২০০১ থেকে ২০০৬ বাংলাদেশের পিছিয়ে যাওয়ার ৫ বছর : জয়

রাজনীতি ডেস্কঃ ২০০১ থেকে ২০০৬ সাল ছিল বাংলাদেশের পিছিয়ে যাওয়ার ৫ বছর। সিন্ডিকেটের মাধ্যমে সবকিছু ছিল হাওয়া ভবনের দখলে।বিএনপি জামাত জোটের ২০০১ থেকে ২০০৬ শাসনামলে রাস্তা, ব্রিজ – কালভার্ট, সরকারি ভবন এর সব কাজ থেকেছে অসম্পূর্ণ – কাজের নামে হয়েছে হরিলুট আর ভাগাভাগি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে জয় লিখেছেন, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে বিএনপি-জামাতের শাসনামলে সব নির্মাণ প্রকল্প যেমন রাস্তা, ব্রিজ, কালভার্ট, সরকারি ভবনের সব কাজ থেকেছে অসম্পূর্ণ – কাজের নামে হয়েছে হরিলুট আর ভাগাভাগি।

পোস্টে একটি ভিডিও যোগ করে তিনি বলেন, এই ভিডিওটির মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি যে হাওয়া ভবন কিভাবে সিন্ডিকেটের মাধ্যমে সমস্ত সরকারি প্রকল্প বিতরণ করত এবং কিভাবে তারেকের ঘনিষ্ঠ সহযোগীরা দুর্নীতির মাধ্যমে রাতারাতি কিভাবে অঢেল অর্থের মালিক হয়েছিল।কথাগুলো শুনবেন সাধারণ মানুষের মুখেই, যারা ওই সময় বিএনপি জামাতের এই সিন্ডিকেট বাণিজ্যের ভুক্তভোগী ছিল।

ভিউজ্যুয়ালটির সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিএনপি-জামায়াত জোটের নির্বাচনী ইশতেহারে ১০০টিরও বেশি সুনির্দিষ্ট প্রতিশ্রুতির মধ্যে মাত্র কয়েকটি বাস্তবতার মুখ দেখেছে।

২০০১-২০০৬ মেয়াদকে ‘বাংলাদেশের পিছিয়ে যাওয়ার পাঁচ বছর’ হিসেবে উল্লেখ করে, সজীব ওয়াজেদ জয় সেই সময়ের কিছু গুরুতর সমস্যার কথা উল্লেখ করেছেন, যার মধ্যে রয়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অত্যধিক মূল্য, ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। তিনি তার দাবির সপক্ষে প্রমাণ হিসেবে, সাথে থাকা ভিডিওতে অসম্পূর্ণ সেতুর ছবি এবং সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতি যাচাইকারী ঠিকাদারদের সাক্ষাৎকার দেখানো হয়েছে।

কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ মোতায়েন

আন্তর্জাতিক ডেস্কঃ গত ৫ বছর আগে অর্থাৎ ২০১৭ সালের পর এই প্রথম মার্কিন পরমাণু শক্তিচালিত বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনকে কোরীয় উপদ্বীপে মোতায়েন করা হয়েছে। উত্তর কোরিয়া পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর পিয়ংইয়ং এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই বিমানবাহী রণতরী মোতায়েন করল মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন কর্মকর্তারা গতকাল স্থানীয় সময় মঙ্গলবার জানিয়েছেন, ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বর্তমানে জাপান সাগরে অবস্থান করছে। সেখানে জাহাজটি জাপানের সামরিক বাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে।

তবে এদিকে কোরীয় উপদ্বীপে মার্কিন বিমানবাহী জাহাজ মোতায়েনের বিষয়ে দক্ষিণ কোরিয়া কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে। দেশটি নিজেও বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মহড়ায় যুক্ত রয়েছে।

এর আগে, দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছিল যে, কোরীয় উপদ্বীপে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন হবে এবং সেটি ৩-৫ দিন ওই এলাকায় অবস্থান করবে। এ ব্যাপারে মার্কিন এবং দক্ষিণ কোরিয়া যৌথ কমান্ডের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, গত ২০১৭ সালে উত্তর কোরিয়া তার পরমাণু ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলে মার্কিন যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপে ৩টি বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করে।

ভরিতে স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বৃদ্ধি

অর্থ ও বানিজ্য ডেস্কঃ দেশের বাজারে সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৭৮ হাজার ৮৪৯ টাকা হয়েছে। স্থানীয় বুলিয়ান মার্কেটে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বাজুস। গতকাল মঙ্গলবার (১২ এপ্রিল) থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হয়েছে বলেও জানিয়েছে বাজুস।

দেশের বাজারে ভালো মানের স্বর্ণের পাশাপাশি বাড়ানো হয়েছে সব ধরনের স্বর্ণের দাম। মান অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ১ হাজার ২২৪ টাকা থেকে ১ হাজার ৭৫০ টাকা পর্যন্ত। তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি সোমবার (১১ এপ্রিল) বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি এম এ হান্নানের সই করা এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বুলিয়ান মার্কেটে স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা ১২ এপ্রিল থেকে কার্যকর হবে। নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে করা হয়েছে ৭৮ হাজার ৮৪৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৭৪৯ টাকা বাড়িয়ে ৭৫ হাজার ৩৪৯ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ৬৪ হাজার ৫৬০ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২২৪ টাকা বাড়িয়ে করা হয়েছে ৫৩ হাজার ৮২৯ টাকা।

স্বর্ণের দাম বাড়লেও রুপার আগের নির্ধারিত দামই বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত মার্চে দুই দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়। এর মধ্যে সর্বশেষ গত ২২ মার্চ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা কমিয়ে করা হয় ৭৭ হাজার ৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা কমিয়ে ৭৩ হাজার ৬০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬৩ হাজার ১০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৪৫৮ টাকা কমিয়ে ৫২ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়।

ভারতে ট্রেনের নিচে চাপা পড়ে ৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে মাঝপথে থামানো একটি ট্রেন থেকে নামার পর একজন নারীসহ ৫ জন অপর একটি ট্রেনের নিচে পড়ে নিহত হয়েছেন। গত সোমবার  দিবাগত রাতে অন্ধ্রপ্রদেশে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন এবং তিনি বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রাজ্যটির রাজধানী অমরাবতী থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে শ্রীকাকুলামের কাছে মাঝপথে ট্রেনটি থামানোর পরে যাত্রীরা ট্রেন থেকে নেমেছিলেন।

কর্মকর্তারা জানান, নিহতরা সবাই সেকেন্দরাবাদ-গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেসের যাত্রী। ট্রেনটি মাঝপথে শ্রীকাকুলাম জেলার একটি গ্রামে থামে। এরপর তারা ট্রেন থেকে নেমে পাশের রেললাইনে যান, ঠিক তখন তারা বিপরীত দিক থেকে আসা ভুবনেশ্বরগামী কোনার্ক এক্সপ্রেসের সামনে পড়েন।

আহত ব্যক্তিকে শ্রীকাকুলামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন তারা ট্রেন থামিয়ে নামল, তা জানতে তদন্তকারীরা তার বক্তব্য রেকর্ড করার জন্য অপেক্ষা করছেন।

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি। জেলা কর্তৃপক্ষকে ত্রাণ সরবরাহ ও আহতদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

ইফতারে রাখুন মজাদার সুস্বাদু মিল্ক ডেজার্ট

লাইফস্টাইল ডেস্কঃ ইফতারি আয়োজনে ভিন্নতা আনতে বিশেষ করে ইফতারের সময় মিষ্টিজাতীয় খাবার হিসেবে ইফতারে রাখতে পারেন মজাদার সুস্বাদু মিল্ক ডেজার্ট। চলুন আজ জেনে নিন এর সহজ রেসিপি-

যে উপকরণ লাগবেঃ গুঁড়া দুধ আধা কাপ, চিনি ১/৩ কাপ পরিমাণ, আগার আগার পাউডার ২ চা চামচ, পানি দেড় কাপ ও বেদানা পরিমাণমতো।

বানানোর পদ্ধতিঃ প্রথমে একটি প্যানে গুঁড়া দুধ, চিনি, আগার আগার ও পানি দিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এরপর চুলায় বসিয়ে মাঝারি আঁচে রেখে ৪-৫ মিনিট জ্বাল করে নিতে হবে। এবার একটি হার্ট শেপের মোল্ডে দুধ গরম থাকা অবস্থায় ঢেলে নিন। এবার উপর থেকে বেদানা ছড়িয়ে দিন। ডিপ ফ্রিজে ১৫-২০ মিনিট রেখে জমিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন সুস্বাদু মিল্ক ডেজার্ট।

হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার, জানালেন কৃষিমন্ত্রী

অর্থনীতিক ডেস্কঃ সুনামগঞ্জে হাওরের বাঁধ ভেঙে প্রায় ৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। আকস্মিক ঢলে হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার থাকবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। আজ মঙ্গলবার সচিবালয়ে জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, সুনামগঞ্জের হাওরের কৃষকদের জন্য প্রণোদনা কর্মসূচি নেয়া হবে। প্রণোদনা আছে এবং ইতোমধ্যে কর্মসূচি নেয়া হয়েছে আউশে প্রণোদনা দেয়ার জন্য। ক্ষয়ক্ষতি মেটানোর জন্য সরকার চাষীদের পাশে থাকবে বলেও জানান তিনি।

বোরোতে প্রতি বছর ২ কোটি টন ধান উৎপাদন হয়, এরমধ্যে ১২ লাখ টন হয় হাওরে, যেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে ১২ লাখ টনও বাংলাদেশের জন্য অনেক বড় ব্যাপার। হাওরে আকস্মিক বন্যায় কী পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে তা নির্দিষ্ট করে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি কৃষিমন্ত্রী। তিনি বলেন, কৃষিমন্ত্রী হিসেবে সব সময়ই একটা আতঙ্কের মধ্যে থাকতে হয় তাকে। প্রকৃতির উপর তো কারো হাত নেই। প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি বলেছেন, প্রস্তুতি রাখো যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য।

সার ডিলারদের অনিয়মের বিষয়টি তুললে কৃষিমন্ত্রী বলেন, এই মুহূর্তে সার নিয়ে তেমন সমস্যা নেই। তবে কোনো অনিয়ম হলে অবশ্যই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এখানে ছাড় দেয়ার কোনো সুযোগ নেই। এ সারের জন্য মানুষকে রক্ত দিতে হয়েছে, রাজপথ রঞ্জিত হয়েছে। কাজেই এখানে ছাড় দেয়ার কোনো সুযোগ থাকবে না।

তিনি আরো বলেন, অতীতের যেকোনো রেকর্ডকে ব্রেক করে সর্বোচ্চ পরিমাণ ভর্তুকি বা প্রণোদনা বর্তমান সরকার দিচ্ছে। প্রতিবছর ৮ থেকে ৯ হাজার কোটি টাকা ভর্তুকি থাকে বাজেটে। যে হারে আন্তর্জাতিক বাজারে সারের দাম বাড়ছে তাতে জুন পর্যন্ত ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে আন্তর্জাতিক বাজারে যে হারে দাম বাড়ছে ফলে ৩০ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে।

 

লোহাগাড়ায় মাত্র ১৫ দিনের ব্যবধানে ৫ জনের আত্মহত্যা

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় গেল ১৫ দিনের ব্যবধানে ৫ জন নারী-পুরুষের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এত স্বল্প সময়ের মধ্যে ৫ জনের আত্মহত্যার ঘটনা সচেতন নাগরিকদের মাঝে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, এসব আত্মহত্যার নেপথ্যে পারিবারিক কলহ, মানসিক বিপর্যয়, ঋণের বোঝা সইতে না পারা, প্রেমে বাধা ইত্যাদি কারন ভুমিকা রাখছে।

সর্বশেষ গতকাল সোমবার (১১ এপ্রিল) উপজেলার উত্তর কলাউজান বাহাদুর শাহ বাড়ী এলাকায় রোকসানা আকতার (৩২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেন। তিনি ওই এলাকার আল আমিনের স্ত্রী। তিনি পারিবারিক কলহের জেরে ঘরের বিমের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

এর আগে, ১০ এপ্রিল আমিরাবাদ সিকদার পাড়ায় চিরকুট লিখে রুকসি পারভিন জুবলি (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করে। সে একই এলাকার আবদুল গফুরের মেয়ে। প্রেমঘটিত কারণে চিরকুট লিখে আত্মহত্যা করেছে জুবলি বলে জানা যায়।

এদিকে গত ৬ এপ্রিল চরম্বা ওয়াহেদের পাড়ায় তানজিনা নাসরিন কেমী (১৯) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার মো. এরশাদের স্ত্রী। পারিবারিক কলহের জেরে স্বামীর সাথে ঝগড়াঝাটি করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। তবে কেমীর মায়ের দাবি এরশাদ তাকে হত্যা করেছে। এরশাদের দাবি, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে তার স্ত্রী।

অন্যদিকে গত ২৯ মার্চ আত্মহত্যা করে পুটিবিলা গৌড়স্থান চৌধুরী পাড়ার মোহাম্মদ মিয়ার ছেলে মোহাম্মদ আউয়াল (২২)। তবে তার আত্মহত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি। আউয়াল ছয়মাস আগে বিয়ে করেন। ঘটনার দিন স্ত্রী বাপের বাড়িতে ছিলেন। এ সুযোগে সে বাড়ির বিমের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

এছাড়া গত ২৮ মার্চ চরম্বা কালোয়ার পাড়ার গুচ্ছগ্রামে অভাবের সংসারে এনজিওর ঋণ পরিশোধ করতে না পেরে ইয়াছমিন আকতার (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করে। তিনি কাজির পাড়ার সিএনজি চালক ফোরকানের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান এ ৫ আত্নহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১৫ দিনের ব্যবধানে উপজেলার বিভিন্ন এলাকায় পাঁচটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এসব আত্মহত্যার নেপথ্যে রয়েছে, পারিবারিক কলহ, মানসিক বিপর্যয়, ঋণের বোঝা সইতে না পারা, প্রেমে বাধা ইত্যাদি।

দেশের ৬ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির সম্ভাবনা : আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া ডেস্কঃ ঢাকাসহ দেশের ৬ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, সিলেট, ময়মনসিংহ ও রংপুরের কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা চট্টগ্রামের বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়োহাওয়াসহ বজ্রবৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৩ দশমিক ৮, ময়মনসিংহে ৩০ দশমিক ৫, চট্টগ্রামে ৩৩ দশমিক ২, সিলেটে ২৯ দশমিক ২, রাজশাহীতে ৩৬ দশমিক ১, রংপুরে ২৭ দশমিক ০, খুলনায় ৩৪ দশমিক ৪ এবং বরিশালে ৩৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

২০২৩ সালের এসএসসি ও এইচএসসি জুনে অনুষ্ঠিত হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা ডেস্কঃ আগামী বছর ২০২৩ সালে এসএসসি ও সমমান পরীক্ষা এবং এইচএসসি ও সমমান পরীক্ষা যথাক্রমে এপ্রিল ও জুন মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ মঙ্গলবার (১২ এপ্রিল) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

দীপু মনি বলেন, ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ২০২২ সালের পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী হবে। এছাড়া আগামী বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২২ সালের জন্য ১৮০ কর্মদিবসের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে অনুষ্ঠিত হবে। সব বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা হবে।

তবে এ বছরের জেএসসি পরীক্ষা নেওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান তিনি।

এর আগে, গত ১ মার্চ চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ জুন এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ২২ আগস্ট হবে বলে ঢাকা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাণীশংকৈলে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি; আহত-৫

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার বিকেল তিনটার মধ্যে আকস্মিক প্রচন্ড তান্ডব্যে ঝড়োবাতাস ও ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের শিলাবৃষ্টিতে ফল- ফসল  ঘরবাড়ি ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এইসাথে ৫ ব্যক্তি আহত হয়েছেন।

এদিন উপজেলার নেকমরদ বাজার, গন্ডগ্রাম, যদুয়ার, ভবানীপুর, চন্দনচহট, দুর্লভপুর, পারকুন্ডা, ফরিদপাড়া সহ নেকমরদ ও রাতোর  ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘর বাড়ি, ধান ও ভুট্টা ক্ষেত, আম বাগান সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

এইসাথে শিলাবৃষ্টিতে অনেক মানুষ আহত হয়েছেন। ক্ষতি হয়েছে  শতাধিক যানবাহনের।

জানা গেছে, শিলাবৃষ্টির আঘাতে নেকমরদ মাস্টারপাড়া গ্রামের শুটকি বিক্রেতা দবিরুল ইসলামের (৪৮)মাথা ফেটে যায়। তাকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।

একই পাড়ার রাজ কুমারের স্ত্রী ঝরণা বনিক(৫০),  পৌরশহরের মিষ্টি বিক্রেতা দুলু বসাক (৫৬) ও সন্ধারই গ্রামের গরু বিক্রেতা হবির (৪৮) এ শিলাবৃষ্টিতে মাথা ফেটে যায়। একই সময় নেকমরদে রাস্তা পারা হওয়ার সময় ময়না আক্তার (৪৫) নামে এক মহিলার মাথা ফেটে গুরুতর আহত হন।  তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়া হয়।

উপজেলার লেহেম্বা ইউনিয়নের ভুটাচাষী তৌহিদুল ইসলাম জানান,” আমি ৭ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিলাম, শিলাবৃষ্টিতে আমার প্রায় সব ভুট্টাগাছ নষ্ট হয়ে গেছে, এতে আমার প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হবে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ রাত ১০ টায় বলেন, এবার শিলাবৃষ্টিতে উপজেলার বেশ কিছু জায়গায় অনেক ক্ষতি হয়েছে। আমরা এর প্রাথমিক তথ্য পেয়েছি। তবে, পরবর্তীতে মাঠজরিপে প্রকৃত ক্ষতির পরিমান জানা যাবে।