বিএনপি সবসময় জনগণের ভোট নিয়ে ছিনিমিনি খেলেছে : প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে জনগণের ভোট নিয়ে ছিনিমিনি খেলেছে। আর লুটপাটের রাজত্ব সৃষ্টি করেছে। গতকাল রোববার (১৯ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। জিয়াউর রহমান ক্ষমতায় এসে অসংখ্য সেনা কর্মকর্তাকে হত্যা করেছে, আওয়ামী লীগ নেতাকর্মীদের অত্যাচার-নির্যাতন করেছে। কিন্তু এতো অত্যাচার করেও আওয়ামী লীগের নেতাকর্মীদের তারা দমাতে পারেনি। আওয়ামী লীগকে কেউ নিঃশেষ করতে পারেনি। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শ ও চিন্তা-চেতনা নিয়ে এগিয়ে গেছে। যে দল মাটি ও মানুষ থেকে গড়ে ওঠে, তাকে উপড়ে ফেলা যায় না।

তিনি বলেন, বিএনপির তো কোনো শেকড় নেই। তারা অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাতে তৈরি। কাজেই জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ববোধ নেই। জনগণের প্রতি তাদের কোনো আস্থাও নেই। এর ফলে তারা যখনই ক্ষমতায় আসে, শুধু মানুষের ওপর অত্যাচার করে। জিয়াউর রহমান, জেনারেল এরশাদ, এরপর খালেদা জিয়া। খালেদা জিয়াকেও কিন্তু জনগণের ভোট চুরির অপরাধে ১৯৯৬ সালে বাংলাদেশের মানুষ আন্দোলন করে ক্ষমতা থেকে বিতাড়িত করেছিল। এটা বোধ হয় বিএনপির নেতারা ভুলেই গেছে। তারা যখনই ক্ষমতায় এসেছে জনগণের ভোট নিয়ে ছিনিমিনি খেলেছে। আর লুটপাটের রাজত্ব সৃষ্টি করেছে।

শেখ হাসিনা বলেন, এ দেশের সংবিধানে যুদ্ধাপরাধীদের রাজনীতি করা নিষিদ্ধ ছিল। কিন্তু জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে সংবিধান আংশিক সংশোধন করে নিয়ে মার্শাল অর্ডিন্যান্স দিয়ে তাদের রাজনীতি করার সুযোগ করে দেয়। যারা যুদ্ধাপরাধী, যাদের বিচার শুরু হয়েছিল, তাদেরকেও জিয়াউর রহমান মুক্তি দিয়েছিল। এরপর তাদের দিয়ে রাজনৈতিক দল গঠন করায়। এমনকি সাত খুনের আসামিকেও রাজনীতি করার সুযোগ দেয়।

কমলগঞ্জে গাঁজাসহ এক কারবারি গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ সুদর্শন গোয়ালা (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গেলো শুক্রবার (১৭ মার্চ) রাতে কমলগঞ্জ উপজেলার দেওছড়া চা বাগান থেকে সুদর্শনকে আটক করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই সোয়েল রানা, এসআই  আব্দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দেওছড়া চা বাগানের আটককৃত সুদর্শন গোয়ালার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মিনা গোয়ালা (৩৩) নামে একজন পালিয়ে গেলেও পালানোর চেষ্টা কালে ঘটনাস্থল থেকে সুদর্শন গোয়ালাকে আটক করা হয়।

পরে তার বসতঘর তল্লাশি করে ঘরে থাকা স্টিলের শোকেসের পেছনে থাকা পলিথিনের ভেতর থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ও পলাতক ব্যক্তি মিলে দীর্ঘদিন যাবত মাদক ক্রয় বিক্রয় করছে মর্মে জানা যায়।

এ ঘটনায় আটককৃত সুদর্শন গোয়ালা এবং পলাতক মিনা গোয়ালার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে সত্যতা জানতে কমলগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে গত শনিবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সেন্টমার্টিনে দেড় হাজার পর্যটক আটকে পড়েছেন

অনলাইন ডেস্কঃ বৈরি আবহাওয়া কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী সকল নৌযান বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। সেখানে দেড় হাজার পর্যটক আটকে পড়েছেন বলে জানা গেছে। রোববার (১৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান।

তিনি বলেন, বৈরি আবহাওয়ার কারণে পর্যটকদের জান-মাল নিরাপত্তার বিষয় বিবেচনা করে আপাতত টেকনাফ সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা একদিনের জন্য এই বন্ধ ঘোষণা করেছি। পরবর্তীতে আবহাওয়া ভালো হলে এবং সবকিছু ইতিবাচক থাকলে পুনরায় জাহাজ চলাচল শুরু হবে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, বৈরি আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে আজ একদিন জাহাজ আসবে না। সেন্টমার্টিনে আনুমানিক দেড় হাজার পর্যটক রয়েছে। তারা স্বাভাবিক আছেন। আবহাওয়াও তেমন খারাপ দেখা যাচ্ছে না। আগামীকাল জাহাজ আসলে সকলে নিরাপদে বাড়ি ফিরতে পারবেন।

রোজার শুরুতেই চিনির দাম কমবে

অর্থনীতিক ডেস্কঃ রোজার প্রথম সপ্তাহে চিনির দাম কমবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ রোববার (১৯ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, শুল্ক ছাড় দেওয়ার কারণে চিনিতে সাড়ে চার টাকার মতো কমানো যাবে। আমরা ব্যবসায়ীদের পাঁচ টাকা কমানোর অনুরোধ জানালে তারা রাজি হয়। আশা করছি রোজার প্রথম সপ্তাহেই চিনির দাম কেজিতে পাঁচ টাকা কমবে।

রমজানকে সামনে রেখে বাজার মনিটরিং প্রসঙ্গে টিপু মুনশি বলেন, আমরা সোমবার (২০ মার্চ) থেকে বাজার মনিটরিং করব। শুল্ক কমানোর পর বাজারে কী প্রভাব পড়ছে, তা পর্যবেক্ষণ করব।

দেশে প্রচুর তেল ও চিনির মজুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভয়ের কোনো কারণ নেই। বাজারে কোনোভাবেই সংকট তৈরি হবে না। জিনিসপত্রের দাম সহনীয় রাখতে সরকার নানাভাবে চেষ্টা করছে। সরকারের কাছে যে মজুত আছে, তাতে কোনোভাবেই দাম বাড়বে না। কেউ বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানে যা প্রয়োজন, তার মজুত এখন দেড়গুণ আছে। তাই দাম বাড়ার কোনো কারণ নেই। যদি কেউ সুযোগ নেয় দাম বাড়ানোর, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, রমজানে দুইবার কম দামে এক কোটি দরিদ্র পরিবারকে টিসিবির পণ্য দেওয়া হবে। বর্তমানে এ পণ্য মাসে একবার করে দেওয়া হচ্ছে। এর প্রভাব বাজারে পড়বে বলে মনে করেন তিনি।

কর্মীদের ঘুম দিবসের ছুটি দিল কোম্পানি

আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক ঘুম দিবস উপলক্ষে কর্মীদের ঐচ্ছিক ছুটি দিয়েছে ভারতের কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর একটি কোম্পানি। গত শনিবার (১৮ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানায়।

প্রতিবেদনে জানা যায়, বেঙ্গালুরু-ভিত্তিক ওয়েকফিট নামের স্টার্ট-আপ কোম্পানির পক্ষ থেকে একটি ইমেল করে জানানো হয়, ‘আমরা ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত যে ওয়েকফিট তার সব কর্মীদের নিয়ে আন্তর্জাতিক ঘুম দিবস উদযাপন করবে।

ঘুম নিয়ে উৎসাহিত আমরা তাই ঘুমের দিনটিকে উত্সব হিসাবে বিবেচনা করেছি। যে কোনো কর্মী এইচআর পোর্টালের মাধ্যমে অন্য যে কোনো ছুটির মতো এইদিন ছুটি নিতে পারবেন।

সেই মেইলের একটি স্ক্রিনশট সোশ‍্যাল মিডিয়াতে শেয়ার করেন ওই কোম্পানির এক কর্মী। শুধু তাই নয় গত বছরের মে মাসে, ‘রাইট টু ন্যাপ নীতি’ ১৭ মার্চ ঘোষণা করে ওই কোম্পানি। এ নীতিতে কর্মীরা তাদের কাজের সময় ৩০ মিনিট ঘুমানোর সময় পাবে।

ওয়েকফিটের প্রধান চৈতন্য রামালিঙ্গগৌড়া জানান, তাদের সংস্থা কর্মীদের ঘুমের জন্যে দুপুর ২টা থেকে আড়াইটা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে, তার সংস্থা অফিসে আরামদায়ক এবং শান্ত রুম তৈরির কাজ শুরু করছে।

এদিকে কোম্পানির এ পদক্ষেপে শুধু কর্মীরায় প্রশংসা করছেন তা নয় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

ভারতে গুদামের ছাদ ধসে ১৪ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরপ্রদেশে একটি গুদামের ছাদ ধসে প্রাণ হারালেন অন্তত ১৪ জন। গতকাল শনিবার (১৮ মার্চ) এই দুর্ঘটনার পর ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। খবর ইন্ডিয়ান এক্সপেসের।

পুলিশের বিবৃতি অনুসারে, সম্বাল শহরের একটি হিমাগারে হয় এ দুর্ঘটনা। সেসময় ভেতরে কাজ করছিলেন শ্রমিকরা। বেলা সাড়ে ১১টা নাগাদ হঠাৎ-ই মাথার উপর ধসে পড়ে ছাদ। ঘটনাস্থলেই প্রাণ হারান কর্মরত শ্রমিকরা। বাকিদের ধ্বসংস্তূপ থেকে টেনে বের করেন স্থানীয়রা। তাদের মধ্যে মারাত্মক আঘাত নিয়ে ১৪ জন হাসপাতালে ভর্তি। তাদের মধ্যে, চারজনের অবস্থা সংকটাপন্ন।

উদ্ধার অভিযানে, ফায়ার ব্রিগেডের পাশাপাশি যোগ দিয়েছে জাতীয় ও রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী। প্রত্যেক নিহতের পরিবারের জন্য ২ লাখ রূপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন, রাজ্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

রাসূলের কথার সম্মান রেখে খেজুরের দাম কমিয়েছে আরব আমিরাত

সব ধনের মানুষ যাতে রমজান মাসে পণ্য ক্রয় করতে গিয়ে কোনো ধরনের দুর্ভোগ এবং কষ্টে না পড়ে এজন্য অনেক দেশের সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। পবিত্র রমজানে ইফতারিতে রাসূল সা. খেজুরের ওপর গুরুত্ব দিয়েছেন। তাই ক্রেতারা যাতে তাদের প্রয়োজন মতো খেজুর ক্রয় করতে পারে এজন্য মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে সব ধরনের খেজুরের দাম কমানো হয়েছে।

রমজানে খেজুরের চাহিদা বেড়ে যায়। কারণ খেজুর খুবই পুষ্টিকর খাবার। রাসূল সা. বলেছেন, রোজা রাখার পর ইফতারিতে খেজুর রাখা উত্তম। কেউ যদি খেজুর না পায় তাহলে সে যেন পানি দিয়ে ইফতার করে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সারজার বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে খেজুরের বিক্রি বেড়েছে। এখন প্রত্যেকটি দোকানে প্রতিদিন প্রায় ১৫০ কেজি খেজুর বিক্রি হয়। রমজান শুরু হলে প্রত্যেকটি দোকান প্রতিদিন প্রায় ১ হাজার কেজি খেজুর বিক্রির লক্ষ্যমাত্র নিধারণ করেছে।

একজন খেজুর বিক্রেতা বলেন, ‘আমাদের দোকানে ২৫ ধরনের খেজুর রয়েছে। এর মধ্যে জর্ডান, সৌদি আরব, লেবান এবং ফিলিস্তিনের খেজুর আছে। এছাড়াও স্থানীয় বাগানের কিছু খেজুর আছে।

খেজুরের মান অনুযায়ী প্রতি কেজিতে ৫ থেকে শুরু করে ৪০ দিরহাম পর্যন্ত কমানো হয়েছে।

 

পরিবারের যাদের থেকে কিডনি নেয়া যাবে না

স্বাস্থ্য ডেস্কঃ অনেকে কিডনিজনিত সমস্যায় ভুগছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করা, জীবন যাপনে অনিয়মের কারণে কিডনিজনিত নানান সমস্যা দেখা দিতে পারে। পরিবারের যারা কিডনি দান করতে পারবেন আর যাদের থেকে নেয়া যাবেনা সে বিষয়ে আজ জানবো।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিডনি বিভাগের অধ্যাপক ডা. আছিয়া খানম বলেছেন, পরিবারের সদস্য যারা রয়েছেন, যারা কিডনি দিতে চান ভুক্তভোগী রোগীকে, সে ক্ষেত্রে তাদের কী কী অসুবিধা থাকলে বা কী রেস্ট্রিকশনের মধ্যে তাদের আপনারা নিয়ে আসেন যে তিনি দিতে পারবেন না চাইলেও, এ বিষয়ে তিনি বলেন, সে ক্ষেত্রে বাবা-মা হোক, ভাইবোন হোক, আমরা আগে দেখি বয়সটা। যত ইয়াং হবে, কিডনিটা তত বেশি ফাংশনিং। যেমন ধরা যাক, একজন ডোনারের বয়স ৫০ এর বেশি, আরেক জনের বয়স ৩০ বছর। ৫০ এর পরে বয়সের কারণেও কিন্তু প্রতি বছর ১ শতাংশ করে কিডনির কার্যকারিতা কমতে থাকে। সেটা এজিং প্রসেসিংয়ের জন্য। আর যে ইয়াং, তার কিডনিটা অনেক ভালো। সেটার একটা ফ্যাক্টর আছে। যার বিকল্প থাকবে না, সেটা অন্য কথা। আমরা ইয়াং ডোনার চুজ করি। এরপর আমরা দেখি যে দিচ্ছে, সবচেয়ে আগে তার ব্লাড গ্রুপের মিল থাকতে হবে। টিস্যু ম্যাচিং থাকতে হবে। আপনজনদের সাথে ম্যাচিং, বাবা-মায়ের সাথে কিন্তু ম্যাচিং হবেই। যদি রিয়েল প্যারেন্টস হয়, ৫০%  ম্যাচিং হবে।

তিনি আরও বলেন, ভাইবোনের মধ্যে দেখা যায়, ২৫% এর মধ্যে ১০০% ম্যাচিং হবে। ৫০% এর  ৫০% ম্যাচিং হবে এবং বাকি ২৫% নো ম্যাচিং। এটা কিন্তু জেনেটিক্যালি ওইভাবে ডিসাইডেড থাকে। বলা হয়, ভাইবোন হলো গুড ম্যাচিং, যাদের ১০০% ম্যাচিং হয়ে যায়, যেটা আমরা ফুল হাউজ ম্যাচ বলি। এর পরের স্টেপ আসবে, তার কোনও কিডনি রোগ আছে কি না। কারণ, মেইন উদ্দেশ্য থাকে যে একজন অসুস্থ মানুষকে বাঁচানোর জন্য একজন সুস্থ মানুষকে অসুস্থ করব না। এটা ইথিকস। কিন্তু যিনি সুস্থ আছেন, তার ভবিষ্যতে যাতে কোনও অসুবিধা না হয়, সেটা মাথায় রেখেই কিডনি প্রতিস্থাপন করা হয়।

ডা. আছিয়া খানম বলেন, অনেকের ক্ষেত্রে দেখা যায় ডায়াবেটিস, হাইপ্রেশার; এই রোগগুলো আমরা অ্যাভয়েড করি বা কোনও রক্তরোগ থাকতে পারে, ক্যানসার থাকতে পারে; ব্রেইন টিউমার বাদে, যে টিউমার বডিতে ছড়ায়নি। এ রকম কিছু রোগ থাকে যে সে দিতে পারবে না। হেপাটাইসিস হলে দিতে পারবে না। ডোনারকে আগে আমরা স্ক্রিনিং করি। আমাদের মেইন প্রায়োরিটি থাকে ডোনার। যিনি অসুস্থ আছেন, তিনি তো অসুস্থ আছেনই। তার পরে তার কিডনিটা নেওয়া হয় তার জন্য। এখানে বয়স, কিডনির কার্যকারিতা, কার্ডিয়াক বা হার্ট ঠিক আছে কি না তার। ইয়াং হলে কোয়েশ্চেনগুলো কম আসে। কিন্তু বয়স্ক মানুষের ক্ষেত্রে আসে।

 

ইকুয়েডর ও পেরুতে শক্তিশালী ভূমিকম্পে ১৩জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর ও পেরুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৬ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে প্রাণ গেছে অন্তত ১৪ জনের। নিহতদের মধ্যে ইকুয়েডরের ১৩ জন এবং পেরুর একজন। এ ঘটনায় আহত হয়েছেন ১২৬ জন।

গতকাল শনিবার (১৮ মার্চ) দুপুরে ইকুয়েডরের উপকূলীয় অঞ্চলের গুয়ায়াস প্রদেশের বালাও শহরে ভূমিকম্পটি আঘাত হানে।

আলজাজিরার তথ্যমতে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ৬৬ দশমিক ৪ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়। ইকুয়েডরে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো বলেছেন, সব মন্ত্রণালয়কে কাজে লাগানো হয়েছে এবং ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে কাটিয়ে উঠতে যাবতীয় প্রস্তুতি রয়েছে।

দেশটির একটি সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের এক ঘণ্টা পর দুটি আফটার শক অনুভূত হয়। তবে ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করেনি দেশটির কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

রমজানে সাধারণ মানুষের কষ্টের দিকে নজর দিতে বলেছেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ সামনে রমজান মাস। সাধারণ মানুষের যেন কষ্ট না হয় সেদিকে সবার দৃষ্টি দেয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (১৯ মার্চ) র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘রমজান হলো কৃচ্ছ্রতার মাস। আমাদের দেশে একটা অদ্ভুত ব্যাপার হলো রমজানে কিছু মানুষের মুনাফা লাভের অভিলাষ বেড়ে যায়। সাধারণ মানুষের যেন কষ্ট না হয় সেদিকে সবাই নজর না দিয়ে বরং এর উল্টোটা ঘটে।’

র‌্যাব সদস্যদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, রমজান এলে আরেকটি কাজ হয়, সেটি হলো খাদ্যে ভেজাল দেয়া; এছাড়া নকল প্রসাধনী এবং জাল মুদ্রা তৈরির চক্র সক্রিয় হয়। এসবের বিরুদ্ধে র‌্যাব প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের আর্থ-সামাজিক উন্নতি হয়েছে। আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ; মজুতদারি যাতে কেউ করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’

তিনি বলেন, ‘কোনো মানুষের খাদ্যে যাতে কষ্ট না হয়, সে ব্যবস্থা আমরা নিয়েছি।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বের অনেক দেশই হিমশিম খাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখনো সে পর্যায়ে যায়নি, যাবেও না।

প্রধানমন্ত্রী বলেন, শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ধরে রাখতে হবে। অগ্নিসন্ত্রাস মোকাবিলা করে স্থিতিশীলতা ধরে রাখার কারণেই আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ।