তুরস্কে আবারো ইউক্রেন ও রাশিয়ার শান্তি আলোচনা বৈঠক শুরু

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের ইস্তাম্বুল শহরে যুদ্ধ বন্ধের লক্ষ্য নিয়ে আবারো আলোচনায় বসতে রাজি হয়েছে ইউক্রেন এবং রাশিয়া। এরই প্রেক্ষিতে গতকাল সোমবার (২৮ মার্চ) তুরস্কে পৌঁছেছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল। দুই দিনের শান্তি আলোচনা আজ মঙ্গলবার (২৯ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিট) প্রেসিডেন্টের দোলমাবাহচ অফিসে শুরু হয়েছে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংবাদমাধ্যমে এ নিয়ে আলোচনা বন্ধ থাকবে।

এর আগে গতকাল তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে কথা বলেন এবং আজকের বৈঠকে বসার ব্যাপারে সম্মত হন।

এরদোগানের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, টেলিফোন আলাপে তুর্কি প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধের ব্যাপারে তার দেশের প্রচেষ্টা অব্যাহত রাখার কথা উল্লেখ করে রুশ প্রেসিডেন্টকে জরুরিভিত্তিতে যুদ্ধ বন্ধ এবং মানবিক পরিস্থিতির উন্নয়নের উপর জোর দেয়ার কথা বলেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, কোন রকমের বিলম্ব ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠার দরকার এবং এজন্য তিনি বেশকিছু আপসরফারও ইঙ্গিত দেন। এজন্য তিনি ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান গ্রহণের সম্ভাবনার কথা বলেছেন তবে তার দেশের জন্য কার্যকর নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন। পাশাপাশি তিনি দোনবাস এলাকার মর্যাদার প্রশ্নেও ছাড় দেয়ার ইঙ্গিত দিয়েছেন।

এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এ পর্যন্ত বেশ কয়েক দফা শান্তি আলোচনা বেলারুশে অনুষ্ঠিত হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট ফলাফল পাওয়া যায়নি। এছাড়া গত ১০ মার্চ তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আন্টালিয়াতে রাশিয়ান এবং ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়।

বগুড়া শেরপুর উপজেলা ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ফারুক ও সম্পাদক সুলতান নির্বাচিত

বগুড়া প্রতিনিধি: বগুড়া শেরপুরে নয় বছর পরে ২৮ মার্চ সোমবার দুপুরে বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ও সাঃ সম্পাদক পদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অর্নাস কলেজ প্রাঙ্গনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এসএম কামাল হোসেন।

সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ত্রি-বার্ষিক ওই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. মজিবর রহমান মজনু। আর প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান, বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রদীপ কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু, এ্যাড-জাকির হোসেন নবাব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি।

এছাড়া স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. গোলাম ফারুক, মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজামাল সিরাজী, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, উপজেলা আ.লীগের সাংগঠনিক বদরুল ইসলাম পোদ্দার ববি, যুগ্ম সম্পাদক আলহাজ্ব সারোয়ার রহমান মিন্টু, শামীম ইফতেখার শামিম, শহর আ.লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ মো. মকবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রেজাউল করিম সিপ্লব, সাধারণ সম্পাদক নূরে আলম সানি, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভ, সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সম্পাদকগণ বক্তব্য রাখেন।

এদিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে পাঁচজন প্রার্থীর মধ্যে সমঝোতার ভিত্তিতে বগুড়া জেলা আওয়ামীলীগের সদস্য, উপজেলা আ.লীগের সহ-সভাপতি এ্যাড. গোলাম ফারুক শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। তবে সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি এর মধ্যে সমঝোতা না হওয়ায় কাউন্সিলরদের মাধ্যমে প্রত্যক্ষ ভোটগ্রহণের প্রক্রিয়া শুরু হয়। এতে বদরুল ইসলাম পোদ্দার ববি (মাছ প্রতিক) ও সুলতান মাহমুদ (দেওয়াল ঘড়ি প্রতিকে) ভোট যুদ্ধে অবতীর্ণ হয়। কাউন্সিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ১২টি ইউনিটের ৪২৩ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সাধারণ সম্পাদক পদে ৩৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। অপর প্রতিদ্বন্দ্বি উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি পেয়েছেন ৫৭ ভোট।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। উক্ত সম্মেলন আনন্দময় ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

আত্রাইয়ে উন্নত প্রযুক্তিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ উন্নত পদ্ধতিতে মাছ চাষ, চাষের কলাকৌশল, মাছ চাষের ব্যবস্থাপত্র, পুকুরের সাধারণ সমস্যা ও সমাধান মাছ চাষ শুরু করার আগে প্রয়োজন প্রয়োজনীয় সঠিক পরিকল্পনা। কী মাছ চাষ করা হবে, চাষের মেয়াদ কতদিন হবে, কখন বাজার জাত করা হবে এবং এ জন্য মোট কত খরচ হতে পারে, অর্থ খরচ কি ভাবে হবে সঠিক পরিকল্পনা, বর্ষায় বন্যার হুমকি, পুকুর পাড়ের ঢাল, শুস্ক মৌসুমে পানি কতটা থাকে, পানি হ্রাস পেলে বাইরে থেকে পানি দেয়ার ব্যবস্থা আছে কি না ইত্যাদি বিষয়ে সঠিক ধারণা রাখা। চাষ শুরু করার আগে বা মাছের পোনা ছাড়ার আগে সঠিক নিয়মে পুকুর তৈরীর বিজ্ঞান ও পরিবেশ সম্মত মাছ চাষের লক্ষে নওগাঁর আত্রাইয়ে দুই দিন ব্যাপী রাজশাহী বিভাগের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের উন্নত প্রযুক্তিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (২৮ মার্চ) সকালে আত্রাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকতার কার্যালয়ের কাম- কমিউনিটি সেন্টারে মৎস্য অফিসের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের প্রথম দিন ক্লাশ নেন,জেলা মৎস্য অফিসার ড.মোঃ আমিমূল এহসান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার,আত্রাই শ্রী পলাশ দেবনাথ, উপজেলা ক্ষেত্রসহকারী মোঃ মাহবুবুর রহমান প্রমূখ।

মৌলভীবাজারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের শুভ উদ্বোধন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: ‘স্মার্টফোনে আসক্তি : পড়াশোনার ক্ষতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে জেলা প্রশাসন মৌলভীবাজারের আয়োজনে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে, ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- ২০২২ এর শুভ উদ্ধোধন করা হয়েছে।

সোমবার (২৮ মার্চ )  সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- ২০২২ এর শুভ উদ্ধোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তাগণ।

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ আয়োজনের উপর গুরুত্বারোপ করে বলেন, বিজ্ঞানের বিষ্ময়কর আবিষ্কার এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতিগুলো জনসাধারণ ও শিক্ষার্থীদের দেখিয়ে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত করে তুলতে হবে।

তিনি স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করে বলেন, আমাদের সন্তানদের বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি এর অতিরিক্ত ব্যবহারের বিষয়ে সচেতন থাকতে হবে।

বক্তব্য শেষে জেলা পুলিশ সুপার অন্যান্য অতিথিদের সাথে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২২ এ অংশ নেওয়া ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

নেত্রকোনার কেন্দুয়া পশু হাসপাতালে ১১ পদের মধ্যে ৯ পদই শূণ্য

নেত্রকোনা প্রতিনিধিঃ কোনরকম জোড়াতালি দিয়ে চলছে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কার্যক্রম। চলতি বছর শুরু থেকে থেকে হাসপাতালটির সেবার মান অচলাবস্থা দেখা দিলেও শূন্য পদ পূরণে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না প্রশাসনের কেউ।

এদিকে প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, কেন্দুয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে মঞ্জুরিকৃত পদ রয়েছে ১১ জন। মঞ্জুরিকৃত পদগুলো হলো প্রাণিসম্পাদ কর্মকর্তা ০১ জন, ভেটেরিনারি সার্জন ০১ জন, এসএএল প্রশাসন ০১জন, এসএএল সম্প্রসারণ ৩ জন, এসএএল প্রাণিস্বাস্থ্য ০১ জন, এসএএল উৎপাদন ০১জন, অফিস সহকারি ০১জন,ড্রেসার ০১ জন, অফিস সহায়ক ০১ জন। এরমধ্যে কর্মরত রয়েছেন লাইফস্টক এসিস্ট্যান্ড (কম্পাউন্ডার) ও ড্রেসআর কর্মরত আছেন। ১১ পদের মধ্যে ৯ টি পদ শূণ্য থাকায় কেন্দুয়া পশু হাসপাতালটি এখন নিজেই অসুস্থ।

জেলার সর্ববৃহৎ কেন্দুয়া উপজেলা কেন্দুয়া। পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে কয়েকশতাধিক পশু-পাখি,হাঁস ও বয়লার খামার রয়েছে। তাছাড়াও কৃষি নির্ভর এলাকা থাকায় প্রতিট ঘরে ঘরে রয়েছে গৃহপালিত পশু হাস-মুগরী। এসব খামারে কর্ম করে হাজারো মানুষের জীবিকা করে থাকেন। এই বিশাল জনগোষ্ঠী এলাকায় ৩ মাস ধরে নেই কোন পশু চিকিৎসক। প্রতিদিন কৃষক ও খামারীরা তাদের বিভিন্ন রোগে আক্রান্ত পুশু নিয়ে হাসপাতালে এসে বিনা চিকিৎসায় ফিরে যেতে হয়। প্রতিদিন ৩৫/৪০ টি গরুকে প্রজনন বীজ দেয়া হয়ে থাকে। এছাড়াও অসংখ্য সমস্যা বিদ্যমান রয়েছে ওই হাসপাতালটিতে।

এদিকে বর্তমানে হাসপাতালের কর্মরত ওই দুই জন কর্মচারী ও অবসরে চলে যাওয়া উপসহকারি প্রজনন একজনকে দিয়ে জোড়াতালির মাধ্যমে সামলানো হচ্ছে দপ্তরের যাবতীয় কার্যক্রম। অন্যদিকে পশু চিকিৎসক-সংকটে গ্রামের মানুষ বেশির ভাগ ক্ষেত্রেই কৃত্রিম প্রজননে প্রশিক্ষণ নেওয়া স্বেচ্ছাসেবীদের কাছ থেকে গবাদিপশুর চিকিৎসা নিচ্ছেন। এতে অনেক কৃষকই গবাদিপশুর সুষম চিকিৎসা পাচ্ছেন না। কিন্তু টাকার অপচয় ও ক্ষতিগ্রস্ত হচ্ছে ঠিকই।

অবসরে চলে যাওয়া উপসহকারি প্রজনন লুৎফর রহমান জানান, কয়েক মাস আগে তিনি অবসরে গেছেন হাসপাতালটি অচলাবস্থা দেখে মাঝে মধ্যে সময় দেন। প্রতিদিন অন্তত: ৩৫/৪০ টি গরুকে বীজ দেয়ার কৃষকেরা হাসপাতাল আসে। এখন আর আগের মত কাজ করতে পারিনা। পরিশ্রম লাগে। হাসপাতাল লোক না থায় কষ্ট হলেও আসি। বেজগাও গ্রামের ইদ্রিস মিয়া জানান,তার অসুস্থ গরুটি নিয়ে প্রায় দুই ঘন্টা আগে হাসপাতাল আসছিলেন কিন্তু চিকিৎসা না পেয়ে অবশেষ বাড়ি ফিরে যান।

মোজাফরপুর ইউনিয়নে মিজানুর রহমান ভূঁইয়া জানান, তাঁর একটি ছোট-খাটো গরুর খামার রয়েছে। প্রায়ই গরু গুলোর অসুস্থ হলে অন্য উপজেলা গিয়ে চিকিৎসা করাতে হয়। হাসপাতাল চিকিৎসকসহ অন্যান্য পদ শূণ্য থাকায় অচলাবস্থা দেখা দিয়েছে বিষয়টি স্থানীয় এমপি অসীম কুমার উকিল ও উর্ধতন কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন তিনি।

ইউনিয়ন প্রজনন স্বেচ্ছাসেবীরা বলেন,গবাদি পশু প্রজনন কাজে অনেক সময় সমস্য দেখা দেয় তখন আমরা খুব বেকায়দা পড়ি। বড় উপজেলা হিসেবে গবাদি পশুসহ বয়লার খামার সংখ্যা অন্য উপজেলা বেশি। হাসপাতালে চিকিৎসক পদ শূন্য থাকায় খামারী ও সাধারণ কৃষকেরা মারাত্মক ক্ষতি মধ্যে আছেন। বিষয়টি উর্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি কামানা করেন তিনি।

এ ব্যাপারে কেন্দুয়া পশু হাসপাতালের দ্বায়িত্বে থাকা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রিজভী আহমেদ বলেন, প্রাণিসম্পদ বিভাগে নতুন নিয়োগ হচ্ছে না। আমরা লোকবল নিয়োগের জন্য আবেদন জানাচ্ছি। কিন্তু মন্ত্রণালয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে ব্যবস্থা না নিলে আমাদের কিছুই করার নেই। নতুন লোকবল নিয়োগ হলে এই সমস্যা থাকতো না।

কুমিল্লায় ১১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লায় দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ এর দল। সোমবার (২৮ মার্চ) সকালে জেলার চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলা থেকে আটক করা হয়।

আটককৃতরা হলো-দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার আন্দলগ্রাম নয়াপাড়া গ্রামের মৃত মোঃ ইদ্রিস আলী এর ছেলে মোঃ ফারুক হোসেন (৩৭), একই গ্রামের মৃত রেজাউল করিম এর ছেলে মোঃ রাজু (২২) ও মোঃ আকবর আলীর ছেলে মোঃ তাহাজুল ইসলাম (২২) এবং কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানার নুনিয়াচড়া গ্রামের মোঃ খলিল আহম্মেদ এর ছেলে মোঃ আনিসুর রহমান (১৯)।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

র‌্যাব জানায়- গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সুয়াগাজী এলাকায় র‌্যাব বিশেষ অভিযান চালায়। এ সময় সাড়ে ১৪ কেজি গাঁজাসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এদিকে একই দিন অপর এক অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম উপজেলায় বিশেষ অভিযান চালায় র‌্যাব। উক্ত অভিযানে ১০১ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান- বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশর বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ মডেল থানায় মাদক মামলা হয়েছে। আসামীদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবেও তিনি জানান।

ক্যানসারে আক্রান্ত অসহায় জায়েদার জীবন বাঁচাতে এগিয়ে আসুন

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধি: দারিদ্র্যের কষাঘাতে দূর্বিষাহ জীবনযাপন করছেন ৬৫ বছর বয়সী বিধবা নারী জায়েদা। ২৫ বছর আগে স্বামীর অকাল মৃত্যুতে বিধবা হয়েছেন তিনি। স্বামীর পরিবারের কেউ না থাকায় তিনি স্বামীর মৃত্যুর পরে বাবার বাড়িতে চলে আসেন।দরিদ্র পিতামাতা তাদের মেয়েকে রক্তের টানে দূরে ঠেলে না দিয়ে নিজ ভিটায় তুলে দিয়েছেন একটি ছোট্ট ঘর। বসবাসের ঘরটা তাও আবার ভাই করম আলীর জায়গায়। কিন্তু তিনি আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যানসার। ব্যয়বহুল চিকিৎসার খরচ মেটানোর কেউ নেই তার।

জায়েদা মুরাদনগর উপজেলার ১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়নের গুনজর গ্রামের ১নং ওয়ার্ডের বিলকান্দা আলগাবাড়ীর করম আলীর বোন। দরিদ্র পরিবারের এই বিধবা নারীর কোন ছেলে মেয়ে নাই।

জানতে চাইলে জায়েদা ডিজিটাল বাংলা নিউজ কে জানান, একটি বিধবা ভাতার কার্ডের জন্য ২৫ বছর অপেক্ষায় রয়েছি। কেউ একটু খোঁজ নিয়েও দেখেনি।

জায়েদার অসহায় ভাই করম আলীর সঙ্গে কথা বলে জানা যায়, এই রোগের জন্য অনেক টাকা খরচ করতে হবে। এত খরচ আমাদের পক্ষে বহন করা অসম্ভব।ফলে জায়েদার চিকিৎসা চালানো আমাদের পক্ষে সম্ভব না।

এমতাবস্থায় জায়েদার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীসহ সকল হৃদয়বান ও বিত্তবান ব্যক্তির আন্তরিক সহযোগীতা কামনা করেছেন তিনি।

চীনের সাংহাইতে ক্রমান্বয়ে করোনা সংক্রমণ বৃদ্ধিতে লকডাউন ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের বাণিজ্যিক নগরী সাংহাইতে ক্রমান্বয়ে করোনা সংক্রমণ বৃদ্ধিতে লকডাউন ঘোষণা করা হয়েছে। শহর বন্ধ রেখে ব্যাপকভাবে করোনা পরীক্ষা করবে কর্তৃপক্ষ। গত এক মাস ধরে সাংহাইতে ক্রমান্বয়ে করোনা সংক্রমণ বৃদ্ধির দরুণ এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

তবে করোনা আক্রান্তের সংখ্যা যে খুব বেশি তা কিন্তু নয়। তারপরেও এই গুরুত্বপূর্ণ শিল্পশহর বন্ধ রেখে বাসিন্দাদের করোনা পরীক্ষা করা হবে।

সাংহাইতে দুই কোটি ৫০ লাখ মানুষের বসবাস। এতদিন পর্যন্ত কর্তৃপক্ষ এখানে লকডাউন জারি করার সিদ্ধান্ত নেয়নি। পরিস্থিতি খারাপ হচ্ছে দেখে এবার নেওয়া হলো। রাস্তায় যানবাহন চলবে না। কারখানা ও অফিস বন্ধ থাকবে। বাড়ি থেকে কাজ করা যেতে পারে।  করোনা মোকাবিলায় এই সিদ্ধান্ত সমর্থন করার জন্য শহরের বাসিন্দাদের প্রতি আবেদন জানানো হয়েছে।

এর আগে চীনে একটা গোটা এলাকা লকডাউন হয়েছে। কিন্তু মানুষ এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে পেরেছেন। সাংহাইয়ের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি। আজ পর্যন্ত সাংহাইয়ের মতো এত বড় শহরে লকডাউন করা হয়নি। তাছাড়া সাংহাই হলো চীনের বাণিজ্যিক রাজধানী। এখানে লকডাউনের প্রভাব অনেক বেশি হতে বাধ্য। আর তাই চীন এখন ওমিক্রন ভাইরাসের মোকাবিলায় কোনো ঝুঁকি নিতে চায় না।

এদিকে এতদিন চীনা কর্তৃপক্ষ জানাচ্ছিলেন, অর্থনীতির স্বার্থেই এই শহর চালু রাখা জরুরি। এখন দুই পর্বে লকডাউন ঘোষণা করা হলো। অর্ধেক শহরে এক পর্বে। বাকি অর্ধেকে অন্য পর্বে।

উল্লেখ্য, সাংহাইতে শহরের পূবদিকের অংশে সোমবার থেকে ১ এপ্রিল পর্যন্ত লকডাউন থাকবে। পশ্চিম অংশে লকডাউন কার্যকর হবে ১ থেকে ৫ এপ্রিল। চীনে অবশ্য অন্য শহরে করোনা আক্রান্তের সংখ্যা কম থাকলেও লকডাউন জারি করা হয়েছে। সূত্র : ডয়চে ভেলে।

দেশের ছয় বিভাগে আজও ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সিএনবিডি ডেস্কঃ দেশের ছয় বিভাগে আজ সোমবার (২৮ মার্চ) ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে সেসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া দিনের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এর আগে গতকাল রবিবার সন্ধ্যা থেকে রাতে পর্যন্ত ঢাকাসহ আশপাশের অঞ্চলগুলোতে ঝড়-বৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তর সুত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়োহাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এছাড়া আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

৯৪তম অস্কার হাতে পেল যারা

সিএনবিডি ডেস্কঃ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনের মধ্যদিয়ে এবারের ৯৪তম অস্কারের আসর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় রোববার (২৮ মার্চ) সকাল ৬টায় শুরু হয় চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক এ পুরস্কার প্রদান অনুষ্ঠান।

পুরস্কার প্রদান অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিনা হল, এমি শামার ও ওয়ান্ডা স্কাইস। কোভিডবিধি মেনে অনুষ্ঠিত হলো এবারের অস্কার। যদিও এবারের প্রথম ৮টি পুরস্কার দেওয়া হল অনলাইনে। আর সে কারণেই অনুষ্ঠানটির দৈর্ঘ্য এবার কম।

এক নজরে এবারের ৯৪তম অস্কার পুরস্কার প্রাপ্তদের তালিকাঃ

  • সেরা সিনেমা ও সেরা অনূদিত (অ্যাডাপ্টেড) চিত্রনাট্য: কোডা
  • সেরা পরিচালক: জেন ক্যাম্পিয়ন
  • সেরা অভিনেতা: উইল স্মিথ
  • সেরা অভিনেত্রী: জেসিকা চ্যাস্টেইন
  • সেরা সহ-অভিনেতা: ট্রয় কটসার
  • সেরা সহ-অভিনেত্রী: আরিয়ানা ডিবোস
  • সেরা এনিমেটেড সিনেমা: অ্যানচ্যান্টো
  • সেরা মৌলিক গান: নো টাইম টু ডাই
  • সেরা মৌলিক চিত্রনাট্য: বেলফাস্ট
  • সেরা রূপসজ্জা ও কেশসজ্জা: দ্য আইজ অব দ্য টেমি ফে
  • প্রোডাকশন ডিজাইন, ভিজ্যুয়াল ইফেক্ট, সিনেমাটোগ্রাফি, সাউন্ড ও সম্পাদনা: ডুন
  • মৌলিক সঙ্গীত: ডুন
  • সেরা আন্তর্জাতিক সিনেমা: ড্রাইভ মাই কার (জাপান)
  • সেরা ডকুমেন্টারি: সামার অব সৌল
  • শর্ট ডকুমেন্টারি: দ্য কুইন অব বাস্কেটবলর
  • লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য লং গুডবাই
  • অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য উইন্ডশিল্ড ওয়াইপার
  • কস্টিউম ডিজাইন: ক্রুয়েলা।