রমজানে ইফতারি হোক স্বাস্থ্যকর খাবারে

লাইফস্টাইল ডেস্কঃ রমজান মাসে ইফতারে মুখরোচক খাবারের দিকেই আমাদের আগ্রহটা বেশি থাকে। কিন্তু ইফতারের খাদ্যসামগ্রী শুধু মাত্র সুস্বাদু ও পুষ্টিকর হলেই চলবে না, সেই সাথে হতে হবে স্বাস্থ্যসম্মত। বাজারে যেসব ইফতার সামগ্রী বিক্রি হয়ে থাকে তার বেশির ভাগই ভেজালমিশ্রিত। যা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই যেকোনো খাবার কেনার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে।

সুস্থ থাকতে ইফতারে খেতে হবে স্বাস্থ্যকর ও পুষ্টিসম্মত খাবার। স্বাস্থ্যকর খাবার এসময়ে শরীরে শক্তি জোগাবে, শর্করা-প্রোটিনসহ প্রয়োজনীয় পুষ্টি উপাদানের চাহিদা মেটাবে। এক্ষেত্রে বাসায় বানানো ইফতারের কোনো বিকল্প নেই। পরিবারের প্রত্যেকের সুস্থতার কথা মাথায় রেখে ঘরেই বানিয়ে ফেলুন মজাদার ইফতার।

ইফতারে বিভিন্ন ধরনের ফলের যেমন, অরেঞ্জ, ম্যাংগো, অ্যাপেল, মিক্সড ফ্রুট ইত্যাদি জুস খাওয়াটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। আপনি চাইলে ব্লেন্ড করে বানিয়েও নিতে পারেন, আবার ভালো মানের জুস কিনেও নিতে পারেন।

চলুন জেনে নেই আজকের দুইটি স্বাস্থ্যকর ও মজার ইফতার রেসিপিঃ

ছোলার পোলাওঃ 

উপকরনঃ  পোলাউ চাল আধা কেজি, ছোলা এক কাপের চেয়ে কম, পেঁয়াজ কুচি হাফ কাপ, দারুচিনি দুই টুকরা, এলাচি দুই তিনটা, আদা বাটা দুই টেবিল চামচ, রসুন বাটা এক টেবিল চামচ, জিরা বাটা হাফ চা চামচ, কাঁচা মরিচ কয়েকটা লবন, তেল (হাফ কাপের কম) ও পানি।

প্রনালীঃ চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। পেঁয়াজ কুচি তেলে ভেজে বেরেস্তা করে রাখুন। একটি পাত্রে তেল দিয়ে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিন। এতে কাঁচা মরিচ, লবঙ্গ, দারচিনি, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে ২-৩ মিনিট কষিয়ে নিন। এরপর ছোলা দিয়ে আরও ২-৩ মিনিট ভাজতে হবে। এতে বাসমতি চাল দিন। লবন ও গরম পানি দিন।

এবার পানি ফুটতে শুরু করলে জ্বাল কমিয়ে ঢাকনা দিয়ে ২০-২৫ মিনিট রেখে দিন। যদি চাল সেদ্ধ না হয় তাহলে আরও কিছুক্ষণ চুলায় রেখে দিন। পাত্রের তলায় যেন পুড়ে না যায়, এজন্য এক, দুইবার নেড়ে দিন। রান্না শেষে বেরেস্তা দিয়ে পরিবেশন করুন।

ছানার জিলাপিঃ

উপকরনঃ ছানা ২ কাপ, ময়দা ২ চা চামচ, পাউডার দুধ ১ চা চামচ, চিনি ১ চা চামচ (খামির জন্য), বেকিং পাউডার ১/৪ চা চামচ,  ঘি ২ টেবিলচামচ, সয়াবিন তেল পরিমাণমতো (ভাজার জন্য), চিনি (সিরা বানানোর জন্য পরিমাণমতো), এলাচ ৩/৪ টি পানি ১ কাপ।

প্রনালীঃ প্রথমে ছানা খুব ভালোভাবে পিষে নিতে হবে। এতে ময়দা, গুঁড়া দুধ, বেকিং পাউডার, চিনি ১ চা চামচ ও ঘি মিশিয়ে নরম খামি তৈরি করে নিন। ছানার খামি ৮ থেকে টি ভাগ করুন। প্রতিটি ভাগ লম্বা দড়ির মতো করে নিন। তবে সতর্ক থাকতে হবে, এতে কোন ফাটল যেন না থাকে।

এবার ধীরে ধীরে জিলাপির মতো পেঁচিয়ে নিন। একটি পাত্রে পেঁচানো জিলাপিগুলো আলাদা আলাদা করে রেখে দিন। এবার একটি পাত্রে পানি, চিনি ও এলাচ একসাথে মিশিয়ে মাঝারি আঁচে জ্বাল দিন। ঘন ঘন নেড়ে দিন। চিনি ভালোভাবে গলে গেলে চুলা থেকে পাত্রটি নামিয়ে ফেলুন। গরম গরম পরিবেশন করুন।

মুরাদনগরে ভাঙ্গা সেতুর প্লেইটভার চুরি, বিশ হাজার লোকের চলাচলে ঝুঁকি

মোঃ খোরশেদ আলম,কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার ১৪নং নবীপুর পূর্ব ইউনিয়নের গুনজর গ্রামের একমাত্র চলাচলের রাস্তার ভাঙ্গা সেতুর প্লেইটভারটি গতকাল রাত ১০টায় চুরি করে নিয়ে যায় ফলে ঐ এলাকার প্রায় বিশ হাজার লোকের চলাচলে ঝুঁকি হয়ে পড়ছে। এছাড়াও গত কয়েক দিন আগে ১৪নং নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদ মসজিদের অসুস্থ মুসুল্লিদের নামাজের চেয়ার, মসজিদের দুইটি সিলিং ফ্যান, দানবাক্সের টাকা,ইমামের মোবাইল ও টাকা চুরি হয়ে যায়। দিন দিন এই এলাকায় চোরের আনাগোনা বেড়েই চলছে।

এদিকে ভাঙ্গা সেতু নিয়ে চরম দুর্ভোগে এখন গুনজর গ্রামবাসী। এর আগেও এই সেতুর একটু সামনে আরেকটি সেতু ভেঙ্গে পড়েছিল। পরে এটিকে গুনজর গ্রামের বিশিষ্ট সমাজসেবক সাইফুল করিম ইমন খাঁন চলাচলের জন্য কোন রকম উপযোগী করে তোলেন। এই সেতু গুলো অত্যন্ত জনগুরত্বপূর্ণ। অথচ এগুলোর সংস্কার বা মেরামতের জন্য কারো মাথা ব্যথা নেই।

সরেজমিনে গিয়ে স্হানীয় গুনজর গ্রামের জিজিএস কমিটির মহাসচিব মোঃ জাকির হোসেনের সাথে কথা বলে জানা যায় যে, এই সেতুটি প্রায় চল্লিশ বছর আগে নির্মাণ করা হয়েছিল।কয়েক বছর আগে এই সেতুর মাঝ বরাবর তিনটি বড় গর্তের সৃষ্টি হয়েছিল।দীর্ঘদিন ভোগান্তির পর গুনজর গ্রামের একজন পুলিশ অফিসার এ কে মহিউদ্দিন (সেলিম) সেতুটির তিনটি জাহাজ কাটা প্লেইটভার দিয়ে চলাচলের জন্য উপযোগী করে তোলেন।কিন্তু গতকাল রাতে একটি প্লেইটভার চুরি করে নিয়ে যায়। ফলে সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ জেনেও ইট ও মাটির ট্রাক্টর, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে। যানবাহন চলাচলের সময় যেকোনো মুহূর্তে সেতুটি ভেঙে গিয়ে ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। সেতুটি ঝুঁকিপূর্ণ হলেও দুইপাশে দেওয়া হয়নি কোনো সতর্কতামূলক সাইনবোর্ড।

গুনজর গ্রামবাসী যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সেতু গুলোর মেরামতের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। এছাড়া এলাকাবাসী আশা করছে পুরোনা সেতু গুলো ভেঙে নতুন সেতু করবে কর্তৃপক্ষ।

কমলগঞ্জে টিউবওয়েল, ঢেউটিন ও খাদ্যসামগ্রী বিতরণ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নে ১৫ই এপ্রিল সকালে “মাদারিস-মোক্তাদির তরফদার ফাউন্ডেশনের ” পরানধর, মুন্সীবাজার, কমলগঞ্জ তত্ত্বাবধানে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অস্ট্রিয়ার ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস ও জাতিসংঘের স্থায়ী মিশনের কাউন্সিলর তানভীর আহমেদ জুম্মন এর মাধ্যমে “সিলেট বিশেষ দাতাগোষ্ঠীর অর্থায়নে পরানধর গ্রামে জয়ন্ত দাশ ও সরিষকান্দি গ্রামে মিলন শব্দকর কে যথাক্রমে  ২টি নলকূপ দেওয়া হয়। বনবিষ্ণপুর গ্রামের ফারুক মিয়াকে ২ বান টিন এবং সংযোগের মাধ্যমে ২০টি পরিবারকে রমজান মাসের খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৩নং মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার, মাদারিস-মোক্তাদির তরফদার ফাউন্ডেশনের অন্যতম সদস্য ইমন আহমেদ তরফদার ও মেহেদী হাসান মুরাদ এবং মুন্সীবাজার ইউনিয়নের স্বাস্থ্য কর্মী মঈনউদ্দীন প্রমুখ।

৩নং মুন্সীবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার বলেন, সরকারের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক  সংগঠন গুলাকে মানবকল্যাণে এগিয়ে আসতে হবে। এবং এরই সাথে মাদারিস-মোক্তাদির তরফদার ফাউন্ডেশন ও দাতা গোষ্টি সকলকে সাধুবাদ জানান।

ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে “আত্রাই বন্ধু মহল সংগঠনের” ইফতার উপহার

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলায় এক ব্যতিক্রমি আয়োজনের মাধ্যমে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার উপহার বিতরণ করলো সেচ্ছা সেবী টিম “আত্রাই বন্ধু মহল” শুক্রবার সন্ধ্যায় শুরু করে ইফতারের আগ মহূত্ব পর্যন্ত চলে তাদের এই কার্যাক্রম। এ সময় তারা তিন শতাধিক অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে বিরিয়ানী জুস ও মাস্ক বিতরণ করেন।

আত্রাই বন্ধু মহল সদস্যরা একটি ব্যতিক্রমি উদ্যোগের মাধ্যমে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার উপহার বিতরণ করেন। তারা একটা নিদিষ্ট স্থানে (আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের প্লাট ফর্মের উত্তর সাইডে ইফতারের তৈরি করে পাটি বিছিয়ে ইফতার করার পরিবেশ সৃটি করে রোজাদার মুসল্লি ও অসহায় ছিন্নমূল মানুষের মাঝে রুচি সম্মত ইফতার বিতরণ করেন। ইফতার উপহার পেয়ে উপজেলায় অবস্থানরত অনেক ছিন্নমূল ও অসহায় মানুষের মুখে হাঁসি ফুটে উঠেছে।অনেকে খুশিতে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

তাদের মধ্য হতে একজন বলেন, রোজা রেখে কখনো তেমন ভালো মন্দ ইফতার করা সম্ভব হয় না। আবার কখনো কখনো শুধু পানি খেয়েই রোজা ভঙ্গ করতে হয়। আজকে উনাদের কাছ থেকে ইফতার পেয়ে অনেক ভালো লাগছে। আমাদের তো আর সব সময় ভালো মন্দ খাওয়ার সুযোগ হয় না। আল্লাহ উনাদের মঙ্গল করুক।

এসময় উপস্থিত ছিলেন আত্রাই বন্ধু মহল সংগঠনের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দল কুদ্দুস, সদস্য বিশিষ্ট বালু ব্যবসায়ী মকলেছুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মিঠুন হোসেন, মৎস্য ব্যবসায়ী আলিম উদ্দিন, আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক কামাল উদ্দিন টগর, সেন বাংলা টিভি, নওগাঁ জেলা স্টাফ রিপোটার সাংবাদিক রওশন আরা পারভীন শিলা, ফটো সাংবাদিক মো সোয়াইব আহম্মেদ, আত্রাই থানার মানবতার পুলিশ অফিসার মুনিরুল ইসলাম, আত্রাই নিমাণ শ্রমিত সমিতি সভাপতি মোঃ আনোয়ার হোসেন সহ আত্রাই বন্ধু
মহল সংগঠনের সদস্যবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিগন।

করোনার কারণে দুইবছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) দর্শন বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিএনবিডি ডেস্কঃ করোনার কারণে দুইবছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) দর্শন বিভাগের ইফতার মাহফিল গত শুক্রবার (১৪ ই এপ্রিল) চট্টগ্রামের ২নং গেটস্থ একটি রেস্তোরায় অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়।

এদিন আয়োজন শুরু হয় দর্শন বিভাগের ৫৩ ব্যাচের ছাত্র ইকবাল হোসেন টিটুর কোরআন তেলওয়াতের মাধ্যমে। আয়োজনে সঞ্চালনা করেন সাবেক শিক্ষার্থী নাদিম হোসেন। ইফতার পূর্ববর্তী প্রারম্ভিক বক্তব্য দেন চবি দর্শন বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ।

আরো বক্তৃতা দেন, দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান। বক্তৃতায় তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর আয়োজন সম্পন্ন করার জন্য আয়োজকদের এবং বিভাগের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সকলে মিলেমিশে একসাথে বিভাগের সবাই উন্নয়নে কাজ করে যাওয়ার আশাও ব্যক্ত করেন তিনি। 

ইফতার মাহফিলে আরও বক্তৃতা দেন দর্শন বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. নুসরাত জাহান কাজল এবং অধ্যাপক ড. মোঃ ইকবাল শাহিন, সহকারী শিক্ষকগণ মাসুম আহমেদ ও ড.শিরিন আক্তার। আরো উপস্থিত ছিলেন বিভাগের প্রভাষক মোঃ নাজেমুল আলম মুরাদ।

আর প্রায় শতাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থীর উপস্থিতিতে ইফতার মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়।

দেড় বছর আটকে রেখে কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পৌর শহরের একটি বাসায় দেড় বছর ধরে আটকে রেখে এক কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে শহরের একটি বাসার তৃতীয় তলা থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ।

এ সময় শ্রীমঙ্গল থানার পুলিশ ওই বাসা থেকে দুই নারীকে আটক করে। তবে অভিযুক্ত গৃহকর্তা পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

ধর্ষণের শিকার কিশোরী পুলিশকে জানায়, দেড় বছর আগে ওই বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ নেয় সে। এর কয়েক দিন পর গৃহকর্তা তাকে ধর্ষণ করে। ওই ধর্ষণের ভিডিও ধারণ করে এবং তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দেড় বছর ধরে তাকে ধর্ষণ করা হয়েছে। সব কিছু জেনেও গৃহকর্তীসহ বাড়ির অন্যরা এতে বাঁধা দেয়নি বলেও অভিযোগ কিশোরীর।

কিশোরীর অভিযোগ, শনিবার সকালে গৃহকর্তা তাকে আবারও ধর্ষণের চেষ্টা করলে সে বাঁধা দেয়। এতে সে শারীরিক নির্যাতন করে হাত-পা বেঁধে একটি রুমে ফেলে রাখে ওই কিশোরীকে।

শনিবার মেয়েটির চিৎকার শুনে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে শ্রীমঙ্গল থানার পুলিশ তাকে উদ্ধার করে। এ সময় কিশোরীর শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন দেখতে পায় পুলিশ।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানান, অভিযুক্তর বাসা থেকে দুই নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মেয়েটি নিজেই বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গলের আলোচিত পলাতক ধর্ষক চন্দন ধর কে পুলিশ ও র‍্যাবের দীর্ঘ অভিযানের পর মৌলভীবাজার জগৎসি গ্ৰামের সূত্রধর বাড়ী থেকে সদর থানা পুলিশের অভিযানে আটক করা হয়েছে। রোববার (১৭ এপ্রিল) রাত ৩ টায় তাকে আটক করা হয়।

ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি চন্দন ধরকে মৌলভীবাজার সদর থানা পুলিশ এসআই সুলতানুর রহমান সঙ্গীয় দলসহ গ্রেপ্তারপূর্বক শ্রীমঙ্গল থানা পুলিশের কাছে আসামিকে বুঝিয়ে দেয়া হয়। এ অভিযানে সন্ধ্যার পর থেকে র‌্যাবও মাঠে কাজ করেছিল। কিন্তু পুলিশ তার আগেই ধর্ষক চন্দন’কে আটক করতে সক্ষম হয়।

ঠাকুরগাঁওয়ে বাড়িতে ঢুকে মারপিট করে সাড়ে ৭ লাখ টাকা লুট

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও পৌর শহরের হাজী পাড়ার একটি বাড়িতে জোর পূর্বক ঢুকে এক নারীকে মারপিট করে সাড়ে ৭ লাখ টাকা লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এ সময় ওই নারীর ব্যবসায়ী স্বামীকেও মারধর করেছে তারা। গেল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের হাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী লায়লা বেগম জানান, তারাবি শেষে ঘুমের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। বাড়ির দোতালার দরজায় কড়া নাড়েন কেউ৷ দরজা খুলতেই দেশীয় অস্ত্র, রড দিয়ে অতর্কিত হামলা চালায়। আমাদের মারধর ও বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে ড্রয়ার থেকে জমি বিক্রির সাড়ে সাত লাখ টাকা লুট করে নিয়ে যায়। তিনি বর্তমানে আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ওই নারীর স্বামী ইসরাফিল হোসেন বলেন, পূর্ব পরিকল্পিতভাবে স্থানীয় সন্ত্রাসী ওহিদুল ও বাকীর নেতৃত্বে একটি সন্ত্রাসী দল হামলা করে নগদ সাড়ে সাত লাখ টাকা লুটপাট করে নিয়ে গেছেন।
অভিযুক্ত বাকীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ওই বাড়িতে যাওয়ার কথা স্বীকার করলেও হামলা-লুটপাটের কথা অস্বীকার করেন।
বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার এ এস আই নবিউল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবে।

কমলগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ মাদক কারবারি ও সিএনজি আটক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদ, গাঁজা, সিএনজিসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন এর নেতৃত্বে অভিযানে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার মাধবপুর রোডের উজিরপুর এলাকা থেকে ২মাদক ব্যবসায়ী ও সিএনজি চালককে আটক করে।

এসময় মাদক ব্যবসায়ীদের কাছে ভারতীয় ৪০ বোতল মদ, ১০ কেজি গাঁজাসহ একটি সিএনজি- মৌলভীবাজার -থ-১২-১৯২৫ আটক করা হয়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এক সিপাই আহত হয়।

আটককৃতরা হলেন মিজর মিয়া (২৪),পিতা-আইয়ুব আলী দক্ষিনের হাওর,মিরাজ আলী (৩৫) পিতা মৃত মফিজ আলী, সাং দক্ষিন গুলের হাওর, রাসেল মিয়া (২৫) পিতা সুরুজ মিয়া, সাং ওবাহাটা, মুন্সিবাজার, সর্ব সাং কমলগঞ্জ, মৌলভীবাজার বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হতে প্রাপ্ত সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ীরা ঈদকে লক্ষ্য করে মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী এলাকা ঘেষা ভারত থেকে চোরাচালান পথে এনে নিরাপদে মাদক দেশের বিভিন্ন স্থানে পাচার করার চেষ্টা চালিয়ে আসছিল। বিশেষ করে আসন্ন ঈদকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীদের চক্র সক্রিয় হয়ে উঠেছিল। এরই খবরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর তাদের ধরতে জেলার বিভিন্ন স্থানে বেশ কিছুদিন ধরে নজরে নেয়। তারই অংশ হিসেবে কমলগঞ্জে অভিযান চালায় বলে জানা গেছে।

মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন জানান, মাদক ব্যবসায়ীরা ভারত থেকে মৌলভীবাজার সীমান্ত দিয়ে মাদক সংগ্রহ করে পাচারের খবরে সংগীয় দল নিয়ে ঘটনাস্থলে অভিযান চালাই। এক পর্যায়ে শুক্রবার সন্ধা ৭ টার দিকে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ভারতীয় মদ ৪০বোতল, গাঁজা ১০ কেজিসহ ৩ জনকে আটক করতে সক্ষম হই।

তিনি আরো বলেন আটককৃতদের গ্রেপ্তারের পর মৌলভীবাজাস্থ মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কার্যালয়ে নিয়ে আসা হয় এবং মাদক আইনে ২টি পৃথক মামলা হয়েছে এবং আসামীদের কমলগঞ্জ থানা পুলিশের মাধ্যমে শনিবার (১৬ এপ্রিল) আদালতের প্রেরন করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সিএনবিডি ডেস্কঃ আজ ১৭ই এপ্রিল (রোববার) ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিনে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।

এর আগে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালানোর পর ১০ই এপ্রিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গঠিত হয়। ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণাকে এ দিন ঘোষিত ঘোষণাপত্রে দৃঢ়ভাবে সমর্থন ও অনুমোদন করা হয়।সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ও সৈয়দ নজরুল ইসলামকে প্রজাতন্ত্রের উপ-রাষ্ট্রপতি ঘোষণা করা হয়।এ ছাড়াও তাজউদ্দিন আহমেদ অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী, খন্দকার মোশতাক আহমেদ পররাষ্ট্রমন্ত্রী, ক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলী অর্থমন্ত্রী এবং এ এইচ এম কামারুজ্জামান স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী নিযুক্ত হন। অপরদিকে জেনারেল আতাউল গনি ওসমানী অস্থায়ী সরকারের মুক্তিবাহিনীর প্রধান কমান্ডার এবং মেজর জেনারেল আবদুর রব চিফ অব স্টাফ নিযুক্ত হন।

এরই ধারাবাহিকতায় ১১ই এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ দেশবাসীর উদ্দেশে বেতার ভাষণ দেন। তার এই ভাষন আকাশবাণী থেকে একাধিকবার প্রচারিত হয়। এ ভাষণে তিনি দেশব্যাপী পরিচালিত প্রতিরোধ যুদ্ধের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। এছাড়াও ১৭ই এপ্রিল মন্ত্রিসভার শপথ গ্রহণের তারিখ নির্ধারিত হয়। তাজউদ্দিনের ভাষণের মধ্য দিয়েই দেশ-বিদেশের মানুষ জানতে পারেন বাংলাদেশের মুক্তি সংগ্রাম পরিচালনার লক্ষ্যে একটি আইনানুগ সরকার গঠিত হয়েছে।

এরই পথপরিক্রমায় ১৭ই এপ্রিল সকালে মুজিবনগরে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা লাভ করে। মেহেরপুরের সীমান্তবর্তী গ্রাম বৈদ্যনাথতলায় শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আবদুল মান্নান এম.এন.এ এবং স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী এম.এন.এ। নবগঠিত সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে এখানে গার্ড অব অনার প্রদান করা হয়।

এদিকে ১৭ এপ্রিল মুজিব নগর সরকারের মন্ত্রীরা শপথ নিলেও  ১৮ এপ্রিল মন্ত্রী পরিষদের  প্রথম সভায় মন্ত্রীদের দপ্তর বন্টন করা হয়। মুজিব নগর সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জনের মধ্যদিয়ে স্বাধীনতা লাভ করে। শুধু ত্ইা নয়, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের এই প্রথম সরকারের কুটনৈতিক প্রচেষ্টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি  পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন। এর আগে ভারত এবং ভুটান এই সরকারকে স্বীকৃতি দেয়।

আজ মুজিবনগর দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। সারাদেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২২ উদযাপনের লক্ষ্যে এবার জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ভিন্ন স্বাদে হলুদ রঙের তরমুজ চাষে স্বাবলম্বী হওয়ার সুযোগ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার লাঠিটিলার ডোমাবাড়ি গ্রামের সন্তান খোরশেদ আলম ইউটিউব দেখে দেখে হলুদ তরমুজ চাষের জন্য উৎসাহিত হন। এরপর তিনি পরীক্ষামূলকভাবে শখের বসে প্রথমবারের মতো এ তরমুজ চাষ শুরু করেন। এতে তিনি সফল ও হয়েছেন।

স্থানীয় সূত্র মতে জানা যায়, খোরশেদ ইউটিউব দেখে উৎসাহিত হয়ে শখের বসে ব্যক্তিগত উদ্যোগে হলুদ তরমুজের চাষ শুরু করেন। প্রথমবারের চাষেই ভালো ফলন হয়েছে।

হলুদ তরমুজ চাষের পর থেকে দেখতে এলাকাবাসী খোরশেদের ক্ষেতে ছুটে আসছেন। অনেকেই আগামীতে এ তরমুজ চাষ করার আগ্রহও প্রকাশ করে। তবে আগ্ৰহ করে খোরশেদ আলমের কাছে থেকে পরামর্শ নিচ্ছেন। নতুন এই জাতের তরমুজ দেখতে সুন্দর, আবার স্বাদ,উপকারীতা ও সুগন্ধি রয়েছে। একারণে এই তরমুজের চাহিদাও বেশ ভালো জমে উঠেছে।

জেলা কৃষি বিভাগ জানিয়েছে, মৌলভীবাজার জেলায় ১৬ হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে। এর মধ্যে ১ হেক্টর জমিতে নতুন জাতের এই হলুদ তরমুজের চাষ হয়েছে।

তরমুজ চাষীর সাথে আলাপকালে খোরশেদ আলম বলেন, ইউটিউব দেখে দেখে উৎসাহিত হয়ে আমি ব্যক্তিগত উদ্যোগে এই হলুদ তরমুজের চাষ শুরু করি। ইউটিউবে এই তরমুজের ফলন দেখে খুব ইচ্ছের সাথে শখ হলো। তাই চিন্তা করলাম একবার পরীক্ষা করেই দেখি। এরপর সাহস করে বীজ ক্রয় করি। ৬ শতাংশ জমিতে বীজ বপন করি। ফলনও ভালো হয়। ছোট-বড় মিলিয়ে প্রায় ২১৬টির মতো হলুদ তরমুজ উৎপাদন হয়েছে। যার গড় ওজন প্রায় ৯০০ কেজি। এই তরমুজ চাষ করতে সব মিলিয়ে ব্যয় হয়েছে ৮ হাজার টাকার মত প্রায়। ফল থেকে আয় হয়েছে ৫০ হাজার টাকা। এটি শীত মৌসুমের ফসল। মাত্র ৩ মাসেই এর ফলন পাওয়া যায়। জুড়ী উপজেলার আবহাওয়া অনুকূলে থাকায় এখানে এর ফলন ও ভালো হচ্ছে।

এই তরমুজ চাষে নিজের পরিবারের চাহিদা মিটিয়ে বাণিজ্যিকভাবে স্বাবলম্বী হওয়ারও সুযোগ রয়েছে। শুধু মাত্র ৩ মাস সময় সঠিকভাবে পরিচর্যা করলে ১ বিঘা জমিতে ৫ লাখ টাকার তরমুজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। আগামীতে এই তরমুজ বাণিজ্যিকভাবে চাষ করার পরিকল্পনা রয়েছে খোরশেদের।

একই এলাকার বাসিন্দা তারেক আহমেদ বলেন, খোরশেদ নতুন জাতের হলুদ তরমুজ চাষ করে এলাকাবাসীর মধ্যে সাড়া ফেলেছেন। হলুদ রঙের তরমুজ আছে বলে সাধারণ মানুষ জানতো না। তাই উৎসুক সাধারণ মানুষ দলে দলে খেতে ভীড় করছে শুধু দেখার জন্য।

জূড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন বলেন, হলুদ তরমুজ উচ্চমূল্যের ফসল। এটি হাইব্রিড জাতীয় তরমুজ। তবে উৎপাদন ব্যবস্থা দেশি তরমুজের মতো। হলুদ তরমুজে পুষ্টি উপাদান অনেক বেশি। এ তরমুজের ভেতরটা কম্প্রেসড বা ঠাসা থাকে। এটিতে ভিটামিন এ রয়েছে, এ ফলটি খেতে অনেক মিষ্টি। জুড়ীর মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় ফলটি চাষের সম্ভাবনা অনেক বেশি। আগামীতে হলুদ তরমুজ চাষে কৃষি সম্প্রসারণ কাজ করবে কৃষি বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী বলেন, ফলটি ভিন্ন রংয়ের হওয়ায় দেখতে অনেক আকর্ষণীয়। স্বাদে খুবই মিষ্টি। দেখলেই খেতে ইচ্ছে করে। উচ্চফলনশীল এ হলুদ তরমুজে ভিটামিন-এ ও সি রয়েছে। চলতি মৌসুমে মৌলভীবাজার জেলায় ১৬ হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে। এর মধ্যে ১ হেক্টর জমিতে নতুন জাতের এই হলুদ তরমুজের চাষ করা রয়েছে।