শ্রীমঙ্গলে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের দায়ে ধর্ষককে গ্ৰেফতার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের উদনাছড়ায় এক প্রতিবন্ধী যুবতীকে (২২) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্ৰেফতারকৃতের নাম রমন প্রধান (৩০)। এক সন্তানের জনক রমন উদনাছড়া ৮নং বস্তির মৃত সুদর্শন প্রধানের ছেলে। রোজ বুধবার মধ্যরাতে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

বুধবার দিবাগত রাত ১টায় প্রতিবেদক’কে এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) মামলার তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলাম।

তিনি বলেন, ধর্ষণের শিকার প্রতিবন্ধী মেয়েটিকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। মেডিকেল পরীক্ষার জন্য আজ বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি রমন প্রধানকেও আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য জয়দেব ঘোষ জানান, সোমবার রাত (৪ঠা এপ্রিল) দুইটার দিকে মেয়েটি দন্ডপূজা শেষে বাড়িতে ফিরছিল।এসময় পাশের বাড়ির রমন তাকে সেখান থেকে জোর করে তুলে নিয়ে বাড়ির পাশে নির্জন স্থানে ধর্ষন করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে সমাধানের চেষ্ঠা করা হয়। পরে তিনি বিষয়টি থানায় অবগত করেন।

এ ঘটনায় বুধবার মেয়েটির বাবা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করলে পুলিশি অভিযানের মাধ্যমে ধর্ষক রমন প্রধানকে গ্রেফতার করতে সক্ষম হয়। সেই সঙ্গে নির্যাতিতা প্রতিবন্ধী মেয়েকে থানায় নিয়ে আসেন।

ফুলবাড়ীতে ক্লাস না হওয়ায় কলেজে ভাংচুর

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কলেজে ক্লাস না হওয়ায় বেঞ্চ, চেয়ার ও টেবিল ভাংচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাছিয়ারছড়ার  মইনুল মোস্তফা কলেজে বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে কলেজ ক্যাম্পাসে ওই সময় চরম বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয় ।

জানা গেছে, ২০১৫ সালে  দু’দেশের ছিটমহল বিনিময় সুসম্পন্ন হলে ওই অঞ্চলের শিক্ষানুরাগী ব্যক্তিরা  দাছিয়ারছড়া কামালপুর এলাকায় ছিটমহল বিনিময় আন্দোলনের নেতা মইনুল হক ও গোলাম মোস্তফার যৌথ নামে মইনুল মোস্তফা মহাবিদ্যালয় স্থাপন করেন। তৎকালীন সময়ে ওই প্রতিষ্ঠানে ২৭ জন শিক্ষক-কর্মচারী  নিয়োগ দেয়া হয় । পরবর্তীতে ২০২০ সালে মানবিক, বানিজ্য ও বিজ্ঞান বিভাগে পাঠদানের অনুমতি সাপেক্ষে শিক্ষার্থী ভর্তি করানো হয়। প্রথম বছর ৭২জন শিক্ষার্থী নিয়ে কলেজের যাত্রা শুরু হয়। পরের বছর ৬৬জন শিক্ষার্থী ভর্তি হয় ওই কলেজে। কিন্তু শিক্ষার্থীর সংখ্যা ও উপস্থিতি সন্তোষজনক হলেও শিক্ষকদের বিরুদ্ধে রুটিন অনুযায়ী নিয়মিত ক্লাশ না নেয়ার অভিযোগ দীর্ঘদিনের। সপ্তাহের বেশিরভাগ দিন বন্ধ থাকে কলেজের শিক্ষক ও অধ্যক্ষের কক্ষ।

এমতবস্থায় বুধবার(৬ এপ্রিল) সকাল ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্লাসের দাবিতে  কলেজের শ্রেণিকক্ষের চেয়ার টেবিল বেঞ্চ জানালা দরজা ভাংচুর করে ।  শিক্ষার্থীদের আন্দোলনের সাথে স্থানীয় অভিভাবকরা একাত্বতা প্রকাশ করলে কলেজ ক্যাম্পাসে চরম উত্তজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।

ওই কলেজের শিক্ষার্থী নাজমুল হাসান, শামীম ও জীবন সরকার জানান , আমরা প্রতিদিন কলেজে আসি, কিন্তু ক্লাশ হয় না। তাই ক্লাসের দাবিতে আজ ছাত্ররা শ্রেণিকক্ষের চেয়ার, টেবিল ও বেঞ্চ ভাংচুর করে । ছাত্রদের সাথে অনেক অভিভাবকও যোগ দেন।

স্থানীয় অভিভাবক আমজাদ হোসেন ও বাবুল মিয়া জানান, ছিটমহলের পিছিয়ে থাকা শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়াতে অনেক উৎসাহ নিয়ে একমাত্র কলেজটি স্থাপন করা হয়েছে । শিক্ষার্থীও অনেক। কিন্তু কেন ক্লাশ হয় না ,তা জানা নেই।

মইনুল মোস্তফা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ গোলাম মোস্তফা খান জানান , আকাশ খারাপ হওয়ায় হয়তোবা শিক্ষকরা উপস্থিত হতে না পারার কারণে এমনটি হতে পারে। আমি কলেজের কাজে ঢাকায় আছি, পরে বিস্তারিত জানা  যাবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট এর সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি আমি শুনেছি। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।

৯ বছরের শিশুকে ইউটিউব এর সহযোগিতায় উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়ায় মায়ের সঙ্গে অভিমান করে নিখোঁজ হওয়া রিয়াজুল ইসলাম আলিফ (৯) নামে এক শিশুকে ইউটিউব চ্যানেলের সহায়তায় উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। বুধবার মৌলভীবাজারের কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় এ তথ্য জানান। মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে জামালপুর জেলা শহর থেকে তাকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আলিফ কুলাউড়া পৌরসভার বিছরাকান্দি গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে। গতকাল সকাল ৯টাযর দিকে সে মায়ের সাথে অভিমান করে মাদ্রাসায় যাওয়ার পথে কুলাউড়া রেলস্টেশনে গিয়ে ট্রেনে উঠে নিখোঁজ হয়।

এ ঘটনায় আব্দুর রহিম কুলাউড়া থানায় একটি নিখোঁজ দাবি করে অভিযোগ (জিডি) করলে পুলিশ ভিকটিম উদ্ধারে তৎপর হয়। মঙ্গলবার ওসি বিনয় ভূষণ রায়ের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামের সহযোগিতায় এসআই (নিরস্ত্র) এনামুল হক ‘নীড়ের ঠিকানা’ নামে ইউটিউব চ্যানেলের সহায়তায় জামালপুর জেলা শহর থেকে নিখোঁজ আলিফকে উদ্ধার করা হয়।

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, উদ্ধারের পর মঙ্গলবার রাতে আলিফকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আলিফের বাবা তার সন্তানকে ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন কুলাউড়া পুলিশকে।

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে কবির নামের এক ব্যক্তির মৃত্যু

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে কবির মিয়া(৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪ঃ ৪৫ মিনিটে নীলফামারীর কলেজ স্টেশন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই এলাকার নাদিরুজ্জামানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর জিআরপি থানার ওসি শফিউল ইসলাম।

স্থানীয় সুত্র জানায়, গরু নিয়ে রেললাইন অতিক্রম করছিলেন কবির। এ সময় সৈয়দপুর থেকে চিলাহাটি গামী রুপসা এক্সপ্রেসে কাটা পড়ে মারা যায় সে।

ওসি শফিউল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা সোসাইটি অব USA ইনক এর ভারপ্রাপ্ত সভাপতি দিপু ও সাধারণ সম্পাদক তাছলিমা

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার বাংগরা বাজার থানাধীন ৮ নং চাপিতলা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের কৃতি সন্তান এবং যুক্ত রাষ্ট্র আওয়ামী সেচ্ছাসেবকলীগ এর সাংগঠনিক সম্পাদক এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ- আন্তর্জাতিক সম্পাদক মোঃ মনিরুল আলম দিপুকে কুমিল্লা সোসাইটি অব USA ইনক এর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এবং তাছলিমা পাটোয়ারীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় যে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা: আলী আহমেদ ও সাধারণ সম্পাদক আ.স.ম. খালেদুর রহমান সবুজ বাংলাদেশে সাংগঠনিক সফরে যাওয়ায় সংগঠনের সিনিয়র সহ সভাপতি মো: মনিরুল আলম (দিপু)কে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও তাছলিমা পাটোয়ারীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব অর্পন করা হয়েছে। সংগঠনের এই সিদ্ধান্ত ৪ঠা এপ্রিল’ ২০২২ থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।

কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক এর প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ আর ভূঁইয়া আখলাছ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মনিরুল আলম দিপু বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।

৫১কেজি গাঁজা সহ ১ মাদক কারবারি আটক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাইভেটকার ভর্তি বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল।

র‌্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার বসু দত্ত চাকমা জানান, গত মঙ্গলবার ভোরে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ৫১ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

আটক মাদক কারবারির নাম জামাল মিয়া, তার পিতার নাম মো. কনা মিয়া, বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বড়াইল গ্রামে।

র‌্যাব জানায়, আটক জামাল মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বৃহত্তর সিলেট এবং ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় নিয়মিত গাঁজা সরবরাহ করে আসছিল সে।

গতকাল মঙ্গলবার জব্দকৃত গাঁজা, পরিবহনের জন্য গাড়ি আলামতসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নিকটস্থ শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

চট্টগ্রামে নিউজের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দৈনিক লাখো কণ্ঠের সাংবাদিক

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম শহরে নিষিদ্ধ গ্রাম সিএনজির বিরুদ্ধে নিউজ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক লাখো কণ্ঠের চট্টগ্রাম স্টাফ রিপোর্টার মো. শাকিল। গতকাল বুধবার (৬ মার্চ) রাতে চট্টগ্রাম নগরীর টাইগারপাস মোড় সংলগ্ন নেভি কনভেনশন সেন্টারের সামনে মাস্ক পরিহিত ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী প্রচন্ড ভাবে মেরে আহত করে সাংবাদিক মো. শাকিলকে। বর্তমানে মোঃ শাকিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলার ১৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন সাংবাদিক মোঃ শাকিল।

এ ব্যাপারে আহত সাংবাদিক মো. শাকিল জানান, অফিস অ্যাসাইনমেন্ট নিয়ে তথ্য সংগ্রহ করার পর টাইগারপাস থেকে বাসায় যাওয়ার পথে নেভি কনভেনশন হলের সামনে প্রথমে আমাকে মারধোর করে। পরে আমার গাড়ি ভাঙচুর করে। তাছাড়া আমার মোবাইল, মানিব্যাগ সহ টাকা, প্রতিষ্ঠান পরিচয় পত্র, গাড়ির কাগজপত্র তারা নিয়ে যায়।

তিনি অভিযোগ করে জানান, টাইগারপাসের অবৈধ গ্রাম সিএনজি মেইনটেইন করে চালাচ্ছে জসিম ওরফে ভাইগ্না জসিম, রুবেল, মোহন, এরা সকলেই সিএনজি ড্রাইভার। আর এরাই বহিরাগত সন্ত্রাসী দিয়ে আমাকে মেরেছে।

প্রসঙ্গত, চট্টগ্রাম সিএমপি কমিশনারের চলাচল নিষিদ্ধ গ্রাম সিএনজির বিরুদ্ধে কঠোর হস্তক্ষেপ থাকলেও অদৃশ্য এক শক্তির বলে চট্টগ্রাম শহরে এখনও চলছে গ্রাম সিএনজি। নগরীর আকবরশা থানার সেভেন মার্কেট, খুলশী থানার ঝাউ তলা রেল ক্রসিং থেকে পলিটেকনিক, এছাড়াও আরো অনেক জায়গায় চলছে চলাচল নিষিদ্ধ গ্রাম সিএনজি।

তাছাড়া বিভিন্ন সময় চলাচল নিষিদ্ধ গ্রাম সিএনজি দিয়ে অনেক অনৈতিক কাজ করতে দেখা গিয়েছে। তাই শহরবাসী দ্রুত চলাচল নিষিদ্ধ গ্রাম সিএনজি বন্ধ করে জড়িত হর্তাকর্তাদের আইনের আওতায় আনার দাবি জানান।

জুড়িতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা ভোক্তা অধিদপ্তরের

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্টানকে ভোক্তা আইন অমান্যের অভিযোগে জরিমানা করা হয়েছে।

বুধবার (৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজার, ফুলতলা রোড, বিজিবি ক্যাম্প সংলগ্ন বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, লেবুর ও সব্জির পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠান, হার্ডওয়ারের প্রতিষ্ঠান মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে ও জুড়ী থানা পুলিশের একটি দলের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

সহকারী পরিচালক আল-আমিন জানান, আড়ৎদ্বার কর্তৃক পাকা ক্রয় রশিদ সংগ্রহ না করা এবং খুচরা ব্যবসায়ীদেরকে পাকা বিক্রয় রসিদ প্রদান না করা, বোতলজাত রং সহ হার্ডওয়ার পণ্যে আইন অনুযায়ী মূল্য এবং তারিখ উল্লেখ না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে কামিনীগঞ্জ বাজারে অবস্থিত বিসমিল্লাহ সবজি ভান্ডারকে ৩ হাজার টাকা, ফুলতলা রোডে অবস্থিত বিসমিল্লাহ ট্রেডার্সকে ৩ হাজার টাকা, এ আর এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, আবির এন্টারপ্রাইজকে ২ হাজার ৫ শত টাকা, বিজিবি ক্যাম্প সংলগ্ন অবস্থিত মদিনা হার্ডওয়্যারকে ৪ হাজার টাকাসহ মোট ৫টি প্রতিষ্টানে ১৪ হাজার ৫০০টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এই অভিযান প্রতিনিয়ত জেলা জুড়ে অব্যাহত থাকবে বলেও জানান।

রোজায় ডায়াবেটিস রোগীদের করণীয়

লাইফস্টাইল ডেস্কঃ ডায়াবেটিস রোগে ভুক্তভোগীদের সবসময়ই একটা ধরাবাঁধা নিয়মের মধ্য দিয়ে চলতে হয়। এটি এমন একটি রোগ, যার সঙ্গে খাদ্যাভাস ও লাইফস্টাইলের গভীর সম্পর্ক রয়েছে। খাদ্যের ক্ষেত্রে ডায়াবেটিস রোগীকে অনেক নিয়মকানুন মেনে চলতে হয়। অনেক সতর্কতা দরকার হয়।

রমজানে লাইফস্টাইলে একটি বড় পরিবর্তন আসে। রোজা রাখলে দীর্ঘ সময় অনাহারে থাকতে হয়। আবার অনেকেই ইফতার ও সেহরিতে এমন খাবার গ্রহণ করেন, যা ডায়াবেটিস রোগীর জন্য ক্ষতিকর। এসব কারণে শারীরিক নানা সমস্যা হতে পারে। এসব সমস্যা এড়াতে কিছু বাড়তি সতর্কতা প্রয়োজন।

ডায়াবেটিক রোগীর রোজা রাখার সময় সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে খাদ্য ব্যবস্থাপনায়।

সেহরির শেষ সময়ের অল্প কিছুক্ষণ আগে সেহরি খেতে হবে। ইফতারের সময় অধিক পরিমাণে মিষ্টি ও চর্বি জাতীয় খাবার এড়িয়ে যেতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি ও পুষ্টিকর খাবার খেতে হবে যেন তারা পানিশূন্যতায় না ভোগেন। খেজুর খেলে, একটা খেজুর খেতে পারেন। ফলমূল, শাকসবজি, ডাল ও টক দই তালিকাভুক্ত করতে পারলে ভালো। ডাবের পানি পান করতে পারেন।

খাদ্যের ক্যালরি ঠিক রেখে খাওয়ার পরিমাণ এবং ধরন ঠিক করতে হবে। সঠিক সময়ে সঠিক পরিমাণ খাওয়া প্রয়োজন।রমজানের আগে যে পরিমাণ ক্যালরিযুক্ত খাবার খেতেন, রমজানে ক্যালরির পরিমাণ ঠিক রেখে খাবার সময় এবং ধরন বদলাতে হবে।

যারা দিনে একাধিকবার ডায়াবেটিসের ওষুধ খান তারা সকালের মাত্রাটি ইফতারের শুরুতে এবং রাতের মাত্রাটির অর্ধেক পরিমাণে সেহরির আধা ঘণ্টা আগে খেতে পারেন।

ডায়াবেটিস রোগীদের ব্যায়াম খুবই জরুরি কিন্তু রোজা রেখে দিনের বেলায় রোগীদের অধিক ব্যায়াম করা উচিত নয় এতে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। রাতের বেলায় বিশেষ করে তারাবির নামজের পর ব্যায়াম করাই ভালো। মনে রাখতে হবে তারাবির দীর্ঘ নামাজে কিছুটা ব্যায়াম হয়ে যায়।

বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের

অর্থনৈতিক ডেস্কঃ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ‘বাংলাদেশ ককাসকে’ পুনরুজ্জীবিত করার জন্য মার্কিন সিনেটরকে প্রস্তাব দিয়েছেন।

গত মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে তার সরকারি সফরে আরও একটি ব্যস্ত দিন কাটিয়েছেন। সেখানে তিনি মার্কিন আইন প্রণেতাদের সাথে দেখা করেছেন এবং ওয়াশিংটন ডিসিতে বেশ কয়েকটি থিঙ্ক ট্যাঙ্কে বক্তৃতা করেছেন। তার সঙ্গে রয়েছেন সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ ও নাহিম রাজ্জাক এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে ফেরানোর বিষয়টি উত্থাপন করেন এবং এ বিষয়ে সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতার সহায়তা কামনা করেন। এর মধ্যে রয়েছে ইউনাইটেড স্টেট ইনস্টিটিউট অফ পিস (ইউএসআইপি), সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) এবং ন্যাশনাল ব্যুরো অফ এশিয়ান রিসার্চ (এনবিআর)।

তিনি মানবাধিকার ও গণতান্ত্রিক নীতির প্রচার ও সুরক্ষার জন্য বাংলাদেশের প্রচেষ্টার বিশদ বিবরণ দিয়ে মার্কিন সরকারকে র‌্যাব ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন ব্যবসায়িক সহযোগিতার বিষয়ে ইউএস চেম্বার অব কমার্সের ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে যোগ দেন। ব্যবসায়িক বৈঠকে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক, বাণিজ্য ও বিনিয়োগে নিয়োজিত ২০টিরও বেশি মার্কিন কোম্পানির নির্বাহীরা যোগ দেন।

ইউএস-বাংলাদেশ সম্পর্কের গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী মোমেন উল্লেখ করেন যে, বেশ কিছু প্রবৃদ্ধির মূল ক্ষেত্র রয়েছে যেখানে মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশকে সহায়তা করতে পারে। এর মধ্যে রয়েছে- টেলিকম অবকাঠামো, ডিজিটাল অর্থনীতি, ফার্মাসিউটিক্যালস, ব্লু ইকোনমি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আর্থিক প্রযুক্তি এবং ডিজিটাল পেমেন্ট।

তিনি তুলে ধরেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকান কোম্পানিগুলোর জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বরাদ্দ করেছেন এবং বাংলাদেশে তাদের বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলও ছিলেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম আয়োজিত ‘বাংলাদেশ হাউসে’ নৈশভোজে যোগ দেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ উভয় দেশের সরকারী প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা এবং বাংলাদেশী প্রবাসী সদস্যরা নৈশভোজে অংশ নেন।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন আজ ওয়াশিংটন ডিসি ছেড়ে ফ্লোরিডার মিয়ামিতে যাচ্ছেন, সেখানে তিনি বাংলাদেশের নতুন কনস্যুলেট জেনারেলের উদ্বোধন করবেন।