বাইডেনসহ যুক্তরাষ্ট্রের ১৩ কর্মকর্তার ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্কঃ বাইডেনসহ যুক্তরাষ্ট্রের ১৩ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। গতকাল ১৫ মার্চ (মঙ্গলবার) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ওই বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞার জবাব হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, বাইডেনের নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান উইলিয়াম বার্নসসহ ১৩ মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রাশিয়ার নিষেধাজ্ঞার তালিকায় আমেরিকার প্রেস সেক্রেটারি জেন সাকি, সাবেক মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন ও জো বাইডেনের পুত্র হান্টার বাইডেনও আছেন।

নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তিদের সম্পর্কে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রাশিয়ার স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে এই ব্যক্তিদের সঙ্গে ন্যূনতম আনুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখা হবে। তাছাড়া, যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে রুশ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এই নিষিদ্ধ তালিকায় থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে, সম্প্রতি ওয়াশিংটনের পক্ষ থেকে প্রেসিডেন্ট পুতিনসহ রাশিয়ার বেশ কয়েকজন নেতা ও কর্মকর্তাকে ‘কালো তালিকাভুক্ত’ করার পাল্টা ব্যবস্থা হিসেবে মস্কো মোট ১৩ মার্কিন নাগরিকের ওপর এই নিষেধাজ্ঞা দিয়েছে। নিষেধাজ্ঞাভুক্ত এসব আমেরিকান রুশ ফেডারেশনে প্রবেশ করতে করতে পারবেন না। তবে রাশিয়ার ‘জাতীয় স্বার্থে’ ভবিষ্যতে তাদের সঙ্গে যোগাযোগ করার সম্ভাবনা নাকচ করা হচ্ছে না।

এর আগে আজই রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভসহ নতুন করে দেশটির ৩৭০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ব্রিটেন। দেশটিতে তাঁদের সম্পদ জব্দ করা হবে ও ভ্রমণ নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাও রয়েছেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর গত দু’ সপ্তাহে রাশিয়ার বিরুদ্ধে ২ হাজার ৭৭৮টি নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। অতীতেও বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে রাশিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমা দেশগুলো। ইউক্রেনে অভিযান শুরুর পর জারিকৃত নতুন নিষেধাজ্ঞাগুলোসহ রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক ও আন্তর্জাতিক মোট নিষেধাজ্ঞার সংখ্যা এখন ৫ হাজার ৫৩০টি।

বাঞ্ছারামপুরের শীর্ষসন্ত্রাসী ইকবাল হোমনায় গ্রেফতার, এলাকায় মিষ্টি বিতরণ

মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার  বাঞ্ছারামপুর উপজেলার শীর্ষ সন্ত্রাসী  ওয়ারেন্ট ভুক্ত ২৬ মামলার আসামী ইকবালকে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ।

মঙ্গলবার ১৫ মার্চ  সকাল ৮ ঘটিকায় হোমনা থানার অফিসার ইনচার্জ( ওসি) আবুল কায়েস আকন্দ এর নেতৃত্বে উপজেলার দৌলতপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।  তার এই গ্রেফতারের খবরে তার এলাকায় আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

থানা সূত্রে জানাগেছে,ইকবাল  বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় সন্ত্রাসী,ডাকাতি, হত্যা ও চাঁদাবাজি সহ ২৬ টি মামলা রয়েছে। সে একাধিক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী। মঙ্গলবার হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দের নেতৃত্বে  দুলালপুর ইউনিয়নের দৌলতপুর বাজার থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাকে বাঞ্ছারামপুর থানা নিকট হস্তান্তর করা হয়।  উপ পুলিশ পরিদর্শক (এস আই) ইকবাল মনির, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এ এস আই) মামুন সহ পুলিশ ফোর্স এ সময় উপস্থিত ছিলেন।

হোমনা থানা অফিসার ইনচার্জ আবুল কায়েস আকন্দ এর সত্যতা নিশ্চিত করেছেন।

নওগাঁয় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ৯টা থেকে জেলা প্রশসাকের সম্মেলন কক্ষে এক আলোচনাসভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তর আয়োজিত এ আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

ভোক্তা পর্যায়ে নওগাঁর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইব্রাহীম, সিভিল সার্জনের প্রতিনিধি ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুনির আলী আকন্দ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নওগাঁ’র সহকারী পরিচালক শামীম হোসেন, জেলা ঔষধ তত্বাবধায়ক রিফাত হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি ও জেলা ভোক্তা-অধিকার সংরক্ষন কমিটির সাধারন সম্পাদক মোঃ কায়েস উদ্দিন, জেলা পরিবহন মালিক গ্রুপের সাধারন সম্পাদক মোস্তফা কালিমী বাবু, হোটেল রেঁস্তোরা মালিক সমিতির সদস্য সাজেদুর রহমানসহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিবৃন্দ।

বক্তাগণ ঔষধ, চিকিৎসা সামগ্রী চিকিৎসকদের ফিস ভোক্তাদের সহনশীল পর্যায়ে রাখাসহ আসন্ন পবিত্র রমজান মাসে দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে রাখার আহবান জানান। প্রয়োজনে বেশী বেশী মোবাইল কোর্ট পরিচালনার উপর গুরুত্ব দেয়া হয় এই আলোচনা সভায়।

কুলাউড়া পৌরসভার উচ্ছেদ অভিযান

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় জনস্বার্থে ও জনপ্রয়োজনে মূল সড়ক ও দক্ষিন বাজারের অবৈধ দখল ও স্থাপনা অপসারণ করা হয়েছে। অভিযানে পৌরসভা আইনে অবৈধ দখলকারীদের ১৩’হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে কুলাউড়া পৌরসভার উদ্যোগে পরিচালিত অভিযানে সহায়তা করে উপজেলা প্রশাসন ও কুলাউড়া থানা পুলিশের একটি দল। জনদূর্ভোগ লাঘব, স্কুলগামী শিক্ষার্থী অভিভাবকদের নিরাপদে চলাচলের ব্যবস্হাসহ কুলাউড়া পৌরবাসীদের স্বাচ্ছন্দ্যে চলা-চলে ফুটপাত কোন অবৈধ স্থাপনায় চলাচলের কোন বাঁধা হয়ে না দাঁড়ায় এজন্য এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানায়।

এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম সজল মোল্লা, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিণয় ভূষণ রায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।

বাঞ্ছারামপুরে অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে দৃর্বৃত্তরা

মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মো.শরিফুল ইসলাম (১২) নামের এক অটো রিকশা চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে দৃর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ডোমরাকান্দী গ্রামের রাস্তার পাশে ধান ক্ষেত থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মো.শরিফুল ইসলাম  তেজখালী ইউনিয়নের আগানগর গ্রামের বিলপাড়ের মো. এরশাদ মিয়ার ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে রাস্তার পাশে ধান ক্ষেতে শরিফের মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। তার বাম হাতের কবজি শরীরের থেকে বিচ্ছিন্ন, এবং শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়।

নিহতের মা রোকেয়া বেগম জানান, অটোরিকশা ভাড়ায় চালাইতো শরিফ। গতকাল অটো নিয়ে বের হয় শরিফ। কিন্তু রাতে ও সে আর বাড়ি ফেরেনি। আমরা আত্মীয় ও বিভিন্ন বন্ধুর বাড়িতে খুঁজ নেই। মঙ্গলবার সকালে তার মরদেহ পাওয়ার খবর শোনেন তারা।

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ অটোরিকশা উদ্ধার ও ঘটনায় জড়িতদের গ্রেফতারে তৎপর চলছে।

আত্রাইয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল দশটা থেকে উপজেলা সন্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম। ভোক্তা পর্যায়ে আত্রাইয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার অফিসারের প্রতিনিধি আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সামছুল আলম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপজেলা কমিটির সদস্য উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কেএম কাওছার হোসেন,উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোঃ ওয়ালী উল-ইসলাম, আত্রাই থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ‌কেএম কামাল
উদ্দিন টগর, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফজলুল হক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নওজেস বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রহমান,হোটেল রেঁস্তরার মালিক উমির উদ্দিনসহবিভিন্ন সেক্টরের প্রতিনিধিগন।

বক্তরা ওষুধ, চিকিৎসা সামগ্রী চিকিৎসকদের ফিস ভোক্তাদের সহনশীল পর্যায়ে রাখা সহ আসন্ন পবিত্র মাহে রমজান মাসে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ রাখার আহ্বান জানান। প্রয়োজনে বেশী বেশী মোবাইল কোট পরিচালনার উপর গুরুত্ব দেয়া আহ্বান জানান সেমিনারে উপস্থিত বক্তারা

রাণীশংকৈলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত  হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ)  সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে বিশ্বভোক্তা অধিকার দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা, পুলিশ পরিদর্শক (তদন্ত) আ: লতিফ শেখ, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ও মো. বকুল, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ডা:তোফাজ্জল হোসেন, মহিলা আ’লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, শিক্ষা অফিসার আলী শাহরিয়ার, সমাজসেবা অফিসার আব্দুর রহিম, পি আইও সামিয়েল মার্ডি, প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন প্রমুখ।

এছাড়াও বিভিন্ন কর্মকর্তা,সাজিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রাজনগরে ভোক্তা অধিকার দিবস পালিত

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে ভোক্তা অধিকার দিবস পালন করেছে। এ দিবসকে সামনে রেখে আলোচনা সভা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম খাঁনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাজনগর থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন, সেনিটারী ইন্সপেক্টর শাহাদাত হোসেনসহ সাংবাদিক,ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ গন।

আজ মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন প্রেসিডেন্ট জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ বুধবার (১৬ মার্চ) মার্কিন কংগ্রেসে ভার্চ্যুয়ালি ভাষণ দেবেন। রাশিয়ার প্রচন্ড হামলার মুখে পড়ায় তিনি এ ভাষণ দিতে যাচ্ছেন। কংগ্রেসের হাউস ও সিনেট সদস্যদের কাছে পাঠানো এক চিঠি থেকে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সিএনএন প্রতিবেদনে বলা হয়, কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি ও সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার কর্তৃক হাউস এবং সিনেট সদস্যদের কাছে পাঠানো একটি চিঠি অনুসারে-ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার সকাল ৯টায় মার্কিন কংগ্রেসে ভার্চুয়ালি ভাষণ দেবেন।

কংগ্রেস সদস্যদের আহ্বান জানিয়ে ওই চিঠিতে বলা হয়েছে, ‘আমাদের দেশ এবং বিশ্ব মানবতা ইউক্রেনের জনগণের বিষয়ে সন্ত্রস্ত-যারা রাশিয়ার বিনা উসকানিতে পৈশাচিক ও অবৈধ যুদ্ধের মুখে অসাধারণ সাহস দেখিয়ে প্রতিরোধে দৃঢ় সংকল্প প্রদর্শন করেছে।’

চিঠিতে আরো বলা হয়েছে, ‘পুতিনের নিষ্ঠুর ও পৈশাচিক আগ্রাসনের মুখোমুখি হওয়ায় ইউক্রেনকে সমর্থন করার জন্য কংগ্রেস আমাদের প্রতিশ্রুতিতে অটল রয়েছে। রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু ও বিচ্ছিন্ন করার পাশাপাশি ইউক্রেনে মানবিক, নিরাপত্তা ও অর্থনৈতিক সহায়তা প্রদানের জন্য আইন পাস করার বিষয়ে তাকিয়ে আছি আমরা। হাউস ও সিনেটে প্রেসিডেন্ট জেলেনস্কির ভাষণকে স্বাগত জানানোর এবং ইউক্রেনের জনগণকে সাহসিকতার সঙ্গে গণতন্ত্র রক্ষা করায় জন্য তাদের প্রতি আমাদের সমর্থন জানানোর বিশেষাধিকারের দিকে এগিয়ে যাচ্ছি আমরা।’

উল্লেখ্য, এর আগে যুক্তরাজ্যের পার্লামেন্টেও ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দিয়েছিলেন জেলেনস্কি।

নওগাঁর মান্দায় কাপড় ব্যবসায়ীসহ নিহত ২

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ীসহ দু’জন নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের সাবাই হাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, উপজেলার শিমুলিয়া পূর্ব পাড়া গ্রামের নেকু সরদারের ছেলে আব্দুস সাত্তার (৬০) ও একই গ্ৰামের লসের আলীর ছেলে খোরশেদ সরদার (৪৫)।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আব্দুস সাত্তার একজন কাপড় ব্যবসায়ী। বেলা ১২টার দিকে সাবাই হাট এলাকায় ভ্যানে করে কাপড় বিক্রি করছিলেন তিনি। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দিলে ব্যাবসায়ী আব্দুস সাত্তার ও পাশে দাঁড়িয়ে থাকা খোরশেদ সরদার রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুস সাত্তার মারা যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় খোরশেদ সরদারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সেখানে তার মৃত্যু হয়।

ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আব্দুস সাত্তার মরদেহ উদ্ধার করে থানা নেওয়া হয়েছে। ঘটনার পর বাসের চালক পালিয়ে গেলেও স্থানীয়রা বাসটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে। বাসের চালককে গ্রেফতার করতে চেষ্টা চলছে।