো শহরের পতন হলো।

মৌলভীবাজার পাসপোর্ট অফিসে দুদকের হানা

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযান পরিচালনাকালে হাতেনাতে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছেন দুদক কর্মকর্তারা। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে শুরু হওয়া হবিগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ শোয়ায়েব হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট অফিসে আগত সেবাপ্রার্থীদের সেবা প্রদানে হয়রানি ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগের প্রেক্ষিতে দুদক, সজেকা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে।

অভিযান পরিচালনাকালে আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিভিন্ন কর্মকর্তা/কর্মচারীদের মোবাইল ফোন এর কল লিস্ট এবং হোয়াটসঅ্যাপের কল লিস্ট ও মেসেজ এর অডিও রেকর্ড পর্যালােচনা করা হয়। মেসেজ ও রেকর্ড পর্যালােচনা একজন একাউন্টেন্ট ও চারজন আনসার সদস্যের মােবাইলে বহিরাগতদের সাথে যােগাযােগ ও টাকা লেনদেনের মেসেজ ও কল রেকর্ড পাওয়া যায়।

অভিযান পরিচালনাকালে পাসপোর্ট অফিসে প্রবেশমুখে আনসার সদস্য হানিফের নিকট একজন সেবা গ্রহীতার রেকর্ডপত্র পাওয়া যায়। তাৎক্ষণিক অভিযানে পাসপোর্ট অফিসের কর্মচারী ও আনসার সদস্যদের সাথে বহিরাগতদের যােগাযােগ ও টাকা লেনদেন সংক্রান্ত বিভিন্ন অনিয়ম রয়েছে মর্মে প্রতীয়মান হয়। দায়ীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর উপস্থাপন করবে এনফোর্সমেন্ট টিম।