৬শ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক চোরাকারবারি গ্রেফতার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক চোরাকারবারিকে পুলিশ গ্রেফতার করেছে। ফুলবাড়ী থানার এসআই ইব্রাহীম খলিলের নেতৃত্বে একদল পুলিশ সদস্য মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী এলাকা থেকে  ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন, নাটোর জেলার সদর উপজেলার বড়বাড়িয়া গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে লিটন আলী (৩১) ও একই জেলার লালপুর থানার বেলগাছি গ্রামের আজাহার আলীর ছেলে জয়নাল আবেদীন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ধান ব্যবসায়ীর ১৪ লক্ষ টাকা ছিনতাইয়ের ৪৮ ঘন্টার মধ্যে টাকা উদ্ধার

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ’র মহাদেবপুর উপজেলায় ধান ব্যবসায়ীকে মারপিট, চোখে মরিচের গুড়া ছিটিয়ে এবং দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ১৪ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তাদের নিকট থেকে ছিনতাই করা ২ লক্ষ ৩০ হাজার টাকা এবং ছিনতাইয়ের টাকা দিয়ে ক্রয়কৃত মোবাইল ফোন, গহনা এবং ফ্রিজ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় নওগাঁ’র পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক তাঁর সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রদান করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন মহাদেবপুর উপজেলার বেলট গ্রামের মৃত মনছুর আলী সরদারের পুত্র ধান ব্যবসায়ী মোঃ আব্দুল জব্বার গত ১৬ মার্চ বৃহষ্পতিবার বেলা ৩টায় ইসলামী ব্যাংক নজিপুর শাখা থেকে ১৩ লক্ষ ৯০ হাজার টাকা উঠিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি বেলট গ্রামে ফিরছিলেন। বেলা ৩টা ৪০ মিনিটে বাড়ির কাছাকাছি মহাদেবপুর-মাতাজিহাট সড়কে বেলটের মোড়ে পৌঁছলে ২টি মোটর সাইকেলে ৪ জন ছিনতাইকারী আব্দুল জব্বারের মোটরসাইকেলের সমান্তরাল চলতে থাকে। এক পর্যায় ছিনতাইকারীরা লাথি দিয়ে আব্দুল জব্বারকে ফেলে দেয়। সমন্বিতভাবে তারা আব্দুল জব্বারের উপর চড়াও হয়ে এলোপাতারী মারপিট করে। মরিচের গুড়া চোখে ছিটিয়ে দেয়। এতে জব্বার মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় তারা দেশয়ি অস্ত্রের ভয় দেখিয়ে তার নিকট থাকা ব্যাংক থেকে উত্তোলনকৃত ১৩ লক্ষ ১০ হাজার এবং তার পকেটে থাকা আরও ২০ হাজার টাকাসহ মোট ১৪ লক্ষ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

Google Newsডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এ সংবাদ পেয়ে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নির্দেশনা অনুযায়ী মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়। মহাদেবপুরা থানার অফিসার্স ইনচার্জ মোজাফ্ফর হোসেনের সমন্বয়ে গঠিত এই টীম কার্যক্রম শুরু করে। ১৭ মার্চ ৩৯৪ পেনাল কোড অনুযায়ী একটি মামলা দায়ের করা হয় যার নম্বর ২৭ তারিখ ১৭-০৩-২০২৩ ইং। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সময় ইসলামী ব্যাংক নজিপুর শাখা এলাকায় কোন কোন মোবাইল থেকে কে কে কথা বলেছেন তা নির্নয় করা হয়। এই সূত্র ধরে জয়পুরহাট ও বগুড়া জেলায় অভিযান শুরু করে পুলিশ।

এরই এক পর্যায় গত ১৯ মার্চ জয়পুরহাট জেলার কাশিয়াবাড়ি গ্রাম থেকে মোঃ রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। সে ঐ গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র। তার নিকট থেকে ১ লক্ষ ৬০ হাজার নগদ টাকা এবং ছিনতাইয়ের টাকা দিয়ে ক্রয়কৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার দেয়া তথ্য অনুযায়ী ঐ দিনই বগুড়া শহর থেকে মোঃ লিমন হোসেন মিন্টুকে গ্রেফতার করা হয়। মিন্টু জয়পুরহাট জেলার তেঘরিয়া গ্রামের মহাতাব উদ্দিন মন্ডলের পুত্র। সে বগুড়ায় ভাড়া বাসায় বসবাস করছিল। তার নিকট থেকে ছিনতাইয়ের নগদ ৭০ হাজার টাকা এবং ছিনতাইয়ের টাকা দিয়ে ক্রয়কৃত একটি ফ্রিজ ও সোনার গহনা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানিয়েছেন অভিযান অব্যাহত আছে। অপর দুই ছিনতাইকারী এবং ছিনতাইয়ের অবশিষ্ট টাকা উদ্ধারের প্রচেষ্টা চলমান রয়েছে। শীঘ্রই তা সম্ভব হবে।

বালু বোঝাই ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালু বোঝাই ট্রাক্টর চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে উপজেলা সদরের ব্র্যাকমোড় থেকে শেখ হাসিনা ধরলা সেতু সড়কের পানিমাছকুটি কাশিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মেরাজ হোসেন (৪)। সে ওই এলাকার হাফিজুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আছিয়ার এলাকার স্বপন মিয়ার ট্রাক্টর ধরলা নদী চর থেকে বালু বোঝাই করে ফুলবাড়ী সদরের দিকে যাচ্ছিল। ট্রাক্টরটি কাশিয়াবাড়ী এলাকায় পৌছিলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশু মেরাজকে চাপা দেয়। ট্রাক্টর চাপায়  গুরুতর আহত হয় শিশু মেরাজ। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

একমাত্র সন্তানের মৃত্যুতে পরিবারটিতে শোকের মাতম চলছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, ট্রাক্টর চালক পলাতক রয়েছে। ট্রাক্টরটি আটক করে থানায় আনা হয়েছে।

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের ২ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্কঃ আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত প্রতারণা মামলায় হেলেনা জাহাঙ্গীরকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (২০ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ রায় দেন।

হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের দুই বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন জয়যাত্রা টিভির জেনারেল ম্যানেজার হাজেরা, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্ল্যাহ নূরী ও স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ার।

রায় ঘোষণার সময় হেলেনা জাহাঙ্গীর ও হাজেরা খাতুন আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অন্য তিনজন আদালতে উপস্থিত ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

 

বনাঞ্চলে আগুন লাগার ঘটনায় বিট কর্মকর্তা প্রত্যাহার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা পাথারিয়া হিলস রিজার্ভ ফরেস্টের আওতাধীন সমনভাগ বিটের মাখালজুড়া ও ধলছড়া এলাকার বনাঞ্চলে আগুন লাগার ঘটনায় বন বিভাগের সমনভাগ বিটের কর্মকর্তা নুরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সমনভাগ বিটের কর্মকর্তা নুরুল ইসলামকে প্রত্যাহার করেছেন। তাকে বনবিভাগের সিলেট বিভাগীয় অফিসে সংযুক্ত করা হয়েছে।’

এদিকে ঘটনা তদন্তে গঠিত তিন সদস্যের কমিটি তদন্ত কাজ করছে। রোববার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এর আগে গত ৭ মার্চ দুপুরে উপজেলার সমনভাগ বিটের মাখালজুড়া ও ধলছড়া এলাকার বনাঞ্চলে আগুন লাগে। এতে কয়েক হেক্টর বনভূমির বাঁশ-গাছ ও ঝোপঝাড় পুড়ে ছাই হয়ে যায়। ফলে হুমকিতে পড়েছে পরিবেশ ও বন্যপ্রাণীর আবাসস্থল।

স্থানীয় লোকজন ও পরিবেশকর্মীদের অভিযোগ, বনায়নের জন্য পরিকল্পিতভাবে সংরক্ষিত বনে আগুন লাগানো হয়েছে। এতে বনবিভাগের অসাধু কর্মকর্তাদের মদদে উপকারভোগীরা বনে আগুন দিয়েছেন। আগুনে বনের প্রায় ৪০ হেক্টর বনভূমির বাঁশ-গাছ ও ঝোপঝাড় পুড়ে গেছে বলে তারা ধারণা করছেন। এতে মারাত্মক ক্ষতি হয়েছে পরিবেশের। হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। বনবিভাগ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

তবে বনবিভাগ বলছে, কারও ফেলা সিগারেটের অবশিষ্ট অংশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে বনের প্রায় ১ দশমিক ৮৫ হেক্টর বনভূমি পুড়ে গেছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, পাথারিয়া হিলস রিজার্ভ ফরেস্টের আওতাধীন সমনভাগ বিটের সমনভাগ সংরক্ষিত বনের আয়তন ১ হাজার ৮৫০ হেক্টর। সমনভাগ বনাঞ্চলটি বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের মিলে চিরসবুজ একটি বনাঞ্চল এবং উদ্ভিদ ও প্রাণীবৈচিত্র্য রক্ষায় বাংলাদেশের মধ্যে সংরক্ষিত বনাঞ্চলের অবস্থান অন্যতম। গত ৭ মার্চ দুপুরে সমনভাগ বিটের মাখালজুড়া ও ধলছড়া এলাকার বনাঞ্চলে আগুন লাগে। আগুনে বনের কয়েক হেক্টর বনভূমির বাঁশ-গাছ ও ঝোপঝাড় পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে বনবিভাগের লোকজন দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বিপর্যয়ের মুখে পড়েছে বনভূমির প্রাকৃতিক পরিবেশ, ধ্বংস হয়েছে বন্যপ্রাণির আবাসস্থল, হুমকির মুখে বন্যপ্রানী। বনে আগুন লাগার ঘটনায় গত ১১ মার্চ বড়লেখা থানায় সাধারণ ডায়েরি করেন বন বিভাগের সমনভাগ বিটের কর্মকর্তা নুরুল ইসলাম।

নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় লোকজন বলেন, বনে গাছ লাগানোর জন্য পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। আগুনে বনের ভেতরে প্রাকৃতিকভাবে জন্মানো বিভিন্ন প্রজাতির বাঁশ-গাছ ও ঝোপঝাড় পুড়ে গেছে। জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হয়েছে। প্রাণের ভয়ে বনে থাকা কয়েকটি হাতি ভারতের দিকে পালিয়েছে। পাঁচ-ছয় দিন বন আগুনে পুড়েছে। বনবিভাগের লোকজনদের জানানোর পরও তারা তাতে গুরুত্ব দেননি। শুরুতে গুরুত্ব সহকারে নিলে এত বন পুড়ত না। এতে স্পষ্ট যে বনে আগুন লাগার পেছনে বনবিভাগের লোকজন জড়িত রয়েছেন।

স্থানীয় পরিবেশকর্মী খোর্শেদ আলম থেকে জানা যায়, আমরা সরেজমিন সমনভাগ বিটের মাখালজুড়া ও ধলছড়া এলাকার বনাঞ্চল ঘুরে দেখেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৪০ হেক্টর এলাকা আগুনে পুড়ে গেছে। একদিকে আগুনে বন পুড়ছে আর অন্যদিকে কিছু লোকজন সেখান থেকে গাছ ও বাঁশ কেটে ফেলছে। তিনি বলেন, আমরা জেনেছি যে বনায়নের জন্য পরিকল্পিতভাবে আগুন দিয়ে সংরক্ষিত বন পুড়ানো হয়েছে। এতে বনবিভাগের লোকজন জড়িত রয়েছেন।

তিনি আরও বলেন, একটি প্রাকৃতি বন চাইলেই তৈরি করা যায়না। কিন্তু সহজেই তা ধ্বংস করা যায়। এই সংরক্ষিত বনটি যেভাবে আছে সেভাবে থাকতে দেওয়া উচিত। প্রাকৃতিক বন বন্যপ্রাণীরা ভালোবাসে। হাতির বিচরণকৃত এলাকায় বাঁশ-বন থাকা উচিত। এগুলো যদি পুড়িয়ে ধ্বংস করা হয় তাহলে হাতি বন থেকে দ্রুত হারিয়ে যাবে। আর হাতি হারিয়ে গেলে এই বনের জীববৈচিত্র্য থাকবে না। আগুন লাগার পর হাতিরা সেখান থেকে প্রাণের ভয়ে ভারতের দিকে পালিয়েছে। খোর্শেদ বলেন, সারাবিশ্ব যখন জলবায়ু পরিবর্তনের জন্য কাজ করছে তখন আমরা এর বিপরীতে উল্টো কাজ করতে পারিনা।

বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস শুক্রবার রাতে বলেন, কেউ হয়তো সিগারেট টেনে অবশিষ্ট অংশ বনে ফেলেছে। তা থেকে হয়তো বনে আগুন লাগতে পারে। যেদিন বনে আগুন লেগেছে ওইদিনই স্থানীয় বিট কর্মকর্তা দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছেন। পরদিন আমি ঘটনাস্থলে গিয়ে জিপিএস মেশিন দিয়ে পরিমাপ করে দেখেছি যে আগুনে বনের ১ দশমিক ৮৫ হেক্টর বনভূমি পুড়েছে। এতে ঝোপঝাড় ও গাছপালার পাতা ঝলসে গেছে। এই ঘটনায় সমনভাগ বিট কর্মকর্তা নুরুল ইসলাম থানায় সাধারণ ডায়রি করেছেন। আগুন পুড়ে গাছের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুষাতে সেখানে গাছ লাগানো হবে। তিনি বলেন, ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত এখনও চলছে। আগামী রোববার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। বনায়নের জন্য বনে আগুন লাগানো হয়েছে কিনা এবং এর পেছনে বনবিভাগের লোকজন জড়িত রয়েছে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি তা অস্বীকার করেন।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন, সংরক্ষিত বনে আগুন লাগার বিষয়ে সমনভাগ বিট কর্মকর্তা নুরুল ইসলাম থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান রেজাউল করিম চৌধুরী বলেন, পাথারিয়া সংরক্ষিত বন এলাকায় আগুন লেগেছে। এতে বিভিন্ন প্রজাতির প্রাণীসহ অনেক কীটপতঙ্গ, পাখির বাসার ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক প্রাণী মারা গেছে। পরিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে। বনের প্রাণীরা ভয়ে আর বনে থাকবে না। তারা লোকালয়ে বা বন থেকে অনেক দূর চলে যেতে পারে। অপূর্নীয় ক্ষতি বন্য প্রাণী ও জীববৈচিত্র্যের জন্য অশনি সংকেত।

ফুলবাড়ীতে পুলিশ কনস্টেবল পদে চাকরি পাওয়া ১১ জনকে সংবর্ধনা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ কনস্টেবল পদে চাকরি পাওয়া ১১ জনকে সংবর্ধনা দিয়েছে ফুলবাড়ী থানা পুলিশ। গত শনিবার সকাল ১১ টায় থানা কার্যালয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের সংবর্ধনা দেয়া হয়। এ সময় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান সদ্য চাকুরী পাওয়া কনস্টেবলদের কে ফুল দিয়ে বরণ করে নেন এবং মিষ্টিমুখ করান।

অনুষ্ঠানে সদ্য চাকুরী পাওয়া  ১১ পুলিশ কনস্টেবল সহ থানায় কর্মরত পুলিশ সদস্য, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।

পুলিশ কনস্টেবল পদে নির্বাচিত মাসুদ রানা, মেহেদী হাসান ও শাহ জালাল সবুজ জানান, ঘুষ ছাড়াই মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকুরী পেয়ে আমরা খুবই আনন্দিত।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান বলেন, ফুলবাড়ী উপজেলায় যারা পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন তারা মেধা ও যোগ্যতার ভিত্তিতে পেয়েছেন। এজন্য তাদেরকে ফুল ও মিষ্টি দিয়ে বরণ করা হলো। ট্রেনিং শেষে কর্মস্থলে যোগদান করে তারা যেন সততা ও নিষ্ঠার সাথে চাকুরী করতে পারে।

পাকিস্তানকে অর্থ সহায়তা না দেয়ার সিদ্ধান্ত সৌদির

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানকে খুব সহজে অর্থ সহায়তা না দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে সৌদি আরব। রিয়াদের এই সিদ্ধান্ত ইসলামাবাদের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। গতকাল রোববার (১৯ মার্চ) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর জানায়, পাকিস্তানকে সুদবিহীন ঋণ এবং সহজে অর্থ সহায়তা দিতে অপারগতার কথা জানিয়েছে সৌদি আরব।

অর্থনীতির খাদের কিনারে পাকিস্তান। এ অবস্থা থেকে উত্তরণে আর্থিক সহায়তার ব্যাপারে এ বছর জানুয়ারিতে সৌদি আরব সফর করেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। সে সময় আর্থিক সহায়তার আশ্বাস দিলেও এখন ভিন্ন কথা বলছে রিয়াদ।

দেশটির এই সিদ্ধান্ত ইসলামাবাদের জন্য বড় ধাক্কার বলে মনে করা হচ্ছে। এতে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হলো পাকিস্তান। দেশটির অভিযোগ, পাকিস্তানে যখন অর্থনৈতিক জরুরি অবস্থা চলছে, তখন বন্ধুরাষ্ট্রগুলোও তাদের সহায়তার হাত বাড়াচ্ছে না।

ধারণা করা হচ্ছে, পাক সেনাপ্রধান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে পাকিস্তানের আর্থিক পরিস্থিতি বোঝাতে ব্যর্থ হয়েছেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে ঋণ ও আর্থিক সহায়তার ক্ষেত্রে সৌদি আরব তাদের নীতি পরিবর্তন করেছে।
 
উল্লেখ্য, জানুয়ারিতেই সৌদি অর্থমন্ত্রী নীতি পরিবর্তনের কথা জানিয়েছিলেন। এরই জেরে এ সিদ্ধান্ত বলেও ধারণা করছেন বিশ্লেষকরা। তবে তাদের মতে, আসিম মুনিরের সফরকে গুরুত্বের সঙ্গে দেখা উচিত সৌদি আরবের। 

বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না

রাজনীতি ডেস্কঃ বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার (২০ মার্চ) সকালে সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

ফখরুল বলেন, এ দেশে একটি ভায়াবহ রাজনীতির সংকট সৃষ্টি হয়েছে। এ রাজনীতির সংকট আমাদের সব অর্জনকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার।  এ সরকারের অধীনে, শেখ হাসিনার সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না।
‘ক্ষমতাসীনরা সবসময় মিথ্যা কথা বলে, প্রতারণা করে, ভণ্ড রাজনীতি করে এ দেশের মানুষকে ভুল পথে পরিচালিত করে বারবার তারা ক্ষমতায় যেতে চায়। তারা আবার ভিন্নভাবে দেশে বাকশাল প্রতিষ্ঠিত করতে চায়।’

বিএনপির এ নেতা বলেন, ২০১৪ সালে নির্বাচন করেছে, কোনো নির্বাচনই হয়নি; ১৫৪ জনকে বিনা প্রতিন্দ্বিতায় নির্বাচিত করেছে এবং ২০১৮ সালে আগের রাতে ভোট হয়েছে; আগের রাতে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে। আসলে কোনো নির্বাচনই হয়নি। ক্ষমতায় আসার পরে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে তারা একে একে ধ্বংস করেছে।

আওয়ামী লীগ সরকার তারা সম্পূর্ণভাবে জুডিশিয়ারিকে নিয়ন্ত্রণ করছে। তারা সংসদকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, তারা আবার নতুন নির্বাচনের পাঁযতারা শুরু করেছে। এ নির্বাচনকে আমাদের অবশ্যই প্রতিহত করতে হবে এ দেশের স্বার্থে।

রমজানে ‍পুরো মাসের পণ্য একসঙ্গে না কেনার অনুরোধ

অর্থ ও বাণিজ্য ডেস্কঃ পবিত্র রমজান মাসে দাম নিয়ন্ত্রণ রাখতে একসঙ্গে পুরো মাসের বাজার না করতে ক্রেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহম্মদ শাহরিয়ার।

রাজধানীর কারওয়ান বাজারে বিশেষ তদারকিমূলক অভিযান পরিচালনা শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ অনুরোধ জানান।

ভোক্তাদের উদ্দেশে মনজুর মোহাম্মদ বলেন, রোজা সামনে রেখে একসঙ্গে পুরো মাসের বাজার করবেন না। এটা আপনাদের প্রতি অনুরোধ। কেননা হঠাৎ বেশি পণ্য কিনলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়। এ সময় অসাধু ব্যবসায়ীরা ফায়দা লুটার চেষ্টা করে। আপনারা ১০ দিনের বা এক সপ্তাহের বাজার করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক বলেন, আপনারা দেখে-শুনে, বুঝে পণ্য কিনুন। রমজান উপলক্ষে সরকারের বিভিন্ন সংস্থা বাজার নিয়ন্ত্রণে কাজ করছে। দেশব্যাপী রমজানকেন্দ্রীক পণ্যের মূল্য ও সরবরাহ ঠিক আছে কি না, তা যাচাই করছি আমরা। সেই ধারাবাহিকতায় আজ পণ্যের মূল্য তদারকি করা হয়েছে। এ সময় ছোলা ও চালের দাম কমেছে বলে জনিয়েছেন ব্যবসায়ীরা। অন্যান্য পণ্যের দামও বাড়েনি বলে জানিয়েছেন তারা।

ব্যবসায়ীদের অনুরোধ জানিয়ে মনজুর মোহাম্মদ বলেন, সবার প্রতি অনুরোধ, নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করবেন। আমরা যদি কোনো রকম অনিয়ম পাই, তাহলে বাজারের ব্যবসায়ী সমিতিকে ধরা হবে। কারণ, ব্যবসায়ী সমিতিগুলোর দায়বদ্ধতা রয়েছে।

তিনি বলেন, সরবরাহের কোনো ঘাটতি নেই আমাদের। কেউ মূল্যে কারসাজি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করব আমরা।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান আব্দুল জব্বার মণ্ডলসহ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কঙ্গোতে সন্ত্রাসী হামলায় ২২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে সন্ত্রাসীদের হামলায় আন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২০ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি এবং নর্থ কিভু প্রদেশের বেশ কয়েকটি গ্রামে গত ১৮ মার্চ সন্ত্রাসীদের হামলায় এই প্রাণহানি ঘটে।

নিহতদের মধ্যে ইতুরি প্রদেশের ১২ জন এবং নর্থ কিভু প্রদেশের ১০ জন রয়েছেন। এ ছাড়া নর্থ কিভু প্রদেশের মাউন্ট কিয়াভিরিমুর এনগুলি গ্রাম থেকে তিনজনকে অপহরণ করে সন্ত্রাসীরা।

এ ঘটনায় কোঅপারেটিভ ফর দ্য ডেভলপমেন্ট অব কঙ্গো বা কোডেকো নামে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করা হচ্ছে।

উল্লেখ্য, কঙ্গোর সেনাবাহিনী এবং জাতিসংঘ শান্তিরক্ষীদের ক্রমবর্ধমান হস্তক্ষেপ সত্ত্বেও কঙ্গোর পূর্বাঞ্চল বছরের পর বছর ধরে সহিংসতা চলছে।