এক চুলায় ৬৫ ও দুই চুলায় ১০৫ টাকা বাড়ানোর সুপারিশ

জাতীয় ডেস্কঃ আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের দাম এক চুলায় ৬৫ ও দুই চুলায় ১০৫ টাকা বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি। এখন আবাসিক গ্রাহকদের এক চুলার জন্য মাসে বিল দিতে হয় ৯২৫ টাকা ও দুই চুলার জন্য মাসে বিল দিতে হয় ৯৭৫ টাকা। আর বিইআরসির সুপারিশ কার্যকর হলে দুই চুলার ক্ষেত্রে বিল বেড়ে হবে ১ হাজার ৮০ টাকা। আর এক চুলার ক্ষেত্রে হবে ৯৯০ টাকা।

আজ বুধবার (২৩ মার্চ) রাজধানীর বিয়াম মিলনায়তনে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের ওপর গণশুনানিতে এ সুপারিশ করা হয়।

এর আগে সোমবার (২১ মার্চ) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল হলে প্রাকৃতিক গ্যাসের ভোক্তা পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাবের গণশুনানি শুরু হয়। শুনানিতে তিতাস গ্যাসের পক্ষ থেকে গ্রাহক পর্যায়ে মিটারভিত্তিক চুলার জন্য প্রতি ঘনমিটার ২৭ টাকা ৩৭ পয়সা প্রস্তাব করা হয়।  যার বর্তমান মূল্য ১২ টাকা ৬০ পয়সা। এ প্রস্তাবের বিপরীতে ভোক্তা পর্যায়ে মিটারভিত্তিক চুলার জন্য প্রতি ঘনমিটার ১৮ টাকা করার সুপারিশ করেছে কারিগরি কমিটি।

সে সময় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল বলেছেন, প্রাকৃতিক গ্যাসের মূল্য নির্ধারণে গণশুনানি শুরু হয়েছে। চুলচেরা বিশ্লেষণের পরই আমরা সিদ্ধান্ত নেব। আমরা অমানবিক হব না।

আজ বুধবার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব নিয়ে রাজধানীর ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশনের মিলনায়তনে দ্বিতীয় দিনের মতো শুনানি করে বিইআরসি।

টেকনাফে ৯ হাজার ৬শ পিস ইয়াবাসহ আটক ৩

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ ৩ জন মাদক কারবারীকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, ২২মার্চ মঙ্গলবার ভোর সকালে টেকনাফ মডেল থানার এসআই সফিউল রহমান গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়ায় এলজিইডি রোড়ের পূর্ব পাশে করাচি পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৬শ পিস ইয়াবা ও ২টি মোবাইলসহ টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকার আবুল হোছনের পুত্র মোঃ ফারুক (২৯), মুন্সীগঞ্জের নৈরপুকুর পাড়ের মফিজুলের পুত্র আকাশ দেওয়ান (২৭) এবং বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার পুরাতন রোহিঙ্গা মৃত দুদু মিয়ার পুত্র আমিন (২৫) কে আটক করে।

টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে তিনি জানান, ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

কুড়িগ্রামে জোড়া লাগানো দুই শিশুর জন্ম

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের খান ক্লিনিকে নাসরিন বেগম (২৬) নামের এক প্রসূতি মা জোড়া লাগানো দুই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। গত সোমবার (২১ মার্চ) রাতে সিজারের মাধ্যমে ওই জোড়া লাগানো দুই শিশুর জন্ম হয়।

প্রসূতি নাসরিন বেগম কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের খামার শিবরাম গ্রামের রানা মিয়ার স্ত্রী। রানা মিয়া একটি পরিবহন কাউন্টারের ম্যানেজার হিসেবে কাজ করেন।

ক্লিনিক সুত্র জানায়, ওই প্রসূতি মাকে গত সোমবার ক্লিনিকে ভর্তি করানো হয়। রাত ১০টার দিকে সিজারের মাধ্যমে জোড়া লাগানো শিশুর জন্ম হয়। মা ও জোড়া লাগানো শিশুরা এখন পর্যন্ত সুস্থ আছেন।

চিকিৎসকরা জানিছেন, উন্নত চিকিৎসার মাধ্যমে শিশুদুটি কে আলাদা করা সম্ভব হতে পারে। এ বিষয়ে শিশুদুটির বাবা রানা মিয়া কোন মন্তব্য করতে রাজি হননি।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মনজুর এ মোর্শেদ বলেন, বাংলাদেশে ২-৩টি জোড়া লাগানো শিশুর অপারেশন হয়েছে। তার মধ্যে একটি শিশুর অপারেশন সাকসেসফুল হয়েছে। কুড়িগ্রামের এ শিশু দুটিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজিতে নিলেই সার্জারি ডিপার্টমেন্টের চিকিৎসকরা ভালো বলতে পারবেন।

তিনি আরো বলেন, এটিকে conjoined twin baby (সংযুক্ত যমজ শিশু) বলা হয়। এটি মুলত birth effect। তবে এরকম সংযুক্ত যমজ শিশু জন্মের জন্য কাউকে দায়ী করা যাবে না বলে জানান এই কর্মকর্তা।

বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তালিকায় শীর্ষে বাংলাদেশ : আইকিউ এয়ার

জাতীয় ডেস্কঃ আজ মঙ্গলবার (২২ মার্চ) বিশ্বের সবচেয়ে বায়ুদূষিত দেশের তালিকা প্রকাশিত হয়েছে। বায়ুদূষণ ও বায়ু পরিশোধন প্রযুক্তি নিয়ে কাজ করা সুইজারল্যান্ডের সংস্থা আইকিউ এয়ারের প্রকাশিত রিপোর্টে দূষিতের তালিকায় শীর্ষে অবস্থান করছে। খবর রয়টার্সের।

আইকিউ এয়ারের প্রতিবেদন বলছে, ২০২১ সালে বিশ্বের ১১৭টি দেশের মধ্যে সবচেয়ে দূষিত ছিল বাংলাদেশ। আর বিশ্বের ৬ হাজার ৪৭৫টি শহরের মধ্যে সবচেয়ে দূষিত শহর নয়াদিল্লি। শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়। একটি দেশও ২০২১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রত্যাশিত বায়ুমানের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি।

প্রতিবেদনে বলা হয়, জরিপ করা শহরগুলোর মধ্যে ২০২১ সালের লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হয়েছে মাত্র ৩ দশমিক ৪ শতাংশ শহর। বরং ৯৩টি শহরে পিএম-২ দশমিক ৫-এর মাত্রা প্রস্তাবিত স্তরের চেয়েও ১০ গুণ বেশি। মধ্য ও দক্ষিণ এশিয়ার বাতাসের মান বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ এবং সবচেয়ে দূষিত ৫০ শহরের মধ্যে ৪৬টিই এ অঞ্চলের।

আইকিউ এয়ারের এয়ার কোয়ালিটি সায়েন্স ম্যানেজার ক্রিস্টি শ্রোডার বলেন, অনেক দেশ আছে, যারা বায়ুদূষণ কমানোর ক্ষেত্রে বড় উদ্যোগ নিচ্ছে। চীনের অবস্থা অতীতে অনেক খারাপ ছিল। দেশটি দিন দিন উন্নতি করছে। ২০২১ সালে চীন পিএম ২ দশমিক ৫ র‌্যাংকিংয়ে ২২তম স্থানে নেমে এসেছে। এর আগের বছর দেশটির অবস্থান ছিল ১৪তম। তবে বিশ্বে এমন অনেক জায়গা আছে, যেখানে বায়ুদূষণ পরিস্থিতি ভয়াবহ।

গত বছর ডব্লিউএইচও তার বায়ুমান নির্দেশক গাইডলাইন পরিবর্তন করে। সেই সময় সংস্থাটি জানায়, পিএম ২ দশমিক ৫ নামে পরিচিত ছোট ও বিপজ্জনক বায়ুবাহিত কণার গড় বার্ষিক ঘনত্ব প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়।

এদিকে বাংলাদেশের নগরবাসীর কাছে যানজটের পাশাপাশি আরেক যন্ত্রণার নাম বায়ুদূষণ। মাত্রাতিরিক্ত দূষণের কবলে নগরজীবন বিভীষিকাময় হয়ে উঠেছে। বাড়িয়ে তুলছে স্বাস্থ্যঝুঁকি। সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু, বৃদ্ধ ও শ্বাসতন্ত্রের রোগীরা। দূষণের মাত্রা দিন দিন বেড়ে চললেও কর্তৃপক্ষ কার্যত কোনো পদক্ষেপ নিচ্ছে না এমন অভিযোগ রয়েছে পরিবেশবিদদের। ঢাকার উন্নয়ন প্রকল্পকে ঘিরে সকাল-বিকাল পানি ছিটানো হলেও আশানুরূপ ফল দৃশ্যমান নয়। এ অবস্থায় সিটি করপোরেশনের পানি ছিটানোর কাজে সার্বক্ষণিক তদারক এবং বাতাসের মান স্বাভাবিক ও জীবনযাত্রায় স্বস্তি ফেরাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। দূষণের মাত্রা যেভাবে বেড়েছে তা নিয়ন্ত্রণ করতে হলে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে গাড়ির কালো ধোঁয়া কমানো ও অপরিকল্পিত নির্মাণকাজের লাগাম টেনে ধরা প্রয়োজন বলে মনে করেন অনেকে।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

উল্লেখ্য, জাতিসংঘের তথ্যমতে- বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে ৯ জন দূষিত বাতাসে শ্বাস নেন এবং বায়ুদূষণের কারণে প্রতি বছর প্রধানত নিম্ন ও মধ্য আয়ের দেশে আনুমানিক ৭০ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে।

ইউক্রেনে চলছে যুদ্ধ, রাশিয়ায় কনডম কেনার ধুম!

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে চলছে যুদ্ধ, আর রাশিয়ায় কনডম কেনার ধুম! ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে পুতিনের দেশে এখন এরকম পরিস্থিতির কথা জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।

দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে যে কনডমের ঘাটতি হবে তা তাঁদের কাছেও অপ্রত্যাশিত ছিল। বিশ্বের অন্যতম কনডম উৎপাদক দেশগুলি যেমন তাইল্যান্ড, ভারত, দক্ষিণ কোরিয়া এবং চিন, আগের মতোই রাশিয়ায় কন্ডোম সরবরাহ করে যাচ্ছে। তারপরেও চলতি মাসে দেশে কনডমের বিক্রি বেড়েছে প্রায় ১৭০ শতাংশ।

এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলার প্রেক্ষিতে আমেরিকা ও পশ্চিমের বিভিন্ন দেশ রাশিয়ার উপর হরেকরকম নিষেধাজ্ঞা জারি করেছে। যার ফলে বড় পতন হয়েছে রাশিয়ার মুদ্রা রুবলের দামে। এই অবস্থায় মস্কোতে চলছে কনডমের জন্য হাহাকার। কনডমের দাম গিয়ে ঠেকতে পারে সাধ্যের বাইরে, বন্ধ হয়ে যেতে পারে সরবরাহ, এই আশঙ্কায় রাশিয়ার লোকজন ওষুধ কিংবা যৌন সামগ্রী বিক্রির দোকানে লাইন দিয়ে কনডম সংগ্রহ করছেন।

অন্যদিকে রাশিয়ার সবচেয়ে বড় অনলাইন সামগ্রী বিক্রির বিপণী ‘ওয়াইল্ডবেরি’ জানিয়েছে, মার্চের প্রথম দু’সপ্তাহে গত বছরের এই সময়ের তুলনায় কনডম বিক্রি বেড়েছে ১৭০ শতাংশ। সে দেশের বড় ওষুধ বিপণী ‘থার্টি সিক্স পয়েন্ট সিক্স’ জানাচ্ছে তাদের কনডমের বিক্রি বেড়ে গিয়েছে ২৬ শতাংশ। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দামও বেড়েছে। মোটের উপর পাইকারি বাজারে কনডমের দাম বেড়েছে ৩২ শতাংশ। এছাড়া রাশিয়ার সুপার মার্কেটগুলিতে কনডমের বিক্রি বেড়েছে ৩০ শতাংশ।

রাশিয়ার অন্যতম বড় যৌনসামগ্রী বিক্রির দোকান ‘প্রেসারভেটিভনায়া সেক্স শপ’-এর মালিক ইয়েসেনিয়া শামোনিনা জানান, মানুষ সম্ভবত ভবিষ্যতের কথা ভেবে বাড়তি কনডম কিনে রাখছেন। আমরা দাম বাড়াতে বাধ্য হচ্ছি। কিন্তু তাতেও বিক্রিতে কোনও প্রভাব পড়ছে না।

উল্লেখ্য, চলতি বছরে মাত্র ৯ সপ্তাহে, রাশিয়ায় ১.৩ বিলিয়ন রুবেল মূল্যের ৪ মিলিয়ন প্যাকের বেশি কনডম বিক্রি হয়েছে। আর রাশিয়া কনডমের জন্য বিদেশী দেশগুলির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। কারণ প্রতি বছর রাশিয়ায় প্রায় ৬০০ মিলিয়ন কনডম আমদানি করা হয় এবং দেশটি মাত্র ১০০ মিলিয়ন উত্পাদন করে থাকে।

বান্দরবান-রাঙ্গামাটি সীমান্তের নতুনপাড়ায় সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রাম প্রতিনিধিঃ বান্দরবান-রাঙ্গামাটি সীমান্তের গাইন্দা ইউনিয়নের কেচি নতুনপাড়ায় মগ লিবারেশন আর্মি ও তাদের প্রতিপক্ষের মধ্যে গুলি বিমিয়ের ঘটনায় ৩জন নিহত এবং ২জন আহত হয়েছেন। এ ঘটনার পর খবর পেয়ে সেখানে বান্দরবান থেকে সেনাবাহিনীর একটি টহল দল পৌঁছেছে। আশেপাশের পাড়াগুলোর লোকজনের মধ্যে এ নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে।

আজ মঙ্গলবার (২২ মার্চ) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, জনসংহতি সমিতি ও মগ লিবারেশন পার্টির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে যারা নিহত হয়েছেন, তারা কোনো দলের তা এখনো জানা যায়নি।

গাইন্দা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পুচি মং মারমা জানান, তার ইউনিয়নের বান্দরবান সীমান্তের কাছে কেচি নতুনপাড়া এলাকায় দুই দল সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে এক পথপ্রদর্শকসহ তিনজনের মরদেহ সেখানে পড়ে রয়েছে। ঘটনাটি তারা নিরাপত্তা বাহিনীকে জানান।

এদিকে বান্দরবানে অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, ঘটনাস্থলটি রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নের পড়েছে। তবে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন থেকে এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ে মগ লিবারেশন পার্টি ও জনসংহতি সমিতির মধ্যে সংঘাত চলে আসছে। এর ফলে গত ১ বছর ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে।

একনেকে ১৫৭৪৪ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

অর্থনীতি ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১২ প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ১৫ হাজার ৭৪৪ কোটি ৫৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১১ হাজার ৬৭৪ কোটি ৮৩ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৪ হাজার ৬৮ কোটি ৫৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১ হাজার ২০ কোটি টাকা ব্যয় করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১০টায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করছেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে শেরে-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে জানান, ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার ব্রডগেজ রেললাইন নির্মাণের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতুর ওপর দিয়ে জাতীয় ও আন্তঃদেশীয় রেল যোগাযোগ স্থাপিত হবে। যমুনা নদীর ওপর ‘বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ’ প্রকল্পের কাজ চলমান। পদ্মা সেতু এবং যমুনা নদীর ওপর রেল সেতু তৈরি হলে রেলওয়ের পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের মধ্যে এবং পাশের দেশগুলোর সঙ্গে উপযুক্ত রেল সংযোগ তৈরি হবে। এর ফলে দেশের অভ্যন্তরে যাত্রী এবং মালামাল পরিবহনেও প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে। এমতাবস্থায় পুরাতন ক্যারেজগুলোর প্রতিস্থাপনসহ আগামী দুই থেকে ৪ বছরের মধ্যে আরও ৪০০টি যাত্রীবাহী ক্যারেজ প্রয়োজন হবে। এ কারণে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) আর্থিক সহায়তায় প্রাথমিকভাবে ২০০টি যাত্রীবাহী ক্যারেজ কেনা হবে। এই প্রকল্পের প্রস্তাবিত ব্যয় এক হাজার ৭০৪ কোটি টাকা। প্রকল্পে ইআইবির ঋণ এক হাজার ৩৩১ কোটি ২০ লাখ টাকা। বাকি অর্থ সরকারের কোষাগার থেকে মেটানো হবে।

অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে- ‘সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২’, ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প (২য় পর্যায়)’, ‘বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প’, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘বিএএফ ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রামে বিমানসেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন (১ম সংশোধিত) প্রতল্প’, ‘দি প্রজেক্ট ফর ইমপ্রুভমেন্ট অব গভর্নেন্স অল্ডি ম্যানেজমেন্ট রিসার্চ অ্যান্ড ট্রেনিং ফ্যাসিলিটিস’, ‘নওগাঁ সড়ক বিভাগধীন ৩টি আঞ্চলিক মহাসড়ক এবং ৩টি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প’, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য এক্সটার্নাল টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন’, ‘বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বীজ বর্ধন খামার স্থাপন’, ‘ভূ-গর্ভস্থ সেচনালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাক ও সেচ দক্ষতা বৃদ্ধি এবং পরীক্ষামূলকভাবে ড্রিপ সেচ পদ্ধতির প্রচলন’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

চীনজুড়ে চলছে করোনার দাপট, শেংইয়াঙে শহরে লকডাউন ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ চীনে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়ে চলছে। আজ মঙ্গলবার (২২ মার্চ) দেশটিতে নতুন করে ৪ হাজার ৭৭০ জন আক্রান্ত হয়েছে। আর বাণিজ্যিক কেন্দ্র শেংইয়াঙে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গতকাল সোমবার রাত থেকে সেখানে লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে কর্তৃপক্ষ অব্যাহত লকডাউনের কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সঙ্কট তৈরির বিষয়ে সতর্ক করেছে।

এর কারন স্বরূপ কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএমডাব্লিউসহ আরো অনেক শিল্প কারখানার কার্যালয় শেংইয়াঙে অবস্থিত। মঙ্গলবার এ শহরে নতুন করে ৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ কারণে আবাসিক সকল কম্পাউন্ডকে নিবিড় ব্যবস্থাপনায় এবং ৪৮ ঘণ্টার মধ্যে করোনার নেগেটিভ ফলাফল ছাড়া বাসিন্দাদের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিকে গত সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং চীনের অর্থনীতিতে করোনা মহামারির প্রভাব কমানো এবং একইসঙ্গে করোনার জিরো নীতির বিষয়ে কঠোর থাকতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

বাঞ্ছারামপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের বিচারের দাবীতে শিক্ষার্থী ও অভিভাবকের মানববন্ধন, বিদ্যালয় ভাংচুর, দুইজন আটক

মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার ধারিয়ারচর হাজী ওমর আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে সহকারি শিক্ষক সফিকুল ইসলাম কর্তৃক  ধর্ষণের বিচারের দাবীতে শিক্ষার্থী ও অভিভাবকের মানববন্ধন শেষে কিছু দৃস্কৃতিকারী বিদ্যালয় ভাংচুর করে।

সোমবার বেলা ১২টার  সময় বিদ্যালয়ের মাঠে শান্তিপূর্ণ ভাবে  মানববন্ধন  অনুষ্ঠিত হয়।মানববন্ধনে ধর্ষক শিক্ষকের শাস্তি দাবি করেন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকগন । শান্তি পূর্ণ  মানববন্ধনকে কলংকিত করার জন্য কিছু দৃস্কৃতিকারী মানববন্ধন শেষে বিদ্যালয় ভাংচুর করে একপর্যায়ে স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে আতংকের সৃষ্টি করে। খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম ঘটনাস্হলে পৌঁছে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনেন।
এই ভাংচুর এর ঘটনায় শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক মহি উদ্দিন এবং জসিম উদ্দিনকে আটক করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
এ ব্যাপারে মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন  বলেন, স্কুল ছাত্রীকে ধর্ষণের বিষয়ে শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকগন  শিক্ষকের বিচারের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন করেছে। পরে বিদ্যালয়ের ছাত্ররা উত্তেজিত হয়ে ভাঙচুর করেছে বলে শুনেছি।
এলাকাবাসী ও ছাত্র  ছাত্রীর অভিযোগ সূত্রে জানা যায় তিনি একাধিক ছাত্র/ছাত্রীকে স্কুলের পাঁশে একটি ভাড়া বাড়ীতে প্রাইভেট পড়াতেন। প্রাইভেট শেষে দশম শ্রেনি ছাত্রীকে বিশেষ ক্লাস আছে বলে রেখে দিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। শিক্ষকের অনৈতিক কর্মকান্ড গুলো এলাকায় প্রচার হতে থাকে, এসব বিষয় নিয়ে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে।
জানাযায় উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের চরছয়ানি গ্রামের আবুল কাশেমের ছেলে সফিকুল ইসলাম (৪৩) সে ধারিয়ারচর হাজী ওমর আলী উচ্চবিদ্যালয়ের সামাজিক বিজ্ঞানের সহকারি শিক্ষক তার ছেলে দশম শ্রেনিতে ও মেয়ে ৬ষ্ঠ শ্রেনিতে পড়ে।
অভিযোগের  বিষয়ে সহকারি শিক্ষক সফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার চেষ্টা করে মুঠোফোন বন্ধ পাওয়ায় কথা বলা সম্ভব হয়নি। তার স্ত্রীকে জিঙ্গাসা করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে কোন কথা বলতে রাজি হননি।
স্কুলের প্রধান শিক্ষক আমেনা আক্তার  বলেন  আমি ঘটনা শুনে ছাত্রীর বাড়িতে গিয়ে তার মায়ের সাথে ও বড় বোনের সাথে কথা বলেছি। পরে ছাত্রীর সাথে কথা বলি, সে  বিয়ের কথা স্বীকার করেছে। ঘটনা যাচাই বাচাই করতে বিদ্যালয়ের  পরিচালনায় কমিটির সদস্য আশরাফ উদ্দিনকে আহবায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে সফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, স্কুল ভাংচুরের ঘটনা একটি মামলা হয়েছে। মামলার দুইজন আসামী কে গ্রেফতার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা জেল হাজতে পাঠাই। আমাদের অভিযান অব্যাহত আছে।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা শমসাদ বেগম বলেন, বিষয়টি শুনার পর ওসিকে নিয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। স্কুলের এক শিক্ষক এক ছাত্রীকে যৌন হয়রানি করেছে অভিযোগ তুলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও স্কুল ভাংচুর করেছে বলে শুনেছি। যেহেতু স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে তাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটির রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।তবে কেউ আমাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেননি।

শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে মৃত্যু বেড়ে ১০

অনলাইন ডেস্কঃ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে  মালবাহী জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় তল্লাশি অভিযানের তৃতীয় দিনে আরও দুইজনের মরদেহ উদ্ধার হয়েছে। এরমধ্যে একজন শিশু ও একজন পুরুষ রয়েছেন। আজ মঙ্গলবার সকালে বন্দর উপজেলার মদনগঞ্জ শাহ সিমেন্ট এবং হরিহপুর এলাকা  থেকে এই দুই মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ জনে। এখনও নিখোঁজ রয়েছে দুইজন।

এদিকে মোট ১০ জনের মরদেহর মধ্যে ৭ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নৌ পুলিশ জানিয়েছে।

আগের দুই দিনে উদ্ধার হওয়া যে সাতজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, তারা হলেন- মুন্সিগঞ্জ সদরের উত্তর ইসলামপুরের ব্যবসায়ী জয়নাল ভূঁইয়া (৫৫), মুন্সিগঞ্জ সদরের আরিফা আক্তার (৩৫), তার ছেলে সাফায়েত (১৫ মাস), পটুয়াখালীর মির্জাগঞ্জের সালমা বেগম (৪০), তার মেয়ে ফাতেমা (৭), মুন্সিগঞ্জ সদরের স্মৃতি (২০), উম্মে খায়রুন ফাতেমা (৪০)।

উল্লেখ্য, গত রোববার (২০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ টার্মিনাল থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আশরাফ উদ্দিন নামের একটি যাত্রিবাহী লঞ্চকে ধাক্কা দেয় রূপসী-৯ নামের একটি কার্গো। এতে লঞ্চটি নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর আল আমীন নগর এলাকায় শীতলক্ষ্যায় নদীতে ডুবে যায়। এ ঘটনায় অনেকে সাঁতরে তীরে উঠলেও ১২ জন নিখোঁজ ছিলো। এ ঘটনায় বিআইডব্লিওটিএ দুইটি মামলা করেছে।