মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: পবিত্র রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ফল এবং ইফতার সামগ্রী ন্যায্য দামে, স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য পবিবেশন তদারকি নিশ্চিত করার লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় গত রবিবার মৌলভীবাজার সদর উপজেলার কোর্ট মার্কেট, চৌমুহনা, কোর্ট রোড, টিসি মার্কেটসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, লেবুর ও সব্জির পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠান, ফল ব্যবসার প্রতিষ্টান, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে পাকা ক্রয় ও বিক্রয় রশিদ সংগ্রহ না করা, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য পণ্য সংরক্ষণ করা, অতিরিক্ত দামে মৌসুমী ফল তরমুজ, খেজুরসহ অন্যান্য খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কোর্ট মার্কেটে অবস্থিত জাহেদ মিয়ার ফল ভান্ডারকে ১ হাজার টাকা, কোর্ট রোডে অবস্থিত স্বাদ এন্ড কোং: ২০ হাজার টাকা, চৌমুহনায় অবস্থিত মক্কা ফল ভান্ডারকে ৫ শত টাকা, মায়ের দোয়া ফল ভান্ডারকে ১৫ হাজার টাকা, টিসি মার্কেটে অবস্থিত সাগর ষ্টোরকে ১ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

ওইদিনের অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৭ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়। অস্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালনা চলমান থাকবে বলেও জানান।

পুলিশের উদ্যোগে গৃহহীনদের বসতঘর হস্তান্তর ও হেল্প ডেস্ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে নওগাঁ জেলার আত্রাই থানা পুলিশের উদ্যোগে সুদৃশ্য বসতঘর পাচ্ছে উপজেলাধীন একটি করে হতদরিদ্র পরিবার। শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা মামনীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে সহায়ক হিসেবে বাংলাদেশ পুলিশ সারাদেশে প্রতিটি থানায় একটি করে গৃহ নির্মান করে দেয়ার প্রকল্প গ্রহন করেছে। এ প্রকল্পের আওতায় নওগাঁ জেলার আত্রাই থানায় আনুমানিক ৪১৫ বর্গফুট আয়তনের দুই কক্ষ, রান্নারঘর ও টয়লেট বিশিষ্ট একটি করে সুদৃশ্য গৃহ নির্মান করা হয়েছে।নির্মাণাধীন গৃহে সাবমার্সিবল পাম্প স্থাপনের মাধ্যমে পানির ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ এবং প্রতিটি কক্ষে বৈদ্যুতিক লাইট ও ফ্যানের ব্যবস্থা করা হয়েছে।

এ ছাড়াও অনেক নারী নির্যাতনের শিকার হয়ে থাকেন। তাঁর পারিবারিক, সামাজিক ও নিজ অফিসেও নির্যাতনের শিকার হয়ে থাকেন। সেসব নারী অভিযোগ করার জন্য থানায় যান কিন্তু সেখানে পুরুষ পুলিশ সদস্যরা অভিযোগ নেওয়ার দায়িত্বে থাকায় নারীরা তাঁর নির্যাতনের বিষয়টি খুলে বলতে অনেক ক্ষেত্রেই লজ্জা পান। ফলে মামলা লেখার ক্ষেত্রেও অনেক গুরুত্বপূণ তথ্য বাদ পড়ে যায়। এ কারনে দেশের ন্যায় আত্রাই থানায় বিশেষ হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। আলাদা কক্ষে এই ডেস্কে দায়িত্ব পালন করবেন একজন নারী পুলিশ অফিসার। নারী পুলিশ অফিসার দায়িত্বে থাকালে নির্যাতনের বিষয়ে অভিযোগকারী নারীরা তাঁদের সব কথা বিস্তারিত জানাতে পারবেন। এ লক্ষে আত্রাই থানায় নির্মাণ করা
হয়েছে নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় “ সার্ভিস ডেস্ক”।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন,মুজিব বর্ষ উপলক্ষে আত্রাই থানায় নির্মিত নারী, শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য ঘর হস্তান্তরের ভার্চুয়াল মাধ্যমে শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার উদ্বোধনের পর উপকারভোগীর নিকট ঘরগুলি জমিসহ হস্তান্তর করা হয়।

ডিজিটাল পদ্ধতিতে ভয়ংকর মাদক এলএসডির কারবার

অনুসন্ধানী ডেস্কঃ গত শনিবার রাতে রাজধানীর কদমতলী থানাধীন মাতুয়াইল এলাকা থেকে মোহাম্মদ রায়হান নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। ডিজিটাল পদ্ধতিতে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে ভয়ংকর মাদক এলএসডির (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) কারবার পরিচালনা করতেন মোহাম্মদ রায়হান। আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর নজর এড়াতে তিনি তার অন্য একটি মোবাইল ফোনের হটস্পটের মাধ্যমে ইন্টারনেট সুবিধা নিয়ে হোয়াটসঅ্যাপ চালাতেন।

গত রবিবার  বিকালে রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র‌্যাব-১০-এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান। গোপন তথ্যের ভিত্তিতে গত শনিবার রাতে রাজধানীর কদমতলী থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে ভয়ংকর মাদক এলএসডি উদ্ধারসহ কারবারি মোহাম্মদ রায়হানকে গ্রেফতার করে র‌্যাব-১০ এর একটি দল। গ্রেফতার রায়হান ফেনী জেলার সোনাগাজী থানার কাশমীর বাজার রোডের রাশেদা ভবনের মালিক মো. শহিদউল্ল্যাহর ছেলে।

ডিআইজি মাহ্ফুজুর রহমান জানান, মাদক চোরাকারবারি এবং মাদকসেবীরা প্রতিনিয়ত নতুন নতুন পন্থা অবলম্বন করছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে প্রচলিত নয় কিন্তু বিভিন্ন উন্নত দেশে প্রচলিত এমন কিছু মাদকের ব্যবহার বাংলাদেশে দেখা যাচ্ছে। ধীরে ধীরে আমাদের যুব সমাজ এতে আসক্ত হয়ে যাচ্ছে। এ ধরনের মাদক উদ্ধারে র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। এর ধারাবাহিকতায় শনিবার রাতে কদমতলীর মাতুয়াইল এলাকা থেকে রায়হানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক এলএসডি মিশ্রিত ৯৬ পিস রঙিন প্রিন্টেড পেপার স্ট্রিপ, তিনটি ক্রেডিট কার্ড, দুটি ডেবিট কার্ড, একটি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স, একটি সাউথ আফ্রিকার ড্রাইভিং লাইসেন্স, একটি বাংলাদেশি পাসপোর্ট ও একটি নোটবুক জব্দ করা হয়।

তিনি আরো জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি রায়হান জানান, তিনি গত ২২ মার্চ সপরিবারে সাউথ আফ্রিকা থেকে বাংলাদেশে আসেন। দেশে আসার সময় তার ব্যাগে একটি নোটবুকের ভেতরে অভিনব কায়দায় এলএসডি মাদক নিয়ে আসেন। রায়হান ডিজিটাল পদ্ধতিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার কারবার পরিচালনা করতেন। তার মোবাইলের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি সাউথ আফ্রিকার একটি নম্বর দিয়ে নিবন্ধন করা। বাংলাদেশে তিনি অন্য একটি ফোনের হটস্পটের মাধ্যমে ইন্টারনেট সুবিধা নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন মাদক কারবারিদের সঙ্গে যোগাযোগ করতেন। গ্রেফতার রায়হানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানা যায়।

 

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট আজ

আন্তর্জাতিক ডেস্কঃ অনাস্থা ভোটে ইমরান খান হেরে যাওয়ার পর পাকিস্তানের নিম্নকক্ষ জাতীয় পরিষদে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট হতে যাচ্ছে আজ সোমবার (১১ এপ্রিল)। বিষয়টি নিশ্চিত করেন দেশটির ভারপ্রাপ্ত স্পিকার।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইয়ের ভাইস-চেয়ারম্যান শাহ মুহাম্মদ কুরেশি ও বিরোধী নেতা হিসেবে পরিচিত অর্থাৎ পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা ও তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ মনোয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গিয়েছে।

ধারণা করা হচ্ছে যে, শাহবাজই নাকি হতে যাচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। ৭০ বছর বয়সী শাহবাজ পাঞ্জাবের তিনবারের মুখ্যমন্ত্রী। শাহবাজ পারিবারিকভাবে ধনী ব্যবসায়ী এবং পাকিস্তান মুসলিম লীগ-এন-র (পিএমএল-এন) বর্তমান প্রেসিডেন্ট। লন্ডন ও দুবাইয়ে বিলাসবহুল বাড়ি থাকার কারণে খবরের শিরোনাম হলেও দেশের ভেতরে প্রশাসনিক দক্ষতার জন্য শাহবাজের সুনাম রয়েছে।

উল্লেখ্য, গত শনিবার মধ্যরাতে ইমরান খানের বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হয়। এতে হেরে যান ইমরান খান। সংসদ থেকে তার দলের সদস্যরা সবাই পদত্যাগ করবেন কী না- এ বিষয়ে আজ সিদ্ধান্ত হতে পারে। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে একটি সভা আহ্বান করা হয়েছে।

 

১৪ এপ্রিল মুক্তি পাবে কেজিএফ ২, লেগেছে অগ্রিম টিকিট বিক্রির ধুম!

বিনোদন ডেস্কঃ নতুন ঝড় আসছে ভারতীয় সিনেমায়। আগামী ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে বহুল প্রতিহ্মীত “কেজিএফঃ চ্যাপ্টার ২”। এদিকে ৭ এপ্রিল থেকে অগ্রিম টিকেট বিক্রিও শুরু হয়েছে।

‘কেজিএফ: চ্যাপ্টার ২’র অগ্রিম টিকিট বিক্রির ধুম লেগেছে গত কয়েকদিনেই। টিকিট কেনার জন্য দর্শক হুমড়ি খেয়ে পড়ছে। মাত্র ১২ ঘণ্টায় কেবল হিন্দিতেই ১ লাখের বেশি টিকিট বিক্রি হয়। গত শনিবার পর্যন্ত ৩ লাখ ২৫ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে।

পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানা যায়, কেবল হিন্দি ভার্সনেই সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রির আয় প্রায় ১০ কোটি রুপি। এখনো বাকি  চারদিন। এর মধ্যে অংকটা ২০ কোটি ছাড়িয়ে যাবে সহজেই।

মোট পাঁচটি ভাষায় মুক্তি পাবে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। সবগুলোর অগ্রিম টিকিট বিক্রির হিসাব করলে অংকটা ৫০ কোটি রুপির বেশি হবে বলেই ধারণা করা হচ্ছে। এটাকে অনেকটা স্বাভাবিক মনে করছেন সিনে বিশ্লেষকরা। কেননা সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ বিরাজ করছে।

এদিকে বলিউডের বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন, অনেক চড়া দামে বিক্রি হচ্ছে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ সিনেমার অগ্রিম টিকিট। মুম্বাইতে একটি টিকিট ১৫০০ রুপিতে বিক্রি হচ্ছে। আর দিল্লিতে সেই অংকটা ১৮০০ থেকে ২০০০ রুপি। তরণ আদর্শ বলেন, ‘সিনেমাটির অগ্রিম বুকিং অবিশ্বাস্য! তুফান আসছে!’

কিছুদিন আগে মুক্তি পাওয়া ব্লকবাস্টার হিট ‘আরআরআর’ সিনেমাকেও ছাড়িয়ে গেছে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। সেটির হিন্দি ভার্সনে অগ্রিম টিকিট বিক্রি হয়েছিল ৫ কোটি রুপির মতো। আর কেজিএফ মুক্তির চারদিন আগেই সেই রেকর্ড গুঁড়িয়ে ১০ কোটিতে পৌঁছে গেছে।

আগামীকাল পাকিস্তানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচন

আন্তর্জাতিক ডেস্কঃ আগামীকাল সোমবার (১১ এপ্রিল) পাকিস্তানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য দেশটির জাতীয় পরিষদের অধিবেশন বসতে চলেছে। ওই দিন স্থানীয় সময় দুপুর ২টায় পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন বসবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এর আগে শনিবার মধ্যরাতে অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে অপসারণ করা হয়। ওই সময় পাকিস্তান মুসলিম লীগ–নওয়াজের নেতা আয়াজ সাদিক অনাস্থা ভোটের সময় জাতীয় পরিষদের অধিবেশনে স্পিকার ছিলেন। তিনি জানান, রোববার দুপুর ২টার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং যাচাই-বাছাই হবে বিকেল ৩টার মধ্যে।

একটি টুইট বার্তায় পাকিস্তানের জাতীয় পরিষদের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় পরিষদের অধিবেশন সোমবার, ১১ এপ্রিল, ২০২২ দুপুর ২টায় আবার বসবে।

প্রসঙ্গত, পাকিস্তান স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিট ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের কার্যক্রম শুরু হয়। এর আগে স্পিকার আসাদ কাইসার পদত্যাগ করেন। নতুন স্পিকার হিসেবে তিনি পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের (পিএমএলএন) নেতা ও সাবেক স্পিকার আয়াজ সাদিককে স্পিকার হিসেবে দায়িত্ব দিয়ে যান এবং তাঁকে অধিবেশন পরিচালনার অনুরোধ করেন।

এদিকে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ১৭৪ জন এমপি। পাস হতে প্রয়োজন ছিল ১৭২টি ভোট। কিন্তু তার চেয়ে দুটি ভোট বেশি হওয়ায় অনাস্থা প্রস্তাব পাস হয়েছে বলে ঘোষণা দেন স্পিকারের আসনে নতুন আসা পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের নেতা আয়াজ সাদিক। আর ইমরান খানই প্রথম পাকিস্তানের প্রধানমন্ত্রী যিনি অনাস্থা ভোটের মাধ্যমে অপসারিত হলেন। এখন পর্যন্ত পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে পারেননি।

মালয়েশিয়ায় একদিনে ১০ হাজার মানুষ করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ায় নতুন করে  করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। দেশটিতে শনিবার ১০ হাজার ১৭৭ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ লাখ ১৭ হাজার ৭০৬ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র মতে, নতুন আক্রান্তদের মধ্যে মারা গেছেন ২১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ২৮০ জনে। নতুন করে সুস্থ হয়েছে ১৫ হাজার ১৩২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ৪১ লাখ ২৮ হাজার ৯৬৩ জন।

প্রসঙ্গত, দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৪৬৩ জন। এর মধ্যে ১৯৫ জন ইনটেনসিভ কেয়ারে ভর্তি রয়েছেন। আর মালয়েশিয়ার ৮৪.৪ শতাংশ লোক অন্তত এক ডোজ টিকা এবং ৭৯.৪ শতাংশ লোক টিকার দুটি ডোজ পেয়েছেন। বুস্টার ডোজ পেয়েছেন ৪৮.৭ শতাংশ লোক।

অনিয়ম-দূর্ণীতির সংবাদ প্রকাশের জের ধরে সৈয়দপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর সৈয়দপুরের বিভিন্ন অনিয়ম-দূর্ণীতির সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক দাবানলের প্রতিবেদক সাংবাদিক মোতালেব হোসেনের (হক) উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করায় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সৈয়দপুর শহরের পাঁচ মাথা  সোহেল রানা মোড়ে হামলার শিকার হন মোতালেব হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ২০ থেকে ২৫ জনের সংঘবদ্ধ একটি সন্ত্রাসী বাহিনী মটর সাইকেল করে এসে মোতালেব হোসেনকে এলোপাথারি মারতে শুরু করে। এতে করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাওয়ায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করায়।

আহত সাংবাদিক মোতালেব হোসেন বলেন, মাদক, রেলের জমি দখলদার ও ভূমিদস্যুদের বিরুদ্ধে পত্রিকায় ধারাবাহিক সংবাদ প্রকাশ করায় সন্ত্রাসীরা আমাকে জানে মেরে ফেলার উদ্যেশে আক্রমন করে। সন্ত্রাসী বাহিনীর হুকুম দাতাদের মধ্যে রয়েছেন একজন জনপ্রতিনিধি, সন্ত্রাসীদের সাথে ছিলেন সৈয়দপুর পৌরসভার ৩ জন কর্মচারী আনোয়ার হোসেন বাঙ্গালির ছেলে সুমন, মৃত হাফিজুল ইসলামের ছেলে শামিম ও নয়ন। এছাড়া সৈয়দপুর থানা পুলিশের সিসিটিভি ফুটেজ চেক করলে দেখা যাবে কারা কারা ছিল। এ বিষয়ে আমি আইনানুগ পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, ঘটনাটি শুনেছি কিন্তু কোন অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে তার উপর এমন সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল-ফারুক পারভেজ উজ্জল, সাধারণ সম্পাদক আল-আমিন ও যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাহ্ মিলন। তারা জানান, সাংবাদিকরা প্রতিনিয়ত সন্ত্রাসী হামলার শিকার হচ্ছেন। সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা সত্যি নিন্দনীয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি অন্যথায় কঠোর আন্দোলনে নামবে জেলা রিপোর্টার্স ইউনিটি।

উল্লেখ্য, সাংবাদিক মোতালেব হোসেন সৈয়দপুরের একজন সিনিয়র সাংবাদিক ও রংপুর থেকে প্রকাশিক আঞ্চলিক পত্রিকা দৈনিক দাবানলের সিনিয়র প্রতিবেদক।

চুরির অপবাদে শিশুকে বেঁধে মারধর করার অভিযোগ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: শুধু মাত্র ১২০ টাকা চুরির অভিযোগে এক শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভূয়াই বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ মিলেছে। নির্যাতনের শিকার শিশু মারুফ আহমদকে চিকিৎসা শেষে বর্তমানে বাড়িতে নিয়ে আসা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার ১০ টার সময় উপজেলার ভূয়াই বাজারে অধীর নামে এক ব্যবসায়ীর দোকানে ১২০ টাকা চুরি হয়। দোকান মালিকের ছেলে অসীম তখন দোকানের সামনে থাকা মারুফ আহমদকে (১২) চোর সন্দেহে ধরে নিয়ে পাশ্ববর্তী দোকানদার মাসুক মিয়ার কাছে নিয়ে যান। সেখানে মাসুক মিয়া তার দোকানের পিলারের সাথে শিশু মারুফ আহমদকে বেঁধে মারধর করেন। এক পর্যায়ে মাসুক মিয়া ক্লান্ত হয়ে গেলে পার্শ্ববর্তী দোকানের ময়নুল ও সিএনজি অটোরিকশাচালক ফয়ছল আহমদও শিশুটিকে মারধর করেন। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য বিষয়টি খবর পেয়ে আজাদ মিয়া শিশুটিকে উদ্ধার করে আনতে গেলে ক্ষিপ্ত মাসুক মিয়া ইউপি সদস্যের জিম্মায় ছাড় দেননি। পরে ইউপি সদস্যের উপস্থিতিতে শিশুটিকে তার চাচা মনফর মিয়ার জিম্মায় ছেড়ে দেওয়া হয়। মারুফ আহমদ স্থানীয় হাকালুকি অভয়াশ্রম বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।

মারুফ আহমদের পিতা স্থানীয় টাওয়ারের সিকিউরিটি গার্ড বদরুল মিয়া বলেন, আমাকে ছোট একটি ছেলে খবর দেয় যে, আমার ছেলেকে বেঁধে মারধর করা হচ্ছে। আমি সেখানে গিয়ে মারুফের এ অবস্থা সহ্য করতে না পেরে অন্য স্থানে চলে যাই। পরে আমার চাচাতো ভাই মনফর তাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসে আমার ছেলে শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ে ও বমি করার কারণে আমি হাসপাতালে নিয়ে ভর্তি করি। পরে আজ জুড়ী থানায় গিয়ে লিখিত অভিযোগ দিয়ে আসি।

স্থানীয় ইউপি সদস্য আজাদ মিয়া বলেন, আমি খবর পেয়ে গিয়ে দেখি শিশু মারুফকে বেঁধে রাখা হয়েছে। আমি সামাজিকভাবে সমাধানের জন্য বাঁধন খুলে চাচার জিম্মায় দিয়েছি।

মারধরকারী মাসুক মিয়া বলেন, সে চুরি করেছে, সে চোর। তাকে বেঁধে রেখেছি তবে মারধর করিনি।

জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, শিশুকে নির্যাতনের অভিযোগ পেয়েছি। সরেজমিনে পুলিশ গিয়ে তদন্ত করে আসছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিবি পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

নূর মোহাম্মদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্ত্বাবধায়নে ডিবি, বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে বগুড়া বনানী থেকে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

জানা যায়, গত ৮ এপ্রিল ২০২২ শুক্রবার বিকাল ৬.৫০ ঘটিকার সময় বগুড়া ডিবির একটি টিম বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বনানী গোলচত্তর নামক স্থানের ঢাকা-রংপুর মহাসড়কের পূর্ব পাশে টিএন্ডটি এক্সচেঞ্জ এর সামনে ফাঁকা জায়গা হইতে ০৪ (চার) কেজি গাঁজাসহ আসামী ১। মোঃ আঃ রশিদ(২৬), পিতা-মোঃ আকবর আলী, সাং-পশ্চিম রামখানা, থানা-নাগেশ্বরী ও ২। মোঃ আহসানুল হক আলম(২৬), পিতা-মোঃ ফরিদুল হক, সাং-অনন্তপুর, থানা-ফুলবাড়ী, উভয় জেলা-কুড়িগ্রামদ্বয়কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বগুড়া শাজাহানপুর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

প্রকাশ থাকে যে, ১নং আসামী মোঃ আঃ রশিদ(২৬) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০২টি মামলা রহিয়াছে। সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে।