পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ আজ সোমবার (২১ মার্চ) পটুয়াখালীর পায়রাতে বাংলাদেশ-চীন পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড কর্তৃক নির্মিত ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দেশের প্রথম আলট্রা সুপার-ক্রিটিক্যাল প্রযুক্তির তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বরণ করে নিতে বর্ণিল সাজে সাজানো হয় এই জনপদ।

এর আগে গত ২০১৬ সালের ১৪ অক্টোবরে এই বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি দেশের বৃহত্তম ও এশিয়ার তৃতীয় বৃহৎ আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির বিদ্যুৎকেন্দ্র। বিশ্বের ১১তম দেশ হিসেবে বাংলাদেশ এ ধরনের বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে। এশিয়াতে এটি সপ্তম।

এদিকে আওয়ামী লীগকে টানা ১৩ বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় রাখার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা আলোর পথে যাত্রা করেছি। সেই যাত্রা কেউ থামাতে পারবে না।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সর্ববৃহৎ কয়লাভিত্তিক পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র রোজার ঈদে দেশবাসীর জন্য বিশেষ উপহার।

প্রধানমন্ত্রী আরো বলেন, দক্ষিণাঞ্চল সবচেয়ে বেশি অবহেলিত ছিল। এখন আর সে অবস্থা নাই। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রত্যেকের যার যার অবস্থান থেকে অবদান রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা সে সময় আরও বলেন, ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশ পিছিয়ে ছিল। এ সময় যারা ক্ষমতায় ছিল তাদের মধ্যে দেশকে এগিয়ে নেবার কোন প্রচেষ্টা ছিল না।

উল্লেখ্য, সোমবার সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে পৌঁছান প্রধানমন্ত্রী। বেলা ১১টায় কোল জেটিতে ২০০ নৌকা থেকে পতাকা নাড়িয়ে ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানো হয়। বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎকেন্দ্রটির মূল নিয়ন্ত্রণ কক্ষ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আধুনগর স্টেশনে একটি ট্রাক এবং প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।

আজ সোমবার (২১ মার্চ) সকাল ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাকোয়াবির পাড়ার মৃত নাছির উদ্দিন বাবুর ছেলে হারুনুর রশিদ (২৬), চুনতি ইউনিয়নের মেহেরুন্নিছা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার আবদুল মাজেদের ছেলে হুমায়ুন (২৫), সাতকানিয়া পৌরসভার ছমদার পাড়া নওশের আলীর ছেলে খোরশেদ আলী সাদ্দাম (৩০), চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের ফারুক জাহানের ছেলে রিজবী শাকিব (২৪) ও অলংকার শহীদ নগর এলাকার ছালামত আলীর ছেলে মনছুর আলী (২৩)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে উল্লিখিত এলাকায় কক্সবাজারমুখী একটি প্রাইভেটকার ও চট্টগ্রামমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা পাঁচজনের মধ্যে চারজন ঘটনাস্থলে এবং হুমায়ুন নামে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত হয়েছেন। ট্রাক চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

রাণীশংকৈলে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম শুরু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। রোববার ২০ মার্চ বিকালে পৌরশহরের ডিগ্রী কলেজ মাঠে এ পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

এ সময় পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) ইদ্রজিৎ সাহা, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা (ট্যাগ অফিসার) নজরুল ইসলামসহ কাউন্সিরবৃন্দ, ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে মেয়র ও সহকারি কমিশার জানান, রমজানের আগে ও মধ্যবর্তী সময় সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিতরণের কাজ আজ থেকে শুরু হয়েছে। কার্ডধারী পরিবারগুলোকে টিসিবির ডিলারদের মাধ্যমে দুই কেজি করে চিনি, মশুর ডাল, সয়াবিন তেল দেয়া হচ্ছে।

এদিন পৌরসভা ছাড়াও ধর্মগড় ইউনিয়ন পরিষদ চত্বরেও এ বিক্রয় কার্যক্রম চলেছে। এবং দ্রুত প্রতিটি ইউনিয়নে এ কার্যক্রম শুরু হবে বলেও তারা জানান।

জানা গেছে এ উপজেলায় প্রায় ১৫ হাজার পরিবার টিসিবি’র ওইসব পণ্য ক্রয়ের সুযোগ পাবেন।

ইউক্রেন যুদ্ধঃ

11আজ ২৬ দিন হল। রাশিয়াই এখন হুশিয়ারী দিচ্ছে ন্যাটো আক্রমন চালালে বিশ্ব যূদ্ধ হবে। প্রেসিডেন্ট জেলোনেস্কি ন্যাটোর প্রতি উষ্মা দেখিয়েছে সাহায্য না পেয়ে। যুদ্ধ বন্ধের দাবী করেছে রাশিয়ার কাছে। কয়েক দফা বৈঠকও হয়েছে কিন্তু সমঝোতা হয়নি। এখন রাশিয়া ইউক্রেনকে শর্ত দিয়েছে আত্নসমর্পনের।

এই যুদ্ধের প্রভাবে তেল সহ দ্রব্য মূল্যের উর্ধগতি বিশ্বজুড়ে। মার্কিন নীতির সমালোচনা করছে মিত্র আর ন্যাটো দেশও। গনতন্ত্র প্রতিষ্ঠার নামে আমেরিকা যে সব দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা রাশিয়ার পক্ষে এসে দাড়িয়েছে। চীনের মত শক্তিশালী দেশও রাশিয়াকে সমর্থন দিয়েছে। জাতিসংঘ যুদ্ধ বিরতির প্রস্তাব কার্যকর করতে পারছেনা। বিশ্ব বাজারকে স্থিতিশীল রাখতে বাইডেন এখন দফায় দফায় আলোচনা করছে শত্রু দেশের সঙ্গেও। ভারত পাকিস্তান ইরান আফগানিস্তান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিকে কাছে টানতে পারেনি মার্কিন নীতি। বন্ধু দেশ সৌদিআরবও বাইডেনের ফোন কল অগ্রাহ্য করেছে। উত্তর কোরিয়া সহ এশিয়ার বেশীরভাগ দেশই আমেরিকার নীতিতে সমর্থন দিচ্ছে মনে হয়না। রাশিয়া যেভাবে যুদ্ধ করছে কেইভ দখল করা এখন সময়ের ব্যপার মাত্র। পুতিন ভেবে চিন্তে এবং সুদীর্ঘ পরিকল্পনা করেই আটঘাট বেধে যুদ্ধে নেমেছে।

এশিয়ার রাজনীতিতেও ইউক্রেন যুদ্ধ প্রভাব ফেলবে বোঝাই যাচ্ছে। ভারতের মোদি সরকারের দ্বৈত নীতি বাঁধার মুখে পরেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ তুলেছে পশ্চিমা দেশেগুলির নীতির বিরুদ্ধে। চীনের সঙ্গে সম্পর্ক বাড়াতে চাইছে ইমরান। ইরান এবং উত্তর কোরিয়া আনবিক শক্তি পরীক্ষার সুযোগ খুঁজছে। মধ্যপ্রাচ্যেও রাশিয়া তার অবস্থান দৃঢ় করে ফেলেছে। বিশ্ব বাজার এখন নিয়ন্ত্রন করবে চীন আর রাশিয়া। আমেরিকা শুধু সমরাস্ত্র বিক্রি করে বিশ্ব মোড়লের ভূমিকায় থাকতে পারবেনা। বৃহত্তর জোটের বিপক্ষে যুদ্ধ করার ভুলটিও আমেরিকা করবেনা। অর্থনৈতিক সঙ্কটে পরে বাইডেন এখন নিজ দেশেই তোপের মুখে। অভ্যান্তরীণ রাজনীতিতে প্রেসিডেন্ট বাউডেন এখন চাপে রয়েছেন। পুতিনকে যারা অপরিপক্ক ভাবে ভুল করেছিল তারাও এখন নড়েচড়ে বসেছে। বিশ্বে রাজনীতির এমন বাস্তবতার অবস্থান নিয়ে বিরোধী দলের সমালোচনা শুনেছি। কিন্তু এখন মনে হচ্ছে সরকার যোগ্যতার পরিচয় দিয়েছে।

আজিজুর রহমান প্রিন্স, বিশিষ্ট সমাজসেবক, কলামিস্ট, টরন্টো, কানাডা।


 

মুরাদনগরের সবচেয়ে বয়স্ক মানুষ মঞ্জুর আলী (১০৯) এখনও মসজিদে গিয়ে নামাজ পড়েন!

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার সবচেয়ে বয়স্ক মানুষ গকুলনগর গ্রামের মঞ্জুর আলী সরকার (১০৯)। উপজেলার ১৪নং নবীপুর পূর্ব ইউনিয়নের ৫নং ওর্য়াড গকুলনগর দক্ষিণ পাড়ার বাসিন্দা মঞ্জুর আলী সরকার। একসময় ছিলেন সুঠাম দেহের অধিকারী। তিনি এখনও সবল, নিজে নিজেই সব কিছু করতে পারেন। স্বাভাবিকভাবে চোখেও দেখেন। প্রতিদিন পুকুরে গিয়ে নিজে নিজে গোসল করেন।

মন্জুর আলীর সঙ্গে আলাপ করে জানা যায়, তার বয়স ১০৯ বছর। কিন্তু তার জাতীয় পরিচয়পত্রে কিছুটা কম আছে।তিনি বলেন, এ তথ্য সঠিক নয়। নির্বাচনের সময় লোকজন এসে পরিচয়পত্র বানিয়েছে। তার বয়স কত তা জিজ্ঞেস না করেই অনুমান করে একটা সাল বসিয়ে দেয়া হয়েছে। তার নিজের হিসাব অনুযায়ী বর্তমানে বয়স চলছে ১০৯ বছর।

জানা যায়, তিনি ০৩ ছেলে ও ০২ মেয়ের জনক। বড় মেয়ে মনোয়ারা বেগম যার বয়স ৮৫ বছর।

তিনি জানান, সেই সময় অল্প পড়াশোনা করেছেন। ব্রিটিশ যুদ্ধ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধ। তার মতে, স্বাধীনতাযুদ্ধ মাত্র কয়েক দিন আগের ঘটনা। সব কিছু গদগদ বলে দেন। দারুণ আত্মবিশ্বাসী মন্জুর আলী বিভিন্ন ইতিহাসের সাক্ষী। তার বাবাও ছিলেন দীর্ঘজীবী মানুষ। বাবা আক্রমআলী মৃত্যূবরণ করেন ১১৮ বছর বয়সে এবং দাদা দুস্ত মাহমুদ সরকার মৃত্যূবরণ করেন ১২৫ বছর বয়সে। স্থানীয় এলাকাবাসীর দাবি- মুরাদনগরের সবচেয়ে বয়স্ক মানুষ গকুলনগর গ্রামের মঞ্জুর আলী সরকার (১০৯)।

মৌলভীবাজার টিসিবি পন্য পাবে ১০হাজার পরিবার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলায় নিম্ন আয়ের পরিবারের জন্য সরকার কর্তৃক টিসিবির পণ্য পাবেন ১০ হাজার ৩ জন মানুষ। শনিবার (১৯ মার্চ) বিকেলে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে সাংবাদিকদের সাথে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান উপজেলা নিবার্হী কর্মকর্তা সাবরীনা রহমান।

প্রেস বিজ্ঞপ্তিতে ইউএনও বলেন, রোববার (২০ মার্চ) সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন করবেন। এতে মৌলভীবাজার সদর উপজেলায় রমজান মাসে দুই ধাপে সুবিধাভোগীদের নির্ধারিত কার্ডের মাধ্যমে ৪ হাজার ১৪৭ জন এবং প্রধানমন্ত্রীর দেওয়া ২৫০০ টাকা করে যারা পেয়েছেন এ আওতার মধ্যে ৫ হাজার ৮৫৬ জন মোট ১০ হাজার ৩ জনকে টিসিবির পণ্য উপকারভোগীদের কাছে সরবরাহ করা হবে।

প্রথম ধাপে ২ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার সয়াবিন তৈল সহ ৪৬০ টাকার প্যাকেজে ওইসব পরিবারের মাঝে টিসিবি’র মাধ্যমে সরবরাহ করা হবে বলে জানান তিনি।

ইউএনও আরও বলেন, রোববার (২০ মার্চ) সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদে টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন করা হবে। পরে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা কার্যালয়ে টিসিবি’র পণ্য বিক্রয় করা হবে।

প্রেস বিজ্ঞপ্তি কালে ইউএনও টিসিবির কার্যক্রম বাস্তবায়ন করতে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

রাণীশংকৈলে বীরাঙ্গনা হুনুফার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলার বীরাঙ্গনা হুনুফা বেগম (৭৭) রবিবার (২০ মার্চ) বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে সকাল ৭ টায় ইত্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।

তিনি উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত: শাহাবউদ্দিনের স্ত্রী। এদিন সকাল ১১ টায় তার নিজ বাড়িতে হুনুফাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিফ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, হোসেনগাঁও ইউনিয়ন আ’লীগ সভাপতি গোলাম রব্বানী  থানা পুলিশ,বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধাবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে পারিবারিক কোবরস্থানে জানাযা শেষে তার দাফন সম্পন্ন হয়।

মৃত্যকালে তিনি দুই ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছেন।

নওগাঁ জেলায় ১ লাখ ৭৫ হাজার ৫৮৪ পরিবার পবিত্র রমজান উপলক্ষে টিসিবির পণ্য কিনতে পারবেন

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ‍্যে নওগাঁ জেলায় ১ লক্ষ ৭৫ হাজার ৫৮৪ নিম্ন আয়ভুক্ত পরিবারের মধ‍্যে ভর্তুকী মুল‍্যে টিসিবির পণ‍্য বিক্রি করা হবে। গতকাল ২০ মার্চ থেকে নওগাঁ জেলা সদরসহ ১১টি উপজেলায় এই কার্যক্রম শুরু হয়েছে।

সারাদেশে এরকম এক কোটি পরিবারের মধ্যে রমজান শুরুর আগে ও রমজানের মাঝামাঝি মোট দুই পর্বে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দেয়া হবে তারই অংশ হিসেবে এই পণ্য বিক্রি করা হবে। গেল শনিবার দুপুর সাড়ে ১২টা জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান তার সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তথ্য জানিয়েছেন।

প্রেস ব্রিফিং থেকে জানা গেছে, উপজেলাভিত্তিক পণ্য বিক্রির বিতরনকৃত কার্ড বিতরনের সংখ্যা হচ্ছে সদর উপজেলায় ২৫ হাজার ৮শ ২৫ জন, ধামইরহাট উপজেলায় ১০ হাজার ৭শ ৩৪ জন, পত্নীতলা উপজেলায় উপজেলায় ১৫ হাজার ৬৬ জন, মান্দা উপজেলায় ২১ হাজার ৮শ ৮ জন, আত্রাই উপজেলায় ১০ হাজার ৮শ ৪০ জন, বদলগাছী উপজেলায় ১১ হাজার ৭শ ৮৮ জন, নিয়ামতপুর উপজেলায় ২১ হাজার ৭শ ৭৬ জন, মহাদেবপুর উপজেলায় ১৮ হাজার ৪শ ২০ জন, পোরশা উপজেলা ১৩ হাজার ১শ ৩৪জন, রানীনগর উপজেলায় ১০ হাজার ৭শ ৪০জন এবং সাপাহার উপজেলায় ১৫ হাজার ৪শ ৫৩ জন।

এই কার্যক্রমের আওতায় প্রথম ধাপে চিনি, মশুর ডাল ও সয়াবিন তেল এবং দ্বিতীয় ধাপে চিনি, মশুর ডাল, সয়াবিন তেল ও ছোলা দেয়া হবে। প্রত্যেককে ২ কেজি ও ২ লিটার করে সামগ্রী প্রদান করা হবে বলে জনানো হয়ে হয়েছে। এই কর্মসূচীতে চিনি প্রতি কে জি ৫৫ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা, সয়াবিন প্রতি লিটার ১১০ টাকা ওবং ছোলা প্রতি কে জি ৫০ টাকা মূল্যে বিক্রি করা হবে বল প্রেস ব্রিফিং এ জানান জেলা প্রশাসক।

উন্নত রাষ্ট্রে পরিণত করতে প্রধানমন্ত্রীর নিরলস পরিশ্রম: পরিবেশমন্ত্রী

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: ২০৪১ সালের স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে পৃথিবীর বুকে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

তিনি বলেন, সদ্য স্বাধীন দেশকে সোনার বাংলায় পরিণত করতে বঙ্গবন্ধু অনেক কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। শনিবার মৌলভীবাজারের জুড়ী উপজেলার রত্না চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃতীয় উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, চলমান কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ শিক্ষার্থীদের প্রতিভার বিকাশ ঘটানোর একটি অনন্য সুযোগ। পাঁচদিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিজেদের জীবনের প্রয়োজনীয় অনেক কিছু শিখতে পারবে, যা তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

বর্তমান ও ভবিষ্যত প্রজন্ম তাদের মেধা কাজে লাগিয়ে দেশকে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ স্কাউটস জুড়ী উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্কাউটসের কমিশনার রিংকু রঞ্জন দাস এবং জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী প্রমুখ। এর আগে পরিবেশমন্ত্রী এক অনুষ্ঠানে জুড়ী উপজেলার আরএইচডি-সাগরনাল টি ফ্যাক্টরি রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ঠাকুরগাঁওয়ে ১৫ টি নতুন জাতের মাদক ‘ক্র্যাটম’ গাছ উদ্ধার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া গ্রাম থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাস্ক ফোর্স অভিযান চালিয়ে নতুন জাতের মাদক ক্র্যাটমের ১৫টি গাছ উদ্ধার করেছে। এ সময় শামিম ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শামিম ওই এলাকার মজিরউদ্দীন সরকারের ছেলে।

এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী (ভূমি) কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  শাহরিয়ার ইসলাম।

নতুন জাতের মাদক ক্র্যাটম বাংলাদেশে একেবারেই অপরিচিত। ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম জানান, ক্র্যাটম গাছের পাতা দেখতে অনেকটা কদম গাছের পাতার মতো। ক্র্যাটম দীর্ঘস্থায়ী ব্যথার চিকিৎসার জন্য বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। তবে মাদক হিসেবেও এর বেশ জনপ্রিয়তা রয়েছে। তাই যুক্তরাষ্ট্র, কানাডা, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, মালয়েশিয়াসহ অনেক দেশেই ক্র্যাটম খাওয়া বা পান করার উদ্দেশ্যে বাজারজাত করা নিষিদ্ধ।

ভুমি কর্মকর্তা শাহরিয়ার ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি-মালয়েশিয়া থেকে এনে গত কয়েক বছর আগে নেশা জাতীয় উদ্ভিদ ক্র্যাটমের বীজ বপন করে শামিম এবং স্থানীয় কয়েকজন এটি সেবনও করে। ধীরে ধীরে এর প্রভাব বিস্তার করে যুবসমাজকে  ধ্বংসের দিক নিয়ে যাচ্ছিল।

তিনি আরো বলেন, অভিযান চালিয়ে ১৫ টি মাদকের গাছ জব্দ করা হয়েছে। সেইসাথে শামিমকে গ্রেপ্তার করে সদর থানায় তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ  আইনে নিয়মিত মামলা দেওয়া হয়েছে।