শ্রীমঙ্গল তরুণ পরিষদ উপজেলা ইউনিটের ইফতার বিতরণ সম্পন্ন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় মুক্তিযুদ্ধের চেতনায় ও তারুণ্যের উদ্দীপনায় সমাজ সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন শ্রীমঙ্গল তরুণ পরিষদ উপজেলা ইউনিটের ইফতার বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার (৮ই এপ্রিল) বিকেলে সংগঠনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রতি সপ্তাহে শহরের বিভিন্ন স্থানে পথচারীদের মাঝে ইফতারের প্যাকেট বিতরণ সম্পন্ন করা হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক জানান, আমরা বিভিন্ন সময় এই ভাবেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে যাচ্ছি‌। তার‌ই ধারাবাহিকতায় আজকের এই ইফতার বিতরণ। আর আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ রমজানের প্রতি শুক্রবার আবারো বিতরণ অব্যাহত থাকবে।

উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা সাংবাদিক কে এস এম আরিফুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতৃবৃন্দরা।

আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শিশু সহ পাঁচজন রোজাদার মুসল্লী আহত

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলায় শিশু সহ পাঁচজন রোজাদার মুসল্লী আহত হয়েছে। গেল সোমবার সন্ধ্যায় ইফতারের পূর্বে আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত মসজিদের ইমাম মৌলানা মোঃবজলুর রশিদ (৪২) মোঃ আজিজার রহমান (৫৫), বেলী বেগম (৫৫) আব্দুল মজিদ (৫৭), শিশু বাচ্চা তামিম (৬) ও মিনহাজ (৪) কে নওগাঁর স্থানীয় ক্লিনিক ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় গ্রাম বাসী ও মসজিদ কমিটির সদস্যদের মধ্যে চাঁপা উত্তেজনা বিরাজ করছে।স্থানীয় সূত্রে জানা যায় গত সোমবার সন্ধ্যায় ইফতারের পূর্বমহুত্বে শিমুলিয়া গ্রামের মৃত কসরত্যুল্লা সরদার এর পুত্র মোঃ গোলাম রসুল (৬২) এবং গোলাম রসুলের পুত্র মেহেদি হাসান (৩০)ও মিন্টু (২৭) মসজিদের সীমানায় সাজিনা গাছের সাজিনা পারাকে কেন্দ্র করে মসজিদে ইফতারে অংশ গ্রহনকারী মুসল্লি ও কমিটির লোকজনের সাথে কথাকাটি ও বাকবিতন্ডার ঘটনা ঘটে।

এরই জের ধরে সিমুলিয়া গ্রামের পূর্বপাড়া জামে মসজিদে প্রতিপক্ষের লোকজন ইফতারে অংশগ্রহন মুসল্লি ও মসজিদের ইমাম সহমসজিদ কমিটির লোকজনের উপর হামলা চালায়। এতে আহত হয় সিমুলিয়া গ্রামের মুসল্লি মোঃ আজিজার রহমান (৫৫), বেলি বেগম (৫৫), আব্দুল মজিদ (৫৭), শিশু বাচ্চা তামিম (৫), মিনহাজ (8)। আহতরা সকলেই সিমুলিয়া গ্রামের বাসিন্দা।

হামলাকারীরা এ সময় সমজিদের জানালা দরজা ভাঙচুর করে। পরে গ্রামবাসীরা আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য ক্লিনিকে চিকিৎসার জন্য প্রেরণ করেন।

এবিষয়ে শুক্রবার দুপুরে আত্রাই থানা অফিসার ইনচাজ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনারস্থল পরিদর্শন করেছে পুলিশ। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে শুক্রবার দুপুরে সরজমিনে সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের সিমুলিয়া গ্রামের পূর্বপাড়া জামে সমজিদ ইমাম মৌওলানা মোঃ বজলুর রশিদ ও মসজিদ কমিটির সদস্য মোঃআজিজার রহমান বলেন, ঘটনার পর রাতেই আমরা থানায় যাই, থানার ওসি সাহেবকে আমরা বিষয়টি অবহিত করি। তিনি আমাদের একটি লিখিত অভিযোগ দিতে বলেন,আমরা ঐ রাতেই লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু থানা কর্তৃপক্ষ এখনও পযর্ন্ত কোন পদক্ষেপ গ্রহন করেন নাই। আমরা রমজান মাসে নিরাপত্তাহীনতায় মসজিদে নামাজ আদায় ও ইফতার নিতে পারছিনা। এবিষয়ে গ্রামের শান্তির লক্ষে উর্দ্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করছে গ্রামবাসী।

রাণীশংকৈলে স্কাউটস দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শুক্রবার (৮ এপ্রিল) সকালে পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস দিবস পালন করা হয়। এ উপলক্ষে একটি র‍্যালি বের হয়ে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে।

পরে ওই মাঠেই   স্কাউটস কমিশনার প্রধান শিক্ষক ইয়াকুব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্ম্মন,বাংলাদেশ স্কাউটস জেলা যুগ্ন সম্পাদক (লিড ট্রেইনার) প্রধান শিক্ষক ফইজুল ইসলাম, উপজেলা স্কাউটস লিডার সহকারি শিক্ষক মমতাজ আলী, উপজেলা যুগ্ন সম্পাদক সহকারি শিক্ষক দিলারা বেগম, প্রধান শিক্ষক আব্দুল মান্নান সহকারি শিক্ষক জিয়াউর রহমান জিয়া, মৌসুমি বসাক ও প্রেসক্লাব (পুরাতন) আহব্বায়ক কুশমত আলী প্রমুখ।

এছাড়াও স্কাউটস এর ছাত্র- ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত সকলের মাঝে একটি করে মাস্ক বিতরণ করা হয়।

ভর্তুকিমূল্যে ২য় পর্যায়ে টিসিবি পন্য বিক্রয় কার্যক্রম শুরু

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: সারাদেশব্যাপী আজ হতে শুরু হয়েছে স্বল্প আয়ের মানুষের জন্য জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ভর্তুকিমূল্যে ২য় পর্যায়ে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম।

গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) মৌলভীবাজারের চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ২য় পর্যায়ের ভর্তুকিমূল্যে পণ্য বিক্র‍য় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাহিদ আখতার, সদরের উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা রহমানসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মৌলভীবাজার জেলায় ৭২,৪২৬ জন উপকারভোগীদের মাঝে ভর্তুকিমূল্যে এ পণ্য বিক্রয় করা হবে।

লালমনিরহাটের কালীগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেফতার-৬

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি: জেলার কালীগঞ্জের গোড়ল ইউনিয়নের বলাইরহাট এলাকার সেবকদাস গ্রামে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৭০ বোতল ফেনসিডিল ও ৯ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরের পর গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের আদালতের মাধ্যমে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসূল। অভিযান পরিচালনার সময় ৬ মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার গোড়ল ইউনিয়নের সেবকদাস গ্রামের সহির আলীর ছেলে মাইদুল(২৪), একই এলাকার হামিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২২), জেতেন্দ্রনাথের ছেলে সনজিত রায় (২০), জয়নাল আবেদিনের ছেলে হাসান আলী (২৯) মৃত সেকেন্দার আলীর ছেলে আব্দুস সামাদ (২১) ও শফিকুল ইসলাম(৪০)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানা গেছে, জেলার কালীগঞ্জ থানার গোড়ল ইউনিয়ন এলাকায় মোটরসাইকেল যোগে গ্রেফতারী পরোয়ানা ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম। অভিযানে বৃহস্পতিবার ভোরের দিকে বলাইরহাট বাজার এলাকায় অবস্থানকারী টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে,মাদক কারবারী মাইদুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়ির আঙ্গিনায় অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজা ক্রয় বিক্রয় চলছিল।

পরে পুলিশ ধাওয়া করে ১৭০ বোতল ফেনসিডিল ও ৯ কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় পুলিশর উপস্থিতি টের পেয়ে আরও দুই মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৮ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।

মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ও মাদক উদ্ধারের বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসূল বলেন, থানায় মামলা হওয়ার পর আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হজতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এই মাদক বিরোধী অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন । অপরদিকে টানা ৪র্থ বারের মত মার্চ মাসে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম গোলাম রসুল।

পবিত্র রমজানে বগুড়ায় টিসিবির ন্যায্য মুল্যে পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন

নূর মোহাম্মদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলা প্রশাসন এর তত্ত্বাবধানে গত ৭ এপ্রিল, ২০২২ খ্রিঃ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় পবিত্র রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ উদ্যোগে দেশব্যাপী ০১কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্যসামগ্রী বিক্রির কার্যক্রম (বগুড়া জেলা) এর দ্বিতীয় পর্যায় এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক, বগুড়া জনাব মোঃ জিয়াউল হক।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মুজিবুর রহমান মজনু, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, বগুড়া জেলা শাখা ; জনাব রাগেবুল আহসান রিপু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, বগুড়া জেলা শাখা ; জনাব আবু সুফিয়ান সফিক, চেয়ারম্যান, বগুড়া সদর উপজেলা ; জনাব রেজাউল করিম বাদশা, মেয়র বগুড়া সদর পৌরসভা; জনাব সমর কুমার পাল, ইউএনও,বগুড়া সদর উপজেলা ; জনাব আব্দুর রশীদ,অতিরিক্ত পুলিশ সুপার, বগুড়া; জনাব নুরুল ইসলাম, এসিল্যান্ড, বগুড়া সদর উপজেলা প্রমুখ।

এছাড়াও উপকারভোগী,গনমাধ্যম ব্যক্তিবর্গসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাখির সঙ্গে দারুণ সম্পর্ক রয়েছে পাকা ফলের

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: পাখির সঙ্গে দারুণ সম্পর্ক রয়েছে পাকা ফলের। গাছের প্রাকৃতিক ফল মানেই বন্যপ্রাণীদের অধিকারের চিরন্তন অংশিদারিত্ব। আর যদি সেই ফল হয় কৃত্রিমভাবে মানুষের বসতভিটার পাশে কিংবা ছাদের বড় টবে হোক বাগানের লাগানো গাছের হয় – তাতেও সেই একই অধিকার বন্যপ্রাণী অর্থাৎ পাখিদের।

পাখি ফলের প্রতি জন্মলগ্ন থেকেই দারুণ দুর্বল। সেই দুর্বলতার অস্তিত্ব থেকেই ‘পাখি পাকা পেঁপে খায়’ এই বিশেষ লাইনটির উৎপত্তি। সময়ের চিরাচরিত গণ্ডি পেরিয়ে এই লাইনটি যেন চিরপ্রাকৃতিক এক সুতোয় গাঁথা।

আমাদের চোখের সামনে লাইনটির বাস্তবতা যখন আলোকচিত্রাকারে ফুটে উঠে তখন আরো স্বার্থক হয়, স্পষ্টতই বুঝতে দারুণ সুবিধে হয় এমন অপূর্ব লাইনটির প্রতিটি শব্দের বিশদ ব্যাখ্যা ও পূর্ণতা।

বন্যপ্রাণী আলোকচিত্রী ফিরোজ আল সাবাহ সম্প্রতি ‘পাখি পাকা পেঁপে খায়’ শীর্ষক মনোমুগ্ধকর নিদারুণ ছবিগুলো তুলেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, মজার ব্যাপার হচ্ছে এই পেঁপেটা আমার খাওয়ার কথা ছিল। কৃষক আমার জন্য পেঁপে ছিঁড়তে গিয়ে দেখেন পাখি সেই পাকা পেঁপেটি খাচ্ছে। তিনি তা দেখে এসে আমাকে বলেন- আহারে, আপনার পেঁপে পাখি খাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে বললাম, আমার জন্য এর চাইতে খুশি আর কিসে? আমার পেঁপে পাখিই খাক। তারপর আমি এই অসাধারণ দৃশ্যগুলো ক্যামেরাবন্দী করি স্মৃতি করে।

তিনি বলেন, এই পৃথিবীতে সৃষ্টিকর্তা অসংখ্য নেয়ামত ছড়িয়ে-ছিটিয়ে রেখেছেন তাতে মানুষের পাশাপাশি পশু পাখিদেরও হক (অধিকার) রয়েছে। অনেকেই দেখি – গাছের ফলগুলো তারা জাল দিয়ে ঘিরে রাখেন, যাতে পাখি না খেতে পারে। পাখিদের সেই হক নষ্ট করা অত্যন্ত হীন মনমানসিকতার পরিচয়। আমাদেরকে এমন নোংরা মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে।

আলোকচিত্রের পাখির প্রসঙ্গ উল্লেখ করে ফিরোজ বলেন, ছবিতে যে পাখিটাকে দেখা যাচ্ছে এর নাম নীলগলা বসন্তবৌরী। ইংরেজি নাম ব্লু-থ্রটেড বারবেট এবং বৈজ্ঞানিক নাম Psilopogon asiaticus। রঙের বৈচিত্র্যের দিক থেকে পাখিটি অত্যন্ত সুন্দর। দেখলে শুধু তাকে দেখতেই ইচ্ছে করে। এই সময়টাতে অর্থাৎ বসন্তকালে ওরা উঁচু গাছের ডালে ক্রমাগত ডাকতে থাকে। বিরামহীন সেই ডাক কুহুও কুহুও ডাকে মুখড়িত করে তুলে চারিপাশ।

তিনি আরো বলেন, পাখিটি আকারে অনেকটা আমাদের শালিকের মতো। এর দৈর্ঘ্য ২৩ সেন্টিমিটার। কিছু পালক ছাড়া তার পুরো দেহজুড়েই সবুজের সৌন্দর্য। তবে মুখ, গলা ও বুকের উপরিভাগে রয়েছে নীল রঙের আভা। কপাল আর ঘাড়ে গাঢ় লাল রঙের শোভা। এই রঙগুলোই দূর থেকে আকর্ষণ করে থাকে এই পাখিটিকে।

এই প্রজাতির পাখিরা দীর্ঘসময় ধরে ডেকে ডেকে চারপাশ মুখর করে রাখে। দেশের সব ধরনের বনাঞ্চল ও লোকালয়ের বৃক্ষে তাদের বিচরন দেখা যায় বলে জানান ফিরোজ আল সাবাহ।

নবাবগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ল্যাম্ব এ্যাডলোসেন্ট এন্ড কমিউনিটি ট্রান্সফরমেশন (এসিটি) প্রজেক্ট এর সহযোগিতায় “বিশ্ব স্বাস্থ্য দিবস” ২০২২ উদযাপন করা হয়।

এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য”। দিবস উদ্যাপনের কর্মসূচিতে  ছিল র‌্যালি, আলোচনাসভা এবং হেলথ্ ক্যাম্পেইন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনা পরিস্থিতিতে সমস্তবিশ্ব যখন ল-ভন্ড তখন আরেক একটি বড় সমস্যা মানবসৃষ্ট জলবায়ুর বৈশিক বিরূপ প্রভাবে আমাদের এই পৃথিবীতে দূষিত হচ্ছে। এই জলবায়ু বিরূপ প্রভাবে পৃথিবী অধিকাংশ মানুষ ইতিমধ্যে ক্যান্সার, হাঁপানি, হৃদরোগের মতো জটিল রোগের মোকাবিলা করছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বায়ুদূষণ জনিত কারণে প্রতি মিনিটে ১৩ জন করে বিভিন্ন রোগে মারা যাচ্ছে। এই পরিবেশগত কারণেই প্রতি বছর বিশ্বে প্রায় ১ কোটি ৩০ লক্ষ লোক মারা যায়। এর ফলে ত্রুমশ জলবায়ুর পরিবর্তন হচ্ছে যা মানবজাতির হুমকিস্বরূপ।

দিনব্যাপি এই দিবস উদ্যাপনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ মোঃ শাহ্জাহান আলী, ও নবাবগঞ্জ বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ তোফায়েল হোসাইন, ল্যাম্ব সিসিটি ও এসিটি প্রজেক্ট ম্যানেজার উৎপল মিন্জ, ও লাম্বের টেকনিক্যাল অফিসার  জয় উইলিয়াম হাসদা ও কিশোর-কিশোরীবৃন্দ, স্বাস্থ্যকর্মীবৃন্দ, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

৩বছরে কোরআন মুখস্থ; তারাবি নামাজে আরিফ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: বাবার স্বপ্ন পূরণে তিন বছরে হাফেজ হয়েছেন স্কুলছাত্র এসএম আরিফ মাহমুদ। ১৩ বছর বয়সী আরিফ তারাবির নামাজের ইমামতি করছেন সাহসিকতার সঙ্গে। তারাবির নামাজ পড়াতে গিয়ে রমজান শুরু হওয়ার মাত্র কয়েকদিনে মুসল্লিদের নজর কেড়ে নিয়েছেন আরিফ।

বাবার স্বপ্ন ছিল আরিফ একদিন কোরআনে হাফেজ হবেন। মাত্র তিন বছরেই বাবার সেই স্বপ্ন পূরণ করে দিলো আরিফ। ২০২১ সালে পঞ্চম শ্রেণি পাস করার সঙ্গে সঙ্গে পবিত্র কোরআন মুখস্থ করে শেষ হয় তার তালিম। তৃতীয় শ্রেণিতে অধ্যায়নরত অবস্থায় হাফেজি পড়া শুরু করেন আরিফ।

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার খারপাড়া গ্রামের স্কুলশিক্ষক মাওলানা মো. আব্দুস শহীদ ও শিক্ষিকা মোছাম্মাৎ জাহানারা বেগমের ছেলে এসএম আরিফ মাহমুদ।

পারিবারিক সূত্র মতে জানা গেছে, আরিফ ২০১৮ সালে তৃতীয় শ্রেণিতে অধ্যয়নকালীন মৌলভীবাজারের তাহফিজুল মডেল মাদ্রাসায় কোরআন মুখস্থ শুরু করেন। ২০২১ সালে তিনি কোরআনে হাফেজ হয়ে যান। চলতি রমজানেই রাজনগর উপজেলার কর্ণিগ্রাম জামে মসজিদে তিনি খতম তারাবির নামাজ পড়াতে শুরু করেন। দক্ষতার সঙ্গে তার নির্ভুল তেলাওয়াতে মা বাবা পরিবারসহ এলাকার সবাই আনন্দিত।

মসজিদটির মুসল্লি তছকির খাঁন বলেন, এই ছোট শিশুর সাহসিকতার সঙ্গে নির্ভুল কোরআন তেলাওয়াত পাঠে আমাদের মুগ্ধ করেছে।

এলাকার মুসল্লি আব্দুল হান্নান বলেন, প্রথমে ভেবেছিলাম এত ছোট ছেলে কিভাবে খতম তারাবি পড়াবে! হয়তো ভুল করতে পারে! কিন্তু তার কোরআন তেলাওয়াত আমাদের বিমোহিত ও ভালো লাগার স্থান তৈরি করে নিয়েছে।

এলাকার আকলুমিয়া চৌধুরী বলেন, আমাদের মসজিদে খতম তারাবি পড়াতে আরিফের সঙ্গে হাফেজ নাজিম উদ্দিন (৩৫) আছেন। আরিফ সকলের নজর কেড়েছেন।

মসজিদের ইমাম সাদিকুর রহমান বলেন, কোরআন মুখস্থ করা সাধনার ব্যাপার। আরিফ আসলেই আমাদের অবাক করেছে, আমাদের অহংকার।

আরিফের বাবা মাওলানা মো. আব্দুস শহিদ বলেন, আমার দুই ছেলে আসিফ ও আরিফ। আমি স্বপ্ন দেখতাম আরিফ হাফেজ হবে। আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি সবার কাছে দোয়া চাই আমার ছেলে যেন কোরআন মুখস্থ রাখতে পারে এবং ইসলামের সাথে সহি সালামতে দায়িত্ব রক্ষা করতে পারে।

কুলাউড়ায় গৃহবধূর আত্মহত্যা: স্বামী আটক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কড়ইগ্রামে এক গৃহবধূর আত্মহত্যা খবর জানা গেছে। বুধবার (৬ এপ্রিল) ভোররাতে মোর্শেদ আক্তার সাথি (১৮) নামের ওই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

সাথি কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুজিবুর রহমান মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই হারুনুর রশীদ জানান, পারিবারিক কলহের জের ধরে সাথি তার নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, এ ঘটনায় সাথির স্বামী জামাল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।