টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্কঃ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে। প্রথমবারের মতো আইসিসি’র বৈশ্বিক আসরে খেলার সুযোগ পেল যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। আইসিসি’র সবশেষ সভায় জানানো হয়, যুক্তরাষ্ট্র পুরুষ দলের সঙ্গে নারী দলও খেলবে বিশ্বকাপ।

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এরপর ২০২৪ সালে হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। এই আসরে খেলবে ২০টি দল। ১০ দলের টুর্নামেন্টে সরাসরি খেলবে আটটি দল। এর ৬ দল নির্ধারণ করা হবে ২০২৩ আসরের দুই গ্রুপ থেকে। আর বাকি দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল সুযোগ পাবে সরাসরি খেলার (আয়োজক দল যদি এর মধ্যে না থাকে)। বাকি দুই দল নেওয়া হবে পূর্ব-নির্ধারিত সময়ের মধ্যে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং বিবেচনায়।

২০২২-২০২৫ সালের চক্রের নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের ওপর ভিত্তি করে মেয়েদের আগামী ওয়ানডে বিশ্বকাপের দল নির্বাচন করা হবে। আয়োজক দেশ ছাড়াও পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচ দল সরাসরি জায়গা করে নেবে টুর্নামেন্টে। আট দলের টুর্নামেন্টে বাকি দুই দল নির্ধারণের জন্য আয়োজন করা হবে বাছাইপর্ব।

রাণীশংকৈলে শিয়ালের কামড়ে আহত- ৭ , এলাকায় আতংক

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শিয়ালের আক্রমণে কামড়ে গত দুই দিনে ৭ ব্যক্তি আহত হয়েছে। উপজেলার নেকমরদ ইউনিয়নের কুমোরগঞ্জ এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার মানুষ আতংকিত হয়ে পড়েছে। গ্রামবাসীরা এলাকায় পাহারার ব্যবস্থা করেছে এবং অনেকেই লাঠি হাতে চলাচল করছে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, গত শুক্রবার শিয়ালের আক্রমণে শিকার হয়েছেন কুমোরগঞ্জ এলাকার দিনমজুর বনগাঁও গ্রামের আনসার, কুমোরগঞ্জ গ্রামের মাজেদা, শরিফা ও নবাব। একইভাবে শনিবার (৯ এপ্রিল) শিয়ালের কামড়ে আহত হন রেহেনা, মমিনুল ও সাজেদা।

কুমোরগঞ্জ গ্রামের হাসিনা বেগম বলেন, গত শনিবার সকালে ভুট্টাখেতের পাশে আমার প্রতিবেশী রেহেনা ঘাস তুলছিলেন। এ সময় হঠাৎ একটি শিয়াল এসে রেহেনার পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। তাঁর চিৎকারে গ্রামবাসি ছুটে এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক  তাকে ভ্যাকসিন নেয়ার পরামর্শ দেন। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই ভ্যাকসিন না থাকায় বাজার থেকে ১৫৫০ টাকা দিয়ে ভ্যাকসিন কিনে রেহেনাকে দেওয়া হয়। তিনি এখন চিকিৎসাধীন। জানা গেছে একইভাবে এলাকার আরও কয়েক জন আহত হন।

এ ব্যাপারে নেকমরদ ইউপি চেয়ারম্যান আবুল হোসেন জানান, গত দুইদিনে ইউনিয়নের কুমোরগঞ্জ এলাকায় কয়েকজনকে শিয়াল কামড়েছে। সম্ভবত এখন শিয়ালগুলো পর্যাপ্ত খাবার পাচ্ছে না। তাই তারা মানুষকে নাগালে পেলে কামড়াচ্ছে। এমনকি তারা বাড়ি পর্যন্ত এসে মানুষকে কামড়ায়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাসিরুল ইসলাম বলেন, শিয়াল সাধারণত দু’ কারণে মানুষকে আক্রমণ করে। পর্যাপ্ত খাবার না পেলে বা আক্রমণের শিকার হলে অথবা র‍্যাবিস ভাইরাসে আক্রান্ত হলে।তিনি আরও বলেন, পাগলা শিয়াল কাউকে কামড়ালে তাকে আগে ক্ষতস্থান পরিষ্কার করতে হবে এবং দ্রুত ডাক্তারের কাছে গিয়ে জলাতঙ্ক টিকা নিতে হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা বিষয়ক কর্মকর্তা (এমটিইপিআই) নুরুজ্জামান বলেন, আমাদের উপজেলায় কুকুর ও শিয়াল কামড়ের ভ্যাকসিন সাপ্লাই নেই। তাই এসব রোগীদের আমরা ভ্যাকসিন দিতে পারছি না। ঠাকুরগাঁও সদর হাসপাতালে ওই ভ্যাকসিন পাওয়া যাবে।

কুমিল্লার তিতাসে অবৈধ ড্রেজার মেশিন জব্দ

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসে অবৈধ ৬টি ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। ১১ এপ্রিল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিতাস উপজেলার জিয়ার কান্দি ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে এসব জব্দ করা হয় বলে জানান তিতাস উপজেলার সহকারি কমিশনার (ভূমি) কেএম আবু নওশাদ। 

তিনি জানান উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় ১১ এপ্রিল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জিয়ারকান্দি ইউনিয়নের বাঘাইয়ারামপুরে তিতাস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে ৬টি ড্রেজার মেশিন রাষ্ট্রের অনুকূলে জব্দ করা হয়েছে। জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলী আশ্রাফ খানসহ স্থানীয় মেম্বার ও তিতাস থানার পুলিশ অভিযানে উপস্থিত ছিলেন।

জনস্বার্থে ভ্রাম্যমান আদালত চলমান থাকবে বলে জানান তিতাস উপজেলার সহকারি কমিশনার (ভূমি) কেএম আবু নওশাদ।

রাণীশংকৈলে প্রধানমন্ত্রী কর্তৃক পুলিশের গৃহহীন পরিবারকে গৃহ হস্তান্তর ও সার্ভিস ডেস্ক উদ্বোধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: সারা দেশের মতো ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানায় গত রবিবার সকাল ১১ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুলিশের গৃহহীন পরিবারকে গৃহ হস্তান্তর ও নারী-শিশু-বয়স্ক প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন করেন।

এ উপলক্ষে রাণীশংকৈল থানা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার ( ভূমি) ইন্দ্রজিৎ সাহা, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সাইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, তথ্যসেবা অফিসার হালিমা আকতার, রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব (পুরাতন) আহবায়ক কুশমত আলী, প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন, ওসি এসএম জাহিদ ইকবাল, ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ প্রমুখ।

এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কমলগঞ্জে ইন্টারন্যাশনাল মনিপুরী এসোসিয়েশনের (ইমা) মতবিনিময়

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: ইন্টারন্যাশনাল মণিপুরী এসোসিয়েশন (ইমা), বাংলাদেশ চ্যাপ্টারের এক মতবিনিময় সভা গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জস্থ মণিপুরী কালচারাল কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল মণিপুরী এসোসিয়েশনের বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি মনি আবুজম।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারীদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন, উন্নয়ন কার্যক্রম ও সাংস্কৃতিক বিনিময়ে ইমা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আন্তর্জাতিকভাবে মনিপুরীদের সঠিক ও প্রকৃত ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি তুলে ধরার ক্ষেত্রে ইমা’র যথাযথ সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক ওইনাম রমেন্দ্র সিংহের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজকর্মী উপেন্দ্র সিংহ, নলিনী কুমার সিংহ, খোমদ্রাম ধীরেন্দ্র সিংহ, য়ুম্নাম চাউবা, মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ইবুংহাল সিংহ (শ্যামল), মণিপুরী কালচারাল কমপ্লেক্স বাংলাদেশের সদস্য সচিব রবিকিরণ সিংহ রাজেশ, মণিপুরী সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক নারেংবম সমরজিৎ, মণিপুরী কাং ফেডারেশনের সহ-সম্পাদক অশোক মীতৈ, কবি-সমাজকর্মী অওয়াংতাবম সমরেন্দ্র, হৈরোল ফাউন্ডেশনের পরিচালক কন্থৌজম শিল্পী, মণিপুরী ভাষা স্কুলের শিক্ষিকা বৃন্দারানী দেবী, নীলকুমার সিংহ, হামোম দ্বিজেন, কৈশাম কাজল প্রমুখ।

উপস্থিত বক্তাদের মতে ইমা সহযোগিতা ও প্রচেষ্টায় অনেক দুর এগিয়ে নিতে সক্ষম।

মুরাদনগর থানায় সার্ভিস ডেক্স ও গৃহহীনদের গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ মুরাদনগর থানায় সার্ভিস ডেক্স ও গৃহহীনদের গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশ মুরাদনগর থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করা হয়েছে। গেল রবিবার সকালে সারাদেশে একসাথে সব থানায় সার্ভিস ডেস্ক ও গৃহ হস্তান্তর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজারবাগ পুলিশ লাইনস হলরুম থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের ভিডিও কনফারেন্সে যুক্ত হন মুরাদনগর থানা।

এসময় উপস্থিত ছিলেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম, দারোরা ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকার, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান রনিসহ থানার বিভিন্ন পুলিশ সদস্য, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নওগাঁয় চলছে ৭ কোটি ৩৭ লাখ ৩৪ হাজার টাকা ব্যয়ে জাতীয় উদ্যান আলতাদিঘী’র উন্নয়ন কার্যক্রম

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলায় অবস্থিত আলতাদিঘী জাতীয় উদ্যান পুনঃখনের মাধ্যমে উদ্যানের জীববৈচিত্র পুনরুদ্ধার ও সংরক্ষন প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। ৭ কোটি ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে এই পকল্পের কাজ গত ২০২১ সালের ডিসেম্বর মাসে শুরু হয়েছে। প্রকল্পের কাজ শেষ হবে ২০২৩ সালে।

নওগাঁ’র জেলা প্রশাসক তারিক মেহেদী হাসান জানিয়েছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রনালয়ের আওতায় বন অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পে অর্থায়ন করেছে ক্লাইমেট চেঞ্জ ট্রাষ্ট ফান্ড।

প্রকল্পের আওতায় আলতাদিঘীর ৩ লক্ষ ২ হাজার ৬০ দশমিক ৭৩ ঘনমিটার পুনঃখনন, দিঘীর চারপাশে ক্যারিজ বাই ডাম্প ট্রাক বাঁধানো ৩ লক্ষ ২ হাজার ৬০ দশমিক ৭৩ ঘনমিটার চারিধার বাঁধানো এবং ২ লক্ষ ৬৯ হাজার ঘনমিটার গ্র্যাস টারফিং। এই প্রকল্পের মাধ্যমে পুনরাকৃতি করনের মাধ্যমে দিঘীর গভীরতা বৃদ্ধি করে বন্যপ্রাণীর আবাসস্থল উন্নয়ন ও সংরক্ষন এবং পরিবেশ পর্যটনের সুবিধা উন্নয়ন ও বৃদ্ধি, দিঘী পুনঃখননের মাধ্য গভীরতা বৃদ্ধি করে জলজ ইকো-সিষ্টেম ও জীববৈচিত্র পুনরুদ্ধার এবং ঐতিহ্য সংরক্ষন, বিদ্যমান বন্যপ্রাণীর অবাধ বিচরণ ও সুপেয় (মিঠা) পানীয় জলের প্রয়োজন মেটানোর মাধ্যমে আলতাদিঘী জাতীয় উদ্যানের জীববৈচিত্র সংরক্ষন, বন নির্ভর জনগাষ্ঠীর জীবন ধারন ও কাজ-কর্মের স্বাভাবিকতা বজায় রাখার মাধ্যমে আলতা দিঘী জাতীয় উদ্যনের প্রাকৃতিক বনাঞ্চল সংরক্ষন এবং আলতা দিঘী জাতীয় উদ্যনের ভ’-উপরিস্থ পনির ব্যবহারের সুবিধাদি উন্নয়নের মাধ্যমে শুষ্ক মৌসুমে স্থানয়ি জনসাধারনন ও বন্যপ্রাণীর পানির চাহিদা মিটানোর ব্যবস্থা সকরা হবে।

এই প্রকল্পটি বাস্তবায়িত হলে জাতীয় উদ্যান আরও বেশী দৃষ্টিনন্দন হবে। যার ফলে পর্যটকদের আসা যাওয়া বর্তমানের চেয়ে আরও বেশী হবে বলে মনে করা হচ্ছে।

মুজিববর্ষ উপলক্ষে জুড়ী পুলিশের উদ্যেগে ঘরের চাবি হস্তান্তর

তিমির বনিক,মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের যোগীমোড়া গ্রামের বাসিন্দা শিপ্রা দেবী (৪১)। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জুড়ী থানার তত্ত্বাবধানে শিপ্রা দেবীকে জমিসহ ঘর তৈরি করে দেওয়া হয়েছে।

সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী ভার্চুয়ালী এই কর্মসূচি ঘোষণা করেন। তারই অংশ হিসেবে রবিবার আনুষ্টানিকভাবে তার হাতে ঘরের চাবি হস্তান্তর করেন জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী। এসময় গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ূমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের উদ্দ্যোগে দেশের প্রতিটি থানা এলাকায় গৃহহীন পরিবারের জন্য ভূমিসহ বাড়ী উপহার ও প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি সার্ভিস ডেস্ক গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

৪১৫ বর্গফুট আয়তনের দুই কক্ষ, রান্নাঘর ও টয়লেট বিশিষ্ট দৃষ্টিনন্দন প্রতিটি গৃহ পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে। এতে খরচ হয়েছে প্রায় আড়াই লক্ষ টাকা।

উপকারভোগী শিপ্রা দেবী বলেন, এখন আর ঝড় বৃষ্টির দিনে কষ্ট করতে হবে না। টানাপোড়নের সংসারে ভাঙা ঘর যেখানে মেরামত করার মত সাধ্য নেই, সেখানে এতো সুন্দর একটা পাকা গৃহে ঘুমাতে পারব তা স্বপ্নেও ভাবিনি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশ বিভাগকে আমার কষ্টে পাশে দাড়ানোর জন্য।

গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম বলেন, শিপ্রা দেবী খুবই অসহায়ভাবে দিন কাটাচ্ছিলেন। ঘর পেয়ে তার কষ্ট লাঘব হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও তাকে প্রতিবছর সহায়তা করা হবে বলে তিনি জানান।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সারাদেশের ন্যায় জুড়ী থানার তত্ত্বাবধানে একজন অসহায় মহিলাকে ঘর তৈরি করে দেওয়া হয়েছে। আজকে আনুষ্টানিকভাবে তার হাতে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। আমরা পুলিশ বাহিনী অসহায় এ মহিলার মুখে হাঁসি ফোটাতে পেরে পুলিশ বাহিনীর একজন সদস্য হিসেবে গর্বিত বোধ করছি।

ফিলিপাইনে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের তাণ্ডবে ২৪ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনে দক্ষিণ এবং মধ্যাঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মেগির প্রভাবে ভারী বর্ষণের সৃষ্টি হয়। এতে ভূমিধস এবং বন্যায় অন্তত ২৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। প্রবল বর্ষণের কারণে এমন প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয় এবং ঝড়ের তাণ্ডবে বহু বাড়িঘর, রাস্তাঘাট এবং অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে বলে গত সোমবার এএফপি’র কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

জাতীয় দুর্যোগ সংস্থার বরাতে জানা যায়, গত রবিবার দুর্যোগ প্রবণ এ অঞ্চলে গ্রীস্মকালীন প্রচণ্ড বর্ষণের কারণে ১৩ হাজারেরও বেশি মানুষ জরুরি আশ্রয় কেন্দ্রে চলে যান। ঝড়বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় বিভিন্ন ঘরবাড়িতে পানি ঢুকে পড়ে, ফসলের মাঠ প্লাবিত হয়, সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায় এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির মধ্যাঞ্চলীয় লেইতে প্রদেশ। বেবে নগরীর দুর্যোগ কর্মকর্তা রাইসে অসতেরো বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, এই প্রদেশের চারটি গ্রামে ভূমিধসে অন্তত ২১ জনের প্রাণ গেছে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা বলেছে, দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের লেইতে এলাকায় আরও ৩ জন নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের পোস্ট করা ছবিতে দেখা গেছে, লেইতের বুঙ্গা এলাকার কয়েকটি বাড়িঘর কাদামাটিতে চাপা পড়েছে।

রাণীশংকৈলে গৃহবধূর মরদেহ উদ্ধার; থানায় লিখিত অভিযোগ

হুমায়ুন  কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ব্রক্ষ্মপুর গ্রামে গত শনিবার (৯ এপ্রিল) রাতে পুলিশ আঁখি আকতার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। নিহত আঁখি ওই গ্রামের রফিজুল ইসলামের ছেলে রাজু হোসেনের (২৩) স্ত্রী এবং পীরগঞ্জ উপজেলার দোস্তমপুর গ্রামের একরামুল হকের মেয়ে।

এ নিয়ে নিহত আঁখির বাবা ওই রাতেই রাণীশংকৈল থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগসূত্রে জানা গেছে, গত দু’বছর আগে রাজু হোসেনের সঙ্গে আঁখি আকতারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আঁখি শ্বশুরবাড়ির লোকজনের দ্বারা নির্যাতনের শিকার হয়। ঘটনার দিন ৯ এপ্রিল সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আঁখিকে তার স্বামী ও পরিবারের লোকেরা অনেক মারপিট করে। এতে আঁখি বাড়ি থেকে বেরিয়ে বাবার বাড়ি যাবার কালে শ্বশুরবাড়ির লোকেরা তাকে বাড়িতে ফিরিয়ে আনে। খবর পেয়ে বিকেলে আঁখির বাবা ও আত্মীয়রা জামাইয়ের বাড়িতে গিয়ে ঘরে আঁখিকে মৃত দেখতে পান। সন্ধ্যার পরে পুলিশ ওই বাড়িতে গিয়ে আঁখির লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে পুলিশের এস আই বদিউজ্জামান জানান, লাশের গলায় কালো দাগ দেখে মৃত ব্যক্তি ‘ হ্যাংগিং'(ঝুলন্ত) ছিল বলে মনে হয়।

ওসি এসএম জাহিদ ইকবাল বলেন, গততাল অনেক রাতে সুরতহাল শেষে লাশ থানায় নিয়ে আসা হয়।  লাশ পোস্ট মর্টেমের জন্য পাঠানো হয়েছে। পোস্ট মর্টেমের রিপোর্ট অনুযায়ী মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এদিকে বাদি মৃত আঁখির বাবা বলেন,আমার মেয়েকে মেরে ফেলে গলায় ওড়না দিয়ে ঝুলিয়ে ওরা এখন আত্মহত্যার কথা বলতেছে।