গাজায় বিমান হামলা চালালো ইসরাইল

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ গাজায় গতকাল মঙ্গলবার ভোরে খান ইউনিস এলাকার কয়েকটি স্থানে একাধিক জঙ্গিবিমানের সাহায্যে বোমা বর্ষণ করেছে দখলদার ইসরাইল। ফিলিস্তিনের বিভিন্ন সূত্র এ তথ্য জানিয়েছে।

তবে ইহুদিবাদী ইসরাইলি সূত্রগুলো দাবি করেছে, গাজা উপত্যকার পার্শ্ববর্তী ইহুদি উপশহরগুলোতে গতরাতের রকেট হামলার জবাবে বোমাবর্ষণ করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি বায়তুল মুকাদ্দাসে আল-আকসা মসজিদসহ এর আশেপাশের এলাকায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলা বেড়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো হামলা বন্ধের দাবি জানিয়ে আসছে। একইসঙ্গে তারা পাল্টা পদক্ষেপ নেওয়ার হুমকি দিচ্ছে। গত রমজানেও ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের ওপর হত্যা-নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছিল। এর ফলে সংঘর্ষ পূর্ণমাত্রার এক যুদ্ধে রূপ নেয়।

সপ্নের পদ্মা সেতুতে ল্যাম্পপোস্ট বসানোর কাজ শেষ হয়েছে

সিএনবিডি ডেস্কঃ সপ্নের পদ্মা সেতুতে ল্যাম্পপোস্ট বসানোর কাজ শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গেল সোমবার সন্ধ্যায় সেতুর ৩৬তম স্প্যানে বসানো হয় সর্বশেষ ল্যাম্পপোস্টটি। এর মধ্যে দিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুতে বসে গেল মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট। এসব ল্যাম্পপোস্ট রাতের বেলায় আলোকিত করবে সেতু।

প্রকৌশল বিভাগ সূত্র থেকে জানা যায়, ৪১৫টি ল্যাম্পপোস্টের মধ্যে মূল সেতুতে ৩২৮টি এবং দুই প্রান্ত মাওয়া ও জাজিরা ভায়াডাক্টে ৮৭টি রয়েছে। একটি থেকে আরেকটি ল্যাম্পপোস্টের দূরত্ব প্রায় ৩৮মিটার। ল্যাম্পপোস্টগুলো চীনের তৈরি। প্রতি ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে ঝড় হলেও এসব ল্যাম্পপোস্টের কোনো ক্ষতি হবে না। প্রতিটি পোস্টের ওজন ২৭৫ কেজি ও দৈর্ঘ্য ১১ দশমিক ২ মিটার। প্রতিটি ল্যাম্পপোস্টে বসানো হবে ১৭৫ ওয়াটের এলইডি বাল্ব। পরবর্তীকালে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।

এর আগে গত বছরের ২৫ নভেম্বর মাওয়া প্রান্তে সেতুর ভায়াডাক্টে পরীক্ষামূলক ও গত ৯মার্চ শরীয়তপুরের জাজিরা প্রান্তে মূল সেতুর ৪০ নম্বর স্প্যানে পুরোধমে ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল।

এদিকে পদ্মা সেতু প্রকল্পের এখন পর্যন্ত সার্বিক অগ্রগতি ৯২ শতাংশ। আর মূল সেতুর কাজ এগিয়েছে ৯৭ শতাংশ। অর্থাৎ মূল সেতুর কাজ বাকি আর মাত্র ৩ শতাংশ।

উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ ডিসেম্বর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হতে থাকে সেতু। চলতি ২০২২ সালের জুন মাসে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে।

নেত্রকোণায় আটপাড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার যৌথ সভা অনুষ্ঠিত

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করার লক্ষ্যে ট্রান্সফোর্স কমিটি, বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ ও সাংবাদিকদের সাথে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় আটপাড়া উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, অফিসার ইনচার্জ জাফর ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু, আওয়ামী লীগ নেতা মো: সুলতান উদ্দিন আহমেদ, দুওজ ইউ.পি চেয়ারম্যান মো: সায়েদুল হক তালুকদার, মো: শাহজাহান কবীর, বীর মুক্তিযোদ্ধা মো: সুলতান উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা, সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, ইউ.পি চেয়ারম্যন অখিল চন্দ্র দাস, মো: আব্দুস সাত্তার, মো: শাহজাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মেসখাতুর রহমান, যুবলীগ সাধারণ সম্পাদক মো: রোকনউজ্জামান রোকনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিগণ প্রমূখ।

শ্রীমঙ্গলে অন্তজালায় মামলা ও মিথ্যা অপপ্রচারের অভিযোগ

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অপপ্রচার এবং হয়রানি মামলার প্রতিবাদে গণমাধ্যম কর্মীদের কাছে এক প্রতিবাদ লিপি প্রদান করেন কলেজ রোডের বাসিন্দা মোঃ আজহার চৌধুরীর ছেলে মোঃ আশফাক চৌধুরী রিয়াম (৩২)।

তিনি উক্ত প্রতিবাদ লিপিতে আরো উল্লেখ করেন, আমার পরিবার শ্রীমঙ্গল শহরের বিগত ৪০ বছর যাবত সুনামের সাথে বসবাস করে আসছি। গত ২০১২ সালে পড়াশোনার জন্য যুক্তরাজ্যে গমন করি এবং ২০১৬ সালে পড়াশোনা শেষ করে দেশে আসি। দেশে ফিরে এসে আমার নিজস্ব মূলধন দিয়ে চায়ের ব্যবসার সাথে জড়িত হ‌ই। এমতাবস্থায় চায়ের ব্যবসা প্রসারের লক্ষ্যে ২০১৭-১৮সালে আমার সাথে ব্যবসায়িক অংশীদার হিসেবে যোগাযোগ করেন ঢাকার ধানমন্ডি এর ১৭৮ নং বাড়ির বাসিন্দা আজগর আলীর মেয়ে আফরোজা আক্তার পাপিয়া (৩২) উনার সাথে এশিয়ান বাংলা ফুড এন্ড প্রোডাক্টস্ নামে একসাথে ব্যবসা পরিচালনা করে গত ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত লাভের অংশ ভাগাভাগি করি। পরিশেষে ২০২০ সালের মে মাসে উভয়েই অংশীদারের ব্যবসা নিষ্পত্তির লক্ষ্যে শ্রীমঙ্গল থানায় একটি সালিশি বৈঠকের আয়োজন হয়। উক্ত সালিশি বৈঠকে উভয় পক্ষের সমঝোতার লক্ষ্যে যারা উপস্থিত ছিলেন তাঁরা হলেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুর হক, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (সাবেক) আব্দুস সালেক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, শ্রীমঙ্গল থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাজ্জাদ রহমান সাজু,  ব্যবসায়ী সমিতির সদস্য আমির হোসেন, আমজাদ হোসেন বাচ্চু, দেওয়ান তাজুল ইসলাম, আল আমিন, মিল্লাদ হোসেন সহ প্রমুখ।

উক্ত সালিশের সিদ্ধান্ত মোতাবেক একটি দলিল লিপিবদ্ধ হয়। এতে উল্লেখ ছিল যে আমি আশফাক চৌধুরী রিয়াম মোট ২৪ লক্ষ টাকা পরিশোধ করব। উক্ত বিচারকগণের রায় মেনে নিয়ে আমি গত ১২-১০-২০২০ তারিখে ৫ লক্ষ টাকা উক্ত সালিশের বিচারকগণের উপস্থিতিতে পরিশোধ করি এবং ২০-১১-২০২০ তারিখে আরও ৭ লক্ষ টাকা যার চেক নাম্বার E0103554 পরিশোধ করি এন.সি.সি. ব্যাংক শ্রীমঙ্গল শাখার মাধ্যমে। পরবর্তীতে অবশিষ্ট ১২ লক্ষ টাকা পরিশোধ করার সময়ে দেশে আবারো মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেরি হয়। কিন্তু এই বকেয়া ১২ লক্ষ টাকা পরিশোধ করতে আমি কখনো অস্বীকার করিনি। এমতাবস্থায় মহামারীর কারণে অবশিষ্ট ১২লক্ষ টাকার চেকের তারিখ অনুযায়ী দিতে বিলম্ব হলে  আফরোজা আক্তার পাপিয়া ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করেন। আর মামলা নং ১৪০/২১ যা এখনো চলমান N-9 Act ১৩৮ ধারায়। পরে আফরোজা আক্তার পাপিয়া আবারো ৬-৪-২০২২ তারিখে ঢাকা বিমানবন্দর থানায় উক্ত বিষয়ে আরো একটি মিথ্যা মামলা দায়ের করে একটি কুচক্রী মহলের সাথে জড়িত হয়ে আফরোজা আক্তার পাপিয়া ভুল ঠিকানা দিয়ে আমার নামে সমন জারি করে প্রতিহিংসা করে এরেস্ট ওয়ারেন্ট বের করে যা খুবই দুঃখজনক। পরবর্তীতে মহামান্য আদালত বিবেচনা করে আমার জামিন মঞ্জুর করেন।

পরিশেষে আমি বলতে চাই এই কুচক্রী মহল বিভিন্ন সামাজিক মাধ্যমে আমার ছবি সহকারে এক কোটি টাকা আত্মসাত করেছি বলে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে যার আদৌ কোনো প্রমাণ নেই‌। যারা এই নেক্কার জনক এবং মিথ্যা মামলার পক্ষে আমাকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছেন তাদের বিরুদ্ধে অতিশিগ্রই আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমি আপনাদের মাধ্যমে স্থানীয় প্রশাসনসহ সকল বিবেকবান ব্যক্তিদের নিকট সহযোগিতা কামনা করছি যারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তাদের বিরুদ্ধে সোচ্চার হবেন।

আফরোজা আক্তার পাপিয়া আপনার প্রতি এতো ক্ষিপ্ত কেনো সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসফাক চৌধুরী রিয়াম বলেন, আসলে উনার সাথে শুধু আমার ব্যবসায়িক সম্পর্ক ছিল না তার সাথে সাথে ছিল একটি সুন্দর বন্ধুত্বের সম্পর্ক। যা অল্পদিনে অনেক দূর পর্যন্ত পৌঁছে যায় এবং আমরা সিদ্ধান্ত নেই এই সম্পর্কটাকে একটি সুন্দর নাম দেবো। কিন্তু পরবর্তীতে বিভিন্ন সূত্রের মাধ্যমে আমি জানতে পারি আফরোজা আক্তার পাপিয়া কেবলমাত্র আমার সাথে সম্পর্ক নয় ইতিপূর্বে অনেকের সাথেই তার এরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং ছিলো। আর এই পরিপেক্ষিতে আমি আমার পরিবারকে অন্যত্র পাত্রী দেখতে বলি এ খবর জানতে পেরে সে আমার প্রতি ক্ষিপ্ত হয় এবং আমাকে দেখে নেওয়ার হুমকি প্রদান করে। তাই আমি এমন হুমকির পর তার সাথে সকল ধরনের ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করি।  আর তারই পরিপ্রেক্ষিতে উনি ও একটি কুচক্রী মহল আমার সম্মানহানির জন্য উঠে পড়ে লেগেছে। এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। অদূর ভবিষ্যতে আমি আশংকা করছি এই রকম আরো নানাবিধ অপপ্রচার চালাবেন আমার বিরুদ্ধে।

এ ব্যাপারে উক্ত সালিশের বিচারকগণের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে উনারা আমাদের জানান আমরা এই বিষয়ে অবগত আছি। এবং আশফাক চৌধুরী রিয়াম ঐ দিনের সালিশের সিদ্ধান্ত মোতাবেক কাজ করছিলেন। সিদ্ধান্ত পালনে এতে তার কোন প্রকার গাফিলতি ছিলো না।

অবশেষে পাকিস্তানে নতুন মন্ত্রিসভা সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্কঃ অনেক জল্পনা-কল্পনা শেষ করে অবশেষে শপথ নিলেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মন্ত্রিসভার সদস্যরা। গতকাল মঙ্গলবার পাকিস্তানের প্রেসিডেন্টের বাসভবন আইওয়ান-ই-সদরে এই শপথ অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে ৩১ জন ফেডারেল মন্ত্রী, ৩ জন রাজ্য মন্ত্রী ও প্রধানমন্ত্রীর ৩ জন উপদেষ্টার শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন।

ডনের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গত সোমবার দিবাগত রাত সাড়ে ৮টায় পাকিস্তানের নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ নেওয়ার কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় প্রেসিডেন্টের কার্যালয়ে যোগাযোগ করার পর প্রেসিডেন্ট শপথ পড়াতে অপারগতার কথা জানানোর পরে শপথগ্রহণের দিন পিছিয়ে দেওয়া হয়। তবে তার অনুপস্থিতিতে সাদিক সানজারানি নতুন মন্ত্রীদের শপথ করান।

প্রসঙ্গত,  ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের এক সপ্তাহ পর নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মন্ত্রিসভা শপথ নিলো। এই মন্ত্রিসভায় রয়েছে ৩১ ফেডারেল মন্ত্রী, ৩ রাজ্যমন্ত্রী এবং ৩ উপদেষ্টা। এর আগেই মন্ত্রিসভার তালিকা প্রকাশ করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

পাকিস্তানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মন্ত্রিত্ব বণ্টন নিয়ে জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজলের (জেইউআই-এফ) সঙ্গে সরকারের মতবিরোধ রয়েছে। তারা মন্ত্রিসভায়ও থাকতে চাচ্ছে না। তবে সরকারের মিত্র হয়ে থাকবে বলে জানা গেছে। এ কারণে শেষ মুহূর্তে কিছুটা চাপ সৃষ্টি হয়েছে। এর আগে রবিবার মন্ত্রিসভা গঠন নিয়ে জোটের শরিকদের সঙ্গে বৈঠক করেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ। বৈঠকে ছিলেন বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি) ও বেলুচিস্তান ন্যাশনাল পার্টির প্রতিনিধিরাও।

 জানা যায়, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি তার প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার করেছেন। এর আগে জোটের ‘গ্যারান্টর’ হিসেবে মন্ত্রিত্ব বণ্টনে শরিকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। নতুন সরকারের সম্ভাব্য তথ্যমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব বলেন, পিএমএল-এন ১৪টি ও পিপিপি ১১টি মন্ত্রণালয় পাবে। জেইউআই-এফ এবং মুত্তাহিদা কওমি মুভমেন্টসহ (এমকিউএম) জোটের সব শরিককে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পিএমএল-এনের মুখপাত্র জানান, প্রতিরক্ষা, অর্থ, স্বরাষ্ট্র, আইন ও বিচার, রেলওয়ে, তথ্য, জ্বালানি, পরিকল্পনা ও যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে রাজি তারা।

সব প্রতিকূলতার মধ্যেও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ : তথ্যমন্ত্রী

রাজনীতি ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, আজকে সব প্রতিকূলতার মধ্যেও জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের নেতৃত্বে দেশ যে এগিয়ে যাচ্ছে সেটি তুলে ধরবেন। সরকারের সমালোচনা করুন, অর্জনগুলোও তুলে ধরুন। এটি আপনাদের কাছে আমার বিনীত নিবেদন।

গতকাল সোমবার (১৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ‘চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম’ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের বিবেক। সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে সমাজকে সঠিক পথে প্রবাহিত করতে পারেন। সমাজের তৃতীয় নয়ন খুলে দিতে পারেন। ভুল তুলে ধরে দায়িত্বশীলদের আরও দায়িত্ববান করতে পারেন।

ড. হাছান মাহমুদ বলেন, স্বাধীনতা আদায়ের আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতার সংগ্রাম সব কিছুতেই সাংবাদিকদের অসামান্য অবদান ছিল। স্বাধীনতার পরবর্তী সময়েও দেশ গঠনে সাংবাদিকরা ভূমিকা রেখেছেন।

দেশে নানাভাবে অস্থিরতা তৈরি করার অপচেষ্টা হচ্ছে বলে দাবি করে হাছান মাহমুদ বলেন, আজ সমগ্র পৃথিবীতে অস্থিরতা বিরাজ করছে। করোনা পরবর্তী সময়ে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অস্থিরতা তৈরি হয়েছে। এ অস্থিরতার সুযোগ নিয়ে বাংলাদেশে নানাভাবে অস্থিরতা তৈরি করার অপচেষ্টা হচ্ছে। গেল দুই-তিনদিন আগে বিশ্ব ব্যাংক একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে বলেছে, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে বাংলাদেশে দারিদ্র্য কমেছে শূন্য দশমিক ৬ শতাংশ। করোনা মোকাবিলা করে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। এই বিষয়গুলো আপনারা দয়া করে তুলে আনবেন। কারণ মানুষকে যদি আমরা ক্রমাগতভাবে হতাশাগ্রস্ত করি মানুষ স্বপ্ন দেখবে না। স্বপ্নহীন মানুষের যেমন কোন কিছু অর্জন করার তাগাদা থাকে না, স্বপ্নহীন জাতিরও কোন কিছু অর্জন করার তাগিদা থাকে না। তা আপনারা জানেন যেহেতু সমাজের বিবেক হিসেবে কাজ করেন। সমাজকে সঠিক খাতে প্রবাহিত করার ক্ষেত্রে আপনাদের ভূমিকা অতন্ত গুরুত্বপূর্ণ সেজন্য দায়িত্বশীলদের ভুল-ত্রুটি আপনারা তুলে ধরবেন। সমাজে যা কিছু ঘটছে সেগুলোও উঠে আসবে।

উল্লেখ্য, চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের সভাপতি শাহিনুল আলম চৌধুরীর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের সাংবাদিকরা।

অনিবার্য কারণে ঢাকা কলেজের সব ক্লাস-পরীক্ষা ‘স্থগিত’

সিএনবিডি ডেস্কঃ রাজধানীর নিউমার্কেট ও আশপাশের এলাকার ব্যবসায়ীদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষের পর অনিবার্য কারণ দেখিয়ে আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ। গতকাল সোমবার দিবাগত রাত ৪টায় ঢাকা কলেজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে অধ্যক্ষের বরাতে এ ঘোষণা দেওয়া হয়।

কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে ওই এ ঘোষণায় বলা হয়, “অনিবার্য কারণে ১৯ এপ্রিল ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হলো। শিক্ষকদের ১৯ এপ্রিল সকাল ১০টার মধ্যে কলেজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।”

প্রসঙ্গত, রাজধানীর নিউমার্কেট এলাকায় গত রাত ১২টার দিকে ‘কথা-কাটাকাটির জেরে’ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় দুই শিক্ষার্থী ও দুই ব্যবসায়ী আহত হন। আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্যও। এছাড়া বেশ কয়েকটি মোটরসাইকেল ও দোকানপাটে আগুন দেওয়া হয়। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে সংঘর্ষ আড়াই ঘণ্টার ব্যবধানে নিয়ন্ত্রণে এলেও বর্তমান পরিস্থিতি থমথমে।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশীদ জানিয়েছেন, সংঘর্ষে একাধিক পুলিশের সদস্য আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে কতজন আহত হয়েছেন, তা এখনই বলা সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীরা পুলিশের ওপরে ইটপাটকেল নিক্ষেপ করেছেন। নিরাপদ অবস্থানে থেকে তাঁদেরকে নিবৃত্ত করতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে।

অন্যদিকে, আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ. টি. এম. মইনুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা ঢাকা কলেজের সব আবাসিক শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, উদ্ভূত পরিস্থিতিতে আজ ১৯/০৪/২০২২ তারিখ (মঙ্গলবার) থেকে আগামী ০৫/০৫/২০২২ তারিখ (বৃহস্পতিবার) পর্যন্ত হলসমূহ বন্ধ ঘোষণা করা হলো। মঙ্গলবার বিকেলের মধ্যেই ছাত্রদের সব হল খালি করার নির্দেশ দেওয়া হলো।

ইউক্রেনের ডনবাসে রুশ হামলা শুরু হয়েছে : প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলে রকেট ও কামানের গোলা বর্ষণের মাধ্যমে হামলা শুরু করেছে রুশ বাহিনী। এর আগে দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা ডনবাসে রাশিয়ার হামলা বৃদ্ধি পাওয়ার খবর দিলেও এই প্রথম প্রেসিডেন্ট জেলেনস্কি নিজে বিষয়টির সত্যতা নিশ্চিত করলেন।

তিনি এক টেলিভিশন ভাষণে বলেন, তার সরকার এখন একথার সত্যতা নিশ্চিত করছে যে, রাশিয়ার সেনাবাহিনী ডনবাস অঞ্চলে যুদ্ধ শুরু করেছে। ডনবাস অঞ্চল রক্ষা করার জন্য ইউক্রেনের সেনাবাহিনী বহু আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল। রুশ সেনাবাহিনীর একটি বিশাল অংশকে ডনবাস হামলায় নিয়োগ দেয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়ার যত বেশি সেনাই আনা হোক না কেন ইউক্রেনের সেনাবাহিনী ডনবাস রক্ষার চেষ্টা করবে।

ইউক্রেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওলেক্সি ড্যানিলভ বলেছেন, রাশিয়া এই অঞ্চলে ইউক্রেনের ফ্রন্ট লাইন ভেঙে ফেলার চেষ্টা করেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হওয়ার পর ডনবাস অঞ্চলে রাশিয়ার সামরিক বাহিনীর এই আক্রমণটি দীর্ঘ প্রত্যাশিত ছিল।

ড্যানিলভ আরো বলেছেন, রাশিয়ার সেনারা পূর্ব সীমান্তের সবগুলো ফ্রন্টে বিশেষ করে দোনেস্ক, লুহানেস্ক ও খারকিভ দিয়ে ডনবাস অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে।

এদিকে বৃহত্তর ডনবাস অঞ্চলের লুহানস্ক এলাকার গভর্নর তার নিয়ন্ত্রিত এলাকার পরিস্থিতিকে ‘নারকীয়’ বলে বর্ণনা করেছেন। দৃশ্যত ডনবাস অঞ্চলে যুদ্ধ শুরু হওয়ার ফলে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের দ্বিতীয় পর্ব শুরু হলো।

একনেকে ৪ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন

অর্থ ও বানিজ্য ডেস্কঃ আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ৪ হাজার ৫৪১ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্পের সব টাকা সরকারি খাত থেকে মেটানো হবে। অর্থাৎ এসব প্রকল্প বাস্তবায়নে কোনো ঋণ নেওয়া হবে না।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে জানান, পাঁচটি মন্ত্রণালয়ের ১১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৬টি প্রকল্প নতুন। এসব প্রকল্পের সব অর্থায়ন আমাদের নিজস্ব। কোনা টাকাই ঋণ নেই। পুরোপুরি আমাদের নিজস্ব অর্থায়নে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়েছে। এটা আমাদের আন্দের বিষয়। আমাদের নিজস্ব সক্ষমতা বেড়েছে, ঋণের টাকা নেই।

অনুমোদিত প্রকল্পগুলো হলোঃ ১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘হার পাওয়ার প্রকল্প ও প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন (২য় পর্যায়) প্রকল্প।

২। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৪টি প্রকল্প যথাক্রমে দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ’ প্রকল্প; নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার জলাবদ্ধতা নিরসন প্রকল্প; বহদ্দারহাট বাড়ইপাড়া হতে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন (২য় সংশোধিত) প্রকল্প ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মেশিনারিজ সরবরাহ প্রকল্প।

৩। পানিসম্পদ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প যথাক্রমে ‘কালিগঙ্গা নদীর ভাঙন হতে ঢাকা জেলার নবাবগঞ্জ এবং মানিকগঞ্জ জেলার সাটুরিয়া, ঘিওর, মানিকগঞ্জ সদর এবং সিংগাইর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা রক্ষাকল্পে নদীতীর সংরক্ষণ প্রকল্প এবং পানগুছি নদীর ভাঙন হতে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলা সদর ও সংলগ্ন এলাকা সংরক্ষণ এবং বিশখালী নদী পুনঃখনন প্রকল্প।

৪। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প যথাক্রমে সীমান্ত সড়ক (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা) নির্মাণ-১ম পর্যায়) (১ম সংশোধিত) প্রকল্প; জেলা মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (কুমিল্লা জোন) (১ম সংশোধিত) প্রকল্প এবং নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়ক নির্মাণ ও উন্নয়ন (আর-২০৩) (১ম সংশোধিত) প্রকল্প।

৫। এছাড়া রেলপথ মন্ত্রণালয়ের ভারতের সাথে রেল সংযোগ স্থাপনের লক্ষ্যে চিলাহাটি এবং চিলাহাটি বর্ডারের মধ্যে ব্রডগেজ রেলপথ নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প অনুমোদন করা হয়েছে।

চলে গেলেন বাংলাদেশের প্রথম ওয়ানডে খেলা সাবেক খেলোয়াড় সামিউর রহমান

স্পোর্টস ডেস্কঃ দীর্ঘ দিন ধরে ব্রেইন টিউমারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার সামিউর রহমান সামি। গত মঙ্গলবার সকাল পৌনে ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

অসুস্থ ছিলেন দেড় বছর ধরেই। ব্রেনে টিউমার ধরা পড়েছিল, ডিমেনশিয়ায়ও (স্মৃতিভ্রষ্টতা) ভুগছিলেন। হাসপাতাল-বাড়িই করতে হচ্ছিল বেশ। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিছুটা উন্নতি হওয়ায় বাসায় নেওয়া হয়েছিল তাকে। কিন্তু এরপরই আবার হাসপাতালে নিতে হয়। সেখান থেকেই আজ সকালে না ফেরার দেশে চলে গেলেন সাবেক ক্রিকেটার সামিউর রহমান। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

বাংলাদেশের প্রথম ওয়ানডে খেলায় প্রথম ওয়ানডে পেসার ছিলেন সামিউর রহমান। খেলোয়াড়ি জীবনে ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলিংয়ে বাংলাদেশের হয়ে ২টি ম্যাচ খেলেছেন। ৩০ রান দিয়ে কোনও উইকেট পাননি যদিও। তাছাড়া তিনি প্রখ্যাত ক্রীড়া পরিবারেরও অন্যতম সদস্য। আইসিসি ট্রফিতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান ইউসুফ রহমান বাবুর ছোট ভাই তিনি।

১৯৮৬ সালের ৩১ মার্চ মোরাতুয়ায় পাকিস্তানের বিপক্ষে যে ওয়ানডে দিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু, সেটিতে বাংলাদেশ দলের পেসার ছিলেন সামিউর রহমান। তখনকার বাস্তবতায় আন্তর্জাতিক ক্যারিয়ার বড় হয়নি সামির, খেলতে পেরেছেন মাত্র দুইটি ওয়ানডে ম্যাচ। ছয়দিন পর ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় ও শেষ আন্তর্জাতিক ম্যাচ।

তবে ক্রিকেটার পরিচয়ের থেকে সামিউর রহমান বাংলাদেশের ক্রিকেটে বড় হয়ে আছেন বিসিবির ম্যাচ রেফারি পরিচয়ে। আজীবন ক্রিকেটের সঙ্গে জড়িয়ে ছিলেন, ফার্স্ট ক্লাস ও লিস্ট এ ক্রিকেটে আম্পায়ারিং করেছেন ২৮ ম্যাচে। ম্যাচ রেফারি ছিলেন ১১১ ম্যাচে! টি-টোয়েন্টিতে ২৫টি ম্যাচেও ম্যাচ রেফারিং করেছেন।

ঢাকাই ক্লাব মোহামেডান, আবাহনী, আজাদ বয়েজ ও ব্রাদার্স ইউনিয়নেও খেলেছেন দীর্ঘদিন। ক্রিকেট ছাড়ার পরও খেলাটির সঙ্গে নিজেকে যুক্ত রেখেছিলেন। অবসরের পর আম্পায়ার ও ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন।

সাবেক এই ক্রিকেটারের মৃত্যুতে গভীর শোকে আচ্ছন্ন দেশের ক্রিকেট। আজ সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাঁর স্মৃতির স্মরণে কক্সবাজারে ৪০ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।