বাঞ্ছারামপুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব

মোঃ নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর প্রতিনিধিঃ আজ শনিবার দুপুর ২টার সময় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া আশ্রয়ন প্রকল্প -২ পরির্দশন করেন এবং তিনি বলেন প্রধানমন্ত্রীর ঘর পাওয়া একটি পরিবার ও দরিদ্র থাকবেনা, তাদের জীবন একটি নতুন ধারায় চলে যাবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ১০১ টি ঘর নির্মাণ করা হয়।

বাঞ্ছারামপুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব

আশ্রয়ণ প্রকল্প ঘুরে সেখানে স্থায়ী ঠিকানা খুঁজে পাওয়া মানুষদের  সঙ্গে কথা বলতে সেখানেরই এক ভূমিহীন বিধবা জলেহা বেগম বলেন আমার কোন ঠিকানা ছিলো না, ৩টি মেয়ে নিয়ে আমি খুব কষ্টে ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে জায়গা ও ঘর দিয়াছে, আমি এখন ভালো আছি, আমি অনেক খুশি। আমি নামাজ পড়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি।

শুধু স্থায়ী ঠিকানাই নয়, একটি বাড়ি, একটি আশ্রয় বদলে দিয়েছে তাদের জীবন। বাড়ির চারপাশে বেড়ে উঠছে সবুজ বেষ্টনি, খোলা হয়েছে নিত্যপণ্যের দোকান। এক বছরে সবুজের সমারোহে ভরিয়ে দিয়েছেন তাদের বাড়ির অঙ্গিনা। মৌসুমী সবজি ও দেশী ফলের গাছ বেড়ে উঠছে তাদের ঘরের পাশে।

অনেকে নিজেদের সুবিধা মতো ঘরের সাথে পাওয়া জমিতে নানা ধরণের স্থাপনাও তৈরি করে নিয়েছেন।

তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই তাদের। জানালেন, যে দায়িত্ব বাবা-মা পালন করে থাকে, সেই দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা। এই ঋণ শোধ হবার নয়।

পরিদর্শনকালে সিনিয়র সচিবের সাথে আরো উপস্হিত ছিলেন, একান্ত সচিব মো. কায়ছারুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. কিবরিয়া সিদ্দিকি, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম, পাশ্ববর্তী হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, বাঞ্ছারামপুর সহকারি কমিশনার (ভূমি) শুভাশীস চাকমা, হোমনা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান, বাঞ্ছারামপুর উপজেলা পিআইও পবিত্র চন্দ্র মন্ডল, হোমনা পৌর মেয়র এ্যাডঃ নজরুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজি জাদিদ আল- রহমান জনি এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখার সম্মেলন ২০২২ অনুষ্ঠিত

কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধিঃ গত ০৮ এপ্রিল সন্ধ্যায় নওগাঁ শহরের পৌর চাউল বাজার সংলগ্ন বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখার কার্যালয়ে জেলা শাখার সম্মেলন ২০২২ ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আলম মিয়া, গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রিজু মাস্টার, সহ-সভাপতি সিরাজুল ইসলাম সোনা, নওগাঁ জেলা শাখার উপদেষ্টা সরদার সালাহউদ্দীন মিন্টু, মানবতাবাদী চন্দন কুমার দেব, মো.জাহেদুর রহমান বাবু, সংগঠনের জেলা শাখার সভাপতি উত্তম সরকার, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সিদ্দিকী সিটু সহ নওগাঁ পৌর শাখা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীগণ।

জেলা কমিটির উপদেষ্টা সরদার সালাহউদ্দীন মিন্টু কে আহবায়ক, মানবতাবাদী চন্দন কুমার দেব, জাহেদুর রহমান বাবু কে সদস্য করে একটি আহবায়ক কমিটি গঠনের মাধ্যমে ০৮ এপ্রিল থেকে দুই বছরের জন্য আহবায়ক নতুন পূর্ণাঙ্গ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন। জেলা কমিটির সভাপতি উত্তম সরকার, সহ-সভাপতি রাবেয়া খাতুন বেলী, এস এম আলমগির হোসেন, এ্যাডঃ এ.কে.এম ফজলে মাহমুদ চাঁদ সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সিদ্দিকী সিটু সহ-সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান (অন্তর আহমেদ), রিনা পারভিন পপি, সাংগঠনিক সম্পাদক উম্মে মোস্তাফি মেঘা, অর্থ বিষয়ক সম্পাদক মো.রায়হান আলি, দপ্তর সম্পাদক রায়হান উদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো.ইবনুল সঈদ ইমন, আইন বিষয়ক সম্পাদক মো. সাদেকুর রহমান বাঁধন, নাট্য প্রযোজনা বিষয়ক সম্পাদক অভিজিৎ কুমার দাস সহ ৩১ সদস্যর নাম ঘোষণ করা হয়।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ অবহেলিত নিপীড়িত নির্যাতিত মানুষের অধিকার আদায়ের লক্ষে কাজ করে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখার আয়োজনে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব নিয়ে অপপ্রচার; থানায় অভিযোগ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টি করছে একটি চক্র। একাধিক ব্যক্তি নিজেকে সমাজিক যোগাযোগ মাধ্যমে, অফিস, আদালতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর (দায়িত্ব প্রাপ্ত নয়) ভূয়া পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে চাঁদাবাজি, সংগঠনের লগো ব্যবহার এবং বিভিন্ন নিয়োগ বানিজ্যসহ অনিয়ম ও দুর্ণীতির সঙ্গে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে অপকর্মকারীদের বিরুদ্ধে ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে মৌলভীবাজার মডেল থানায় সাধারণ ডায়রী (জিডি নং-৪৩৩) করা হয়েছে। অপকর্মকারীদের এসব অপপ্রচারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক, রাজনীতিবিদসহ সর্বমহল তাদের ফাঁদে না পড়ার আহ্বান জানান- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক মশাহিদ আহমদসহ সংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা আরো বলেন- সংগঠনের পক্ষ থেকে থানায় আইনানুগ প্রদক্ষেপ গ্রহন করা হয়েছে এবং “সকল মহলের জ্ঞাতার্থে” স্থানীয় দৈনিক ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব অপপ্রচার করে সাধারণ মানুষকে যেন কোন রকম ধোঁকা দিয়ে সংগঠনের মর্যাদা ও ভাবমুর্তি ক্ষুন্ন করা থেকে বিরত থাকুন। অন্যথায় সভার সিদ্ধান্ত অনুযায়ি সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবকে সমাজে মর্যাদাশীল আসনে নিয়ে আসতে এতে সক্রিয় সাংবাদিক বন্ধুরা সহযোগিতা করবেন এমন প্রত্যাশা রইল। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এসব ব্যক্তির দুর্ণীতির দায় বহন করবে না। সর্ব মহলের সহযোগিতা কামনা করে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে। মৌলভীবাজার জেলা অনলাইন প্রেসক্লাব আমাদের প্রানের সংঘটন এখানে কোন চাঁদাবাজ, দুস্কৃতিকারীর জায়গা নেই।

আজ থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

সিলেট প্রতিনিধিঃ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটির (বিআরটিএ) দুই কর্মকর্তার অপসারণের দাবিতে আজ রোববার (১০ এপ্রিল) থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।

গতকাল শনিবার এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরী কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম।

তিনি অভিযোগ করে জানান, বিআরটিএ’র সহকারী পরিচালক সানাউল হক এবং রেকর্ড রুমের কর্মচারী দেলোয়ার সঠিক প্রক্রিয়ায় কোনো গাড়ির কাগজপত্র দেন না। তারা চালকের ড্রাইভিং লাইসেন্স নির্দিষ্ট সময়ে দেন না। আবার ঘুষ দিলে দালালের মাধ্যমে ঠিকই দ্রুত লাইসেন্স সরবরাহ করেন। আমরা বিভিন্ন সময় এই দুই কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছি, কিন্তু সেই দাবি পূরণ করা হয়নি। তাই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

এদিকে বিআরটিএ কর্মকর্তা মো. সানাউল হক দুর্নীতির বিষয়টি অস্বীকার করে জানান, তারা আমার নামে মিথ্যাচার করে ধর্মঘট ডেকেছেন। গত মঙ্গলবার (৫ এপ্রিল) শ্রমিক সংগঠনের সভাপতি ময়নুল ইসলামের ছোট ভাই অন্য আরেকজনের সিএনজি অটোরিকশার মালিকানা বদল সংক্রান্ত কাজে বিআরটিএ কার্যালয়ে এসেছিলেন। সেখানে বিক্রির রসিদসহ কিছু জায়গায় আগের মালিককে স্বাক্ষর করতে হয়। সেখানে দুই জায়গায় দুই ধরনের স্বাক্ষর পাওয়া যায়। এ নিয়ে কথা বললে সভাপতির ছোট ভাই আমার ওপর ক্ষিপ্ত হন। অসামঞ্জস্যপূর্ণ স্বাক্ষরের ব্যাপারে বিআরটিএর নিয়মকানুন সম্পর্কে আমরা তাদের অবহিত করি। তারা অন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে ধর্মঘট ডেকেছেন।

চলতি বছর ১০ লাখ হাজীদের জন্য হজের অনুমতি দিল সৌদি সরকার

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন বিদেশিদের জন্য হজ বন্ধ থাকলেও চলতি বছর ১০ লাখ হাজীদের জন্য হজের অনুমতি দিয়েছে সৌদি সরকার। দুই বছর কোভিডের কঠোর বিধিনিষেধের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সৌদি সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া এসএপি এ তথ্য জানিয়েছে।

আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, অভ্যন্তরীণ ও বাইরে থেকে আসা হজযাত্রী মিলিয়ে ১০ লাখ মানুষকে এবার হজ পালনের অনুমতি দেবে সৌদি আরব ।

তবে হজে যাওয়ার পূর্বে মানতে হবে বেশকিছু নিয়ম। সেগুলো হলো-

  •  সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত কোভিড-১৯ টিকা গ্রহণ করেছেন এমন ব্যক্তিদের হজে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হবে। তবে তাদের বয়স ৬৫ বছরের কম হতে হবে।
  • হজ পালনে ইচ্ছুক সবাইকে বাধ্যতামূলকভাবে করোনাভাইরাসের সম্পূর্ণ ডোজ টিকা নিতে হবে।
  • সেই টিকা হবে ফাইজার, মর্ডানা, অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন অ্যান্ড জনসনের। এসব টিকার দুটি ডোজ গ্রহণ করা ছাড়া সৌদি আরবে প্রবেশ করা যাবে না।
  • সৌদি আরবের বাহিরের দেশ থেকে আগত হাজীদের সৌদি আরবে প্রবেশের ৭২ ঘন্টা আগে কোভিড-১৯ নেগেটিভ পরীক্ষা ফলাফল জমা দিতে হবে।

এ ছাড়া হাজীদের নিরাপত্তার জন্য অবশ্যই সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সতর্কতামূলক নির্দেশনা অনুসরণ করে হজের আনুষ্ঠানিকতা পালন করতে হবে বলেও জানিয়েছে সৌদি মন্ত্রণালয়।

বগুড়ায় ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে উপজেলায় ১০০ পিচ ইয়াবাসহ আনোয়ার হোসেন (৩৬) নামে এক কথিত সাংবাদিককে আটক করেছে শাজাহানপুর থানা পুলিশ।

আটক আনোয়ার হোসেন উপজেলা মাঝিড়া ইউনিয়নের সাজাপুর পন্ডিতপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক। আগে দৈনিক খোলা কাগজ ও দৈনিক মুক্ত জমিন পত্রিকায় কাজ করতেন। বর্তমানে কোন পত্রিকা কাজ না করলেও প্রেসক্লাবের পরিচয় ও পূর্বের পত্রিকার বিভিন্ন স্থানে সাংবাদিক পরিচয় দিতেন।

গত শুক্রবার (৮ এপ্রিল) রাত ৯ টার দিকে শাজাহানপুর থানার এস আই শামীম হাসানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এ অভিযান চালিয়ে উপজেলা সাজাপুর পন্ডিতপাড়া কলাবাগান এলাকা থেকে তাকে আটক করেন।

শাজাহানপুর থানার এসআই শামীম হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে সঙ্গীয় অফিসার এসআই হাফিজুর রহমান, রেজাউল করিম, এএসআই শামীম হোসেন ও ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলা সাজাপুর পন্ডিত কলাবাগান এলাকায় থেকে ১০০ পিচ ইয়াবা সহ আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, আটক আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

কমলগঞ্জে শতভূজা বাসন্তী পূজা ও মেলা শুরু

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দেবীপুর সার্বজনীন দেবালয়ে গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) মহাষষ্টীর মধ্য দিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ৫ দিন ব্যাপী শতভূজা (১০০ হাত) বাসন্তী পূজা শুরু হয়েছে।

১৬তম বছরে অনুষ্ঠিত এ পূজাকে কেন্দ্র করে এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি সকল শ্রেনী পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে খুশির জোয়ার বহিছে বিভিন্ন পসরা নিয়ে বসেছে মেলা। পুজার্চনা চলবে আগামী সোমবার (১১ এপ্রিল) পর্যন্ত। ৫ দিন দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে- দেবী আমন্ত্রণ ও অধিবাস, পূজার্চনা, রামায়ণ কীর্তন, পদাবলী কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি প্রতিযোগিতা, মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা প্রভৃতি।

দেবীপুর সার্বজনীন দেবালয় পরিচালনা কমিটির সভাপতি ও কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল (নান্টু) জানান, বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে শতভূজা বাসন্তী পূজা শুরু হয়েছে। সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এবারও অন্যান্য বছরের মতো দেশের বিভিন্ন স্থান থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেন দেবীপুর সার্বজনীন দেবালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নিতাই পাল।

এদিকে, কমলগঞ্জ উপজেলার শমশেরনগর, পাত্রখোলা চাবাগান, মাধবপুর চাবাগান, কানিহাটি চাবাগান গুলোতে ও বাসন্তী পূজার আয়োজন করা হয়েছে।

ইউক্রেনের কাছে তুরস্কের কম্ব্যাট ড্রোন বিক্রি অব্যাহত রাখায় রাশিয়ার প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের কাছে তুরস্কের পক্ষ থেকে বাইরাকতার কম্ব্যাট ড্রোন বিক্রি অব্যাহত রাখায় প্রতিবাদ জানিয়েছে রাশিয়া। তুরস্কের তৈরি বাইরাকতার টিবি-২ ড্রোন মাত্র ৬.২ মিটার লম্বা এবং প্রতিটি ডানা ১২ মিটার দীর্ঘ। এই ড্রোন ১৫০ কেজি ওজন বহন করতে পারে এবং ১৩০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ড্রোনটি ঘন্টায় ২২০ কিলোমিটার বেগে উড়তে পারে।

স্থানীয় সময় গতকাল শুক্রবার এ সম্পর্কে তুরস্কের একজন আমলা বিদেশি সংবাদমাধ্যমকে বলেছেন, তুরস্কের একটি বেসরকারি কোম্পানি ইউক্রেনের কাছে বাইরাকতার কম্ব্যাট ড্রোন বিক্রি করছে, এটি রাষ্ট্রীয় কোনো চুক্তির আওতায় হচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই আমলা আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, “রাশিয়া হতাশ এবং তারা সময়ে সময়ে ড্রোন বিক্রির বিরুদ্ধে অভিযোগ জানায়। তারা আগেও অভিযোগ জানিয়েছে এবং একইভাবে এখনও অভিযোগ করছে। রাশিয়ার এসব অভিযোগের জবাব আমরা ইতিমধ্যে দিয়েছি যে, এসব ড্রোন বিক্রি করছে বেসরকারি কোম্পানিগুলো এবং যুদ্ধ শুরুর আগে এই বেচাকেনা শেষ হয়েছে।”

প্রসঙ্গত, জ্বালানি, প্রতিরক্ষা এবং বাণিজ্য ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠতা রয়েছে। তারপরও রাশিয়ার শত্রু দেশ ইউক্রেনের কাছে বাইরাকতার টিবি-২ কম্ব্যাট ড্রোন বিক্রি করছে তুরস্ক।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের ইপিজেড এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় শিশুসহ ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। নিহতরা হলেন-পতেঙ্গা স্টিলমিল এলাকার আবু সালেহ ও তার নয় মাস বয়সী ছেলে আবদুল্লাহ আল সুমিত।

আজ শনিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে ইপিজেডের বন্দরটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) নুরুল হুদা ডিজিটাল বাংলা নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আবু সালেহ ঈদের কেনাকাটা করতে স্ত্রী মনিরা আক্তার, পাঁচ বছর বয়সী ছেলে আবদুলাহ আল মাহিন ও শিশু সন্তান আবদুল্লাহ আল সুমিতকে নিয়ে বে শপিং সেন্টারে যাচ্ছিলেন। বন্দরটিলায় কাভার্ড ভ্যান তাদের রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে সালেহ ও সুমিতের মৃত্যু হয়।

ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, ঘটনা কী হয়েছিল সেটা পুরোপুরি জানতে পারিনি। ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যান চারজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক, আরেকজন শিশু। আহত দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।

১০ বছরের জন্য অস্কারে নিষিদ্ধ হলেন উইল স্মিথ

বিনোদন ডেস্কঃ অস্কারের মঞ্চে উপস্থাপক ক্রিস রককে চড় মারার খেসারত হিসেবে অস্কারে ১০ বছরের জন্য নিষিদ্ধ হলেন উইল স্মিথ। শনিবার (৯ এপ্রিল) একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ৯৪তম অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানের মঞ্চে অগ্রহণযোগ্য আচরণ করেছেন উইল স্মিথ। এজন্য পরবর্তী ১০ বছর অস্কারের আসর ও একাডেমির অন্যান্য আয়োজনে অংশ নিতে পারবেন না তিনি।

যদিও এরআগে একাডেমি থেকে পদত্যাগ করেছেন স্মিথ। সেই বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘আমার আচরণের জন্য যে কোনও রকম সিদ্ধান্ত পুরোপুরি মেনে নেব। ৯৪ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে আমার কাজ হতবাক করা, বেদনাদায়ক এবং অমার্জনীয় ছিল।’

শারীরিক সমস্যার কারণে উইল স্মিথের স্ত্রী জাডার চুল পড়ে যায়। তাই তিনি এখন প্রায় ন্যাড়া মাথাতেই থাকেন। ১৯৯৭ সালের ‘জি আই জেন’ সিনেমার নায়িকার মাথায় চুল কম থাকা নিয়ে সে সময় বেশ চর্চা হয়েছিল। স্মিথের স্ত্রী জাডার মাথাতেও চুল কম। আর এজন্যই রসিকতা করে তাকে ‘জি আই জেন ২’-এর নায়িকা হিসেবে ইঙ্গিত করেন সঞ্চালক ক্রিস। আর তখনই ধীর পায়ে স্টেজে উঠে সঞ্চালককে কষে চড় মারেন উইল স্মিথ। তবে সেই সময়ে হাসিমুখে পরিস্থিতি সামলে নিয়েছেন রক। স্মিথের বিরুদ্ধে কোনো অভিযোগও করেননি।

জানা গেছে, অ্যালোপেশিয়া রোগে আক্রান্ত জাডা। এই রোগের হলে মাথার চুল পড়ে যায়। স্ত্রীর অসুস্থতা নিয়ে রসিকতা মানতে পারেননি স্মিথ। আর তাই তিনি মেজাজ হারিয়েছিলেন। অবশ্য এই ঘটনার জন্য ক্রিসের কাছে ক্ষমাও চান স্মিথ।

উল্লেখ্য, এবারের অস্কারে ‘কিং রিচার্ড’ ছবির রিচার্ড উইলিয়ামস চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন উইল স্মিথ। এর আগেও দুইবার অস্কারে মনোনয়ন পেয়েছিলেন উইল স্মিথ। এবার পেয়েছেন পুরস্কার। সেরা অভিনেতার পুরস্কার হাতে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন তিনি। একই বছর নিষিদ্ধের তালিকায় নাম লেখালেন তিনি।