রাণীশংকৈলে জাতীয় ভোটার দিবস পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধি : ‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়, এই শ্লোগানে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নানা আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২ মার্চ) বেলা ১১টার দিকে রাণীশংকৈল উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান শাহরিয়ার আজম মুন্না। অনুষ্ঠানে স্বাগত বক্তব‍্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নুর-ই-আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা আ.লীগের সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌরমেয়র মোস্তাফিজুর রহমান ভাইস চেয়ারম্যান সোহেল রানা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আব্দুল মালেক, প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মেদ সরকার প্রমুখ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে এসময় নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীরাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভোটার হওয়া একজন ব্যক্তির নাগরিক অধিকার ও কর্তব্য। তাই আঠারো বছর বয়স পুর্ণ হলেই প্রত্যেক নাগরিককে ভোটার হতে হবে। ভোটার তালিকায় নিবন্ধিত না হলে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে না।

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হলেও অনেকে বাদ পড়েছেন। ভোটার দিবস পালিত হলে ভোট বিষয়ে সচেতনতাসহ ভোটদানে এ দেশে তরুণদের মধ্যেও ব্যাপক আগ্রহের সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। তাঁরা বলেন, সারা দেশেই নানা কর্মসূচির মাধ্যমে এ দিবসটি উদযাপন করা হচ্ছে।

ভোটারদের ভোটাধিকার রক্ষা করব, এটা ফাঁকা বুলি নয়: সিইসি

জাতীয় ডেস্কঃ আজ বুধবার (২ মার্চ) ‘জাতীয় ভোটার দিবস’ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে নির্বাচন কমিশন আয়োজিত র‌্যালি শেষে  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, ভোটারদের ভোটাধিকার রক্ষা করব, এটা ফাঁকা বুলি নয়। আগামী সংসদ নির্বাচনে মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সিইসি বলেন, এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য হচ্ছে- মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার। এই অঙ্গীকারের কথাটি কিন্তু ফাঁকা বুলি হওয়া উচিত না। এটা অবশ্যই অর্থবহ এবং অর্থবহ হতে হবে। যেকোনো অঙ্গীকার অর্থবহ এবং সেই অঙ্গীকারটিকে অন্তরে লালন করতে হবে। শুধু মুখের উক্তি দিয়ে প্রচার করলেই হবে না, একে অন্তরে লালন এবং ধারণ করতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পায়রাকে যেভাবে খাঁচা থেকে মুক্ত করে দিয়ে শান্তির বার্তা দেওয়া হয়, ঠিক সেইভাবে আগামী সংসদ নির্বাচনে মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

৪র্থ জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিটি সকাল সোয়া ৮টায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে ৯টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। এতে অন্যদের নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা, আহসান হাবীব খান, মো. আলমগীর, আনিছুর রহমান এবং ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারসহ সংস্থাটির সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। র‌্যালির শুরুতে পায়রা অবমুক্ত করেন সিইসি ও কমিশনাররা।

বিকেল ৩টায় আয়োজন করা হয়েছে আলোচনা সভার। নির্বাচন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠেয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিইসি। এছাড়া ২১ জন নতুন ভোটারের হাতে তুলে দেওয়া হবে স্মার্টকার্ড। ঢাকার মতো একই কর্মসূচি চলছে আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে।

উল্লেখ্য, ২০১৯ সালে দেশে প্রথমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়। সেদিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাশিয়ায় অ্যাপল’র পণ্য বিক্রি বন্ধ

সিএনবিডি ডেস্কঃ ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পর থেকে যখন হামলাকারী দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, ঠিক তখনি টেক জায়ান্ট ‘অ্যাপল’ রাশিয়ায় তাদের সকল ধরনের পণ্য বিক্রি করা বন্ধ করে দিয়েছে।

গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে ইউক্রেনে রুশ সেনাবাহিনীর আক্রমণের ফলে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। ইতোমধ্যে রাশিয়ার বাইরে অ্যাপলের কোনো ডিভাইসে রাশিয়ার সংবাদ ডাউনলোড করা যাচ্ছে না।

অ্যাপল ওই বিবৃতিতে জানায়, রাশিয়ার আক্রমণ নিয়ে আমরা উদ্বিগ্ন। ইউক্রেনে সহিংসতার শিকার সকলের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, আমরা সেখানে (ইউক্রেনে) মানবিক প্রচেষ্টা, শরণার্থীদের সহায়তাসহ যা যা করা সম্ভব সেগুলো করছি। এরইমধ্যে রাশিয়ায় সকল ধরনের পণ্য বিক্রি বন্ধ ঘোষণা, অ্যাপল স্টোর থেকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি এবং স্পুটনিকের ডাউনলোড সেবা বাতিল করেছি আমরা। ইউক্রেনের বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য অ্যাপলের ম্যাপস অ্যাপে পরিবর্তন আনা হয়েছে।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মঙ্গলবার পর্যন্ত রাশিয়ায় অ্যাপলের অনলাইন স্টোর সচল ছিল। কিন্তু আইফোন কেনার ক্ষেত্রে সরবরাহযোগ্য নয় লেখা আসছিল।

অন্যদিকে, মোটরসাইকেল নির্মাতা হার্লে-ডেভিডসন ইনকরপোরেটেড রাশিয়ায় তাদের বাইকের চালান স্থগিত করেছে। এক্সন মবিল করপোরেশন রাশিয়ায় তাদের কার্যক্রম বন্ধ করবে বলে জানিয়েছে এবং রাশিয়ার সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী ব্রিটিশ এনার্জি জায়ান্ট শেল পিএলসি ও বিপিকে অনুসরণ করে ব্যবস্থা নিতে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ প্রস্ততকারক প্রতিষ্ঠান বোয়িং রাশিয়ান এয়ারলাইন্সের জন্য যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা পরিষেবা স্থগিত করেছে। মাইক্রোসফট রাশিয়ান রাষ্ট্রীয় মালিকানাধীন মিডিয়া আউটলেট আরটি’র মোবাইল অ্যাপগুলোকে তার উইন্ডোজ অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেবে এবং রাশিয়ান রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক মিডিয়ার বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করবে। গুগল আরটি ও অন্যান্য রাশিয়ান চ্যানেলগুলোকে তাদের ওয়েবসাইট, অ্যাপস এবং ইউটিউব ভিডিও থেকে বিজ্ঞাপন বাবদ আয় উত্তোলনে বাধা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকও একই ধরনের ব্যবস্থা নিয়েছে। রাশিয়ায় নাইকির ওয়েবসাইট এবং অ্যাপ ব্যবহার করে পণ্য অর্ডার দেওয়া বন্ধ রয়েছে।

এ ছাড়াও, বিশ্বের ৩টি বৃহত্তম কন্টেইনার লাইন গতকাল রাশিয়ায় এবং সেখান থেকে অন্যত্র যেকোনো পণ্যবাহী চালান সাময়িকভাবে স্থগিত করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিএনবিডি ডেস্কঃ গত ২০০০ সালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা বোমা বিস্ফোরণের মামলায় ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল হক রানা ওরফে শাহনেওয়াজ ওরফে রুমান (৪৪) কে গতকাল মঙ্গলবার (১ মার্চ) রাজধানীর খিলক্ষেত বাজার মসজিদের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) তাকে গ্রেপ্তার করে।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন জানান, ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল হক রানা ওরফে শাহনেওয়াজ ওরফে রুমান গ্রেপ্তার করা হয়েছে। তিনি জঙ্গি নেতা মুফতি হান্নানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃর আজিজুল হক দীর্ঘ ২১ বছর বিভিন্ন ছদ্মবেশে নানা পেশার আড়ালে নিজেকে আত্মগোপনে রাখেন। এভাবে তিনি অত্যন্ত গোপনে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। কয়েকবার দেশ ত্যাগের পরিকল্পনাও করেছিলেন আজিজুল হক। তবে ব্যর্থ হয়ে ঢাকাসহ বিভিন্ন জেলার ভিন্ন ভিন্ন নামে আত্মগোপনে ছিলেন। নিজেকে লুকিয়ে রাখতে কখনো টেইলারিং, কখনো মুদি দোকানি, বই বিক্রেতা, গাড়িচালক ও সবশেষ প্রিন্টিং ও স্ট্যাম্প প্যাড বানানোর কাজ করতেন।

গ্রেপ্তারের সময় আজিজুল হকের কাছ থেকে জিহাদি বই, ২টি মোবাইল ফোনসেট, পেনড্রাইভ ও কম্পিউটারের হার্ডডিক্স উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে খিলক্ষেত থানায় সন্ত্রাস বিরোধী আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার আরও ৪ জন আসামি- মো. ইউসুফ, মো. লোকমান, শেখ মো. এনামুল ও মো. মিজানুর রহমান পালিয়ে আছেন। তাদেরকেও আমরা গ্রেপ্তার করতে পারব বলে আশা করছি।

উল্লেখ্য, ২০০০ সালের ২০ জুলাই কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান মহাবিদ্যালয়ের পাশে একটি চায়ের দোকানের পেছনে ওই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের জন্য মঞ্চ নির্মাণের সময় মাটিতে পুঁতে রাখা ৭৬ কেজি ওজনের বোমা পাওয়া যায়। বোমাটির বিস্ফোরণ ঘটিয়ে শেখা হাসিনাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। পরদিন ৮০ কেজি ওজনের আরও ১টি বোমা উদ্ধার করা হয় কোটালীপাড়ার হেলিপ্যাড থেকে। ওইদিন থেকে ঠিক এক দিন পর নিজের নির্বাচনী এলাকায় দাদার নামে প্রতিষ্ঠিত ওই কলেজ মাঠে জনসভায় শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা ছিল। ওই ঘটনায় কোটালীপাড়া থানার পুলিশ বাদী হয়ে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছিল।

পুলিশ তদন্তের পর ১৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় ২০০১ সালে। এরপর ২০১০ সালে গোপালগঞ্জ আদালত থেকে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে ২০২১ সালে শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ফের বাড়ল

অর্থনীতি ডেস্কঃ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ফের বৃদ্ধি পেয়েছে। অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য এখন প্রতি ব্যারেল ১১০ মার্কিন ডলারে পৌঁছেছে যা বিগত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্য। খবর বিবিসির।

এর আগে, ইউক্রেন-রাশিয়া সংঘাতের মধ্যে গেল ২৫ ফেব্রুয়ারি ২০১৪ সালের পর অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য ৮ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়ায়।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, আন্তর্জাতিক এনার্জি অ্যাজেন্সির সদস্যরা জরুরি মজুদ থেকে ৬০ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল ছাড়ে সম্মত হওয়ার পরও এই মূল্য বৃদ্ধির ঘটনা ঘটল।

হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বলেন, জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। আর রাশিয়ার ওপর থেকে জ্বালানি নির্ভরতা কত দ্রুত কমানো যায়, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এরই মধ্যে রুশ হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ার তেল আমদানি নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন কানাডা। বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, তেল বিক্রির অর্থ দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং দেশটির বিত্তবানদের পকেট ভরবে, কানাডা এটা চায় না।

উল্লেখ্য, গেল বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালাতে রাশিয়ান সেনাদের নির্দেশ দেন। এরপর রাশিয়ান সেনারা তিন দিক থেকে ইউক্রেনে হামলা শুরু করে। ইউক্রেনের সেনারাও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজ বুধবার সপ্তম দিনের মতো যুদ্ধ চলছে। যুদ্ধের প্রথম থেকেই রাশিয়ার প্রেসিডেন্টসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো। তবে রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি বন্ধ করেনি।

ফটিকছড়ির লেলাং ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি ঘোষণা

চট্টগ্রাম প্রতিনিধিঃ গতকাল ১লা মার্চ মঙ্গলবার বিকাল ৪ টায় ছাড়ালিয়া হাট চত্বরে ফটিকছড়ির লেলাং ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামিলীগের কমিটি ঘোষণা করে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলন অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন লেলাং ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক মোহাম্মদ ফারুক। আইয়ুব মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মাওলানা জাহাঙ্গীর, শাহরিয়ার, নাদের খান ও নুরুল আলম।

নেতৃবৃন্দ বক্তব্য প্রদানকালে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশে উন্নয়নের যে ধারার সুচনা করেছেন সেটি অব্যাহত রাখার জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তার হাতকে শক্তিশালী করার জন্য সভানেত্রীর নির্দেশনা মতে ইউনিয়নের সব ওয়ার্ডের সম্মেলন পর্যায়ক্রমে শেষ করা হবে।

সম্মেলনে মোহাম্মদ রফিক কে সভাপতি ও জাহেদুর রহমান কে সাধারণ সম্পাদক ঘোষণা দেওয়া হয় এবং অতিশীঘ্রই ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে আহ্বায়ক কমিটি বরাবরে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করেন আহ্বায়ক মোহাম্মদ ফারুক। 

আবারও সাধারণ সম্পাদক পদের চেয়ার হারালেন নিপুণ

বিনোদন ডেস্কঃ আবারও সাধারণ সম্পাদক পদের চেয়ার হারালেন নিপুণ। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদের ফলাফল নিয়ে আইনি লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী চিত্রনায়ক জায়েদ খানই ফিরে পেলেন সেই চেয়ার। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থীতা বৈধ উল্লেখ করে এই রায় দিয়েছেন হাইকোর্ট।

তবে জানা গেছে, হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন নিপুণ।

আজ বুধবার (২ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছেন। এর ফলে সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের বসতে আর কোনো বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে জায়েদ খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে চলমান রুল শুনানিতে অংশ নিতে সকালে হাইকোর্টে আসেন চিত্রনায়িকা নিপুণ আক্তার ও জায়েদ খান।

নওগাঁ জেলায় ডিম-দুধ ও মাংসের উদ্বৃত্ত উৎপাদন

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলায় মোট ৪৭ হাজার ৭শ খামারে ৩ কোটি ২ লক্ষ ৭৮ হাজার ২৯৫টি প্রাণী প্রতিপালিত হচ্ছে। এ জেলায় ডিম, দুধ ও মাংস উদ্বৃত্ত উৎপাদিত হচ্ছে।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ মহির উদ্দিন জানিয়েছেন, “নওগাঁ জেলায় গরুর খামার রয়েছে মোট ২৪ হাজার ৭শ ৩২টি। এসব খামারে মোট গরু প্রতিপালিত হচ্ছে ৩৮ লক্ষ ৭২ হাজার ৪শ ৯০টি। এর মধ্যে দেশী জাতের গরু রয়েছে ১৮ লক্ষ ৮১ হাজার ৬শ ১১টি এবং শংকর জাতের গরু রয়েছে ১৯ লক্ষ ৯০ হাজার ৮শ ৭৯টি।

জেলায় মহিষের খামার রয়েছে মোট ১৫টি। এই ১৫টি থামারসহ পারিবারিকভাবে মোট মহিষ রয়েছে ৪ লাখ ৯০ হাজার ৭৩২টি। মোট ১ হাজার ৬শ ৬৮টি খামারে ছাগল রয়েছে ১২ লক্ষ ৪৪ হাজার ৩৯৭টি। ৬শ ৬৩টি খামারে ভেড়া প্রতিপালিত হচ্ছে ৫ লক্ষ ১২টি।

জেলায় মুরগীর খামার রয়েছে ৪ হাজার ৪শ ৪৩টি। এসব খামারে মোট মুরগী রয়েছে ২ কোটি ২ লক্ষ ৬৬ হাজার ৮৫২টি। এর মধ্যে ২৭৫৭টি খামারে সোনালী মুরগী রয়েছে ৭০ লক্ষ ১০ হাজার ২৬৬টি, ১৪৪১টি খামারে ব্রয়লার মুরগী রয়েছে ৪৯ লক্ষ ৬৬ হাজার ৩২১টি এবং ২৪৫টি খামারে লেয়ার মুরগী রয়েছে ৬ লক্ষ ৩৮ হাজার ১০৮টি এবং দেশী মুরগী রয়েছে ৭৬ লক্ষ ৫২ হাজার ১৫৭টি।

জেলায় মোট ১০৪৬টি খামারে বিভিন্ন প্রজাতির হাঁস প্রতিপালিত হয়েছে ২৯ লক্ষ ৭০ হাজার ৪৭২টি। এর মধ্যে দেশী জাতের হাঁস ২৩ লক্ষ ৬৩ হাজার ৮৩৯টি, বানিজ্যিক জাতের ২ লক্ষ ৯৯ হাজার ৩৮৬টি এবং রাজহাস রয়েছে ৩ লক্ষ ৭ হাজার ২৪৭টি।

এদিকে ২ হাজার ১শ ২০টি খামারে কবুতর পাতিল হয়েছে ৯ লক্ষ ১৮ হাজার ৭৪০টি। বিভিন্নভাবে ৮৯২টি টার্কি, ৮ হাজার ১৮৮টি কোয়েল পাখি এবং ৫ হাজার ৫শ ২০টি সৌখিন পাখি প্রতিপালিত হচ্ছে।”

প্রাণী সম্পদ কর্মকর্তা আরও জানিয়েছেন বছরে জেলায় বিভিন্ন প্রাণীজ মাংস উৎপাদিত হয়ে থাকে ২ কোটি ৮৮ লক্ষ মেট্রিক টন। জেলায় মাংসের চাহিদা ১ কোটি ২৭ লক্ষ মেট্র্ধিসঢ়;ক টন। নওগাঁ জেলায় উদ্বৃত্ত মাংস উৎপাদিত হয়ে থাকে বছরে ১ কোটি ৬১ লক্ষ মেট্রিক টন। জেলায় মোট ডিম উৎপাদিত হচ্ছে ৬১ কোটি ৬৬ লক্ষ এবং জেলার চাহিদা ৩০ কোটি ২৬ লক্ষ। উদ্বৃত্ত ডিম উৎপাদনের পরিমাণ ৩১ কোটি ৪০ লক্ষ।

এ ছাড়াও বছরে জেলায় দুধ উৎপাদনের পরিমাণ ২ কোটি ৬৬ লক্ষ মেট্রিক টন এবং জেলার মোট চাহিদা ১ কোটি ৬৫ লক্ষ মেট্রিক টন। উদ্বৃত্ত দুধ উৎপাদনের পরিমাণ ১ লক্ষ মেট্রক টন।

উল্লেখ্য, জেলায় মোট জনসংখ্যা ২৯ লক্ষ ১০ হাজার ৫৭১ জন। প্রতিদিন জনপ্রতি মাংসের চাহিদা ১২০ গ্রাম, দুধের চাহিদা জনপ্রতি ২৫০ মিলিলিটার এবং ডিম বছরে জনপ্রতি ১০৪টি।

ডিবি পুলিশের জালে পেশাদার ইয়াবা ব্যবসায়ী গ্ৰেফতার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত করার লক্ষে সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বদিউজ্জামানের পরিচালনায় মাদক উদ্ধার ও চোরাচালান অভিযান চালায় রোজ মঙ্গলবার (১লা মার্চ) রাত সোয়া নয়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালনাকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ১নং মীর্জাপুর ইউনিয়নের অন্তগর্ত শহরশ্রী পাঁচাউন বাজারের হাসান মার্কেটের সামনে আহাদ আলীর চায়ের দোকানের পূর্ব পাশ হইতে সৈয়দ মাহবুব আহমেদ সুমন (৩৮) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে ৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
জানা গেছে, মির্জাপুর ইউনিয়ন দুবারঘাট গ্ৰামের সৈয়দ মাসুদ আহমেদ এর ছেলে সুমন।
এর সত্যতা নিশ্চিত করতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ বদিউজ্জামানের সাথে যোগাযোগ করা হলে এর সত্যতা নিশ্চিত করে ডিজিটাল বাংলা নিউজকে তিনি জানান, গ্ৰেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে নিকটস্থ শ্রীমঙ্গল থানায় আসামিকে হস্তান্তর করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম অর রশিদ তালুকদার জানান, আজ বুধবার আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কুড়িগ্রামের চিলমারীতে কমিউটার ট্রেন চালু

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ দীর্ঘ ২বছর বন্ধ থাকার পর কুড়িগ্রামের চিলমারীর রমনা বাজার-রংপুর, কাউনিয়া-রমনা বাজার রেলপথে কমিউটার ট্রেনের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১মার্চ) সকালে রমনা বাজার স্টেশনে চিলমারী কমিউটার নামে ওই ট্রেনের ফিতা কেটে পতাকা উড়িয়ে শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন এমপি।

জানা গেছে,করোনাভাইরাস সংক্রমণ,ড্রাইভার ও ইঞ্জিন স্বল্পতা এবং স্টেশন মাস্টার না থাকার অজুহাতে দীর্ঘ দিন বন্ধ থাকা রেলওয়ে যোগাযোগ সারাদেশে চালু হলেও অজানা কারনে চিলমারীর রেল যোগাগোগ দীর্ঘ ২বছর ধরে বন্ধ ছিল। ২০২০ সালের ৮মার্চ দুপুরে চিলমারী’র রমনা থেকে পার্বতীপর গামী একটি ট্রেন ছেড়ে যাওয়ার পর আর ফিরে আসেনি। সেই ৮মার্চ ২০২০থেকে বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে চিলমারী কমিউটার নামে একটি ট্রেন চালু হয়।

চিলমারী কমিউটার নামের এই মেইল ট্রেনটি রমনা বাজার স্টেশন থেকে ছেড়ে কাউনিয়া হয়ে রংপুর পর্যন্ত যাবে। আবার লালমনিরহাট থেকে ছেড়ে ওই ট্রেনটি কাউনিয়া হয়ে রমনা বাজার আসবে বলে জানা গেছে।

চিলমারী কমিউটার ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম,অতিরিক্ত সচিব (অবঃ) বদরুল আলম বাবুল,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মাহবুবুর রহমান,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান,বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ,বিভাগীয় প্রকৌশলী আহসান হাবিব,বিভাগীয় যন্ত্র প্রকৌশল (লোকো)শাহিনুর আলম অপু,বিভাগীয় যন্ত্র প্রকৌশল ক্যারেজ এহতেসাম মোহাম্মদ সফিক,সহকারী ট্রাফিক সুপারইনটেনডেন্ট মো.আবু তাহের,সহকারী পরিবহন কর্মকর্তা ফারুকুল ইসলাম,সহকারী বানিজ্যিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯২৮ সালের ২আগষ্ট বন্দর নগরী চিলমারী থেকে প্রথম রেলপথে রেল যোগাযোগ চালু হয়। তিস্তা থেকে কুড়িগ্রাম হয়ে চিলমারী’র রমনা স্টেশন পর্যন্ত ৫৭কিলোমিটার রেলপথের মধ্যে ৪৩কিলোমিটার রেলপথ পড়ে কুড়িগ্রাম জেলার ভেতরে। সে সময় যাত্রীদের সুবিধার্থে এই ৪৩কিলোমিটার রেলপথে স্থাপন করা হয় ৮টি স্টেশন। সে সময়ে কুড়িগ্রাম রেলপথ চালুর পর পার্বতীপুর-রমনা রেলপথে সকালে ও সন্ধ্যা মিলে ২টি ও লালমনিরহাট-রমনা পথে দুপুরে ও রাতে ২টিসহ মোট ৪টি ট্রেন চালু ছিল।

তবে ২০০২ সালের দিকে হটাৎ করে পার্বতীপুর-রমনা রুটে ১টি ও লালমনিরহাট-রমনা রেল পথের দুটি ট্রেনসহ মোট ৩টি ট্রেন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর থেকে একটি ট্রেন পার্বতীপুর-রমনা রুটে সকালে রমনা এসে তিস্তা গিয়ে ফের দুপুরের ট্রেন হয়ে চলাচল করছিল। ২০২০সালের ৮মার্চ তারিখে ট্রেনটি রমনা থেকে ছেড়ে যাওয়ার পর প্রায় ২৪ মাস তা চিলমারীতে আসেনি।