‘কসাই’ পুতিনকে ক্ষমতা থেকে সরে যেতে হবে: বাইডেন

আন্তর্জাতিক ডেস্কঃ পোল্যান্ডে আশ্রয় নেয়া ইউক্রেনের একদল শরণার্থীর সঙ্গে কথা বলার সময় রুশ প্রেসিডেন্ট পুতিনকে ‘কসাই’ বলে আখ্যায়িত করে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার ক্ষমতায় থাকতে পারবেন না।

শনিবার রাতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’তে দেয়া এক বক্তব্যে এ মন্তব্য করেন।

অবশ্য বাইডেনের এই বক্তব্যের কিছুক্ষণ পর হোয়াইট হাউজের একজন কর্মকর্তা কিছুটা সুর নরম করেন। তিনি বলেন, ওয়ারশ’তে প্রেসিডেন্ট বাইডেন যে বক্তব্য দিয়েছেন তার অর্থ রাশিয়ার ক্ষমতায় পরিবর্তন আনা নয়।

গতমাসের শেষদিকে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর ওয়াশিংটন-মস্কো সম্পর্কে চরম উত্তেজনা দেখা দেয়।রাশিয়া ঘোষণা করেছে, ইউক্রেনে দেশটির সামরিক অভিযানের উদ্দেশ্য যুদ্ধ করা নয় বরং একটি বৃহৎ যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে এ অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান’ চালানোর ঘোষণা দেয়। আমেরিকাসহ ইউরোপীয় দেশগুলো কথিত ‘তৃতীয় বিশ্বযুদ্ধের’ আশঙ্কায় ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে না জড়ালেও কিয়েভকে কোটি কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করে যাচ্ছে।

এছাড়া, পশ্চিমারা ইউক্রনকে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে। বিশেষ করে স্যাটেলাইট থেকে তোলা চিত্র দিয়ে পশ্চিমা দেশগুলো রুশ সেনাদের অবস্থান ইউক্রেনকে জানিয়ে দিচ্ছে।

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৩ বাংলাদেশি শিক্ষার্থীর

প্রবাস ডেস্কঃ কাতারে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৬ মার্চ) আনুমানিক রাত ৯টায় আল সামাল সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেটকারের ধাক্কায় প্রথমে ঘটনাস্থলে এক জন মারা যান। আহত অবস্থায় বাকি দুই জনকে হাসপাতালে নেওয়া চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন-ফেনীর ফজলুল হকের ছেলে আজহারুল হক জয় (২১), চট্টগ্রামের নুরুল ইসলামের ছেলে ইসরান বিন ইসলাম (২২) এবং সিলেটের ইকবাল আহমেদের ছেলে আহমেদ সাফওয়ান (২১)। তারা কাতারে তাদের পরিবারের সঙ্গে থাকতেন। তিন জনই ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন।

সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে ঘুরতে বের হয়েছিলেন ৪ শিক্ষার্থী। এ সময় হাইওয়ে রোডে তাদের গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। পরে রাস্তার পাশেই ইমার্জেন্সি লাইট জালিয়ে নষ্ট চাকা পরিবর্তন করছিলেন তারা। এ সময় দ্রুতগতিতে আসা একটি প্রাইভেটকার তাদের তিন জনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়। বাকি দুই জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, একসঙ্গে তরুণ ৩ শিক্ষার্থীর মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ স্থানীয় দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সৌদিতে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার পর বেড়েছে তেলের দাম

সিএনবিডি ডেস্কঃ সৌদি আরবের আরামকো তেল ডিপোতে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত বেড়ে গেছে তেলের দাম। হামলার পর থেকেই লন্ডনে ব্রেন্ট লাইট ক্রুড অয়েল প্রতি ব্যারেলের দাম ১.৬২ ডলার বেড়ে ১২০.৬৫ ডলারে বিক্রি হচ্ছে। দি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটেও ১.৫৬ ডলার দাম বেড়ে নিউ ইয়র্কের বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল ১১৪.৯০ ডলারে বিক্রি হচ্ছে।

এদিকে কয়েকদিন আগেও এই দুই মার্কেটেই ব্যারেল তেলের দাম কমেছিল ৩ ডলার। আরামকো তেল ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলার পর তেলের বাজার আরো বেশি অস্থিতিশীল হয়ে উঠেছে যা রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণে আগেই অস্থিতিশীল ছিল।

ইয়েমেনে হুথি সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরাকে জানিয়েছেন, তার দেশের সনারা  সৌদি আরবের ভেতরে বিশাল আকারের সামরিক অভিযান চালিয়েছে। এসব গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অবস্থানে হামলার জন্য ইয়েমেনি সেনারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে।

তিনি জানান, সৌদি আরবের রাজধানী রিয়াদ, কৌশলগত জিজান ও নাজরান এলাকা এবং লোহিত সাগরের তীরবর্তী জেদ্দা বন্দরনগরীর তেলের ডিপোতে হামলা চালানো হয়। এছাড়া, দক্ষিণাঞ্চলীয় দাহরান আল-জানুব, আবহা এবং খামিস মুশাইতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

রাজধানীতে খুন হলেন ‘গরিবের ডাক্তার’

সিএনবিডি ডেস্কঃ রাজধানীর শেওড়াপাড়ায় দুর্বৃত্তের হাতে আহমেদ মাহি বুলবুল (৪০) নামে এক চিকিৎসক খুন হয়েছেন। তরুণ এই চিকিৎসক একজন ডেন্টিস্ট ছিলেন। তিনি ওই এলাকায় ‘গরিবের ডাক্তার’ বলে পরিচিতি ছিলেন। অনেক গরিব রোগীদের বিনা খরচে বা অল্প টাকায় চিকিৎসা করাতেন বলে তিনি এমন উপাধি দিয়েছে এলাকার লোকজন।

আজ রোববার (২৭ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপিলটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডিসি বলেন, বুলবুল আজ সকাল সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়ার বাসা থেকে বের হন নোয়াখালী যাওয়ার উদ্দেশ্যে। এসময় তিনি তার সহকারীকে ফোন দিয়েছিলেন, তবে তিনি (সহকারী) এসেছিলেন কিনা সেটা এখনো জানতে পারিনি। বুলবুলের উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। তবে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। ঘটনাটি আমরা খতিয়ে দেখছি।

মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিজুর রহমান বলেন, নিহত চিকিৎসকের কাছে ১২ হাজার টাকা এবং দামি মোবাইল ছিল। কিন্তু দুর্বৃত্তরা কিছুই নেয়নি। আমরা এটাকেই সন্দেহের চোখে দেখছি। আশপাশের সিসিটিভি ফুটেজ খোঁজা হচ্ছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো সম্ভব হবে।

উল্লেখ্য, রাজধানীর মগবাজারে বুলবুল হোসেনের রংপুর ডেন্টাল নামে একটি চেম্বার রয়েছে। তার স্বপ্ন ছিল গরিবের চিকিৎসা দেওয়া। সেখানে বহু গরিব রোগী স্বল্প খরচে চিকিৎসা পেয়ে আসছিলেন। তাই তিনি ‘গরিবের ডাক্তার’ বলে পরিচিতি ছিলেন।

ফটিকছড়ির লেলাং ইউনিয়নে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন

সিএনবিডি ডেস্কঃ গতকাল ২৬ শে মার্চ ২০২২ ইং তারিখে ফটিকছড়ির লেলাং ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে লেলাং সরকারি স্কুল মাঠে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেলিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দীন মুহুরি বলেন, “আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি সুতরাং বি এন পি জামায়াতের পেতাত্মার সাথে আমাদের কোন আপোষ নেই, আদর্শের সাথে আপোষ করে কোন রাজনীতি নয়।”

সভার প্রধান আলোচক ফটিকছড়ি আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন তাঁর বক্তৃতায় উল্লেখ করেন-“স্বাধীনতার সুফল ভোগ করতে হলে এ সময় আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নেওয়ার কোন বিকল্প নেই।” 

সভায় আরো উপস্তিত ছিলেন-ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের ত্রান বিষয়ক সম্পাদক সরোয়ার উদ্দীন, আওয়ামীলীগ নেতা নাদের খান, মাওলানা জাহাঙ্গীর, শাহরিয়ার সাজু, বাহাদুর চৌধুরী আবীর, জাকারিয়া চৌধুরী জকু, জাহেদুর রহমান সহ অনেকে।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধ ও গনকবরে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধ ও গণকবরে মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি। এদিন সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ৫.৫১ মিনিটে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নেতৃত্বে মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ স্মৃতিসৌধে এবং ৬.১০ মিনিটে শাহ মোস্তাফা রোডে অবস্থিত গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধের মহান শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোঃ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম, জেলা বিশেষ শাখার ডিআইও- ১ মোঃ আব্দুল হাই চৌধুরী , ডিআইও-২ মোহাম্মদ আবুল হোসেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক, ইন্সপেক্টর তদন্ত গোলাম মর্তুজা,  অপরাধ শাখা-২ এর ইন্সপেক্টর ক্যশৈনু, ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) মোঃ মাহফুজ আলম ও জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ প্রমুখ।

শিক্ষার্থীদের রোদে ২ ঘন্টা দাঁড় করিয়ে কলেজের প্রতিষ্ঠাতাকে সংবর্ধনা

এম শামীম আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের রোদে ২ ঘন্টা দাঁড় করিয়ে কলেজ প্রতিষ্ঠাতা আলহাজ অধ্যক্ষ আব্দুল মজিদকে সংবর্ধণা দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে ওই সংবর্ধণা অনুষ্ঠান হয়। এ বিষয়ে সরকারীভাবে নিষেধাজ্ঞা থাকলেও কলেজের অধ্যক্ষ তা পালন করেনি।

পূর্বঘোষণা অনুযায়ী অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সকাল ১০টায়। কিন্তু প্রতিষ্ঠাতা কলেজ এসে উপস্থিত হয়েছেন দুপুর ১২টায়। এই দুই ঘন্টা কলেজ ছাত্র-ছাত্রীদের প্রধান ফটক থেকে মূল ভবন পর্যন্ত দুই সারিবদ্ধ ভাবে দাঁড় করিয়ে রাখেন অধ্যক্ষ ফেরদৌস আহমেদ চৌধুরী।

দীর্ঘ দুই ঘন্টায় শিক্ষার্থীদের প্রচন্ড রৌদ্রে দাঁড় করিয়ে লাল গালিচা বিছানো ফুল ছিটানো এবং প্রতিষ্ঠাতার নামে নানা শ্লোগাণ দেওয়ার প্রশিক্ষণ দেন কলেজ অধ্যক্ষ। বিলম্বে ১২টায় অনুষ্ঠান শুরু হয়ে এক টানা বিকাল ৩টায় শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আব্দুল মজিদ কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল মজিদ। কলেজ অধ্যক্ষ ফেরদৌস আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,  হোমনা উপজেলা চেয়ারম্যান ও কলেজের আজীবন দাতা সদস্য ও প্রতিষ্ঠাতার স্ত্রী  রেহানা মজিদ।

প্রভাষক মোতাহার হোসেন ও মির্জা রুহুল আমিনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক আব্দুল ওয়াদুদ সরকার, ভীম চন্দ্র সানা, শাহ আলম জাহাঙ্গীর, জিন্নাত পারভীন, শেখ মশিউর রহমান, হোমনা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশাররফ হোসেন, বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রধান, ডাঃ তোফাজ্জল  হোসেন, হোমনা পৌরসভার কমিশনার মানিক মিয়া ইমন, দুলালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে গভর্নিংবডির সাবেক সদস্য সফিকুল ইসলাম ও মোশাররফ হোসেনসহ কলেজের শিক্ষক মন্ডলী, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কলেজ মসজিদের ইমাম মাওলানা জাকির হোসেন এবং গীতা পাঠ করেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী তিশা দেবনাথ।

শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে রাখার বিষয়ে কলেজ অধ্যক্ষ ফেরদৌস আহমেদ চৌধুরী বলেন, ‘আমরা বিশেষ ব্যক্তিদের এমন সংবর্ধনা দিয়ে থাকি।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার এ বিষয়ে প্রতিবেদককে জানান শিক্ষার্থীদেরকে দাড় করিয়ে রেখে কাউকে সংবর্ধনা দেয়া যাবে না। এ বিষয়ে এক পরিপত্র আছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, বিষয়টি আমার জানা নেই। যদি এ ধরণের কিছু হয়ে থাকে তাহলে বিষয়টি দু:খজনক।

বাগানে বাগানে নতুন কুঁড়ি তোলার আমেজ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চায়ের রাজধানী খ্যাত বাংলাদেশসহ বিশ্বে সুনামের সাথে বয়ে চলছে। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) এর বিলাসছড়া সেকশনে শুরু হয়েছে চা উত্তোলন (ট্রিপিং)। চা গাছে প্রুনিং করার ফলে ৩-৪ মাস বন্ধ ছিলো চা উত্তোলন। চা গাছে প্রুনিং শেষে নতুন কুঁড়ি এসেছে চা গাছে। এতে চা বাগান ফিরেছে সবুজের সমারোহ। দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানিকভাবে পাতা উত্তোলনের উদ্বোধন করা হয় গত বৃহস্পতিবার।

এসময় বিটিআরআই’র সেকশন (চা আবাদ অঞ্চল) এবং বিটিআরআই এর বিলাশছড়া পরীক্ষণ খামারে নতুন বছরের পাতা চয়ন করে ট্রেপিং উদ্বোধন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন বিটিআরআই এর পরিচালক ড. মোহাম্মদ আলী, প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ) এর ভারপ্রাপ্ত পরিচালক ড. একেএম রফিকুল হক এবং বিটিআরআই এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সিএসও) ড. মো. ইসমাইল হোসেন।

চা বোর্ড সুত্র জানায়, এবার মৌসুমের শুরুতে আগাম বৃষ্টিপাত হওয়ায় এবং চা গাছে নতুন কুঁড়ি চলে আসায় বেশ কিছু বাগানে ট্রিপিং শুরু হয়ে গেছে। সাধারণত ৩১ ডিসেম্বর চা মৌসুম শেষ হয়ে যায়। তখন চা গাছে প্রুনিং করা হয়। এ সময় ২-৩ মাস ফ্যাক্টরি বন্ধ থাকে। মার্চে বা এপ্রিলে বৃষ্টি হলে আবার চা শিল্পে ফিরে আসে প্রাণচাঞ্চল্য।

নীলফামারীর জলঢাকায় ইউ’পি সদস্যসহ গ্রেপ্তার ৩

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর জলঢাকায় দুই কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গেল শুক্রবার (২৫মার্চ) সকালে পৌরশহরের ডাঙ্গাপাড়া এলাকার মৃত ছাদের হোসেনের ছেলে আসাদুল হক ওরফে মেসি’র বাড়িতে অভিযান চালিয়ে  ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে।

অপর দিকে একই দিনে  উপজেলার বালাগ্রাম চাওড়াডাঙ্গী এলাকার মৃত ধন মামুদের ছেলে ও বালাগ্রাম ইউ’পির ১ নং ওয়ার্ড সদস্য মোফাজ্জল হোসেন মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ ইউ’পি সদস্য এবং তার ছেলে লেলিন হাসানকে আটক করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) আশরাফুল হক ও উপ-পরিদর্শক জায়েদ আল জাফরী’র নেতৃত্বে একটি টিম।

এ ঘটনায় পরিদর্শক ও উপ-পরিদর্শক বাদি হয়ে জলঢাকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করেছেন।

নবাবগঞ্জে ভাদুরিয়ার যুদ্ধ স্মৃতিফলক এর শুভ উদ্বোধন করলেন- এমপি শিবলী সাদিক

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নে ভাদুরিয়ার যুদ্ধ স্মৃতিফলক  নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব অনিমেষ সোম এর বাস্তবায়নে স্মৃতিফলকটির শুভ উদ্বোধন করলেন দিনাজপুর ০৬ আসনের সাংসদ সদস্য এমপি শিবলী সাদিক।
উল্লেখ্য, ১৯৭১ সালের ডিসেম্বর মাসে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের গ্রাম ভাদুরিয়ায় মুক্তি বাহিনী ও মিত্র বাহিনী এবং পাকবাহিনীর মধ্যে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর বহুসংখ্যক যোদ্ধা শহীদ হন।
এসময় উপস্থিত ছিলেন-নবাবগঞ্জ  উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ও মুক্তিযুদ্ধের সম্মানিত সকল ও উপজেলা আওয়ামীগ নেতা ও উপজেলা ছাত্রলীগের শামিম প্রমুখ।