রাণীশংকৈলে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়। এ উপলক্ষে এদিন উপজেলা পরিষদের আয়োজনে সকাল ৯ টায় পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।  বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ, ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অতিথিরা ছাড়াও বক্তব্য দেন- প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দীন ও ডাঃ আব্দুল্লাহ আল মুনইম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী শাহারিয়ার, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম প্রমুখ।

স্বাধীনতার কবিতা আবৃত্তি করেন প্রভাষক প্রশান্ত বসাক। সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা ও নির্দেশনা সম্বলিত এক ঐতিহাসিক ভাষণ দেন। তাঁর সে ভাষণ অনুপ্রানিত হয়ে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ও ১৬ই ডিসেম্বরে বাংলাদেশের কাঙ্খিত স্বাধীনতা অর্জিত হয়।

সিরিয়ার ওপর ফের ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ আবারো সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। এ ঘটনায় অন্তত ২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা।

সিরিয়ার একটি সামরিক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল পাঁচটার দিকে ইহুদিবাদী শত্রুরা লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ দিক থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। রাজধানী দামেস্কের উপকণ্ঠের কয়েকটি লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়।

সামরিক সূত্রটি আরো জানিয়েছে, সিরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইসরাইলের হামলা প্রতিহত করা হয় এবং বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। তবে ইসরাইলি হামলায় দুইজন বেসামরিক নাগরিক নিহত এবং কিছু সম্পদের ক্ষয়ক্ষতি হয়।

উল্লেখ্য, এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ইহুদিবাদী ইসরাইল দামেস্কের কাছাকাছি অবস্থিত কয়েকটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই হামলায় সিরিয়ায় তিন সেনা নিহত হয়েছিলেন। এ নিয়ে তিন সপ্তাহের মধ্যে ইহুদিবাদী ইসরাইল পাঁচদফা হামলা চালালো। পার্সুটডে।

মৌলভীবাজারে সরিষা চাষে আগ্ৰহ বাড়ছে চাষীদের

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: আবহাওয়া অনুকূলে থাকায় মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় চলতি রবি মৌসুমে বাড়ছে সরিষার চাষ। উন্নত জাতের সরিষা চাষ করে লাভবান হচ্ছেন এ জেলার কৃষকরা। সরিষার ব্যাপক ফলনে গ্রামীণ অর্থনীতিতে দেখা দিচ্ছে সম্ভাবনার হাতছানি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে সরিষার ফলন ভালো হবে। এবছর সরিষার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৩১০ হেক্টর জমিতে। সেখানে চাষ হয়েছে প্রায় ২৪০০ হেক্টর জমিতে। গত বছরের চেয়ে প্রায় ২০০ হেক্টর জমিতে বেশি চাষ হয়েছে সরিষা। প্রতি হেক্টরে ১.৪ মেট্রিক টন সরিষা উৎপাদন হওয়ার সম্ভবনা রয়েছে।

কৃষি বিভাগ ও স্থানীয় কৃষকদের সূত্রে জানা গেছে, জেলার সিংহভাগ সরিষা উৎপাদন হয় বড়লেখা উপজেলায়। বড়লেখার হাকালুকি হাওরের বিস্তীর্ণ মাঠ এখন হলুদ রঙে সেজেছে। পাশাপাশি ওই এলাকায় আবার সরিষার জমির পাশেই মৌ চাষ বেড়েছে। সরিষা মাঠে কিংবা বাড়ির পাশে বাক্স বসিয়ে মৌ চাষিরা মধুও সংগ্রহ করছেন। ফলে সরিষা চাষি ও মৌ চাষি উভয়েই লাভবান হওয়ায় সরিষা চাষ বেড়েছে।

বড়লেখা উপজেলার বিভিন্ন গ্রামে সরিষা চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রচলিত দেশি সরিষার চেয়ে উচ্চ ফলনশীল জাতের বারি-১৪ ও বারি-১৫ ফলন বেশি হওয়ায় চাষিরা আগ্রহী। চাষিরা প্রতি বিঘা জমি থেকে ৬-৭ মণ সরিষা উৎপাদনের আশা করছেন। আমন ধান সংগ্রহের পর জমি ফেলে না রেখে সরিষা চাষ করেছেন। এরপর আবার বোরো ধান রোপণ করবেন কৃষকরা। এতে একই জমিতে বছরে তিনবার ফসল উৎপাদন হচ্ছে।

একাধিক কৃষক বলেন, বারি-১৪ ও বারি-১৭ সরিষা গাছের উচ্চতা হয় দেড় থেকে ২ ফুটের মতো। আগে সরিষা গাছ বড় হলেও ফলন কম হতো। নতুন জাতের ছোট আকারের এ সরিষা সঠিক পরিচর্চায় গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত ফল আসছে। বীজ বপনের ৭৫-৮০ দিনের মধ্যেই ক্ষেত থেকে সরিষা সংগ্রহ করা যায়।

বড়লেখা উপজেলার তেড়াকুড়ি গ্রামের আব্দুল খালিক বলেন, সাত-আট বছর ধরে সরিষা চাষ করেন। সরকারি প্রণোদনা পাওয়ায় এবার ১২ বিঘার মতো সরিষা চাষ করেছেন। বাজারে সরিষার দাম ভালো থাকায় প্রতি মণ সরিষা বিক্রি করা যায় ২৫০০ থেকে ৩০০০ হাজার টাকা দরে। সরিষা চাষে সময় ও সেচের প্রয়োজন কম। আবার বীজের কোনো সমস্যা হয় না। সব মিলিয়ে কম খরচে বেশি লাভের জন্য বোরো লাগানোর আগে সরিষা এখন সেরা ফসল।

শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ইকবাল মিয়া জানান, সরকারি প্রণোদনা পেয়েছি। তাই এবছর ৮ বিঘা সরিষা চাষ করেছি। মাঘ মাসে সামান্য বৃষ্টি হয়েছে। তাতে সরিষার জন্য ভালো হয়েছে। তবে বেশি বৃষ্টি হলে ক্ষতি হবে।

শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন মোনালিসা সুইটি জানিয়েছেন, ২০২১ সালে শ্রীমঙ্গলে ৮৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছিল। এবছর ১০২ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। সরিষা চাষের জন্য সরকারি প্রণোদনার পাশাপাশি কৃষকদের সরিষা চাষে অনুপ্রাণিত করছি। আমন ও বোরো আবাদের মধ্য সময়ে সরিষা চাষ করা যায় বলেই কৃষকদের মাঝে সরিষা চাষের আগ্রহ দিন দিন বাড়ছে। সরিষা চাষের পাশাপাশি মৌ চাষে মৌমাছির কারণে পরাগায়নে প্রায় ২০ শতাংশ ফলন বেশি হয়ে থাকে। তাই সরিষা চাষের সঙ্গে মৌ চাষে উৎসাহ দেওয়া হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী বলেন, তেল ফসলের মধ্যে সরিষা অন্যতম। এক সময় অধিকাংশ মানুষ সরিষার তেল দিয়েই বিভিন্ন খাবার রান্না করে খেত। সে সময় মানুষের শরীরে রোগও কম হতো। কালের বিবর্তনে কৃষক পর্যায়ে সরিষার আবাদ হ্রাস পাওয়ায় ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের তেল বিদেশ থেকে আমদানি করে বাজার সয়লাভ করে দেশ থেকে প্রচুর পরিমাণে অর্থের অপচয় করছেন।

এতে সরিষার দাম কমে যায়। ফলে কৃষকরা সরিষা চাষে আগ্রহ হারাচ্ছেন। তাই আমদানি নির্ভরতা কমাতে এবং দেশের মানুষের স্বাস্থ্য ও কৃষকের লাভজনক কৃষি উৎপাদনের বিষয়কে গুরুত্ব দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন ১৪, ১৫ ও ১৮ উচ্চ ফলনশীল জাতের সরিষা বারি।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার জানিয়েছেন, প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এক ইঞ্চি জায়গাও যেন পতিত না থাকে। তারই নির্দেশে নতুন নতুন জাত আবিষ্কারের মাধ্যমে হাওরাঞ্চলে শস্যের নিবিড়তা বাড়াতে নিরলস কাজ করছি। আমরা জানি যে সিলেট অঞ্চলে এক ফসলি জমি বেশি। এক ফসলি জমিকে কিভাবে দুই বা তিন ফসলি জমিতে পরিণত করা যায় এরই প্রচেষ্টা চলছে।

আমাদের বিজ্ঞানীদের আবিষ্কৃত সরিষা ১৮-এ জাতটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এ জাতের তেলে ইরোসিক এসিডের পরিমাণ একেবারেই সামান্য, যা শতকরা ০.৫ ভাগ। এ জাতটি জনপ্রিয়তা পেলে অনেকেই আবারো সয়াবিন বা পাম তেলের পরিবর্তে সরিষা তেলকে ভোজ্য তেল হিসেবে গ্রহণ করবেন। এ জন্যই বারি হাওরাঞ্চলে শস্যের নিবিড়তা বাড়াতে চেষ্টা চলছে।

কুড়িগ্রামে বিয়ে বাড়িতে সংঘর্ষে নিহত ১

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের শহরের পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন হরিজন পল্লীতে বিয়ে বাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। কুড়িগ্রাম সদর থানার পুলিশ সেখানে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত যুবক রাহুল বাশফোর (১৮) গাইবান্ধা শহরের কাচারীবাজার এলাকার প্রদীপ বাশফোরের ছেলে।

জানা গেছে, কুড়িগ্রাম শহরের পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন হরিজন পল্লীতে সুমন হরিজনের মেয়ে অন্তরা রানী (১৬) বাশফোরের সাথে গাইবান্ধা জেলা সদরের কাচারীপাড়া এলাকার স্বপন বাশফোরের ছেলে শিল্প পুলিশে চাকরীরত রনি বাশফোরের বিয়ের আয়োজন চলছিল। সোমবার (৭মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে কন্যা বিদায়ের সময় উভয় পক্ষের লোকজন আনন্দ-উৎসব করছিল।

এসময় কথা কাটাকাটির জেরে রাহুল বাশফোর নামে বর পক্ষের এক যুবককে ছুরিকাঘাত করা হলে ঘটনাস্থলেই সে লুটিয়ে পরে। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ফলে ৪/৫জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাইবান্ধা হরিজন সম্প্রদায় কমিটির সভাপতি কীর্তন বাশফোর জানান, রাহুল বাশফোর নামে বরযাত্রীর এক যুবকের বুকের বা পাশে ছুরিকাঘাত করে মেরে ফেলা হয়েছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

এ প্রসঙ্গে কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাইবান্ধা থেকে গতকাল (৬ মার্চ) ১০টি মাইক্রোতে দেড়শজন বরযাত্রী আসে। সোমবার সকালে বিয়ে শেষে বিদায় অনুষ্ঠানে নাচ-গান করার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন মারা যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লাশের সুরৎহাল শেষে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এখানো মামলা হয়নি। এ ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

রাণীশংকৈলে বিতর্কিত ল্যাব সহকারি ধর্ষক শিক্ষককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ল্যাব সহাকারি শিক্ষক তহিদুল ইসলামের দ্রুত গ্রেফতার, বিচার, ও চাকুরী, থেকে বহিষ্কারের দাবিতে স্থানীয় সম্মিলিত ছাত্রজোট( ৭ মার্চ সোমবার) সকালে পৌর শহরের শিবদিঘি মোড়ে প্রায় ২ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। অবরোধ চলাকালে সহকারী পুলিশ সুপার (সার্কেল) তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি)ইন্দ্রজিত সাহা, ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ ও শিক্ষা কর্মকর্তা আলী শাহরিয়ার ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত ছাত্র-জনতাকে শান্ত করেন ও যথারীতি সময়ে  দ্রুত আসামি তহিদুলকে গ্রেফতারের আশ্বাস দেন।

প্রসঙ্গত, রাণীশংকৈল উপজেলার সহোদর গ্রামের নূর ইসলামের ছেলে পাইলট উচ্চ বিদ্যালয়ের ল্যাব সহকারি  শিক্ষক তহিদুল ইসলাম পৌর শহরের ভান্ডারা মহল্লার গফুর আলীর ১০ম শ্রেণিতে পড়া মেয়ে  সুমাইয়া আফরোজ বৃষ্টিকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে গভীর প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

ঘটনা জানাজানি হলে বৃষ্টির বাবা তহিদুলের কাছে বিয়ের প্রস্তাব দেন।তহিদুল ১৫ লক্ষ টাকার যৌতুক চেয়ে বিয়ে করতে চান। বৃষ্টির বাবা এত টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এ ঘটনায় ক্ষুব্ধ লোকজন গত ৩ মার্চ বৃষ্টিকে তহিদুলের বাড়িতে রেখে আসে। বৃষ্টি বিয়ের দাবিতে সে বাড়িতে অবস্থান নিলে তহিদুল বাড়ি থেকে পালিয়ে গিয়ে পরদিন ৪ মার্চ তড়িঘড়ি করে অন্যত্র বিয়ে করেন।

এতে ওই স্কুলের ছাত্র-ছাত্রীরা ৫ মার্চ তহিদুলের বিচার চেয়ে পৌর শহরে মানববন্ধন করে। ওই দিনেই বৃষ্টির বাবা গফুর বাদি হয়ে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন। এইসাথে ইউএনও এবং স্কুল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেন।

এ ব্যাপারে ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ বলেন, মামলার প্রেক্ষিতে পুলিশের তদন্ত অব্যাহত আছে।  আসামি বর্তমানে পলাতক আছে। ভিকটিম মেয়েটিকে মেডিকেল টেস্টের জন্য জেলায় পাঠানো হয়েছে মর্মেও তিনি জানান।

ইউক্রেনের কিয়েভসহ ৪ শহরে রাশিয়ার যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির চারটি শহরে ফের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। এই চারটি শহর হলো রাজধানী কিয়েভ, খারকিভ, মারিউপোল ও সুমি। একই সঙ্গে এসব শহরে মানবিক করিডোর চালু করারও ঘোষণা দেওয়া হয়েছে। এতে এসব শহরে আটকেপড়া সাধারণ মানুষদের নিরাপদে বের হওয়ার সুযোগ পাবে।

রাশিয়ার সংবাদ মাধ্যম ইন্টারফেক্স জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। রাশিয়ার স্থানীয় সময় সোমবার (৭ মার্চ) সকাল ১০টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, ফরাসি প্রেসিডেন্ট এমানুেয়েল ম্যাক্রোঁর ব্যক্তিগত অনুরোধ এবং চলমান পরিস্থিতি বিবেচনায় মানবিক করিডোর খোলা হচ্ছে কিয়েভ, খারকিভ, মারিউপোল ও সুমি শহরে।

এদিকে যুদ্ধের ১২মত দিনে ইউক্রেনের বন্দরনগরী মাইকোলেইভে নতুন করে রুশ গোলাবর্ষণের অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যার ফলে ইতোমধ্যে ইউক্রেনের প্রায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া দেশটির ২ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১১ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

অন্যদিকে, রাশিয়া দাবি করেছে যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি সেনা নিহত হয়েছেন।

এছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৩৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে, এটি নিশ্চিত যে প্রকৃত হতাহতের সংখ্যা হয়তো অনেক বেশি।

বিকেলে ৫ দিনের সফরে আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় ডেস্কঃ আজ সোমবার (৭ মার্চ) বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩০১ ভিভিআইপি ফ্লাইটে ৫ দিনের রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে তিনি এ সফরে যাচ্ছেন।

স্থানীয় সময় রাত পৌনে ১০টায় আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং আমিরাত সরকারে উচ্চ পর্যায়ের প্রতিনিধি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্ট্যাটিক গার্ড অব অনার দেওয়া হবে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তার সফরকালীন আবাসস্থলে যাবেন।

সফরে আমিরাতে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের চারটি সমঝোতা স্মারক (এমওইউ) হতে পারে। সফরে আমিরাতের শ্রম বাজার জনবল পাঠানো, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, সরাসরি শিপিং লাইন চালু, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তনে টেকসই উন্নয়ন, আইসিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে জোর দেবে ঢাকা।

মঙ্গলবার (৮ মার্চ) সফরের দ্বিতীয় দিন দুপুরে দুবাই এক্সিবিশন সেন্টারে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত ‘রিডিফাইনিং দ্য ফিউচার ফর উইমেন’ শীর্ষক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেবেন। এরপর প্রধানমন্ত্রী সেখানকার বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করবেন। বিকেলে দুবাই এক্সিবিশন সেন্টারে উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৯ মার্চ) সকালে আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সংযুক্ত আরব আমিরাতের জাতির মা শেখ ফাতিমা বিনতে মুবারকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। রাতে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফরের দেওয়া নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে ‘ফাও রিজিওনাল কনফারেন্স ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ এর উদ্বোধনী পর্বে অংশ নেবেন। বিকেলে সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশি ব্যবসায়ীদের যৌথ আয়োজনে অনুষ্ঠানে অংশ নেবেন।

শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আয়োজিত সংবর্ধনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অনুষ্ঠান থেকে ভার্চ্যুয়ালি প্রধানমন্ত্রী রাশ আল খাইমাতে বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

৫ দিনের সফর শেষে শনিবার (১২ মার্চ) রাতে ঢাকায় ফিরে আসবেন প্রধানমন্ত্রী।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ

সিএনবিডি ডেস্কঃ ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জবাবে মস্কোর তেল-গ্যাসের ওপর আমেরিকা ও তার মিত্র দেশগুলোর অবরোধ আরোপের উদ্যোগে খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। আজ সোমবার (৭ মার্চ) বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই জ্বালানি তেলের দাম এক লাফে প্রায় ৯ শতাংশ বেড়ে গেছে।

সোমবার (বাংলাদেশ সময় সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্ত) বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে ৮ দশমিক ৭৪ ডলার বা ৭ দশমিক ৫৬ শতাংশ। এতে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১২৪ দশমিক ৪২ ডলারে ওঠেছে। যা ২০০৮ সালের পর বা ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ।

অপরদিকে, ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়েছে ১০ দশমিক ২৮ ডলার বা ৮ দশমিক ৭০ শতাংশ। এতে প্রতি ব্যারেরল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ওঠেছে ১২৮ দশমিক ৩৯ ডলার। ২০০৮ সালের পর ব্রেন্ট ক্রড অয়েলের এত দাম আর দেখা যায়নি। আর প্রতি গ্যালন হিটিং অয়েলের দাম দশমিক ২৮ ডলার বা ৭ দশমিক ৬০ শতাংশ বেড়ে ৪ দশমিক শূন্য ৬ ডলারে ওঠে এসেছে।

রোববার আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন জানিয়েছে, গত সপ্তাহজুড়ে পেট্রোলের দাম ১১ শতাংশ বেড়ে ২০০৮ সালের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।

এদিকে ব্রিটিশ অটোমোবাইল সার্ভিস কোম্পানি আরএসি জানিয়েছে, ব্রিটেনে পেট্রোলের দাম গড়ে প্রতি লিটারে ১ পাউন্ড ৫০ পেনি বেড়েছে।চলমান যুদ্ধের কারণে গ্যাসের দামও বেড়েছে এবং ব্রিটেনে বসতবাড়িতে বার্ষিক গ্যাসের বিল তিন হাজার পাউন্ড পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছিলেন, বাইডেন প্রশাসন ও তার মিত্ররা রাশিয়ার তেল সরবরাহের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করছে।

অন্যদিকে, ইউক্রেনে আক্রমণ শুরুর পর রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করায় পুরো বিশ্ব অর্থনীতিতে বিরূপ প্রভাব দেখা দিয়েছে। এখন পর্যন্ত রুশ তেল-গ্যাসের ওপর সরাসরি নিষেধাজ্ঞা না থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি সেই পথেই যাচ্ছে। যুক্তরাষ্ট্রে রুশ তেল আমদানি নিষিদ্ধে বাইডেন প্রশাসনের ওপর ক্রমেই চাপ বাড়ছে।

রয়টার্সের এক জরিপ বলছে, যুক্তরাষ্ট্রের ৮০ শতাংশ মানুষ রাশিয়ার কাছ থেকে তেল আমদানি নিষিদ্ধের পক্ষে মত দিয়েছেন।

উল্লেখ্য, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক রাশিয়া দৈনিক ৪০ থেকে ৫০ লাখ ব্যারেল তেল রপ্তানি করে থাকে। ফলে মস্কোর ওপর জ্বালানি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলে তা সংকট আরও বাড়িয়ে দেবে।

গোল্ডম্যান স্যাকস গ্রুপের জ্বালানি গবেষণার প্রধান ড্যামিয়েন কুরভালিন মার্কিন টেলিভিশন চ্যানেল ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে আশঙ্কাপ্রকাশ করেছেন, রাশিয়ার তেল ব্যাপকভাবে পরিহার অব্যাহত থাকলে আগামী তিন মাসের মধ্যে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলারে পৌঁছাতে পারে।

তার মতে, রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও এর ইউরোপীয় মিত্ররা নিষেধাজ্ঞা দেওয়ার পরে তেলের দাম কমানোর একমাত্র উপায় হবে চাহিদা কমানো। এটি ছাড়া তেলের মূল্যবৃদ্ধি ঠেকানোর আর কোনো রাস্তা নেই।

লক্ষ্মীপু‌রে সড়ক দুর্ঘটনায় মোটরসাই‌কেল চালক নিহত

মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পু‌রে মর্মা‌ন্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাই‌কেল চালক নিহত হ‌য়ে‌ছে। ঘটনা‌টি ঘ‌টে সোমবার (৭ মার্চ) আনুমা‌নিক সকাল ১০ টায়। নিহতের নাম আবদুর র‌হিম (৩৫), ৩ নং চর‌মোহনা ইউ‌নিয়‌ন ৪ নং ওয়ার্ড মা‌লের বা‌ড়ির বা‌সিন্দা ব‌লে জানা যায়।
সূ‌ত্রে জানা যায়, নিহক আবদুর র‌হিম সকা‌লে তার ভা‌তি‌জি‌কে কাজী ফারু‌কি স্কুল এন্ড ক‌লে‌জে মোটরসাই‌কে‌লে পৌঁ‌ছে দি‌তে বা‌ড়ি থে‌কে বের হন। প‌থিম‌ধ্যে বাসাবা‌ড়ি নামক স্থা‌নে আস‌লে খুলনাগামী দিদার নামকে এক‌টি যা‌ত্রিবা‌হি বাস মোটরসাই‌কেল‌কে ধাক্কা‌ দি‌লে ঘটনাস্থ‌লে মোটরসাই‌কেল চালক আবদুর র‌হিম নিহত হয় ব‌লে প্রত্যক্ষদ‌র্শী সূ‌ত্রে জানা যায়।
অপর‌দি‌কে  নিহ‌তের ভা‌তি‌জি না‌বিদা সুলতানা (১৪) আহত অবস্থায় রায়পুর স্বাস্থকম‌প্লে‌ক্সে চি‌কিৎসা‌ধিন র‌য়ে‌ছে।
রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল আলী বলেন, আমি ঘটনাস্থলে আছি। মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আমেরিকা প্রবাসীর বাসায় হামলা, আহত ৪

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার শহরতলীর এক আমেরিকা প্রবাসীর বাসায় ভাড়াটিয়াদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই পরিবারের ৪ জন আহত হয়েছেন। মো. ফারুক আহমদ নামের ঐ ভাড়াটিয়া সরকারি কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্তিতে আছেন বলে জানা গেছে। এর আগে তিনি মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছিলেন।

আমেরিকা প্রবাসীর বাসায় বসবাসরত ওই পরিবারকে উচ্ছেদের জন্য হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন জনপ্রশাসনে মন্ত্রণালয়ে সংযুক্তিতে থাকা ঐ কর্মকর্তার স্ত্রী।

মো. ফারুক আহমদের স্ত্রী কানিজ ফাতিমা (৪৫) অভিযোগ করেন, রোববার (৬ মার্চ) রাত ৮ টার দিকে মৌলভীবাজার শহরের কাজিরগাঁও এলাকার আমেরিকার প্রবাসী আফিয়া বেগমের বাসার তত্বাবধাক হেলাল আহমদের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনায় তাদের দুইপুত্র ইমাম মোহাম্মদ বোখারি (১৯) ও ইমাম আহমদ সাহাবি (১৭), গৃহকর্মী লিজা বেগম (১৭) ও শাহানা বেগম (৪৫) আহত হয়েছেন।

তারা মৌলভীবাজার ২৫০ শয্যা আধুনিক সদর হাসাপাতালের তিনতলার কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে গৃহকর্মী লিজার অবস্থা গুরুতর বলে জানা যায়।

এ ব্যাপারে বাসার তত্বাবধাক হেলাল আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। হেলাল আহমদ বলেন, ‘দীর্ঘদিন থেকে তাদেরকে বাড়ি ছেড়ে দেবার নোটিশ করা হচ্ছে। কিন্তু তিনি প্রশাসনের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বাড়িতে বসবাস করছেন। গত ৬ মাস থেকে উনার বাসা ভাড়াও প্রদান করছেন না বলে জানান।’

হেলাল আহমদের স্ত্রী সীমা বেগম বলেন, ‘বাড়ি মালিক দীর্ঘদিন থেকে প্রবাসে রয়েছেন। তিনি দেশে এসে ঐ বাসায় উঠতে চাইছেন না। কিন্তু ঐ ভাড়াটিয়া বাড়ি না ছাড়ায় দেশে আসতে পারছেন না।’

সীমা বেগম আরো বলেন, ‘ঐ ভাড়াটিয়া বাসা নেয়ার পর থেকে প্রত্যেক মাসে নতুন নতুন অভিযোগ তৈরী করে তাদের হয়রানি করছেন। বাথরুমের কমোড কেন ছোট, দরজার চৌকাঠ থেকে কেন গুড়া বের হয়, প্রতিবেশী বাচ্চারা কেন হাল্লা চিৎকার করে। এসব আজব আজব অভিযোগ নিয়ে বাসা দখল করে আছেন। আবার বাসা ছেড়ে দিচ্ছেন না নোটিশ করা সত্ত্বেও। তাই আজ তারা বাধ্য হয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময়ে ঐ মহিলা তাদের হুমকি প্রদান করেছিলেন রাতে তাদের দেখিয়ে দিবেন। আর এখন তারা উল্টো অভিযোগ তৈরী করেছেন।

এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি। বাসাটি কাজিরগাঁও এলাকার সাবেক পৌর কমিশনার মো. আব্দুল হাইয়ের কন্যা আমেরিকা প্রবাসী আফিয়া বেগমের। তাঁর স্বামীর নাম হারুন অর রশীদ।