ইউক্রেনের ৭০ সেনা রাশিয়ার কামানের গোলায় নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের ৭০ সেনা রাশিয়ার কামানের গোলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ওখতিরকাতে রোববার এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে আজ মঙ্গলবার (১ মার্চ) বিবিসি এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের সুমি অঞ্চলের রাজ্য প্রশাসনের প্রধান দিমিত্রো জিভিটস্কি বলেন, হামলায় ইউক্রেনের একটি সামরিক ইউনিট ধ্বংস হয়ে গেছে। বহু মানুষ মারা গেছে। উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবকরা ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধারে কাজ করছেন। বর্তমানে প্রায় ৭০ জন নিহত ইউক্রেনীয় সৈন্যের জন্য সমাধিস্থল প্রস্তুত করা হচ্ছে।

জিভিটস্কি আরও বলেন, শত্রুরাও যা প্রাপ্য, সেটা পেয়েছে। বহু রাশিয়ান সৈন্যের মৃতদেহ শহরে পড়ে রয়েছে, যা এখন রেডক্রসকে দেওয়া হচ্ছে।

জিভিটস্কির দাবি স্বাধীনভাবে যাচাই করা হয়নি বলে জানিয়েছে বিবিসি।

এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দেশটির অন্যতম শহর খেরসনে আবারও হামলা চালিয়েছে রাশিয়ার সেনারা।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ফেসবুকে সতর্ক করে বলেছেন, কিয়েভের চারপাশের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। যদিও শত্রুরা আক্রমণের ক্ষমতা হারাচ্ছে, তবে সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে গুলি চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে, ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রুশ সেনারা দক্ষিণে মাইকোলাইভ ও নিউ কাখোভকার মধ্যবর্তী শহর খেরসনে হামলা শুরু করেছে। শহরটি রাশিয়ান সৈন্যরা ঘিরে ফেলেছে কিন্তু এখনও দখল করেনি।

উল্লেখ্য, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ৩৫২ বেসামরিক নাগরিক নিহত এবং ১ হাজার ৬৮৪ জন আহত হয়েছেন। এ ছাড়া রাশিয়ার ৫ হাজার ৩০০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

আগামী ১৫ মার্চ থেকে অব্যবহৃত ডাটা নতুন প্যাকেজে যুক্ত হবে

সিএনবিডি ডেস্কঃ আগামী ১৫ মার্চ থেকে মোবাইল ফোনের নতুন ডাটা প্যাকেজ কার্যকর হতে যাচ্ছে। নতুন প্যাকেজে ডাটার অফারের সংখ্যা কমিয়ে অব্যবহৃত ডাটা নতুন প্যাকেজে যুক্ত করার একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) থেকে এই নির্দেশ জারি করা হয়।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) উপ-পরিচালক মো. জাকির হোসেন খান জানান, ১ মার্চের পরিবর্তে নতুন নির্দেশনা আগামী ১৫ মার্চ থেকে কার্যকর হবে।

বিটিআরসি জানিয়েছে, ডাটা এবং ডাটা সংশ্লিষ্ট বিভিন্ন প্যাকেজ সম্পর্কিত জারিকৃত নতুন নির্দেশনা অনুযায়ী দেশের সব মোবাইল অপারেটরকে নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে প্যাকেজ, সিস্টেম ডিজাইন ও প্রয়োজনীয় প্রস্তুতি এবং ডাটা প্যাকেজগুলোর অনুমোদন কমিশন থেকে নিতে হবে। এরপর পূর্বঘোষিত ১ মার্চের পরিবর্তে আগামী ১৫ মার্চ দিবাগত রাত ১২টা থেকেই জারিকৃত নির্দেশিকার সব নির্দেশনা অনুযায়ী ডাটা এবং ডাটা সংশ্লিষ্ট সব প্যাকেজ পরিচালনা করা হবে।

আর একটি মোবাইল অপারেটর তিনটি বিভাগে মোট ৯৫টি প্যাকেজ অফার করতে পারবে। এগুলো হলো- নিয়মিত প্যাকেজ, গ্রাহক কেন্দ্রিক প্যাকেজ এবং উন্নয়ন ও গবেষণা প্যাকেজ।

প্রসঙ্গত, মোবাইল ইন্টারনেটের ডাটা প্যাকেজে ব্যাপক পরিবর্তন আনতে চলেছে বিটিআরসি। এই পরিবর্তনের ফলে অপারেটরদের অফারের সংখ্যা কমে যাবে এবং গ্রাহকরা তাদের বর্তমান প্যাকেজের অব্যবহৃত ডেটাও পরবর্তী প্যাকেজের সঙ্গে পেয়ে যাবেন। অধিক প্যাকেজ এবং জটিল শর্তের জাল থেকে গ্রাহকদের স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

রাশিয়াকে সব ধরণের ফুটবল থেকে নিষিদ্ধ করল ফিফা ও উয়েফা

স্পোর্টস ডেস্কঃ অর্থনৈতিক নিষধাজ্ঞার পাশাপাশি খেলাধুলোর আঙিনাতেও কোণঠাসা হচ্ছে রাশিয়া। রাশিয়াকে ২০২২ বিশ্বকাপ থেকে বহিষ্কৃত করা হয়েছে এবং দেশটি ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ সব আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না বলে সোমবার (২৮ ফেব্রুয়ারি) উয়েফার সঙ্গে এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে ফিফা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানোর পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফুটবলের বৈশ্বিক ও ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে জানায়, ফিফা ও উয়েফা আজ একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছে সব রাশিয়ান দল-হোক জাতীয় প্রতিনিধি দল কিংবা ক্লাব দল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফিফা এবং উয়েফার উভয় প্রতিযোগিতায় রাশিয়া নিষিদ্ধ থাকবে।

চলতি বছরের শেষের দিকে কাতার বিশ্বকাপের জন্য মার্চে বাছাইপর্বের প্লে-অফে খেলার কথা ছিল রাশিয়ার পুরুষদের দল। এ ছাড়া নারী দল জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফাই করেছে।

উল্লেখ্য, আগামী ২৪ মার্চ পোল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের কোয়ালিফাইং প্লে-অফে খেলতে নামার কথা রাশিয়ার। নিষেধাজ্ঞা না উঠলে সেই ম্যাচে মাঠে নামতে পারবে না রাশিয়া। সুতরাং, তাদের সামনে বন্ধ হয়ে যাবে বিশ্বকাপের দরজা। আর ফাইনালে জায়গা পেতে ২৯ মার্চ সুইডেন বা চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হতে পারত দেশটি। কিন্তু তাদের তিন সম্ভাব্য প্রতিপক্ষ জানিয়ে দিয়েছে তারা ম্যাচ বর্জন করবে।

ফুলবাড়ী উপজেলাকে প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ “সবাই মিলে বাঁধবো জোট,বাল‍্যবিবাহ করবো রোধ  ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাকে প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার ১ মার্চ  দুপুরে  ফুলবাড়ী ডিগ্রী কলেজ মাঠে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ও আরডিআরএস বাংলাদেশ এর বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রজেক্টরের সহযোগিতায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সাংসদ আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।

কুড়িগ্রাম জেলা  প্রশাসক রেজাউল করিম এর  সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস।

সভায় আরও বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশ এর বিবিএফজি প্রকল্প সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, প্লান ইন্টারন্যাশনাল এর বিবিএফজি প্রকল্প ব্যবস্থাপক নজরুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা গণ, ফুলবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, স্কাউট সদস্য বৃন্দ, ইমাম পুরোহিত ও নিকাহ রেজিস্ট্রার বৃন্দ, সহ বডির সদস্যগণ, সাংবাদিক বৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ফলক উন্মোচন, লাল কার্ড প্রদর্শন, পায়রা অবমুক্ত করণ এবং শপথ বাক্য পাঠ করার মাধ্যমে ফুলবাড়ী উপজেলাকে প্রাথমিকভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়।

ঠাকুরগাঁওয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষনায় জেলাবাসীর আনন্দ উল্লাস

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ২০১৮ সালের ২৯ মার্চ ঠাকুরগাঁও সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, এই জেলায় কোনো বিশ্ববিদ্যালয় নেই। সেটি করা হবে। এ লক্ষ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভার বৈঠকে  ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। অন্যান্য আইনের মতো এখানে ৫৬টি ধারা হয়েছে। এখানে রাষ্ট্রপতি আচার্য হবেন। তিনি স্বনামধন্য একজন শিক্ষাবিদকে চার বছরের মেয়াদে ভিসি হিসেবে নিয়োগ দেবেন। দুইজন থাকবেন উপ-উপাচার্য, একজন থাকবেন ট্রেজারার। এখানে একটি তহবিল থাকবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি আরও জানান, এই বিশ্ববিদ্যালয়েও রেজিস্ট্রার অফিস থাকবে।
খসড়া আইনে আরও বলা হয়েছে, এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও শিক্ষাক্রম পরিচালনার জন্য বিধি-প্রবিধি করে নিতে পারবেন। বিধি ও প্রবিধিতে সব কিছু ডিফাইন করা হবে।
এদিকে ঠাকুরগাঁওয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণায় জেলাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। বিভিন্ন মানুষ প্রধানমন্ত্রীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছে শুভেচ্ছা ও অভিনন্দন। বিশ্ববিদ্যালয়টি হলে বদলে যাবে এখানকার মানুষের জীবনযাত্রার মান।
ঠাকুরগাঁওয়ের সুনামধন্য শিক্ষাবিদ মনতোষ কুমার দে বলেন, উত্তরাঞ্চলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা খুবই কম ৷ আমাদের জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় হলে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার পাশাপাশি উচ্চ শিক্ষা নিয়ে সচেতন হবে। পাশাপাশি যে এলাকাজুড়ে প্রতিষ্ঠানটি হবে সে এলাকার মানুষগুলোর জীবনযাত্রার মান পরিবর্তন হবে।
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ঠাকুরগাঁওয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ খুব জরুরি। আজকে অনুমোদন হয়েছে দেখলাম। তবে বিস্তারিত এ বিষয়ে পরে বলতে পারব। আশা করছি পাবলিক বিশ্ববিদ্যালয়টি হলে জেলার জীবনযাত্রার মান বাড়বে।
ঠাকুরগাঁও-১ আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, জননেত্রী শেখ হাসিনা জনগণের নেত্রী। তিনি জনগণের জন্য কাজ করেন। সেই প্রেক্ষিতে ২০১৮ সালের ২৯ মার্চ জননেত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁওয়ে এসে অনেকগুলো প্রতিশ্রুতি দেন। তার মধ্যে তিনি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দেন। আজকে তা মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। আমরা ঠাকুরগাঁওবাসী অত্যন্ত আনন্দিত। আশা করছি আমাদের জেলার ছেলে-মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে এবং উচ্চশিক্ষা সম্পর্কে সচেতন হবে। পাশাপাশি  জীবনযাত্রার মান উন্নত হবে।
জেলা শহরের কোথায় বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হবে- এমন প্রশ্নের জবাবে এমপি বলেন, সদর উপজেলার শিবগঞ্জ বিমানবন্দর এলাকার উত্তরে মুক্তা মেলার পাশে বিশ্ববিদ্যালয়টি স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আজ থেকে শুরু হলো অগ্নিঝরা মার্চ

জাতীয় ডেস্কঃ আজ মার্চ মাসের ১ তারিখ। বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাক্ষী এই মার্চ মাস। এটি অগ্নিঝরা ইতিহাস, বিষাদ ও বেদনার মাস। ১৯৭১ সালের মার্চ মাসের তীব্র আন্দোলনের পরিণতিতেই শুরু হয় মহান স্বাধীনতা যুদ্ধ। মার্চের প্রতিটা দিন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক একটি অধ্যায়।

১৯৭১ সালের পহেলা মার্চ যখন সারাদেশের মানুষ উৎসুক হয়ে অপেক্ষায় ছিল প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের ভাষণ শুনার জন্য কিন্তু ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন বাতিল করায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তীব্র ক্ষোভে ফেটে পরলেন এবং একে পাকিস্তানি শাসকদের স্বৈরাচারী মনোভাব বলে আখ্যায়িত করলেন। মানুষ ২ মার্চ ও ৩ মার্চ সারাদেশে হরতাল মিছিল পালন করলো। অফিস-আদালত থেকে সব মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এই ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ করেন। স্লোগান ওঠে- “বীর বাঙালি অস্ত্র ধর/বাংলাদেশ স্বাধীন কর।”

৭ মার্চ সাবেক রেসকোর্স ময়দান আজকের সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেন। এ সময় পাকিস্তানি শাসকদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছিলেন, ‘সাত কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না। মরতে যখন শিখেছি, তখন কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না। রক্ত যখন দিয়েছি, আরো দেবো। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।’

আর বঙ্গবন্ধুর এই ভাষণ মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তার ঘোষণার পর বীর বাঙালি সেই যে ঘর থেকে বেরিয়েছিল, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত, দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আর ঘরে ফেরেনি। মুক্তিযুদ্ধে অগণিত প্রাণ উৎসর্গ করতে হয়েছে, অগণিত মা-বোনকে হারাতে হয়েছে সম্ভ্রম। আহত ও পঙ্গু হতে হয়েছে এদেশের অগণিত মানুষকে। লাখো মানুষের অপরিসীম ত্যাগের বিনিময়ে দীর্ঘ ৯ মাস যুদ্ধ শেষে স্বাধীন হয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।

প্রসঙ্গত, প্রতি বছরের মার্চ মাসেই বাঙালি জাতি তার চেতনাকে নতুন করে শাণিত করে। নতুন শপথে বলীয়ান হয়। অত্যাচার, নিপীড়ন আর নির্যাতনের বিরুদ্ধে স্মারক মাস হিসেবে মার্চ প্রতিবারই আমাদের নতুন করে পথ দেখায়। আজকের দিনে ডিজিটাল বাংলা নিউজ পরিবার গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই বীর শহীদদের, যারা স্বাধীনতা যুদ্ধে তাদের মূল্যবান জীবন দান করে প্রতিরোধ সংগ্রামে প্রেরণা যুগিয়েছিলেন।

আজ জাতীয় বীমা দিবস

জাতীয় ডেস্কঃ আজ ১লা মার্চ ‘জাতীয় বীমা’ দিবস। এবারের বিমা দিবসের  শ্লোগান ” বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে”। বর্ণাঢ্য আয়োজনে আজ ১লা মার্চ সারাদেশ জুড়ে পালিত হবে ‘জাতীয় বীমা দিবস ২০২২’।

আজ সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অতিথি হিসেবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আয়োজিত জাতীয় বীমা দিবসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান করবেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি।

‘জাতীয় বীমা দিবস ২০২২’ উপলক্ষে সারাদেশে শোভাযাত্রা, বীমা প্রতিষ্ঠানসমূহে পোস্টার-ব্যানার দিয়ে সজ্জিতকরণ, গ্রাহকদের জন্য বিশেষ সেবা প্রদান, ট্রাকে সীমিত সংখ্যক লোক নিয়ে বীমা বিষয়ে গান প্রচার, আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ), বাংলাদেশ ইন্স্যুারেন্স এসোসিয়েশন ও বাংলাদেশ ইন্স্যুারেন্স ফোরাম বিমা দিবস উপলক্ষে যৌথভাবে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় র‌্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশেষ মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

১৯৬০ সালের ১ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। সেই দিনকে স্মরণীয় করে রাখতে ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে জাতীয় বীমা দিবস। এবারও সে অনুযায়ী বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাবো সবাই মিলে – এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হবে এবারের জাতীয় বীমা দিবস।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোস্তাফিজুর রহমান

মৌলভীবাজারে এনআর মিডিয়া ২য় বর্ষ পূর্তি অনুষ্ঠান পালিত

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারে “সত্যের পথে, এক ধাপ এগিয়ে” এনআর মিডিয়া শ্লোগন নিয়ে ২য় বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে সোমবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে।

এনআর মিডিয়া সম্পাদক ও প্রকাশক নাছরিন প্রিয়া এর সভাপতিত্বে ও দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক চিনু রঞ্জন তালকুদার এর উপস্থাপনায় আয়োজিত অনুষ্টানে এক অনাড়ম্বর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ড এর পৌর কাউন্সিলর ও জেলা জজ কোর্ট এর এপিপি, বিশিষ্ট সমাজ সেবক এড. পার্থ সারথী পাল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- দৈনিক আলোকিত সিলেট এর নির্বাহী সম্পাদক মোঃ গোলজার আহমদ হেলাল, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সাংবাদিক দুরুদ আহমেদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, জেলা যুব কল্যাণ সংস্থা এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর সাধারণ সম্পাদক আলিম উদ্দিন হালিম, মোহন ফাউন্ডেশন এর প্রতিষ্টাতা চেয়ারম্যান মোহন আহমদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- এ,বি,এল এ ওয়েল ফেয়ার এসেসিয়েশন এর সভাপতি মোঃ তাওহীদ ইসলাম, তৃণমূল নারী উদ্যেক্তা সোসাইটি (গ্রাসরুটস) জেলা শাখার সভাপতি শ্যামলী সুত্রধর, সাংবাদিক তিমির বণিক, রাশেদ আহমদ, মেধাবী ছাত্র রাহাত আহমদ সিফন, মাওঃ শরীফ আহমদ, সাংবাদিক শাহ মোঃ ফজলুর রহমান, কিবরিয়া আহমেদ, সৈয়দ সোয়েব আলী সুমন, জাহেদুল ইসলাম পাপ্পু প্রমুখ।

এছাড়াও বিভিন্ন পেশাজীবি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ সমূহ উপস্থিত ছিলেন।

দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা : আবহাওয়া অফিস

আবহাওয়ার খবরঃ আগামী তিন দিন অর্থাৎ ৭২ ঘণ্টায় দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে নদী-অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

গতকাল রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে ১৬ দশমিক ৮, চট্টগ্রামে ১৮ দশমিক ৯, সিলেটে ১৬ দশমিক ৫, রাজশাহীতে ১৫ দশমিক ৮, রংপুরে ১৬ দশমিক ৩, খুলনায় ১৯ ডিগ্রি এবং বরিশালে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া সীতাকুন্ড ও ফেনীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সকাল থেকে ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টায় এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৩ মিনিটে। সূত্র : বাসস।

আফগানদের ১৯৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ ইতোমধ্যেই প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে টিম টাইগার। আজ তাই টাইগারদের হোয়াইটওয়াশ মিশন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা ১১টায় ম্যাচটি মাঠে গড়ায়।

হোয়াইটওয়াশের মিশনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। দলীয় ১১তম ওভারের প্রথম বলে ব্যক্তিগত ১১ রানে ফজলহক ফারুকি তাকে সরাসরি বোল্ড করেন। শুরুর এই ধাক্কার পর মূলত লিটনের ব্যাটেই জড়তা কাটিয়ে উঠা বাংলাদেশের। এই সময় তাকে সঙ্গ দেন সাকিবও। কিন্তু সফট ডিসমিসালে ইনিংস লম্বা হয়নি তার। অথচ এক পর্যায়ে লিটনের যোগ্য সঙ্গী-ই হয়ে উঠেছিলেন। ৪৩ রানে প্রথম উইকেট পড়ার পর ৬১ রান যোগ করে এই জুটি। সাকিব বোল্ড হন ওমারজাইয়ের বলে। তার ৩৬ বলের ইনিংসে ছিল ৩টি চার। এমন পরিস্থিতিতে প্রতিরোধ গড়ার কথা থাকলেও মুশফিক চাপ বাড়িয়ে দেন আরও। রশিদ খানের বলে ২৭তম ওভারে গ্লাভসবন্দি হয়েছেন। প্রত্যাশা মেটাতে পারেননি এই সিরিজে অভিষেক করা ইয়াসিরও। রশিদের পরের ওভারেই গুলবাদিনের ক্যাচে পরিণত হয়েছেন। মুশফিক করেছেন ৭ রান আর ইয়াসির মাত্র ১। লিটন ৮৬ রানে নবীকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন গুলবাদিন নাইবের হাতে।

প্রথম ম্যাচ জয়ের নায়ক আফিফ দলীয় ১৬০ রানে নবীর বলে ক্যাচ তুলে ফিরেছেন। করেছেন মাত্র ৫। তার মতো ব্যর্থ ছিলেন মিরাজও। রান আউটে অফস্পিনিং অলরাউন্ডার ফিরেছেন ৬ রানে। রশিদের বলে তাসকিন লেগ বিফোরে ফিরলে পতন হয় অষ্টম উইকেটের। অথচ তখনও একপ্রান্ত আগলে ছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু বাকি দুই ব্যাটার শরিফুল ও মোস্তাফিজুর দ্রুত ফিরে গেলে দুইশোর আগেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। মুস্তাফিজুর রহমানের রান আউট দিয়ে ১৯২ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। শেষ ওয়ানডেতে ১৯৩ রানের টার্গেট দিল বাংলাদেশ। ফলে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে আফগানিস্তানের দরকার ১৯৩ রান।

আজকের ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে বাংলাদেশ। সিরিজের তিন ম্যাচেই একই একাদশ নামাল স্বাগতিক দল। অন্যদিকে আফগান একাদশে আছে এক পরিবর্তন। দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে ফরিদ আহমেদকে বাদ দিয়ে ফেরানো হয়েছে গুলবাদিন নাইবকে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ:  রহমানউল্লাহ গুরবাজ, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবদীন নাইব, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও রিয়াজ হাসান।