বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে লাগবে না করোনা পরীক্ষা

জাতীয় ডেস্কঃ বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে আর করোনা পরীক্ষা করা লাগবে না বলে জানিয়েছে সৌদি সরকার। শুধু করোনা প্রতিরোধক টিকা দেওয়ার সার্টিফিকেট সাথে নিলেই চলবে। আর থাকতে হবে না কোয়ারেন্টিনে। সম্প্রতি করোনার প্রকোপ কমে আসায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। গেল মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

এদিকে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও সৌদিতে ফ্লাইট পরিচালনাকারী একমাত্র প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে এক চিঠিতে এ বিষয়টি জানানো হয়েছে।

সৌদি সরকারের দেওয়া নতুন ভ্রমণ বিধিনিষেধে বলা হয়েছে, যাদের করোনার পূর্ণাঙ্গ ডোজের ভ্যাকসিন সার্টিফিকেট নেই তাদের সৌদি প্রবেশের ৭২ ঘণ্টা আগে আরটি পিসিআর টেস্ট করে নেগেটিভ রিপোর্ট নিতে হবে। ১২ বছর ও এর কম বয়সীদের জন্য পিসিআর টেস্ট করা বাধ্যতামূলক নয়। আর যেসব যাত্রী ঢাকা থেকে ভিজিট ভিসা নিয়ে সৌদি আরব যাবেন তাদের কোভিড-১৯ ঝুঁকি সংক্রান্ত হেলথ ইন্স্যুরেন্স করতে হবে। তবে ওমরাহ এবং অন্যান্য ভিসার যাত্রীদের জন্য এই ইন্স্যুরেন্স বাধ্যতামূলক নয়।

এছাড়া যাত্রীদের উদ্দেশে বলা হয়েছে, বাংলাদেশি যাত্রীদের সৌদি যাত্রা শুরুর আগে ‘Muqeem’ অ্যাপ ডাউনলোড করে রেজিস্টার করতে হবে। পাশাপাশি ভ্রমণের ৮ ঘণ্টার মধ্যে ‘Tawakkalna’ নামে আরেকটি অ্যাপ ডাউনলোড করে স্বাস্থ্য-সংক্রান্ত কিছু তথ্য দিতে হবে।

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যায় স্বামীর আমৃত্যু সশ্রম কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রী মমতাজ বেগমকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী বশির মিস্ত্রিকে (৬০) আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। একই সঙ্গে তার ১ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।

গতকাল বুধবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্ত্রী হত্যার ঘটনা আদালতে বশির দোষী সাব্যস্ত হয়েছে। রায়ের সময় আসামি উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত বশির রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর (আদর্শ গ্রাম) গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৬ সালে নোয়াখালী জেলার চরজব্বার ইউনিয়নের চরপানা উল্যা গ্রামের আলী হোসেনের মেয়ে মমতাজকে বশির বিয়ে করেন। এটি বশিরের দ্বিতীয় বিয়ে। প্রথম সংসারে তার দুই ছেলে ও চার মেয়ে। বশির-মমতাজের সংসারেও হোসেন আহম্মদ ও আপন নামে দুই ছেলে রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন কারণ দেখিয়ে মমতাজকে বশির মারধর করতেন। ঘটনাগুলো মীমাংসার জন্য স্থানীয়ভাবে একাধিকার সালিসি বৈঠকও করা হয়। এরপরও মমতাজ স্বাভাবিক হননি। বিভিন্ন সময় মমতাজ পরিবারের লোকজনকে ফোন দিয়ে কান্না কাটি করতো। বশিরের আগের সংসারের ছেলেমেয়েরা মমতাজকে ভালো চোখে দেখতেন না।

মুলত পারিবারিক কলহের জের ধরেই পূর্বপরিকল্পিতভাবে ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে মমতাজকে বশির ঘর থেকে ডেকে বাড়ির অদূরে সয়াবিন ক্ষেতে নিয়ে যান। সেখানে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। মমতাজের ডান গাল ও গলায় ধারাল অস্ত্রের আঘাত ছিল। পরে বশির সেখান থেকে স্থানীয় টাংকি বাজারে যায়। সেখান থেকে ফিরে বাড়িতে স্ত্রীকে খোঁজার নাটক সাজান তিনি। নিজেই সয়াবিন ক্ষেতে লাশ খুঁজে নিয়ে প্রচার করেন কে বা কারা মমতাজকে হত্যা করেছে। কিন্তু ঘটনাটি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা তাকে আটক করে। পরে পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নেয়।

পরদিন মমতাজের ভাই মো. জসিম বাদী হয়ে বশির ও অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

থানা পুলিশ সূত্র জানায়, ২০১৭ সালের ১৪ জানুয়ারি রামগতি থানা পুলিশ আদালতে বশিরের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ শুনানি ও ৮ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ, প্রতি ঘণ্টায় ৫০ রোগী হাসপাতালে ভর্তি

জাতীয় ডেস্কঃ রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। দ্রুত বৃদ্ধি পাচ্ছে ডাইরিয়া আক্রান্তের সংখ্যা। এ রোগে আক্রান্ত হয়ে প্রতিঘণ্টায় ৫০ জন করে রোগী ভর্তি হচ্ছেন বিশেষায়িত হাসপাতাল আইসিডিডিআরবি (আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ) -তে। রোগীর চাপে তাবু টানিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালটির প্রতিষ্ঠার ৬০ বছরের ইতিহাসে সর্বোচ্চ রোগীর চাপ বলে মনে করছেন কর্তৃপক্ষ।

এ ব্যাপারে আইসিডিডিআরবি’র প্রধান বাহারুল আলম জানান, ভর্তি হওয়া রোগীদের ৩০ শতাংশ তীব্র ডায়রিয়া বা কলেরায় আক্রান্ত। যাদের বেশিরভাগই বয়স্ক রোগী।

এদিকে আইসিডিডিআরবি কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহে দৈনিক ৫০০ এর মতো রোগী এসেছে। দ্বিতীয় সপ্তাহে দৈনিক রোগী বেড়ে হয়েছে ৬০০। ১৭ মার্চ থেকে প্রতিদিন এক হাজারের বেশি রোগী ভর্তি হয়েছে। ২১ মার্চ রোগী ভর্তি হয়েছিল ১ হাজার ২১৬ জন। ওই দিন ঘণ্টায় ৫০ জন রোগী হাসপাতালে এসেছেন বলে জানান তারা।

আর গত ২১ মার্চ রাত ১২টার পর থেকে ২২ মার্চ বিকেল পর্যন্ত নতুন রোগী ভর্তি হয়েছিল ৮৭৫ জন। গতকাল ২২ মার্চ ঘণ্টায় ৫১ জন করে রোগী ভর্তি হয়েছেন।

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম বর্তমানে বিশ্বে রোল মডেল

জাতীয় ডেস্কঃ বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম বর্তমানে বিশ্বে রোল মডেল বলে মন্তব্য করেছেন দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেছেন, গত ১৩ বছর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে চরম আবহাওয়ায় আগাম সতর্কতা এবং পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে। সঠিক ও সময়োপযোগী আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পূর্বাভাস দেওয়ার লক্ষ্যে আমাদের সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। এতে সার্বিক সক্ষমতা বেড়েছে আবহাওয়া অধিদপ্তরের।

আওয়ামী লীগ সরকার টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

আজ বুধবার (২৩ মার্চ) ‘বিশ্ব আবহাওয়া দিবস-২০২২’ উপলক্ষে দেওয়া বাণীতে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এবারের প্রতিপাদ্য ‘আগাম সতর্কতা এবং আগাম পদক্ষেপ-দুর্যোগ ঝুঁকি হ্রাসে আবহাওয়া, পানি ও জলবায়ুর তথ্য’ বর্তমান প্রেক্ষাপটে যথাযথ, প্রাসঙ্গিক ও অর্থবহ হয়েছে বলে আমি মনে করি।

প্রধানমন্ত্রী আশা ব্যক্ত করে বলেন, এ দিবস পালনের মধ্য দিয়ে দেশবাসীর মধ্যে আবহাওয়া, পানি ও জলবায়ু পরিবর্তন জনিত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা, পদক্ষেপ ও এর গুরুত্ব সম্পর্কে ইতিবাচক মনোভাব গড়ে উঠবে। দুর্যোগ ঝুঁকি হ্রাসে গণসচেতনতা বাড়বে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্ব আবহাওয়া দিবস-২০২২’ উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সফলতা কামনা করেন।

পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারী ১০ যুবক গ্রেফতার

কামাল উদ্দিন টগর, নওগাঁঃ নওগাঁর সাপাহার উপজেলা থেকে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারী ১০ যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উপজেলার বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-সাপাহার উপজেলার বাহাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে নুর আলম (৩৫), মদনসিং গ্রামের আব্দুল গনির ছেলে সাকিব হাসান (২৯), পিছল মধ্যপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে ইমরান (২২), মানিকুড়া গ্রামের আজিজুল হকের ছেলে কামাল হোসাইন (২৩) ও রাশেদুল হকের ছেলে আরিফুল ইসলাম(২৭), জয়পুর গুচ্ছগ্রামের মোজাফফর রহমানের ছেলে শাহিন আলম (২৬), খুদ রামবাটি (মহিলিপুর) গ্রামের নুর ইসলামের ছেলে মতিউর রহমান (২৮), সৈয়দপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে রাশেদ মিলন(২৮), বৈদ্যপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে আব্দুল মাজেদ (২৮) এবং পত্নীতলা সাড়াইডাঙ্গা গ্রামের লোকমান আলীর ছেলে কাওসার মাহমুদ শান্ত (২৮)।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মাসুদ রানা বলেন, গোপন সংবাদে জেলার সাপাহার থানার সাপাহার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের সদস্যরা। এ সময় বাজার এলাকা থেকে ১২টি সিপিইউ, ১৬টি হার্ডডিস্ক, ১২টি মনিটর, চারটি মাউস, নয়টি বিভিন্ন ক্যাবল, আটটি কিবোর্ডসহ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে সাপাহার থানায় আসামিদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী মামলা করা হয়।

সিরিজের শেষ ওয়ানডেতে যেমন হতে পারে বাংলাদেশ স্কোয়াড

স্পোর্টস ডেস্কঃ আজ বুধবার (২৩ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৫টায় সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি শুরু হতে যাচ্ছে। তবে এই ম্যাচে সাকিব আল হাসানের খেলা নিয়ে ধোঁয়াশা ছিল। পরিবারের কয়েকজন  সদস্য হাসপাতালে থাকলেও আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে খেলবেন বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডার।

ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ২৪ ম্যাচে মুখোমুখি হয়। দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৮ ম্যাচে, বাংলাদেশ জিতেছে ৫টিতে। একটি ম্যাচ বাতিল হয়।

সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানে জয় পায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে ক্রিকেটের যেকোনো ফরম্যাটে টাইগাদের এটি প্রথম সাফল্য। ১৯ ম্যাচ পর এই জয় পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হারে তারা। আজকের ম্যাচে যে দল জিতবে সিরিজ তাদের ঝুলিতে চলে যাবে।

সম্ভাব্য বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও ইয়াসির আলী রাব্বি।

ন্যাটোতে যোগ দেবেন না বলে অঙ্গীকার করলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধ করতে সরাসরি আলোচনায় বসার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহবান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এজন্য তিনি ন্যাটোতে যোগ দেবেন না বলে অঙ্গীকার করতেও প্রস্তুুত আছেন।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ন্যাটো জোট রাশিয়াকে ভয় পায়। যুদ্ধবিরতির পাশপাশি ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে।

মঙ্গলবার রাতে সাংবাদিকদের সাথে জেলেনস্কি বলেন, পুতিনের সাথে সরাসরি আলোচনা ছাড়া এই যুদ্ধের অবসান সম্ভব নয়। রাশিয়ার সঙ্গে যেকোনো শান্তি চুক্তির ওপর গণভোট অনুষ্ঠিত হবে যাতে জনগণ এ বিষয়ে মতামত দিতে পারে।

এদিকে, রাশিয়ার ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা দেয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। মঙ্গলবার ইটালির পার্লামেন্টে দেয়া ভার্চুয়াল ভাষণে, ইউরোপীয় ইউনিয়নের প্রতি এই আহ্বান জানান তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট আশা করেন, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে জয় পেতে যাচ্ছেন তারা।

রংপুরে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ

অনলাইন ডেস্কঃ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছেন আদুরী বেগম আশা নামে এক গৃহবধূ। মঙ্গলবার (২২ মার্চ) রাতে হাসপাতালের গাইনি ওয়ার্ডে অস্ত্রপচারের মাধ্যমে তিন কন্যা ও এক ছেলে সন্তানের জন্ম হয়। মা সুস্থ আছেন। নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আজ বুধবার (২৩ মার্চ) হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (গাইনি বিভাগ) ডা. ফারহানা ইয়াসমিন ইভা এ তথ্য নিশ্চিত করেছেন।

চার সন্তানের মা আদুরী বেগম আশা কুড়িগ্রাম সদর উপজেলার নাদিরা গ্রামের মনিরুজ্জামান বাঁধনের স্ত্রী। প্রায় ৮ বছর আগে তারা দুজন বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ সময় পর চিকিৎসা গ্রহণের একপর্যায়ে আশা অন্তঃসত্ত্বা হন।

জানা গেছে, মঙ্গলবার (২২ মার্চ) সকালে চিকিৎসকদের পরামর্শে আদুরী বেগম আশাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। গাইনি বিভাগের রেজিস্ট্রার ডা. ফারহানা ইয়াসমিন ইভার নেতৃত্বে কয়েকজন চিকিৎসকের সফল অস্ত্রপচারের মাধ্যমে রাত সাড়ে ৯টার দিকে চার সন্তানের জন্ম হয়।

চার সন্তানের বাবা মনিরুজ্জামান বলেন, চিকিৎসকের পরামর্শে আমি আমার গর্ভবতী স্ত্রীকে নিয়ে বেশ কিছুদিন ধরে রংপুরে একটি ভাড়া বাড়িতে রয়েছি। গত ১ মার্চ আলট্রাসনোগ্রাম করে একসঙ্গে চার সন্তান গর্ভধারণ করার বিষয়টি নিশ্চিত হওয়ার পর চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণ চলতে থাকে। মঙ্গলবার (২২ মার্চ) সকালে আমার স্ত্রী আশাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ৯টা ৪০ মিনিটে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন। মা ও সন্তানদের জন্য দোয়া চাই।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (গাইনি বিভাগ) ডা. ফারহানা ইয়াসমিন ইভা বলেন, মঙ্গলবার (২২ মার্চ) রাতে চার নবজাতকের জন্ম হয়েছে। এর মধ্যে শুধু ছেলে নবজাতকের ওজন একটু কম হলেও বাকি তিনজনের ওজন ও গঠন ঠিক রয়েছে। বর্তমানে চার নবজাতকই সুস্থ আছে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার “২০২০” প্রদান করলেন প্রধানমন্ত্রী

বিনোদন ডেস্কঃ আজ বুধবার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ তুলে দেওয়া হয়েছে। বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। করোনা পরিস্থিতির কারণে এবারও অনুষ্ঠানে সশরীরে উপস্থিত না থাকলেও ভার্চুয়ালি যোগদেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে চলচ্চিত্র অভিনেতা আনোয়ারা ও রাইসুল ইসলাম আসাদকে আজীবন সম্মাননাসহ ২৭ ক্যাটাগরিতে ৩২ জনকে প্রধানমন্ত্রীর পক্ষে ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

এবার মোট ২৭টি বিভাগে ৩০টি পুরস্কার দেওয়া হয়েছে। যৌথভাবে শ্রেষ্ঠ সিনেমা হয়েছে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ ও গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’। এর মধ্যে ‘বিশ্বসুন্দরী’ থেকে চিত্রনায়ক সিয়াম শ্রেষ্ঠ অভিনেতা ও ‘গোর’ থেকে চিত্রনায়িকা দীপান্বিতা মার্টিন হয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রী। সর্বোচ্চ ১১টি পুরস্কার পেয়েছে সরকারি অনুদানের সিনেমা ‘গোর’। আর একই সিনেমার জন্য ব্যক্তি হিসেবে সর্বোচ্চ ৪টি পুরস্কার পেলেন গাজী রাকায়েত।

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হয়েছে জান্নাতুল ফেরদৌসের সরকারি অনুদানপ্রাপ্ত ‘আড়ং’। শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র হয়েছে সৈয়দ আশিক রহমানের ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’।

আজীবন সম্মাননা গ্রহণ করেছেন অভিনেতা রাইসুল ইসলাম আসাদ। তবে যৌথভাবে আজীবন সম্মাননা পাওয়া কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা সশরীর উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করতে পারেননি। তার পক্ষে এটি গ্রহণ করেছেন তার মেয়ে অভিনেত্রী মুক্তি।

‘বিশ্বসুন্দরী’ ছবির জন্য ফজলুর রহমান বাবু পাচ্ছেন শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে পুরস্কার। ‘গণ্ডি’ ছবির জন্য অপর্ণা ঘোষ শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে পুরস্কার পাচ্ছেন। মিশা সওদাগর ‘বীর’ ছবির জন্য পাচ্ছেন ‘শ্রেষ্ঠ অভিনেতা খল চরিত্রে’ পুরস্কার। ‘গণ্ডি’ ছবিতে ‘শ্রেষ্ঠ শিশু শিল্পী’ পুরস্কার পাচ্ছেন মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি।

‘হৃদয় জুড়ে’ ছবির ‘বিশ্বাস যদি যায়রে’ গানের জন্য বেলাল খান ‘শ্রেষ্ঠ সংগীত পরিচালক’ পুরস্কার পাচ্ছেন। প্রয়াত মো. সহিদুর রহমান ‘বিশ্বসুন্দরী’র গান ‘তুই কি আমার হবিরে’-এর জন্য ‘শ্রেষ্ঠ নৃত্য পরিচালক’ পুরস্কার পাচ্ছেন। একই গানের গায়ক ইমরান ‘শ্রেষ্ঠ গায়ক’ পুরস্কার পাচ্ছেন।

যুগ্মভাবে ‘শ্রেষ্ঠ গায়িকা’ পুরস্কার পাচ্ছেন দিলশাদ নাহার কনা ‘বিশ্বসুন্দরী’-এর ‘তুই কি আমার হবিরে’ এবং সোমনূর মনির কোনাল ‘বীর’-এর ‘ভালোবাসার মানুষ তুমি’ গানের জন্য।

‘বিশ্বসুন্দরী’ ছবির ‘তুই কি আমার হবিরে’ গানের জন্য ‘শ্রেষ্ঠ গীতিকার’ পুরস্কার পাচ্ছেন কবির বকুল। একই গানের জন্য ‘শ্রেষ্ঠ সুরকার’ পুরস্কার পাচ্ছেন ইমরান।

গাজী রাকায়েত ‘গোর’ ছবির জন্য ‘শ্রেষ্ঠ কাহিনিকার’ এবং ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’ পুরস্কার পাচ্ছেন। ‘শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা’ পুরস্কার পাচ্ছেন ফাখরুল আরেফীন খান ‘গণ্ডি’র জন্য। ‘গোর’ ছবির জন্য ‘শ্রেষ্ঠ সম্পাদক’ পুরস্কার পাচ্ছেন মো. শরিফুল ইসলাম। একই ছবির জন্য ‘শ্রেষ্ঠ শিল্প নির্দেশক’ পুরস্কার পাচ্ছেন উত্তম কুমার গুহ।

‘শ্রেষ্ঠ চিত্রগ্রাহক’ পুরস্কার যৌথভাবে পাচ্ছেন পংকজ পালিত ও মো. মাহবুব উল্লাহ (নিয়াজ) ‘গোর’ ছবিতে। একই ছবির জন্য ‘শ্রেষ্ঠ শব্দগ্রাহক’ হিসেবে কাজী সেলিম আহম্মেদ, ‘শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা’-য় এনামতারা বেগম এবং ‘শ্রেষ্ঠ মেকআপম্যান’-এ মোহাম্মদ আলী বাবুল পুরস্কার পাচ্ছেন।

উল্লেখ্য, বাংলাদেশের চলচ্চিত্রের একমাত্র রাষ্ট্রীয় ও সর্বোচ্চ পুরস্কার হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা, অভিনেত্রী, খল-অভিনেতা, পার্শ্বচরিত্রে অভিনেতা-অভিনেত্রী, শ্রেষ্ঠ শিশুশিল্পী, সংগীতশিল্পী (নারী-পুরুষ), শ্রেষ্ঠ গীতিকার, সুরকার, সংগীত পরিচালকসহ মোট ২৭টি বিভাগে দেওয়া হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ১৯৭৫ সালে ১২টি বিভাগে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান শুরু হয়। ২০০৯ সাল থেকে যুক্ত হয় আজীবন সম্মাননা ক্যাটাগরি।

এক নজরে পুরস্কারগুলোঃ 

শ্রেষ্ঠ চলচ্চিত্র- যৌথভাবে ‘গোর’ (গাজী রাকায়েত, ফরিদুর রেজা সাগর) ও ‌‘বিশ্বসুন্দরী’ (অঞ্জন চৌধুরী পিন্টু)

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র- আড়ং

শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র- বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়

শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক- গাজী রাকায়েত হোসেন (গোর)

শ্রেষ্ঠ অভিনেতা- সিয়াম আহমেদ (বিশ্বসুন্দরী)

শ্রেষ্ঠ অভিনেত্রী- দীপান্বিতা মার্টিন (গোর)

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা- ফজলুর রহমান বাবু (বিশ্বসুন্দরী)

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী- অপর্ণা ঘোষ (গণ্ডি)

শ্রেষ্ঠ খল অভিনেতা- মিশা সওদাগর (বীর)

শ্রেষ্ঠ শিশুশিল্পী- মুগ্ধতা মোর্শেদ হৃদ্ধি (গণ্ডি)

শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার- শাহাদৎ হাসান বাধন (আড়ং)

শ্রেষ্ঠ সংগীত পরিচালক- বেলাল খান (হৃদয় জুড়ে)

শ্রেষ্ঠ নৃত্য পরিচালক- প্রয়াত সহিদুর রহমান (বিশ্বসুন্দরী)

শ্রেষ্ঠ গায়ক- ইমরান মাহমুদুল (বিশ্বসুন্দরী)

শ্রেষ্ঠ গায়িকা- যৌথভাবে দিলশাদ নাহার কনা (বিশ্বসুন্দরী) ও সোমনুর মনির কোনাল (বীর)

শ্রেষ্ঠ গীতিকার- কবির বকুল (বিশ্বসুন্দরী)

শ্রেষ্ঠ সুরকার- ইমরান মাহমুদুল (বিশ্বসুন্দরী)

শ্রেষ্ঠ কাহিনিকার- গাজী রাকায়েত (গোর)

শ্রেষ্ঠ চিত্রনাট্যকার- গাজী রাকায়েত (গোর)

শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা- ফাখরুল আরেফীন খান (গণ্ডি)

শ্রেষ্ঠ সম্পাদক- শরিফুল ইসলাম (গোর)

শ্রেষ্ঠ শিল্প নির্দেশক- উত্তম কুমার গুহ (গোর)

শ্রেষ্ঠ চিত্রগ্রাহক- যৌথভাবে পঙ্কজ পালিত ও মাহবুব নিয়াজ (গোর)

শ্রেষ্ঠ শব্দগ্রাহক- কাজী সেলিম আহমেদ (গোর)

শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা- এনাম তারা বেগম (গোর)

শ্রেষ্ঠ মেকআপম্যান- মোহাম্মদ আলী বাবুল (গোর)।

ভারতে কাঠের গুদামে আগুনে ১১ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের একটি কাঠের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। বুধবার (২৩শে মার্চ) দিবাগত রাতে রাজ্যটির হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদ এলাকায় ভইগুড়া এলাকার দুইতলা ভবনটিতে এ আগুনের ঘটনা ঘটে বলে জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র একটি প্রতিবেদনে।

পুলিশ জানায়, আগুন ছড়িয়ে পড়লে গুদামটিতে আটকা পড়েন বিহার থেকে কাজ করতে আসা ১২ শ্রমিক। ভবনটির দোতলা থেকে লাফ দিয়ে এক শ্রমিক আগুন থেকে রক্ষা পেলেও ১১ শ্রমিক প্রাণ হারান।

গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া গোডাউনে দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। ফলে আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে ফেলা হয়েছে বলে জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম। বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের পর স্বাভাবিকভাবেই এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশের কর্মকর্তারা জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এ ঘটনায় শোক প্রকাশ করে হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও আগুনে নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য ৫ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

সূত্র : এনডিটিভি।