ক্যারিয়ারের ৫৯তম হ্যাটট্রিক করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ক্যারিয়ারের ৫৯তম হ্যাটট্রিক করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪ বছর পর আবার হ্যাটট্রিক করলেন। দলকে জেতালেন ৩-২ ব্যবধানে। এটি রেড ডেভিলদের হয়ে রোনালদোর দ্বিতীয় হ্যাটট্রিক।

এর আগে ২০০৮ সালের জানুয়ারিতে নিউক্যাসলের বিপক্ষে ৬-০ ব্যবধানে জেতা ম্যাচে হ্যাটট্রিক পেয়েছিলেন রোনালদো। এ ছাড়াও ৩৭ বছর বয়সী তৃতীয় ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগে একের অধিক গোল করলেন। এবারের হ্যাটট্রিকের মাধ্যমে ইতিহাসে নিজের নাম আবার নতুন করে লিখলেন। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে পুরুষ ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়লেন। অসাধারণ প্রথম গোলে অস্ট্রিয়া ও তৎকালীন চেকোস্লোভাকিয়ার সাবেক স্ট্রাইকার ইয়োসেফ বিকানের সর্বোচ্চ ৮০৫ গোল স্পর্শ করেন। দ্বিতীয় গোলে রেকর্ড নিজের করে নিলেন। আর হ্যাটট্রিক গোলে নিজেকে নিয়ে গেছেন আরও উপরে।

উচ্ছ্বসিত রোনালদো নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে জানান, ‘ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার পর আমার প্রথম হ্যাটট্রিকে আমি দারুণ খুশি। মাঠে নেমে গোল করা ও দলকে সহায়তার চেষ্টার করার অনুভূতির কোনও তুলনা হয় না। আমরা আবারও প্রমাণ করেছি, যতক্ষণ পর্যন্ত আমরা কঠোর পরিশ্রম করছি এবং একতাবদ্ধ থাকতে পারছি, নিজেদের দিনে যে কোনও দলকে হারাতে পারি আমরা। ম্যান. ইউনাইটেড কোনও সীমায় আবদ্ধ নয়। যতকিছুই হোক, এগিয়ে চলো ডেভিলস!’

রাশিয়ার হামলায় ইউক্রেনের ১৩০০ সৈন্য নিহত : জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্কঃ রুশ সামরিক বাহিনীর সঙ্গে যুদ্ধের প্রথম ১৭ দিনে ইউক্রেনের ১৩০০ সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান শুরুর পর প্রায় প্রতিদিনই রুশ সেনাদের হতাহতের তথ্য প্রকাশ করলেও এবারই প্রথম নিজেদের সেনা নিহতের কথা স্বীকার করলেন তিনি।

স্থানীয় সময় শনিবার রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, রুশ সেনাদের প্রাণহানি হয়েছে এর দশ গুণ বেশি। এছাড়া, শুধুমাত্র শুক্রবারই রাশিয়ার ৫০০-৬০০ সৈন্য আত্মসমর্পণ করেছে বলে তিনি দাবি করেন। তবে এসব দাবি নিরপেক্ষ সূত্রে যাচাই করা সম্ভব হয়নি।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ান ট্যাক্টিক্যাল গ্রুপের ৩১টি ব্যাটালিয়নকে নিস্ক্রিয় করায় রাশিয়া নতুন করে সেনা পাঠাচ্ছে। ব্যাটালিয়ন নিস্ক্রিয় করার এই ঘটনাকে কয়েক দশকের মধ্যে রাশিয়ার সামরিক বাহিনীর সবচেয়ে ক্ষতি বলে অভিহিত করেন তিনি।

এছাড়া জেলেনস্কি আরও বলেন, কিয়েভ এবং মস্কোর বাহিনীর মধ্যে যুদ্ধবিরতির হওয়ার আগে রাশিয়ার সঙ্গে কোনো শান্তি আলোচনা হবে না। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে আমরা প্রস্তুত। ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে জেরুজালেমে এই বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন তিনি।

জেলেনস্কি বলেন, আমরা বেনেটের সঙ্গে কথা বলেছি। আমি তাকে বলেছি যে, এখন রাশিয়ায় বা বেলারুশে বৈঠক করা ঠিক হবে না। আলোচনা কোনো নিরপেক্ষ ভূখণ্ডে হওয়া উচিত। আমি মনে করি, ইসরাইলে জেরুজালেম এক্ষেত্রে একটি নিরপেক্ষ ভূখণ্ড হতে পারে।

উল্লেখ্য, এ পর্যন্ত রাশিয়া ও ইউক্রেনীয় প্রতিনিধিরা চলমান সংঘাত নিয়ে আলোচনা করতে বেলারুশে তিন বার বৈঠক করেছে। তবে যুদ্ধ অঞ্চল থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার জন্য মানবিক করিডোর স্থাপনের বিষয়ে কিছু বোঝাপড়ায় পৌঁছানো ছাড়া উভয় পক্ষই কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

সারা দেশে নাপা সিরাপ বিক্রি বন্ধ রাখার নির্দেশ

সিএনবিডি ডেস্কঃ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রস্তুতকৃত নাপা সিরাপের  ব্যাচ নং-৩২১১৩১২১ বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর অভিযোগের ভিত্তিতে এ নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার ঔষধ প্রশাসন অধিদপ্তর এক নোটিশ জারির মাধ্যমে জানায়, উল্লিখিত ব্যাচের ঔষধ কারো কাছে থাকলে দ্রুত নিকটস্থ কেমিস্ট অফিসকে অবহিত করতে এবং সেটি বিক্রি থেকে বিরত থাকতে। এছাড়াও পাইকারি ও খুচরা বিক্রেতাদের উদ্দেশ্যে ওষুধটি দ্রুত ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরীতে প্রেরণের জন্য বলা হয়েছে।

গণমাধ্যমের খবরে জানা গেছে, বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের প্যারাসিটামল ১২০ মিলি গ্রাম ও ৫ মিলি গ্রাম সিরাপের (ব্যাচ নং ৩২১১৩১২১, উৎপাদন তারিখ ১২/২০২১, মেয়াদোত্তীর্ণের তারিখ ১১/২০২৩) ওষুধ সেবন করে একই পরিবারের দুই শিশু মারা গেছে। এর ফলে সারাদেশের বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তাকে স্ব-স্ব নিয়ন্ত্রণাধীন এলাকায় পাইকারি ও খুচরা ফার্মেসি পরিদর্শন করে ওই ব্যাচের নমুনা পরীক্ষা ও বিশ্লেষণ করে প্রতিবেদন ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিতে পাঠানোর নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। রোববার (১৩ মার্চ) ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব জানানো হয়েছে।

উল্লেখ্য,  গত ১০মার্চ রাতে জেলার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে ইয়াছিন খান (৭) ও মোরসালিন খান (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়। তাদের মা লিমা বেগম দাবি করেন, নাপা সিরাপ খাওয়ার পর তারা মারা গেছে। এরপরেই আজ এ সিদ্ধান্ত নিয়েছে ঔষধ প্রশাসন।

সৌদিতে ২৪ ঘন্টায় ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদিতে ২৪ ঘন্টায় রেকর্ড ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। “সন্ত্রাসবাদে জড়িত অপরাধ” করার দায়ে এই ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর আগে ২০২১ সালে দেশটিতে মোট ২৭ জনের শিরোশ্ছেদ করে মৃত্যুদণ্ড করা হয়েছিল।

সৌদি আরবের রাষ্ট্র-নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসব আসামীর মধ্যে ইয়েমেনের ৭ জন ও সিরিয়ার এক নাগরিক ছিল। এদের মধ্যে হত্যাকাণ্ডের আসামীসহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বহু সদস্য ছিল।

এসপিএ’র খবরে বলা হয়েছে, হত্যা মামলার আসামীদের মধ্যে নিরপরাধ নারী, পুরুষ ও শিশুদের ঘাতকরা ছিল। এছাড়া উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা ও দায়েশের সদস্য হওয়ার কারণেও অনেকের শিরোশ্ছেদ করা হয়। ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের সদস্য হওয়ার অপরাধেও কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

উল্লেখ্য, ২০১৫ সালের মার্চ মাস থেকে দারিদ্রপীড়িত ইয়েমেনে সৌদি আগ্রাসন প্রতিহত করে আসছে আনসারুল্লাহ আন্দোলন। সৌদি আগ্রাসনে এ পর্যন্ত ইয়েমেনের হাজার হাজার নিরাপরাধ নারী, পুরুষ ও শিশু নিহত হয়েছে এবং শরণার্থীতে পরিণত হয়েছে লাখ লাখ মানুষ।

গাজীপুরে ফেসবুকে স্ট্যাটাসে কমেন্ট করাকে কেন্দ্র করে নিহত ৩

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে ফেসবুকে স্ট্যাটাসে কমেন্ট করাকে কেন্দ্র করে কিশোরসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় অন্তত আরও চারজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছেন কাপাসিয়া থানা পুলিশ। আটক দুজন হলেন মনোহরদীর কোচেরচর এলাকার বেলায়েত (২৩) ও দৌলতপুর এলাকার ফয়সাল।

গতকাল শনিবার (১২ মার্চ) রাত ১১টার দিকে কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-দক্ষিণগাঁও চরপাড়া এলাকার ২৬ বছর বয়সী ফারুক হোসেন, ১৮ বছর বয়সী নাঈম হোসেন ও ১৫ বছরের রবিন।

কাপাসিয়া থানার ওসি এ ফ এম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি এ ফ এম নাসিম জানান, গতকাল শনিবার ফেসবুকে কমেন্ট করাকে কেন্দ্র রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও চরপাড়া গ্রামের একদল যুবকের সঙ্গে মনোহরদী উপজেলার দৌলতপুর এলাকার একদল যুবকের সংঘর্ষ বাধে। এ সময় ছুরি ও দেশীয় অস্ত্রের এলোপাতারি আঘাতে উভয় পক্ষের অন্তত সাত-আটজন গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় আহতদের কজনকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈম হোসেন (১৮) ও ফারুক হোসেনকে (২৬) মৃত ঘোষণা করেন।

আহত রবিনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিনের মৃত্যু হয়েছে।

কুড়িগ্রামে মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে মৌমাছির কামড়ে উমর ফারুক (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে । শনিবার বিকাল ৫ টার দিকে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছোট ধনতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের শওকত আলীর ছেলে।

এলাকাবাসী জানান, শনিবার বিকালে নিজ বাড়িতে বাঁশের কাজ করছিলেন কৃষক উমর ফারুক। এ সময় উড়ন্ত মৌমাছির একটি দল তাকে আক্রমণ করে। শত শত মৌমাছির কামড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল ইসলাম জানান, মৌমাছির আক্রমণে আহত কৃষক ওমর ফারুক মাটিতে ঢলে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাঞ্ছারামপুরে স্বামীর সাথে অভিমান করে মহিলা মেম্বারের আত্মহত্যা

মো. নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সাথে অভিমান করে সংরক্ষিত মহিলা মেম্বার  মোসাম্মাৎ লাকি মান্নান (৩৩) নামে বিষপানে আত্মহত্যা করেছেন।

এলাকা ও পরিবার সূত্রে জানাযায় মোসাম্মৎ লাকি মান্নান উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য এবং ফরদাবাদ গ্রামের কলেজের পশ্চিম পাঁশে সৌদি প্রবাসী আব্দুল মান্নানের স্ত্রী ও পাশ্ববর্তী হোমনা উপজেলার রামকৃষ্ণ পুর গ্রামের পান ব্যবসায়ী কানু মিয়ার মেয়ে। তিনি ১ ছেলে ও ২ মেয়ের জননী,বড় ছেলে সাজ্জাদ (১৫) এসএসসি পরীক্ষার্থী, মেয়ে মুন বয়স ১১,ছোট মেয়ে নুসরাত বয়স ৬ বছর।

আরো জানা যায়, স্বামী মান্নান সৌদিআরবে কর্মরত ছিলেন,স্ত্রীর নির্বাচনে ৬ মাসের ছুটি নিয়ে বাড়ীতে আসে। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোসাম্মৎ লাকি মান্নান জয়লাভ করেন এবং   নির্বাচনে মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তিনদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়,এরই এক পর্যায়ে স্বামীর সাথে অভিমান করে শনিবার সন্ধায় লাকী ঘরে থাকা বিষাক্ত ঔষধ খেলে মুমুর্ষ অবস্হায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক লাকীকে মৃত ঘোষণা করেন।

বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা মর্গে পাঠানো হয়েছে।

রাণীশংকৈলে ১০ টি ভারতীয় গরুসহ গ্রেফতার-৪

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে শনিবার (১২ মার্চ) থানা পুলিশ অভিযান চালিয়ে ১০টি চোরাচালানকৃত ভারতীয়  গরু উদ্ধার করেছে। এ দিন ভোরে টহলরত পুলিশি অভিযানে ১০টি গরু উদ্ধারসহ ৪ জনকে আটক করা হয়।

জানা গেছে, রানীশংকৈল থানা পুলিশের টহলরত একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাত থেকে ভোর ৬টা পর্যন্ত উপজেলার মীরডাঙ্গী মধ‍্যপাড়ায় অভিযান চালিয়ে কাশেম আলীর পুত্র আঃ আজিজের বাড়ি থেকে ০৮টি,  ভবানন্দপুর গ্রামের সাদেকুল ইসলাম শুকুরুর বাড়ী থেকে ১টি, এবং মীরডাঙ্গী মহেষপুর গ্রামের আঃ রহমানের পুত্র আবুল খায়েরের বাড়ি থেকে ১টিসহ মোট ১০টি ভারতীয় গরু উদ্ধার করে এবং সেই সাথে জরিত থাকায় ৪ জনকে আটক করা। সেইসাথে ১০ গরু পরিহনের কাজে ব্যবহৃত একটি নসিমন গাড়ি জব্দ করে।

আটককৃতরা হলেন উপজেলার চন্দন চহট ধক্করা গট্টি গ্রামের গিয়াস উদ্দীনের পুত্র সাইদুর ইসলাম (৫০), মীরডাঙ্গী মহেষপুর গ্রামের আঃ রহমানের পুত্র আবুল খায়ের(৩৪), মহেষপুর মধ্য পাড়ার কাশেম আলীর পুত্র আঃ আজিজ(৬৫) এবং বালিয়াডাঙ্গী উপজেলার লালাপুর গ্রামের জামালউদ্দিনেনর পুত্র জাহাঙ্গীর আলম (৪৫)।

রানীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাহিদ ইকবালের জানান আটককৃত ৪ জনের নামে চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার তাদের জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে রাজু মোস্তাফিজ সভাপতি ও আব্দুল খালেক ফারুক সম্পাদক নির্বাচিত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক  নির্বাচনে সিনিয়র সাংবাদিক রাজু মোস্তাফিজ (জনকণ্ঠ/একাত্তর টিভি) সভাপতি ও আব্দুল খালেক ফারুক (কালের কন্ঠ/ইনডিপেনডেন্ট টিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

১২ মার্চ শনিবার সকাল দশটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কুড়িগ্রাম প্রেসক্লাবস্থ সৈয়দ শামসুল হক মিলনায়তনে সাংবাদিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৩৭ জন সদস্য দুপুর ১২টার মধ্যে ভোটপ্রদান শেষ করলে দুপুর ২টার মধ্যে গননা শেষে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে রাজু মোস্তাফিজ-ফারুক এবং বিপ্লব-শ্যামল ভৌমিক প্যানেল পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে। এতে ১৫টি পদের মধ্যে ১৪টি পদে রাজু মোস্তাফিজ-ফারুক প্যানেল বিজয়ী হয়।

ফেইসবুকে ভাইরাল হওয়া সেই অসহায় দুই বিধবার বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হলেন ইমন খাঁন

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ দারিদ্রের চরম কষাঘাতে জীবন-যাপন করছেন ৭৫ বছর বয়সী বৃদ্ধা রফিয়া ও তার বোন জায়েদা (৬৫) । স্বামী সন্তান কেউ নাই। তাই থাকেন মুরাদনগর উপজেলার ১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়নের গুনজর উত্তর পাড়া একটি খুপড়ি ঘরে। ভিক্ষাবৃত্তি করে আধপেট খেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এমন খবর সাংবাদিক খোরশেদ আলমের ফেইসবুক আইডিতে Digital Bangla news এর “মুরাদনগরে খুপড়ি ঘরেই অসহায় ভূমিহীন দুই বিধবার দুই যুগ পার, কেউই পায়না ভাতা” শিরোনামের নিউজটি প্রকাশ হলে অসহায় দুই বৃদ্ধার পাশে গিয়ে দাঁড়িয়েছেন গুঞ্জর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইফুল করিম খাঁন ইমন।

গেল শনিবার সকালে বৃদ্ধাদ্বয়ের ভাঙ্গা ঘরে এক মাসের বাজার নিয়ে হাজির হন তিনি। খোঁজ খবর নিয়ে নগত অর্থ সহায়তাও দেন। এসময় ইমন খাঁন দুই বিধবার মাথায় হাত বুলিয়ে বলেন , আপনারা কোন চিন্তা করবেন না। যখন যা লাগবে আমার বাড়িতে চলে যাবেন। আমি আপনাদের পাশে থাকব। ইমন খানের কাছ থেকে সাহায্য পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন দুই অসহায় বিধবা রফিয়া ও জায়েদা।

এসময় উপস্থিত ছিলেন, গুঞ্জর ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ দুলাল মিয়া । তিনি ওই দুই বিধবা নারীর ভাতার কার্ড করে দিবেন বলে প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য ২৫ বছর আগে স্বামীর অকাল মৃত্যুতে বিধবা হয়েছেন ওই দুই বোন। স্বামীর পরিবারের কেউ না থাকায় তারা বাবার বাড়িতে চলে আসেন। দরিদ্র পিতামাতা তাদের মেয়েকে রক্তের টানে দূরে ঠেলে না দিয়ে নিজ ভিটায় তুলে দিয়েছেন একটি ছোট্ট ঘর। ওই ঘর এখন জরাজীর্ণ, বৃষ্টি এলে পানি গড়িয়ে পড়ে।