মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২১ মার্চ) বিকালে উপজেলার ৩নং শ্রীমঙ্গল (সদর) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন” শীর্ষক আলোচনা সভায় সদর ইউপি চেয়ারম্যান মোঃ দুধু মিয়ার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার কুমুদ রঞ্জন দেব ও মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন ছমরু। আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মহসীন আহমেদ, ইউপি সদস্য মো. মারুফ মিয়া, পিয়াস দাশ, মো. শফিকুল ইসলাম লিটন, মহিলা ইউপি সদস্য (সংরক্ষিত আসন) মালেকা বেগম, ফিরোজা বেগম ও রিনা বেগম, ইউপি সচিব দিজেন্দ্র লাল দাশ প্রমুখ।

আলোচকরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়নের নানান রূপরেখা নিয়ে আলোচনা করেন।

শ্রীমঙ্গল ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেব জীবনের উপস্থাপনায় ও ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য; যে শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায় ও ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক কল্যাণ দেব জীবনও ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

পতনের মুখে আরও ২০০ ব্যাংক

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংকের মতো আরও অন্তত ২০০ ব্যাংক পতনের ঝুঁকির মুখে রয়েছে। টালমাটাল অবস্থায় রয়েছে ১৮৬টি ব্যাংক। নতুন এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য।

বাইডেন প্রশাসন সম্প্রতি স্মরণকালের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতে নিমজ্জিত মার্কিন ব্যাংকিং খাতকে টেনে তুলতে একাধিক পদক্ষেপ নিলেও শঙ্কা কাটিয়ে উঠতে পারেনি।

সোশ্যাল সায়েন্স রিসার্চ নেটওয়ার্কে সম্প্রতি প্রকাশিত মার্কিন অর্থনীতিবিদের গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক পোস্ট ও আরটি জানিয়েছে, প্রায় ২০০টি মার্কিন ব্যাংক পতনের শঙ্কায় রয়েছে। তহবিল তুলে নিতে ব্যর্থ হতে পারে ১৮৬টি ব্যাংক।

গুজবে ব্যাংক থেক টাকা তুলে নেয়া, শেয়ার বাজারে ধস ও সুদের হার দ্রুত বৃদ্ধির কারণে মার্কিন ব্যাংকগুলো এমন বিপর্যয়ে পড়েছে বলে মন্তব্য অনেক অর্থনীতিবিদের।

নতুন এ সমীক্ষায়, মার্কিন বিশিষ্ট চারজন অর্থনীতিবিদ মনে করেছেন, সাম্প্রতিক সুদের হার বৃদ্ধির কারণে মার্কিন ব্যাংকগুলোর কাছে থাকা সম্পদের বাজারমূল্য ব্যাপক পতন ঘটেছে। যেসব কারণে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক কার্যক্রম গুটিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে।

সমীক্ষায় আরও বলা হয়, গ্রাহকরা আমানত ফেরত দেয়ার অনুরোধ করলে ব্যাংকগুলো তাদের সিকিউরিটিজ বিক্রি করতে বাধ্য হয়। এতে বড় ক্ষতিতে পরে ব্যাংকগুলো। সিলিকন ভ্যালি ক্ষেত্রে ঘটেছে এমন ঘটনা। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে অন্যান্য ব্যাংক দেউলিয়ার মুখে পড়ে যেতে পারে।

এদিকে গ্রাহকদের আতঙ্ক কমাতে মার্কিন প্রেসিডেন্ট আড়াই লাখ ডলারের বেশি আমানতকারীদের অর্থ ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিলেও তাতে আশ্বস্ত হতে পারেননি আমানতকারীরা। ফলে মার্কিন ব্যাংকিং ইতিহাসের এই চরম সংকটময় অবস্থা কাটিয়ে ওঠা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

ঈদে শাকিব-বুবলিকে দেখা যাবে একসাথে

বিনোদন ডেস্কঃ আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’। আজ মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া ও শাকিব খানের পেজ থেকে দেওয়া একটি পোস্টে এই তথ্য জানানো হয়।

নির্মাণের শুরু থেকেই আলোচনায় সিনেমাটি। তরুণ নির্মাতা তপু খানের পরিচালনায় এতে শাকিবের সঙ্গে অভিনয় করেছেন বুবলী।

লিডার-এর প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, ‘লিডার আমিই বাংলাদেশ’ দর্শকদের কাছে হবে পূর্ণাঙ্গ বিনোদন ও মানসম্পন্ন সিনেমা। সিনেমাটি ঈদে বাংলাদেশসহ আন্তর্জাতিক থিয়েটারে একযোগে শুভ মুক্তি পেতে যাচ্ছে।

পরিচালক তপু খান বলেন, সিনেমাটি নির্মাণের দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পেরে আনন্দিত। শাকিব খান এবং বুবলীসহ সবাই আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করেছে। শাকিব খানের দর্শকরা তার কাছে যেমন সিনেমা চান ‘লিডার, আমিই বাংলাদেশ’ অনেকটা তেমন সিনেমা।

উল্লেখ্য, গেল ২৬ ডিসেম্বর চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি পায় ‘লিডার আমিই বাংলাদেশ’। এর কাহিনী ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত।

শিলা বৃষ্টিতে কপাল পুড়লো কৃষকের!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: স্থির চিত্রে দেখা যাচ্ছে তুষারের মতো পড়েছে শিলা বৃষ্টি। সাথে ছিল বাতাস। দুপুরে এমন ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে দেশের উত্তর-পূর্বাবঞ্চলের মৌলভীবাজারের জুড়ীতে। গতকাল সোমবার (২০ মার্চ) দিনে এই  ঝড় শুরু হয়।

জানা গেছে, ঝড় ও শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আমের মুকুল, কমলার ফুল, বাতাবিলেবুর ফুল, কাঠাল সহ অনেক কিছু নষ্ট হয়ে গেছে। সামান্য বৃষ্টি উপকারী হলেও অতিরিক্ত শিলাবৃষ্টিতে কৃষকের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা কপাল পুড়েছে কৃষকের।

এর আগে রবিবার সারাদিন গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে। বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া যায়। এর মধ্যে বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত  জুড়ী উপজেলায় বৃষ্টি হয়েছে। কয়েক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

সোমবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল। দিনব্যাপী সূর্যের দেখা মিলেনি। জুড়ী উপজেলায় হঠাৎ গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গবাদিপশুর খাবার সংকট দেখা দিয়েছে।

এ বিষয়ে  সোমবার উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের ডুমাবাড়ী এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের সাথে কথা হয়। তিনি জানান, সোমবার সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। কিন্তু, হঠাৎ করে দুপুর থেকে মুষলধারে বৃষ্টি ও শীলাবৃষ্টি শুরু হয়।

গেয়ালবাড়ী ইউনিয়নের বাসিন্দা সিরাজুল ইসলাম জানান, সোমবার দুপুরের দিকে প্রায় দেড় ঘণ্টা ধরে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। শীলা বৃষ্টির কারণে সূর্যমুখি, শসা, জিঙ্গা, তরমুজ সহ অনেক ধরণের ফসলের ক্ষতি হয়েছে।

ডুমাবাড়ী গ্রামের নিমার আলী নামে এক কৃষক বলেন, আমি এবার তরমুজের প্রথম চাষাবাদ করেছি। ফসল ভালো হয়েছে, বৃষ্টির পানিতে ক্ষেতের ফসল তলিয়ে গেছে। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিলাবৃষ্টিতে। তরমুজের ফল ও ডগার ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: জসিম উদ্দিন বলেন, জুড়ীতে শিলা বৃষ্টি হয়েছে। তবে ধানের কোন ক্ষয়-ক্ষতি হয়নি। আর শিলা বৃষ্টি হলে এমনিতেই কিছু ক্ষয়-ক্ষতি হয়। বড় ধরণের তেমন ক্ষতি সাধিত হয়নি।

কাবাডিতে টানা তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট-২০২৩ এ হ্যাটট্রিক ও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (২১ মার্চ) পল্টনের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ তিনটি লোনাসহ ৪২-২৮ পয়েন্টে চাইনিজ তাইপেকে পরাজিত করে টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে।

টুর্নামেন্টের অন্য ম্যাচের মতো আজ শুরু খানিকটা কঠিন ছিল। এক পর্যায়ে ৭-৬ পয়েন্টে লীড ছিল প্রতিপক্ষ চাইনিজ তাইপের। এরপর প্রতিপক্ষকে আর লীড নিতে দেননি তুহিন তরফদাররা। প্রথমার্ধ বাংলাদেশ শেষ করে ২০-১৪ পয়েন্টে।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ শুরুতেই লোনা আদায় করে। ম্যাচের ৮ মিনিট বাকি থাকতে বাংলাদেশ আরেকটি লোনা আদায় করে। দ্বিতীয় লোনার সময় ম্যাচের স্কোরলাইন ছিল ৩৭-২১। ম্যাচের সময় যত যেতে থাকে চাইনিজ তাইপে পয়েন্টে আরো পেছনে পড়তে থাকে। বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া তখন শুধু সময়ের অপেক্ষা হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত চাপ ধরে রেখে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে হ্যাটট্রিক শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভাসল লাল-সবুজ জার্সিধারীরা।

প্রসঙ্গত, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সাফল্যের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে চারদিকে। গতকাল সোমবার (২০ মার্চ) আয়ারল্যান্ডের সঙ্গে মুশফিক-তামিদের ইতিহাস, সাফ অনুর্ধ্ধ-১৭ নারী চ্যাম্পিয়নশীপে দুর্দান্ত জয়। আর এবার বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে হ্যাটট্রিক শিরোপা জয়। সবমিলিয়ে ক্রীড়াঙ্গনে সময়টা দারুণ কাটছে বাংলাদেশের

মুক্তিযোদ্ধা ও অভিনেতা খালেকুজ্জামান আর নেই

আজ মঙ্গলবার (২১ মার্চ) সকালে মুক্তিযোদ্ধা ও অভিনেতা খালেকুজ্জামান মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭২ বছর।

অভিনেতা খালেকুজ্জামানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা শিহাব শাহীন।

সোশ্যাল মিডিয়ায় নির্মাতা বলেছেন, আমার অনেক প্রিয়, অনেক দিনের সহকর্মী খালেক ভাই আজ (২১ মার্চ) সকালে মারা গেছেন। সেই ২০০৭ সাল থেকে ‘এক্স ফ্যাক্টর’ দিয়ে খালেক ভাইয়ের সঙ্গে পথচলা। অসংখ্য কাজ হয়েছে খালেক ভাইয়ের সাথে। আজ ছেড়ে চলে গেলেন। দারুণ ভালো একজন মানুষ ছিলেন খালেকুজ্জামান!

Google Newsডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

উল্লেখ্য, মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন খালেকুজ্জামান। দেশ স্বাধীনের পর যুক্ত হন অভিনয়ে। তার অভিনীত প্রথম নাটক ‘সর্পভ্রমে রজ্জু’ বিটিভিতে প্রচার হয়েছিল। ১৯৭৫ সালে তিনি বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন। পরবর্তী সময়ে ব্যবসায়িক কাজে অভিনয়ে খুব একটা নিয়মিত থাকতে পারেননি। তবে অভিনয়ের প্রতি ভালোবাসার জন্য বারবার ছুটে এসেছেন এই অঙ্গনে। কাজ করেছেন বহুল জনপ্রিয় নাটক ‘বড় ছেলে’সহ এই সময়ের বহু নাটকে।

এছাড়া মুরাদ পারভেজের ‘বৃহন্নলা’, শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’, অনম বিশ্বাসের ‘দেবী’ সিনেমায়ও দেখা গেছে এই অভিনেতাকে।

ওজন কমাতে লাল আটার পরোটা

লাইফস্টাইল ডেস্কঃ স্বাস্থ্য সচেতন সকলে সাধারণত নাস্তায় পরোটা খাওয়া থেকে বিরত থাকে।  কারণ পরোটার অতিরিক্ত তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি যদি ওজন কমাতে চান তার জন্য খেতে হবে স্বাস্থ্যকর পরোটা। এজন্য ময়দার পরিবর্তে বেছে নিতে পারেন লাল আটা। স্বাস্থ্যসম্মত পরোটা অবশ্যই ঘি, বাটার অথবা অলিভ অয়েলে ভেজে নিবেন। এতে আপনি এই সুস্বাদু খাবারটিও খেতে পারবেন। সাথে পুষ্টিও পাবেন। ওজন বাড়ার ভয়ও থাকবে না।

চলুন জেনে নেই কিভাবে বানানো যাবে স্বাস্থ্যসম্মত পরোটা-

উপকরণঃ লাল আটা- ২ কাপ, ফুলকপি- ১ কাপ, গাজর- ২টি মাঝারি আকারের, আলু- ১টি, পালং শাক- ৩/৪ কাপ , মটরশুটি- ৮ টি, কাঁচামরিচ- ২টি, আদা কুচি- আধা ইঞ্চি, ধনে গুঁড়ো- ১ চা চামচ, জিরা গুঁড়া- ১ চা চামচ, মরিচ গুঁড়ো- আধা চা চামচ, হলুদ গুঁড়া- ১/৪ চা চামচ, গরম মসলা গুঁড়া- আধা চা চামচ, ঘি- ১ টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ।

প্রস্তুত প্রণালীঃ প্রথমে সব সবজি ধুয়ে নিয়ে কুচি করে কেটে নিতে হবে। এরপর সবজিগুলোকে সেদ্ধ করতে হবে। এরপর ছেঁকে নিয়ে সবজিগুলো ঠাণ্ডা হয়ে গেলে একসঙ্গে ম্যাশ করে নিন। এখন পালং শাক মেশান।

এরপর বাকি মশলাগুলো যোগ করুন। এবার এই সবজির মিশ্রণে লাল আটা মেশান। মসৃণ ও নরম না হওয়া পর্যন্ত আটা মাখতে থাকুন। এরপর আটা থেকে মাঝারি বল তৈরি করে গোল করে বেলে নিন। প্যানে ঘি গরম করে তাতে সবজির পরোটা দিন। দুই দিক ভাল করে ভেজে নিন। বাদামী রং আসলে তুলে ফেলুন। এবার গরম গরম পরিবেশন করুন।

 

রাণীশংকৈলে গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে আগামী ২২ মার্চ জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, “মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন (ক-শ্রেণীর) পরিবারকে পূর্নবাসনের লক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যক্রমের আশ্রয়ণ-২ প্রকল্প হতে প্রত্যেক পরিবারকে একটি সেমিপাকা গৃহসহ ২ শতাংশ জমি প্রদানের জন্য বরাদ্দ প্রদান করা হয়।

এ উপজেলায় সর্বশেষ বরাদ্দকৃত ৩৭০ টি ঘরের মধ্যে ১৬০ জনকে ‘ক’ শ্রেণীর তালিকা হালনাগাদ করে ঘরের কাজ সম্পন্ন করা হয়েছে। যা আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে  ২৯ হাজার ৫৭৯ টি ঘর উদ্বোধনের মাধ্যমে হস্তান্তর করবেন।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়াম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা, প্রকল্প বাস্বায়ন অফিসার স্যামুইল মার্ডি, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মেদসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ২৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত : আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এ উপজেলায় ইতোমধ্যে ১ম ২য় ও ৩য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ১৩ শত ৬৮ টি পরিবারকে পূনর্বাসনের জন্য ঘর দেয়া হয়েছে।

নেত্রকোণায় বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ “বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ইতোমধ্যে যুগান্তকারী সাফল্য অর্জিত হয়েছে। তাঁর এই উন্নয়ন অগ্রযাত্রার ফলেই আগামীর বাংলাদেশ হবে একটি সুখী-সমৃদ্ধ-উন্নত স্মার্ট বাংলাদেশ। শেখ হাসিনা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে তিনি অঙ্গীকার করেছেন বাংলাদেশকে তিনি স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করবেন। এই মুহূর্তে জননেত্রী শেখ হাসিনাই সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তাঁর সমকক্ষ কেউ নেই।”

আজ দুপুরে নেত্রকোণা পূর্বধলা উপজেলার সরিসতলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আহমেদ হোসেন এসব কথা বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাকিয়া খানম পারভিন মনি সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

গাড়িতে রকেট হামলায় পিটিআই নেতাসহ ৮জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাভেলিয়ান এলাকায় গাড়িতে রকেট চালিত গ্রেনেড হামলার ঘটনায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক নেতাসহ আটজন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২১ মার্চ) সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। নিহত পিটিআই নেতার নাম আতিফ জাদুন খান। তিনি দলটির জেলা শাখার চেয়ারম্যান ছিলেন।

পুলিশ জানায়, অ্যাবোটাবাদ জেলার লাংড়া এলাকার কাছে জাদুনের গাড়িতে অতর্কিত হামলা চালায় হামলাকারীরা। ওই সময় সেখানে আরও সাতজন ছিলেন। তারা সবাই বাড়িতে ফিরছিলেন। রকেট চালিত গ্রেনেড (আরপিজি) দিয়ে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পূর্ব শত্রুতার জেরে এ হামলা চালানো হতে পারে বলে ধারণা করছে পুলিশ। হামলার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।