ফুলবাড়ীতে পড়াশোনার পাশাপাশি মাশরুম চাষে সফলতার স্বপ্ন দেখছেন সাত তরুণ

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ পড়াশোনার পাশাপাশি বাণিজ্যিকভাবে মাশরুশ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাত তরুণ উদ্যোক্তা। তারা সকলেই বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র। বাজারে মাশরুমের ব্যাপক চাহিদা ও দাম থাকায় লাভবান হওয়ার আশা করছেন তারা।

উদ্যোমী এই সাত তরুণ উদ্যোক্তা হলেন, মাহাবুব খন্দকার নয়ন, আরমান সরকার, গালিব রহমান, কেএম মুরাদ, সুমন্ত রায়, হাবিবুর রহমান ও নাজমা খাতুন। তাদের সকলের বাড়ী উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা নাওডাঙ্গা পুলের পাড় গ্রামে।

জানা গেছে, ওই সাত তরুণের মধ্যে মাহাবুব খন্দকার নয়ন প্রথমে কিভাবে মাশরুম চাষ করা হয় তা ইউটিউবে দেখে উপজেলা যুব উন্নয়ন অফিসে যোগাযোগ করেন। যুব উন্নয়ন অফিসের মাধ্যমে মাগুরা জেলার ডিএমসি ট্রেনিং সেন্টারে গ্রহন করেন পনের দিনের প্রশিক্ষণ। মাহাবুবের মাধ্যমে প্রশিক্ষণ সমাপ্ত করেন বাকি ছয় জন। এরপর উপজেলার চন্দ্রখানা পুলেরপাড় বাজার সংলগ্ন এলাকায় ৫ শতক জমিতে ১৫ হাত লম্বা একটি টিনের ঘর নির্মান করেন। নাম দেন ফুলকুড়ি বানিজ্যিক মাশরুম সেন্টার (ফুলকুড়ি বিএমসি)। ২০২১ সালের ১৯ ডিসেম্বর ২০টি স্পন প্যাকেট ও ৩৭টি সিলিন্ডারের মাধ্যমে মাশরুম চাষ শুরু করেন তারা।

প্রথমে পরীক্ষামুলকভাবে খড়, কাঠের গুড়া, গমের ভূষি, ধানের তুষ ও চুন দিয়ে নিজেরাই স্পন প্যাকেট তৈরী করে বপন করেন মাশুরুমের বীজ। বীজের সঙ্গে টিস্যু কালচার যুক্ত করে সঠিক পরিচর্যা করায় ২০ দিনের মাথায় ফলন শুরু হয়। বর্তমানে তাদের খামারে ৩৫০ টি সিলিন্ডার রয়েছে।

মাশরুম চাষী মাহাবুব খন্দকার নয়ন, গালিব রহমান সহ উদ্যোক্তারা জানান, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপশি অবসর সময়ে পালাক্রমে আমরা খামারের পরিচর্যা করছি। ঘর নির্মান ও বীজসহ মোট ৩০ হাজার টাকা খরচ হয়েছে। প্রতি কেজি মাশরুম ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ পর্যন্ত ১০ হাজার টাকার মাশরুম বিক্রি করা হয়েছে। প্রথম দিকে কম থাকলেও বর্তমানে ৩৫০টি সিলিন্ডার মাশরুম চাষ করা হয়েছে। আশা করছি, ফলন ভাল হবে। তবে মুলধন কম হওয়ায় খামারটি সম্প্রসারণ সম্ভব হচ্ছে না। তাই সরকারী সহায়তা বা স্বল্প সুদে ঋন সহায়তা পেলে এ
খামার বৃদ্ধির মাধ্যমে লাভবান হওয়া সম্ভব।

এ প্রসঙ্গে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান বলেন, ওই সাত তরুণ মাশরুম চাষে আগ্রহী হওয়ায় তাদেরকে প্রশিক্ষনসহ সব ধরণের সহযোগীতা করা হয়েছে। তারা অল্প দিনের মধ্যে মাশরুম উৎপাদন শুরু করায় উপজেলা জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভবিষ্যতেও তাদেরকে সর্বাত্বক সহযোগীতা করা হবে।

সিলেটে আবারো সেই নারী ছিনতাইকারী আটক

সিলেট প্রতিনিধিঃ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্বর্ণের চেইন ও কানের দুল ছিনতাইর ঘটনায় আবারো সিলেটের আলোচিত সেই নারী ছিনতাইকারী পপিকে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ই ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালে আসা এক রোগীর স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়ার সময় তাকে আটক করা হয়।

এর আগেও বহুবার ওসমানী হাসপাতাল ও নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও চুরির সময় হাতেনাতেই আটক হয়েছিল আলোচিত এই নারী ছিনতাইকারী পপি।

স্বর্ণালঙ্কার ছিনতাইর ঘটনায় পপিকে আটকের সত্যতা সাংবাদিকদের নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জয়নাল আবেদীন।

ছিনতাইয়ের শিকার নারী সাংবাদিকদের জানান, ভিড়ের মধ্যে পপি তার দুই ভরি ওজনের গলার চেইন ও কানের দুল খুলে নিয়ে গেছে। এ ঘটনায় হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে আটক করে।
আনসার সদস্যরা সাংবাদিকদের জানিয়েছেন, এর আগে পপিকে চুরি-ছিনতাইর ঘটনায় আরও তিনবার ওসমানী হাসপাতালে আটক করা হয়েছিল।

রাশিয়ার সাথে আলোচনায় বসছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সাথে শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছেন। গতকাল রোববার বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার  লুকাশেংকোর সাথে ফোনালাপের পর নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম একাউন্টে দেয়া একটি পোস্টে এই তথ্য জানিয়েছেন জেলেনস্কি। তবে বেলারুশ সীমান্তে আলোচনার প্রস্তুতি চললেও ইউক্রেনের কিয়েভ ও কারকিভ শহরে সংঘাত অব্যাহত রয়েছে।

আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) এই শান্তি আলোচনায় বসবে দুই দেশ বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

ইন্সটাগ্রাম পোস্টে জেলেনস্কি লিখেছেন, ইউক্রেন-বেলারুশ সীমান্তবর্তী প্রিপিয়াত নদীর পাড়ে এই আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনার সময় এবং আলোচনায় অংশ নেয়া ইউক্রেনের প্রতিনিধিদল সেখানে যাওয়া ও আসার সময়, বেলারুশ ভূখণ্ডে থাকা সব বিমান, হেলিকপ্টার এবং ক্ষেপণাস্ত্র বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন লুকাশেংকো।

এর আগে, বেলারুশ ভূখণ্ডে কোনো ধরনের আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন জেলেনস্কি। এর কারণ হিসেবে তখন তিনি বলেছিলেন বেলারুশ নিজেও ইউক্রেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে অংশ নিয়েছে। এবার শান্তি আলোচনার বিষয়ে একমত হলেও তিনি এ নিয়ে খুব বেশি আশাবাদী নন বলে জানিয়েছেন। এছাড়া একই কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

শপথ নিয়েছেন বাংলাদেশের নতুন সিইসি ও কমিশনারগণ

জাতীয় ডেস্কঃ সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কর্তৃক শনিবার সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এবং ৪ নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করেছেন। গতকাল রোববার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিকেল সাড়ে ৪টায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাঁদের শপথবাক্য পাঠ করান।

ওইদিন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর। এ সময় উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান, এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ওবায়দুল হাসান প্রমুখ।

এর আগে গেল শনিবার সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন কমিশনে চার নির্বাচন কমিশনার হলেন-অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগের লক্ষ্যে ১০ জনের নাম সুপারিশের জন্য গত ৫ ফেব্রুয়ারি ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে এর প্রধান করা হয়। সার্চ কমিটির কাছে মোট ৩২২ জনের নাম জমা পড়ে। এরপর তারা কয়েকটি বৈঠক করে ওই ৩২২ জন থেকে ১০ জনের নাম চূড়ান্ত করেন। ২৪ ফেব্রুয়ারি রাতে ১০ জনের এ তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেন সার্চ কমিটির সদস্যরা। ওই ১০ জন থেকে ৫ জনকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি।

মৌলভীবাজারে ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেফতার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার রাজনগর থানা পুলিশ শুভন মাহমুদ (২৮) নামে ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে।

রবিবার ( ২৭) ফেব্রুয়ারী বিকালে রাজনগর থানার টেংরা ইউপির বাজারের সর্দার শাহ ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া ঔষধ বিক্রি হচ্ছে মর্মে ভয় দেখিয়ে ৮ হাজার টাকা দাবি করলে স্থানীয় জনতা এই ভুয়া সিআইডি কর্মকর্তাকে চ্যালেঞ্জ করে রাজনগর থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারক শুভন মাহমুদকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

রাজনগর থানার অফিসার ইনচার্জ (অসি) নজরুল ইসলাম বলেন, ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারকের নাম শুভন মাহমুদ। সে রংপুর জেলার কাউনিয়া থানার আব্দুল আউয়ালের ছেলে। প্রতারক শুভন মাহমুদের বিরুদ্ধে মৌলভীবাজার জেলার বড়লেখা থানাসহ বিভিন্ন থানায় ৭ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সেনাবাহিনীর পরমাণু ইউনিটকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেদের পারমাণবিক প্রতিরোধ বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। ন্যাটোর আক্রমণাত্মক বিবৃতির পর পুতিন এ নির্দেশ জারি করেছেন। খবর-রুশ বার্তা সংস্থা স্পুটনিক।

বার্তা সংস্থা স্পুটনিকের প্রতিবেদনে বলা হয়, ন্যাটোর বিবৃতিতে রাশিয়াকে দেখে নেয়ার হুমকি দেওয়া হয়েছে। ন্যাটো বলেছে, উসকানি ছাড়াই ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়াকে কঠিন মূল্য পরিশোধ করতে হবে।

এদিকে মস্কোতে রুশ প্রতিরক্ষামন্ত্রী ও জেনারেল স্টাফের প্রধানের সঙ্গে ব্রিফিংয়ে পুতিন বলেছেন, আমি সেনাবাহিনীর পারমাণবিক প্রতিরোধ ফোর্সগুলোকে বিশেষ যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছি।

পুতিন আরও বলেছেন, ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক ক্ষেত্রে অবন্ধুসুলভ পদক্ষেপের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেনি, তারা ঐ সীমা অতিক্রম করেছে।

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়া ও ন্যাটোর মধ্যে উত্তেজনা আগের চেয়ে অনেক বেড়েছে। ন্যাটোর উসকানির কারণেই ইউক্রেন সংকট সৃষ্টি হয়েছে বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ।

নিত্যপণ্যের উর্ধ্বগতি ও অবাধে পাহাড়-টিলাকাটা বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারে দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, মৌলভীবাজার জেলা শাখা ও তার শাখা সংগঠনের উদ্যাগে মৌলভীবাজার চৌমোহনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরের দিকে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

লাগামহীন ভাবে চাল, ডাল সহ নিত্যপণ্যের উর্ধ্বগতি, দ্রুত ন্যায়পাল বাস্তবায়ন, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলসহ বিভিন্ন উপজেলায় অবাধে পাহাড়-টিলা কাটা ও হাওর দখল, সরকারী কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল, চট্রগ্রামে ভূমি অধিগ্রহনে সংবাদ পত্রে যাহাদের নাম প্রকাশিত হয়েছে তাদের গ্রেফতার করণ, দুদক কর্মকর্তা শরিফ উদ্দীন এর তদন্ত সাপেক্ষে চাকুরী পূর্ণবহাল করণ এবং চলমান অনিয়ম ও দুর্ণীতির বিরুদ্ধে এ প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।

দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আলহাজ্ব এড.মাহবুবুল আলম শামীম এর সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার এর যৌথ উপস্থাপনায় আয়োজিত ২ঘন্টাব্যাপি এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও দৈনিক জনতার দলিল পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, মাওলানা লুৎফুর রহমান কামালী (আমন্ত্রিত অতিথি), দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সাংবাদিক দুরুদ আহমেদ, সহ-সভাপতি শেখ ফয়েজ আলী, এ, বি, এল এ ওয়েল ফেয়ার এসেসিয়েশন এর সভাপতি মোঃ তাওহীদ ইসলাম, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র সদস্য ও তৃণমূল নারী উদ্যেক্তা সোসাইটি (গ্রাসরুটস) জেলা শাখার সভাপতি শ্যামলী সুত্রধর, দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, জেলা শাখার সহ-সভাপতি জ্যোতিময় চক্রবর্তি, সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, যুব ফোরামের সভাপতি সৈয়দ ময়নুল ইসলাম রবিন, সাংবাদিক তানজুম আরিফ, ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক সিরাজুল হাসান, বন্ধন প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি নুরুল আমিন বখস, সাংবাদিক ও শিক্ষানবিশ আইনজীবি শাহ মোহাম্মদ রাজুল আলী, মোঃ আব্দুল বারিছ, জিলু মিয়া, মেধাবী ছাত্র রাহাত আহমদ সিফন, মাওঃ শরীফ আহমদ, সাংবাদিক আব্দুল বাছিত খাঁন, আব্দুল মুকিদ ইমরাজ, নাছরিন প্রিয়া, শাহ মোঃ ফজলুর রহমান, মোঃ মঞ্জুর আলম, আবু তালেব চৌধুরী, মোঃ বুলবুল খাঁন, সাংবাদিক মাসুদ আলম চয়ন, কিবরিয়া আহমেদ প্রমুখ।

এছাড়াও বিভিন্ন পেশাজীবি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ গন উপস্থিত ছিলেন।

স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো ভারতীয় কচ্ছপ জেলের জালে

খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো ভারতীয় কচ্ছপ স্থানীয় এক জেলের জালে ধরা পড়েছে। ভারতের গবেষণা কাজে স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো বিলুপ্ত প্রজাতির বাটাগুরবাস্কা কচ্ছপটি খুলনার দিঘলিয়া থেকে উদ্ধার করা হয়েছে।

সুন্দরবনের করমজলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান, শনিবার খুলনার দিঘলিয়ার এক জেলের জালে কচ্ছপটি ধরা পড়ার পর সেটি প্রথমে পুলিশ উদ্ধার করে। এরপর বনবিভাগের খুলনাঞ্চলের সিএফ মিহির কুমার দো খবর পেয়ে আমাদেরকে জানালে আমরা সেটি সেখান থেকে এনে করমজলে রেখেছি। পরবর্তীতে উর্ধতন কর্মকর্তাদের নির্দেশনার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

করমজলের বাটাগুরবাস্কা প্রজেক্টের ষ্টেশন ম্যানেজার আঃ রব জানান, ভারতের টাইগার প্রজেক্ট গত ১৫ ফেব্রুয়ারী সজনেখালী এলাকার কুলতলীতে স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো ১০টি পুরুষ কচ্ছপ অবমুক্ত করেন। এরপর তার একটি সেখান থেকে খুলনার দিঘলিয়ায় চলে আসে।

আঃ রব জানান আরো জানান, এদেশের বিলুপ্ত প্রায় বাটাগুরবাস্কা প্রজাতির কচ্ছপ সংরক্ষণ, প্রজনন, গতি ও আচরণ বিধি, বিচরণ ক্ষেত্র, পানিতে ডুবে ও ভেসে থাকার সময় নির্ণয়সহ নানা কার্যক্রম জানতে বাংলাদেশ বনবিভাগ, অস্ট্রিয়ার ভিজুয়েনা, আমেরিকার টিএসএ ও ঢাকার প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন যৌথভাবে কাজ করছে।

উল্লেখ্য, করমজলে এর কাজ শুরু হয় ২০১৪ সালে। ২০১৮ সালে প্রকল্পের কাজ চালু হয়। এ কেন্দ্র থেকেও স্যাটেলাইট বসানো ১০টি কচ্ছপ ছাড়া হয়েছে। ১৫ টি দিয়ে এ প্রকল্পের কাজ শুরু হয়। এখন এখানে প্রজননের মাধ্যমে তার সংখা দাঁড়িয়েছে সাড়ে ৪শ।

নেত্রকোণায় জাতীয় ২য় পরিসংখ্যান দিবস পালিত

নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ “গুনগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।

রবিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পায়রা উড়িয়ে জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান  জাতীয় পরিসংখ্যান দিবসের শুভ উদ্ভোধন করেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় র‍্যালীতে উপস্থিত ছিলেন,মোহাম্মদ কামাল হোসেন উপ-পরিচালক জেলা পরিসংখ্যান অফিস, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান (জুয়েল), জেলা প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান মোঃ মোশারফ হুসেন উপজেলা পরিসংখ্যান অফিস নেত্রকোণা সদর,মারুফ আহম্মেদ উপজেলা পরিসংখ্যান অফিস আটপাড়া, হাসি আক্তার উপজেলা পরিসংখ্যান তদন্তকারী মোহনগঞ্জ,নন্দ কুমার বিশ্বাস উপজেলা পরিসংখ্যান অফিস খালিয়াজুরি, সোহান রহমান লিসা উপজেলা পরিসংখ্যান অফিস মদন, জয়শ্রীপাল উপজেলা পরিসংখ্যান অফিস পূর্বধলা, জেলা ও উপজেলার পরিসংখ্যান অফিসের কর্মকর্তা ও কর্মচারীসহ অনেকে।

নওগাঁর সীমান্তে মদ্যপ অবস্থায় বিএসএফ সদস্য আটক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট সীমান্তে মদ্যপ অবস্থায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্য দিলিপ কুমারকে (৪০) আটক করে স্থানীয় বিজিবি ক্যাম্পে সোপর্দ করেছে এলাকাবাসী। তার কাছ থেকে একটি অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ধামইরহাট উপজেলার কালুপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্য দিলিপ কুমার ইউনিফর্ম পরিহিত অবস্থায় মদপান করে মাতাল অবস্থায় ২৭১/৪এস নম্বর মেইন পিলার দিয়ে বাংলাদেশে প্রবেশ করে চিৎকার-চেঁচামেচি শুরু করে। পরে ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামবাসীরা তাকে আটক করে স্থানীয় কালুপাড়া বিজিবি ক্যাম্পে সংবাদ দিলে বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে।

১৪-বিজিবি পত্নীতলার লে.কর্ণেল এসএম নাদিম আরেফিন বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্য দিলিপ কুমার মদ্যপ অবস্থায় বাংলাদেশের সীমানায় প্রবেশ করে। পরে স্থানীয় গ্রামবাসীরা তাকে ঘিরে ফেলে। এ ব্যাপারে আমাদের খবর দিলে তাকে উদ্ধার করে আমাদের হেফাজতে নেয়া হয়।

নাদিম আরেফিন আরো বলেন, এসময় তার কাছ থেকে একটি একটি অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। দিলিপ বর্তমানে আমাদের হেফাজতে আছে। বিএসএফ এর সাথে পতাকা বৈঠক করে পরবর্তী সিন্ধান্ত নেয়া হবে।