প্রতিটি উপজেলায় পারিবারিক সাইলো বিতরণ করা হবেঃ খাদ্য মন্ত্রী

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় পারিবারিক সাইলো বিতরণ করা হবে। খাদ্য সংরক্ষণের পাশাপাশি কৃষকের শষ্যবীজ সংরক্ষণেও পারিবারিক সাইলো ভূমিকা রাখবে।নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

দেশের বিভিন্ন স্থানে বসবাসরত দরিদ্র, অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং দূর্যোগ প্রবণ এলাকার জনগোষ্ঠীর নিরাপদ খাদ্য সংরক্ষণের জন্য হাউজহোল্ড সরবরাহ’ শীষক প্রকল্পের আওতায় উপকারভোগীদের মধ্যে সাইলো বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল,আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটোয়ারি, আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী,উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, উপজেলা ছাত্র লীগ সভাপতি মেহেদি মসনদ স্বরুপ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোজাহের হাসান, আত্রাই ওসি এলএসডি(খাদ্য গুদাম সংরক্ষণ কারী অফিসার রিয়াজুল হক প্রমূখ।

সাধন চন্দ্র মজুমদার বলেন,ষোল কোটি মানুষের খাদ্য যোগান দিতে হচ্ছে। উৎপাদন করেই আমরা খাই। আমাদের আরো উৎপাদন বাড়াতে হবে। দেশের এক ইঞ্চি জমিও যাতে চাষের বাইরে না থাকে তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমিতে সেচ ও সারের জন্য প্রণোদনা দিচ্ছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় জনগনের কল্যাণের কথা ভাবেন। একটি দলের নেতারা করোনার টিকা নিয়ে মিথ্যাচার করেছিল। তারা অনেকেই লুকিয়ে টিকা নিয়েছেন। তিনি বলেন গত ২৬ ফেব্রুয়ারীতে দেশের সকল জেলায়, উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে এক যোগে ক্রাস কর্মসূচির আওতায় গণটিকা দেয়া হয়েছে।

খাদ্যমন্ত্রী আরো বলেন, কৃষক ধানের নায্যমূল্য পাচ্ছে,কৃষকের ভিত শক্ত হচ্ছে।করোনাকালে দেশে খাদ্য সংকট হয়নি,কেউ না খেয়ে মারা যায়নি বলেও উল্লেখ করেন। তিনি।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমানের জন্ম শতবাষির্কী উপলক্ষে এ প্রকল্পের আওতায় দেশের আট বিভাগে ২৩ জেলায় ৫৫টি উপজেলায় মোট তিন লাখ পারিবারিক সাইলো বিতরণ করা হবে। নওগাঁ জেলায় মোট আটাশ হাজার সাইলো বিতরণ করা হবে। তার মধ্যে এদিন আত্রাই উপজেলায় এ কর্মসূচির আওতায় ছয় হাজার পিস পারিবারিক সাইলো বিতরণ করা হয়। দুর্যোগকালে প্রতিটি পারিবারিক সাইলোতে চল্লিশ কেজি ধান অথবা ছাপান্ন কেজি চাল অথবা সত্তর লিটার পানি সংরক্ষণ করা যাবে।

 

ইউক্রেনকে বাঁচাতে জেলেন্সকিকে ছয় দফা প্রস্তাব দিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনকে বাঁচাতে জেলেন্সকিকে ছয় দফা প্রস্তাব দিয়েছে রাশিয়ার পার্লামেন্ট- দুমা। দুমার ডেপুটি স্পিকার মিখাইল শিরিমিত সম্প্রতি ক্রিমিয়া উপত্যকা সফরে গিয়ে বলেন, জেলেনস্কি যদি সত্যিই এখনও ইউক্রেনের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন থাকেন তাহলে তাকে ৬টি গুরুত্বপূর্ণ বিষয় মেনে নিতে হবে।

তিনি বলেন, নব্য নাৎসিবাদীদের নিরস্ত্র করতে হবে, ইউক্রেনকে অস্ত্র সমর্পন করতে হবে, দেশটির সংবিধানে নিরপেক্ষ নীতি গ্রহণ করতে হবে যাতে কোনো আন্তর্জাতিক ব্লকে যোগ দেয়া না যায়, ইউক্রেনের বেশিরভাগ মানুষের মাতৃভাষা অর্থাৎ রুশ ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে, ক্রিমিয়া উপত্যকাকে রাশিয়ার অংশ হিসেবে এবং লুহানস্ক ও দোনেস্ক অঞ্চলের স্বাধীনতা মেনে নিতে হবে।

দুমার ডেপুটি স্পিকার সাফ জানিয়ে দেন,  ইউক্রেনকে রাশিয়া ও এর নাগরিকদের নিরাপত্তা বিপন্নকারী দেশে পরিণতি হতে দেবে না মস্কো।

রাশিয়া এর আগে ঘোষণা করেছে, ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযান দেশটির বিরুদ্ধে কোনো যুদ্ধ নয় বরং বিশ্বব্যাপী একটি বড় ধরনের যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে এ অভিযান চালানো হচ্ছে।

রাশিয়ায় বন্ধ হয়ে গেছে সকল সোশ্যাল নেটওয়ার্ক

সিএনবিডি ডেস্কঃ টানা প্রায় তিন সপ্তাহ ধরে ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া। অন্যদিকে রুশ সেনাদের মোকাবিলায় পশ্চিমা দেশগুলো ইউক্রেনে সরাসারি সেনা না পাঠালেও সামরিক সরঞ্জাম দিচ্ছে। ফলে যুদ্ধের তীব্রতা বাড়ায় এর প্রভাব পড়েছে সোশ্যাল মিডিয়াতেও। গতকাল সোমবার (১৪ মার্চ) সকালে রাশিয়ায় বন্ধ হয়ে গেছে সকল ধরণের সোশ্যাল নেটওয়ার্ক।

গত শুক্রবারই রাশিয়ার মিডিয়া রেগুলেটর ঘোষণা দিয়েছিল যে, ফেসবুক ও টুইটার বন্ধ করে দেওয়া হবে। রোববার রাত থেকে আর কোনো ব্যক্তি ওই দুই সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন না। সোমবার ভোরে দেখা গেল, ফেসবুক, টুইটারের পাশাপাশি ইনস্টাগ্রামও আর কাজ করছে না। নেটব্লক্স সাইবার সিকিউরিটি ওয়াচডগ সরকারিভাবে এই তথ্য প্রকাশ করেছে।

রাশিয়ার দাবি, সামাজিকমাধ্যম ব্যবহার করে রাশিয়ার সেনার বিরুদ্ধে জনমত গড়ে তোলার চেষ্টা চলছিল। সে কারণেই আপাতত সোশ্যাল নেটওয়ার্কগুলো বন্ধের সিদ্ধান্ত হয়েছে। সাধারণ মানুষকে বলা হয়েছে, সাময়িক সময়ের জন্য যোগাযোগের জন্য বিকল্প ব্যবস্থা করে নিতে।

বিশেষজ্ঞদের বক্তব্য, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাশিয়ার একাংশের জনগণ দেশের বিরুদ্ধে যুদ্ধবিরোধী আন্দোলন গড়ে তুলছিল। বস্তুত, এখনও পর্যন্ত কয়েক হাজার মানুষকে যুদ্ধবিরোধী বিক্ষোভ দেখানোর জন্য গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক মাধ্যম ব্যবহার করে যেহেতু দ্রুত জনমত গড়ে তোলা যায়, তাই সোশ্যাল নেটওয়ার্ক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।

এদিকে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে আলোচনা কিছুটা হলেও ফলপ্রসূ হয়েছে। যুদ্ধবিরতির দিকে দুই পক্ষই খানিকটা এগিয়েছে বলে জানা গেছে। তবে বাস্তবে তার কোনো প্রতিফলন এখনও ঘটেনি। রাজধানী কিয়েভের খুব কাছে লাগাতার গোলাবর্ষণ করছে রাশিয়া।

ইউক্রেনের মিডিয়া জানিয়েছে, ইউক্রেনের একাধিক শহর কার্যত জনশূন্য হয়ে গেছে। কেবলমাত্র যোদ্ধারাই সেখানে লড়াই চালাচ্ছেন। অন্যদিকে, মারিউপোলে এখনও বেশ কিছু মানুষ আটকে আছেন বলে জানানো হয়েছে।

রাশিয়া জানিয়েছে, লভিভের কাছে ইউক্রেনের একটি বিমানঘাঁটি ধ্বংস করা হয়েছে।

রানীশংকৈল রামরাই দিঘীর সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা পরিষদ ও প্রশাসনের বাস্তবায়নে সোমবার (১৪ মার্চ) দুপুরে ফলক উম্মোচনের মধ্যদিয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী রামরাই দিঘীর সৌন্দর্যবর্ধন কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

পরে পুকুর পাড়ের বট চত্বরে ইউএনও সোহেল সুলতান জূলকার নাইন কবির স্টিভের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার ভুমি ইন্দ্রজিৎ সাহা,ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ বরেন্দ্র সহকারি প্রকৌশলী তিতুমীর রহমান,পৌর-আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,অধ্যক্ষ মহাদেব বসাক,ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ও জমিরুল ইসলাম,মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।

এছাড়াও প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন ও রুহুল আমিন,রানীশংকৈল প্রেসক্লাব আহব্বায়ক কুশমত আলী ও সভাপতি ফারুক আহমেদ, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল আলম ও জাহিদ হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি, খাদ্য সহকারি অফিসার নবাব আলী,প্রভাষক আলমগীর হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন ৷

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক ৷

প্রসঙ্গত: রামরায় দিঘিতে সৌন্দর্যবর্ধন হিসাবে গেট, দর্শনার্থীদের জন্য গেস্ট হাউজ, গাড়ি পার্কিংয়ের জায়গা নির্ধারণ, প্রতিটি পাড়ে বসার জায়গা, পুকুরের পানিতে ঘুরার জন্য নৌকা, পাবলিক টয়লেট নির্মাণ, স্ট্রিট লাইটসহ বিদ্যুতের ব্যবস্থা রয়েছে।

এ ব্যাপারে উপজেলা চেয়ামম্যান ও ইউএনও’র সাথে কথা বললে তারা বলেন, ঐতিহ্যবাহী এই দিঘীতে দর্শনার্থীদের জন্য সুবিধা এবং পুকুরের সৌন্দর্য বৃদ্ধিতে উপজেলা পরিষদের অর্থায়নে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করেছি। আরো কিছু কাজ চলমান রয়েছে।

ইউক্রেনে রাশিয়ার হামলায় ৯০ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে ৯০ শিশু নিহত এবং আরও ১০০ জনেরও বেশি শিশু আহত হয়েছে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইউক্রেনের জেনারেল প্রসিকিউটরের কার্যালয়।

আজ সোমবার (১৪ মার্চ) ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

বিবৃতিতে বলা হয়, সর্বোচ্চ সংখ্যক হতাহত হয়েছে কিয়েভ, খারকিভ, দোনেৎস্ক, চেরনিহিভ, সুমি, খেরসন, মাইকোলাইভ এবং জাইটোমির অঞ্চলে।যদিও রাশিয়া বেসামরিক মানুষকে টার্গেট করার কথা অস্বীকার করেছে। দেশটি বলছে, ইউক্রেনকে নিরস্ত্রীকরণের জন্যই এই ‘বিশেষ অভিযান’।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৭ লাখের বেশি মানুষ। এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৫৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪১ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে। সূত্র : আলজাজিরা।

বলিউডে অভিষেক হতে যাচ্ছে আমির খানের ছেলে জুনায়েদ’র

বিনোদন ডেস্কঃ আজ ( ১৪ মার্চ) ৫৭তম জন্মদিন উপলক্ষে বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ আমির খান এক চমকপ্রদ খবর জানালেন গণমাধ্যমকে। তিনি জানান, তার পুত্র জুনায়েদ খান বলিউডে পা রাখছেন। যশ রাজ ফিল্মসের প্রকল্পের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। সিনেমার নাম ‘মহারাজা’।

জন্মদিন উপলক্ষে ছেলের সম্পর্কে বলিউড হাঙ্গামার সাক্ষাৎকারে আমির বলেন, জুনায়েদ শিগগির আমাদের ইন্ডাস্ট্রির একজন সদস্য হতে যাচ্ছে। সে সবসময় তার বাচ্চাদের বলেছেন যে তারা যা শিখতে চাইবে তাতে তার সমর্থন থাকবে। তখন জুনায়েদ থিয়েটার শিখতে চায়। এরপর আমির খান তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তার সিনেমায় আগ্রহ আছে কি না। তার ছেলে বলেছিল আছে; তবে থিয়েটারের প্রতি বেশি আগ্রহী এবং এটি শিখতে চায়। তখন থেকে তিনি থিয়েটারে ভর্তি হন।

এরপর থেকে যে কোনো সিনেমার কাস্টিংয়ের জন্য যেখানেই স্ক্রিন টেস্টিং হতো, জুনায়েদ সেখানেই পৌঁছে যেতেন। কিন্তু ব্যর্থ হন তিনি। তবে আমির খান কখনও কাউকে বলেননি যে সে তার ছেলে। অবশেষে যশরাজের সাথে একটি সিনেমা পেয়েছিলেন। আদিত্য চোপড়া তার একটি স্ক্রিন টেস্ট দেখেছিলেন এবং পছন্দ করেছিলেন। পরে তাকে একটি স্ক্রিপ্ট অফার করেছিলেন।

উল্লেখ্য, আমির খানের ‘লাল সিং চাড্ডা’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে অভিনয় করেছেন কারিনা কাপুর খান, মোনা সিং, নাগা চৈতন্য প্রমুখ। সিনেমাটি ২০২২ সালের আগস্টে মুক্তি পাবে।

ইউক্রেন থেকে ৫ বাংলাদেশি শিক্ষার্থী দেশে ফিরেছেন

সিএনবিডি ডেস্কঃ ইউক্রেন থেকে ৫ বাংলাদেশি শিক্ষার্থী দেশে ফিরেছেন। কিয়েভ থেকে রুমানিয়া হয়ে তারা আশ্রয় নিয়েছিলেন পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাসে। এরপর নিরাপদে দেশে ফিরতে পারায় বাংলাদেশ সরকারকে তারা ধন্যবাদ জানান। দেশে ফেরত আসা পাঁচ শিক্ষার্থীই ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি মেডিকেল কলেজে পড়াশোনা করতেন।

আজ সোমবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ইউক্রেন থেকে পোল্যান্ড হয়ে দেশে ফেরেন তারা।

কিয়েভ বোগামলেটস ন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষার্থী দেবব্রত সুষ্ময় বলেন, আমরা যখন হোস্টেলে ছিলাম তখন সেখানে বোমা বারুদ, মিসাইল পড়ছিলো ও রকেট হামলা হচ্ছিলো। আমরা শুধু শব্দ শুনছিলাম কারণ আমরা তখন বাইরে বের হতে পারিনি। প্রথমে আমরা ট্রেনে করে লাবিব আসছি, তারপর কিছুদূর গাড়িতে গেছি, আবার কিছুদূর হেটে বর্ডারে আসছি। পোলান্ডে যে অ্যাম্বাসিডর আছে সেখান থেকে আসছি। তাদের সহযোগিতা পেয়েছি। তারা সবসময় আমাদের খোঁজ খবর রেখেছে। তাদের কাছে যখনই ফোন দিয়েছি তারা ফোন ধরেছে।

যুদ্ধের ভয়াবহতার মাঝেও নিরাপদে দেশে ফেরত আসতে পারায় ধন্যবাদ জানান পোল্যান্ডে বাংলাদেশের দূতাবাস কর্মকর্তাদের তিনি।

নারী ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়লো বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে ৯ রানে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ। নিজেদের প্রথম বিশ্বকাপে খেলতে গিয়েই পাকিস্তানকে হারালো নিগার সুলতানা জ্যোতির দল। হ্যামিল্টনে বাংলাদেশ সময় সোমবার ভোর ৪টায় শুরু হয় ম্যাচটি। এর আগে ১৯৯৯ সালে পাকিস্তানের পুরুষ দলকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পেয়েছিল টাইগাররা। নারী বিশ্বকাপেও যেন তারই পুনরাবৃত্তি ঘটলো।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রানের সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা, যা নিজেদের ওয়ানডে ইতিহাসে বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ২০১৯ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষেই ৯ উইকেটে ২১১ রান করেছিলেন টাইগ্রেসরা। সেটি টপকে ২৩৪ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় নিগার সুলতানা জ্যোতির দল।

২৩৫ রানের তাড়ায় সালমা-রোমানাদের তোপে ৯ উইকেটে ২২৫ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ফলে পাক ওপেনার সিদ্রা আমিনের সেঞ্চুরি কোন কাজেই আসলো না। রানআউট হওয়ার আগে ১৪০ বলে ৮ বাউন্ডারিতে ১০৪ রান করেন এই পাক ওপেনার। আর শেষ পর্যন্ত ৯ রানের হার নিয়ে মাঠ ছাড়ে বিসমাহ মারুফের দল। এ নিয়ে বিশ্বকাপে টানা ১৮ ম্যাচে হার দেখলো পাকিস্তান।

উল্লেখ্য, টাইগ্রেসদের পক্ষে ফাহিমা ৩৮ রানে ৩টি এবং রুমানা ২৯ রানে নেন ২ উইকেট। এছাড়া সালমা ও জাহানারা পেয়েছেন ১টি করে উইকেট। দারুণ বোলিংয়ে বাংলাদেশকে খেলায় ফেরানো ফাহিমা পান ম্যাচসেরার পুরষ্কার।

সিএমএইচে পররাষ্ট্রমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল, আছেন পর্যবেক্ষণে

জাতীয় ডেস্কঃ গতকাল রবিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তুরস্ক থেকে ফেরার পথে প্লেনের ভেতর পররাষ্ট্রমন্ত্রী অসুস্থবোধ করে অজ্ঞান হয়ে যাওয়ার পর তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে ডাক্তারের পরামর্শে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার তুরস্ক থেকে বাংলাদেশে আসার পথে প্লেনের ভেতর তিনি অসুস্থবোধ করেন। পরে বিকেল ৩ টার পর তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, চিকিৎসকেরা তাদের বলেছেন, ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর পররাষ্ট্রমন্ত্রীর চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন তারা। তবে এখন পররাষ্ট্রমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীর ভাই পল্লী শিশু ফাউন্ডেশন বাংলাদেশ ও ঢাকা ডেল্টা হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন জানান, তিনি ভালো আছেন। কিন্তু ডাক্তারের পরামর্শে মন্ত্রীকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরপর পররাষ্ট্রমন্ত্রীর চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন চিকিৎসকরা।

উল্লেখ্য, সম্প্রতি ডিপ্লোম্যাসি ফোরাম ২০২২-এ যোগ দিতে তুরস্ক সফরে গিয়েছিলেন ড. মোমেন। তুরস্ক থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়।

নওগাঁয় ত্রিপল মার্ডার মামলার রায়ে ৯ জনের মৃত্যুদণ্ড!

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে আলোচিত ত্রিপল মার্ডার মামলার রায়ে ৯ জনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার অন্য ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আজ সোমবার (১৪ মার্চ) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মাহমুদুল হাসান এ রায় দেন। ঘটনার প্রায় আট বছর পর এ হত্যা মামলার রায় দেওয়া হলো।

মৃত্যু-দণ্ডপ্রাপ্তরা হলেন- বদলগাছীর উজালপুর গ্রামের সাইদুল, আইজুল হক, হেলাল হোসেন, জালাল হোসেন, বেলাল হোসেন, জায়েদ, আবুল হোসেন, মোস্তফা ও সোহাগ আলী। এদের মধ্যে সাইদুল, জায়েদ ও সোহাগ পলাতক রয়েছেন। অন্যরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হলেন-হাসেম আলী। তিনি বদলগাছীর উজালপুর গ্রামের বাসিন্দা। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোজাহার হোসেন ও আব্দুল্লাহেল বাকী। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী রফিকুল ইসলাম।

উল্লেখ্য, ২০১৪ সালের ৬ জুন বদলগাছী উপজেলার উজালপুর গ্রামে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।