নাগেশ্বরী সীমান্তে বিপুল পরিমাণ জন্মনিয়ন্ত্রণ বড়ি ও ডিজেল জব্দ

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে ভারতে পাচারের সময় প্রায় ৬০ লাখ টাকা মুল্যের সরকারি জন্মনিয়ন্ত্রণ বড়ি (সুখি বড়ি) ও ৮ হাজার টাকা মু্ল্যের ১০০লিটার ডিজেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । মঙ্গলবার রাতে নাগেশ্বরী উপজেলার  বল্লভেরখাষ ইউনিয়নের জালিয়ার চর সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সুত্র জানায়, রাত ৯টার দিকে মাদারগঞ্জ বিওপি কমান্ডার দেলোয়ার হোসেনের নের্তৃত্বে অভিযান চালায় বিজিবি’র সদস্যরা। এ সময় ১০৩৩ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে বেশকিছু বস্তা ভর্তি মালামাল ও ড্রাম নিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে চোরাকারবারীরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বস্তা ও ড্রাম ফেলে গঙ্গাধর নদে ঝাপ দিয়ে পালিয়ে যায় তারা। পরে বিজিবি’র সদস্যরা বস্তার মুখ খুলে জন্মনিয়ন্ত্রণ বড়ি দেখতে পেয়ে বড়ি ও ডিজেলের ৪টি ড্রাম জব্দ করে ক্যাম্পে নিয়ে আসে। বুধবার দুপুরে জব্দকৃত বড়ি ও ডিজেল ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল মোত্তাকীন জানান, ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া জন্ম নিয়ন্ত্রণ বড়িসহ ডিজেল আটক করা গেলেও চোরাকারবারিরা পালিয়ে যায়। আটক সবকিছু জয়মনির হাট শুল্ক গুদামে হস্তান্তর করা হয়েছে।

মুরাদনগরে দ্রব‍্যমূল‍্য ঊর্ধগতি নিয়ন্ত্রণে অভিযান, ভ্রাম‍্যমান আদালতে জরিমানা

এম শামীম আহম্মেদ , কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধগতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ৩৫ টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার দুপুর ১২টায় মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন বিষয়টি নিশ্চিত করে জানান, আসন্ন রমজানকে কেন্দ্র করে সয়াবিন তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ৪টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপজেলার খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সেলিম মিয়া বলেন, কোম্পানীগঞ্জ বাজারের মেসার্স কৃষ্ণ চন্দ্র সাহা, মুদি দোকানের মালিককে ১০ হাজার টাকা, সুবল চন্দ্র সাহা মুদি দোকানের মালিককে ১০ হাজার টাকা, জয় দয়াময় ভান্ডার মুদি দোকানের মালিককে ১০ হাজার টাকা, চিশতীয়া ট্রেডার্স মুদি দোকানের মালিককে ৫ হাজার টাকা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রুধকল্পে জরিমানা করা হয়েছে।

বৃহত্তর কোম্পানীগঞ্জ বাজার বণিক সমিতির আহবায়ক চন্দন বণিক ও যুগ্ম – আহবায়ক মহিউদ্দিন ভুইয়া, দিলীপ সাহাসহ আরোও অনেকেই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনায় মুরাদনগর থানার এস.আই হামিদুল ইসলাম বিপিএম’র নেতৃত্বে  পুলিশের একটি দল সহযোগিতা করেন।

সরকারের উন্নয়নের কারণে পরাজয়ের শঙ্কায় বিএনপি বিভ্রান্তি ছড়ানো ও ষড়যন্ত্রে লিপ্ত ঠাকুরগাঁওয়ে- তথ্যমন্ত্রী

হুমায়ুন কবির ঠাকুরগাঁও প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি বলেছেন, গত ১৩ বছরের সরকারের উন্নয়নের কারণে রাজনৈতিক পরাজয়ের শঙ্কায় বিএনপি ও তাদের দোসররা বিভ্রান্তি ছড়িয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আজকে দেশের সমস্ত মানুষের ভাগ্যের পরিবর্তন সাধিত হয়েছে। গত ১৩ বছরে বাংলাদেশ বদলে গেছে। সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আগের তুলনায় দেশর মানুষ আজ অনেক ভাল আছে। আর এ জাতীয়  উন্নয়ন যাদের পছন্দ তারা বিএনপি ও তাদের দোসররা বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং দেশের মানুষের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। গত বুধবার ৯ মার্চ দুপুরে সাংগঠনিক সফরে ঠাকুরগাঁও  জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে জেলা আ’লীগের বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ আলীগ গণমানুষের সংগঠন এবং বাঙালির সমস্ত অর্জন এসেছে আ’লীগের মাধ্যমে। বাঙ্গালীর স্বাধীনতার সংগ্রামের নেতৃত্বে দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণের পথে এগিয়ে যাচ্ছে দেশ। বাংলাদেশ আয়তনের দিক দিয়ে পৃথিবীর ৯৯ তম। বাংলাদেশ শস্য উৎপাদনের দিক দিয়ে ২য়, আলু উৎপাদনে সপ্তম, মিঠা পানির মাছ উৎপাদনে সেরা। আজকে এখানে এসেছি তৃনমূলের নেতাদের সাথে বসার জন্য, সংগঠনকে শক্তিশালী করার জন্য। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভিন্ন ধরনের নির্দেশনা প্রদান করার জন্য। প্রথমত বিএনপি নির্বাচনকে ভয় পায় তাদের জ্বালাও, পোড়াও রাজনীতির জন্য। সে কারনে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন। খালেদা জিয়া ও তারেক রহমান শাস্তিপ্রাপ্ত ও দন্ডপ্রাপ্ত আসামী। সে কারণে তারা নির্বাচনে অংশগ্রহন করতে পারবে না। তাদের নির্বাচনে কোন আগ্রহ নাই। এ জন্য তারা তাদের দলকেও নির্বাচনমুখী করতে চায় না। আগামী নির্বাচনে তাদের যে পরাজয় হবে এটি মোটামুটিভাবে তারা নিশ্চিত হয়েছে।

দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ও বিএনপির নেতারা বিভিন্ন রকম কথা বলছেন, তারা আমাকে উদ্দেশ্যে করে বিভিন্ন কথা বলছেন। আমি গ্রামের এমপি। গত ২০ বছরে আমি সব সময় আমার নির্বাচনী এলাকায় মাঝে মধ্যেই যাই। কিন্তু মির্জা ফখরুলেরা সব সময় নয়া পল্টনে বসে থাকেন। সেখানেই খান, সেখানেই ঘুমান। সে কারণে তারা দেশের অবস্থা জানেন না। আমরা যে সারাদেশ বিচরন করি। সারা দেশে আমরা ঘুরে বেড়াই। মির্জা ফখরুল ও রিজভী সাহেবরা কার্যালয়ে বসে থাকতে থাকতে তাদের মেজাজ খিটখিটে হয়ে গেছে। আর তারা যে তথ্যগুলো উপস্থাপন করছেন সেগুলো জনগণকে বিভ্রান্ত করার জন্য। করোনা ও ইউক্রেন রুশ যুদ্ধের জন্য ২/১ টি পন্যের দাম কিছুটা বেড়েছে। এছাড়াও ২/১ জন বিএনপি পন্থি ব্যবসায়ির সিন্ডিকেট তো রয়েছেই। এটা শুধু আমাদের দেশে না সারা বিশ্বে পন্যের দাম কিছুটা বেড়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে এ বিষয়ে ইতিমধ্যে নজরদারী বাড়ানো হয়েছে। সাধারণ মানুষ যাতে ক্রয়সীমার মধ্যেই যে কোন পন্য সামগ্রী পেতে পারে টিসিবির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। প্রত্যেকটি স্বল্প আয়ের মানুষকে এ টিসিবির পন্য দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নিয়ে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে। সে সকল ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে।

অনুষ্ঠানে জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশীর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। বিশেষ অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধান বক্তা কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, সদস্য ও সাবেক এমপি এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, সদস্য ও সাবেক এমপি এ্যাড. সফুরা বেগম রুমি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আ. লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়। অনুষ্ঠানে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম, জেলা আ’লীগ সহ সভাপতি ও সাবেক এমপি সেলিনা জাহান লিটা, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসম গোলাম ফারুক রুবেল, এ্যাড. মোস্তাক আলু টুলু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, প্রত্যেক উপজেলার আ’লীগের সভাপতি, সম্পাদক, দলীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ জেলা-উপজেলা আ’লীগ ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

মিগ-২৯ নিয়ে পোল্যান্ডের প্রস্তাব নাকচ করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনকে মিগ-২৯ জঙ্গিবিমান দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করার জন্য পোল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যে প্রস্তাব দিয়েছে তা নাকচ করেছে পেন্টাগন।

পোল্যান্ডের ওই প্রস্তাবে বলা হয়েছে, তারা কিছু মিগ-২৯ নাইন যুদ্ধবিমান জার্মানির মার্কিন ঘাঁটিতে হস্তান্তর করবে এবং যুক্তরাষ্ট্র সেগুলোকে ইউক্রেনে পাঠাবে।

পোল্যান্ডের এই প্রস্তাব সম্পর্কে গত মঙ্গলবার সন্ধ্যায় পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে বিমান দেয়ার ব্যাপারে পোল্যান্ড যে প্রস্তাব দিয়েছে তা সমর্থন যোগ্য নয়। জার্মানির ন্যাটো ঘাঁটি হতে যুক্তরাষ্ট্র যদি বিমান উড়িয়ে ইউক্রেনে নেয় তাহলে পুরো ন্যাটো সামরিক জোটের জন্য তা মারাত্মক উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।

জন কিরবি বলেন, পোল্যান্ডের এই প্রস্তাব কতটা যৌক্তিক তা আমাদের কাছে একেবারেই পরিষ্কার নয়। এই বিষয়টি কি ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করবে তা নিয়ে পোল্যান্ড ও ন্যাটো জোটের অন্য সদস্যদের সঙ্গে আমেরিকা পরামর্শ অব্যাহত রাখবে। আমরা মনে করি পোল্যান্ডের এই প্রস্তাব সমর্থনযোগ্য নয়।

উল্লেখ্য, গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তার দেশের আকাশসীমায় নো-ফ্লাই জোন প্রতিষ্ঠা করতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি বাড়তি মিগ-২৯ যুদ্ধবিমান দেয়ার অনুরোধ করেন। তারপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইউক্রেনে বিমান দেয়া হলে বিপর্যয়কর পরিণতি ভোগ করতে হবে।

আগামী ১৫ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের ক্লাস শুরু

শিক্ষা ডেস্কঃ আগামী ১৫ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের ক্লাস শুরু হতে যাচ্ছে। চলমান মহামারি করোনা ভাইরাসের কারণে প্রায় দুই বছর যাবত বন্ধ ছিল এ শ্রেণীর ক্লাস। বুধবার (৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে এক সভায় ক্লাস শুরুর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়,  প্রাথমিকভাবে সপ্তাহে দুইদিন রোববার ও মঙ্গলবার ক্লাস হবে।

সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলম, অতিরিক্ত সচিব রুহুল আমিন, মোশাররফ হোসেন প্রমুখ।

ফের বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বানিজ্য ডেস্কঃ দেশের বাজারে ফের স্বর্ণের দাম আরেক দফা বাড়ানো হলো। ২২ ক্যারেটে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ৩১৫ টাকা, যা গতকাল বুধবার (৯ মার্চ) থেকে কার্যকর করা হয়েছে। তবে রুপার দাম বাড়েনি। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা।

এক সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২১ ক্যারেটের সোনার দাম ৯৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭৫ হাজার ৭০০ টাকা। ১৮ ক্যারেটের ৮১৬ টাকা বেড়ে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ৬৪ হাজার ৯৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৬৪২ টাকা বাড়িয়ে ৫৪ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭৮ হাজার ২৬৫ টাকা, ২১ ক্যারেট ৭৪ হাজার ৭৬৬ টাকা, ১৮ ক্যারেট ৬৪ হাজার ১৫২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকার বিক্রি হয়েছে ৫৩ হাজার ৪২১ টাকায়।

উল্লেখ্য, বাজুস গত ৯ ফেব্রুয়ারি স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল। যা পরের দিন থেকে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়।

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু দুজন সম্পর্কে চাচাতো বোন। উপজেলার লেলাং ইউনিয়নের কামার পাড়া এলাকায় বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মীম মনি (২ বছর ২ মাস) এলাকার নজরুল ইসলামের মেয়ে ও নিসা মনি (২ বছর) নজরুলের ছোটভাই ফারুক আহমেদের মেয়ে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. রফিক বলেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুকুরে ডুবে ওই দুই শিশু মারা গেছে। ঘটনাস্থল দেখে এসেছি। তাদের বাবা মায়েদের শান্তনা দেবার ভাষা আমার নেই।

নিহত শিশুদের দাদা মো. ইউনুস বলেন, সকালে উঠানে খেলতে খেলতে সবার অগোচরে ওরা দুইজন বাড়ির পেছনে পুকুরে চলে যায়। পুকুরের সিঁড়িতে কাপড় খুলে রেখে তারা পানিতে গোসল করতে নামে। পরে তাদের মা খোঁজ করতে গিয়ে তাদের পুকুরে ভাসতে দেখে। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইউক্রেনে আটকে পড়া ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক দেশে ফিরেছেন

সিএনবিডি ডেস্কঃ ইউক্রেনে আটকে পড়া ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক দেশে ফিরেছেন। রোমানিয়ার বুখারেস্ট থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আজ বুধবার (৯ মার্চ) দুপুরে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

বুধবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান এসব তথ্য জানান।

এর আগে স্থানীয় মঙ্গলবার দিনগত রাত সোয়া ২টায় রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে তারা দেশের উদ্দেশে রওনা করেন। তাদের ফ্লাইটটি ইস্তাম্বুল-দুবাই হয়ে আজ ঢাকা অবতরণ করে।

বিএসসির মহাব্যবস্থাপক (শিপ পার্সোনাল) ক্যাপ্টেন আমির মো. আবু সুফিয়ান জানিয়েছেন, জাহাজে হামলার ঘটনায় মারা যাওয়া থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেনের একটি বাংকারের ফ্রিজারে রাখা হয়েছে। সুবিধাজনক সময়ে মরদেহটি দেশে ফিরিয়ে আনা হবে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধের কারণে ইউক্রেনে আটকা পড়ে বাংলার সমৃদ্ধি। ২ মার্চ রাত ৯টা ২৫ মিনিটে জাহাজটি হামলার শিকার হয়। হামলায় মারা যান থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান। জাহাজের ব্রিজও ক্ষতিগ্রস্ত হয়। হামলার কবলে পড়া ‘বাংলার সমৃদ্ধি’র জীবিত ২৮ নাবিককে গত ৩ মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টার দিকে ইউক্রেনের একটি বাংকারে নেওয়া হয়। পরে তাদের নিরাপদে রোমানিয়ায় নিয়ে যাওয়া হয়।

রাশিয়ার তেল-গ্যাস ও কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা দিলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার তেল-গ্যাস ও কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৫ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১৩০ দশমিক ১৩ মার্কিন ডলারে পৌঁছেছে।

মঙ্গলবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমরা রাশিয়া থেকে তেল এবং গ্যাসসহ সব ধরণের জ্বালানি পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করছি। এর অর্থ আমেরিকার বন্দরগুলো আর রাশিয়ার তেল ঢুকতে দেবে না এবং আমেরিকার জনগণ পুতিনের যুদ্ধ মেশিনে আরেকটি শক্তিশালী আঘাত করবে।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমি আগে যখন এই নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেছিলাম, তখনই বলেছিলাম, স্বাধীনতার জন্য মূল্য দিতে হয়। এই স্বাধীনতার জন্য আমাদেরও মূল্য দিতে হচ্ছে। ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি- দুই দলের নেতারাই এটা বুঝেছেন। তাঁরা এ বিষয়ে স্পষ্ট যে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।

বাইডেন বলেন, ধারণা করছি, পুতিন যুদ্ধের’ কারণে কিছু কিছু জিনিসের দাম আরো বাড়বে। আমেরিকার জনগণের ওপর তার প্রভাব যেন সর্বনিম্ন থাকে তা নিশ্চিতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

নিজের দেশের গ্যাস কোম্পানিগুলোকে সতর্ক করে বাইডেন বলেন, বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে যদি কেউ বেশি মুনাফা লাভের আশায় অতিরিক্ত মূল্য বৃদ্ধি করে তবে তার কঠোর মূল্য দিতে হবে।

এদিকে ২০২২ সালের শেষ নাগাদ পর্যায়ক্রমে রাশিয়া থেকে তেল এবং জ্বালানি পণ্য আমদানি বন্ধ করবে ব্রিটেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার বলেছেন, রাশিয়ার উপর তাদের তেল এবং জ্বালানি পণ্যের নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলোর সঙ্গে যোগ দিচ্ছে তাঁর দেশ।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ ধরনের নিষেধাজ্ঞা জারি করেনি এখনো। জার্মানিসহ ইউরোপের অনেক দেশই রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীল। ইউরোপীয় কমিশন জানিয়েছে, তারা রাশিয়ার তেল ও গ্যাসের ওপর নির্ভরশীলতা ২০৩০ সালের আগেই শেষ করে দেবে।

উল্লেখ্য, রাশিয়া বিশ্বের শীর্ষ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ, অপরিশোধিত তেল উৎপাদনে তাদের অবস্থান দ্বিতীয়। ২০২১ সালে বিশ্বের মোট তেলের ১৪ শতাংশ এসেছে রাশিয়া থেকে। রাশিয়ার মোট তেল রপ্তানির ৬০ শতাংশ যায় ইউরোপে, ৩৫ শতাংশ যায় এশিয়ায়।

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নিহত ৩ শিক্ষার্থী

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা সদর দক্ষিণে ট্রেনে কাটা পড়ে ৩ শিক্ষার্থী নিহত হয়েছে। লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ বুধবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিজয়পুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়লে ঘটনাস্থলেই ওই ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়।

নিহতরা হলো মীম (১৪), তাসফিয়া (১৩) ও লিমা (১২)। তারা সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী বলে জানা গেছে।

বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান জানান, স্কুলে আসার সময় পঞ্চম শ্রেণির ছাত্রী মিম, তাসফিয়া ও রিমা একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, ট্রেনের ধাক্কায় তিন শিক্ষার্থী মারা গেছেন। এ ঘটনায় সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে স্বাভাবিক করা হয়েছে।