নওগাঁর আত্রাইয়ে জাতীয় বীমা দিবস পালিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০সালে ১লা মার্চ তৎকালীন আলফা ইন্সুরেন্স কোম্পানীতে যোগদান করেন। এই দিন টিকে স্মরণ করে সরকার ১লা মার্চ-কে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষনা দেন। এরই ধারাবাহিকতায় বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে “বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় এ বৎসর নওগাঁর আত্রাইয়ে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার ১লা মার্চ উপজেলা প্রশাসন আয়োজনে সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে জাতীয় বীমা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের নেতৃত্বে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের নওগাঁ জেলা ব্যবস্থাপক একেএম কামাল উদ্দিন টগর।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম,সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোং আত্রাই শাখা ব্যবস্থাপক মোঃ লোকমান আলী,ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোং আত্রাই শাখা ব্যবস্থাপক মোঃ চঞ্চল হোসেন, ডেল্টা ইন্সুরেন্স কোং আত্রাই শাখা ব্যবস্থাপক মোঃ জাফর আলী, ডেল্টা ইন্সুরেন্স কোং এককবীমার শাহিন সরদার, ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোং লিমিটেড আত্রাই শাখা ব্যবস্থাপক আবু জাহিদ ডালিম সহ আত্রাই উপজেলার সকল বীমা ইন্সুরেন্স কোং শাখা ব্যবস্থাপক ও মাঠ সংগঠকগন আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁওয়ে আধুনিকীকরণ প্রশাসনিক দপ্তরের উদ্বোধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক দপ্তরকে আধুনিকীকরণ করা হয়েছে। মঙ্গলবার ১ মার্চ বিকালে ফিতা কেটে এ প্রশাসনিক দপ্তরের উদ্বোধন করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন, যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত আজিজুল হক, যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালত কৃষ্ণ চন্দ্র রায়, মিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আরিফুল ইসলাম।
আরো বক্তব্য দেন-জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আলাউদ্দীন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো: মঞ্জুর মোর্শেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক এ্যাড. এন্তাজুল হক, আরডিআরএস’র লিগ্যাল এডভাইজার এ্যাড. সোয়েব আক্তার প্রমুখ।
এছাড়াও জেলার বিভিন্ন আদালতের বিচারক ও আদালতের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

জানা গেছে, বিচার কাজকে জনবান্ধবমুখী, সহজিকীকরণ ও সাধারণ বিচারপ্রার্থীদের আস্থা অর্জন করার লক্ষ্যে জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক দপ্তরকে আধুনিকীকরণ করা হয়েছে।

শ্রীমঙ্গল পুলিশের জালে ইয়াবাসহ যুবক গ্ৰেফতার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: রোজ মঙ্গলবার (১ মার্চ) মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল পৌর শহরের মৌলভীবাজার রোডের হোটেল ইসাকি এমোস এর সামনে থেকে সন্ধ্যায় ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলী হোসেন পাপ্পু (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

মাদক কারবারি আলী হোসেন পাপ্পু মৌলভীবাজার সদর থানার মনুমুখ এলাকার আনোয়ার হোসেনের ছেলে। সে বর্তমানে শ্রীমঙ্গল উপজেলার শাহীবাগ এলাকায় জমশেদ মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছে দীর্ঘ দিন ধরে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার সাথে যোগাযোগ করা হলে প্রতিবেদক’কে বলেন, শ্রীমঙ্গল থানার বিশেষ অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল। গ্রেফতারকৃত আসামি বর্তমানে শ্রীমঙ্গল থানার কাষ্টডিতে আছে। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার বিজ্ঞ আদালতে পাঠানোর জন্য প্রক্রিয়াধীন আছে।

৭০টি যুদ্ধবিমান পাঠাচ্ছে ন্যাটোর ৩ দেশ : ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্কঃ ন্যাটোর ৩ দেশ ইউক্রেনে ৭০টি যুদ্ধবিমান পাঠাচ্ছে বলে জানিয়েছে কিয়েভের সেনাবাহিনী। অন্যদিকে অস্ট্রেলিয়া ইউক্রেনকে সামরিক সহায়তায় পাঁচ কোটি মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে।

ফেসবুকে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে রাশিয়ার সরকারি টেলিভিশন আর.টি জানিয়েছে, পোল্যান্ড, বুলগেরিয়া ও স্লোভাকিয়া ৭০টি মিগ-২৯ এবং এসইউ-২৫ যুদ্ধবিমান সরবরাহ করবে। এসব যুদ্ধবিমান পোলিশ বিমানঘাঁটিতে ওঠানামা করবে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুলগেরিয়া ১৬টি মিগ-২৯ বিমান এবং ১৪টি এসইউ-২৫ বিমান সরবরাহ করবে। পোল্যান্ড পাঠাবে ২৮টি মিগ-২৯ যুদ্ধবিমান এবং স্লোভাকিয়া ১২টি মিগ-২৯ বিমান সরবরাহ করবে।

ইউক্রেনের সোনাবাহিনীর মুখপাত্র বলেছেন, আমাদের অংশীদাররা আমাদের মিগ-২৯ ও এসইউ-২৫ দিয়েছে। যদি প্রয়োজন হয়, তবে তারা পোলিশ বিমানঘাঁটি ব্যবহার করবে। ইউক্রেনীয় পাইলটরাই সেসব যুদ্ধবিমান চালিয়ে মিশনে অংশ নেবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, শিগগিরই আরও ‘কিয়েভের ভূত’ আসছে।

উল্লেখ্য, ‘কিয়েভের ভূত’ গণমাধ্যমে বেশ হইচই ফেলে দিয়েছিল, যখন এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের একজন পাইলট একাই ৬টি রাশিয়ান যুদ্ধবিমান ভূপাতিত করেছেন। কিন্তু পরে সেই ‘ভূত’ দেখানো ফুটেজটি ভুয়া বলে প্রমাণিত হয়। পার্সটুডে।

ইউক্রেনকে ৫ কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন গতকাল মঙ্গলবার জানিয়েছেন, আমরা ক্ষেপণাস্ত্র-গোলাবারুদ নিয়ে কথা বলছি, আমরা ইউক্রেনীয়দের ভূমি রক্ষায় তাঁদের সমর্থন দেওয়ার কথা বলছি। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলেননি তিনি।

তবে মরিসন জানিয়েছেন, রাশিয়াকে কোনো সুযোগ দিতে চান না তিনি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরও জানান, সামরিক সহায়তা ছাড়াও ইউক্রেনকে দুই কোটি ৫০ লাখ মার্কিন ডলার মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছে তাঁর সরকার।

প্রসঙ্গত, রুশ প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিন গত বৃহস্পতিবার ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নেন। এর প্রতিক্রিয়া পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেইসাথে তারা একের পর এক সামরিক সহায়তা পাঠাচ্ছে।

এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

শিক্ষা ডেস্কঃ চলতি ২০২২ সালের ১৯ জুন এসএসসি ও ২২ আগস্ট এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড বিজ্ঞপ্তি দিয়েছে।  সোমবার বোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) তপন কুমার সরকার সই করা এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। যদিও এ তারিখ চূড়ান্ত করা হয়নি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা (টেস্ট) হবে না। তার বিকল্প হিসেবে প্রস্তুতিমূলক পরীক্ষা হবে।

এদিকে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরুর সম্ভাব্য সময় ধরা হয়েছে আগামী ১৩ এপ্রিল। রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে ফরম পূরণ করবে। প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে আগামী ১৯ মে।  ১৯ জুনে হতে পারে পরীক্ষা।

অন্যদিকে, এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরুর সম্ভাব্য সময় ঠিক করা হয়েছে আগামী ৮ জুন। তাদের প্রস্তুতিমূলক পরীক্ষা হতে পারে আগামী ১৪ জুলাই।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্বে) তপন কুমার সরকার সাংবাদিকদের বলেন, নির্বাচনী পরীক্ষার বিকল্প হিসেবে এবার প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তিঃ 

এইচএসসি পরীক্ষার বিজ্ঞপ্তিঃ

১৮ মাসে একই উপজেলায় ২০ ট্রান্সফর্মার চুরি!

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ১৮ মাসের মধ্যে পল্লী বিদ্যুতের ২০টি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়া সম্প্রতি ট্রান্সফর্মার চুরির সংখ্যা বেড়ে যাওয়ায় মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। এতে চোরাকারবারী জড়িতদের ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।

সুত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গীতে কৃষি কাজে ব্যবহৃত ৫৩৬টি সেচ রয়েছে। এর মধ্যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় ১৮৯ টি। বাকি ৩৪৭টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় ব্যক্তি মালিকানাধীন। সেচের বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ফলে বোরো চাষে সেচ প্রদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্থানীয় কৃষি বিভাগ বলছে চুরি বন্ধ না হলে বোরো চাষিরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না।

বালিয়াডাঙ্গী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম কামরুল হাসান জানান, ২০২০-২০২১ অর্থ বছরে উপজেলার ১৩টি ট্রান্সফর্মার চুরি হয়েছে আর ২০২১-২০২২ অর্থ বছরে জানুয়ারি মাস পর্যন্ত ৪টি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। গত ফেব্রুয়ারি মাসের ২১ তারিখের পর টানা তিন দিন ৩ টি ট্রান্সফর্মার চুরি হয়েছে। এই চুরি অব্যাহত থাকলে বোরো চাষি, পল্লী বিদ্যুৎ সমিতি ও সরকারকে ক্ষতির সম্মুখীন হতে হবে।

তিনি আরও বলেন, চুরি হওয়া ৫ কেভি ট্রান্সফর্মার প্রতিটির মূল্য প্রায় ৪৩ হাজার টাকা। সমিতির নিয়ম অনুযায়ী ট্রান্সফর্মার চুরি হলে সেচের মালিককে পুরো টাকা পরিশোধ করে পল্লী বিদ্যুৎ সমিতির কাছ থেকে পুনরায় ট্রান্সফর্মার সংগ্রহ করতে হবে। এদিকে ট্রান্সফর্মার পুনরায় স্থাপন কাজে সময় ব্যয় হওয়ার কারণে বোরো খেত শুকিয়ে নষ্ট হতেও পারে।

এদিকে চুরির ঘটনা নিয়ে বিব্রত বালিয়াডাঙ্গী উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, এক বছরে ৫টি ও চলতি মাসের ফেব্রুয়ারিতে ২টি ট্রান্সফর্মার চুরি হয়েছে। তবে এসব ট্রান্সফর্মার স্থাপনে অর্ধেক খরচ ব্যয় করেছে সরকার। কৃষকেরা চাইলে অর্ধেক খরচ ব্যয় বহনে কিস্তির সুবিধাও নিতে পারবেন।

বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায় বলেন, সেচকাজে ব্যবহৃত ট্রান্সফর্মার চুরি বন্ধ করা না গেলে বোরো চাষিদের উৎপাদন খরচ বাড়বে। পাশাপাশি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনেও বিঘ্ন সৃষ্টি হতে পারে। আমি আগামী আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উপস্থাপন করব।

অন্যদিকে বালিয়াডাঙ্গী পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জোনাল ম্যানেজার আহসান হাবীব বলেন, ট্রান্সফর্মার চুরি বন্ধে আমরা স্থানীয় হাট-বাজারসহ বিভিন্ন এলাকায় মাইকিং সাধারণ মানুষকে সচেতন করছি। ট্রান্সফর্মার চুরির সঙ্গে জড়িত চক্রকে ধরতে পুরস্কার ঘোষণাও করা হয়েছে।

চট্টগ্রামে মর্গে রাখা নারীর মরদেহের সঙ্গে বিকৃতাচার

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা দুই নারীর মরদেহের সঙ্গে বিকৃতাচারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. সেলিম (৪৮) নামের এক ডোমকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত সোমবার তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত ডোম সেলিম কুমিল্লা জেলার লাকসাম থানার সাতেশ্বর গ্রামের নোয়াব আলীর ছেলে। তিনি চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট খাজা রোড এলাকায় বাস করেন। গ্রেফতারের পর তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় ৩৭৭/১০৯ ধারায় একটি মামলা দায়ের করেছেন সিআইডির উপপরিদর্শক কৃষ্ণকমল ভৌমিক।

সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার মু. শাহনেওয়াজ খালেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছরের ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে অপমৃত্যুর শিকার দুই নারীর মরদেহ চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছিল। ওই মরদেহের সঙ্গে বিকৃতাচারে লিপ্ত হন অভিযুক্ত সেলিম মিয়া। ডিএনএ পরীক্ষার সূত্র ধরে এ বিষয়ে নিশ্চিত হওয়ার পর আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম সিআইডির কাছে দুই মরদেহের সঙ্গে বিকৃতাচারের বিষয়টি স্বীকার করেন বলে জানান এসএসপি মু. শাহনেওয়াজ খালেদ।

এর আগে ২০২০ সালে ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে এমন ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় শেরেবাংলানগর থানায় একটি মামলা হয়েছিল।

চলছে তেলের দাম আরও বাড়ানোর চেষ্টা

সিএনবিডি ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে এমন অজুহাতে দেশের বাজারে ফের আরেক দফা দাম বাড়ানোর চেষ্টা করছেন ভোজ্যতেলের ব্যবসায়ীরা। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন তেলের দাম লিটারে ১২ টাকা বাড়ানোর চেষ্টা করছে। আজ ১ মার্চ থেকে বাড়তি দাম কার্যকরের ঘোষণা দিয়েছে তারা।

তবে সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সোমবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে বাণিজ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে রমজানের আগে তেলের দাম আর বাড়ানো হবে না।

সর্বশেষ গত ৬ ফেব্রুয়ারি সয়াবিনের দাম লিটারে ৮ টাকা বাড়িয়ে ১৬৮ টাকা করা হয়েছে। লিটারে আরও ১২ টাকা বাড়িয়ে ১৮০ টাকা করতে চাইছে ব্যবসায়ীরা। ভোজ্যতেলের দাম বাড়ানোর সুনির্দিষ্টি ঘোষণা দিয়ে সমিতির সচিব নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিসি) কাছে।

দেশে ভোজ্যতেল বিপণনে সবচেয়ে শীর্ষস্থানীয় কোম্পানি সিটি গ্রুপের পরিচালক (অর্থ) বিশ্বজিৎ সাহা গণমাধ্যমকে বলেন, দাম বাড়ানোর আবেদন করেছি। বাণিজ্য মন্ত্রণালয় সেটি নিজস্বভাবে বিচার-বিশ্লেষণ করবে। এখন লিটারে ১৬৮ টাকায় যে তেল বিক্রি করা হচ্ছে, সেটির আন্তর্জাতিক বাজার প্রতি টন ১ হাজার ৩০০ ডলার। এখন যে তেল বাজারে ছাড়তে যাচ্ছি, সেটি ১ হাজার ৪২০ ডলারের। আগামী এক থেকে দেড় মাস পর আন্তর্জাতিক বাজারে কোথায় গিয়ে ঠেকে, সেটি আমরা এখনই বলতে পারছি না। কিন্তু এক হাজার ৭০০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস আছে। তখন পরিস্থিতি কী হবে, তা জানি না।

জাতিসংঘে নিযুক্ত ১২ রুশ কূটনীতিককে যুক্তরাষ্ট্রের বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘে নিযুক্ত ১২ রুশ কূটনীতিককে ‘গুপ্তচরবৃত্তিক তৎপরতার’ অভিযোগে বহিষ্কার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার। এর মাধ্যমে ইউক্রেনে রুশ সামরিক অভিযানকে কেন্দ্র করে মস্কোর সঙ্গে সম্পর্কে আরেক দফা উত্তেজনা বাড়াল ওয়াশিংটন।

জাতিসংঘের মার্কিন মিশনের মুখপাত্র অলিভিয়া ডেলটন এক বিবৃতিতে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘে রাশিয়ার স্থায়ী মিশনকে একথা জানিয়ে দিয়েছে যে, আমরা রুশ মিশনের ১২ জন ‘গোয়েন্দা কর্মী’ যারা কিনা মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের আবাসিক সুবিধা ব্যবহার করে গুপ্তচরবৃত্তিক তৎপরতা চালিয়ে আমাদের জাতীয় নিরাপত্তার ক্ষতি করার চেষ্টা করছেন তাদেরকে বহিষ্কার করার প্রক্রিয়া শুরু হয়েছে।

ডেলটন দাবি করেন, জাতিসংঘ সদরদপ্তরের নীতিমালা পরিপূর্ণভাবে অনুসরণ করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া যখন নিউ ইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে একটি সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছিলেন তখন তাকে ফোন করে বলা হয়, ওই ১২ রুশ কূটনীতিককে আগামী ৭ মার্চের মধ্যে মার্কিন ভূখণ্ড ত্যাগ করতে হবে।

নেবেনজিয়া মার্কিন সরকারের এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র তার দেশের বিরুদ্ধে ‘বিদ্বেষী’ আচরণ করছে। তিনি আরো বলেন, এটি একটি খারাপ সংবাদ এবং জাতিসংঘের স্বাগতিক দেশ হওয়ার সুবিধা অপব্যবহারের আরেকটি জ্বলজ্যান্ত দৃষ্টান্ত এটি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা মস্কোর বিরুদ্ধে বহুমুখী নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গত শুক্রবার সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে।