পানির জন্য হাহাকার করছে কৃষি জমি

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে চলতি মৌসুমে ৪ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে। কিন্তু সেচ সংকটের কারণে বোরো চাষ ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের শতাধিক কৃষকের প্রায় ৩০০ একর বোরো ধানের জমি শুকিয়ে গেছে। জমিতে রোপণকৃত চারা নষ্ট হয়ে ব্যাপক ক্ষতির সম্মুখে পড়েছেন তারা। এসব কৃষকেরা নিদির্ষ্ট চুক্তিতে জমিতে ফসল চাষ করেন।  বোরো আবাদ অনিশ্চিত হওয়ায় দুঃশ্চিন্তায় দিন কাটাচ্ছেন নিম্ন আয়ের এই কৃষকেরা।

তারা জানান, একর প্রতি ২০ থেকে ২৫ হাজার টাকা লাভের আশায় নির্দিষ্ট চুক্তিতে জমি নিয়ে চাষাবাদ করছেন তারা। জমি ও বীজতলা তৈরি, বীজ কেনা, চারা রোপণ, সার কীটনাশক ইত্যাদি বাবদ এ পর্যন্ত হাজার হাজার টাকা খরচ করে এখন পানির অভাবে চারা নষ্ট হয়ে যাচ্ছে।

আদমপুর ইউনিয়নের কৃষক ওয়াসিম মিয়া বলেন, অনেক আশা করে ক্ষেত করছিলাম, অখন পানির অভাবে সব শেষ নষ্ট হই যার। ধার কর্জা করিয়া বউত টেকা খরচ করিলাইছি। খালি ২টা ডিপ টিউবওয়েল অইলে ও এ সমস্যা থাকতো নায়।

পানির পর্যাপ্ততা থাকলে সারা বছর জুড়ে উত্তরভাগ, নোয়াগাঁও গ্রামের কয়েকশো একর জমিতে আউশ, আমন ও বোরো চাষ করা যায় বলে কৃষকেরা জানান। দ্রুত সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আদমপুরে বোরো চাষে সেচ সংকটের বিষয়টি জেনে শনিবার বিকেলে কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খাঁন এলাকাটি পরিদর্শন করতে যান। এ সময় তিনি কৃষকদের সাথে কথা বলেন।

এ বিষয়ে এই কৃষি কর্মকর্তা বলেন, মৌসুমের শুরুতে উপজেলার কয়েকটি এলাকায় পানির সংকট সমাধান করেছি আমরা। সেচ ও পানির সমস্যাটা কৃষি উন্নয়ন কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড তদারকি করেন। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করবো। এমন আশ্বাস প্রদান করেন কৃষি কর্মকর্তা।

ফুলবাড়ীতে ডিএনসি সদস্যদের অভিযানে ২৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুর রহমানের নেতৃত্বে সদস্যদের অভিযানে ২৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতাড়ী (কাঞ্চিয়ার কুটি) গ্রামে ওই মাদক ব্যবসায়ীর বাড়ী তল্লাশী করে গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম কাশেম আলী (৫৫)।  তিনি ওই গ্রামের মৃত মান্নাফের ছেলে।

এ প্রসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুর রহমান জানান, ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটককৃত আসামীকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

ইটভাটার পেটে যাচ্ছে ফসলি জমি

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার ফসলি জমির পরিমাণ দিন দিন কমছেই।যে হারে ফসলি জমি কমছে তাতে ভবিষ্যতে আবাদি জমির সংকট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। গত ৬ বছরে জেলায় প্রায় ১২ হাজার হেক্টর আবাদি জমি হ্রাস পেয়েছে। জেলা-উপজেলার বিভিন্ন স্থানে সর্বত্রই প্রতিদিন অবৈধভাবে আবাদি জমি ধ্বংস করে মাটি কাটার মহোৎসব চলছে। কৃষি জমিতে একের পর এক গড়ে উঠেছে ইটের ভাটা। এতে পরিবেশ ও ফসল উৎপাদন মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে।

এদিকে গোমতী নদী থেকে সারাবছর অবৈধভাবে উত্তোলন করা বালি ও কৃষি জমির টপ সয়েলের সহজলভ্যতার কারণে এরই মধ্যে সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে অনেক ইটের ভাটা।এভাবে কৃষি জমির ওপর একের পর এক ইটের ভাটা গড়ে ওঠায় ফসলি জমি কমে যাচ্ছে। সেই সাথে নিরিবিলি গ্রামীণ পরিবেশগুলো বাইরে থেকে আসা শ্রমিকদের কারণে ঘনবসতিপূর্ণ ঘিঞ্জি এলাকায় পরিণত হচ্ছে। ইট ভাটার চিমনির ধোঁয়ায় শ্বাসকষ্টসহ নানা ধরনের রোগ ছড়াচ্ছে। ধোঁয়া ও ধুলা দূষণে বিষাক্ত হচ্ছে পরিবেশ।

কৃষিবিদ ড. হযরত আলী বলেন, জনসংখ্যা বৃদ্ধি, বাড়ি ঘর নির্মাণ, ফসলি জমিতে ইটভাটা, পুকুর খননসহ নানা কারণে দিন দিন ফসলি জমির পরিমাণ হ্রাস পাচ্ছে।

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়  রবিবার (১৩ মার্চ) আনুমানিক সকাল ৯ টায় সমিরউদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ সড়ক দুর্ঘটনার শিকার হন। এবং বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। সমিরউদ্দিন উপজেলার ক্ষুদ্র বাঁশবাড়ি গ্রামের মৃত আমিরউদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, ঘটনার দিন পৌর শহরের ফায়ার সার্ভিস গেটের সামনে মোটর সাইকেল ও বাই সাইকেল এর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন সমিরউদ্দিন । সাথে সাথে তাকে আহত অবস্থায় দিনাজপুর এম এ আঃ রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক  (তদন্ত) আব্দুল লতিফ সেখ এদিন রাত ৯ টায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফুলবাড়ীতে নারী নির্যাতন, মাদক, বাল্য বিবাহ ও আত্নহত্যা নিরোধ কল্পে বিট পুলিশিং উঠান বৈঠক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের উদ্যোগে নারী নির্যাতন, মাদক, বাল্য বিবাহ ও আত্নহত্যা নিরোধ কল্পে বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫ টায় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠে এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান।

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসেন আলীর সভাপতিত্বে এবং আব্দুল জলিল পারভেজের সঞ্চালনায় বৈঠকে ইউপি সদস্য শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম সাবু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সপু, নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, বালারহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আরেফিন বক্তব্য রাখেন।

খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় খালের পানিতে ডুবে আবু হোসেন তালহা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৩ মার্চ) বিকেলের দিকে উপজেলার কাদিপুরের গুপ্তগ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, মায়ের সাথে গত তিন মাস আগে তালহা তার নানার বাড়িতে (গুপ্তগ্রাম) বেড়াতে যায়। প্রতিদিনের মতো রোববার বিকেলে বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল তালহা। খেলার এক ফাঁকে নানা বাড়ির পাশের একটি খালের পানিতে পড়ে ডুবে যায়।
পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর ওই খাল থেকে শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু তালহাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে রাতে যোগাযোগ করলে কুলাউড়া থানার এসআই অপু দাস গুপ্ত এর সত্যতা নিশ্চিত করেন এবং জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুর লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

৩২ কোটি আলোকবর্ষ দূরের অবিশ্বাস্য ছবি তুললো হাবল

বিজ্ঞান ডেস্কঃ ৩২ কোটি আলোকবর্ষ দূরের এক অবিশ্বাস্য ছবি তুলেছে হাবল স্পেস টেলিস্কোপ। পৃথিবী থেকে আলোর গতিতে গেলেও সেখানে পৌঁছাতে ৩২ কোটি বছর সময় লেগে যাবে, সেই খানে ঘটে যাওয়া অবিশ্বাস্য এক ঘটনার অবিশ্বাস্য ছবি তুলেছে হাবল।

অ্যানড্রোমেডো নক্ষত্রপুঞ্জের একটি ঘটনার ছবি তুলেছে হাবল। সেখানে মহাকর্ষীয়বলে ক্ষয়িষ্ণু দুটি ছায়াপথের (গ্যালাক্সি) এমন স্পষ্ট ত্রিমাত্রিক ছবি তুলেছে হাবল, যাতে ছায়াপথ দুটির নড়াচড়াও ধরা পড়েছে।

যে দুটি ছায়াপথের ছবি হাবল তুলেছে তার একটি হলো স্মলার পোলার-রিং গ্যালাক্সি আইসি ১৫৫৯ ( ছবিতে উপরে) আর দ্বিতীয়টি হলো লার্জার স্পাইরাল গ্যালাক্সি এনজিসি ১৬৯ (ছবিতে নিচে)। হ্যালটন আর্পের অ্যাটলাস অব পিকুইলার গ্যালাক্সিতে এ দুটি ছায়াপথকে একসাথে এআরপি ২৮২ বলে অভিহিত করা হয়েছে।

মধ্যাকর্ষণশক্তির মাধ্যমে একটি ছায়াপথের সাথে অন্য ছায়াপথের মিথস্ক্রিয়া হওয়াটা অস্বাভাবিক নয়। নাসার কর্মকর্তার একটি বিবৃতিতে লিখেছেন, জ্যোতির্বিজ্ঞানীরা এখন মেনে নিচ্ছেন যে, একটি ছায়াপথের বিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই ছায়াপথটি অন্য কোনো ছায়াপথের সাথে কিভাবে মিথস্ক্রিয়া করছে। একটি ছায়াপথ অন্য ছায়াপথে মিশে যেতে পারে, একটির সাথে অন্যটির সংঘর্ষ হতে পারে। আবার একটি ছায়াপথ ঘেঁষে সেটিকে পার করেও চলে যেতে পারে অন্য একটি ছায়াপথ। এসব ঘটনার ওপর নির্ভর করে কেমন হবে ছায়াপথের গড়ন ও গঠন।

ত্রিমাত্রিক স্পেসের মধ্যে থেকে দুটি ছায়াপথের মিথস্ক্রিয়ার এমন পরিষ্কার ছবি তোলা কঠিন, যেখানে তাদের নড়াচড়াও দৃশ্যমান হয়। তবে এআরপি ২৮২-এর ক্ষেত্রে এটা সম্ভব হয়েছে কারণ কাকতালীয়ভাবে একেবারে ঠিকঠাক একটা অ্যাঙ্গেলে ছিল হাবল।  আর সে কারণেই হাবলের ক্যামেরায় ধরা পড়েছে, নক্ষত্রগুলোর নড়াচড়া, একটি ছায়াপথ থেকে অন্য ছায়াপথের দিকে ধূলা এবং গ্যাসের ছুটে চলা।

ছায়াপথ দুটি যদি অন্য কোনো অ্যাঙ্গেলে কাত হয়ে থাকত, তবে হয়তো এই টেলিস্কোপ কোনোদিনই এত পরিষ্কার ছবি তুলতে পারতো না, যেখানে এভাবে নক্ষত্রগুলোর এক ছায়াপথ থেকে অন্য ছায়াপথে ঢুকে পড়াটা ধরা পড়ে।

এছাড়া, ছবিটা দৃশ্যমান আলোতেও তুলেছে হাবল। নাসা বলছে, আইসি ১৫৫৯ ও এনজিসি ১৬৯ দুটি ছায়াপথেরই অ্যাকটিভ গ্যালাকটির নিউক্লিই (এজিএন) রয়েছে, যার অর্থ হলো এদের কেন্দ্র চরম শক্তিতে পরিপূর্ণ। অন্য কথায় বলতে গেলে, ছায়াপথ দুটির সূর্যের চেয়ে অন্তত শতাধিক গুণ বড় একাধিক ব্ল্যাকহোল রয়েছে।

সূত্র : স্পেসডটকম। 

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বে প্রথম হলেন সালেহ আহমাদ

সিএনবিডি ডেস্কঃ ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার ৩৮ তম আসরে সারাবিশ্বে বাংলাদেশের প্রতিযোগী,  রাজধানীর মিরপুরে অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী হাফেজ সালেহ আহমাদ তাকরীম (১৪) প্রথম স্থান অর্জন করেছেন। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলা অন্তগত ভাদ্রা ইউনিয়নে।

ইরানের রাজধানী তেহরানের আন্দিশাহ (আল-ফিকির) হলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইরানের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মুহাম্মাদ মাহদী ইসমাইলী, শিক্ষামন্ত্রী ইউসুফ নুরী ও ইসলামিক দাওয়া সেন্টারের প্রধান সৈয়্যদ মাহদী খামুশীসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত।

হাফেজ সালেহ আহমাদ তাকরীম রাজধানীর মিরপুরের মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী। হাফেজ তাকরীমের পিতা হাফেজ আব্দুর রহমান একজন মাদরাসা শিক্ষক ও মা গৃহিণী। তাকরীমের অসামান্য কৃতিত্বের জন্য মারকাযু ফয়জিল কুরআনের প্রিন্সিপাল ও গুলশান সোসাইটি মসজিদের খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম আল্লাহর প্রতি শুকরিয়া ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ২২/৮/২১ খ্রি. ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের তত্ত্বাবধানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে ইরান আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হয়।

এরপর পর্যায়ক্রমে ইরান আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার প্রথম দুই বাছাই পর্বে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত পর্বে প্রথম স্থান অর্জন করে বিশ্ব দরবারে বাংলাদেশের লাল সবুজের পতাকা ঊড্ডিণ করতে সক্ষম হয়। ইতোপূর্বে তাকরীম ২০২০ এর রমজান মাসে বাংলাভিশন টেলিভিশন অয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী লাভ করেছিলেন।

রাণীশংকৈলে সেই শিক্ষককে গ্রেফতারের দাবিতে ফের সড়ক অবরোধ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্কুলছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত পাইলট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর শিক্ষক তৌহিদুল ইসলামকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের বিরুদ্ধে গ্রেফতারে গড়িমসির অভিযোগ এনে এবার সড়ক অবরোধ করে আন্দোলন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। রবিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার বন্দর ও শিবদীঘি মোড়ে সম্মিলিত ছাত্রজোট ও সম্মিলিত অভিভাবক মহলের ব্যানারে ঘণ্টাব্যপী আন্দোলন করে তারা।

আন্দোলনরত শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে রাজপথে আন্দোলন করছি আমরা। মামলার এতদিনেও কেন পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করতে পারেনি আমরা তার জবাব চাই। তা না হলে আরও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। যতক্ষণ না পর্যন্ত ওই শিক্ষককে গ্রেফতার করে আদালতে না পাঠানো হবে এবং ন্যায়বিচার করা হবে আমাদের আন্দোলন চলবে। এসময় আন্দোলনকারীরা তৌহিদুলের গ্রেফতারের ৬ ঘন্টা সময় বেধে দেন পুলিশকে।

পরে ইউএনও কার্যালয়ে মিছিল নিয়ে অবস্থান নেন তারা। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে এসে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরিয়ার এসময় তারা শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে বলেন, আমরা খুব শিঘ্রই ওই শিক্ষককে গ্রেফতার করে যথাযথ বিচারের ব্যবস্থা গ্রহণ করার জন্য পদক্ষেপ নিচ্ছি এবং এর সুষ্ঠু বিচার হবে।

ইউএনও জুলকার নাইন কবির স্টিভ থানার ওসি এসএম জাহিদ ইকবালের বরাতে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার করা হবে।

আন্দোলনরত শিক্ষার্থী অয়ন প্রিতম, মাহিদ,বর্ষা, তাবাসসুম ও সুমি আক্তার জানান, আমাদের সহপাঠীর সঙ্গে যে অন্যায় অবিচার হয়েছে তার সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। আজ ধরে এক সপ্তাহ হয়ে গেলো এখনো কোন সমাধান হয়নি। আমরা চরিত্রহীন শিক্ষকের কঠিন শাস্তি চাই। যাতে তার শাস্তি দেখে আর কোন শিক্ষক ভুল করেও শিক্ষার্থীদের দিকে কু-নজরে না তাকায়। লম্পট তৌহিদুল গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থী।

জানা যায়, রাণীশংকৈল উপজেলার সহোদর গ্রামের নূর ইসলামের ছেলে পাইলট হাইস্কুলের কম্পিউটার অপারেটর শিক্ষক তৌহিদুল ইসলাম পৌর শহরের ভান্ডারা মহল্লার ১০ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে বিয়ের প্রলভোনে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। ঘটনা জানাজানি হলে ওই শিক্ষার্থীর বাবা তৌহিদুলের কাছে বিয়ের প্রস্তাব দেন। তৌহিদুল ১৫ লাখ টাকার যৌতুক চেয়ে বিয়ে করতে চান। ওই ছাত্রীর বাবা এত টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এ ঘটনায় ক্ষুব্ধ লোকজন গত ৩ মার্চ ওই শিক্ষার্থীকে তৌহিদুলের বাড়িতে রেখে আসেন। ওই শিক্ষার্থী বিয়ের দাবিতে ওই বাড়িতে অবস্থান নিলে তৌহিদুল বাড়ি থেকে পালিয়ে গিয়ে পরদিন ৪ মার্চ তড়িঘড়ি করে প্বার্শবর্তী উপজেলা হরিপুরে বিয়ে করেন।

এতে ওই স্কুলের ছাত্র-ছাত্রীরা গত ৫ মার্চ তৌহিদুলের বিচার চেয়ে পৌরশহরে মানববন্ধন করেন। ওইদিনই ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রাণীশংকৈল থানায় একটি ধর্ষণ মামলা করেন। সেইসঙ্গে ইউএনও এবং স্কুল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয় বলে নিশ্চিত করেন রানীশংকৈল থানা পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ সেখ।

গত শনিবার (৫ মার্চ) ওই শিক্ষকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ব্যানার ফেস্টুন নিয়ে রাজপথে নামেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল রাস্তা অবরোধ করেন তারা।

৭ই মার্চ আবারো পৌর শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে শিবদিঘী যাত্রী ছাউনী মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন উপজেলার বিভিন্ন স্কুল কলেজের নানা শ্রেণির শিক্ষার্থীরা।

অন্যদিকে তৌহিদুলের গ্রেফতারের দাবিতে ফের রবিবার (১৩ মার্চ) দুপুরে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ব্যানার ফেস্টুন নিয়ে রাজপথে নামেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা সড়ক অবরোধ করে।

অভিযুক্ত কম্পিউটার অপারেটর শিক্ষক তৌহিদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

এ প্রসঙ্গে রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে ঘটনা স্বীকার করে বলেন, অভিযোগ পেয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ব্যাপারে ঠাকুরগাঁও সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) মো. তোফাজ্জল হোসেন বলেন, শিক্ষক তৌহিদুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীরা যে অভিযোগ করছে তা খতিয়ে দেখা হচ্ছে।

আমারা ভিকটিম কে আমাদের হেফাজতে নিয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছিলাম। তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। আসামিকে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, এর আগে শিক্ষার্থীরা আমাকে একটি স্মারকলিপি দিয়েছে। তৌহিদুলের গ্রেফতারের বিষয়ে পুলিশকে বলা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইউক্রেনে আরো ২০ কোটি ডলার মূল্যের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে আরো ২০ কোটি ডলার মূল্যের অস্ত্র পাঠাবে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যখন ইউক্রেন এবং রাশিয়ার সেনাদের মধ্যে লড়াই মারাত্মক আকার ধারণ করেছে তখন এই অস্ত্র সাহায্য দেয়ার কথা ঘোষণা করল মার্কিন সরকার। গতকাল শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে বাড়তি অস্ত্র সরবরাহ করার অনুমোদন দেন।

তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা দেশ থেকে ইউক্রেনে অস্ত্রের চালান পাঠানো হলে তাতে হামলা চালাবে মস্কো। তিনি স্পষ্ট করে বলেছেন, ইউক্রেনের কাছে পাঠানো অস্ত্রের চালানকে রাশিয়ার বৈধ লক্ষ্য বস্তু হিসেবে গণ্য করা হবে।

এদিকে, যুদ্ধ মারাত্মক আকারে ছড়িয়ে পড়ার ভেতরেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছেন।

তিনি বলেছেন, ইউক্রেনের সরকার বিচার বহির্ভূতভাবে বিরোধীদের হত্যা করছে, তাদেরকে পণবন্দি করছে এবং বেসামরিক লোকজনকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি পুতিন ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জন্য রুশ সেনাদের নির্দেশ দেন। এর দুদিন পর ২৬ ফেব্রুয়ারি আমেরিকা ইউক্রেনকে ৩৫ কোটি ডলার মূল্যের অস্ত্র সরবরাহের ঘোষণা দেয়। অস্ত্র সরবরাহ করার বিষয়টি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ঘোষণা করেছিলেন।