ঠাকুরগাঁওয়ের হরিপুরে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গত সোমবার মাসুমউজ্জামান (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে হরিপুর থানা পুলিশ।

মাসুমউজ্জামান পাশের উপজেলা পীরগঞ্জের খামার সেনুয়া এলাকার সুলতান আলী তালুকদারের ছেলে।

জানাগেছে, ঘটনার দিন এস আই আবু ইসা, এস আই রাকিবুল ইসলাম,এ এস আই তৌহিদুল ইসলাম সংগীয় ফোরস সহ মাদকদ্রব্য  উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন  সংবাদের ভিত্তিতে গেদূরা ইউনিয়নের হাটপুকুর  এলাকার একটি দোকানের সামনে হতে আাসামী মাসুমউজ্জামান কে ফেন্সডিল বিক্রয় কালে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক করেন।

হরিপুর থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা রুজু করা হয়েছে।

হুমকির মুখে সৌম্যর ক্যারিয়ার!

স্পোর্টস ডেস্কঃ দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইর আছেন সৌম্য সরকার। ফের লাল সবুজের জার্সি গায়ে তোলার জন্য ঢাকা প্রিমিয়ার লিগ, ডিপিএল অনেক বড় মঞ্চ ছিল এই তারকা ক্রিকেটারের সামনে। কিন্তু বাদ হয়ে পড়েছেন দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় ওয়ানডে টুর্নামেন্টেও। সব মিলিয়ে এবার হুমকির মুখে পড়ে গেল তার ক্যারিয়ার।

আবাহনীর বিপক্ষে অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মোহামেডানের একাদশে নাম নেই এই খেলোয়াড়ের। ব্যাটিংটা প্রত্যাশিত মানের না হওয়ায় আবাহনীর বিপক্ষে সৌম্যকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে সাদা-কালো ম্যানেজমেন্ট। আজ মঙ্গলবার আবাহনীর বিপক্ষে ম্যাচে ড্রপ করা হয়েছে সৌম্য সরকারকে।

সব কিছু ঠিক থাকলে তার এখন দক্ষিণ আফ্রিকা থাকার কথাও ছিল। কিন্তু ফর্মহীনতার কারণে এখন টেস্ট দলে তো পরের কথা, ওয়ানডে আর টি- টোয়েন্টি দলেও নেই সৌম্য। সর্বশেষ ওয়ানডে খেলেছেন এক বছরের বেশি সময় আগে, ২০২১ সালের ২৬ মার্চ ওয়েলিংটনে। নিউজিল্যান্ডের সাথে সে ম্যাচে সৌম্য আউট হয়েছিলেন মাত্র ১ রানে। টি-টোয়েন্টি দলেও নেই বিশ্বকাপের পর থেকেই। গত বছর ৪ নভেম্বর দুবাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে (৮ বলে ৫) শেষবার লাল-সবুজ জার্সি গায়ে মাঠে নেমেছিলেন সৌম্য। তারপর আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়ে উঠেনি তার।

ডিপিএলের নিজেদের সপ্তম ম্যাচে আজ চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের বিপক্ষে মাঠে নেমেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ব্যাট হাতে বাজে সময় পার করায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান গুরুত্বপূর্ণ ম্যাচটিতে দর্শক হয়ে সময় পার করছেন সৌম্য।

প্রত্যাশা মেটাতে না পারায় সৌম্যর বিকল্প খুঁজেছে মোহামেডান। যেখানে নিজেকে প্রমাণ করে জাতীয় দলে ফিরবেন, ফর্মহীনতায় সেই জায়গাও হারিয়ে বসেছেন সৌম্য।

গরমে ত্বকের শীতলতা বজায় রাখার উপায়

লাইফস্টাইল ডেস্কঃ গরমে ত্বকের সমস্যা থেকে রেহাই পাওয়ার সবচেয়ে সহজ উপায় হল ত্বককে শীতল রাখা। গরমে ত্বকের একাধিক সমস্যা দেখা দেয়। অতিরিক্ত সিবাম নির্গত থেকে শুরু করে, ফুসকুড়ি, ব্রণ, লালচে ভাব ইত্যাদির সমস্যা দেখা দেয়। এর পাশাপাশি যদি গরমে শরীর ডিহাইড্রেট হয়ে যায়, তার প্রভাবও ত্বকে পড়ে। এই সব সমস্যা থেকে রেহাই পাওয়ার সবচেয়ে সহজ উপায় হল ত্বককে শীতল রাখা।

১। পর্যাপ্ত জলের পাশাপাশি ফলের রস খাওয়া আপনার ত্বকের পক্ষে জরুরী। তাই দিনে যতবার পারবেন বেশি করে জল খাবেন।

২। মুখে ঠাণ্ডা জলের ঝাপটা দিন। দিনে বার বার মুখে জলের ঝাপটা দিন। পাশাপাশি বাড়ি ফিরে কিংবা বেরোনার সময় শসা বা মিন্টের ফেসওয়াশ ব্যবহার করতে পারেন।

৩। ফেস ক্রিম বা ময়শ্চারাইজার ফ্রিজে রাখুন। যেকোনও ত্বক পরিচর্যার জিনিস ঠাণ্ডা জায়গায় বা ফ্রিজে রাখলে তার উপকারিতা বেড়ে যায়। এছাড়াও জিনিস গুলো চট করে নষ্ট হয় না, আর তার ফলে ত্বকও ঠান্ডা থাকে।

৪। ত্বক ঠান্ডা রাখতে চাইলে শসার কোন জুরি নেই। শসা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর থেঁতো করে রস বের করুন। তুলোয় করে এই রস নিয়ে মুখে মাখুন। পুরো শুকিয়ে গেলে ধুয়ে ফেলবেন। এতে ত্বক শীতল তো থাকবেই, ত্বকের আর্দ্রতাও বজায় থাকবে।

৫।  ত্বক দ্রুত ঠান্ডা করতে চাইলে পরিষ্কার রুমালে বরফ পেচিয়ে মুখে আলতো করে বুলিয়ে নিন। মুখের প্রদাহ কমবে, রক্ত সঞ্চালন বেড়ে মুখের উজ্জ্বলতাও দেখাবে।

ত্বক ভাল রাখতে হলে সুষম আহার অতিব জরুরি। অতিরিক্ত তেল, মসলাদার কোনও খাবার খাবেন না। বাড়ির তৈরি খাবার খান। জল বেশি করে খান। ফল খান। টকদই খান একবাটি করে। এই সবকিছুর মিলিত প্রভাব কিন্তু পড়ে আমাদের ত্বকে।

আফতাবগঞ্জে উপকারভোগীদের মাঝে টিসিবি’র পণ্য সামগ্রী বিতরণ

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আসন্ন রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সারাদেশে ১ কোটি উপকারভোগীদের মাধ্যে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় করা হয়।

উক্ত কার্যক্রমের অংশ হিসেবে, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৯নং কুশদহ ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন অত্র ইউনিয়নর চেয়ারম্যান মো: আনোয়ারুল আজিম আনু।

প্রতিটি কার্ডধারীকে ৫৫ টাকা দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি মসুরের ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল মোট ৪৬০ টাকায় ৬ কেজি পণ্য দেয়া হয়। এতে স্থানীয় জনসাধারণের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে।

গত সোমবার জনসাধারণের মাঝে ৯ নং কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান মো: আনোয়ারুল আজিম আনু , নিজে উপস্থিত থেকে নিজস্ব তত্ত্ববধানে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই টিসিবি’র পণ্য বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, ৯ নং কুশদহ ইউনিয়নের সচিব মোঃ মুরাদ হোসেন ও ৩ নং ওয়ার্ড এর মেম্বার জনাব: আজিমুল ইসলাম দুখু।

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদত্যাগের দাবি প্রত্যাখ্যান ও বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসশে জানিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় গোতাবায়া রাজাপাকশের পদত্যাগের দাবিতে প্রেসিডেন্টের কার্যালয়ের সামনে রাতভর বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ।

সোমবার (৪ এপ্রিল) বিকেল থেকে শুরু হওয়া এই বিক্ষোভের কারণে বন্ধ হয়ে যায় রাজধানীর বেশ কয়েকটি প্রধান সড়ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন প্রশাসনকে সুযোগ করে দেয়ার অজুহাতে ওই দিনই মন্ত্রিসভার ২৬ সদস্য পদত্যাগ করেন। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও ইস্তফা দেন। সংকট নিরসনে বিরোধীদের ঐক্যবদ্ধ সরকারে যোগ দেওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে।

কারফিউ ভঙ্গ করে রাতভর শত শত মানুষ কলম্বোর বিভিন্ন মহল্লায় ছোট ছোট প্রতিবাদ সমাবেশ করেন এবং শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ হয়ে যান বলে পুলিশ ও বাসিন্দারা জানায়। যদিও প্রেসিডেন্ট ও সরকারকে পদত্যাগ করার দাবিতে দেশজুড়ে বিক্ষোভ হয়েছে, গতকাল প্রেসিডেন্ট রাজাপাকসে ক্রমাগত রাজনৈতিক বৈঠক ও করেছেন।

বেসরকারী গণমাধ্যমগুলো জানিয়েছে যে, সামাজিক মাধ্যম বন্ধের আদেশ কার্যকর হওয়ার পরেই শ্রীলঙ্কার ইন্টারনেট নিয়ন্ত্রণকারী সংস্থার প্রধান পদত্যাগ করেছেন।তবে বিরোধীরা এই আহ্বান প্রত্যাখ্যান করেছে । এদিকে, তিনি পুরো মন্ত্রিসভা নিয়োগের আগ পর্যন্ত দেশের জরুরি কার্যক্রম পরিচালনার জন্য চারজন মন্ত্রীর নাম ঘোষণা করেন।

এদিকে, সংকটের জন্য রাজাপাকশে পরিবারকে দায়ী করে জরুরি অবস্থার মধ্যেও প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভকারীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ।

৫৫০ টাকায় গরুর মাংস পাওয়া যাবে যে ১০ টি এলাকাতে

অর্থনৈতিক ডেস্কঃ পবিত্র রমজান মাসে  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বাজার স্থিতিশীল রাখতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমাণ বিক্রয়ের বিশেষ উদ্যোগ নিয়েছে। বর্তমান বাজারে গরুর মাংসের কেজি যেখানে ৬৫০-৭০০ টাকা, সেখানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ১০ জায়গায় গরুর মাংস পাওয়া যাবে কেজিপ্রতি ৫৫০ টাকায়।

গত রবিবার (৩ এপ্রিল) রাজধানীর ফার্মগেটে প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বেইলি রোডের সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী  শ ম রেজাউল করিম এ কথা জানান।

প্রথম রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত রাজধানী ঢাকার ১০ স্থানে ভ্রাম্যমাণ এ বিপণন কার্যক্রম চালু থাকবে বলে তিনি জানান। প্রাথমিকভাবে সচিবালয় সংলগ্ন আবদুল গনি রোড, খামারবাড়ি গোল চত্বর, জাপান গার্ডেন সিটি, মিরপুর ৬০ ফিট রাস্তা, আজিমপুর মাতৃসদন, নয়াবাজার, আরামবাগ, নতুন বাজার, কালশি এবং যাত্রাবাড়ীতে ভ্রাম্যমাণ বিপণনব্যবস্থা চালু করা হয়েছে।

প্রতিটি ভ্রাম্যমাণ গাড়িতে প্রতি লিটার তরল দুধ ৬০ টাকা, প্রতি কেজি গরুর মাংস ৫৫০ টাকা, প্রতি কেজি খাসির মাংস ৮০০ টাকা, প্রতি কেজি ড্রেসড ব্রয়লার ২০০ টাকা এবং প্রতি হালি ডিম ৩০ টাকা দরে বিক্রি করা হবে বলে জানান মন্ত্রী।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, মাংস, দুধ ও ডিমের সরবরাহ বৃদ্ধি ও সাপ্লাই চেইন সচল রেখে রমজান মাসে বাজারমূল্য স্থিতিশীল রাখাই আমাদের লক্ষ্য । চাহিদা ও দ্রব্যের সরবরাহ বিবেচনা করে ভ্রাম্যমাণ বিক্রয়ের পরিসর বৃদ্ধির পরিকল্পনা আমাদের আছে।

গত বছর রমজান মাসে মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ডেইরি ও পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমাণ বিপণন ব্যবস্থায় ৩৪ কোটি ৮৫ লাখ ৮৬ হাজার ৪৭ টাকার পণ্য বিক্রয় হয়েছে বলেও তিনি জানান।

সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা ১১৪টি : পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী

জাতীয় ডেস্কঃ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন জানিয়েছেন, সর্বশেষ জরিপ অনুযায়ী সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা ১১৪টি। গতকাল সোমবার (৪ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন বলেন, ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে গণনা করে ২০১৫ সালে সুন্দরবনে ১০৬টি বাঘ পাওয়া যায়। সর্বশেষ ২০১৮ সালের জরিপ অনুযায়ী এ বনে বাঘের সংখ্যা ১১৪টি। এ ছাড়া সুন্দরবনে এক থেকে দেড় লাখ হরিণ, ১৬৫ থেকে ২০০টি কুমির এবং ৪০ থেকে ৫০ হাজার বানর রয়েছে।

সংসদ সদস্য বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে বনমন্ত্রী জানান, বর্তমানে বনের পরিমাণ মোট ভূমির ১৪ দশমিক ১০ শতাংশ এবং বৃক্ষাচ্ছাদনের পরিমাণ মোট আয়তনের ২২ দশমিক ৩৭ শতাংশ।

সরকারি দলের সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সামাজিক বনায়নে আওতায় ১৯৮০-৮১ অর্থ বছর থেকে ২০২০-২১ অর্থ বছর পর্যন্ত ১ লাখ ২ হাজার ৩৩৯ দশমিক ২৮ হেক্টর উডলট ও ব্লক বাগান সৃষ্টি করা হয়েছে। এছাড়া ৭৬ হাজার ৭৫২ দশমিক ৩৬৬ কিলোমিটার স্ট্রিপ বাগান সৃষ্টি করা হয়েছে। এতে করে ৭ লাখ ২৬ হাজার ৬৫৪ জন উপকারভোগীকে সম্পৃক্ত করা হয়েছে।

বগুড়ায় বিদেশি পিস্তলসহ বাসযাত্রী গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বিদেশি পিস্তলসহ সানোয়ার হুসেন (২৮) নামে এক বাসযাত্রীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। সোমবার (৪ এপ্রিল) ভোরে বগুড়া শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের বনানী মোড় এলাকায় পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি বাস তল্লাসী করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সানোয়ার পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ডাংগাপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম হযরত আলী। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছে থাকা মুঠোফোন ও নগদ টাকাও জব্দ করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে বগুড়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন জানান, মাদক উদ্ধার জন্য বনানী এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়েছিল। ওই সময় যাত্রীবাহী বাস তল্লাসীর এক পর্যায়ে পিস্তল-ম্যাগজিনসহ সানোয়ারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

মুরাদনগরে উপস্বাস্থ্য কেন্দ্র গুলোর বেহাল দশা

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ মুরাদনগর উপজেলায় প্রায় সারে ছয় লাখ মানুষের বসবাস। প্রত্যন্ত এ উপজেলার অধিকাংশ অধিবাসী মধ্যবিত্ত ও নিম্মবিত্ত শ্রেণির। আর্থিক সংকটের দরুন এ বৃহৎ জনগোষ্ঠীকে চিকিৎসাসেবা পেতে দ্বারস্থ হতে হয় মুরাদনগর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপস্বাস্থ্য কেন্দ্র গুলোতে।

সরকার গ্রামাঞ্চলের মানুষকে উন্নত চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে মুরাদনগর উপজেলা হাসপাতালের অধীনে রয়েছে আরও ৭টি উপস্বাস্থ্য কেন্দ্র।উপস্বাস্থ্য কেন্দ্র গুলো হল নগরপাড়, শ্রীকাইল, জাহাপুর, রামচন্দ্রপুর, বাঙ্গরা, হায়দরাবাদ এবং গান্ধ্রা। কিন্তু অন্ত্যন্ত দুঃখজনক হল, এ উপজেলার উপস্বাস্থ্য কেন্দ্র গুলোর বিশেষজ্ঞ ডাক্তাররা নিয়মিত আসেন না। এমনকি হাসপাতালের ভবন গুলো অকেজো অবস্থায় পড়ে রয়েছে কারন ডাক্তার উপস্বাস্থ্য কেন্দ্র গুলোতে থাকেন না। ফলে সংকটাপন্ন কোনো রোগীকে জরুরি ভিত্তিতে উপস্বাস্থ্য কেন্দ্র গুলোতে নেয়া সম্ভব হয় না। ফলে বাধ্য হয়ে গ্রামবাসীকে চিকিৎসা সেবা নিতে ধরনা দিতে হয় বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে।

সরেজমিনে দেখা গেছে, নগরপাড় উপস্বাস্থ্য কেন্দ্রের নিয়মিত ডাক্তার হলো ডাক্তার ফারহানা ইয়েসমিন কিন্তু তিনি নিয়মিত উপস্বাস্থ্য কেন্দ্রে আসেন না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার নাজমুল আলমের কাছে ডাক্তার ফারহানা ইয়েসমিন এর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি জানি ডাক্তার ফারহানা ইয়েসমিন নিয়মিত আসেন তারপরও আমি বিষয়টি দেখব।

ভুক্তভোগীদের অভিযোগ, এসব উপস্বাস্থ্য কেন্দ্রে মাঝেমধ্যে নতুন নতুন চিকিৎসক নিয়োগ দেয়া হলেও দু’একদিন হাজিরা দিয়ে কর্মস্থল ত্যাগ করে আর ফিরে আসেন না তারা। ডেপুটেশনের নামে তারা জেলা সদরসহ রাজধানী ঢাকায় বসে প্রাইভেট প্র্যাকটিস করে অর্থকড়ি কামাতে ব্যস্ত থাকেন। এর ফলে একদিকে যেমন এলাকাবাসী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে; অপরদিকে আর্থিকভাবেও ক্ষতির শিকার হচ্ছে তারা। নগরপাড় উপস্বাস্থ্য কেন্দ্রের অধীনে থাকা হাজার হাজার জনগণের এ দুর্ভোগ ঘোচাতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৯৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করা একটি যাত্রীবোঝাই নৌকা ভূমধ্যসাগরে ডুবে গেছে। এতে প্রায় ৯৬ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস জানায়, গত শনিবার (২ এপ্রিল) ভোরে ভূমধ্যসাগরে একটি লাইফ ভেলা থেকে একটি বাণিজ্যিক ট্যাংকার অ্যালেগ্রিয়া-১ চারজনকে জীবিত উদ্ধার করতে পেরেছে।

আলেগ্রিয়া-১ এর বরাতে এক টুইট বার্তায় এমএসএফ এর মাধ্যমে জানা যায় যে উদ্ধারকৃত চারজন প্রায় একশ লোকের সঙ্গে একটি নৌকায় কমপক্ষে চারদিন সমুদ্রে ভাসছিলো। আলেগ্রিয়া-১ ট্যাঙ্কারের লগবুক অনুযায়ী নৌকাডুবির ঘটনায় প্রায় ৯৬ জনের মৃত্যু হয়েছে।

এমএসএফ আরো জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের জরুরি চিকিৎসা ও সুরক্ষা প্রয়োজন। লিবিয়া নিরাপদ দেশ নয় মন্তব্য করে দাতব্য সংস্থাটি বলেছে, দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া অভিবাসীদের এমন জায়গায় ফিরিয়ে দেওয়া ঠিক হবে না যেখানে তারা আটক, নির্যাতন ও দুর্ব্যবহারের সম্মুখীন হবে।

সর্বশেষ এই ট্রাজেডির আগে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্যমতে, চলতি বছরে ভূমধ্যসাগরে ডুবে প্রাণ গেছে ৩৬৭ জনের। আর ২০২১ সালে মারা গেছেন দুই হাজারের বেশি।