দক্ষিণ আফ্রিকা ২২০ রানে জয়ী

স্পোর্টস ডেস্কঃ সোমবার ডারবানের কিংসমেডে ২৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে পঞ্চম দিনের শুরুতেই পরিণত হয়েছে ধ্বংস্তূপে। ১১ রান ও হাতে ৩ উইকেট নিয়ে দিন শুরু করা বাংলাদেশ গুটিয়ে যায় প্রথম ঘন্টাতেই। ৪২ রান যোগ করে দলীয় ৫৩ রানেই অলআউট টাইগাররা। এতে ২২০ রানের লজ্জার হার বরণ করতে হল স্বাগতিকদের। বাংলাদেশের ১০ উইকেটের ৭টিই শিকার করেছেন প্রোটিয়ার কেশব মহারাজ। ২০১৩ সালের পর ডারবানে টেস্ট জিতলো দক্ষিণ আফ্রিকা।

ফলে ২২০ রানে জয়ী হয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

সংক্ষিপ্ত স্কোর-  

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ১২১ ওভারে ৩৬৭/১০ (টেম্বা বাভুমা ৯৩, ডিন এলগার ৬৭; খালেদ আহমেদ ৪/৯২, মেহেদি মিরাজ ৩/৯৪)

বাংলাদেশ প্রথম ইনিংস: ১১৫.৫ ওভারে ২৯৮/১০ (মাহমুদুল হাসান জয় ১৩৭, লিটন দাস ৪১, নাজমুল হোসেন শান্ত ৩৮; সাইমন হারমার ৪/১০৩)

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস: ৭৪ ওভারে ২০৪/১০ (ডিন এলগার ৬৪, রায়ান রিকেটরটন ৩৯*; এবাদত হোসেন ৩/৪০, মেহেদি মিরাজ ৩/৮৫)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৯ ওভারে ৫৩/১০ (শান্ত ২৬, তাসকিন ১৪, ইয়াসির ৫, জয় ৪, সাদমান ০, মুমিনুল ২, মুশফিক ০, লিটন ২, মিরাজ ০; কেশভ মহারাজ ৭/৩২, হারমার ৩/২১)।

ফল : দক্ষিণ আফ্রিকা ২২০ রানে জয়ী।

সিরিজ: দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।

রাজধানীতে গ্যাস সংকটের কারণ কি?

সিএনবিডি ডেস্কঃ রমজান শুরুর প্রথম দিনেই গ্যাস নিয়ে ভোগান্তি রাজধানবাসীর। গ্যাস না থাকায় রোজার ইফতার তৈরিতে ভোগান্তিতে পড়েছে অনেকেই। রবিবার (৩ এপ্রিল) দুপুরের পর বিভিন্ন এলাকা থেকে গ্যাস না থাকার তথ্য জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে। এ কারণে ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী। উপায় না পেয়ে অলিগলিতে বসা দোকানে ইফতার কিনতে বাধ্য হয়েছে অনেকেই।

প্রথম রোজার দিনে গ্যাস সংকটের বিষয়টি স্বীকার করে সেজন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে শেভরন পরিচালিত বিবিয়ানা গ্যাসক্ষেত্রে জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য এমনটা ঘটেছে।

মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিনে জানিয়েছেন, শেভরন পরিচালিত বিবিয়ানা গ্যাস ফিল্ডে জরুরি রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপের সৃষ্টি হতে পারে। অভিজ্ঞ প্রকৌশলীরা মেরামতের কাজ করে যাচ্ছেন। দ্রুত সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে আশা করা যাচ্ছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকলেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, দেশের বড় গ্যাসক্ষেত্রগুলোর মধ্যে একটি বিবিয়ানা। সেই ক্ষেত্রের ছয়টি কূপ বন্ধ রয়েছে। যার প্রভাব পড়েছে রাজধানীতে। সংকট কাটতে ১০ এপ্রিল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

শ্রীলঙ্কায় একযোগে ২৬ মন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্কঃ কয়েক দশকের মধ্যে এই প্রথম সবচেয়ে খারাপ অর্থনৈতিক অবস্থায় থাকা শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও তার বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া মন্ত্রিসভার বাকি ২৬ সদস্য পদত্যাগ করেছেন। গতকাল রোববার (৩ এপ্রিল) গভীর রাতে এক বৈঠকের পর তারা একযোগে পদত্যাগ করেন।

শিক্ষামন্ত্রী দীনেশ গুণবর্ধন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, কারফিউ সত্ত্বেও সরকারবিরোধী বিক্ষোভ বেড়েছে। সব মন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন যেন প্রেসিডেন্ট নতুন মন্ত্রিসভা গঠন করতে পারেন। ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট নিয়ে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকটের কারণে জনগণের ক্ষোভের মুখে যারা পদত্যাগ করেছেন, তাদের মধ্যে প্রভাবশালী রাজাপাকসে পরিবারের তিন সদস্য রয়েছেন। রাজাপাকসে পরিবারের ছোট ভাই অর্থমন্ত্রী বাসিল, বড় ভাই কৃষিমন্ত্রী চামাল ও পরিবারের সন্তান ক্রীড়ামন্ত্রী নামাল পদত্যাগ করেছেন। রোববার (৩ এপ্রিল) রাজাপাকসে পরিবারকে ক্ষমতাচ্যুত করার দাবিতে কারফিউ অমান্য করে দ্বীপরাষ্ট্রটি জুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করার পর এ পদক্ষেপ নেওয়া হলো।

এর আগে গত বৃহস্পতিবার দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটিতে খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র ঘাটতির মুখে হাজার হাজার মানুষ প্রেসিডেন্টের বাসভবনের সামনে গণবিক্ষোভ শুরু করে। বিক্ষোভ ঠেকাতে জরুরি অবস্থা জারি করা হয়। এর ঠিক এক দিন পর শ্রীলঙ্কাজুড়ে ৩৬ ঘণ্টার কারফিউ জারি করে পুলিশ।

সূত্র : এএফপি।

ঢাকাসহ ৬ বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা : আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়ার খবরঃ গতকালের মতো আজ সোমবারও দেশের ৬ বিভাগে ঝড়-বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত বহাল রাখা হয়েছে।

আজ সোমবার (৪ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চৈত্রের শেষ সময়ে দেশের উত্তরাঞ্চলে ঝড়-বৃষ্টির প্রবণতা বেশি। রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও বরিশাল বিভাগে কমবেশি ঝড়-বৃষ্টি হয়েছে। একমাত্র খুলনা বিভাগে কোনো বৃষ্টি হয়নি। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দিনাজপুর ও রাজারহাটে। এ দুটি স্থানে ৩৯ মিলিমিটার করে বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। ঢাকায় হাল্কা বৃষ্টি হয়েছে।

আজ সোমবার চৈত্র মাসের ২১ তারিখ। সকাল থেকে ঢাকার আকাশে রোদ-মেঘের খেলা। সঙ্গে বয়ে যাচ্ছে দমকা বাতাস।

আবহাওয়া পূর্বাভাসে আরো বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে আজ সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে ২১ ডিগ্রি সেলসিয়াস। রোববার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছিলো কুষ্টিয়ার কুমারখালীতে।

অন্যদিকে সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, বগুড়া ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

কুড়িগ্রামে এক মিনিটের আকস্মিক ঘূর্ণিঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ী, শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ মাত্র এক মিনিটের আকস্মিক ঘূর্ণিঝড়ে কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাওরিয়া চরগ্রামে অর্ধশতাধিক ঘরবাড়ী, দক্ষিণ খাওরিয়া স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন বিধ্বস্ত হয়েছে। রোববার (৩ এপ্রিল) ভোর ৫টার দিকে ব্রহ্মপুত্র নদ অধ্যুষিত এই চরগ্রামে আকস্মিক ঘূর্ণিঝড় আঘাত হানে।

চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম জানান, মাত্র এক মিনিটের ঘূর্ণিঝড়ে চরটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত একটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৫০ ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

নয়ারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম জানান, ঝড়ে তার বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া একই এলাকার অধিবাসী রবিঠাকুর, শাহ পরান, পারভেজ আলী, ইনসাফ আলী, শফিকুল ইসলাম ও দুলাল মিয়াসহ ৫০টি পরিবারের বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হয়েছে দক্ষিণ খাওরিয়া স্কুল অ্যান্ড কলেজের আধাপাকা একাডেমিক ভবন।

দক্ষিণ খাওরিয়া গ্রামের অধিবাসী দেলোয়ার হোসেন মাস্টার জানান, ফজরের নামাজের পর হঠাৎ করে উত্তর দিক থেকে গন্ধযুক্ত গরম বাতাস বয়ে আসতে শুরু করে। এরপর বয়ে আসা বাতাস ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে মিনিটখানেকের মধ্যে বাড়িঘর, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠান লন্ডভন্ড করে দেয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ শুরু করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কলেজ ছাত্রের আকষ্মিক মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলায় রবিবার (৩ এপ্রিল) বজ্রাপাতে ফজলে রাব্বী (১৯) নামে এক কলেজ ছাত্রর আকষ্মিক মৃত্যু হয়েছে। এ সময় হুসনেয়ারা নামে আরো এক মহিলা আহত হয়েছেন। ঘটনার দিন দুপুরে উপজেলার হাজিপুর ইউনিয়নের মালগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ফজলে রাব্বী তান্নিরহাট ভেবড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। এবং সে পীরগঞ্জ সরকারি কলেজে এইচএসসিতে পড়তো।

স্থানীয় ইউপি সদস্য মোজাফ্ফর হোসেন জানান, দুপুরে গুড়িগুড়ি বৃষ্টির সময় করোনা ভ্যাকসিন দিয়ে রাব্বী ও তার প্রতিবেশী হুসনেয়ারা মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে একান্নপুর বাগান বাড়ি বাজার থেকে ফেরার পথে মালগাঁও মসজিদ সংলগ্ন ব্রিজে বজ্রপাতের ঘটনা ঘটে। রাব্বীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত মহিলা হুসনেয়ারাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে রাব্বীর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নবাবগঞ্জে বোয়ালমারী কাঁচদহ সমাজকল্যাণ সংঘের ইফতার সামগ্রী বিতরণ

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জনপ্রিয় সংগঠন, বোয়ালমারী কাঁচদহ, সমাজকল্যাণ সংঘের পক্ষ হতে আজ ১২০ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিলো, খেজুর, ছোলাবুট, মুড়ি।
এ বিষয়ে কথা বলতে অত্র সংগঠনের সভাপতি জনাব বুলবুল আহমেদ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, প্রতি বছরের ন্যায় এবারো আমাদের প্রানের এ সংগঠন এর পক্ষ হতে প্রায় ২৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরনের একটি প্রজেক্ট আমরা হাতে নিয়েছি। তারই ধারাবাহিকতায় আজ প্রথম ধাপে ১২০ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হলো। তিনি বলেন, সমাজের দরিদ্র মানুষের পাশে দাড়িয়ে, তাদের মুখে একটু হাসি ফুটানো ও তাদের মৌলিক অধিকার গুলো নিয়ে কাজ করে যাচ্ছে এ সংগঠন।
এ সংগঠনের সাথে অত্র বোয়ালমারী ও কাঁচদহ গ্রামের ৪০ জন শিক্ষিত যুবক জড়িত আছেন। যাদের অধিকাংশ সদস্য চাকুরীজীবী আর কিছু অধ্যয়নরত ছাত্র। যাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ সংগঠন অত্র এলাকার বিভিন্ন জনকল্যাণমুখী কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, আমরা শুধু ইফতার সামগ্রীর মধ্যেই সীমাবদ্ধ নই, একটি সমাজের যে কোন সমস্যার সমাধানের চেষ্টায় আমি সব সময় ছিলাম, আছি থাকবো ইনশাআল্লাহ।

ত্বকের যত্নে ব্যবহৃত গ্রিন টি ব্যাগ এর ব্যবহার এবং উপকারিতা

লাইফস্টাইল ডেস্কঃ স্বাস্থ্যের পক্ষে গ্রিন টির উপকারিতা আমাদের সকলেরই কম বেশি জানা। তাই অনেকেই নিয়মিত গ্রিন টি পান করে থাকি। কিন্তু গ্রিন টি ব্যাগের ব্যবহারের শেষে তা ফেলে দেওয়ার অভ্যেস যদি থাকে তা পালটে ফেলুন এখনি। কারণ কেবল স্বাস্থ্যই নয়, ত্বকের যত্নেও ফেলে দেয়া গ্রিন টি ব্যাগ দুর্দান্ত কাজে আসে।

চলুন জেনে নেওয়া যাক, ত্বকের যত্নে ব্যবহৃত গ্রিন টি কীভাবে ব্যবহার করবেন এবং এর উপকারিতাসমূহঃ

১। গ্রিন টি ফেস মাস্কঃ গ্রিন টি খাওয়ার পর পড়ে থাকা চা পাতার সঙ্গে  মধু , হলুদ ও দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখার পর মুখ ধুয়ে ফেলুন। এই ফেস মাস্কটি কেবল মুখের ত্বক পরিষ্কার ও উজ্জ্বলই করবে না, পাশাপাশি ত্বকের দাগও কমাতে সাহায্য করবে।

২। স্ক্রাবঃ বেঁচে যাওয়া চা পাতা দিয়ে খুব সহজেই স্ক্রাব তৈরি করে ফেলা সম্ভব। ব্যবহৃত গ্রিন টি-এর পাতা এবং কিছুটা চিনি মেশান। এই মিশ্রণ দিয়ে মুখে ম্যাসাজ করুন। সপ্তাহে একবার বা দুইবার এটি ব্যবহার করতে পারেন। স্ক্রাবটি মুখের বলিরেখা কমাতে ও ত্বককে টানটান করতে সাহায্য করে।

৩। ডার্ক সারকেলঃ চোখের নিচের কালো দাগ দূর করতে গ্রিন টির ব্যবহার অতুলনীয়। ফেলে দেয়া টি ব্যাগ ফ্রিজে রেখে এরপর এই ঠান্ডা ব্যাগটি কিছুক্ষন চোখের উপর ধরে রাখুন। চোখের ফোলাভাব কমার সাথে চোখের নিচের কালো দাগও দূর হবে।

ঈদগাহ্ মাঠের কমিটি গঠনের বিরোধের জের ধরে মারপিটে বীরমুক্তিযোদ্ধাসহ ২ ব্যক্তি আহত

নূর মোহাম্মদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে ঈদগাহ্ মাঠের কমিটি গঠনের বিরোধের জের ধরে মারপিটে বীরমুক্তিযোদ্ধাসহ ২ ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী (৬৮) বাদি হয়ে শাজাহানপুর থানায় ১৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গত শুক্রবার ঘটনাটি ঘটেছে উপজেলার চোপীনগর ইউনিয়নের বৃ-কুষ্টিয়া গ্রামে।

হান্নান (৪৩) নামের এক আসামীকে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। গ্রেফতারকৃত আব্দুল হান্নান বৃ-কুষ্টিয়া গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে

মামলা সূত্রে জানাগেছে, আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে চোপীনগর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলুর উদ্যোগে বৃ-কুষ্টিয়া গ্রামস্থ ঈদগাহ্ মাঠের কমিটি গঠন, মেরামত এবং ইমাম নিযুক্তকরণের বিষয়ে গত শুক্রবার বাদ জুম্মা গ্রামবাসিকে সাথে নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকে ঈদগাহ্ মাঠ কমিটির বর্তমান সভাপতি শফিকুল ইসলাম ওরফে বুলু মাস্টারকে অব্যাহতি দিয়ে নতুন সভাপতি নিযুক্ত করার জন্য প্রস্তাব করেন বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী ও তার সমর্থকেরা। অপরদিকে আ.ন.ম ইয়াহিয়া ও তার সমর্থকরা ঈদগাহ্ মাঠের সভাপতি পরিবর্তনের প্রস্তাবটি প্রত্যাখ্যান করে এবং ক্ষিপ্ত হয়ে প্রস্তাবকারীদেরকে মারপিট করে।

মারপিটের ঘটনায় বৃ-কুষ্টিয়া গ্রামের মৃত বছির উদ্দিন ফকিরের ছেলে বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী (৬৮) এবং তার সহোদর আবু জাফর (৬৯) আহত হন। আহতরা শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মারপিট কালে বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলীর পকেটে থাকা ১৫ হাজার টাকাও চুরি করেছে মর্মে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় এজাহার নামীয় ১১জন সহ অজ্ঞাতনামা ৫-৬ ব্যক্তির বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেছেন বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ্ আল মামুন জানিয়েছেন, মামলা দায়েরের পরপরই আব্দুল হান্নান নামের এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান চলমান।

ভূরুঙ্গামারীতে ৫ দিনের টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ টানা পাঁচ দিনের টানা বৃষ্টির কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর জনজীবন। কখনো থেমে থেমে, কখনো হাল্কা, কখনো মাঝারী ধরনের আবার কখনো মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। গত রোববার (৩ এপ্রিল) মধ‍্য রাত থেকে দুপুর ১২টা পর্যন্ত ১১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুর হোসেন।

টানা ৫ দিনের বৃষ্টিপাতের কারনে বিপাকে পরেছেন উপজেলার খেটে-খাওয়া, দিনমজুর ও নিম্নআয়ের মানুষজন। অপরদিকে পাঁচ দিনের টানা বৃষ্টিপাতে নিম্নাঞ্চল ও উপজেলা শহরের বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতা তৈরী হওয়ায় বিপাকে পড়েছেন ওইসব এলাকার মানুষজন।

রোববার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে রিকশাচালক, ভ্যানচালক, ঘোড়ার গাড়িচালক, সবজি বিক্রেতাসহ শ্রমজীবী মানুষদের বৃষ্টিতে ভিজে দূর্ভোগ নিয়ে চলতে দেখা গেছে। এসময় অনেকের সাথে কথা বলে জানা গেছে তাদের দূর্ভোগের কথা। সাড়ে তিনশত টাকার দৈনিক মজুরিতে রাজমিস্ত্রীর জোগালির কাজ করেন রফিকুল।

তিনি জানান, গত ৫ দিন থেকে বৃষ্টির কারণে কাজে যেতে পারেননি। রোজগার বন্ধ রমজানের রোজা রাখা কষ্টকর হয়ে পড়েছে।

ঘোড়ার গাড়ি চালক মজিবর মিয়া ও আমজাদ জানান, চৈত্র মাসে এমন টানা বৃষ্টি ও বজ্রপাত হয় তা কখনো শোনেননি। তারা জানান নিয়মিত ভোরে শহরে আসেন ভাড়ার জন্য। কিন্তু কদিন ধরে বৃষ্টিপাতের কারনে ভাড়া জুটছে না। কষ্টে দিন কাটছে তাদের।

উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী এলাকার রিকশাচালক আলম হোসেন জানান, বৃষ্টির কারনে সকাল থেকেই যাত্রী মিলছে না। এক-দুটো যাত্রী মিললেও বৃষ্টির কারনে তারা রিকশায় উঠছে না। কিন্তু জিনিস পত্রের অনেক দাম। আয় করতে না পারলে পরিবার নিয়ে খাবো কি? রোজাই বা থাকবো কেমনে?

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুর হোসেন বলেন, রোববার (৩ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত ১১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এটি অস্থায়ী আবহাওয়া তবে রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে বলে জানান এ কর্মকর্তা।