পুরান ঢাকার ইসলামপুরে রয়েল টাওয়ারে আগুন

অনলাইন ডেস্কঃ রাজধানীর পুরান ঢাকার ইসলামপুরে রয়েল টাওয়ার নামে একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এর আগে সোমবার (২৮ মার্চ) দুপুর ২টা ১০ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস প্রথমে ৬টি ইউনিট ঘটনাস্থলে পাঠায়। এরপর আরও দুই ইউনিট সেখানে যোগ দেয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রয়েল টাওয়ারে দুপুর ২টা ১০ মিনিটে আগুন লাগে। ৩০ মিনিট পর ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও কোন হতাহত হয়েছে কিনা তা জানতে পারিনি। তদন্তের আগে ক্ষয়ক্ষতির হিসাবও বলা সম্ভব হচ্ছে না।

বেনাপোল বন্দরে বোমাবাজি ও গুলিবর্ষণে বন্ধ আমদানি-রফতানি

অনলাইন ডেস্কঃ বেনাপোল বন্দরে হ্যান্ডলিং শ্রমিকদের দুই পক্ষের আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে বহিরাগত দুর্বৃত্তদের মুহূর্মুহু বোমা হামলায় গুরুতর আহত হয়েছেন পথচারীসহ বন্দরের ২০ শ্রমিক। এ ঘটনায় বন্দর দিয়ে দু’দেশের মধ্যে বন্ধ হয়ে গেছে আমদানি-রফতানি বাণিজ্যসহ পণ্য খালাস প্রক্রিয়া। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।

আজ সোমবার (২৮ মার্চ) সকালে কোনো কিছু বুঝে ওঠার আগেই একদল দুর্বৃত্ত বন্দরের হ্যান্ডলিং কার্যক্রম দখলে নিতে শ্রমিক সংগঠনের অফিসের সামনে মুহূর্মুহু বোমা হামলা শুরু করে।

জানা গেছে, স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সম্পাদক ও বেনাপোল পৌর কাউন্সিলর রাশেদ আলীর নেতৃত্বে বহিরাগত একটি দলের মধ্যে এই বোমাবাজির ঘটনা ঘটে। এসময়ে শতাধিক শক্তিশালী হাতবোমার বিস্ফোরণ ঘটায় তারা। আতংকিত হয়ে বন্দরে কর্মরত কাস্টমস, বন্দর, সিএন্ডএফ এজেন্ট, ট্রান্সপোর্ট কর্মচারি ও সাধারণ পথচারিরা ছোটাছুটি করতে থাকেন। প্রায় ৩ ঘন্টা বন্ধ থাকে বেনাপোল-কলকাতা সড়ক। বন্দর ও আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যায় লোকজন।

সুত্রে আরো জানা গেছে, দলীয় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। বর্তমানে বন্দরের নিয়ন্ত্রণ রয়েছে এমপি সমর্থকদের হাতে।

এ ঘটনায় আজিজুর রহমান ও আলী হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর ফলে সকাল ১১টা থেকে বন্ধ রয়েছে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম।

এদিকে যশোরের নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান জানান, বন্দরে দুটি শ্রমিক সংগঠনের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।  প্রাথমিক তদন্তে জানা গেছে, রাশেদ কাউন্সিলর এর নেতৃত্বে বন্দরে বোমা হামলা করা হয়েছে। আমারা ৩ জনকে আটক করেছি।

ঠাকুরগাঁওয়ে কোভিট-১৯ প্রতিরোধ বিষয়ক মিডিয়া ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কোভিড-১৯ মোকাবেলায়  অর্জিত অভিজ্ঞতা নিয়ে মিডিয়া ক্যাম্পেইন ( মতবিনিময় সভা) অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সোমবার (২৮ মার্চ) সকাল ১১ টায় পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে মানব কল্যাণ পরিষদ এমকেপির আয়োজনে ও দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় “ ইনসিওরিং পিপলস্ পার্টিসিপেশন অন পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট পলিসি অফ কোভিড-১৯ সিচিউয়েশন ইন নর্দান বাংলাদেশ” প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল।

এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র কো-অর্ডিনেটর  সাদেকুল ইসলামের, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, এমকেপি’র রিসার্চ অফিসার রাকিবা ইয়াসমিন,  প্রজেক্ট অফিসার অপু রাণী রায়, এসিস্ট্যান্ট অফিসার তমিজুল ইসলাম, শামীমা নাসরিন প্রমুখ।

এছাড়াও কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় অর্জিত বাস্তব অভিজ্ঞতা সমূহ ভিডিও চিত্র প্রদর্শের মাধ্যমে উপস্থাপন করা হয়।

এসময় পীরগঞ্জ  উপজেলায় বিভিন্ন ইউনিয়নে কোভিড-১৯ মোকাবেলায় সমস্যা চিহ্নিত করে বিভিন্ন দল গঠন, তথ্য কেন্দ্র স্থাপন, বিভিন্ন সুপারিশমালা প্রণয়ন, কর্মশালা আয়োজনের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন অর্জন সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনার মধ্যে বক্তাগণ বলেন যে, করোনা এখনো শেষ হয়নি। যে কোন সময়ে ভিন্নরুপে এটির প্রকটতা বৃদ্ধি পেতে পারে। সে ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধিমুলক এ রকম কার্যক্রম অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন।

এসময় মিডিয়া ক্যাম্পেইনে উপজেলার কর্মরত গণমাধ্যমকর্মী ও ক্যাম্পেইন প্রকল্পের সাথে জড়িত সকলেই উপস্থিত ছিলেন।

শেরপুরে মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন

নূর মোহাম্মদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর মডেল প্রেসক্লাবের পুর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) বিকালে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ (দুই) বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

এতে সভাপতি হিসাবে মো. শাহাদৎ হোসেন (দৈনিক মাতৃভাষা) ও সাধারণ সম্পাদক হিসাবে মো. নাহিদ আল মালেক (দৈনিক ভোরের কাগজ) কে  নির্বাচিত করা হয়।

এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি মো. শাহআলম ফিরোজ (দৈনিক দুর্জয় বাংলা), যুগ্ম সম্পাদক আবু রায়হান রানা (দৈনিক কালের খবর ও গাবতলী সংবাদ), সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম (দৈনিক আমাদের অর্থনীতি), দপ্তর সম্পাদক মো. আব্দুল খালিদ তরুন (দৈনিক একুশের বাণী), সাহিত্য সম্পাদক মো. মমিনুল ইসলাম (দৈনিক ঢাকা), নির্বাহী সদস্য সাকিল মাহমুদ শামীম (দৈনিক মহাস্থান) ও মো. আব্দুল ওয়াহাব (দৈনিক ভোরের সময়)।

সংগঠনের সাবেক সভাপতি মো.সাকিল মাহমুদ শামীম জানান, সাধারণ সভায় ২২ জন সদস্যের ১৭ জন উপস্থিত ছিলেন। তাদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

রাণীশংকৈল উপজেলা বিএনপি’র সম্মেলন স্থগিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে রবিবার ২৭ মার্চ উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সম্মেলন চলাকালে দ্বিতীয় পর্বে প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান সম্মেলন স্থগিত ঘোষণা করেন।

এদিন সকাল ১১ টায় উপজেলা বিএনপির সভাপতি আইনুল হকের সভাপতিত্বে  সম্মেলন শুরু হয়। এতে জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান প্রধান অতিথি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন প্রধান বক্তা এবং ঠাকুরগাঁও-৩ সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও সম্মেলনে জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রুশ আগ্রাসনে ইউক্রেনে ১২ জন সাংবাদিক নিহত : ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১২ জন সাংবাদিক নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটি।  ইউক্রেনের। রোববার (২৭ মার্চ) আলজাজিরার এক লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়।

ইউক্রেনের প্রধান প্রসিকিউটর ইরিনা ভেনেডিক্টোভা বলেছেন, রুশ আগ্রাসনে ইউক্রেনে ১২ জন সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও রাশিয়ার গণমাধ্যমকর্মী এবং আহতদের মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, সুইজারল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের সাংবাদিকরাও রয়েছে।

আলজাজিরা তাদের এক প্রতিবেদনে বলেছে, এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি ইরিনা ভেনেডিক্টোভা।

উল্লেখ্য, গত মাসের ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে সামরিক হামলা শুরু করে। মূলত, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনের তোড়জোড় করাকেই এ আগ্রাসনের মূল কারন হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকরা।

এ দিকে চলমান এই যুদ্ধে ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন প্রায় ৩৯ লাখ মানুষ। যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা এবং রাশিয়ার ১৬ হাজার ৪০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের ১ হাজার ৩৫১ সেনা নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন। এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনের এক হাজার ৮০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সূত্র : আলজাজিরা।

ডায়াবেটিসের নতুন কারণ আবিষ্কার করলো বাংলাদেশি বিজ্ঞানীরা

সিএনবিডি ডেস্কঃ সাধারণত মানুষের ডায়াবেটিস অনেক কারণেই হতে পারে। সময়ের ব্যবধানে এর কারনগুলোও জানা গেছে। তবে এবার ডায়াবেটিস হওয়ার পেছনে নতুন এক নতুন কারণ আবিষ্কার করেছে বাংলাদেশি বিজ্ঞানীরা। মানবদেহে ইন্টেস্টিনাল অ্যালকেলাইন ফসফেটাস (আইএপি) কমে যাওয়ার কারণে ডায়াবেটিস হয় বলে জানিয়েছেন তারা। গত কয়েকদিন আগে রাজধানীর বারডেম হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এ আবিষ্কারের কথা তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, গবেষণার মাধ্যমে ডায়াবেটিসের নতুন যে কারণ আবিষ্কার করা হয়েছে, সেটি হলো— আইএপি কমে যাওয়া। আর আইএপি কমে যাওয়া ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণ। আবিষ্কারের এ বিষয় ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসায় বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।

বিশ্বে ৪৬ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এর মধ্যে বাংলাদেশে রোগীর সংখ্যা ৮৬ লাখেরও বেশি। ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার মূল কারণ আবিষ্কারের দাবি করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারী অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক ডা. মধু এস মালো ও জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে একদল গবেষক।

প্রধান গবেষক মধু এস মালো জানান, গত ৫ বছরে ৩০-৬০ বছর বয়সি ৫৭৪ জন মানুষের ওপর গবেষণা করে ডায়াবেটিসের এই নতুন কারণ সম্পর্কে জানা গেছে। গবেষণার ফল ইতোমধ্যে ব্রিটিশ মেডিকেল জার্নালে ছাপা হয়েছে।

কয়েক দশক ধরে অন্যান্য গবেষক প্রতিষ্ঠা করেছেন যে ডায়াবেটিসের প্রত্যক্ষ কারণ হলো টক্সিন নিয়ন্ত্রিত নিম্ন গ্রেডের সিস্টেমিক প্রদাহ। যার ফলে গ্লুকোজ নিয়ন্ত্রণকারী হরমোন ইনসুলিন উৎপাদন ও কার্যক্ষমতা কমে যায় এবং রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস হয়।

মধু এস মালো জানান, মানবদেহের অন্ত্রে থাকা মৃত ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের অংশ টক্সিন (এন্ডোটক্সিন) হিসেবে কাজ করে। এ টক্সিন সাধারণত মলের সঙ্গে বেরিয়ে যায়। তবে উচ্চচর্বিযুক্ত খাবার, ফ্রুকটোজ বা অ্যালকোহল টক্সিনকে রক্তে প্রবেশে সহায়তা করে। ফলে নিম্ন গ্রেডের সিস্টেমিক প্রদাহের সৃষ্টি হয়। যার ফলে ডায়াবেটিস হতে পারে। মানবদেহের অন্ত্রে থাকা আইএপি এনজাইম এ টক্সিনকে ধ্বংস করে দেয়। এ এনজাইমের ঘাটতি হলে অন্ত্রে অতিরিক্ত টক্সিন জমা হয়। এ টক্সিন রক্তে ঢুকে সিস্টেমিক প্রদাহ সৃষ্টি করে। এতে একদিকে যেমন ডায়াবেটিস হতে পারে, তেমনি ইসকেমিক হার্ট ডিজিজও হতে পারে। কেননা ইসকেমিক হার্ট ডিজিজেরও অন্যতম কারণ সিস্টেমিক প্রদাহ।

তিনি আরও জানান, যাদের আইএপি লেভেল বেশি, তাদের ঝুঁকি কম। আবার যাদের আইএপি কম, তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি। দেহে আইএপি কম হলে হার্ট ডিজিজও হতে পারে। কোলেস্টেরল বেড়ে যায়।

গবেষণায় দেখা যায়, যাদের শরীরে এ এনজাইম বেশি থাকে, তাদের তুলনায় যাদের কম থাকে তাদের ডায়াবেটিস হওয়ার হার ১৩ দশমিক ৮ গুণ বেশি। অল্পবয়সীদের যাদের অন্ত্রে এ এনজাইম দ্রুত কমতে থাকে, তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি ৭ দশমিক ৩ গুণ বেশি। যাদের অন্ত্রে এ এনজাইম কম ছিল এবং পরে বেড়েছে, তাদের ডায়াবেটিস হয়নি। এনজাইমটি যাদের অন্ত্রে কম ছিল, তাদের ফাস্টিং সুগার বৃদ্ধির মাত্রা প্রায় দ্বিগুণ। এনজাইমের মাত্রা বেশি হলে স্থূল ব্যক্তিদের ডায়াবেটিস হয় না। যাদের দেহে এ এনজাইমের পরিমাণ কম, তাদের এনজাইম খাওয়ানো সম্ভব হলে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। বর্তমানে গবেষকরা এনজাইমটি তৈরির চেষ্টা করছেন।

সংবাদ সম্মেলনে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ডা. একে আজাদ খান জানান, যাদের আইএপি কমে যায়, তাদের ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেশি। এটি একটি যুগান্তকারী আবিষ্কার। এই আবিষ্কার থেকে বোঝা যায়, বাংলাদেশের বিজ্ঞানীরাও বড় কাজ করতে সক্ষম। ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার অনেক কারণ রয়েছে। তার মধ্যে প্রধান কারণই হলো আইএপি লেভেল বেড়ে যাওয়া। এছাড়া মুটিয়ে যাওয়া, শারীরিক অ্যাক্টিভিটি কমে যাওয়া, ইনসুলিন রেজিস্ট্যান্ট হওয়া অন্যতম। দেশে ১৫ শতাংশ ডায়াবেটিস হয় বংশগত (জেনেটিক) কারণে। যেগুলো রোধে আমাদের কিছুই করার নেই। তবে বাকি ৮৫ শতাংশই আইএপি-সংক্রান্ত কারণে হয়।

গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন বারডেম, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির একদল গবেষক।

জাতীয় লাউয়াছড়া যেন বন্য প্রাণীর মরন ফাঁদ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : বৃহত্তর সিলেটের সমৃদ্ধ বনাঞ্চল লাউয়াছড়া জাতীয় উদ্যান। আন্তর্জাতিক এবং বাংলাদেশের অবস্থায় এই উদ্যানে মহাবিপন্ন, বিপন্ন এবং বিরল অনেক বন্যপ্রাণীদের আবাসস্থল। শুধুমাত্র বন্যপ্রাণীদের জন্য উপকারী এবং কল্যাণমুখী সিদ্ধান্তের অভাবে রেল লাইন এবং পাকা সড়কে পিষ্ট হয়ে অবলীলায় মারা পড়ছে দেশের বন্যপ্রাণী। সম্প্রতি এর সঙ্গে যোগ হয়েছে বৈদ্যুতিক তারে ঝুলে লাউয়াছড়ায় বন্যপ্রাণীদের মারা যাওয়ার সচিত্র তথ্য।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে প্রায় ১০ কিলোমিটার এবং সংলগ্ন এলাকায় ২০ থেকে ৩০ কিলোমিটার জুড়ে বিদ্যুতের খোলা তারের লাইন রয়েছে। এই তারে স্পৃষ্ট হয়ে প্রায়ই বন্যপ্রাণী মারা পড়ছে। এর সবগুলোই গাছে গাছে ঘুরতে গিয়ে উদ্যানের ভেতর ও উদ্যান-সংলগ্ন এলাকার বিদ্যুতের খোলা তারে স্পৃষ্ট হয়ে প্রায়ই আহত হচ্ছে ও নির্মমভাবে মারা পড়ছে।

সূত্র আরও জানায়, গত এক বছরে লাউয়াছড়া জাতীয় উদ্যান ও উদ্যান-সংলগ্ন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর (Bengal Slow Loris), মুখপোড়া হনুমান (Capped Langur), চশমাপরা হনুমান (Phayer’s Langur) সহ প্রায় অর্ধ ডজন বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। মৃত্যু রোধে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতিকে খোলা তারের পরিবর্তে আবরণযুক্ত তার প্রতিস্থাপনের জন্য চিঠি দিয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বলেন, ‘চলতি বছর মার্চের প্রথম সপ্তাহে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি চশমাপরা হনুমানের মৃত্যু হয়। হনুমানটির সঙ্গে ছিল তার ছোট্ট বাচ্চা। বাচ্চাটির বয়স প্রায় তিন-চার দিন হবে। মা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটিও এতিম হয়ে গেল। তারপর সেই হনুমান শাবকটিকে উদ্ধার করে জানকিছড়া রেসকিউ সেন্টারে নিয়ে আসা হয়। এর চারদিন পরে হনুমান শাবকটিও মারা যায়। আবরণজনিত বৈদ্যুতিক তার থাকলে এই অনাকাঙ্খিত মৃত্যুগুলো ঠেকানো সম্ভব হতো। ’

মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, গত বছর ২০২১ সালের শুরু থেকে চলতি বছর অর্থাৎ ২০২২ সালের মার্চ পর্যন্ত মোট ৭টি মহাবিপন্ন, সংকটাপন্ন, বিপন্ন বন্যপ্রাণী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি লাউয়াছড়া সংলগ্ন ফুলবাড়ি চা-বাগান এলাকায় একটি এবং ২৬ ফেব্রুয়ারি কমলগঞ্জ উপজেলার রহিমপুর এলাকায় একটি চশমাপরা হনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

এছাড়াও ২০২১ সালের ৯ এপ্রিল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এলাকায় একটি লজ্জাবতী বানার, ১৮ জুন রামনগর এলাকায় একটি চশমাপরা হনুমান, ১৬ জুলাই কালাছড়া বিট অফিসের সামনে একটি মুখপোড়া হনুমান, ২৪ জুলাই ভিক্টোরিয়া স্কুলের সামনে একটি বানর ও ১৩ সেপ্টেম্বর আরেকটি বানরের মৃত্যু হয়।

চিঠি দেওয়ার বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, গত বছরের ১৪ সেপ্টেম্বর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ লাউয়াছড়া জাতীয় উদ্যান ও উদ্যানের পার্শ্ববর্তী লোকালয়ে বিদ্যমান বৈদ্যুতিক লাইনের আবরণবিহীন তারের পরিবর্তে রাবারের বা অন্য বিদ্যুৎ অপরিবাহী মাধ্যমের আবরণযুক্ত তার প্রতিস্থাপন করতে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক বরাবরে চিঠি দিয়েছিলাম।

মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতি মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী শাখাওয়াত হোসেন বলেন, আমি নিজে লাউয়াছড়া জাতীয় উদ্যানে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বন্যপ্রাণী মারা যাওয়ার স্থানগুলো সরেজমিনে দেখে এসেছি। এ বিষয়ে আমাদের পরিকল্পনা-প্রক্রিয়া চলমান আছে। আমি একটি কর্মপ্রস্তাবনা হেড অফিসে শিগগিরই পাঠাচ্ছি। সেখান থেকে অনুমোদন হয়ে আসলেই এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সংরক্ষণ সংঘ (আইইউসিএন), বাংলাদেশ এর ‘রেডলিস্ট’ অনুযায়ী চশমাপড়া হনুমান (Phayre’s Langur) বৈশ্বিক অবস্থায় ‘বিপন্ন’ এবং বাংলাদেশের অবস্থায় ‘মহাবিপন্ন’। লজ্জাবতী বানর (Bengal Slow Loris) বৈশ্বিক অবস্থায় ‘বিপন্ন’ এবং বাংলাদেশ অবস্থায় ‘মহাবিপন্ন’। লজ্জাবতী বানর (Bengal Slow Loris) বৈশ্বিক অবস্থায় এবং বাংলাদেশ অবস্থায় ‘বিপন্ন’। আর মুখপোড়া হনুমান (Capped Langur) বৈশ্বিক অবস্থায় ‘সংকটাপন্ন’ এবং বাংলাদেশ অবস্থায় ‘বিপন্ন’ তালিকাভুক্ত প্রাণী। এভাবে আর কিছু দিন চললে এই বনে বন্য প্রাণীর সংকট আরো ঘনীভূত হতে থাকবে যা পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় হুমকির মুখে পড়বে।

আফতাবগঞ্জে ল্যাম্বের কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক ওরিয়েন্টশন

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, স্কুল থেকে ঝড়ে পড়া পড়া, বাল্য বিবাহ, শিশু নির্যাতন ও যৌন হয়রানী প্রতিরোধে ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ মার্চ) দুপুরে বেসরকারী সংস্থা ল্যাম্বের এডলোসেন্ট এন্ড কমিউনিটি ট্রান্সফরমেশন প্রজেক্টের আয়োজনে শিবপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়।

শিবপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার  কমিটির সদস্য ও ল্যাম্পের টেকনিকেল অফিসার জয় হাসদা সহ আরও অনেকেই বক্তব্য সভায় বক্তব্য রাখেন।

ওরিয়েন্টশন সভায় শিক্ষার্থী অভিভাবক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।

চীনের ইস্টার্ন এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানের সকল যাত্রী নিহত হয়েছেন

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের ইস্টার্ন এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানের সকল যাত্রী নিহত হয়েছেন। অর্থাৎ বিমানটিতে থাকা ১৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। চীনের বেসামরিক বিমান চলাচল সংস্থার একজন কর্মকর্তা গতকাল শনিবার রাতে একথা ঘোষণা করেন।

এর আগে, গত ২১ মার্চ তেঙজিয়ান কাউন্টির গুয়াংজি ঝুয়াঙ স্বায়ত্তশাসিত এলাকার পার্বত্যাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়।

চীনের ন্যাশনাল ইমার্জেন্সি রেসপন্স কমান্ডের ডেপুটি কমান্ডার হু ঝেনজিয়াং গতকাল শনিবার রাতে  দুঃখ প্রকাশ করে বলেন, বিমানের ১২৩ যাত্রী এবং নয় ক্রুর সবাই নিহত হয়েছেন, কাউকেই জীবিত উদ্ধার করা যায় নি। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছিল ন্যাশনাল ইমার্জেন্সি রেসপন্স কমান্ড।

হু ঝেনজিয়াং আরো বলেন, এছাড়া বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে এখনও পরিষ্কার কোন কিছু জানা যায় নি। এরইমধ্যে বিমানের ব্ল্যাক বক্স, ফ্লাইট ডাটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করা হয়েছে। বিমান দুর্ঘটনা সম্পর্কে মাসখানেক পরে অন্তর্বর্তীকালীন রিপোর্ট পাওয়া যেতে পারে এবং পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পেতে বছর খানেক সময় অপেক্ষা করতে হবে।