ঘূর্ণিঝড় ‘অশনি’ বাংলাদেশসহ পশ্চিমবঙ্গে কোন প্রভাব ফেলবে না : আবহাওয়া অফিস

অনলাইন ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অশনি’ শক্তিশালী হয়ে ওঠার পর দুর্বল হয়ে পড়েছে। এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। উপকূল এলাকায় ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি হচ্ছে। তবে ঘূর্ণিঝড় ‘অশনি’ বাংলাদেশসহ পশ্চিমবঙ্গে কোন প্রভাব ফেলবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

তবে মঙ্গলবার সন্ধ্যানাগাদ দুর্বল অবস্থায় মিয়ানমারের উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘অশনি’ বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই। তবে এর প্রভাবে সমুদ্রকুল এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটে সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

কুলাউড়ার সেই ঘাতক বাসচালক গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া-মৌলভীবাজার সড়কের লোহাইউনি এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে দুইজন নিহতের ঘটনায় পলাতক আসামি বাসচালক কাজর মিয়া (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ মার্চ) তাকে গ্রেপ্তার করে বিকেলে আদালতে প্রেরণ করে থানা পুলিশ। কাজর কমলগঞ্জ থানার নওয়াগাঁও এলাকার মৃত আমির আলী প্রকাশ মিহির আলীর ছেলে।

জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি বিকেলে কুলাউড়া থেকে মোটরসাইকেলযোগে মৌলভীবাজারে যাচ্ছিলেন বুলবুল ও ফখর। পথিমধ্যে লোহাইউনি এলাকায় পৌঁছামাত্র কুলাউড়াগামী একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তারা মারা যান।

দুর্ঘটনার পর বাসচালক কাজর মিয়া পালিয়ে যান। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রহিম ঘাতক বাসচালককে গ্রেপ্তারে সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় বিভিন্নসময় অভিযানের মাধ্যমে জোর তল্লাশি চালান। অবশেষে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিনয় ভূষণ জানান, কাজরকে গ্রেপ্তার করে সোমবার বিকেলে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

নবাবগঞ্জে অল্প কিছু টাকার জন্য অবহেলিত আলদাতপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জের আলদাতপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘ ১৩ বছর ধরে বিভিন্ন ভাবে অবহেলিত এই স্কুলটি মাঝখানে করোনার পর যখন বন্ধ তখন থেকে ঐ অবস্থায় ২০২২ সালের বই বিতারন করার পরও ক্লাস নেওয়ার উপযোগী করা যায়নি স্কুল টি।

পরে স্কুল সংস্কার করার জন্য প্রায়ই সব কাজ এ শেষ এখন শুধু মাত্র ৩০ হাজার টাকার জন্য  ক্লাস নেওয়ার উপযোগী করতে পারছেন না বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ রাহেনুল ইসলাম রায়হান জানান, স্কুলের প্রায়ই সব কাজই করা হয়েছে এখন শুধু অল্প কিছু কাজ আছে এখন শুধু ৩০ হাজার টাকা হলেই আমরা স্কুলটিতে ক্লাসের উপযোগী করতে পারবো তো ৫টি গ্রামের মোট ২০০টি ছাত্রের পড়ালেখা নিশ্চিত করতে পারবো তাই সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহবান রইল।

ফুলবাড়ীর রাবাইতারী গার্লস স্কুল এন্ড কলেজ পরিদর্শন করলেন এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান রাবাইতারী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শন করলেন ২৬ কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ এমপি।
মঙ্গলবার দুপুর দেড়টায় পরিদর্শনের উদ্দেশ্যে  প্রতিষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত হলে কলেজের শিক্ষক শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান। পরে অধ্যক্ষের কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহফুজার রহমান শেখের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সরকার, সহকারী অধ্যাপক এস এম রেজাউল হক, অধ্যক্ষ হোসেন আলী ব্যাপারী বক্তব্য রাখেন। সংসদ সদস্য তার বক্তব্যে জরুরী ভিত্তিতে রাবাইতারী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বাউন্ডারি ওয়াল ও চার তলা ভবন নির্মাণের ব্যবস্থা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সাপাহারে পুকুর খননে অবৈধ ট্রাক্টর চলাচলে রাস্তার বেহাল দশা

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার সদর এক নম্বর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে ০২ নম্বর ওয়ার্ডের প্রভাবশালী শাহিন হোসেন মেম্বারের হুকুমে ৪ বিঘা পুকুর খননের কারনে সাপাহার হতে জবাইবিলের সংযোগ উপজেলা এলজিআরডির নব-নির্মানকৃত আঞ্চলিক সড়কের রাস্তায় অবৈধ ট্রাক্টরের বেপরোয়া গতি ও কাঁদা মাটিতে চলাচলে বেহাল দশা। আর এসব ট্রাক্টর চালাচ্ছে অদক্ষ চালকরা। এতে করে এ জেলায় প্রায়ই ঘটছে প্রাণহানি ও অঙ্গহানিসহ মারাত্মক সড়ক দুর্ঘটনা। এই রাস্তাগুলোতে রীতিমত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে কমলমতি স্কুল,কলেজ,মাদ্রাসার ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকেও।

জানা যায়, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় কয়েকটি আম বাগান ও ইট ভাটায় মাটি বহন করতে এসব ট্রাক্টর ব্যবহার করছে কিছু অসাধু ব্যবসায়ীরা। শুধু সাপাহার ইউনিয়ন নয় এসব ট্রাক্টর গ্রামীণসড়কে যেমন অবিরত চলাচল করছে তেমনি মহাসড়কের উপর দিয়ে সমানতালে চলছে। এতে দুর্ঘটনার হার দিনকে দিন বেড়েই চলছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তাগুলোতে দিনরাত ২৪ ঘন্টা কাঁদামাটি বোঝাই ট্রাক্টর চলাচল করায় রাস্তাগুলোর অবস্থা অত্যন্ত করুণ অবস্থায় পৌঁছেছে। বর্তমানে ওইসব রাস্তায় পায়ে হেঁটে চলাও কঠিন হয়ে পড়েছে। এ কারনে রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়। রাস্তাগুলোতে চলাচলকারীদের মনে সবসময় অজানা এক আতংক বিরাজ করে, কখন যেন দুর্ঘটনার শিকার হন। এছাড়া টাক্টরের বিকট শব্দে শব্দ দূষণে আক্রান্ত হচ্ছে অনেকেই। এক সাথে ৪-৫টি ট্রাক্টর চললে রাস্তাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীসহ পথচারীরা।

অনুসন্ধানে দেখা গেছে, কয়েক‘শ ট্রাক্টরের মাঝে বেশির ভাগই সরকারি রেজিস্ট্রেশন বা অনুমোদন ছাড়া। কিন্তু রহস্যজনক কারণে প্রশাসন এর বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা নিচ্ছে না।

আশড়ন্দ এলাকার হবিবর আলী মন্ডল জানান, ট্রাক্টরের ভয়ে রাস্তায় ঠিকমত যাতায়াত করা যায়না। রাস্তার পথচারী ছাড়াও ওইসব রাস্তায় চলাচলকারী ছোট যান রিকশা, ভ্যান, ব্যাটারিচালিত ইজিবাইকগুলোকে ট্রাক্টরের জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে হয়।

সাপাহার সদর এলাকার আরিফ হোসেন বলেন, অনভিজ্ঞ ও কম বয়সী চালকেরা পাল্লা দিয়ে দ্রুতগতিতে গাড়ি চালাতে গিয়ে নানা রকম দুর্ঘটনা সম্মুখীন হচ্ছে। এর সাথে আমরা যারা রাস্তা দিয়ে চলাচল করি সবাই তাদের ভয়ে চলাচল করতে গিয়ে আতঙ্কে থাকি।

এ ব্যাপারে সাপাহার সদর এক নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম বলেন, এসব ট্রাক্টর গুলো আগে অনেক বেশি ছিল। তবে আগের তুলনায় এখন অনেকটা কম। কয়েক বছর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও স্যারের অভিযানে কমেছিল। তবে এবার ইউএনও স্যারের কাছে আবারো বলা হয়েছে। তিনি অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লা আল মামুন জানান, অনুমোদনহীন যান বা রাস্তার ক্ষতি হয় এমন যান রাস্তায় চলাচল করতে দেয়া হবে না। শীঘ্রই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

ফার্মেসী দোকানীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা: দুই পুলিশ সদস্য প্রত্যাহার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ বাজারে ইয়াবা দিয়ে মণিপুরি বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের নিরিহ ফার্মেসী ব্যবসায়ী স্বপন কুমার সিংহকে ফাঁসানোর চেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কমলগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম ও কনষ্টেবল আফসার উদ্দীনকে প্রত্যাহার করে। তারপর মৌলভীবাজার পুলিশ লাইনে সংযুক্তি করা হয়েছে। রোববার রাতে মৌলভীবাজারের পুলিশ সুপারের কার্যালয় হতে এ দুইজনকে প্রত্যাহারের নিদের্শ জারী করা হয়।

কমলগঞ্জ থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সোমবার বিভিন্ন পত্র পত্রিকায় “ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে অবরুদ্ধ তিন পুলিশ সদস্য” এমন একটি সংবাদ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়।

উল্লেখ যে, গত শনিবার রাতে কমলগঞ্জ উপজেলার মধ্যভাগ বাজারের ফার্মেসী নিউ মেডিসিন কর্ণারে কমলগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম সিরাজ ও কনষ্টেবল আফসার উদ্দীন উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাপা সিরাপে ইয়াবা দিয়ে নিরিহ ফার্মেসী মালিক স্বপন কুমার সিংহকে আটকের চেষ্টাকালে বাকবিতন্ডায় আশপাশের মানুষ উত্তেজিত স্থানীয় জনতা দুই পুলিশ সদস্যকে অবরোধ করে রাখার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয় এবং পাশাপাশি ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় পুলিশের উধ্বর্তন পর্যায়ে তোলপাড় সৃষ্টি হয়। বিক্ষুদ্ধ এলাকাবাসীও নিরীহ ব্যবসায়ীকে হয়রানির বিষয়টি তদন্ত করে দোষী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

এরই ধারাবাহিকতায় জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রত্যাহারের নির্দেশনা আসে।

নওগাঁয় জেলা রোভারের ৫ দিনব্যপী ১৮তম মেট কোর্স ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় বাংলাদেশ স্কাউট জেলা রোভারের ১৮তম মেট কোর্স ও ৩য় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ২০২২ শুরু হয়েছে। বাংলাদেশ স্কাউট নওগাঁ জেলা রোভার এই প্রশিক্ষন কর্মসূচীর আয়োজন করেছে। রবিবার রাত ১০টায় স্থানীয় সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

জেলা রোভারের কমিশনার রানীনগর শেরে বাংলা সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোফাখখার হোসেন খান-এর সভাপতিত্বে ৫ দিনব্যপী আয়োজিত প্রশিক্ষন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে রোভার বগুড়া অঞ্চলের সহ-সভাপতি প্রফেসর সন্তোষ কুমার চৌধুরী, লিডার ট্রেনার ও কোর্স পরিচালক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল মজিদ, নওগাঁ জেলা রোভারের সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, এনডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমন জিহাদী, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক লোকমান হোসেন এবং বাংলাদেশ স্কাউট নওগাঁ জেলা রোভার-এর সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ নাসিম আলী বক্তব্য রাখেন।

প্রশিক্ষনে নওগাঁ জেলার কলেজ পর্যায়ের ২০টি প্রতিষ্ঠান থেকে মোট ৬৪ জন স্কাউট শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষন চলবে আগামী ২৪ মার্চ পর্যন্ত।

সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ!

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর রুহিয়াতে সন্তানের সামনে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানা পরিদর্শক (ওসি) চিত্ত রঞ্জণ রায়।

ওসি বলেন, ঘটনার পর থেকে পলাতক আছে মামলার আসামিরা। পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়েছে। এরই মধ্যে গেল রবিবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢোলারহাট এলাকা থেকে মামলার অন্যতম আসামি কথিত তান্ত্রিক প্রকাশ বর্মনকে (ঝোল) গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, ৩ মার্চ ঢোলারহাটের একটি সনাতন ধর্মীয় অনুষ্ঠান থেকে নানা রকম প্রলোভন দেখিয়ে কৌশলে তিন বছরের সন্তানসহ ভুক্তভোগী নারীকে রেল ক্রসিংয়ের কোয়ার্টারে নিয়ে যান ‘তান্ত্রিক’ প্রকাশ ঝোল। সেখানে তাকে পূর্বপরিকল্পিতভাবে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ করেন অভিযুক্তরা। এরপর ঘটনাটি ধামাচাপা দিতে টাকা দিতে চান তারা। এক পর্যায়ে মামলা করতে চাওয়ায় নানা রকম ভয়ভীতি দেখানো হয় ভুক্তভোগীকে। ভয়ে কিছুদিন আত্মগোপনে ছিলেন ওই নারী। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুকের আদালতে মামলা করেন।

মামলার প্রধান আসামি করা হয় রেলের গেটকিপার শামিম ইসলামকে। অন্যান্য আসামিরা হলেন- মো. মেজর, মো. এনামুল হক, উজ্জ্বল দাস ও কথিত তান্ত্রিক প্রকাশ ঝোল।

ওসি চিত্ত রঞ্জণ রায় বলেন, শিগগিরই বাকি আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

নওগাঁর হাপানিয়া ইউনিয়ন পরিষদের বিচারের নামে টাকা আত্মসাৎ মেম্বারের

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়ন পরিষদের চকতারুল গ্রামের মৃত আমজাদ ফকিরের ছেলে শাহাজান হোসেন (৪৫) সাথে একই গ্রামের সাইতুল হোসেনের মেয়ে লাবলি বেগম (৪০) এর বাসার সামনে ভেকে ভোর ৫ টার সময় অনৈতিক সম্পর্ক আছে এমন সন্দেহ করে স্বামী কাজল হোসেন (৪৫) আটক করে শাহাজান হোসেনকে মারপিট করে আটক করে রাখে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত (০২ মার্চ) বুধবার সকালে লাভলি বেগমের স্বামী কাজল হোসেন, শাহাজান হোসেন কে দু হাত বেঁধে রেখে বিচার শালিসের আয়োজন করে। বিচারে এলাকার মন্ডল বাবলু হোসেন, রহিদুল হোসেন, ইমন হোসেন হাপানিয়া ৮নং ওর্য়াড মেম্বার মিলন হোসেনের সহযোগীতায় শাহাজান হোসেন কে  বিচারে মারপিট করে রক্তাক্ত করে এবং বিচারে ইউপি সদস্য মিলন হোসেন জরিমান বাবদ শাহাজান হোসেন কে এক ঘন্টার মধ্যে ১৫ হাজার ও লাভলি বেগমকে ১৫ হাজার টাকা মোট ৩০ হাজার টাকা অর্থ জরিমানা করেন। জরিমানার টাকা দিতে অস্বীকৃতি জানালে গ্রামে থাকতে দিবেন না বলে জানিয়ে দেন ইউপি সদস্য মিলন। ইউপি সদস্যর চাপে জরিমানার টাকা ৮হাজার টাকা রহিদুল হোসেন কে বুঝিয়ে দিয়ে শাহাজানকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায় তার পরিবার।

অপর দিকে লাভলি বেগম ও তার পরিবার মান সন্মানের দিকে তাকিয়ে ১০ হাজার টাকা ইউপি সদস্য মিলনের হাতে বুঝিয়ে দেন। কিন্তু বিচারের ৮হাজার টাকা নিয়ে মিলন আত্মসাৎ করেন। এলাকার মন্ডল রহিদুল হোসেন মিলনের মধ্য ঝামেলার সৃষ্টি হয়।

এই বিষয়ে লাভলি বেগমের সাথে কথা হলে তিনি বলেন, আমরা গরীব মানুষ অনেক কষ্ট করে কাজ করে সংসার চলে কিন্তু সে দিন মিথ্যা অপবাদ দিয়ে আমার স্বামী শাহাজান হোসেন কে মারধর করে। আমার সাথে অনৈতিক সম্পর্ক কেউ দেখতে পায়নি এমনকি আমার স্বামীও। বিচারের নামে আমার কাছ থেকে জোর পূর্বক ১০হাজার টাকা নিয়েছে মিলন মেম্বার।

শাহাজান হোসেনের স্ত্রী বলেন, আমার স্বামীকে অন্যায় ভাবে মেম্বারের সামনে অনেক মারধোর করেছে রক্তাক্ত করেছে। আমার স্বামীকে কোন অবৈধ কাজ করতে পারার কেউ দেখেনাই এমনকি লাভলী বেগমের বাবা, বোন, ভাগিনা দেখে নাই। অন্যায় ভাবে মারধর করে বিচারের নামে ১০ টাকা জোরপূর্বক নিয়েছে। আমার মেয়েকে তার শশুড় বাসায় পাঠিয়ে দিব টাকার জন্য পাঠাইতে পারতেছি না আমরা খুব গরীব মানুষ খুব কষ্ট করে টাকা দিয়েছি। স্বামী অসুস্থ কাজ কাম করতে পারতেছ না। কি খাব কোথায় যাব কিছু বুঝতেছিনা। মেম্বার ও তার সহযোগী দের আমি এর সুষ্ঠু বিচার চাই।

৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিলন হোসেন বলেন, বিচার করা হয়েছে, তারা অবৈধ কাজ করেছে এজন্য এলাকার মন্ডল মাতব্বররা জরিমানা করেছে। এই জরিমানা না করলে তাদের উচিত শিক্ষা হবেনা। এ টাকা পয়সা সব আছে রহিদুল ও ইমনের কাছে। এই টাকা তারা কি করবে আমি জানিনা। আমি শুধু চা নাস্তার জন্য টাকা-পয়সা নিয়েছি। এটা কোন অপরাধ নয় আমি চা নাস্তার জন্য নিতে পারি। এই বিষয়ে চেয়ারম্যান সাহেবে অবগত আছেন।

৫নং হাপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান মোস্তাক রাজা বলেন, আমি কোন বিচারের বিষয়ে কেউ জানায়নি। কোন টাকা-পয়সা লেনদেন হয়েছে কিনা জানা নাই। কোন ইউপি সদস্য বিচারের নামে টাকা-পয়সা জরিমানা করতে পারেনা। যদি কেউ করে থাকে আমার কাছে অভিযোগ করলেন ব্যবস্থা গ্রহণ করব।

ফার্মেসী ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা: অবরুদ্ধ ৩ পুলিশ সদস্য

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জে তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে এক ফার্মেসির মালিককে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাতে কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের মধ্যভাগ বাজারের নিউ মেডিসিন কর্নারে এ ঘটনা ঘটে। নিউ মেডিসিন কর্নারের মালিক স্বপন কুমার সিংহ ইয়াবা বিক্রি করেন এমন অভিযোগে শনিবার রাত ৯টার দিকে তার ফার্মেসিতে তল্লাশিতে যান কমলগঞ্জ থানার এসআই হারুনুর রশীদ চৌধুরী, সিরাজুল ইসলাম সিরাজ ও কনস্টেবল আফসার উদ্দীন।

এ সময় ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ তুলে বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় বিক্ষুব্ধ জনতা ওই তিন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখেন। প্রায় আধাঘণ্টা অবরুদ্ধ থাকার পর তথ্যগত ভুলের কারণে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় স্বীকার করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন ওই তিন পুলিশ সদস্য। রাতেই এমন একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকাবাসী ব্যবসায়ীকে হয়রানির ঘটনা তদন্ত করে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত ৯টার দিকে মোটরসাইকেলযোগে আদমপুর ইউনিয়নের মধ্যভাগ বাজারে সাদা পোশাকে আসেন কমলগঞ্জ থানার এসআই হারুনুর রশীদ চৌধুরী, এসআই সিরাজুল ইসলাম সিরাজ ও কনস্টেবল আফসার উদ্দীন। পরে তারা ওই ফার্মেসিতে যান।

ফার্মেসির মালিক স্বপন কুমার সিংহ জানান, শনিবার রাতে সাদা পোশাকে হঠাৎ পুলিশ এসে নাপা সিরাপ আছে কি না জানতে চায়। আমি নাপা সিরাপ আছে বললে তারা দিতে বলেন। এ সময় তারা বলেন, এখানে মাদক বিক্রি হয়। তখন আমি এর প্রতিবাদ করি। এক পর্যায়ে তারা বলেন, ফার্মেসিতে ইয়াবা বিক্রি হয় বলে তাদের কাছে খবর আছে। তাই তারা ফার্মেসিতে তল্লাশি চালাবেন। তখন তিনি মাদক বিক্রির বিষয়টি অস্বীকার করলে পুলিশ সদস্যরা তার সঙ্গে উচ্চবাচ্য বাকবিতন্ডা শুরু করেন।

এক পর্যায়ে নিজেদের সঙ্গে আনা কয়েক পিস ইয়াবা হাতে নিয়ে ফার্মেসিতে পাওয়া গেছে বলে দাবি করলে ফার্মেসির মালিক স্বপন কুমার সিংহ এর তীব্র প্রতিবাদ করেন। কিন্তু পুলিশ সদস্যরা তার কোনো কথা শুনতে রাজি হননি। ফার্মেসিতে উচ্চবাক্যে বাকবিতণ্ডায় শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনা শুনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ব্যবসায়ীসহ এলাকার লোকজন পুলিশকে জানান, ফার্মেসির মালিক একজন ভালো মানুষ। এখানে কোনো মাদক বিক্রি হয় না। এতে পুলিশের দুই এসআই ক্ষিপ্ত হয়ে ওঠেন। পুলিশের সঙ্গে কথোপকথনে স্থানীয় জনতার মধ্য উত্তেজনা সৃষ্টি হয়। কিছুক্ষণের মধ্যে আরও লোকজন জড়ো হয়ে তারা এমন হয়রানিমূলক তল্লাশির প্রতিবাদ জানান এবং তিন পুলিশ সদস্যকে অবরোধ করে রাখেন। প্রায় আধাঘণ্টা অবরুদ্ধ থাকার পর ‘তথ্যগত ভুলে’ এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় অবরুদ্ধ তিন পুলিশ সদস্য স্বীকার করলে ক্ষুব্ধ জনতা তাদের চলে যাওয়ার সুযোগ দেন। পরে ওই তিন পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিন পুলিশ সদস্য অবরুদ্ধের ঘটনার ভাইরাল হওয়া এক ভিডিও ফুটেজ দেখা যায়, ফার্মেসির ভেতরে এসআই হারুন ও এসআই সিরাজ এবং কনস্টেবল আফসার দাঁড়ানো। তাদের কয়েকজন ঘিরে রেখেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

আর শতাধিক স্থানীয় এলাকাবাসী ফার্মেসির সামনে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন। তারা ব্যবসায়ীকে হয়রানির প্রতিবাদ জানিয়ে কাদের পরামর্শে ভালো মানুষকে ফাঁসাতে এসেছেন তা জানতে চাচ্ছেন। অন্য এক ভিডিওতে দেখা যায়, এসআই হারুনুর রশীদ উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করে প্রতিশ্রুতি দিচ্ছে, ভুল তথ্যদাতাকে আইনের আওতায় আনা হবে। ফার্মেসির মালিক স্বপন কুমার সিংহ তাকে হয়রানি করার এ ঘটনাটি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

অভিযুক্ত পুলিশ সদস্য এসআই হারুনুর রশীদ চৌধুরী বলেন, শনিবার রাতে একটি মামলার তদন্তসংশ্লিষ্ট কাজ শেষে থানায় ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছার পর বিষয়টি দেখে তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন বলে মন্তব্য করেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান সাংবাদিকদের বলেন, পুলিশের কাছে প্রাথমিকভাবে তথ্য ছিল ওই প্রতিষ্ঠানে মাদক রয়েছে। তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্যের অভিযানে পুলিশ গিয়েছিল।

স্থানীয়দের দাবি, ফার্মেসির মালিক স্বপন কুমার সিংহ মাদকের সঙ্গে জড়িত নয়। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান।