৫ দল বাদে কাতার বিশ্বকাপ নিশ্চিত করল ২৭ দল, শুক্রবার বিশ্বকাপের ড্র

স্পোর্টস ডেস্কঃ  চলতি বছরের নভেম্বরে কাতারে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে ২৭টি দল। বাছাইপর্বে রোমাঞ্চ-উত্তেজনার নানা ধাপ পেরিয়ে এই ২৭ দল মূল পর্বে প্রবেশ করেছে। বাকি ৫টি স্থানের লড়াইয়ে আছে কয়েকটি দল।  আগামী শুক্রবার কাতারের দোহায় হবে বিশ্বকাপের ড্র।

প্লে-অফের ফাইনাল থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে পর্তুগাল, পোল্যান্ড। এদিকে ওয়েলস ফাইনাল নিশ্চিত করে ফেললেও তাদেরকে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য মাঠে নামতে অপেক্ষা করতে হবে আগামী জুন পর্যন্ত। কারণ, রাশিয়া যুদ্ধ ঘোষণা করায় স্কটল্যান্ডের বিপক্ষে ইউক্রেনের সেমিফাইনাল ম্যাচটি পিছিয়ে গেছে। ফাইনালে ওয়েলস মোকাবিলা করবে ইউক্রেন অথবা স্কটল্যান্ডকে।

ইউরোপঃ ইউরোপ অঞ্চল থেকে ইতোমধ্যেই সর্বোচ্চ ১২টি দল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। আর অপেক্ষায় আছে স্কটল্যান্ড, ইউক্রেন এবং ওয়েলস এর মধ্যকার ফাইনালের। সেখান থেকে একটি দল টিকিট পাবে কাতারের।

এশিয়াঃ এশিয়া মহাদেশ থেকে চারটি দল পেয়েছে কাতারের টিকিট আর অপেক্ষায় আছে অস্ট্রেলিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। ‘এ’ গ্রুপের শীর্ষ দুইয়ে থেকে কাতারের টিকেট নিশ্চিত করেছে ইরান ও দক্ষিণ কোরিয়া। ‘বি’ গ্রুপ থেকে বিশ্বকাপে উঠেছে জাপান ও সৌদি আরব। দুই গ্রুপের তৃতীয় হয়েছে যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়া। আগামী জুনে হবে প্লে-অফ।

আফ্রিকাঃ আফ্রিকা অঞ্চল থেকে টিকিট পাওয়া পাঁচটি দল হলো- ঘানা, সেনেগাল, মরক্কো, তিউনিসিয়া এবং ক্যামেরুন। তবে এবারের বিশ্বকাপে দেখা যাবে না মোহাম্মদ সালাহর মিশর, সুপার ইগলস নাইজেরিয়াকে।

দক্ষিণ আমেরিকা

এই অঞ্চলের বাছাইয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল হিসেবে সরাসরি বিশ্বকাপের টিকেট পেয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর ও উরুগুয়ে। পআর পঞ্চম দল হিসেবে প্লে-অফের অপেক্ষায় আছে প্যারাগুয়ে। তারা কাতারের টিকিটের জন্য লড়বে এশিয়া অঞ্চলের প্লে-অফ খেলা দলের সঙ্গে।

উত্তর আমেরিকাঃ উত্তর আমেরিকা তথা কনকাকাফ অঞ্চল থেকে এর মধ্যে কেবল একটি দল কাতারের টিকিট নিশ্চিত করেছে। দেশটির নাম কানাডা। ৩৬ বছর পর তারা বিশ্বকাপ খেলতে যাচ্ছে। এ অঞ্চল থেকে আরও দুটি দল সরাসরি নাম লেখাবে কাতার বিশ্বকাপে। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোকে প্রায় নিশ্চিত ধরে নেওয়া যায় এ দুই দেশ হিসেবে। বাকি থাকে কোস্টারিকা। যারা হবে চতুর্থ এবং তারা প্লে অপ খেলবে ওশেনিয়া অঞ্চল থেকে উঠে আসা দেশটির বিপক্ষে।

ওশেনিয়াঃ একমাত্র এই অঞ্চল থেকেই সরাসরি বিশ্বকাপের টিকেট পায় না কেউ। তাদের বাছাইপর্ব পৌঁছেছে শেষ পর্যায়ে। বুধবার ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও সলোমন আইসল্যান্ড। এই ম্যাচের জয়ী দল প্লে-অফে খেলবে কনকাকাফ অঞ্চলে চতুর্থ স্থানে থাকা দলের বিপক্ষে। ম্যাচটি আগামী জুনে হবে কাতারে। জয়ী দল খেলবে বিশ্বকাপে।

শ্রীলঙ্কায় জ্বালানির তীব্র সংকটে ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ প্রবল অর্থনৈতিক সঙ্কটে ভুগছে শ্রীলঙ্কা। চিনের থেকে ঋণ নিয়ে দেউলিয়া অবস্থা কলম্বোর। একদিকে ঋণের বোঝা অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জর্জরিত শ্রীলঙ্কার জনগণ। এরই মধ্যে জ্বালানির তীব্র সংকট দেখা দেওয়ায় ও জলবিদ্যুৎও ফুরিয়ে আসায় দেশজুড়ে প্রতিদিন রেকর্ড ১০ ঘণ্টা করে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়ার দেশটিতে গতকাল বুধবার থেকেই এ ঘোষণা কার্যকর হয়েছে বলে জানিয়েছে চ্যানেল নিউজ এশিয়া।

আমদানির বিল পরিশোধে প্রয়োজনীয় বিদেশি মুদ্রার তীব্র ঘাটতির কারণে ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর এবারই সোয়া দুই কোটি মানুষের দেশ শ্রীলঙ্কাকে সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যেতে হচ্ছে। তাপ জেনারেটর চালাতে তেল না থাকায় চলতি মাসের শুরু থেকে দেশটিতে প্রতিদিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হচ্ছিল।

শ্রীলঙ্কার মোট চাহিদার ৪০ শতাংশের বেশিই আসে জলবিদ্যুৎ থেকে, কিন্তু বৃষ্টি না হওয়ায় বেশিরভাগ জলাধারে পানি বিপজ্জনক মাত্রায় নেমে এসেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।আর দেশটির বেশিরভাগ বিদ্যুৎ উৎপাদিত হয় কয়লা ও তেল থেকে। এ দুটোই আমদানি করতে হয়। কিন্তু তার বিল পরিশোধে পর্যাপ্ত বিদেশি মুদ্রা এখন শ্রীলঙ্কার কাছে নেই।

এদিকে দেশটির প্রধান খুচরা জ্বালানি বিক্রেতা রাষ্ট্র-মালিকানাধীন সিলন পেট্রলিয়াম কর্পোরেশন (সিপিসি) অন্তত দুইদিন শ্রীলঙ্কার কোথাও ডিজেল মিলবে না বলে জানিয়েছে। তারা পেট্রল স্টেশনগুলোতে দীর্ঘ সারিতে অপেক্ষারত মোটরগাড়ি চালকদেরকে চলে যেতে এবং আমদানি করা ডিজেল আনলোড ও বিতরণ শুরু হওয়ার পর ফের স্টেশনে ফিরতে অনুরোধ করেছে।

শ্রীলঙ্কায় জ্বালানি তেলের দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বছরের শুরুতে যে দাম ছিল পেট্রল আর ডিজেলের দাম এখন তার যথাক্রমে ৯২ ও ৭৬ শতাংশ বেশি। সর্বশেষ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ও কেরোসিনের চালানের মূল্য ৪ কোটি ৪০ লাখ ডলার দিতে দেশটির সরকারের ১২ দিন লেগেছে।

প্রয়োজনীয় বিদেশি মুদ্রা রাখতে শ্রীলঙ্কা ২০২০ সালের মার্চে ব্যাপক আমদানি নিষেধাজ্ঞা আরোপ করেছি। এর প্রতিক্রিয়ায় দেশটিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দেয়, দামও বাড়তে থাকে হু হু করে।

দেশটির অনেক হাসপাতাল এখন ছোটখাট সার্জারি বন্ধ রেখেছে। সুপারমার্কেটগুলোতে চাল, চিনি ও গুড়া দুধের মতো খাবার একজন সর্বোচ্চ কী পরিমাণ কিনতে পারবে তার সীমা ঠিক করে দেওয়া হয়েছে।

শ্রীলঙ্কার সরকার বলছে, সংকট তারা সমাধানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে বেইল আউটের পাশাপাশি চীন, ভারত ও বাংলাদেশের কাছ থেকে আরও ঋণ চাইছে।

গুগলের বিরুদ্ধে রাশিয়ার অভিযোগ ও মামলা

সিএনবিডি ডেস্কঃ গুগলের বিরুদ্ধে তার ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব থেকে নিষিদ্ধ তথ্য অপসারণ করতে ব্যর্থতার অভিযোগ করেছে রাশিয়া। এ অভিযোগে রাশিয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দুটি প্রশাসনিক মামলাও করা হয়েছে। এতে কোম্পানিটির বিরুদ্ধে ‘নির্লজ্জভাবে মিথ্যা প্রচারের’ অভিযোগ আনা হয়েছে।

অপরাধের পুনরাবৃত্তির জন্য গুগলের ৮ মিলিয়ন রুবল বা ৯১ হাজার ৫৩৩ ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে বলে জানিয়েছে রাশিয়ার যোগাযোগ তদারকি সংস্থা রোসকোমনাডজোর। রাশিয়ার বিরুদ্ধে ‘তথ্যযুদ্ধে’ ইউটিউব একটি প্রধান প্ল্যাটফর্ম হয়ে উঠেছে বলেও দাবি করেছেন  রোসকোমনাডজোর।

মস্কোর এমন অভিযোগের বিষয়ে জানতে চেয়ে রয়টার্সের তরফে গুগলকে একটি মেইল পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের দিক থেকে সাড়া পাওয়া যায়নি। খবর রয়টার্স।

লক্ষ্মীপুরে স্ত্রীর হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে যৌতুকের দাবিতে গৃহবধূ আরজু বেগমকে হত্যার দায়ে স্বামী কামাল উদ্দিনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বুধবার (৩০ মার্চ) বেলা ১১ টার দিকে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিরাজুদ্দৌলাহ কুতুবী এ রায় দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আইনজীবী আবুল বাশার এ রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্ত্রী হত্যায় আদালতে কামাল দোষী প্রমাণিত হয়েছে। এতে আদালত তার মৃত্যুণ্ডের আদেশ দেয়। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত কামাল সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বড় বল্লভপুর গ্রামের বাসিন্দা। মামলার বাদী জগলুর রহমান দিঘলী ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দ।

আদালত সূত্র জানায়, ২০০৯ সালে ২ জানুয়ারি আরজু বেগমকে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে তার বড় ভাই জগলুর রহমান বাদী হয়ে কামালের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

এর আগে যৌতুক না দেওয়ায় মারধরসহ নির্যাতন করে কামাল তার স্ত্রীকে হত্যা করে। ওই মামলায় পুলিশ আদালতে কামালের বিরুদ্ধে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে। দীর্ঘ শুনানি ও ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেয়।

ফুলবাড়ীর রাবাইতারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান রাবাইতারী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের সমন্বয়ে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। পরে দুপুর ২টায় পুরস্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহফুজার রহমান শেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ২৬ কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ এমপি। বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার ও ভাঙ্গামোড় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ।

পরে বিকাল ৩ টায় বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পাঁচ ইসরাইলিকে হত্যার ঘটনায় ফিলিস্তিনজুড়ে উল্লাস

আন্তর্জাতিক ডেস্কঃ ইহুদিবাদী ইসরাইলের বেনেই ব্র্যাক শহরে মটোরসাইকেল-আরোহী এক বন্দুকধারী ফিলিস্তিনির গুলিতে পাঁচ অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারী নিহত হওয়ার ঘটনায় ফিলিস্তিনজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। ইসরাইলি হামলা ও নির্যাতনে অতিষ্ঠ ফিলিস্তিনিরা দখলদারদের ওপর পাল্টা আঘাতের এই খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে ইসরাইলবিরোধী শ্লোগান দিয়েছেন।

এ সময় ফিলিস্তিনের বিভিন্ন শহর আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, পশ্চিম তীরের উত্তরে অবস্থিত জেনিন শহরের বাসিন্দাদের মধ্যে আনন্দের মাত্রা অন্য অঞ্চলের মানুষের চেয়ে একটু বেশিই ছিল, কারণ যিনি শাহাদাৎপিয়াসী হামলা চালিয়েছেন তিনি জেনিনের ইয়াবুদ গ্রামের ছেলে। ঐ গ্রামের মানুষ মিষ্টি বিলিয়ে এই ঘটনাকে উদযাপন করেছেন।

ঐ এলাকার বাসিন্দারা শাহাদাৎপিয়াসী হামলাকারী জিয়া হামারশা’র বাড়ির সামনে জড়ো হয়েও আল্লাহু আকবার শ্লোগান দিয়েছে এবং তাঁর সাহসিকতা ও আত্মত্যাগের ব্যাপক প্রশংসা করেছে।

ফিলিস্তিনের গাজার অধিবাসীরাও এই হামলার ঘটনায় উল্লাস প্রকাশ করেছে। গাজার মসজিদগুলো থেকেও মাইকে আল্লাহু আকবার ধ্বনি প্রচার করা হয়েছে। এর মাধ্যমে গাজার মানুষ জানতে পারে তেল আবিবে দখলদারদের বিরুদ্ধে বড় ধরণের শাহাদাৎপিয়াসী হামলার ঘটনা ঘটেছে।

গত মঙ্গলবার রাতে ইসরাইলের রাজধানী তেল আবিবের পূর্ব অংশের বানি বারাক এলাকায় জিয়া হামারশা শাহাদাৎপিয়াসী হামলা চালায়। এর ফলে অন্তত পাঁচ ইহুদিবাদী নিহত ও ছয় জন আহত হয়। হতাহত ইহুদিবাদীরা লিস্তিনিদের ভিটেমাটি দখল করে অবৈধ ইহুদি উপশহর নির্মাণের সঙ্গে জড়িত বলে জানা গেছে। শাহাদাৎপিয়াসী অভিযান সফল হওয়ার পর দখলদার সেনাদের গুলিতে হামলাকারী ফিলিস্তিনিও শহীদ হন। শহীদ জিয়া হামারশা এর আগে ইসরাইলে বন্দি জীবন কাটিয়েছেন। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো তাঁর এই বীরত্বপূর্ণ কাজকে স্বাগত জানিয়েছে।

সুত্রঃ পার্সটুডে।

ইউরোপের চার দেশ কর্তৃক রাশিয়ার ৪৩ কূটনীতিক বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের মধ্যে গুপ্তচরবৃত্তির সন্দেহে ৪৩ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে ইউরোপের চার দেশ। দেশগুলো হলো হল্যান্ড, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র ও আয়ারল্যন্ড। মঙ্গলবার বিকেলে এসব দেশ একযোগে রাশিয়ার বিরুদ্ধে গৃহিত এক পদক্ষেপের ঘোষণা দেয়।

গত সপ্তাহে পোল্যান্ডসহ অন্যান্য ইইউ সদস্য দেশ একই ধরনের পদক্ষেপ নিয়েছিল।

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমস বলেন, এই বহিষ্কারাদেশ আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। ব্রাসেলসে রাশিয়ান দূতাবাস এবং এন্টওয়ার্প কনস্যুলেটের ২১ জন কর্মীকে দেশ ছেড়ে যেতে বলা হয়েছে। তাদের চলে যাওয়ার জন্য দুই সপ্তাহ সময় বেধে দেওয়া হয়েছে।

নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা ১৭ জন রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করছে, যাদেরকে গোয়েন্দা কর্মকর্তা হিসেবে গোপনে সক্রিয় বলে মনে করা হচ্ছে।

আয়ারল্যান্ডের তাওইসেচ (প্রধানমন্ত্রী) মাইকেল মার্টিন বলেন, গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে নিরাপত্তাজনিত পরামর্শ পাওয়ার পর তার সরকার ৪ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। ওই কর্মকর্তাদের দেশ ছেড়ে যেতে বলা হয়েছে। কারণ, তাদের কার্যক্রম কূটনৈতিক আচরণের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী নয়।

এদিকে, একজন চেক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, প্রাগ থেকে রাশিয়ার ডেপুটি অ্যাম্বাসেডরকে বহিষ্কার করা হয়েছে।

চেক পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটে জানায়, আমাদের মিত্রদের সঙ্গে আমরাও ইইউতে রাশিয়ান গোয়েন্দাদের উপস্থিতি কমিয়ে দিচ্ছি।

বুধবার পোল্যান্ড গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার সন্দেহে ৪৫ জন কূটনীতিককে বহিষ্কার করেছে।

পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারিউস কামিনসকি টুইটারে লেখেন, পোলিশ গোয়েন্দা কর্মকর্তারা আমাদের দেশে রাশিয়ান বিশেষ সার্ভিস নেটওয়ার্ক ভেঙে ফেলছে।

এর আগে এই মাসের শুরুর দিকে বুলগেরিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়া রাশিয়ান দূতাবাসের মোট ২০ জন কর্মীকে বহিষ্কার করেছে।

সূত্র : বিবিসি।

ফ্রান্স প্রবাসী এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: ফ্রান্সে ফজরের নামাজ শেষ করেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুলাউড়ার নাজিম। নাজিম উদ্দিনের গ্রামের বাড়ী মৌলভীবাজারের কুলাউড়ায়।

রোজ বুধবার (৩০ মার্চ) সকালে ফ্রান্সে তার নিজ ঘরে স্ট্রোক করে তিনি মারা যান। নাজিম কুলাউড়া উপজেলার বাদে ভূকশিমইল গ্ৰামের মৃত মেন্দি মিয়ার ছেলে।

বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করে নাজিমের মামা ভূকশিমইলের ইউপি সদস্য শাহেদ আহমদ জানান, নাজিম বুধবার সকালে ফজরের নামাজ শেষ করে ঘুমাতে যায়। এ সময় হঠাৎ রুমের মধ্যে পড়ে যায়। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার এ অকাল মৃত্যুতে পরিবারসহ সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দেশ হারালো এক রেমিট্যান্স যোদ্ধা, পরিবার হারালো তাদের মায়ার বাঁধন সন্তান।

রমজানে অফিসের সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

জাতীয় ডেস্কঃ গত বছরের ন্যায় এবারও পবিত্র রমজান মাস বিবেচনায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত সময় নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (৩০ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে সই করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মশিউর রহমান তালুকদার।

প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত অর্থাৎ সাড়ে ৬ ঘন্টা অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আর শুক্র ও শনিবার বরাবরের মতো সাপ্তাহিক ছুটি থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠান (যাদের সেবা অতি জরুরি) জনস্বার্থ বিবেচনা করে নিজস্ব বিধিবিধান অনুযায়ী অফিসসূচি নির্ধারণ ও অনুসরণ করবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট তার আওতাধীন সব আদালতের সময়সূচি নির্ধারণ করবে।

এর আগে গত সোমবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে রমজানে অফিসের সময়সূচি অনুমোদন দেয়া হয়।

বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্কঃ সিলেটের বিজ্ঞান বিষয়ের লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ (৩২) হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন মহামান্য  আদালত। এ সময় রায়ে দণ্ডিতদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একজনকে খালাস দেওয়া হয়েছে।

আজ বুধবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব এই রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলায় বাদী পক্ষের অন্যতম আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন।

দণ্ডিতরা হলেন-কানাইঘাট উপজেলার আবুল হোসেন, খালপাড় তালবাড়ির ফয়সাল আহমদ, সুনামগঞ্জের তাহিরপুরের বিরেন্দ্র নগরের (বাগলী) মামুনুর রশীদ ওরফে হারুন অর রশিদ ও কানাইঘাটের ফালজুর গ্রামের আবুল খায়ের রশীদ আহমদ।

খালাস দেওয়া হয়েছে, নগরের রিকাবিবাজার এলাকার সাফিউর রহমান ফারাবী ওরফে ফারাবী সাফিউর রহমান। ফরাবী ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার দণ্ডিত আসামি।

সম্পূরক অভিযোগপত্র নাম আসা ছয়জনের মধ্যে ২০১৭ সালের ২ নভেম্বর মান্নান হঠাৎ অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে নুরানি আবাসিক এলাকার নিজ বাসার সামনে খুন হন অনন্ত। পেশায় ব্যাংকার অনন্ত বিজ্ঞান নিয়ে লেখালেখির পাশাপাশি যুক্তি নামে বিজ্ঞানবিষয়ক একটি পত্রিকা সম্পাদনা করতেন। এ ছাড়া বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি।

এ হত্যাকাণ্ডের পর অনন্তের বড় ভাই রতেশ্বর দাশ বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এতে বিজ্ঞান বিষয়ে লেখালেখির কারণে অনন্তকে ‘উগ্র ধর্মান্ধ গোষ্ঠী’ পরিকল্পিতভাবে খুন করেছে বলে অভিযোগ করা হয়।

পরে মামলাটি পুলিশ থেকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়। সিআইডির পরিদর্শক আরমান আলী তদন্ত করে ২০১৭ সালের ৯ মে সম্পূরক অভিযোগপত্র আদালতে দাখিল করেন। এতে সন্দেহভাজন আটক ১০ জনকে অব্যাহতির সুপারিশ করে ছয়জনকে অভিযুক্ত করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষের ২৯ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।