ফুলবাড়ীতে ১৪০ বোতল ফেনসিডিল ও ৯৬ এস্কাফ মাদক সহ একজন আটক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৪০ বোতল ফেনসিডিল ও ৯৬ বোতল নেশাজাতীয় এস্কাফ মাদক সহ এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে । বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ফুলবাড়ী থানা পুলিশের একটি  অভিযানিক দল উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর মিঞা টারি এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক মাদক ব্যবসায়ীর নাম আবু বক্কর সিদ্দিক (৪২)। তিনি ওই এলাকার আবু তাহের ব্যাপারির পুত্র।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলায় নিহত ইঞ্জিনিয়ারের বাড়িতে শোকের মাতম

সিএনবিডি ডেস্কঃ ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধিতে’ রাশিয়ার রকেট হামলার আঘাতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান আরিফ (২৯) নিহত হয়েছেন। তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৩ ওয়ার্ডের কদমতলা। বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে ইউক্রেনের অলভিয়া বন্দরের ‘এমভি বাংলা সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলা হয়।

সুত্রে জানা গেছে, বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা বজার সংলগ্ন চেয়ারম্যান বাড়ির বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আবদুর রাজ্জাক ও আমেনা বেগম দম্পত্তির জ্যেষ্ঠ সন্তান মেরিন ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান আরিফ। এছাড়াও তাদের দুই ছেলে ও একটি মেয়ে আছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে ও ছেলের লাশ ফিরে পাওয়ার অনিশ্চয়তায় পাগলপ্রায় মা ও বাবা।

স্বজনরা জানান, ‘এমভি বাংলার সমৃদ্ধি’ নামের জাহাজটিতে ৭ বছর যাবৎ চাকরি করেন হাদিসুর রহমান আরিফ। জাহাজ থেকে হাদিসের এক বন্ধু ফোন করে জানান বন্দরের জলসীমায় ২৪ ফেব্রুয়ারি থেকে আটকে আছে তাদের জাহাজ। বাংলাদেশ সময় বুধবার রাত ৯টা ২৫ মিনিটের দিকে তাদের জাহাজে হামলা হয়েছে। জাহাজে বাংলাদেশের ২৯ জন নাবিক রয়েছেন। এর মধ্যে আরিফ জাহাজের সামনে বাহিরে অবস্থান করায় রকেট হামলার সাথে সাথে তিনি নিহত হয়েছেন।
এর আগে বাংলাদেশি জাহাজটিতে হামলার খবর গণমাধ্যমকে ফেসবুক মেসেঞ্জারে নিশ্চিত করে জাহাজটিতে থাকা একজন নাবিক বলেন, ইউক্রেনের সময় ৫টা ১০ মিনিটের দিকে আমাদের জাহাজে বিমান হামলা হইছে। আগুন নেভানোর চেষ্টা করছি। আরেক নাবিক লিখেছেন, ‘বোমা পড়ছে’।
নিহত হাদিসুর রহমান আরিফের ছোট ভাই মো. তারেক জানান, বুধবার সকালেও ভাই আমাদের সাথে কথা বলেছে। বলেন, ভাই আমাদের আর ভাঙা ঘরে থাকতে হবে না। বাড়িতে এসেই যেভাবে হোক ঘরের নির্মাণকাজ ধরব।
তিনি আরো বলেন, এ ঘটনায় আমার বাবা বাক্‌রুদ্ধ হয়ে আছেন। মা বেহুঁশ। এক নজর হলেও আমার ভাইয়ের লাশটা শুধু দেখতে চাই। ভাইকে হারিয়ে আমাদের পরিবারটি এবার পথে বসে গেল।

জাতিসংঘে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যুতে কোনো পক্ষেই ভোট দেয়নি বাংলাদেশ

সিএনবিডি ডেস্কঃ জাতিসংঘে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যুতে রাশিয়ার হামলার নিন্দা ও হামলা বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাব ১৪১-৫ ভোটে গৃহীত হয়েছে। যেখানে কোনো পক্ষেই ভোট দেয়নি বাংলাদেশ। বাংলাদেশের সাথে ভারত, চীনসহ ৩৫টি দেশ ভোটদানে বিরত ছিল। তারা সবাই প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে অবস্থান না নিয়ে ‘অ্যাবস্টেইন’ (পক্ষে, বিপক্ষে কোনোটাই নয়) ভোট দিয়েছে। ভোটে প্রস্তাবটির পক্ষে ১৪১ দেশ এবং বিপক্ষে ছিল রাশিয়াসহ বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও সিরিয়া।

ইউক্রেনের মাটিতে রাশিয়ার অভিযান বন্ধ এবং শিগগিরই সেনা প্রত্যাহারে নিজ-নিজ অবস্থান স্পষ্ট করে জাতিসংঘের ১৪১ সদস্য রাষ্ট্র ক্রেমলিনের বিরুদ্ধে ভোট দেয়। বিপরীতে এই প্রস্তাবের ওপর রাশিয়াসহ মিত্র দেশ বেলারুশ, ইরিত্রিয়া, উত্তর কোরিয়া ও সিরিয়া বিপক্ষে ভোট দেয়। এছাড়া শক্তিধর চীন, বাংলাদেশসহ ৩৫টি দেশ ভোট দেয়নি। চীন নিরাপত্তা পরিষদের ভোটের মতই কৌশল হিসেবে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে। এর আগে ন্যাটোর পূর্বমূখী সম্প্রসারণের বিরোধিতার রাশিয়ার পক্ষে প্রকাশ্য অবস্থান নিয়েছিল চীন।

উল্লেখ্য, ১৯৮২ সালের পর ইউক্রেন সংকট ইস্যুতে জরুরি বৈঠক ডাকে জাতিসংঘের সাধারণ পরিষদ। জাতিসংঘের ১৯৩ সদস্যের পরিষদ কূটনৈতিক উপায়ে রাশিয়াকে একঘরে করার চেষ্টার ফলস্বরূপ এই ভোটাভুটি।

ঠাকুরগাঁওয়ে কন্যাশিশুকে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় ৬ বছর বয়সী প্রতিবেশী এক কন্যাশিশুকে ধর্ষণের ঘটনায় নাঈমউদ্দিন শরিফ (২২) এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শরিফ সদরের জগন্নাথপুর ইউনিয়নের হাবীবনগর গ্রামের মঈনউদ্দিনের ছেলে। শরিফ ঠাকুরগাঁও সরকারি কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, মঙ্গলবার ১ মার্চ রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাবীবনগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় কন্যাশিশুর বাবা বাদী হয়ে  সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে নাঈমউদ্দিনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।

মামলার বরাত দিয়ে ওসি তানভিরুল ইসলাম বলেন,  মঙ্গলবার বিকেল ৪টার দিকে প্রতিবেশি ওই কন্যাশিশুটি নাঈমের বাড়িতে আসে। এসময় ফুসলিয়ে শিশুটিকে নাঈম তার ঘরে নিয়ে যায়। এরপর মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে নাঈম ওই শিশুটিকে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে আশ-পাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে। পরে শিশুটি তার পরিবারকে বিষয়টি জানায়।

এদিকে ঘটনাটি জানাজানি হলে রাত ১১ টার দিলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন থানার ওসিকে বিষয়টি জানায়। এরপর তাৎক্ষণিক পুলিশ গিয়ে ঘটনাস্থলে গিয়ে নাঈমকে গ্রেপ্তার করে।

ওসি তানভিরুল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। এদিকে কন্যাশিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজধানীর তুরাগে কৃষকলীগ ও যুবলীগ নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর তুরাগে যুবলীগ নেতা বিল্লাল হোসেন ও কৃষকলীগ নেতা এস এম রিপন হোসেনসহ তার ভাই লিটন হোসেন, তাদের বাড়ির ভাড়াটিয়া আলাউদ্দিনকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।

বুধবার সকাল ১১ টায় তুরাগের চন্ডালভোগ এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, তুরাগ থানা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক নুর হোসেন, সাবেক মহিলা মেম্বর জুলিয়া আক্তার, বিশিষ্ট সমাজ সেবক শফিকুল ইসলাম শফিক, সাবেক হরিরামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, ৫৪নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি নাসির উদ্দিন নাসির, ৫৩নং ওয়ার্ড যুবলীগ নেতা তৈয়্যবুর রহমান, মোঃ হেলাল উদ্দিন, মোঃ মোস্তফা, মোঃ নান্নু মিয়া, পারভেজ, মোঃ মনির হোসেনসহ স্থানীয় আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী।

এসময় মানববন্ধনে অংশগ্রহণ কারীরা স্থানীয় প্রশাসনের প্রতি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান।

প্রসঙ্গগত,  ২৪শে ফেব্রুয়ারি দিনগত রাত ১০টার দিকে চন্ডালভোগ এলাকায় পূর্ব বিরোধের জের ধরে, স্থানীয় ইমান আলীর সন্ত্রাসী ছেলে ১. মোক্তার (৩৫), ২. ফরহাদ (৩০), ৩. হযরত আলী (৪০), ৪. সালামের ছেলে জয় (২৫)সহ ১০/১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী হামলা করে তুরাগ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক এস এম রিপন হোসেন, তাঁর ছোট ভাই লিটন হোসেন, তাদের বাড়ির ভাড়াটিয়া আলাউদ্দিন ও ৫৩নং ওয়ার্ড যুবলীগ নেতা বিল্লাল হোসেনের উপর । এই হামলায় মারাত্মক আহত হন যুবলীগ নেতা বিল্লাল হোসেন, বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন ।

ঘটনার পরের দিন আহত যুবলীগ নেতা বিল্লাল হোসেনের বাবা রুহুল আমীন বাদী হয়ে ১. মোক্তার (৩৫), ২. ফরহাদ (৩০), ৩. হযরত আলী (৪০), ৪. সালামের ছেলে জয় (২৫)সহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে তুরাগ থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-২৫, তাং-২৫/০২/২০২২ইং। মামলা হওয়ার ৫ দিন অতিবাহিত হলেও কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

 

নবাগত ওসিকে ফুলেল শুভেচছা জানালো ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান কে ফুলেল শুভেচছা জানালো ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।

বুধবার সন্ধ্যায় ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বেলালের নেতৃত্বে সাংবাদিক গণ ফুলবাড়ী থানায় নবাগত অফিসার ইনচার্জ এর কার্যালয়ে গিয়ে তাকে ফুলেল শুভেচছা জানান। এ সময় চা- চক্রের এক পর্যায়ে নবাগত অফিসার ইনচার্জ সাংবাদিক গণের সাথে ফুলবাড়ী উপজেলার মাদক-চোরাচালান প্রতিরোধ ও আইন শৃংখলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে গুরত্বপূর্ণ আলোচনা করেন।

এসময় দৈনিক ইত্তেফাক সংবাদদাতা অনিল চন্দ্র, দৈনিক জনতার প্রতিনিধি ফরহাদ হোসেন টুকু, দৈনিক  বাংলাদেশ বার্তার প্রতিনিধি এইচ এম বাবুল, দৈনিক আনন্দ বাজার প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক ইনকিলাব সংবাদদাতা মহসিন আলী মঞ্জু, দৈনিক সংগ্রাম সংবাদদাতা মুহাঃ ছদরুজ্জামান ও দৈনিক নয়া দিগন্ত সংবাদদাতা অলিউর রহমান নয়ন উপস্থিত ছিলেন।

মৌলভীবাজারে দৈনিক আমাদের কন্ঠ ১৫বছরে পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারে জনপ্রিয় সময়ের সাহসী জাতীয় “দৈনিক আমাদের কন্ঠ” পত্রিকার ১৪ বছর পথ পেরিয়ে ১৫ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব অফিস কার্যালয়ে ২ মার্চ দুপুরে দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মশাহিদ আহমদ এর সভাপতিত্বে ও দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার সংগঠনিক সম্পাদক সাংবাদিক চিনু রঞ্জন দাশ তালুকদার এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাবেক সভাপতি, এসএ টিভি‘র জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক এমএ মোহিত, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, দীপ্ত নিউজ সম্পাদক সিনিয়র সাংবাদিক দুরুদ আহমেদ, বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক মুফতি এহসান বিন মুজাহিদ, এ,বি,এলএ ওয়েল ফেয়ার এসেসিয়েশন এর সভাপতি মোঃ তাওহীদ ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- রাজনগর বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও এনটিভি‘ইউকে এর রাজনগর প্রতিনিধি আক্তার হোসেন সাগর, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সহ-সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত খাঁন, আব্দুল মুকিদ ইমরাজ, স্বাধীন বাংলা টিভি‘র খালেদ আহমদ, মঈনুল হক, জ্যেতিময় চক্রবর্তী, সৈয়দ মোয়াজ্জেম,জুয়েল আহমদ, এনআর মিডিয়া সম্পাদক ও প্রকাশক নাছরিন প্রিয়া, সাংবাদিক রূপক দত্ত, মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক তিমির বণিক, রাশেদ আহমদ, মেধাবী ছাত্র রাহাত আহমদ সিপন, সাংবাদিক শাহ মোঃ ফজলুর রহমান, মাসুদ আলম চয়ন, রাশেদ আহমদ চৌধুরী, কিবরিয়া আহমেদ, জাহেদুল ইসলাম পাপ্পু।

এছাড়াও বিভিন্ন পেশাজীবি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সদস্যবৃন্দ সমূহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন দৈনিক আমাদের কন্ঠ পত্রিকা পরিবারের সদস্যরা।

শিক্ষার্থীদের ইউনিক আইডিই তাদের এনআইডি নম্বর হবে -ঠাকুরগাঁওয়ে বিভাগীয় কমিশনার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা বলেছেন, বর্তমানে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যে ইউনিক আইডি রয়েছে এক সময় এটিই তাদের এনআইডি নম্বর হবে। ঠাকুরগাঁও জেলার কোন স্কুলের একজন শিক্ষার্থী যদি চট্রগ্রাম গিয়ে ভর্তি হয়। এই নম্বরটি দিয়েই সেখানে তার পরিচিয় নিশ্চিত হবে। তাকে নতুন করে আর এনআইডি কার্ড করতে হবে না।
বুধবার ২ মার্চ বিকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জাতীয় ভিটার দিবস উপদযাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, একজন শিক্ষার্থীর জন্য আজীবন এই নম্বরটি বহাল থাকবে। পর্যায়ক্রমে তার যাবতীয় কার্যক্ষেত্রে এই নাম্বার দিয়ে তার পরিচয় শনাক্ত হবে। আপনারা জানেন এনআইডি কার্ড করতে অনেক কষ্ট করতে হয়। সেনাবাহীনী, পুলিশ, সিভিল প্রশাসন, জনপ্রতিনিধি সবাইকে এই এনআইডি কার্ডটা করতে হয়। স্মার্টকার্ড পাঞ্চ করলে যে কারও নাম, পিতার নাম ঠিকানা সহজেই জানা যাচ্ছে, ফলে জালিয়াতির কোন সুযোগ নাই। নির্বাচন কমিশন স্বচ্ছ ভোটার তালিকা আমাদের সামনে উপহার দিয়েছে। তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আজকের দিবসের যে প্রতিপাদ্য সেটা হলো যাতে করে সহজেই যে কেউ ভোটার হতে পারেন।
ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসের আয়োজনে আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার মো: আবদুল ওয়াহাব ভুঞা।
বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, জেলা আ’লীগ সহ সভাপতি মাহাবুবর রহমান খোকন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, প্রেসকাব সভাপতি মনসুর আলী, পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা, জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও প্রত্যেকটি উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি নতুন ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

যুক্তরাষ্ট্রের আকাশসীমায় রাশিয়ার বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের আকাশসীমায় রাশিয়ার বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মাধ্যমে রাশিয়ার ওপর আগেই যেসব দেশ বিমান নিষেধাজ্ঞা দিয়েছিল তাদের কাতারে যোগ দিলো মার্কিন সরকার।

স্থানীয় সময় মঙ্গলবার স্টেট অব দ্যা ইউনিয়ন ভাষণে জো বাইডেন এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে বলেন, “রাশিয়ার বিমানের জন্য আমেরিকার আকাশসীমা  নিষিদ্ধ করার মধ্যদিয়ে আজ রাতে আমি মিত্রদের সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা দিচ্ছি। এতে রাশিয়া আরো বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং তাদের অর্থনীতি আরো চাপে পড়বে।”

বাইডেনের ঘোষণার ফলে আমেরিকার আকাশসীমা দিয়ে রাশিয়ার সমস্ত বিমান চলাচল নিষিদ্ধ হয়ে গেল এবং ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে যেসব দেশ অবস্থান নিয়েছেন তাদের সঙ্গে মূলত আমেরিকা সমন্বয়সাধন করল।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সরকারি বাহিনীর গণহত্যা বন্ধ এবং সেখানকার জনগণকে রক্ষার জন্য পূর্ব ইউক্রেনের দোনবাস এলাকায় সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন। তবে পুতিন স্পষ্ট করে বলেছেন, ইউক্রেনে ভূখণ্ড দখল করার কোনো পরিকল্পনা মস্কোর নেই।

এ প্রসঙ্গে বাইডেন তার স্টেট অব দ্যা ইউনিয়ন ভাষণে বলেন, পুতিন বিনা উসকানিতে অন্যায় হামলা চালিয়েছে এবং আমেরিকার গণমাধ্যম একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের কোন দেশে রাশিয়ার পক্ষ থেকে সবচেয়ে বড় আগ্রাসন বলে চিহ্নিত করেছে।

এদিকে, মার্কিন ফেডারেল এভিয়েশন গতরাতে জানিয়েছে, রাশিয়ার ওপর যে বিমান নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তা বুধবার থেকে কার্যকর হবে। এর আওতায় রাশিয়ার কার্গো এবং চার্টার ফ্লাইট অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, ক্যানাডা ও ব্রিটেন তাদের আকাশসীমা ব্যবহারের বিষয়ে রাশিয়ার ওপর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে।

রাশিয়ার হামলায় ইউক্রেনে দুই ফুটবলার নিহত

সিএনবিডি ডেস্কঃ ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে হতাহতের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এরই মধ্যে এবার প্রাণ গেল দেশটির দুই ফুটবলারের। নিহতরা হলেন- ২১ বছর বয়সী ভিটালি স্যাপিলো ও ২৫ বছরের দিমিত্রো মার্টিনেনকো। তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব প্রফেশনাল ফুটবলার (ফিফপ্রো) এ খবর জানিয়েছে।

ফিফপ্রো সুত্রে জানা গেছে,  রাশিয়ার মিলিটারিদের আক্রমণে প্রাণ হারান ভিতালি সাপিলো (২১ বছর) এবং দিমিত্রো মারতিনেঙ্কো (২৫ বছর)। সাপিলো দেশটির ক্লাব ‘কারপাতি এলভিভো’ যুব দলের খেলোয়াড় ছিল। গত শুক্রবার নিহত হন এই ফুটবলার। ক্লাবের পক্ষ থেকেও এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে মারতিনেঙ্কো এফসি গোস্টোমেল ক্লাবের হয়ে খেলতো। এই ফুটবলার নিজ বাড়িতে রাশিয়ানদের বোমার আঘাতে মৃত্যুবরণ করেন।

ফিফপ্রো এই দুই ফুটবলারের মৃত্যুতে এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে জানায়, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো ফুটবলার হারানোর খবর সামনে এসেছে। ইউক্রেনের ভিতালি সাপিলো এবং দিমিত্রো মারতিনেঙ্কো যুদ্ধে মারা গেছেন। আমরা তাদের পরিবার-পরিজন, বন্ধু এবং সতীর্থদের দুঃখ বুঝতে পারছি এবং আমরা তাদের পাশে আছি। তাদের দুজনের আত্মা শান্তি পাক।’

এর আগে, ফিফা রাশিয়াকে পতাকা, জাতীয় সংগীত ও হোম ভেন্যুর ওপর নিষেধাজ্ঞা জারি করলেও এবার পুরোপুরি ফুটবল থেকে নিষিদ্ধ করেছে। ফলে চলতি বছর রাশিয়ার নারীরা ইউরোতে অংশগ্রহণ করতে পারবে না। শুধু তাই নয়, মার্চে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পুরুষরা খেলতে পারবে না পোল্যান্ডের সঙ্গে ম্যাচ। কাতার বিশ্বকাপ বাছাইপর্বের সূচি অনুযায়ী আগামী ২৪ মার্চ পোল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলার কথা ছিল রাশিয়ার। ম্যাচটি রাশিয়া জিতলে সেখানেই ২৯ মার্চ সুইডেন অথবা চেক রিপাবলিকের মুখোমুখি হতো তারা।