ময়মনসিংহে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দায় টিউবওয়েলের জমে থাকা গর্তের পানিতে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু  হয়েছে।মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার কাকনী ইউনিয়নের দুগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- দুগাছি গ্রামের খাদেমুল হকের মেয়ে রৌজামনি (২) ও রুবেল মিয়ার মেয়ে সানজিদা আক্তার রাইসা (৩)। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে দুই পরিবারে চলছে শোকের মাতম।

জানা গেছে, মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১১ টার দিকে চাচাত দুইবোন বাড়ীর উঠানে খেলা করছিলো। কিছুক্ষন পর বাড়ীর লোকজনের অগোচরে বাড়ির টিউবওয়েলের পাশে জমে থাকা পানির গর্তে পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুজির এক পর্যায়ে তাদের লাশ ঐ গর্তে ভেসে থাকতে দেখেন। পরে তাদের উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকেই কোন অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং লাশ দাফন সম্পন্ন হয়েছে।

বাঞ্ছারামপুরের বুধাইর কান্দি প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ খেলা ধর মাদক ছাড়ো,কলম ধর জীবন গড়ো এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের বুধাইরকান্দি প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  (১৫ মার্চ) বিকাল ৪ঘটিকার সময় বুধাইরকান্দি উত্তর পাড়া কবরস্থান সংলগ্ন মাঠে যুব সমাজের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলাটি ইউনুছ একাদশ  বনাম আলামিন একাদশের মাঝে অনুষ্ঠিত হয়। টসে জিতে আলামিন একাদশ ফিলিংএর সিদ্ধান্ত নেয়। আর ব্যাটিংয়ে নেমে ইউনুছ একাদশ  জয়ের জন্য আলামিন একাদশকে ১৯০ রানের টার্গেট দেয় ইউনুছ  একাদশ। নির্ধারিত চৌদ্দ  ওভারে ব্যাটিংয়ে নেমে আলামিন একাদশ ১৭০ রান করে ১৯ রানে হেরে যায় এবং ইউনুছ  একাদশ জয়ের লক্ষ্যে পৌছে যায়।

শাহজালাল ও ফারুক এর পরিচালনায়, শুরুতে ম্যাচের উদ্বোধন করেন ইতালি প্রবাসী বাদল মিয়া। সাবেক মেম্বার আব্দুর রশিদ মেম্বার এর সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষ ম্যাচ ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী শাহ আলম,ইতালি প্রবাসী রফিক মিয়া,গিয়াস উদ্দিন  এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ধারাবর্ণনায় ছিলেন এরশাদ মিয়া। ইউনুছ একাদশের অধিনায়ক ছিলেন ইউনুছ ও আলামিন একাদশের অধিনায়ক ছিলেন আলামিন।

আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন সুজন মিয়া,মুকুল মিয়া, ও নাছিরসহ অন্যান্য সদস্যবৃন্দ। খেলা শেষে আয়োজক কমিটির সদস্যদের উপস্থিতিতে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

কিয়েভে জেলেনস্কির সঙ্গে দেখা করবেন ৩ দেশের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়নের নেতাদের প্রতিনিধি হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করতে মঙ্গলবার কিয়েভে যাচ্ছেন চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী। চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এই সফরের উদ্দেশ্য হলো ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতায় সমগ্র ইউরোপীয় ইউনিয়নের দ্ব্যর্থহীন সমর্থন নিশ্চিত করা। এ ছাড়া এই সফরে ইউক্রেন এবং ইউক্রেনীয়দের সহায়তার জন্য একটি বড় প্যাকেজ তুলে ধরা হবে।

এদিকে মঙ্গলবার (১৫ মার্চ) সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভের কয়েকটি আবাসিক এলাকায় পৃথক বোমা হামলা চালিয়েছে রাশিয়ান সেনারা।

গতকাল সোমবার (১৪ মার্চ) পর্যন্ত ২৮ লাখের বেশি মানুষ ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। তাদের মধ্যে ১ লাখ ২৭ হাজার অন্যান্য দেশের নাগরিক রয়েছেন।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, ইউক্রেনের যুদ্ধ ৭৫ লাখের বেশি শিশুর ওপর ‘বিধ্বংসী প্রভাব’ ফেলেছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৭ লাখের বেশি মানুষ। এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৬৩৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৬ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে। সূত্র : আলজাজিরা।

ঢাকায় আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্কঃ আজ মঙ্গলবার (১৫ মার্চ) বিকেল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ’র। সংক্ষিপ্ত এক সফরে ঢাকা আসছেন তিনি। তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন। সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রিন্স ফয়সাল। এ সময় বিনিয়োগের বিষয়টি আগ্রহে থাকবে ঢাকার।

এ ছাড়া দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় ‘রাজনৈতিক পরামর্শ’ নিয়ে আলোচনা হবে। আলোচনা শেষে আরবি ভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন দুই মন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়ে বলেন, বুধবার (১৬ মার্চ) সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে সামস বলেন, বেশ কয়েকটি বড় আকারের বিনিয়োগ প্রকল্প নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। এ ছাড়া বাণিজ্য বৃদ্ধির বিষয়েও আলোচনা করতে চায় বাংলাদেশ।

এরই মধ্যে বাংলাদেশে ১ দশমিক ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ নিশ্চিত করেছে সৌদি আরবের এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন। বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা ইউসেফ এসা আল দুলাইহান এমনটি জানিয়েছেন।

এদিকে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে বেশ কয়েকটি সহযোগিতার নথিতে সই হতে পারে। সফর শেষে বুধবার বিকেলে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর।

না ফেরার দেশে ‘ছুটির ঘণ্টা’ খ্যাত নির্মাতা আজিজুর রহমান

বিনোদন ডেস্কঃ দেশ ও বিদেশে বহুল আলোচিত, বিখ্যাত সিনেমা ‘ছুটির ঘণ্টা’র নির্মাতা আজিজুর রহমান আর নেই। সোমবার রাতে কানাডার টরন্টোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বর্ষীয়ান এই চলচ্চিত্র নির্মাতা শেষ নিশ্বাষ ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৮১ বছর।

চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন যাবৎ আজিজুর রহমান শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শেষ এক বছর কৃত্রিম অক্সিজেন ছাড়া চলতে পারতেন না। তিনি প্রায় এক যুগ ধরে কানাডায় তার দুই সন্তানের সঙ্গে থাকতেন। তার মরদেহ বগুড়ার সান্তাহারে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। পারিবারিকভাবে আজিজুর রহমানের মরদেহ দেশের আনার প্রক্রিয়া চলছে।

আজিজুর রহমান ১৯৩৯ সালের ১০ অক্টোবর বগুড়ার সান্তাহার শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রূপচান প্রামাণিক। গুণী এই নির্মাতা অনেক সফল চলচ্চিত্রের পরিচালনা করেছেন। ১৯৫৮ সালে ‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রে এহতেশামের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ময়মনসিংহের লোককথা নিয়ে ‘সাইফুল মূলক বদিউজ্জামান’। মুক্তি পায় ১৯৬৭ সালে। তিনি জীবনে ৫৪টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’, ‘জনতা এক্সপ্রেস’, ‘সাম্পানওয়ালা’, ‘ডাক্তার বাড়ি’, ‘গরমিল’ ও ‘সমাধান’ ইত্যাদি।

হিজাব পরা কখনোই ইসলাম ধর্মের অপরিহার্য অংশ নয় : কর্নাটক হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্কঃ আজ মঙ্গলবার (১৫ মার্চ) মেয়েদের হিজাব পরা কখনোই ইসলাম ধর্মের অপরিহার্য অংশ নয় বলে ভারতের কর্নাটক রাজ্যের হাইকোর্ট এক গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করে এ কথা বলেছে। কর্নাটকের কয়েকজন মুসলিম ছাত্রী শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার অধিকার চেয়ে রাজ্যের হাইকোর্টে এক মামলা করে। আজ সেই মামলাতেই আদালত এই রায় দিয়েছেন।

প্রধান বিচারপতি আর আর অবস্থীর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ ওই আবেদন খারিজ করে দিয়ে বলেছেন, সরকারি স্কুল-কলেজে ছাত্রছাত্রীরা কী পোশাক পরে আসবে, সেই ইউনিফর্ম কোড বেঁধে দেওয়ার পূর্ণ অধিকার কর্তৃপক্ষের আছে।

প্রধান বিচারপতি অবস্থি জানান, সামগ্রিকভাবে পুরো বিষয়টি নিয়ে আদালত কয়েকটি প্রশ্ন তৈরি করেছিল এবং সেগুলির উত্তর খোঁজার চেষ্টা করেছে। যে প্রশ্নগুলি উঠে এসেছিল, সেগুলি হল – ১. হিজাব পরা কি ইসলামী ধর্মবিশ্বাসের অপরিহার্য ধর্মীয় অনুশীলন, যা সংবিধানের ২৫ নম্বর ধারার অধীনে সুরক্ষিত? ২. স্কুল ইউনিফর্মের নিদান কি ব্যক্তিগত অধিকারের লঙ্ঘন? ৩. ৫ ফেব্রুয়ারী তারিখের সরকারী আদেশ মনের আবেদন ছাড়াই করা হয়েছে কি না তা কি স্বেচ্ছাচারীতা?

তিনটি প্রশ্নের ক্ষেত্রেই তাঁরা যে উত্তরটি পেয়েছেন, তা হল ‘না’। ৫ ফেব্রুয়ারি রাজ্য সরকার যে আদেশ দিয়েছিল, তা অবৈধ এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। ছাত্রছাত্রীরা পোশাকের অভিন্নতা নিয়ে আপত্তি করতে পারে না। ইউনিফর্ম পরার বিষয়ে নিষেধাজ্ঞা যুক্তিসঙ্গত। এই নিয়ে শিক্ষার্থীরা আপত্তি করতে পারে না। এরপরই, গত ৫ ফেব্রুয়ারি জারি করা সরকারি আদেশকে চ্যালেঞ্জ করে,  কলেজে হিজাব পরার অনুমতি চেয়ে মুসলিম ছাত্রীদের দায়ের করা সমস্ত রিট পিটিশন খারিজ করে দিয়েছে আদালত।

এছাড়া ভারতীয় সংবিধানের আর্টিকেল ২৫-এ যে ধর্মীয় স্বাধীনতার অধিকার দেয়, হিজাব পরার বিষয়টি তার আওতায় পড়ে না বলেও আদালত মন্তব্য করেছে।

এই রায় ঘোষণার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশঙ্কায় রাজধানী ব্যাঙ্গালোর-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। হিজাব নিয়ে বিতর্কের জেরে দক্ষিণ কর্নাটকের উদুপি, শিভামোগাসহ যে জেলাগুলো উত্তপ্ত হয়ে উঠেছিল, সেখানে স্কুল-কলেজও সব বন্ধ রাখা হয়েছে।

এর আগে, গত ফেব্রুয়ারি মাসের শুরুতে কর্নাটক রাজ্যে হাইস্কুল ও কলেজে মুসলিম মেযেদের হিজাব পরে ক্লাসে আসা নিষিদ্ধ করা, আর এ নিয়ে গেরুয়া স্কার্ফধারী হিন্দুত্ববাদীদের সাথে সংঘাতকে কেন্দ্র করে হঠাৎ সারা দেশ উত্তপ্ত হয়ে উঠেছিল।

মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত হাদিসুর

সিএনবিডি ডেস্কঃ আজ মঙ্গলবার (১৫ মার্চ) বেলা পৌনে ১১টায় ইউক্রেনে বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধিতে রকেট হামলায় নিহত প্রকৌশলী হাদিসুর রহমান আরিফের (৩৪) দাফন তার নিজ বাড়িতে মসজিদের পাশে সম্পন্ন হয়েছে।

এর আগে, গতকাল সোমবার রাত ৯টা ৪৫ মিনিটে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। একই দিন দুপুর ১২টা ২০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি কার্গো বিমান হাদিসুরের মরদেহ নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে দুপুর ২টায় হাদিসুরের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সকাল ১০টার দিকে জানাজা শেষে বাড়ির সামনে মসজিদের দক্ষিণ পাশে দাদা-দাদির কবরের পাশে দাফন করা হয় তাকে।

উল্লেখ্য, ২ মার্চ রাতে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়া বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে রকেট হামলা চালায় রুশ সেনারা। এ হামলায় জাহাজের প্রকৌশলী হাদিসুর রহমান আরিফ নিহত হন। বরগুনার বেতাগীর হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের অবসরপ্রাপ্ত মাদ্রাসাশিক্ষক আবদুর রাজ্জাকের চার ছেলে ও মেয়ের মধ্যে হাদিসুর ছিলেন মেজ। চট্টগ্রাম মেরিন একাডেমি থেকে পড়ালেখা শেষ করে ২০১৮ সালে এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে ওঠেন থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে।

২০২২ সালের স্বাধীনতা পদক পাচ্ছেন ১০ জন বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

জাতীয় ডেস্কঃ জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালের স্বাধীনতা পদক পাচ্ছেন ১০ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান।

আজ মঙ্গলবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্যাটাগরিতে পাঁচজন স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। তারা হলেন বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদদীন আহমেদ এবং মরহুম সিরাজুল হক।

‘চিকিৎসাবিদ্যা’ ক্যাটাগরিতে দু’জন পুরস্কার পাচ্ছেন। তারা হলেন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম।

‘সাহিত্যে’ পাচ্ছেন মরহুম মোঃ আমির হামজা এবং ‘স্থাপত্যে’ মরহুম স্থপতি সৈয়দ মঈনুল ইসলাম।

এবার প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট স্বাধীনতা পুরস্কার পাচ্ছে।

প্রসঙ্গত, স্বাধীনতা পদক দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে।

উল্লেখ্য, স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে পাঁচ লাখ টাকা, আঠারো ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা, ও একটি সম্মাননাপত্র দেয়া হবে।

 

রানীশংকৈলে ছাত্রী ধর্ষণের আলোচিত ঘটনায় অভিযুক্ত তৌহিদুল আটক

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত পাইলট উচ্চ বিদ্যালয়ের  কম্পিউটার অপারেটর (শিক্ষক) তৌহিদুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে আটকের নির্দেশ দেন।

সোমবার (১৪ মার্চ) দুপুরে রাণীশংকৈল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস রমেশ কুমার ডগার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তৌহিদুল ইসলাম। তবে বিচারক আবেদন বাতিল করে তৌহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তৌহিদুল ইসলাম রাণীশংকৈল উপজেলার সহোদর গ্রামের নুর ইসলামের ছেলে এবং রাণীশংকৈল পাইলট হাইস্কুলের কম্পিউটার অপারেটর ছিলেন।

এর আগে গত ৫ মার্চ তৌহিদুল ইসলামকে আসামি করে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রাণীশংকৈল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সেইদিন তৌহিদুল ইসলামের বিচারের দাবিতে স্কুলের ছাত্র-ছাত্রীরা পৌরশহরে মানববন্ধন করেন। সেই সঙ্গে তারা অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে ইউএনও এবং স্কুল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয়। এর পর আরো একবার আন্দোলন করে শিক্ষার্থী ও অভিভাবকরা।

সর্বশেষ ১৩ মার্চ তৌহিদুল ইসলামকে গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা। এতে প্রশাসন ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন । অবশেষে জেলা আদালতে জামিন নিতে গেলে আটক হয় অভিযুক্ত তৌহিদুল ইসলাম।

মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলনে ভোক্তভোগী পরিবার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: প্রকৃত রহস্য উদঘাটন করে মিথ্যা মামলার দায় হইতে অব্যাহতি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ মার্চ) দুপুরে লিখিত বক্তব্যে জানান, গত ৫ মার্চ মৌলভীবাজারের আকবরপুর সাকিনস্থ আঞ্চলিক কৃষি গবেষনা ইনিষ্টিটিউট এর সামনের পাকা রাস্তার পাশে কিছু লোক জড়ো হয়ে দেখেন প্রকৃত ঘটনা সর্ম্পকে স্থানীয় লোকজন তাদেরকে বলেন, প্রাইভেট কারের ভেতরে জনৈক একটি ছেলে ও মেয়ে অর্ধউলঙ্গ অবস্থায় অনৈতিক কর্মকান্ডে লিপ্ত রয়েছে। উপস্থিত জনতার কাছে তাদের দোষ স্বীকারোক্তিমূলক ও (ভিডিওসহ) করে এবং শীগ্ৰই উভয়কে চাপ প্রয়োগ করলে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হইবে বলে আশ্বস্থ করেন। সেই সময় উপস্থিত জনতা ও ছেলে মেয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। কিন্তুু ঐদিন দিবাগত রাত অনুমান আড়াই ঘটিকায় মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার এস.আই মোঃ মাজহারুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স ৬নং একাটুনা ইউনিয়নের মনোহর কোনা গ্রামের জুনেদ আহমদ এর পুত্র রুবেল আহমদ (২৪)কে হাতকড়া পড়িয়ে টানিয়া হেছড়াইয়া ঘর থেকে বাহির করে গাড়ীতে উঠায়। ঐ রাতে ১২নং গিয়াস নগর ইউনিয়নের আকবরপুর গ্রামের তারেক মিয়ার পুত্র রুবেল মিয়া (২৫) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে প্রতিশোধ পরায়ন হয়ে প্রাইভেট কারের ভেতরে অনৈতিক কাজে লিপ্ত থাকা ৩নং কামাল পুর ইউনিয়নের খালিশপুর গ্রামের রবিন আলীর পিতা জমসেদ আলী বাদী হয়ে রুবেল গংদের আসামী করে প্রতিশোধ নেওয়ার হীনমানসে মৌলভীবাজার মডেল থানায় অপহরন মামলা দায়ের করেন। মামলা (নং- ১১/৫৬, তারিখ (০৬/০৩/২২ইং) দায়ের করেন। পরবর্তীবে বিজ্ঞ আদালত তাদের অবস্থা বিবেচনায় উক্ত আসামাীদের জামিন দেন।

লিখিত বক্তব্য আরো জানান- বাদী ও গোয়েন্দা পুলিশের চালান ফরওয়াডিং অনুযায়ী বিগত ০৫/০৩/২০২২ ইং দুপুর সোয়া ১ ঘটিকায় বাদীর ছেলে মোঃ রবিন আলীকে অপহরন করিয়া রুবেল ও তার বন্ধুরা মিলে মুক্তিপন দাবী করে এবং বিকাশের মাধ্যমে ১৪,৭০০/ টাকা আদায় করে। প্রকৃত পক্ষে উক্ত টাকা রবিন ও তার প্রেমিকা উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আনা। গোয়েন্দা পুলিশের চালান ফরওয়াডিং অনুযায়ী ভিকটিমকে সোয়া ১ ঘটিকায় অপহরণ করা হয়েছে। পরবর্তীতে ভিকটিমের মোবাইল লোকেশন সনাক্তের মাধ্যমে ঐদিন দিবাগত রাত অর্থাৎ ০৬/০৩/২০২২ইং রাত ০২:১০ ঘটিকা পর্যন্ত ভিকটিম রুবেল গংদের হাতে জিম্মি ছিল। অথচ ভৈরবগঞ্জ বাজারের স্বাদ ফুড প্রতিষ্ঠানের সি.সি ক্যামেরায় ধারণকৃত সিসি ফুটেজ অনুযায়ী ভিকটিম রবিন আলী বিগত ০৫/০৩/২০২২ইং সন্ধ্যা সোয়া ৭ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখার এস.আই মো: মাজহারুল ইসলাম ও তার সহকারী কনষ্টেবল আব্দুল বাছিদ রাফি ও উক্ত মামলার ৩নং স্বাক্ষী আফনান আল ওহির সাথে বসে হাসি খুশি মনোভাবে খাবার খাচ্ছেন। একজন অপহৃত ব্যক্তি ঐ সময় ( মামলা ও ফরওয়াডিং অনুয়ায়ী) জিম্মি থাকার কথা ভিকটিম সেখানে দিব্যি পুলিশের সাথে খাবার খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এতে করে স্পষ্ট বুঝা যায় মামলার বাদী তার ছেলের অপকর্ম ডাকার জন্য পুলিশের সহায়তা নিয়ে অত্র মামলা সৃজন করিয়া, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করিয়া আর্থিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন এবং পরিবারের সম্মান হানি করিয়াছে। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন করে মিথ্যা মামলার দায় হইতে অব্যাহতি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান ভোক্ত ভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রুবেল আহমদ (১), রুবেল মিয়া, মোঃ আনোয়ার পারভেজ, হোসনে আরা আক্তার, রাজনা বেগম, কামরুল ইসলাম, আলিক, সাজিদ আহমদ, তিমির বনিক প্রমুখ।