পাঁচ ধর্ষণ মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড

সিলেট প্রতিনিধিঃ সিলেটের সুনামগঞ্জে আলোচিত পাঁচটি অপহরণ ও ধর্ষণ মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় দুইজনকে খালাস দেওয়া হয়েছে। খালাস পাওয়া ব্যক্তিরা হলেন সাজাপ্রাপ্ত আসাদ মিয়ার বাবা ইদন মিয়া ও মা জগতবানু। এছাড়া সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা ভিকটিমকে দেওয়ার কথা বলা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জাকির হোসেন এই রায় দেন। একসঙ্গে পাঁচ মামলার রায় একটি দৃষ্টান্তমূলক ঘটনা বলে জানান, রাষ্ট্র পক্ষের পিপি নান্টু রায়।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে মো. জজ মিয়া, বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের ইদন মিয়ার ছেলে আসাদ মিয়া,সদর উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে রিপন মিয়া, সদর উপজেলার ইছাগরি গ্রামের জিতেন্দ্র দাসের ছেলে শৈলেন দাস, জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামের মৃত আলাকছ উল্লার ছেলে শাহিন মিয়া।

রাষ্ট্র পক্ষের পিপি নান্টু রায় বলেন, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে পাঁচটি মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এভাবে অপহরণ ও ধর্ষণ মামলায় রায় দিয়ে অপরাধীদের যদি শাস্তি নিশ্চিত করা যায় তাহলে এ ধরনের অপরাধ কমে যাবে।

মৌলভীবাজারে দিনে দুপুরে ছিনতাই

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মিলি বেগম জানান, তার কাছ থেকে ৫৪ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। সোমবার (২৮ মার্চ) দুপুরে শহরের চৌমুহানা এলাকায় এ ঘটনাটি ঘটে।

ছিনতাইয়ের অভিযোগ করা হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মিলি বেগম জানান, তার কাছ থেকে ৫৪ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালংকার ছিনতাই করা হয়েছে।এব্যাপারে মঙ্গলবার (২৯ মার্চ) থানায় অভিযোগ দিয়েছেন শিক্ষিকা।

শিক্ষিকা মিলি বেগমের বাসা শহরের এক নম্বর ওয়ার্ডের শমসেরনগর সড়কে। তিনি হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞানের শিক্ষক।

মিলি বেগম বলেন, সোমবার দুপুরে প্রাইম ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার পর ব্যাংকের সামনে একজন লোক আমার হাতে একটা কিছু দিয়ে আঘাত করে। ব্যাগের ভিতরে রাখা টাকা ও স্বর্ণালংকার দিয়ে দিতে বলে। আমি সেটা দিতে বাধ্য হই। ব্যাগে থাকা ৫৪ হাজার টাকা ও হাতের এক ভরি ওজনের স্বর্ণের চুড়ি তাদের হাতে তুলে দেই। ছিনতাইকারির সাথে থাকা একজন আমাকে ধমক দিয়ে চলে যেতে বলে, না গেলে কেটে টুকরা-টুকরা করে ফেলবে বলে জানায়। পরে ওই এলাকার একটি সিসি ক্যামেরার রেকর্ডে দেখা যায় ছিনতাইকারি তিনজন ছিল।

ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক বলেন, শিক্ষিকা থানায় অভিযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত করে আইনআনুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইউরোপকে বিনামূল্যে গ্যাস দেয়া হবে না : মস্কো

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপকে বিনামূল্যে গ্যাস দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছে রাশিয়া। ইউক্রেন ইস্যুতে যখন পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক দিন দিন অবনতি হচ্ছে এবং তেল-গ্যাসের দাম পরিশোধের পদ্ধতি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে তখন মস্কো এই ঘোষণা দিল।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, এটি পরিষ্কার যে, আমরা ইউরোপকে বিনামূল্যে গ্যাস দেবো না। বর্তমানে আমাদের যে পরিস্থিতি তাতে আমরা কাউকে বিনামূল্যে সেবা দিতে পারব না।

পেসকভ আরো বলেন, গ্যাস রপ্তানির অর্থ কিভাবে রুবলে গ্রহণ করা যায় তা ঠিক করতে কাজ চলছে।

প্রসঙ্গত, ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর আমরিকা ও তার ইউরোপীয় মিত্ররা দ্রুত মস্কোর ওপর ব্যাপকভিত্তিক নিষেধাজ্ঞা আরোপ করায় রাশিয়া আর্থিকভাবে চাপের মুখে পড়ে। জবাবে রাশিয়া তার কাছ থেকে তেল ও গ্যাস নিতে হলে রুশ মুদ্রা রুবলে দাম পরিশোধ করতে হবে বলে জানিয়েছে। ইউরোপের দেশগুলো রাশিয়ার তেল ও গ্যাসের ওপর চরমভাবে নির্ভরশীল। কিন্তু ইউরোপের দেশগুলো তা মানতে নারাজ। এদিকে গত শুক্রবার মস্কো অবন্ধুসুলভ দেশগুলোকে তেল ও গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে।

“আওয়ামী লীগ প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরে বলেই বিএনপির গাত্রদাহ হয়”

রাজনীতি ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কখনো ইতিহাস বিকৃত করে না বরং প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরে বলেই বিএনপির গাত্রদাহ হয়। আর ইতিহাস বিকৃতি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে অভিযোগ করেছেন তা অসত্য, ভিত্তিহীন এবং ‘পাগলের প্রলাপ’।

গতকাল সোমবার কাদের তার বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি নেতারা তাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং দণ্ডিত পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা বানানোর মতো ঘৃণ্য অপপ্রয়াস চালিয়ে যাচ্ছেন। তাদের হাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইতিহাস কিছুই নিরাপদ নয়।

তিনি আরো বলেন, জনগণের আস্থায় এখন আর বিএনপি নেই, জনগণ এখন আর বিশ্বাস করে না হাঁটুভাঙা, পরাশ্রয়ী বিএনপি এ দেশের জন্য ভালো কিছু করতে পারবে। সাম্প্রতিককালের স্থানীয় সরকার নির্বাচনে বিএনপিকে জনগণের প্রত্যাখ্যান এবং তাদের আন্দোলনের ডাকে সাড়া না দেওয়ায় বিষয়টি আরও পরিষ্কার হয়ে গেছে।

‘স্বাধীনতার ৫০ বছরে আমরা কী পেলাম?’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্যে বিষয়ে ওবায়দুল কাদের বলেন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্তির অর্ধশতক পর যারা বলেন স্বাধীনতার ৫০ বছরে কী পেলাম, প্রকৃতপক্ষে তারাই স্বাধীনতাকে হৃদয়ে ধারণ করে না, চেতনায় ধারণ করে না। আর ইতিহাস চলে তার নিজস্ব গতিতে। এ চিরসত্য বিএনপি নেতারা হয়তো জানেন না, হাতের তালু দিয়ে যেমন সূর্যকে ঢাকা যায় না, তেমনি স্বাধীনতার ইতিহাসও আজ স্বমহিমায় সমুজ্জ্বল।

এছাড়া ‘আওয়ামী লীগের সময় শেষ হয়ে এসেছে’ ফখরুলের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সময় শেষ হয়ে আসেনি, সময় শেষ হয়ে এসেছে বিএনপির।

পাকিস্তানে অস্ট্রেলিয়া ক্রিকেট দলে করোনার হানা

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানে প্রথম ওয়ানডের আগে করোনায় আক্রান্ত হলেন দুই অজি ক্রিকেটার। গতকাল সোমবার (২৮ মার্চ) করোনা আক্রান্ত হয়েছেন ইংলিশ ক্রিকেটার জশ ইংলিশ। তাকে ছাড়াই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলো অ্যারন ফিঞ্চের দল। তবে প্রথম ওয়ানডে শুরুর আগেই মঙ্গলবার (২৯ মার্চ) জানা গেল করোনায় আক্রান্ত হওয়ায় খেলতে পারবেন না স্পিনার অ্যাশটন অ্যাগার।

এর আগে সীমিত ওভারের সিরিজে শুরু হওয়ার পুর্বে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন পেসার কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ এবং মিচেল মার্শ। এবার করোনার কারণে ছিটকে গেলেন জশ ইংলিশ ও অ্যাশটন অ্যাগার।

করোনা আক্রান্ত ক্রিকেটারদের বাধ্যতামূলক তিন দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেখানে করোনা টেস্টে নেগেটিভ এলে তবেই মাঠে ফেরার অনুমতি মিলবে তাদের। আর ইনজুরি এবং করোনায় টালমাটাল দলের ক্রিকেটার সংকট রোধ করতে অস্ট্রেলিয়া দলে যুক্ত করা হয়েছে ব্যাটার ম্যাট রেনশকে। কোয়ারেন্টাইন বিধির কারণে দ্বিতীয় ওয়ানডের আগে তাকেও দলে পাওয়া যাবে না।

এদিকে প্রথম ওয়ানডের আগে অজি স্কোয়াডে সুস্থ আছেন মোটে ১৩ ক্রিকেটার। এখান থেকে ১১ ক্রিকেটারকে নিয়ে একাদশ সাজাতে হবে অধিনায়ক অ্যারন ফিঞ্চকে। আর টেস্ট সিরিজ শেষে বেশ কিছু সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এ কারণে অজি স্কোয়াডে নেই প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলেউড এবং ডেভিড ওয়ার্নার। আর নিজের বিবাহ উপলক্ষে ছুটিতে আছেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

আজ ১৩তম দফায় ভাসানচরে যাচ্ছে আরও ১০৯৬ রোহিঙ্গা

জাতীয় ডেস্কঃ আজ মঙ্গলবার (২৯ মার্চ) ১৩তম দফায় ভাসানচরে যাচ্ছে আরও ১০৯৬ রোহিঙ্গা। আজ সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় রোহিঙ্গারা উখিয়া ডিগ্রি কলেজ মাঠে আসতে শুরু করেন। পরে ২০টি বাস তাদের চট্টগ্রামের উদ্দেশে নিয়ে যায়। সেখান থেকে তাদের ভাসানচরে নেওয়া হবে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা জানান, এবার ১০৯৬ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে যেতে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে। বুধবার দুপুরে তাদের ভাসানচরে পৌঁছার কথা রয়েছে। আরও কিছু রোহিঙ্গা ভাসানচরে যাওয়ার জন্য রাজি হয়েছেন। তাদের পাঠানোর প্রক্রিয়া চলছে।

ভাসানচরে অবস্থানরত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি জহিরুল ইসলাম বলেন, ভাসানচরের উদ্দেশে ১০৯৬ জন রোহিঙ্গা উখিয়া থেকে যাত্রা করেছেন। আরও কিছু রোহিঙ্গা আসার কথা রয়েছে। সব মিলে কতজন রোহিঙ্গা এবার এখানে আসছে, সেটি এখনই বলা মুশকিল। এখানে পৌঁছার পর তাদের নিজ নিজ সেন্টারে তুলে দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি।

এদিকে গত ১৭ ফেব্রুয়ারি ১২ দফায় ১০০৬ জন রোহিঙ্গা কক্সবাজার থেকে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে যান। বর্তমানে প্রায় ২০ হাজারের বেশি রোহিঙ্গা ভাসানচরে বসবাস করছেন। এছাড়া ২২ মার্চ  অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ১৪৯ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে সেখানে নিয়ে রাখা হয়।

উল্লেখ্য, নৌবাহিনীর তত্ত্বাবধানে রোহিঙ্গাদের স্থানান্তরের জন্য সরকারের নিজস্ব তহবিল থেকে ৩ হাজার ৯৫ কোটি টাকা ব্যয়ে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করা হয়। ১৩ হাজার একর আয়তনের ওই চরে এক লাখ রোহিঙ্গা বসবাসের উপযোগী ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়েছে। আর ভাসানচরের এ পুরো আবাসন প্রকল্পটি বাস্তবায়ন ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

গণমাধ্যমকর্মীর বেতন মাসের প্রথম সাত কর্মদিবসের মধ্যে দিতে সংসদে বিল

জাতীয় ডেস্কঃ গণমাধ্যমকর্মীর বেতন মাসের প্রথম সাত কর্মদিবসের মধ্যে দেওয়ার বিধান রেখে ‘গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল-২০২২’ সংসদে তোলা হয়েছে। সংসদে তোলা প্রস্তাবিত আইনে গণমাধ্যমকর্মীদের বেতন পরিশোধ, ছুটি নির্ধারণ এবং দাবি নিষ্পত্তির জন্য প্রয়োজনে আদালত গঠনের বিধান রাখা হয়েছে।

গতকাল সোমবার (২৮ মার্চ) তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এই বিলটি সংসদে উত্থাপন করেন। এরপর তা ৬০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য পাঠানো হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে।

এই বিলে বলা হয়েছে, কোনো গণমাধ্যমকর্মীর বেতনকাল এক মাসের বেশি হবে না। পরবর্তী মাসের সাত কর্মদিবসের মধ্যে বেতন পরিশোধ করতে হবে। প্রতি পাঁচ বছর পর পর গণমাধ্যমকর্মীদের ন্যূনতম ওয়েজ বোর্ড গঠন হবে। ওয়েজ বোর্ড সংবাদপত্র, সংবাদ সংস্থা, বেসরকারী টেলিভিশন, বেতার ও নিবন্ধিত অনলাইন মাধ্যমের জন্য প্রয়োজনে পৃথক পৃথক বেতন কাঠামো নির্ধারণ করবে। আগে শুধু সংবাদপত্র ও সংবাদ সংস্থার জন্য এই ওয়েজ বোর্ড গঠন করা হতো।

বিলে বলা আছে, গণমাধ্যমে পূর্ণকালীন কর্মরত সাংবাদিক, কর্মচারী এবং নিবন্ধিত সংবাদপত্রের মালিকানাধীন ছাপাখানাসহ নিবন্ধিত অনলাইন গণমাধ্যমে বিভিন্নকর্মে নিয়োজিত কর্মীদের ‘গণমাধ্যমকর্মী’ বলা হবে। গণমাধ্যমকর্মীদের তিনটি বিভাগ করা হয়েছে এই বিলে। সেগুলো হলো- অস্থায়ী বা সাময়িক, শিক্ষানবিস এবং স্থায়ী।

বিলে বলা হয়েছে, গণমাধ্যমকর্মীকে সপ্তাহে অন্যূন ৪৮ ঘণ্টা কাজ করতে হবে। এর বেশি কাজ করাতে চাইলে অধিকাল (ওভারটাইম) ভাতা দিতে হবে। আগে গণমাধ্যম কর্মীরা চলতেন ‘দ্য নিউজপেপার এমপ্লয়িজ (চাকরির শর্তাবলী) আইন- ১৯৭৪’ এর আওতায়। এর সঙ্গে শ্রম আইনের কিছু বিষয় সাংঘর্ষিক হচ্ছিল। পরে সাংবাদিকদের শ্রম আইনের আওতায় নিয়ে যাওয়া হয় এবং তাদের শ্রমিক হিসেবে সংজ্ঞায়িত করা হয়। এই বিল পাস হলে গণমাধ্যম কর্মীরা আর শ্রমিক থাকবেন না, তাদের গণমাধ্যমকর্মী হিসেবে অভিহিত করা হবে। দ্য নিউজপেপার এমপ্লয়িজ (চাকরির শর্তাবলী) আইনে সাংবাদিক, প্রেস শ্রমিক ও প্রেস কর্মচারীদের চাকরির শর্ত, আর্থিক বিষয় ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণ করা ছিল। সরকার ওই আইনকে রহিত করে সব শ্রমিকের জন্য ২০০৬ সালে ‘শ্রম আইন’ প্রণয়ন করে, যাতে সংবাদপত্রের সাংবাদিক, প্রেস শ্রমিক ও প্রেস কর্মচারীদের বিষয়গুলোও অন্তর্ভুক্ত করা হয়। ২০১৮ সালে বিলটির নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

প্রস্তাবিত এই আইনে বলা হয়েছে, একজন গণমাধ্যমকর্মী বছরে ১৫ দিন নৈমিত্তিক ছুটি পাবেন। এছাড়া প্রতি ১১ দিনে এক দিন অর্জিত ছুটি অর্জন করবেন। এই ছুটি ভোগ না করলে তা জমা থাকবে এবং চাকরি শেষে সর্বোচ্চ ১০০ দিন নগদায়নের সুবিধা পাবেন। চিকিৎসকের প্রত্যয়ন সাপেক্ষে একজন গণমাধ্যমকর্মী চাকরির মেয়াদের অন্যূন ১৮ ভাগের এক ভাগ অংশ সময় পূর্ণ বেতনে অসুস্থজনিত ছুটি পাবেন। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে একজন গণমাধ্যমকর্মী পূর্ণ বেতনে এককালীন বা একাধিকবার অনুর্ধ ১০ দিন পর্যন্ত উৎসব ছুটি ভোগ করতে পারবেন। তিন বছর পরপর ১৫ দিনের শ্রান্তি বিনোদন ছুটির কথাও বিলে বলা হয়েছে। এছাড়া উৎসবের দিনে কাজ করালে প্রতি কার্যদিনের জন্য দুই দিনের মূল বেতন বা দুই দিনের বিকল্প ছুটি মঞ্জুর করতে হবে। এক বছর চাকরি করার পর ভবিষ্যত তহবিলে কর্মী ও মালিকের আট থেকে ১০ শতাংশ চাঁদার কথা বিলে বলা হয়েছে। বিলে প্রতি প্রতিষ্ঠানে গণমাধ্যমকর্মী ও মালিকের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য ‘গণমাধ্যমকর্মী কল্যাণ সমিতি’ গঠন করার বিধান রাখা হয়েছে।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, সরকার এক বা একাধিক বিভাগীয় এলাকার জন্য গণমাধ্যম আদালত স্থাপন করতে পারবে। এই আদালতের একজন চেয়ারম্যান এবং দুই সদস্য থাকবে। কর্মরত জেলা জজদের মধ্যে একজন চেয়ারম্যান হবেন। দুই সদস্যের একজন গণমাধ্যম মালিক হবেন আরেকজন গণমাধ্যমকর্মী হবেন। প্রস্তাবিত আইনে বলা আছে, গণমাধ্যম আদালত ফৌজদারি কার্যবিধিতে বর্ণিত সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে অনুসরণ করবে। প্রথম শ্রেণীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ওপর ন্যস্ত সকল ক্ষমতা গণমাধ্যম আদালতেরও থাকবে।

বিলে গণমাধ্যম আপীল আদালতেরও বিধান রাখা হয়েছে। এর চেয়ারম্যান হবেন হাইকোর্ট বিভাগে কর্মরত বা অবসরপ্রাপ্ত একজন বিচারক বা অতিরিক্ত বিচারক। চেয়ারম্যানকে পরামর্শ দেয়ার জন্য সরকার এক বা একাধিক সদস্য নিয়োগ করতে পারবেন বলে বিলে বিধান রাখা হয়েছে। সদস্যরা হবেন তিন বছর কর্মরত আছেন বা ছিলেন এমন জেলা জজদের মধ্য থেকে।

বিলে বলা হয়েছে, গণমাধ্যম আদালতের আদেশ পালন করতে অস্বীকার করলে বা ব্যর্থ হলে তিন মাসের জেল বা অনুর্ধ পাঁচ হাজার টাকা জরিমানা হবে। কোন গণমাধ্যম মালিক নারী কর্মীকে প্রসূতি কল্যাণ সুবিধা না দিলে সেই মালিককে ২৫ হাজার টাকা দণ্ড দেয়া হবে। ন্যূনতম বেতন হারের কম বেতন দিলে এক বছরের জেল বা পাঁচ বছরের জেলের বিধান রাখা হয়েছে। কোন গণমাধ্যমকর্মী আদালতে মিথ্যা বিবৃতি দিলে তার ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল হবে। গণমাধ্যম মালিক মিথ্যা বিবৃতি দিলে অনুর্ধ পাঁচ লাখ টাকা অর্থদণ্ড বা তিন মাসের কারাদণ্ড হবে। মালিকের পক্ষ থেকে অন্যায় আচরণ হলে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের জেল হবে।

বিলে বলা হয়েছে, এক বছর চাকরিরত অবস্থায় কোন গণমাধ্যমকর্মী মারা গেলে মৃতের মনোনীত ব্যক্তি বা তার উত্তরাধিকারীকে কর্মীর প্রত্যেক পূর্ণ বছর বা ছয় মাসের অধিক সময় চাকরির জন্য ক্ষতিপূরণ হিসেবে ৩০ দিনের এবং কর্মরত বা কর্মকালীন দুর্ঘটনার কারণে ৪৫ দিনের বেতন প্রদান করতে হবে। কোন স্থায়ী কর্মী ৩০ দিনের নোটিস এবং অস্থায়ী কর্মী ১৫ দিনের নোটিস দিয়ে চাকরিতে ইস্তফা দিতে পারবে।

বিলে বলা হয়েছে, কোন গণমাধ্যম প্রতিষ্ঠান অতিরিক্ত কর্মী ছাঁটাই করতে চাইলে সরকারকে দ্রুত লিখিতভাবে জানাতে হবে। ছাঁটাই করতে হলে কর্মীকে এক মাসের লিখিত নোটিস দিতে হবে অথবা এক মাসের মূল বেতন দিতে হবে। এছাড়া ক্ষতিপূরণ হিসেবে প্রতি বছর চাকরির জন্য ৩০ দিনের মূল বেতন দিতে হবে।

পশ্চিমাদের উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে জোট বাঁধল আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের পর আন্তর্জাতিক বাজারে সৃষ্ট তেলের সংকট নিরসনের জন্য আমেরিকা ও পশ্চিমারা যে আহ্বান জানিয়েছে তা উপেক্ষা করেছে সংযুক্ত আরব আমিরাত।

আটলান্টিক পরিষদে দেয়া এক বক্তৃতায় দেশটির জ্বালানি মন্ত্রী সোহায়েল আল-মাজুরি বলেছেন, রাশিয়া হচ্ছে আন্তর্জাতিক তেলের বাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ। প্রতিদিন তারা এক কোটি ব্যারেল তেল রপ্তানি করে। ইউক্রেন সংকটের এই সময়ে কোনো দেশের পক্ষে এত বিপুল পরিমাণ তেলের যোগান দেয়া সম্ভব নয়। আর ওপেকভুক্ত দেশগুলোর উচিত ঐক্যবদ্ধ থাকা এবং রাজনীতিকে এই সংস্থার মধ্যে টেনে না আনা। আমরা সবসময় বিশ্বাস করি- দেশ হিসেবে আমরা যা করি না কেন, যখন তেল উত্তোলনের প্রশ্ন আসবে তখন আমাদেরকে রাজনীতির বাইরে থাকতে হবে।

প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব হচ্ছে আমেরিকা ও ইউরোপের ঘনিষ্ঠ দুই মিত্র দেশ। তা সত্ত্বেও ইউক্রেন রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা করে নি তারা এবং আমেরিকা ও ইউরোপের পক্ষ থেকে তেলের উৎপাদন বাড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছিল তাও রাখেনি। দেশ দুটি বলেছে তারা ওপেকের ঐক্য ভঙ্গ করার ঝুঁকি নিতে পারবে না।

আজ সন্ধ্যায় ঢাকা মাতাবেন এ আর রহমান

সিএনবিডি ডেস্কঃ আজ মঙ্গলবার (২৯ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এ আর রহমানের কনসার্ট। টানা তিন ঘণ্টা পারফর্ম করে ঢাকা মাতাবেন তিনি। তার জনপ্রিয় গানগুলোর পাশাপাশি এ সময় বঙ্গবন্ধুকে নিয়ে হিন্দি ও বাংলা গানও পরিবেশন করবেন তিনি। এই সময়ে এ আর রহমান গাইবেন প্রায় ৩৫টি গান।

এর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন অস্কারজয়ী সুরকার, সংগীতশিল্পী এ আর রহমান। সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গত রবিবার রাত সাড়ে ৯টায় প্রায় ১০০ সঙ্গী নিয়ে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন।

জমকালো এ অনুষ্ঠানটির আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং পৃষ্ঠপোষক দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। উপমহাদেশের বিখ্যাত সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমান বঙ্গবন্ধুকে নিয়ে বাংলা ও হিন্দি ভাষায় দুটি গানের সুর ও সংগীত করেছেন। ‘বোলো জয় বঙ্গবন্ধু’ ও ‘আজও শুনি বজ্রধ্বনি’ গান দুটি তিনি গাইতে পারেন মঞ্চে। ‘বোলো জয় বঙ্গবন্ধু’ শিরোনামের হিন্দি গানটির ভিডিও গত বছর স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে ১০ দিনের ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে প্রদর্শিত হয়। ২০১৪ সালেও এ আর রহমান গান গাইতে এসেছিলেন।

এদিকে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠানের শুরুতে গান গাইবেন দেশের প্রতিষ্ঠিত ব্যান্ড ‘মাইলস’ এবং এরপর গাইবেন মমতাজ। কনসার্টটি উপস্থাপনা করবেন বাংলাদেশি উপস্থাপিকা রুমানা মালিক মুনমুন। অনুষ্ঠান সামনে রেখে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে ডিএমপি। মিরপুর ১০ নম্বর ক্রসিং থেকে সনি ক্রসিং পর্যন্ত, টিঅ্যান্ডটি ক্রসিং থেকে প্রশিকা ক্রসিং এবং মিরপুর স্টেডিয়ামের আশপাশের ফিডার রোডসমূহে যানবাহন চলাচলে অনুষ্ঠান চলাকালীন সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আজকের অনুষ্ঠানের জন্য তিন ক্যাটাগরিতে টিকিট বিক্রি হচ্ছে। শহীদ জুয়েল ও শহীদ মুস্তাক স্ট্যান্ড- ক্লাব হাউসের টিকিটের মূল্য ১ হাজার টাকা। মাঠের টিকিটের মূল্য দুই ক্যাটাগরিতে। গোল্ড ক্যাটাগরির টিকিট ৫ হাজার আর প্লাটিনাম ক্যাটাগরির মূল্য ১০ হাজার টাকা। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। সংগীতপিপাসুদের মাঠে ঢুকতে হবে বিকাল ৩টায়। ৫টায় বন্ধ হয়ে যাবে গেট।

আজও দেশের ৭ বিভাগে ঝড়-বৃষ্টি হওয়ার পূর্ভাবাস দিল আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া ডেস্কঃ আজও দেশের ৭ বিভাগে ঝড়-বৃষ্টি হওয়ার পূর্ভাবাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে অব্যাহত থাকতে পারে বয়ে যাওয়া তাপপ্রবাহ। গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ হঠাৎ মেঘে ঢেকে যাচ্ছে। এরপরই শুরু হচ্ছে ঝড় বা কালবৈশাখী, সঙ্গে বৃষ্টি। গতকাল সোমবার (২৮ মার্চ) সবচেয়ে বেশি ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে। এ সময় ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়োহাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া ফরিদপুর, রাজশাহী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে। গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।